এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক  উপন্যাস  শনিবারবেলা

  • ফকিরপাড়ার ভূত - পর্ব তিন

    সোমনাথ রায়
    ধারাবাহিক | উপন্যাস | ২১ নভেম্বর ২০২৬ | ২৭৫ বার পঠিত
  • ছবি: ঈপ্সিতা পাল ভৌমিক



    (৫)


    প্রভাতবাবুর কোচিং-এ আমাদের ব্যাচে সঞ্চারী পড়তে এসেছিল। আমাদের ব্যাচটা বসত সন্ধেবেলা, সপ্তাহে দু-দিন। ঘণ্টাখানেক পড়িয়ে স্যার একটা সিগারেট ধরাতেন। তারপর পার্ফেক্ট রিং ছাড়তে ছাড়তে একটা জটিল প্রশ্ন করতেন। বেশিরভাগ দিন কেউই সেই প্রশ্নের উত্তর দিতে পারত না। স্যার 'তুই বলো, তুই বলো' করে এক একজনকে ধরতেন। প্রত্যেককে কিছু একটা চেষ্টা করতে হত। স্যার একদিন বলেছিলেন উনি নাকি খুবই অল্পবয়সে স্কুলে পড়াতে ঢুকেছিলেন। ওঁরা তিনভাই ছিলেন, অনেক বোন। বাংলাদেশ থেকে এসে বাবা পুরোহিতগিরি করে পেট চালাতেন। তার মধ্যে প্রভাতবাবুর বড়ো যে দাদা সে কমিউনিস্ট পার্টিতে নাম লিখিয়ে জেলে গেছিল। ছোটোভাইও পার্টি করত, সেও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল তখন। সেই ভাই আবার এখন মন্ত্রী। সেই সময়ে সংসার টানতে উনি টেম্পোরারি ভেকেন্সিতে একটা স্কুলে পড়াতে ঢোকেন। উনি গর্ব করে বলতেন- ‘নিজে রোজগার করে চার-চারটে বোনের বিয়ে দিয়েছি আমি।’ যখন স্কুলে পড়াতে শুরু করলেন স্যারের নাকি তখন কুড়ি বছরও বয়স হয়নি। জাস্ট পাস-কোর্সে গ্র্যাজুয়েশন শেষ করেই ঢুকেছেন, আর ওঁর ক্লাসে পড়তে বসা অনেক ছেলেই নাকি ওঁর থেকে বয়সে বড়ো। সেই তখন থেকেই নাকি এইভাবে ক্লাস ম্যানেজ করেছেন। কিছুটা পড়িয়ে নিয়ে একটা কঠিন প্রশ্ন দিয়ে তারপর ছেলেদের থেকেই উত্তর বের করে নিতেন।

    যাই হোক, একদিন কোচিং শুরু হওয়ার কিছুক্ষণ পরে স্যার আমাকে বললেন সামনের মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট এনে দিতে। ব্যাচ শেষ হতে হতে রাত হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে তক্ষণ। আমি ফিরে এসে দেখি একটা নতুন মেয়ে বসে আছে পড়ানোর ঘরের শতরঞ্চির ওপর। স্যার আমাকে বললেন, - 'তা তুই বলো-' আমি তো প্রশ্নটাই জানি না। সেটা কেউ একজন বলে দিতে, কী মাথায় এল- একটা আনতাবড়ি উত্তর দিলাম আর সেটা লেগে গেল। স্যার বললেন- 'বুঝলাম বাইরে বেরিয়ে মাথায় হাওয়া খেলিয়ে এসেছে। ভেরি গুড!'

    সঞ্চারী সপ্রশংস দৃষ্টিতে আমার দিতে তাকিয়ে ছিল। স্যার খুব প্রশংসা করলেন এই নতুন মেয়েটার। বললেন, ও পড়াশুনোয় খুবই ভালো। সঞ্চারী তখন ক্লাস নাইন। আমাদের ব্যাচটা ক্লাস টেন-এর কিন্তু স্যার ওকে উঁচু ক্লাসের সঙ্গে বসাচ্ছেন যাতে টেন-এর সিলেবাসও ও শুরু করে দিতে পারে। তখন মাধ্যমিক হত নাইন টেনের সিলেবাস মিলিয়ে।

    তখন এমন কোনও একটা চ্যাপ্টার স্যার পড়াচ্ছিলেন, যেটা আমি বেশ সহজে বুঝে ফেলছিলাম। হয় না মাঝে মাঝে একটা কোনও বিষয় নিয়ে- মনে হয় যে থিওরিগুলো খুব সহজে ধরে ফেলছি, সেটাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কেউ কিছু জানতে চাইলেও এমন একটা ধারণা হয়ে গেছে যে উত্তরটা যেটা মোটের ওপর ঠিকই দিতে পারছি, এরকম? ফলে আমাকে সঞ্চারী বেশ সমীহের চোখে দেখত সে সময়। আমি অবশ্য দিদির পুরোনো এইচএস-এর বই থেকেও ঐ চ্যাপ্টারটা একটু দেখে নিয়েছিলাম। জিনিসটা নিয়ে কিছুটা ইন্টারেস্ট এসেছিল বলেই উঁচু ক্লাসের বই দেখেছিলাম। স্যার একদিন পড়ানোর সময় বললেনও আমাকে- 'তুই খেটে যা, অনেকটা ভালো করতে পারবি তুই।' এইসবের ফাঁকে আমি নতুন মেয়েটার চোখের দিকে মাঝে মাঝে খেয়াল করতাম অবশ্যই- তার গালের ওপর চুলের গোছা এসে পড়ে যখন, আমার ভারি ভালো লাগত।

    এখন তো কতদিন দেখা হয়নি, সঞ্চারীর মুখ যদি মনে করার চেষ্টা করি, গালের ওপর ওই চুলের গোছার ছবিটা আগে মনে আসে- কিম্বা চুলের গোছাটা সরিয়ে ঐ উজ্জ্বল ওর গাল!

    সঞ্চারীকে কোচিংয়ে দেওয়া নেওয়া করতে আসতেন ওর মা। দু-তিন সপ্তাহের মধ্যেই একদিন পড়ার শেষে স্যার আমাকে বললেন একটু দাঁড়াতে, কাকিমা তখন বসে আছেন স্যারের বাড়ির বারান্দায়। কাকিমাকে স্যার বললেন- 'এই যে একে আপনার বরকন্দাজ করে দিচ্ছি, বেশ শক্তসমর্থও আছে কিন্তু।'

    আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী হতে যাচ্ছে, স্যার আবার বললেন-
    'তুই তো অভয়গড়ে ফিরিস সাইকেল চালিয়ে। একটু ঘুরে ফিরতে পারবি? সূর্যসেনপল্লী অবধি হেঁটে যাবি চলনদার হয়ে, মেয়েটাকে বাড়ি অবধি পৌঁছে দিবি। তারপর আবার সাইকেল চালিয়ে বাড়ি ঢুকে যাবি। অসুবিধে তো কিছু নেই। কতক্ষণ আর এক্সট্রা লাগবে? আর সূর্যসেনপল্লী থেকে তোদের অভয়গড়ের রাস্তাটাও তো ভালো। এদিক থেকেই বরং কাঁচারাস্তা। অসুবিধে নেই তো?'

    কাকিমা চাইছিলেন কেউ যদি ব্যাচ শেষ হওয়ার পরে সঞ্চারীকে বাড়ি অবধি এগিয়ে দেয়। পড়া শেষ হত আটটা নাগাদ, আমাদের ওদিকটা তখন আরও বেশি ফাঁকা-ফাঁকা ছিল, বড়ো নালা, মেঠো জমি, বাড়িগুলোর সামনে বাগান, পাঁচিলের পাশে সরু রাস্তার পাশে অন্ধকার জমে উঠত। রাস্তাগুলো দিয়ে মাটির লরি খুব যাতায়াত করত। বৃষ্টি হলে কাদা পিছল হয়ে এক অবস্থা হয়ে থাকত রাস্তাগুলোর! এখান থেকে সূর্যসেনপল্লীর দূরত্ব বেশি না। তবে রাতের দিকে ওই পথে লোকজন থাকে না। আর, স্যারের বাড়ির কাছে রিকশাস্ট্যান্ডও নেই। রিকশা ধরতে গেলে সেই বড়ো রাস্তার মোড়ে যেতে হবে, একদম উজিয়ে অন্য দিকে যাওয়া যাকে বলে! এত ঝামেলা করে মেয়ে একা ফিরুক উনি চাইছিলেন না- আমি যদি বাড়ি অবধি রোজ সঙ্গে নিয়ে ফিরি তাহলে উনি অনেকটা নিশ্চিন্ত থাকেন।

    আমি বোকার মতন বলে উঠলাম- 'অনেকটা রাত হয়ে যাবে তো অতটা ঘুরে গেলে। বাবাকে একবার বলে রাখব খন-'

    কাকিমা বললেন- ‘তোমাদের কাকুর তো প্রায়ই নাইট ডিউটি থাকে। তারও সব কিছু তখন তৈরি করে দিতে হয়। এদিকে মেয়েকে নিতে আসা-যাওয়া করতেও টাইম বেরিয়ে যায়। একটা বাঁধা রিকশাওলাও ঠিক করতে পারলাম না যে আনা নেওয়া করবে এই সময়। আমি একা মেয়েছেলে কতদিক সামলাবো বলো!’

