

অলংকরণ: রমিত
সম্প্রতি সমাজ মাধ্যমের আয়নায় দেখছি চেনা-অচেনা মানুষদের আশি-আসক্তি। পোশাকের বাহারে, চুলের বাঁধনে, রোদ-চশমায়, অলংকারে এমনকি চোখের চাউনিতে ভাসে এক ফেলে আসা সময়ে ফিরে যাওয়ার নেশা। যে অতীত কে চেটে-পুটে খাওয়া হয়নি নানা কারণে, সেই অতীতে দু’দণ্ড জিরিয়ে নিচ্ছে আপামর জনতা।সাধারণ মানুষ থেকে অসাধারণরা, নেতা থেকে অভিনেতা, ‘জেনারেশন জি’ থেকে ‘মিলেনিয়ালস’ - সবাই এখন ‘চ্যাট জিপিটি৮০’-র ‘ট্রেন্ড’-এ 'ভাইভিং'; বর্তমানের বর্বরতার থেকে এ এক সাময়িক মুক্তি, নাকি এক নিছকই ছোঁয়া-ছুঁয়ি খেলা তা নিয়ে বিস্তর বিতর্ক হতেই পারে। আবার এটাও হতে পারে যে যান্ত্রিক কারসাজিকে অকপট মেনে নিয়ে আমাদের ক্রম বর্ধমান যান্ত্রিক নির্ভরতা এমন ভাবে অসাড় করে দিচ্ছে যে অবচেতনের স্তর ভেদ করে সচেতন ভাবে তা প্রকাশ পাচ্ছে। আচ্ছা, আমি মাত্রাধিক ভাবছি নাতো? এই ব্যস্ততার জীবনে এতো ভাবার সময় আছে আমাদের? আমরা তো ‘স্ক্রল’ করেই দিন কাটাই - তারই মাঝে একটু না হয় ‘ট্রেন্ড’- এ যাওয়া-আসা এবং স্রোতে ভাসা ! সবই মজা, আনন্দ আর খেলা ! খেলা তো নিশ্চিত। প্রযুক্তির পুতুল নাচ। আমরা এক অদৃশ্য বাঁশিবাজানিয়ার মোহে ছায়া মাড়িয়ে মাড়িয়ে গন্তব্যহীন যাত্রায় পাড়ি দিয়েছি। কখন যে এক অন্ধকূপে প্রবেশ করে যাবো তা কি নিজেরা বুঝি? তবে আশ্চর্য ভাবে লক্ষণীয় যে আশির হুল্লোড়ে চাপা পরে যায় মধ্যবিত্তের দিনলিপি, বিগত দিনের ক্ষত, এবং সভ্যতার সংকট; সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাসকে অজ্ঞানের বড়ি খাইয়ে নিস্তেজ করে রেখে যে মৌরি লজেন্স বিতরণ করা হচ্ছে সামাজিক এপ্লিকেশনের মাধ্যমে তাতে দেখছি আশিতে প্রায় সবাই খুশি - শিশু থেকে যীশু।
অর্পিতা দত্ত | ১৪ অক্টোবর ২০২৬ ২০:২৬743260
Smriti Mondal | ১৪ অক্টোবর ২০২৬ ২০:২৯743261
Amitabha Mukherjee | ১৪ অক্টোবর ২০২৬ ২০:৪৯743262
Boddhayan | ১৪ অক্টোবর ২০২৬ ২২:৫০743265