এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক  উপন্যাস  শনিবারবেলা

  • ফকিরপাড়ার ভূত - পর্ব দুই

    সোমনাথ রায়
    ধারাবাহিক | উপন্যাস | ১৫ নভেম্বর ২০২৬ | ৪৬১ বার পঠিত
  • ছবি: ঈপ্সিতা পাল ভৌমিক



    (৩)


    সব্য বলল- ‘আরে শালা কোথায় আনলি জানিস! এই জায়গাটা কীসের জানিস তোরা?’

    রনি বলল- ‘মশার আঁতুরঘর, হয় ম্যালিগ্ন্যান্ট ম্যালেরিয়া হবে, নয় এনকেফেলাইটিস’

    সব্য বলছিল- ‘এই যে চৌকো করে কাটা গর্ত- এটাতে মড়া পোড়ানোর চিতা বানানো হত। এখানে শ্মশান ছিল একসময়ে।’

    রনি বলল- ‘ধ্যার, আলবাল ভয় দেখাচ্ছিস। শ্মশান এখানে কেন করবে? লোকে মড়া পোড়াতে গঙ্গার পারের ঘাটে যায়। নিমতলা, কাশীমিত্র এইসব।’

    সুবর্ণ বলল- ‘শ্মশান হলেই বা ভয়ের কী! আমাদের জানিস র‍্যাগিং-এর সময় একদিন বলল রাতে মেসের থেকে খাবার নিয়ে মর্গে যেতে হবে। মর্গের পাশে বসে খেতে হবে। তারপর লাইট নিভিয়ে দিল। থালায় খাবার কিছু পড়ে থাকলেই দাদারা ক্যালাবে।’

    আমি বললাম- ‘খেতে পারলি পুরোটা?’

    সুবর্ণ- ‘আরে ভয় ফয় কোনও ব্যাপারই না। কিন্তু মর্গে যা গন্ধ বেরোয় বাপস্‌! মেয়েগুলো তো বমিই করে ফেলল।'

    রনি- ‘সব্য যা হয় একটা বলে দিল! শ্মশান এখানে কেন হবে?'

    সব্য বলল- 'অনেক পুরোনো শ্মশান। চল্লিশ পঞ্চাশ বছর আগের হবে। তখন কে আর ম্যাটাডোর ভাড়া করে প্রপার কলকাতায় নিয়ে যেত বডি। এইখানেই পোড়াত। এখানে একটা পুকুর ছিল না?'

    আমি বললাম- 'হতেই পারে, ছোটোবেলায় কত পুকুর ছিল চারদিকে। পুকুর টুকুর সবই তো বুজিয়ে দিচ্ছে আজকাল।'

    রনি- 'ভালোই করছে বল। টিভিতে একদিন বলছিল রমেন চক্রবর্তী- পুকুর বোজালে মশা কমে, জোলো হাওয়া লেগে হাঁপানি হওয়ার চান্স কমে!'

    সুবর্ণ একটা সিগারেট বের করেছে, হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল- 'আসল কথা পুকুর বোজালে জমি হয়, টাকা মাটি মাটি টাকা। মাটি বেচে টাকা আসে। টাকা আটকালে অখিল দত্তগুপ্ত করে দেবে তাকে। ঢিঁচকাও!'

    সব্য- 'পুকুর টুকুরগুলো চলে গিয়ে জায়গাটা কেমন পালটে যাচ্ছে। একদিন কলকাতার মতন হয়ে যাবে। মুরারিপুকুরে কোনও পুকুর নেই জানিস?'

    আমি বললাম- 'আমার এক কাকু এসেছিলেন আজ। তাঁর কাছে একটা অদ্ভুত কথা শুনলাম? খুব আশ্চর্য হয়ে গেলাম।'

    সুবর্ণ- 'কী শুনলি রে? কী বললেন সেই কাকু? বললেন- আমিই তোমার আসল বাবা?'

    আমি মারতে গেলাম সুবর্ণকে-'শুয়োর একটা!'

    রনি পেট চেপে হাসছে, হাসতে হাসতেই বলল- 'শুনলি-টা কী তাহলে?'

    আমি- 'চিন্ময়কাকু খুব আজব কথা বললেন। উনি ল্যান্ড রেকর্ডসের কাজ করেন। উনি নাকি দেখেছেন এখানকার সব জমি আসলে মুসলমানদের ছিল। জায়গাগুলোর নামও নাকি আলাদা ছিল।'

    রনির এখনও হাসির দমক কাটেনি, তাও বলল- 'হ্যাঁ, আমিও এরকম শুনেছিলাম। আমার বাবার এক জেঠু আছেন, আমাদের আত্মীয়দের মধ্যে এখানে সবার আগে উনি এসেছিলেন। ওনার কাছে এক মুসলমান বুড়োদাদু আসত। তার থেকেই নাকি উনি জমি কিনেছিলেন।'

    সব্য বলল-'আমিও জানি। ওই যে মধুমঙ্গলের পেছনে বড়ো পুকুরটা, ওটা ছাড়িয়ে এগিয়ে গেলে ওদিকে তো সবাই ওই মুসলমানরাই। নতুনপাড়ার বাজারে এক চাচা বসে হাঁসের ডিম-টিম নিয়ে, সে নাকি বিশাল জমির মালিক ছিল। ওইদিকেই থাকে, কলাবাগানে।'

    সুবর্ণ সিগারেটটা ধরিয়ে ফেলেছে- 'কারও কাউন্টার চাই বস?'

    সব্য বলে চলেছে- 'পার্টিশনের পর সব হিন্দু-মুসলমান ঘেঁটে গেছে মনে হয়!'

    রনির হাসির দমকও তখনও কমেনি। তার মধ্যে সুবর্ণর থেকে কাউন্টার নিয়ে হাসি আর কাশি মিশিয়ে এক অবস্থা। সামলে উঠে আবার হাসতে হাসতে বলল- 'তরুণ কাকু, তরুণ কাকুর হিন্দু-মুসলমান-'

    সুবর্ণ বলল- 'আরে, আবার আরেক কাকু কেন? তরুণ কাকু কী করল?'

    রনি এবার একটা বড়ো করে ধোঁয়া ছাড়ল, তারপর বলল- 'সব্যকে জিগেস কর, আমি আর সব্য একসঙ্গে ছিলাম তখন। গতবার ভোটের আগে। কী বলল তরুণ কাকু শোন- এদিকে তো সেই বাবরি মসজিদের পর থেকে তরুণকাকু সারা বছর সাম্প্রদায়িক সম্প্রীতি করে বেড়ায়। প্রভাতফেরি হোক, স্কুলের প্রাইজের ফাংশন হোক কি পঁচিশে বৈশাখ হোক, সব জায়গায় গিয়ে হিন্দু-মুসলমান ভাই ভাই বলে আসে। এদিক গতবার কাদের হয়ে ভোট চাইল বল সব্য-'

    সব্য বলল-'আরে, আমাদের আগেরবার জিগেস করছে, তোরা তো ফার্স্টটাইম ভোটার, কাকে ভোট দিবি বল! আমি বললাম আমরা তো বাড়ির সবাই কমিউনিস্ট, তোমাদেরই দেবো। তরুণকাকু বলে, শোন- পার্টির অবস্থা দেখছিস? বাইশ বছর সরকারে থেকে পার্টিতে একটা পচন আসছে! কাদের সব মাথায় তুলছে- এদের একটা শিক্ষা দেওয়া দরকার। স্বপন পোদ্দার দাঁড়িয়েছেন উল্টোদিকে- সজ্জন মানুষ। আর আমাদের কাকে দিয়েছে? সেই অজিত নন্দ, কী পরিমাণ দুর্নীতিগ্রস্ত আমরা তো জানি। অজিত নন্দকে না হারালে তো পার্টির কাছে মেসেজ যাবে না!'

    রনি সিগারেটটা সুবর্ণকে ফিরিয়ে দিয়ে বলল- 'আরে, আসল ব্যাপার হল অজিত নন্দ আর রমেন চক্রবর্তীর মধ্যে বিরাট ঝামেলা। এরা রমেনবাবুর চ্যালা, এখন সব হিন্দু-মুসলমান সম্প্রীতি ভুলে ওই যাদের সাম্প্রদায়িক বলে গালি দেয় তাদের হয়েই ভোট চায় তরুণকাকুরা। অজিত নন্দকে যেভাবে হোক হারাতে হবে।'

    সুবর্ণ দেখেছে সিগারেটটা প্রায় শেষ করে ফেরত দিয়েছে রনি- 'আটভাট পলিটিক্স ছাড় তো। এদিকে কোম্পানি পুড়িয়ে ফেরত দিলি সিগারেটটা!'

    কোম্পানি পোড়ানো কী তা আমি জানতাম না, সুবর্ণ দেখাল সিগারেটের গায়ে ব্র্যান্ডের ছাপ মারা থাকে। রনি সেই অবধি শেষ করে ফেলেছে। আর শুধু ফিল্টারটা বাকি পড়ে আছে সিগারেটের। সুবর্ণর টোটাল লস হল!

    সব্য বলল- 'কথায় কথায় যে রাত হয়ে যায়! এবার বাড়ি চলো বন্ধুগণ, অন্ধকার ঘুটঘুট্টি হয়ে গেছে আর কী মশা রে বাবা!'

    রনি আকাশে দেখালো- 'দেখ একটা উজ্জ্বল তারা খসে পড়ছে, ওই যে বাঁদিকে- দেখ-'

    কালো আকাশ এখন, আর তার মধ্যে ক্ষীণ বাঁকা চাঁদ। কিছু তারা দেখা যাচ্ছে। অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে চারপাশ। বেশ শীত করছে- ভেজাভেজা শীত। পেছন দিকের বাড়িগুলোর আলো দেখা যাচ্ছে। ঝিঁঝির শব্দ। অনেকক্ষণ কোনও ট্রেন যায়নি রেললাইন দিয়ে। ফলে আর কোনও শব্দ নেই। আর কোনও আলোও নেই সামনে। জলার ওপারে যেন সত্যিই পৃথিবী শেষ হয়ে গেছে। রেললাইনের ওপারে বাসন্তীতলা, সেখানে বাজার বসে সন্ধেবেলা। কিন্তু সেইসব যেন অন্য কোনও ভিনগ্রহে, এখানে তার কোনও সাড়াশব্দও পড়ে না। এয়ারপোর্ট থেকে একটা সিগনালের আলো ঘোরে, রাতে প্লেনগুলোকে পথ দেখায়। মাঝে মাঝে সেই আলোর রশ্মি আমাদের দিকে এসে পড়ছে, আলোটা আবার ঘুরে যাচ্ছে পরক্ষণেই। ডানদিকে তাকালে মনে হচ্ছে খুব দূরে একটা সাদা আলোর টিউব যেন মাটির সমান্তরাল তল বরাবর চলে গেছে। অনেক দূরের কারওর উনোনের ধোঁয়া এসে মিশে যাচ্ছে জলার ওপরের আকাশে।

    সব্য বলল- 'আরে তোর তো সিগারেটেই নেশা হল! তারা কই? ওটা তো একটা প্লেন, নামছে এখন।'

    আমি বললাম- 'এইখান দিয়ে জানিস চার লেনের রাস্তার কাজ শিগগিরই শুরু হবে। এই জলা জমি-ফমি আর থাকবে না তখন। ডক্টর সুবর্ণ তখন এয়ারপোর্ট থেকে কন্টেসা চালিয়ে একেবারে সিধে বাড়ি ঢুকে যাবে।'

    সুবর্ণ উত্তর দিল-'ধুর! কন্টেসা কিনব কেন? ওই লম্বা গাড়ি নিয়ে কলকাতার রাস্তায় বেরোলে একদিক থেকে মিনি আরেকদিকে অটো গাড়ি ঠুকে দেবে! আমি কিনব ওপেল, ওপেল অ্যাস্ট্রা।'

    সব্য জিগেস করল- -ওপেল আবার কোন গাড়ি? কোরিয়ান?'

    রনি বলল - 'না না জার্মান। ওই তো পি কে ব্যানার্জিকে ইস্টবেঙ্গল থেকে গিফট করল না? ওপেল অ্যাস্ট্রা- কলকাতায় ওই একটাই আছে। চল্‌ বেরোই এবার।'

    আমরা বেরোলাম সাইকেল নিয়ে। আমি বেরিয়ে বললাম- 'আমি নতুনপাড়ার দিক দিয়ে যাব, গোরাবাজার যেতে হবে। তোরা সোজা ফিরে যা।'

    সব্য আমাকে আটকাতে চাইছিল- 'এদিক দিয়েও যেতে পারিস তো, এইদিকের রাস্তায় আলো-টালো বরং বেটার।'

    রনি বলল- 'ওকে ছেড়ে দে রে- এখানে ওর শ্বশুরবাড়ি। ও এখন সমুদ্রের তলা দিয়ে টুয়েন্টি থাউজ্যান্ড লিগস ঘুরে ঘুরে যাবে।'

    'শালা হারামি!' - আমি সাইকেল ঘুরিয়ে নিলাম বাঁদিকের রাস্তায়।

    (৪)


    ছোটোবেলা থেকে রনির সঙ্গে কথাবার্তাগুলো আমার এমনভাবেই হয়ে যায় যে, যেগুলো কাউকে বলব না ভাবি, সেগুলোও কখনও না কখনও ওকে বলেই ফেলি। রনি আমার বাড়ির একদম পাশেই থাকে, দুটো বাড়ি ছেড়েই। আমরা এক স্কুলে এক ক্লাসেই পড়েছি। মাধ্যমিকের পর একদিন রনিকে নিয়ে সঞ্চারীদের বাড়িতে গেছিলাম। তাও অবশ্য অনেকদিন হল, তিনবছরের ওপর। রনি পরীক্ষা দিয়ে ওর মামার বাড়ি গেছিল। মামা খড়গপুরে রেলে চাকরি করেন। মামির বন্ধুর বোনের সঙ্গে আলাপ হয়েছিল সেখানে। তাদের বাড়িতে রেলের ফোন ছিল। রনি বাড়ি ফিরে গোপালদার পিসিও বুথ থেকে মেয়েটাকে ফোন করতে গেছিল কয়েকবার। সেইসময়ে একদিন আমিও সঞ্চারীর কথাটা ওকে বলে ফেলি। পরীক্ষার পর আর সঞ্চারীর সঙ্গে দেখা হত না আমার। রনি জোর করল, আর আমিও একটু সাহস পেলাম। আমরা দু-জন মিলে একদিন সঞ্চারীদের বাড়ি গেলাম। কাকিমা ফল-টল কেটে দিয়েছিলেন। সঞ্চারী দেখি ছোট্টো ছোট্টো দুটো বেড়ালের বাচ্চা পুষেছে, একদম তুলোর বলের মতন। আমরা বেড়ালদুটোকে নিয়ে খেললাম। কাকিমা অনুযোগ করলেন, বেড়ালের পেছনে মেয়ে এত সময় দিচ্ছে পড়াশুনোয় ঘাটতি পড়ছে। আমিও একটু বকে দিলাম ওকে। আসার সময় সঞ্চারীর থেকে জুলে ভের্নের বই ধার করে এনেছিলাম। রনি আজ সেইটা নিয়ে আওয়াজ দিয়ে দিল তো!

    মাধ্যমিকের রেজাল্টটা আমার তেমন ভালো হয়নি। সঞ্চারীর বাড়ি গিয়ে রেজাল্টের খবর দেব এমন তো একদমই হল না। উচ্চমাধ্যমিকটায় ভেবেছিলাম খুব মন দিয়ে পড়াশুনো করব। জয়েন্টে চান্স পেলে জীবন বদলে যেত পুরো। মাঠে নেমে দেখলাম, এগারো-বারোর সায়েন্স আসলে খুবই কঠিন। বিশেষ করে অঙ্কটা। এইটা পড়ি না ওইটা পড়ি করতে করতে হাবুডুবু খেয়ে শেষ করছি যখন, রেজাল্ট একদমই ভালো হল না। পিওর সায়েন্সেও চান্স পেলাম না। বোটানি পড়ে কী করতে পারব এখন দুশ্চিন্তাই হয়। তার মধ্যে বাড়ির অবস্থাও তো নড়বড়ে হয়ে গেল। বাবাকে সারিয়ে তোলা দরকার। খুঁটিটা মাটিতে গেঁথে না থাকলে আমি টানতে পারব না। আজ যদি সুবর্ণর মতন ডাক্তারি পড়তে পারতাম, হয়তো অনেক কিছুই অন্যরকম হত। হয়তো সঞ্চারী নিজের থেকেই আসত আমার কাছে পড়াশুনোর ব্যাপার নিয়ে। অন্ততপক্ষে, ওর বাড়িতে গিয়ে পড়লে কাকু কাকিমা একটু সমীহ করে দেখতেন। ওরকম একটা সিচুয়েশন কি তৈরি করতে পারব কখনও?

    এইসব ভাবতে ভাবতে এগিয়ে চলেছি সাইকেল নিয়ে। ল্যাম্পপোস্টগুলোর ফাঁকে অন্ধকার জমে আছে, বেশ শীত করছে- জাস্ট একটা হাফহাতা ফতুয়া চাপিয়ে বেরিয়েছিলাম তো। শ্যামাপোকা বেরিয়েছে, ল্যাম্পপোস্টের আলোর কাছে পোকাদের ওড়াউড়ি চোখে পড়ছে। মুখের সামনে থেকে পোকা সরাতে গেলাম, বিচ্ছিরি গন্ধ। পোকাটা চেপ্টে গেল মনে হয়। ভাবছি, বোটানির বদলে জুলজি পেলেও আরেকটু ভালো হত। সাবজেক্টটা যখন নীচের দিকেই নামল, কলেজটা একটু ভালো হলে তাও একটা ব্যাপার হত। অবশ্য, পরীক্ষা তো ইউনিভার্সিটির লেভেলেই হবে। সাবজেক্টটা অতটা কঠিন লাগছে না, তবে খাটতে হবে বেশ। কলেজে অ্যাডমিশনের পর একদিন বাবার অফিসে গেছিলাম। বাবার বস যিনি তিনি আইএএস অফিসার। তিনি বললেন, যেকোনও সাবজেক্টেই ইউনিভার্সিটিতে একদম ওপরের দিকে থাকলে তার কদর আলাদা। তখন আর কে কোন কলেজ থেকে পড়েছে সে-সব বেশি ম্যাটার করবে না। আমাদের স্কুলের হেডস্যারও এরকম বলেছিলেন। এইচএসের রেজাল্ট হাতে দেওয়ার আগে উনি একটা বক্তৃতা দিলেন। জীবন, কেরিয়ার এইসব নিয়ে বলছিলেন। অবিনাশকে দেখিয়ে বলছিলেন, এই যে অবিনাশ সবার থেকে বেশি নম্বর পেয়েছে আজ, তার মানে তো এই নয় যে ও সবার থেকে বেশি বিদ্যালাভ বা ধনলাভ করবে। এই নম্বরগুলো শুধু সিঁড়ির এক একটা ধাপ। কেউ সেই ধাপে একটু বেশি জিরোনোর অবকাশ পাবে, কেউ একটু কম। কিন্তু হাঁপিয়ে পড়লে চলবে না। সব ধাপের শেষে, সিঁড়ির আরেক প্রান্তে অন্য কোনও পুরস্কার আছে। সবার জন্য আলাদা আলাদা প্রাইজ সেখানে। আমরা এখন ভাবতেও পারব না, সেই প্রাইজটা কী? শুধু যখন সেটা সামনে আসবে, তাকে হাতে নেওয়ার যোগ্য যেন হয়ে উঠি আমরা। তারপর বললেন, যে যাই করো, সেটাতে সেরা হয়ে ওঠো। আমি পরে জিগেস করেছিলাম যে সায়েন্স পড়ার ইচ্ছে, কিন্তু অঙ্কে অসুবিধে। উনি বললেন তা হলে সবচেয়ে সুবিধে কোন বিষয় পড়তে হয় সেটা বলতে- আমি চুপ করে ছিলাম। তখন বললেন, যাই পড়ি যেন দেখি সেটাতে প্রথম দশজনের একজন হতে পারছি। যত ওপরে যাব তত প্রতিযোগিতা কমে আসবে নাকি!

    কী নিয়ে পড়ব, কী কেরিয়ার করতে চাই, এইসব কোনওদিনই স্পষ্ট ছিল না আমার কাছে। এখনও মনে হয় সবচেয়ে ভালো যেটাতে সুযোগ পাব, সেটাকে ঠিক করে কাজে লাগাতে হবে, এটুকুই করতে হবে। দিদি কিন্তু এরকম ভাবে না। ও ভূগোল নিয়ে পড়তে চাইত, ভূগোল নিয়েই পড়েছে। বেশ ভালো রেজাল্ট ওর বিএসসি আর এমএসসি-তে। তারপর স্লেটেও তো গতবারে ও কোয়ালিফাইং নম্বর তুলেছিল প্রথম অ্যাটেম্পটেই। পরের বার কাট অফও হয়তো তুলে ফেলবে। দিদি বেশ উদ্যমী। নিজেই একটা প্রাইভেট স্কুলে পড়ানোর কাজ জুটিয়ে নিয়েছে। বলে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, এটাই একটা বড়ো ট্রেনিং হয়ে যাচ্ছে। কলেজ না ও হোক, ভালো স্কুলের চাকরি ও ঠিক পেয়ে যাবে। শুনি সায়েন্সে আসল কদর রিসার্চ করলে। বাবার অফিসের বসও বলেছিলেন, বায়ো সায়েন্সে নাকি রিসার্চের বিরাট স্কোপ তৈরি হয়েছে। রিসার্চ মনে হয় খুব কঠিন হবে। রিসার্চ করতে পারলে বিদেশেও যেতে পারব। ধরা যাক, বিদেশ থেকে ফিরে ভালো চকলেট আর পারফিউম নিয়ে সঞ্চারীর বাড়িতে দেখা করতে এলাম। আকাশ কুসুম ভেবেও চলেছি বটে-

    সূর্যসেনপল্লীর শেষপ্রান্তে চলে এসেছি। এখানে এখনও কী অন্ধকার! রাস্তাটাও সারানো হয়নি, আর আলোও বসেনি এই রাস্তায়। সূর্যসেনপল্লী থেকে বেরোনো অবধি সঞ্চারীর প্রসঙ্গটা মাথার থেকে বেরোবে না। এই রাস্তায় আমি আর সঞ্চারী একসঙ্গে হেঁটে ফিরতাম। এখন ভাঙা ইটের পথে সাইকেলের চাকা ঠোক্কর খেতে খেতে চলেছে। ডানদিকে মাঠ, বাঁদিকে পুকুর-। মাঠটা মনে হয় একটু ছোটো হয়ে গিয়েছে। মাঠের একটা পাশ দিয়ে বাড়ি উঠেছে কি? কতদিন পরে এলাম এখানে? দু-বছর না আরও বেশি? সূর্যসেনপল্লী ছেড়ে নতুনপাড়ায় ঢুকছি মাঠ পেরিয়ে। না, বাড়ি তৈরি হয়নি- তবে এই দিকটায় কিছুটা জমি ঘিরে ফেলা হয়েছে। সেজন্যই, মাঠটা ছোটো লাগছে। পেছনদিকে, মানে ফেলে আসা সূর্যসেনপল্লীর দিকেও কি মাঠের আয়তন কিছুটা কমে গিয়েছে এই কয়েকবছরে? ঘাড় ঘুরিয়ে কিছু বুঝতে পারলাম না। ওদিক থেকে আসা হলুদ আলোর রশ্মিগুলো চোখ ধাঁধিয়ে দিল। মাঠের মধ্যে দিয়ে কি কেউ হেঁটে যাচ্ছে? ছায়াছায়া কোনও মানুষের অবয়ব দেখছি কি? সেই পাগলাটা কি- যাকে এই রাস্তাতেই আমি আর সঞ্চারী দেখেছিলাম? না না, সে তো বেশ কয়েকবছর আগের কথা। সেই লোক খামোখা এখন এখানে পড়ে থাকবে কেন? সন্ধের অন্ধকারে ভুল দেখছি মনে হচ্ছে।


    ক্রমশঃ


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ধারাবাহিক | ১৫ নভেম্বর ২০২৬ | ৪৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Surajit Ghosh | ১৭ নভেম্বর ২০২৬ ২১:৪৮744017
  • খুব ভালো লাগছে। পরবর্তী পর্বের জন্য আগ্রহ বাড়ছে। আপনার স্বাদু গদ্যের জন্য ধন্যবাদ।
  • Somnath | ১৮ নভেম্বর ২০২৬ ১২:১০744024
  • ধন্যবাদ সুরজিত-দা, সঙ্গে থাকুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন।