এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক  উপন্যাস

  • বিশ-একুশ

    ভবঘুরে
    ধারাবাহিক | উপন্যাস | ১৭ নভেম্বর ২০২৬ | ১৪০ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • ছবিঃ ঈপ্সিতা পাল ভৌমিক


    ১৬


    শওকতের কথা

    শীতের সন্ধ্যা। ধান ঝাড়া হয়ে গেছে মামুনদের। বেশিরভাগ খড় পালুই করে রাখা। কিছু খড় পড়ে আছে। ধানের খড়ের কুটি গাদা করে রাখা। কিছু জ্বালানি হবে, গুছিয়ে কেটে গোরুদের দেওয়া হবে খোল ভিজিয়ে। গোরুদের মধ্যেও শৌখিনতা আছে। কিছু গোরু কুটি খেতে চায় না। কেউ চায় একটু পচিয়ে রাখা খোল খেতে, কারো পছন্দ টাটকা খোল। হাল্কা ভেজানো। পোয়াতি গাইদের পছন্দ আখের গুড়। ঠিক আখের ভালো গুড় নয়। চিটে গুড়। চিটে গুড়ে দেশি মদ ভালো হয়। চিটে গুড় দিলে গোরু বেশি দুধ দেয়। গোয়াল ঘরে খড় জ্বাল দিয়ে মশা তাড়াচ্ছিল লালু সরেন। হঠাৎ দেখে গোরুর নাদায় একজন লুকিয়ে।
    --কে কে রে। চেঁচিয়ে উঠল লালু।
    -- ও কাকা ভয় পেলে নাকি, আমি রুবি।
    --একেনে কি করচিস মা?
    -- তুমি দেকচি ভারি বোকা, লুকোচুরি খেলচি। দেকোনি সব্বাই খুঁজচে, পাচ্ছে না।

    তাই তো। শীতকাল। এখন বিকেল বেলায় খেলার পর সন্ধেবেলায় লুকোচুরির ধুম। লালুও খেলেছে মামুনদের সঙ্গে। লালুর বাপ শিবু সরেনও ছিল এ-বাড়ির বাঁধা কিরসেন। সম্বচ্ছর কাজ করতো। লালুও বাপের সঙ্গে ভোর ভোর উঠে চলে আসতো। মামুনদের সঙ্গে খেলতো, ফাইফরমাস খাটতো। আর সব খেলায় মামুনকে পারতো না, তবে দৌড় আর সাপ ধরার বেলায় লালু ছিল ওস্তাদ।

    রুবিকে দেখে লালুর মনে পড়ছিল ছোটবেলার কথা। বয়স বাড়ে। কিন্তু সময় কেমন করে ছোটদের এক থাকে? লালুর ছেলে যুগলও এসেছে সকাল সকাল তার সঙ্গে। খেলছে রুবিদের সঙ্গে। লালুর সঙ্গে রাতে খেয়ে ফিরবে। তবে লালুর পড়া তেমন হয়নি। যুগল পড়ছে এখন রুবির সঙ্গে। তিন ক্লাসে। ইংরেজির মাস্টারের মারের ভয়ে ইস্কুলে যেতে চায় না। রুবি বলে, ভয় কী? আমি তো আছি। তোকে শিকিয়ে দেবো।
    এইটুকু মেয়ে কিন্তু খুব বই পড়ে। নানা প্রশ্ন করে।

    বলে, কাকা সিধু কানুর কথা জানো? বীরসা মুন্ডার কথা। লালু একটু আধটু শুনেছে। খুব বেশি জানে না। তবে জানে তার গড়ম হাড়াম বা গড়ম (ঠাকুর্দা)র বাপ হুল লড়েছিল। তাঁর নিজের গড়ম উলগুলানে যোগ দিয়েছিল। গোরা সাহেবদের ধড়পাকড়ের ঠেলায় ১০-১২ জন সঙ্গী নিয়ে রাতের আঁধারে পালাতে পালাতে হাসিম সাহেবের বাপের আশ্রয়ে উঠেছিল। সাল মনে নেই। বিশ সালের বানের দেড় কুড়ি বছর আগে। একেনে ধান কাটতে রুইতে আসতো তারা সিজেনে সিজেনে।
    লালু আর কিছু জানে না, তবে বংশ পরম্পরায় তীর ধনুক বানাতে ওস্তাদ।
    আজ মামুন ভাই বলেছে, তীর ধনুক লাগবে। ১০ গন্ডা (৪০টা) তীর ধনুক জমা করা আছে পাড়ায়। কারা সব আসবে, নিয়ে যাবে। সেজন্য লালু তাড়াতাড়ি কাজকর্ম সেরে রাখছে আগেভাগেই। মিটিং শেষ হওয়ার পর লোকে পশ্চিম মাঠ থেকে তীর ধনুক নিয়ে ফিরবে। তাদের কয়েকজনও যাবে। সে আর বীর সিং থাকবে মামুনের সঙ্গে। মামুনের কোনো বিপদ হতে তারা দেবে না।

    বৈঠকখানায় তখন মামুন, নবাব আর তাদের বন্ধু খিজির শওকতকে ঘিরে আসর বসিয়ে ফেলেছে। পরোটা খাওয়া শেষ। শওকত হাত ধুতে বাইরে যাচ্ছিলেন। মামুন সিলিমচি বাড়িয়ে দিল। সিলিমচিতে হাত বাকিরাও ধুল। সিলিমচিটা কাকে দিয়ে পাঠাবেন? বড় ছেলে বড় শৌখিন মেজাজের। সে এসব কাজ পছন্দ করবে না। বিরক্ত হবে। এমন সময় মুশকিল ত্রাণ লালু হাজির হল রুবিকে নিয়ে। রুবির গায়ে তখনও দুয়েকটা কুটি লেগে।
    মামুনের বড় আদরের মেয়ে। মামুনের ধারণা, মামুনের মা জন্মেছেন রুবির মধ্যে। তাঁর মায়ের মতোই নাকি রুবি সুন্দর। লালু এসে দস্তরখান আর চীনামাটির প্লেট তুলল। রুবি নিতে গেল, লালু বলল, পারবি না, ফেলে দিবি।
    রুবি বল, আমি বড় হয়েছি না। বলেই চীনামাটির প্লেটগুলো নিয়ে ছুট। লালু সিলিমচির জল ফেলে দস্তরখানা গুটিয়ে ঘরের দিকে গেল।

    মামুন মনে মনে ছটফট করছে, একটা গোপন বৈঠক ডেকেছে। চার পাঁচখানা গ্রামের মানুষদের নিয়ে। আজ রাতে পার্টির গোপন অভিযান আছে। সেই কারণেই সে পার্টি অফিস গিয়েছিল। কী গোপন কথা হয়েছে--কমরেড গুহ-র সঙ্গে সেটা নবাব আর খিজিরকে বলে পরামর্শ চাইবে। আর চিরকুট পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্বনাথবাবুকে ২০টা টাকার সঙ্গে চারটে চিরকুটও দিয়েছে সে। বিশ্বনাথবাবু নিরীহ মানুষ তাকে কংগ্রেসের লোকেরা তত সন্দেহ করে না। জানে ভোলেভালা মানুষ। কমিউনিস্টদের পাল্লায় পড়েছে এইমাত্র। ঠিক হয়ে যাবে একদিন। বিশ্বনাথবাবু দেবেন সাইকেল মিস্ত্রি অমলকে। অমল দাসের মতো ভালো সাইকেল মিস্ত্রি এই তল্লাটে নেই। সাইকেলের চাকার ফ্রি বাঁধা সবচেয়ে কঠিন কাজ।ঠিকঠাকভাবে বল সেট করে গ্রিজ দিয়ে কাজ করা সহজ নয়। মামুন কাজটা কিছুটা শিখেছে অমলের কাছে। সময় থাকলে সে-ও দু একটা সাইকেল সারিয়ে দেয়। মামুনের খেয়াল সব কাজ সে শিখবে। তবে অমলের কেরামতি আলাদা। অন্য মিস্ত্রিরা আটকে গেলে অমলের আছে আসে। অমলের কাছে সকাল থেকে রাত লোকের অনাগোনা লেগেই থাকে। তার মাধ্যমে গোপন চিঠি পাঠানো সুবিধা এবং অসুবিধার। তবে অমল দক্ষ লোক। 'তোমার কাজের হিসেব' বলে হিসেবের সঙ্গে ঠিক লোককে ঠিক চিঠি পৌঁছে দেয়। আজ পর্যন্ত ভুল হয়নি। আজও আশা করি হবে না। মামুনের ঝোঁক মিটিংয়ের দিকে আর তার বন্ধু খিজিরের মন গল্প শোনায়। সে ইতিহাস লিখছে। গ্রামের। চারপাশের। সময়ের। তাই সে ওরাল হিস্ট্রি শুনতে চায়। শওকতকে সে ধরে বসলে। চাচা, থিয়েটারের গল্প শোনান।

    শওকত এতক্ষণে হাঁফ ছেড়ে বাঁচলেন। শুরু করলেন গল্প।
    স্টারের গ্রিনরুমে তখন ধূপের ধোঁয়া, সস্তা মেকআপের গন্ধ আর চণ্ডী লাহা স্যারের হাঁকাহাঁকি। আমি গ্রিনরুমের এক কোণে একটা ভাঙা কাঠের বাক্সে বসে মেকআপের তুলি পরিষ্কার করছিলাম। আমাকে ছোটখাটো পার্ট দেওয়া হয়, আর সঙ্গে দায়িত্ব—দাদাদের চা আনা আর ডায়লগ ধরিয়ে দেওয়া।
    আমাদের থিয়েটারের অভিনেতা-অভিনেত্রীদের জীবনটা মেকআপের মতোই—বাইরে থেকে ঝকঝকে, কিন্তু এক ফোঁটা জল পড়লেই আসল চামড়া ভেসে ওঠে। একদিকে যেমন পেটে খিদে আর পকেটে শূন্যতা, অন্যদিকে মঞ্চে আলো পড়লেই তারা যেন একেকজন স্বর্গভ্রষ্ট দেবতা!
    সেদিন চলছে বড়দার নির্দেশনায় এক ঐতিহাসিক নাটক। নাটকের সংলাপ গম্ভীর, প্রজা বিদ্রোহের মুখে রাজা বুক চিতিয়ে বলবেন—
    “প্রজাগণ! তোমরা খাদ্য চাও? আমি তোমাদের রক্ত দেব, কিন্তু নতিস্বীকার করব না!”
    কিন্তু আসল সমস্যা হল, আমাদের ‘এক অভিনেতা মশাইকে নিয়ে। তিনি মানুষটি অসাধারণ, কিন্তু সন্ধে নামলেই এক পাত্র ‘অমৃত’ না খেলে তাঁর নাকি গলায় সুর ফোটে না।
    মঞ্চে দাঁড়িয়ে প্রমাদ গুনলেন তিনি। ডায়লগ ভুলে গিয়ে গলার স্বর সপ্তমে চড়িয়ে হাঁকলেন:
    “প্রজাগণ! তোমরা খাদ্য চাও? ডাল চাও? ভাত চাও? না হলে অন্তত দুটো চপ আর এক ভাঁড় চা তো আনো!”
    উইংসে দাঁড়িয়ে চণ্ডীদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দর্শকরা ভাবল, প্রজার দুঃখ বোঝাতে রাজা বুঝি চরম আধুনিক রূপক ব্যবহার করছেন! হাততালিতে প্রেক্ষাগৃহ ফেটে পড়ল। রিহার্সাল শেষে বড়দা তেড়ে এলেন, “ওহে, শেকসপিয়রকে তুমি চপ-কাটলেটে নামিয়ে আনলে?”
    অভিনেতা মেকআপ তুলতুলে তুলিটা নাড়তে নাড়তে শান্ত কণ্ঠে বললেন, “আহা বড়দা, খালি পেটে কি আর বিপ্লব হয়? প্রজাদের আগে চপ খাইয়ে নিই, তারপর রাজ্য বাঁচাব!” আমরা সবাই হেসে খুন, অথচ অভিনেতা মশাইয়ের পকেটে তখন হয়তো সত্যি নাইট শো-এর পর ডাল-রুটি খাওয়ার মতো আটটা আনাও নেই।

    সবাই চুপ। আস্তে বৈঠকখানায় লোক ঢুকছে। খিজির আবদার করে বসলে, আরেকটা। বাকিরাও সায় দিলে।
    শওকত বললেন, মজার অন্তরালেই লুকিয়ে থাকত বুকের ভেতর চেপে রাখা কান্না। ১৯৪৩-এর সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময়টা আমি কোনোদিন ভুলব না। বাইরে রাস্তায় রাস্তায় “ফ্যান দাও, একটু ফ্যান দাও” কান্নার শব্দ, আর থিয়েটারের ভেতরে আমরা রাজপ্রাসাদের রোশনাই জ্বালিয়ে নাটক করছি।
    আমাদের দলের প্রবীণ অভিনেতা সুরেনদা—মঞ্চে যার গম্ভীর গলা আর দাপুটে অভিনয়ে হল কাঁপত। নাটকে তিনি এক জমিদারের চরিত্র করছিলেন, যেখানে নাটকে মঞ্চের ওপর কাঁসার থালায় আসল লুচি আর তরকারি সাজিয়ে দেওয়া হতো ‘প্রপস’ হিসেবে।

    একদিন নাটকের মাঝপথে হঠাৎ খেয়াল করলাম, সুরেনদা সেই দৃশ্যটাতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছেন। ডায়লগ না বলে দ্রুত হাতে প্রায় মুখ ডুবিয়ে থালার থালা লুচি মুখে গুঁজে নিচ্ছেন, যেন কতকাল খাননি! দর্শকদের হাততালি এল—তারা ভাবল পাত্রের লোভী চরিত্র বোঝাতে সুরেনদা কী দারুণ অভিনয়টাই না করছেন!
    কিন্তু আমি উইংসের পাশ থেকে স্পষ্ট দেখলাম, সুরেনদার চোখ দিয়ে জল গড়িয়ে মেকআপ ধুয়ে যাচ্ছে।

    শো শেষ হতে আমি গ্রিনরুমে গিয়ে দেখলাম, সুরেনদা একটা কোণে বসে কাঁপছেন। কাছে গিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, “সুরেনদা, শরীর খারাপ লাগছে?”
    সুরেনদা আমার দিকে তাকালেন। সেই হাঁকডাকওয়ালা অভিনেতার চোখে তখন শুধুই এক অসহায় বাপের রূপ। ফিসফিস করে বললেন, “শওকত, দুদিন ধরে বাড়ির বাচ্চা দুটো কিচ্ছু খায়নি রে। তোরা বুঝিস নি কোটের পকেটে কয়েকটা লুকিয়ে ফেলেছি... বাড়ি গিয়ে দেব।”
    আমার হাত থেকে মেকআপের বাক্সটা প্রায় পড়ে যাচ্ছিল। যে মানুষটা আধঘণ্টা আগে হাজারটা মানুষের সামনে রাজত্ব করে এল, তিনি কয়েকটা বাসি লুচি পকেটে পুরে বাড়ি ফিরছেন তাঁর ক্ষুধার্ত সন্তানদের জন্য।
    শ্রোতাদের চোখে জল। এই অভিজ্ঞতা গ্রামের দু চারজন অবস্থাপন্ন ছাড়া সবার গেছে।

    শওকত বলে চলেছেন, ১৯৪০-এর দশকের কলকাতা ছিল এই অদ্ভুত বৈপরীত্যে ভরা। একদিকে স্বাধীনতা সংগ্রামের উত্তাপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্ল্যাকআউট, আর চালের আকাল; অন্যদিকে মঞ্চের ওপর আলোর ফোয়ারা।

    আমরা যারা নেপথ্যে থাকতাম, তারা বুঝতাম—অভিনেতা হওয়া মানে শুধু বাহবা পাওয়া নয়। রক্তমাংসের মানুষটাকে আড়ালে রেখে, নিজের পেটের খিদে আর চোখের জল চেপে ধরে অন্য একজনের হাসিকান্নাকে জীবন্ত করে তোলা। পর্দা নেমে গেলে যখন হলের আলো নিভে যেত, তখন মেকআপের তলার সাধারণ মানুষগুলো আবার নেমে আসত দৈনন্দিন জীবনসংগ্রামের রুক্ষ রাস্তায়। আমি থাকতে না পারে বললাম, মামুনের বাপকে, সুরেনদার কথা। ও তো ইংরেজ কোম্পানির চাকরি করতো। মাগগির বাজারে ম্যানেজ করে পরদিন চাল ডাল আটা তেল নুন চিনি বস্তায় প্যাকেট করে নিয়ে হাজির। অন্তত ত্রিশটা বস্তা। বলল--তুই দিয়ে দে, যাদের দরকার। খালি কাউকে আমার নাম বলিস না যেন।

    ******

    ১৭


    কেরামতের কেরামতি

    কেরামত লোকটাকে দূর থেকে দেখলেও চেনা যায়—একটা দীর্ঘ, লম্বাটে গড়ন। যেন অনাহারের কাঠখড় পুড়িয়ে তৈরি একখানা শক্ত কাঠামোর শরীর। অভাবের তাড়নায় গাল দুটো চোয়ালের দিকে একদম বসে গেছে, কষের হাড় দুটো ঠেলে বের হয়ে আছে বাইরের দিকে। কানের কাছ থেকে থুতনি পর্যন্ত তিন-চার দিনের না-কামানো খসখসে খোঁচা খোঁচা দাড়ি, তাতে ছোঁয়া লেগেছে সামান্য পাকের।

    শীতের রাত হলেও তার গায়ে তেমন কোনো গরম জামা জোটেনি। দুখানা ছেঁড়া জামা পরপর পরেছে। মাফলার কেনার সামর্থ্য কেরামতের কোনোদিনই ছিল না; তাই গলার কাছে কয়েক প্যাঁচ দিয়ে জড়িয়ে রেখেছে একটা ময়লা, তেলচিটে সুতির গামছা। চাদর কিংবা মাফলারের যা কিছু ওম, সবটুকু কেড়ে নিতে চায় ওই একখণ্ড ছেঁড়া কাপড়ই।
    কেরামতের চোখ দুটো ছোট ছোট হলেও ভারি সজাগ। সেই চোখে একাধারে লুকিয়ে থাকে ভয়ের আতঙ্ক আর সংসারের হাজারো দেনার চিন্তা। সেও এসে ভিড় করেছে মামুনদের দলিযে। গ্রামের লোক কেউ বলে দলিজ কেউ বলে খানকাঘর আর পড়াশোনা জানা লোকরা বলে, বৈঠকখানা।

    সে এসেছে খবর নিতে। রবে পাইকের পা্ঠিয়েছে তাকে। মনে মনে সে লাল পার্টির স্লোগানগুলো আওড়ায়, মেহনতি মানুষের জয়ের স্বপ্ন দেখে। কিন্তু পরক্ষণেই চোখের সামনে ভেসে ওঠে বাড়িতে বসে থাকা আট-আটটা হা-অন্ন মুখের অবয়ব। রবে পাইকের সুদের খাতা আর চার বিঘা জমির বর্গাচাষের খাঁচা তাকে সেই স্বপ্নের জগৎ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনে কর্কশ বাস্তবে।
    কেরামত তার বসে যাওয়া গালে হাত বুলায়, খোঁচা খোঁচা দাড়ির খসখস শব্দে যেন নিজের দীর্ঘশ্বাসটাই শুনতে পায় সে।

    শীতের সন্ধ্যা। বৈঠকখানার ভিতরে হ্যারিকেন আর দাওয়ায় কেরোসিনের লণ্ঠন জ্বালানো হয়েছে, তবে তার সলতেটা বেশ খানিকটা নামানো। বৈঠারি, বোড়া, ধারান, নুরপুর—চার দিকের গ্রাম থেকে লোকরা একে একে এসে জড়ো হচ্ছে। সবার পরনেই সাধারণ চাষাভুষোর পোশাক, কাঁধে গামছা, কিন্তু চোখের দৃষ্টিতে এক অদ্ভুত তীক্ষ্ণতা। বড় কোনো লড়াইয়ের আগে যেমন থমথমে ভাব থাকে, ঠিক তেমনই।

    কেরামত দাওয়ার এক কোনে চুপচাপ বসে ছিল। তার লম্বাটে শরীরটা কিছুটা কুঁজো করে রাখা, ভাঙা চোয়াল আর গালের খোঁচা খোঁচা দাড়িতে ম্লান আলো পড়ে এক রহস্যময় ছায়া তৈরি করেছে। গলায় মাফলারের বদলে প্যাঁচানো ময়লা গামছাটা সে বারবার হাত দিয়ে ঠিক করছে। তার মাথার ভেতর এখন ঝড় বইছে।
    মাদানগরের শ্যাম দাঁ, অধীর সাঁই, পলাশনের লক্ষ্মী কোঙার আর রামবাটির প্রভাবশালী কংগ্রেস নেতা চক্রবর্তী আর ওয়াহেদ চৌধুরী—এই পাঁচ জমিদারের হাত থেকে খাসজমির ধান রক্ষা করা এমনিতেই সহজ কাজ নয়। তার ওপর চক্রবর্তীদের ছেলে নন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম কম পড়তে গিয়ে হার্ডিঞ্জ হোস্টেলে থাকে। সেখানে থেকে ভিড়েছে ফাটাকেষ্টর দলে। দলের দুজন দুর্ধর্ষ মস্তান নিয়ে এসেছে। তাদের কোমরে গোঁজা রিভলবার। নন্তুর সাফ কথা, সে থানা-পুলিশ বা গ্রামের লেঠেলদের ওপর ভরসা করে না। সে দেখেছে মাকুদের ডাকে বনধ হলে হোস্টেলের কর্মচারীদের যেমন হঠাৎ পেট খারাপ হয়, তেমনি জমির লড়াইয়েও এক গরিব আরেক গরিবের গায়ে হাত তুলতে চায় না। তাই খুনোখুনির জন্য সে কলকাতার পেশাদার গুন্ডা এনেছে, আর চক্রবর্তীর দেখানো ইনকাম ট্যাক্স রেডের ভয়ে সুদখোর রবে পাইকের নিজের দোতলা পাকা বাড়িতে তাদের লুকিয়ে রাখতে বাধ্য হয়েছে।

    ২৫ বছর আগের এক চৈত্রের দুপুরে, যখন রোদের তাপে মাঠের মাটি ফেটে চৌচির, ঠিক তখনই এই তল্লাটে প্রথম পা রেখেছিল রবে পাইকের। কোথা থেকে সে এসেছিল, তার আদি বাড়ি কোথায়, বা তার বাপ-দাদার পরিচয় কী—তা আজও গ্রামের কারও জানা নেই। পরনে ছিল একটা তালি দেওয়া মলিন ধুতি, কাঁধে গামছা আর হাতে একটা বাঁশের লাঠি।
    প্রথম কয়েক মাস রবে পাইকেরের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। গ্রামের ধারের পুরোনো অশ্বত্থ গাছটার নিচেই ছিল তার রাতের আশ্রয়। দিনে সে এ-গাঁ ও-গাঁ ঘুরে বেড়াত, আর রাতে এসে ওই গাছতলায় গা এলিয়ে দিত। নিজের পেট চালানোর জন্য তার ছিল এক অদ্ভুত ব্যবস্থা। গাছের নিচু ডালে একটা ময়লা কাপড়ের পুঁটলি ঝোলানো থাকত। সেই পুঁটলিতে থাকত শুকনো চিঁড়ে, মুড়ি, খই আর এক ভাঁড় আখের এঁখো গুড়। খিদে পেলেই পুঁটলি নামিয়ে, পাশের পুকুর থেকে আঁজলা ভরে জল এনে চিঁড়ে-মুড়ি ভিজিয়ে গুড় দিয়ে মেখে খেয়ে নিত।
    রবে পাইকেরের পড়াশোনা বলতে সামান্য অক্ষরজ্ঞান, কিন্তু হিসাবের মাথাটা ছিল ক্ষুরধার। আঙুলের কড়ে গুনেই সে এমন সব জটিল সুদ-আসলের হিসাব কষে ফেলত, যা স্কুলমাস্টারদেরও ভাবিয়ে তুলত। গাছতলায় শুয়ে-বসেই সে এলাকার নাড়ি-নক্ষত্র বুঝে নিয়েছিল। সে দেখেছিল, এই অঞ্চলের চাষিদের হাতে ফসল ওঠার সময় ছাড়া সারা বছর নগদ টাকার বড় টানাটানি থাকে।

    প্রথম পুঁজিটা সে জোগাড় করেছিল গোরু কেনাবেচার দালালি করে। ভিনগাঁয়ের হাট থেকে সস্তায় রোগা-পটকা গোরু কিনে এনে, নিজের হাতে খাইয়ে-দাইয়ে তাগড়া করে চড়া দামে বেচত। এভাবেই বছর দুয়েকের মাথায় হাতে কিছু কাঁচা টাকা জমল। আর তারপরই রবে পাইকের শুরু করল তার আসল খেলা—সুদ আর তেজারতির কারবার।
    শুরুতে টাকার অঙ্কটা ছোট ছিল। কারও মেয়ের বিয়ে, কারও বাবার শ্রাদ্ধ, কারও আবার চাষের মরসুমে বীজ কেনার টাকা নেই—রবে পাইকের ঠিক সময়মতো হাজির হতো ত্রাতার বেশে। তবে শর্ত একটাই: খালি হাতে টাকা নয়, কিছু না কিছু বন্ধক রাখতে হবে। কারও ঘরের কাঁসার ঘটি-বাটি, কারও বউয়ের গায়ের শেষ সম্বল সোনার নাকছাবি, আবার কারও বা সামান্য ভিটেমাটির দলিল।

    চক্রবৃদ্ধি হারের এমন এক অদৃশ্য জাল রবে পাইকের বিছিয়েছিল যে, একবার যে সেই জালে পা দিত, তার আর বেরোনোর উপায় থাকত না। সুদের টাকা শোধ করতে গিয়ে আসল বাড়ত, আর আসল শোধ করতে গিয়ে বন্ধক রাখা জমি-গয়না সব পাকাপাকিভাবে রবে পাইকেরের সিন্দুকে ঢুকে যেত। দেখতে দেখতে হাটতলার অশ্বত্থ গাছের তলা ছেড়ে সে পুকুরপাড়ে জমি কিনল, সেখানে উঠল ইটের দেওয়াল, আর পনেরো বছরের মাথায় তৈরি হলো তার ঝকঝকে দোতলা পাকা বাড়ি।

    এলাকায় সে এখন 'রবে মহাজন' নামেই পরিচিত। থানার দারোগা থেকে শুরু করে চৌকিদার—সবার সঙ্গেই ভালো সম্পর্ক করে। কিন্তু মানুষের মনে অজানা কিছুর প্রতি যে একটা আদিম ভয় থাকে, রবে পাইকেরের ক্ষেত্রে সেই ভয়টার নাম 'ইনকাম ট্যাক্স'। সে জানে, এলাকা ম্যানেজ করা যায়, কিন্তু দিল্লির বাবুদের কালো খাতায় একবার নাম উঠলে তার তিল তিল করে গড়া এই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর তার এই দুর্বল জায়গাটাই ঠিক ধরে ফেলেছেন রামবাটির কংগ্রেস নেতা চক্রবর্তী। তাই খুনোখুনি বা জবরদখলের ঝামেলায় জড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও, কেবল নিজের কালো টাকা আর দোতলা বাড়িটা বাঁচাতেই রবে পাইকের আজ কলকাতার ভাড়াটে খুনিদের নিজের ঘরে আশ্রয় দিতে বাধ্য হয়েছে।

    রবে পাইকের কেরামতকে পাঠিয়েছে দুমুখো চাল চেলে। একদিকে মামুনের গতিবিধি জানা, অন্যদিকে মামুনকে যে গুলি করা হতে পারে, সেই খবরটা পৌঁছে দিয়ে নিজের গা বাঁচানো—যাতে মামুনের দল তাকে বিশ্বাস করে, অথচ মস্তানদের আশ্রয় দেওয়ার কথাটাও চাপা থাকে।

    কেরামত নিজেও জানে, রবে পাইকেরের ঘরে কে কে লুকিয়ে আছে। আর এই খবরটা মামুনকে না দিতে পারলে আজ রাতে রক্তগঙ্গা বয়ে যাবে। অথচ কেরামতকে রবে পাইকেরের বাড়িতে অনেকেই ঢুকতে-বেরোতে দেখেছে। মামুনের দলের লোকেরা তাকে সন্দেহের চোখে দেখছে, খোদ মামুনও তার ওপর ভরসা করতে পারছে না।
    "যাও তো ভাই আবেদ, বাজার থেকে এক কেজি চানাচুর নিয়ে এসো," মামুন গম্ভীর গলায় বলল। "আমি লালুকে বলছি ঘর থেকে ধামা করে মুড়ি, আমতেল আর পেঁয়াজ লঙ্কা আনতে। অনেক দূর থেকে সব এসেছে, মুখে কিছু দেওয়া দরকার।"

    আবেদ আলি মামুনের চোখের ইশারাটা মুহূর্তেই ধরে ফেলল। সে উঠে দাঁড়িয়ে কেরামতের কাঁধে হাত রাখল, "চল কেরামত, একা যেতে ভালো লাগছে না, তুইও চল সাথে।"
    কেরামতের বুকটা ধক করে উঠল। সে বুঝল, এটা তাকে মিটিং থেকে সরিয়ে দেওয়ার কৌশল। এখন সে যদি গাঁইগুঁই করে বা না যেতে চায়, তবে সবার সন্দেহ আরও তীব্র হবে। এমনকি তাকে বেঁধেও রাখা হতে পারে। অথচ, এখন চলে গেলে মামুনকে কীভাবে জানাবে যে তার বুকে গুলি চালানোর ছক কষা হয়েছে?
    কেরামত এক মুহূর্ত ভাবল। লম্বা শরীরটা সোজা করে উঠে দাঁড়াল। মুখে একটা নিরীহ, বোকাটে হাসি টেনে বলল, "হ্যাঁ হ্যাঁ, চলো আবেদ ভাই। সারাদিন পেটে কিছু পড়েনি, চানাচুর-মুড়ি হলে মন্দ হয় না।"

    আবেদ আলি কিছুটা অবাক হলেও স্বস্তি পেল। কেরামত কোনো আপত্তি না করেই পা বাড়াল। দাওয়া থেকে নামার ঠিক আগমুহূর্তে, আবছা আলোয় কেরামত ইচ্ছে করেই পা হড়কে পড়ার ভান করল। টাল সামলাতে না পেরে সে সোজা গিয়ে পড়ল মামুনের গায়ের ওপর।
    "আরে, আরে, দেখে চল!" আবেদ আলি তাড়াতাড়ি ধরে ফেলল তাকে।
    মামুনও বিরক্ত হয়ে কেরামতের বাহু ধরে সোজা করতে গেল। ঠিক সেই এক-দুই সেকেন্ডের ব্যবধানে, যখন কেরামতের মুখটা মামুনের কানের একদম কাছে, কেরামত নিঃশ্বাসের চেয়েও নিচু স্বরে, প্রায় ঠোঁট না নাড়িয়ে ফিসফিস করে বলল—
    নন্তু কলকাতার দুই গুণ্ডা এনেছে। গুলি মারবে মামুন ভাই। বিশ্বাস না হলে রবের দোতলায় নজর রাখো।
    কথাটুকু বলেই কেরামত এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে অপ্রস্তুত গলায় বলল, "মাপ করবে মামুন ভাই, অন্ধকারে চৌকাঠটা ঠাহর করতে পারিনি। চলো আবেদ ভাই, দেরি হয়ে যাচ্ছে।"

    মামুন পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের মণি দুটো মুহূর্তের মধ্যে সংকুচিত হয়ে এল। 'নন্তু', 'কলকাতার গুন্ডা'—এই শব্দগুলো তার মগজে বিদ্যুতের মতো খেলে গেল। সে কেরামতের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। কেরামত ডাবল এজেন্ট হতে পারে, রবে পাইকেরের দালালি করতে পারে, কিন্তু এই তথ্যের গভীরতা মামুনের অজানা নয়। জমিদাররা যে এবার আর শুধু লাঠিয়াল দিয়ে খেলবে না, তা এই এক কথাতেই স্পষ্ট।

    এদিকে আবেদ আলির সাথে অন্ধকার পথ ধরে হাঁটতে হাঁটতে কেরামত গলার গামছাটা দিয়ে কপালের ঘাম মুছল। সে জানে, আবেদ আলি তাকে চোখে চোখে রাখবে, দোকানে গিয়ে হয়তো আটকেও রাখবে মিটিং শেষ না হওয়া পর্যন্ত। তাতে কেরামতের কোনো আপত্তি নেই। তীর সে ছুঁড়ে দিয়েছে, এবার লক্ষ্যভেদ করার দায়িত্ব মামুনের। কেরামত তার দুমুখো চালের সবচেয়ে কঠিন চালটা নিখুঁতভাবেই খেলে দিয়েছে—রবে পাইকেরের হুকুমও তামিল হলো, আবার মামুনের প্রাণ বাঁচানোর রাস্তাও খুলে গেল। এখন শুধু দেখার, পাঁচ জমিদারের এই মরণফাঁদ মামুন কীভাবে কাটায়।


    ক্রমশঃ
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ধারাবাহিক | ১৭ নভেম্বর ২০২৬ | ১৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন।