

উইকিপিডিয়া বলছে, "রাজেশ্বর মিত্রের মতে, তিব্বতী সংস্কৃতির ছাম নৃত্য থেকে ছৌ নাচের উদ্ভব ঘটেছে। ডঃ সুকুমার সেনের মতে শৌভিক বা মুখোশ থেকে নাচটির নামকরণ ছৌ হয়েছে। কুড়মালী ভাষায় ছুয়া বা ছেলে থেকে এই নাচের নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন, কারণ ছৌ প্রধানত ছেলেদের নাচ। ডঃ সুধীর করণের মতে ছু-অ শব্দের অর্থ ছলনা ও সং। কোনো কোনো আধুনিক গবেষক মনে করেন, ছৌ শব্দটি এসেছে সংস্কৃত ছায়া থেকে। কিন্তু সীতাকান্ত মহাপাত্র মনে করেন, এই শব্দটি ছাউনি শব্দ থেকে এসেছে।" এই মতের প্রবক্তারা মনে করেন, যুদ্ধের সময়ে সেনা ছাউনিতে সৈন্যদের অবসর বিনোদনের সময় যে যুদ্ধ নৃত্য আনন্দের জোয়ার এনে দিত তাই হল ছৌনাচ। নাকাড়া ও ঢাকের আওয়াজে বিভিন্ন অঙ্গভঙ্গি সহকারে এই নাচকে কৌতুকাবহ করে তোলা হয়। এখন অবশ্য ইলেকট্রনিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে। রামায়ণ, মহাভারত, পুরাণ ভাগবতের বিভিন্ন কাহিনি এই নাচের মূল বিষয়বস্তু।
১৯৭২ সালে লন্ডনের আন্তর্জাতিক ময়দানে ছৌনাচের পদার্পণ কিন্তু ছিল যথেষ্ট গ্ল্যামারাস। যাঁর হাত ধরে ঘটনাটি ঘটে ছিল তিনিই হলেন গম্ভীর সিং মুড়া (জন্ম ১৮ই ফাল্গুন, ১৩৩২/ইং ১৯২৫ - মৃত্যু ২৩শা কার্তিক, ১৪০৯/ ইং ২০০২)। ডঃ আশুতোষ ভট্টাচার্যের নেতৃত্বে ছৌ দলের মধ্যমণি গম্ভীর সিং মুড়ার বীরত্বব্যাঞ্জক নৃত্য প্রদর্শনীর মাধ্যমে রাঢ় মাটির শিল্পভাবনা বিশ্বজনীন হয়ে ওঠে। এক লাফে গম্ভীরের গ্রাম চড়িদাও প্রচারের আলোয় উঠে আসে। তাঁর বাবা জীপা সিং মুঢ়াও নৃত্যশিল্পী ছিলেন। কিন্তু গম্ভীরের একেবারে শৈশবেই পিতৃবিয়োগ হয়, তাই বাবার তালিম তিনি পাননি। তবে যত বড় হলেন নাচের নেশা লেগে যায় গম্ভীরের। বাবার শিষ্য মধুভাট রায়ের কাছে নাড়া বাঁধেন। তারপর নিবিড় অনুশীলনে ডুবে নিজেকেই অতিক্রম করতে থাকেন তিনি। জগৎ অবাক হয়ে তাকিয়ে দেখে কীভাবে একক নৃত্যে একশ ভল্ট দিচ্ছেন শিল্পী, ফ্রন্ট, রিভার্স দুটোতেই সমান পটু। লোকমুখে এখনও শোনা যায় কংস, মহিষাসুর, রাবণ প্রভৃতি অ্যান্টি হিরোর চরিত্রে কীভাবে গম্ভীরের নাচ ও অভিনয় জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। একক কীরাত নৃত্যের সময়ে নাকি শরীরের একদিক তিনি যখন কম্পিত করছেন, অন্যদিক থাকত স্থির। নাচের সময়ে ঘুঙুরের আওয়াজও তিনি ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারতেন। ১৯৮১ সালের ২৮ শে মার্চ গম্ভীরের হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি। ১৯৮২ সালে আসে সঙ্গীত নাটক আকাদেমি পুরষ্কার, গম্ভীর সেবার পুরষ্কার গ্রহণ করেন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিংয়ের হাত থেকে। ১৯৭২ থেকে ১৯৯১ ইংল্যান্ড, হল্যান্ড, স্পেন, ফ্রান্স, জাপান, উত্তর আমেরিকার বিভিন্ন শহর, কোথায় না যাননি গম্ভীর। কিন্তু প্রতিকূল পরিস্থিতি আজ আর একটা গম্ভীরের জন্ম হওয়ার পথে বাধা সৃষ্টি করছে। কৈশোরে গম্ভীর স্থানীয় রাজার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। একজন শিল্পীর বড় হওয়ার পিছনে ভাত কাপড় যোগানোর একটা হাত খুব জরুরী, যেটা আজকের শিল্পীরা পাচ্ছেন না। ছৌনাচ যিনিই সামনে থেকে দেখেছেন, তিনিই বুঝবেন, এ আসলে একধরণের প্রাচীন সিনক্রোনাইজড জিমন্যাসটিকস। কোন আধুনিক প্রযুক্তি ছাড়া ছৌ নৃত্যশিল্পীরা কীভাবে এই বিদ্যা করায়ত্ব করেন সে এক বিস্ময়।
আমরা শুনলাম আজকাল হোটেলের সঙ্গে ছৌনাচের দলের যোগাযোগ থাকে। পর্যটকদের দল উৎসাহী হলে ছৌশিল্পীরা সাম্মানিকের বিনিময়ে নাচ দেখিয়ে যান। আগে নিয়ম ছিল অন্যরকম। ছৌ শিল্পীরা সারা চৈত্র মাস ধরে অনুশীলন করতেন। চৈত্র সংক্রান্তির দিন থেকে শুরু করে সারা বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখে অনুষ্ঠিত রহিন উৎসব পর্যন্ত ছৌ নাচ নাচা হত। পুরো পুরুলিয়া জেলায় চৈত্র মাসে শিবের গাজনে ছৌ নাচের আসর ছিল প্রধান আকর্ষণ। ছৌনাচের মূল রস হল বীর রস ও রুদ্র রস। উৎসবে, পরবে গ্রামের মানুষ খোলা মাঠে গোল হয়ে বসে, বীররসে জারিত নৃত্যের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন উপভোগ করে। তবে শহরে আয়োজিত হলে সাধারণত মঞ্চ বেঁধেই ছৌ নাচ দেখানো হয়। আজকাল পেটের দায়ে শুধু পরবে নাচ করা উঠে গেছে। সম্বৎসরই চলছে দর্শক মনোরঞ্জন। আমরা আমাদের হোটেলের ম্যানেজারের কাছে খোঁজখবর নিলাম সামনাসামনি ছৌনাচ উপভোগের কোন সুযোগ পাওয়া যেতে পারে কিনা। ম্যানেজার মালিকের সঙ্গে কথা বলে জানালেন, অবশ্যই ছৌনাচের আয়োজন সন্ধেবেলা করা যেতে পারে, একঘন্টার মহিষাসুর মর্দিনী পালার সম্মান দক্ষিণা বেশ কয়েক হাজার টাকা। টাকাটা যেহেতু ছাত্রছাত্রীদের, আমরা অনুরোধ করেছিলাম একটু কমসম করা যায় কিনা। হোটেল মালিক নিজ এসে জানালেন, যে দলটি আসে, তার কুড়িজন সদস্য। তাদের টিফিন খরচ উনি পকেট থেকেই দেন, কারণ পুরুলিয়ার এই সংস্কৃতি বাইরে ছড়িয়ে পড়ুক, এটাই তাঁর মনোবাসনা। গাড়িভাড়া দিয়ে এই সামান্য টাকায় সদস্যদের পঞ্চাশ একশ টাকা হয়তো ভাগে পড়ে। তাই টাকা কোনমতেই কমানো যাবেনা। পরিস্থিতি বুঝে আমরা ঐ টাকাতেই রাজি হলাম। যে সন্ধেয় নাচ হবার কথা, সেদিন সারাদিন আমরা ঘুরে বেড়ালাম - প্রথমে জয়চন্ডী পাহাড়, তারপর রঘুনাথপুরের তসর থান বোনার জন্য বিখ্যাত তাঁতীপাড়া। এরপর গড় পঞ্চকোটে লাঞ্চ। তারপর একটুও না থেমে সোজা বরুন্তির বাঁধের জলে অপরূপ সূর্যাস্ত। যাবার সময়ে পুরুলিয়া শহরে ঢুকিনি। বাইপাস হয়ে বেরিয়ে গিয়েছিলাম। ফেরার পথে পুরুলিয়া শহর দেখতে দেখতে, সাহেব বাঁধের চারপাশে এক চক্কর দিয়ে এলাম।
সাহেব বাঁধের কথা যখন উঠলো, তখন একটা গল্প বলি। আমার চাকরি জীবনের প্রথম দিকে এরিয়াল ফোটোগ্রাফ থেকে রিমোট সেন্সিং সার্ভে সিলেবাসে ঢুকলো। কিন্তু ছাত্র জীবনে কস্মিনকালেও এসব জিনিস আমরা পড়িনি। কোন আইডিয়াও ছিলনা। ন্যাশনাল অ্যাটলাসে ট্রেনিং করতে গেলাম। এক সপ্তাহে শিখলাম যতটুকু পারা যায়। কলেজে এসে পুনে থেকে এয়ার ফটো আনালাম। কিন্তু কোথাকার ফটো এগুলো হদিশ করতে পারছিনা। পাগলের মত টোপোশীট খুলে খুলে খড়ের গাদায় সূঁচ খোঁজার মত চেষ্টা করে যাচ্ছি যদি কোন জায়গার সঙ্গে মিল পাওয়া যায় - একটাই ক্লু - আসলে ডিরেস্ট্রিক্টেড ফটো আর সার্ভে অফ ইন্ডিয়ায় কিনতে পাওয়া টোপোশীট প্লেটো রিজিয়ন হতে বাধ্য, যদি মিল পাওয়া যায়। সেই অসম্ভব কাজটা করতে করতে প্রথম যেখানে মিল পেলাম, একটা কিডনির আকৃতির জলাশয় - এয়ার ফটো আর টোপোশীটে খাঁজে খাঁজে একরকম। সে যে কী তৃপ্তি, কী আনন্দ বলে বোঝানো যাবেনা। তারপর ধীরে ধীরে তার চারপাশে একটা বড়সড় নিউক্লিয়েটেড সেটলমেন্ট, সেই আকারটাও মিললো বটে। শহর পুরুলিয়া আর তার মাঝখানে এই সাহেব বাঁধ। জায়গাটার ম্যাপ ক্লাসে করিয়ে করিয়ে মুখস্থ হয়ে গিয়েছিল। পরে ইনডেক্স দেখে কীভাবে অঞ্চল বুঝতে হয়, কীভাবে টোপোশীটের সঙ্গে মেলাতে হয়, সবই বুঝলাম, কিন্তু সেই প্রথম খুঁজে পাওয়া আমি ভুলতে পারিনা। তাই যতবার সাহেব বাঁধ দেখি আমার ভীষণ আনন্দ হয়।
আর এবার পুরুলিয়া দেখাটাতো একেবারে স্পেশাল। কিমাশ্চর্যম, পুরুলিয়ার রাস্তায় খানাখন্দ কিচ্ছুটি নেই, কোন ময়দানবের হাতের ছোঁয়ায় রাস্তা একেবারে মাখন মসৃণ, রাস্তার মেঝেতে হলুদ আর ধারে ধারে কমলা ইন্ডিকেটর, নানারকম সাইনবোর্ড, দিক নির্দেশ। আসলে এমন অভ্যেস নেই তো, পশ্চিমবঙ্গের এমন মারকাটারি হাল দেখলে অবাকও লাগে আর খুব আনন্দও হয়। যখন ইস্কুলে পড়ি, তখন পরিবারের সকলের সঙ্গে একবার রাজগীর নালন্দা, পাওয়াপুরি বেড়াতে গিয়েছিলাম। রাস্তা সেখানে বেশ ভালোই ছিল, হঠাৎ একটা অংশে গাড়ি লাফিয়ে উঠলো। সেই জায়গায় রাস্তা বেশ কিছুটা ভাঙা। সবাই বলে উঠলো এই রাস্তাটা নিশ্চয়ই বিহার সরকারের হাতে নেই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্ঘাত এই রাস্তারও মুখ্যমন্ত্রী। যাকগে, সকাল আটটায় বেরিয়ে রাত আটটায় বুক ভরা অক্সিজেন নিয়ে যখন হোটেলে ফিরলাম, তখনও সকলে এনার্জিতে টগবগ করছে। হোটেলে ফিরে দেখি ছৌনাচের দলটি প্রস্তুত হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। হোটেলের দুটি বিল্ডিংয়ের মধ্যে শান বাঁধানো উঠোন। তার ডানদিকের ধারে বসল বাজনদারের দল। মূল গায়ক দেখলাম অন্ধ। বাঁদিকে হোটেলে ঢোকার চওড়া টাইলড করিডোর। বেশ কিছুক্ষণ রিদমিক বাজনার কনসার্টের পর সেই করিডোরের দিক থেকে ছুটে এসে উঠোনে পরপর ডিগবাজি দিয়ে ছৌনাচের কুশীলবেরা নাচ শুরু করলেন। প্রথমেই হল গণেশ বন্দনার সঙ্গে গণেশের নৃত্য। গণেশের পর দেবসেনাপতি কার্তিক নৃত্য সহযোগে দর্শকদের সঙ্গে পরিচয় করলেন। মাঝে আবার প্রজাপতি ব্রহ্মা এসে মহিষাসুরকে বর দিয়ে অমিত শক্তির অধিকারী করে তুললেন। তারপরেই ছ ছটি ভীষণ দর্শন সবুজ রঙের ঝলমলে অসুর মধ্যমণি মহিষাসুরকে ঘিরে ঘিরে আমাদের ছুঁয়ে ছুঁয়ে নাচতে লাগল। দেবসেনাপতি কার্তিকের সঙ্গে তাদের ভয়ানক যুদ্ধ হতে লাগল। এক ফাঁকে কার্তিকের বাহন ময়ূরও সোলো ডান্স দেখিয়ে গেল। না কোন জিমন্যাসটিকস ম্যাট, না বালি না নরম মাটি। দেবতা আর অসুর পাল্লা দিয়ে শান বাঁধানো উঠোনের ওপর একটা দুটো তিনটে চারটে ভল্ট দিতে লাগল, কাকে ছেড়ে কার দিকে দেখি। ছৌনাচের দলপতিই মহিষাসুর। লাউড মিউজিক আর সপ্তম সুরে গানের সঙ্গে ধুয়ো ধরা গাইয়ের দল মুখে থাবড়া দিয়ে দিয়ে উচ্চৈঃস্বরে হা-বা-বা-বা রব তুলল। সেই সুরকম্পনের সঙ্গে তাল মিলিয়ে মহিষাসুরের কাঁধ হাত বুক পেট কম্পিত হতে লাগল। লক্ষ্মী সরস্বতীও যুদ্ধে যোগ দিলেন। কিন্তু মহিষাসুরকে থামাবে কে? সে তো জিতেই চলেছে। আসলে ছৌ নাচে মুখে মুখোশ থাকার ফলে মুখের অভিব্যক্তি প্রতিফলিত হয় না। তাই শিল্পী অঙ্গপ্রত্যঙ্গের কম্পন ও সঙ্কোচন - প্রসারণের মধ্য দিয়ে চরিত্রের অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। ডঃ আশুতোষ ভট্টাচার্য ছৌ নাচের অঙ্গসঞ্চালনকে
১। মস্তক সঞ্চালন,
২। স্কন্ধ সঞ্চালন,
৩। বক্ষ সঞ্চালন,
৪। উল্লম্ফন এবং
৫। পদক্ষেপ এই পাঁচ ভাগে বিভক্ত করেছেন।
বাজনার তালে হাত ও পায়ের সঞ্চালনকে বলে চাল। ছৌ নাচে মুখোশ ও চরিত্র অনুযায়ী দেবচাল, বীরচাল, রাক্ষসচাল, পশুচাল প্রভৃতি বিভিন্ন রকমের চাল রয়েছে। চালগুলি আবার নানা ভাগে বিভক্ত - যেমন ডেগা, ফন্দি, উড়ামালট, উলফা, বাঁহি মলকা, মাটি দলখা ইত্যাদি। যাই হোক এসব থিয়োরির কথা ভুলে আমরা তখন যুদ্ধ দেখতে ব্যাস্ত। শেষে চারপেয়ে বিশাল সিংহ এসে হাজির হল। বিশাল না হয়ে উপায় কী? ভিতরে দু দুটো প্রমাণ মাপের মানুষ। দেবতা, অসুর উভয়ের হাতেই অস্ত্র ছিল। ছোট পরিসরের মধ্যে অতজন শিল্পী কবজির মোচড়ে এমনভাবে তলোয়ার বনবন করে ঘোরাচ্ছেন দেখে তাজ্জব হতে হয়। শেষে যখন করিডোরের মুখে লাল বেনারসি পরা দুর্গাঠাকুরকে দেখা গেল, ততক্ষণে একটা যেকোনো মুখোশ আর অস্ত্র পেলেই আমরা যে কোন একটা চরিত্রে যুদ্ধে নেমে পড়ি এমন অবস্থা। মনে মনে সারা জীবন ধরে কে না যুদ্ধ করে? একবার হারেরেরে করে নেমে পড়ে মনে পুষে রাখা শত্রুকে কচুকাটা করতে পারলে বেশ হত। একঘন্টা ধরে নাকের ডগায় লাইভ যুদ্ধ সহ্য করা কি চাট্টিখানি কথা! যা হোক, শেষে এক ভয়ানক যুদ্ধের মাধ্যমে মহিষাসুর অক্কা পেল। মা দুর্গা ব্যালান্স করে সেই বিশাল সিংহের পিঠে উঠে পড়লেন, আর অমনি তাঁর ঝলমলে ছেলেমেয়েরা আর তাঁদের বাহনরা পজিশন নিল। আমার ছেলেমেয়েরা থুড়ি ছাত্রছাত্রীরাও হৈ হৈ করে উঠোনে নেমে পড়ল। ওরা মনে হয় এতক্ষণ আমার ভয়েই চুপ করে চেয়ারে বসেছিল। আমারও যে যুদ্ধে নামার ইচ্ছে ছিল, সে আর ওদের মুখ ফুটে কেমন করে বলি! যদি ওরা সাহস করে নামত, তাহলে আমার পক্ষেও, একী, কী করছ তোমরা - বুলি তুলে যুদ্ধে নামা সম্ভব হত। যাকগে, হলনা যখন, ভেবে লাভ নেই।
হীরেন সিংহরায় | ১৪ নভেম্বর ২০২৬ ২২:২৯743984
kk | ১৫ নভেম্বর ২০২৬ ০০:১২743985