    সঞ্চারীর মা-র একটা বেশ আভিজাত্যপূর্ণ চেহারা ছিল। অনেকটা লম্বা ছিলেন কাকিমা। বেশ পরিপাটি করে শাড়ি পরে আসতেন আর খুব তাড়াতাড়ি হেঁটে যেতেন দেখেছি- কাকিমার মুখে মেয়েছেলে শব্দটা কেমন একটা খচ করে কানে বাজল!

    প্রভাতবাবু বাবাকে অনেকদিন চেনেন, একভাবে বন্ধুস্থানীয়ই ছিলেন ওঁরা। আমাকে বললেন- 'তোর বাবাকে বলবি খুর কম ঠুকতে! দশ মিনিট দেরি হলে ওর খোকনমনিরে ছেলেধরায় ধরব না।'

    সঞ্চারী বাইরে এসে দাঁড়িয়েছে তার মায়ের পাশে। আমি দেখলাম যে আকাশে একটা হলদেটে চাঁদের ফালি, তার আলো এসে ঠিকরে যাচ্ছে সঞ্চারীর গালে।

    (৬)


    বৃষ্টির পর মেঘের ফাঁক দিয়ে ঝিলের জলে সূর্যের আলো ছড়িয়ে যায় যেমন করে- মেঘটা একদিক থেকে সরে যায় আর সূর্যের রিফ্লেকশন সেই দিক থেকে আলো ছড়িয়ে দেয়। কিম্বা আরও ভালো করলে ভাবলে, উলের বল হয় না- সেই উলের বল যদি দুম করে খুলে যায়, সেটাকে গুটিয়ে নেওয়ার আগে সেটা গোটা মেঝে জুড়ে একটা বাহারি নকশা হয়ে মেলে ধরে নিজেকে- বলের মাথাটা এদিক-ওদিক যত লাফিয়ে বেড়ায়, তত বাহার সেই নকশার! প্রভাতবাবুর কোচিং আমার জন্য সেই নকশার কারুকার্য হয়ে উঠল। ক্লাস শেষে সঞ্চারী উৎসুক মুখে এসে দাঁড়াবে, আর আমি ক্যাবলাটে হাসব, আর উলের গোলাটা হাত ফসকে মাটিতে পড়বে- শুধু এই মুহূর্তটার জন্যই তখন কত প্রতীক্ষা আর কত রিহার্সাল!

    আমি সাইকেলটা হাঁটিয়ে হাঁটিয়ে ওকে সঙ্গে নিয়ে ফিরি পাড়ার মধ্যে দিয়ে। বাড়িগুলোকে দুপাশে রেখে সরু গলি এগিয়ে গেছে। বেশিরভাগই ইটের গলি- গলির শেষে বাঁক ঘুরি পিচের রাস্তায় পড়ে। এইসব পথে বাস চলে না। বাস স্ট্যান্ড পাওয়া যাবে আরও অনেকটা গিয়ে যশোর রোডে উঠলে। পিচ রাস্তার থেকে আবার ইটপথে ঢুকে যাই আমরা। বাড়িগুলোর থেকে টিভির আওয়াজ ভেসে আসত। শনিবার একটা হিন্দি কমেডি শো চলত সেই সময়ে। হাসি-খেলার ডায়লগের টুকরো টুকরো কোলাজের মতন কানে আসত এ-বাড়ি ও-বাড়ি থেকে। নতুনপাড়া থেকে সূর্যসেনপল্লীতে ঢোকার মুখের মাঠটাই ছিল এই পথে সবচেয়ে অন্ধকার নির্জন জায়গা। এটা খুব বড়ো মাঠ নয়, এদিকে নতুনপাড়ার শেষপ্রান্তের বাড়ি, আর ওইদিকে সূর্যসেনপল্লীর বাড়িগুলো শুরু হচ্ছে, রাস্তার আরেকধারে পুকুর আর কিঞ্চিৎ পড়ে থাকা জংলা জমি। আর ইটের রাস্তার আরেকটা পাশে এই ফাঁকা মাঠের পরিসর। বেশ খানিকটা উঁচুনীচু, যেন ঢেউ খেলানোই কিছুটা। মাঠের অন্য প্রান্তটা দিয়ে একটা বড়ো নালা চলে গেছে, কেউ কেউ সেই দিকটাকে খালপাড়ও বলত। এই মাঠের পথটা আমি আগে চিনতাম না। ঐ খালপাড়ের পাশ দিয়ে অন্য একটা রাস্তা আছে নতুনপাড়া থেকে সূর্যসেনপল্লীর যাওয়ার, সেটা দিয়েই গিয়েছি আগে। রিকশাগুলোও সেই পথেই যায়। আসলে সঞ্চারীই আমাকে এই মাঠের পাশের পথটায় নিয়ে এসেছিল। এটা শর্টকাট, অনেকটা কম হাঁটতে হয় এই পথে। কিন্তু, রাতে একা যদি সঞ্চারীকে এই পথে হেঁটে ফিরতে হত, একটু গা ছমছম করত বই-কি। মাঠের ধার দিয়ে কিছুটা এলে, ঠিক রাস্তার পাশে, ঝাঁকড়া পাতার একটা গাছ সটান আকাশে উঠে গেছে। হঠাৎ বৃষ্টি এলে পথচলতি মানুষ ঐ গাছের নীচে দাঁড়িয়ে পড়ে হয়তো। মাঠের পাশের রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাই আমাদের ডানহাতে পুকুরের পাড় বরাবর কঞ্চির বেড়া দেওয়া। সহজেই মানুষ ডিঙিয়ে যেতে পারে এমন বেড়া। রাতের অন্ধকারে কিন্তু দুম করে পুকুটার ঠিক ঠাহর হয় না। মনে হয়, বেড়াটার পরই সব শেষ হয়ে গেছে- অন্ধকার একটা গর্ত করে জমে আছে সেখানে। অন্ধকার এই পথে আমরা সপ্তাহে দুটো সন্ধে হেঁটে হেঁটে ফিরি।

    পথে কী নিয়ে কথা বলব, কী কী বলব এইসব যদিও আগে থেকে অনেক ভেবে রাখি, আমাদের কথাবার্তা শেষমেষ আটকে থাকে নাইন টেনের সিলেবাসের মধ্যেই! খেলার কথা তুলেছি কয়েকবার। আজহার বেটিং করে ম্যাচ ছাড়ছে কি না কিম্বা মুরলীধরনের কনুই কতটা বেঁকে যায় সেই সব প্রসঙ্গে সঞ্চারীর বিন্দুমাত্র উৎসাহ নেই! ফলে, পড়াশুনোর কথাই হয় বেশি। আমি ইতিউতি আর যে-সব প্রসঙ্গ তুলি সেগুলো আর এগোয় না। তা হোক, একসঙ্গে হেঁটে ফিরছি এটাই কিন্তু বেশ ভালো লাগে আমার। ত্বরণ, অভিকর্ষ কিম্বা জিরান্ডের হিসেব কষতে কষতে ওর বাড়ির সামনে পৌঁছে যেতাম কোনও কোনও দিন। কাকিমা জলের বোতল এগিয়ে দিতেন। আবার এক-একদিন গলির মুখের কালভার্টে দাঁড়িয়েই কথা শেষ করে ফেলতাম আমরা। রাত হয়ে যাচ্ছে বলে আমাকে বাড়ি ফিরে যেতে বলত ও তখন।

    এর মধ্যে একদিন প্রভাতস্যারের বাড়ি পৌঁছে শুনি স্যারের ভাইবউ মারা গেছেন- যে ভাই মন্ত্রী, তাঁর স্ত্রী। পড়া হল না, ফেরার সময় সঞ্চারী বলল ওর বাড়িতে একবার ঢুকতে। দেখলাম ওদের বেশ গুছিয়ে রাখা ঘর। একটা বড়ো আলমারিতে অনেক বই সাজানো। বিদেশি বইয়ের অনেক অনুবাদও রাখা আছে- মার্ক টোয়েন, ইশকুল, গোর্কির মা- এইসব। একটা শোকেস শুধু ক্যাসেট দিয়ে ভর্তি। রবীন্দ্রসঙ্গীত, ভূপেন হাজারিকা, শ্যামল মিত্র- বাংলা গানই সব। সঞ্চারীর বাবা তখন বাড়িতে ছিলেন, একটু পরেই নাইট ডিউটিতে বেরোবেন। কাকিমা একটা বড়ো টিফিনবক্সে ওঁর রাতের খাবার গুছিয়ে দিচ্ছেন। বাইরের ঘরের টিভিতে একটা সাদাকালো সিনেমা চলছিল। এই সপ্তাহটা জুড়ে টিভিতে ঋত্বিক ঘটকের সিনেমা দিচ্ছে- রেট্রোস্পেক্টিভ। সঞ্চারী ওর পড়ার ঘরে নিয়ে গেল আমাকে। পড়ার টেবিলে একটা বই রাখা- ‘মানবের গান’। ক্যাসেটের আলমারিতেও মানব চট্টোপাধ্যায়ের অনেকগুলো ক্যাসেট দেখেছিলাম। সঞ্চারী তার মানে মানব চট্টোপাধ্যায়ের ফ্যান। মানব চট্টোপাধ্যায় অনেকদিন জার্মানিতে ছিলেন। ফিরে এসে বাংলায় গান করছেন। তিনি নিজেই লেখেন, সুর দেন, গান করেন, বাজান। আমাদের একদিন ইংরিজি ক্লাসে সুকান্তস্যার কোনও এক ধরণের পাশ্চাত্য গীতিকবিতার উদাহরণ দিতে মানবের গানের উদাহরণ দিয়েছিলেন। বলেছিলেন যে মানব নাকি বাংলা গানে নতুন ইতিহাস বানাচ্ছেন। আমি আর দিদি একবার ছোটোকাকার বাড়ি থেকে মানবের একটা ক্যাসেট নিয়ে এসে শুনেছিলাম- ‘পাখির মতন সকাল’। দিদি বলল- ‘সুরটা কিন্তু একটু একঘেয়ে, কেমন টাপুর-টুপুর টাপুর-টুপুর বেজেই যাচ্ছে’। বইটা হাতে ধরে আছি, সঞ্চারী বলল- যে এই বইয়ের প্রচ্ছদ মানবের স্ত্রীর করা। তিনি জার্মান মহিলা, কিন্তু বাংলা শিখে এই বইগুলোর জন্যে কাজ করছেন। কাকিমা আমাদের বাইরের ঘরে ডাকলেন। কাকিমা এর মধ্যেই পাঁপড় ভেজে ফেলেছেন আমার জন্যে। কাকু চা খেতে খেতে ব্যাগ গোছাচ্ছিলেন। টিভিতে গান হচ্ছে- কেন চেয়ে আছ গো মা!

    কাকু বললেন- ‘এই গানটায় একটা স্পেশাল ব্যাপার আছে, বুঝতে পারছ?’

    আমি বুঝতে পারিনি, মনে হল গানটা রবীন্দ্রসঙ্গীত, বললাম- ‘স্পেশাল মানে? এটা রবীন্দ্রসঙ্গীত?’

    কাকু বললেন- ‘রবীন্দ্রসঙ্গীত তো বটেই, সেটা না। শুনে বুঝছ কিছু?’

    আমি কাকুর দিকে একবার তাকালাম, একবার সঞ্চারীর দিকে। সঞ্চারী বলল- ওর মনে হচ্ছে দুটো আলাদা গলা আছে এই গানে।

    কাকু বললেন-‘রাইট। একই গান, একই অভিনেতার লিপে। কিন্তু, দু-জন মিলে গাইছে। দেবব্রত বিশ্বাস কয়েকটা লাইন, আর কয়েকটা লাইন ওঁর ছাত্র সুশীল মল্লিক। পৃথিবীর আর কোনও সিনেমায় এরকম একই অ্যাক্টরের লিপে একই গানে দু-জনের ভয়েস নেই।’

    আমি শুনে কিন্তু বুঝিনি, তাও মনে হল গান নিয়ে কিছু যে জানি জানাতে হয়। জিগেস করলাম- ‘অন্তরা একজন, আর সঞ্চারী আরেকজন?’

    কাকু বেরোনোর জন্যে তৈরি হয়ে গেছিলেন, হেসে বললেন- ‘অন্তরাও দু-জন মিলে গাইছে, আর সঞ্চারীও দু-জন মিলে-’

    মেয়ের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেলেন উনি।

    গরমের ছুটির পর ইস্কুল খুলে গেল। খাতার পেছনে আঁকিবুকি কাটতে কাটতে মনে হল, আরেকটু সময় কথা বলতে পারলে বেশ হয়। আমাদের অন্য টিউশনিগুলো আলাদা আলাদা, সেখানে দেখা করার সুযোগ কোথায়? একটাই হতে পারে, ইস্কুলের ছুটির পর এক আধদিন যদি দেখা হয়ে যায়। বয়েজ আর গার্লস দুটো স্কুলই যখন বিবেকনগরে, দুম করে দেখা তো হয়েই যেতে পারে কোনওদিন, কোনও কোনও দিন।

    সুতরাং একদিন সাহস করে বিকেলের ছুটির পরে ওর ইস্কুলের সামনে গিয়ে দাঁড়ালাম।


    ক্রমশঃ


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ধারাবাহিক | ২১ নভেম্বর ২০২৬ | ২৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন।