এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গুরুচন্ডা৯ | ১৮ নভেম্বর ২০২৬ ১৩:০৭748886
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৯ নভেম্বর ২০২৬ ১০:২৩748887
  • গতকাল ডবল ইঞ্জিন ডবল কর্মসূচি পালন করেছে। প্রথমটা ছিল বইয়ের বদলে বোমা। একশ বছর আগে বাঙালি বই পড়ে ইংরেজদের বোমা মারত। তার বদলা নিতে এখন প্রভুভক্তরা পশ্চিমীদের পায়ে পড়ে বইয়ে উপর বোমা মারছে। চেঁচামেচি করার কিচ্ছু নেই, দেখুন, বই, বোমা, পড়া সবই আছে, বোমাটা একটু এদিক ওদিক শুধু। তাতে কোনো দোষ নেই, কারণ, রবিন্দরনাথজি অবধি বলেছেন, তোমার পটাকা যারে দাও তারে ফাটাবার দাও শকতি। উনি দিওয়ালির পটকা বেঁচে গেলে কলেজ স্ট্রিটে ঝেড়ে দেবার পক্ষে ছিলেন। তবে এসবের মধ্যে বেশি বাঙালি-সংস্কৃতি এনে লাভ নেই। কারণ মান্যবর দিলীপ ঘোষ বলেছেন, বাংলাকে ইউপি করবেন, গুজরাত করবেন, কারও বাপের ক্ষমতা থাকলে আটকাক। খুবই যথার্থ কথা। বাংলার খাব, বাংলার পরব, বাংলায় মন্ত্রী হব, কিন্তু গুজরাত আর ইউপির বুটে গিয়ে নাক ঘষব, দিল্লির নেতাদের কথায় নাকে খত দেব, সব বরাত ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেব, পারলে বাংলাকে বর্গীদের হাতে বেচে দেব, এর চেয়ে যুক্তিযুক্ত কথা আর কী হতে পারে। যার না পোষাবে সে রবিন্দরনাথজিকে কোলে নিয়ে বাংলাদেশে চলে যাক।
    দ্বিতীয় কর্মসূচিটা আরও ভালো। মেডিকেল কলেজ চলো। চোরবাগানের পর প্রথমে আমরা জেনেছিলাম, "কুছু হয়নি"। তারপর জানা গেল, না, যে ম্যারাপ বেঁধেছিল আর যে বাঁশি বাজিয়েছিল, তার দোষে ১৯ জন মারা গেছে। বাকি কেউ কেউ আহত। তখন আহতদের নিয়ে একটা আন্দোলন হয়েছিল, 'অ্যাপোলো চলো'। সরকারি হাসপাতাল অত্যন্ত দুচ্ছাই, তাই সরকারি অপদার্থতা ঢাকতে, সরকারি পয়সা খরচ করে, সরকারি ব্যবস্থাপনায় আহতদের বেসরকারি জায়গায় চিকিৎসা হবে। খুবই যথাযথ ব্যবস্থা। এর চেয়ে সরকারি হাসপাতালগুলো তুলে দিয়ে সব পয়সা একবারে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিলেই হত, কিন্তু অতটা এখনও করে ওঠা যায়নি। কিন্তু এই সামান্য সমস্যাটুকুর জন্য কিছু লোক বাগড়া দিচ্ছিল। কিছু ডাক্তার সাংবাদিক সম্মেলন অবধি করছিল। তাদের শোকজ করেও সিধে না করা যাওয়ায় গত রাতে হয় মেডিকেল-চলো আন্দোলন। তাতে কিছু আহাম্মকদের একটু মারধোর করা হয়েছে বলে শোনা যাচ্ছে। কে করেছে এখনও পরিষ্কার নয়। তবে চোখ বুজেই বলে দেওয়া যায়, বিজেপি নয়, কারণ এসব বিজেপির সংস্কৃতি না।
    এই দুটো কর্মসূচিই সাফল্যমন্ডিত হয়েছে। মেডিকাল কলেজের ছেলেপুলে চিরকালই সরকারের মুন্ডপাত করে, কলেজ স্ট্রিটে চিরকালই ক্ষোভ-বিক্ষোভ হয়, দুটো অনাচারই বন্ধ করা গেছে। একটা খুব চমৎকার স্লোগানও দেওয়া হয়েছে, 'চোর বিমানের দুই গালে, জুতো মারো তালে তালে'। দুটোই যথাযথ। কারণ কিছু কিছু বামপন্থী নামধারী আহাম্মকদের ধারণা ছিল, বিপক্ষ ফ্যাসিস্ত হলেও তারা ডিম-ছোঁড়ে বেছে বেছে, শিক্ষিতদের ছোঁড়েনা, চোর তো বলেইনা, আর জুতো-মারো-তালে-তালে শুধু বামেরাই বলতে পারে। সে আহাম্মকি ভেঙে দেওয়া গেছে। দরকারে আরও শখানেকবার বিমান তুলে চোর বলা হবে। শুধু সেটুকুই না, এবার আশা করা যায়, ধীরে সুস্থে বাংলা বইয়ের ব্যাপারটাও তুলে দেওয়া যাবে। পুরসভার পুরশ্রীর মতো, প্রথমে হিন্দি, ইংরিজি, তারপর কিছু পড়ে থাকবে, যার নাম তন্ত্র মন্ত্র থ্রিলার ভূতপ্রেত। নাগাল্যান্ডের ভয়াল ভয়ঙ্কর, তাজমহলের নিচে লিঙ্গ। গাছ থেকে নেমে আসছে তান্ত্রিক, আর তার ছোবলে দুষ্টু জেহাদিরা সব মরে যাচ্ছে, এই থিমে ফার্স্ট সেকেন্ড বয়রা সিনেমা করবেন, শ্যাওড়া-গাছের শাঁকচুন্নি নিয়ে ওয়েব-সিরিজ হবে, 'বাগেশ্বর সাধু, কর কালা-যাদু' এই মর্মে হিট হিট গানা হবে, প্রতি পুজোয় বিহার থেকে আসবে আইটেম নর্তকীরা, তাদের গলায় টাকার মালা পরানো হবে। এসবই বাজারে তেড়ে বিকোবে আর বঙ্গজাতি পাছা উঁচিয়ে পশ্চিমী বুটে নাক ঠেকিয়ে, হিন্দি বুলি বলে কৃতার্থ হবে। যত তাড়াতাড়ি হয়, ততই মঙ্গল।
  • গুরুচন্ডা৯ | ১৯ নভেম্বর ২০২৬ ১১:০৩748888
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২০ নভেম্বর ২০২৬ ০৯:১৬748889
  • মহুয়া মৈত্রর উপর আবার হামলা হয়েছে। এই ছমাসে কতবার যে হল, সংখ্যা গুলিয়ে গেছে। মনে হচ্ছে, এক বালতি জলে আরও এক মগ ঢালা হল। সবচেয়ে বড় বিপজ্জনক দিন এইটাই। যে, বিষয়টা স্বাভাবিক করে দেওয়া হচ্ছে। বিরোধী দলের নেতা বা নেত্রী দেখলেই শাসক আশ্রিত একদল লোক হ্যাহ্যা করে বলবে 'চল একটু ডিম ছুঁড়ি', পুলিশকে বলা হবে বিচার-ফিচার কী, লাগাও এনকাউন্টার, ক্ষমতায় আমরা, তাই বিরোধীদের জেলে ভরব, মিটিং করতে দেবনা, বইয়ের স্টলে হামলা হবে আর প্রশাসনিক প্রধান বলবেন এত কথার কী আছে, বই-চিহ্নে ভোটে দাঁড়াক, এগুলো তো কোনো সভ্য দেশের শাসকের কাজকর্ম হতে পারেনা। কিন্তু এইগুলোকেই স্বাভাবিক করে দেওয়া হচ্ছে। বুকিস্টল করে কী হবে, এ নিয়ে স্বাধীন দেশে নাকি জবাবদিহি করতে হবে, বা সাংসদ তাঁর এলাকায় ঘুরবেন, তাঁকে সর্বোচ্চ আদালত থেকে বলা হবে স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আপনি একটু ডিম খেতে পারছেন না, এ জিনিস এখন স্বাভাবিক। ওরকম তো হয়েই থাকে। দেখবেন, শুনে-টুনে ওইরকমই লাগছে।
    মজা হল বাঙালির জন্য এ জিনিস একেবারেই নতুন না। ৪২ এর মন্বন্তর ধরুন, রাস্তায় ফ্যান-দাও ফ্যান-দাও বলে পালে পালে লোক মরে পড়ে থাকল, কদিন বাদেই চোখ সয়ে গেল। ৪৭ এর দেশভাগ, উদ্বাস্তুদের কান্নাকাটি কদিন বাদেই চোখ সয়ে গেল, এমনকি "কীরে পিঠে কাঁটাতারের দাগ আছে নাকি?" জাতীয় রসিকতাও চালু হয়ে গেল। যেন মাতৃভূমির উপর দিয়ে এক বিদেশী সায়েব ঘরে বসে একটা দাগ কেটে দিল, সেটাই হল বেদবাক্য। তারপর অনুপ্রবেশ। সে যে কী জিনিস কেউ কখনও বোঝেনি, বাঙালির প্রেক্ষিতে এর চেয়ে অশ্লীল কথা আর হয়না। কিন্তু ৮০র দশক থেকে প্রথমে গায়ে সয়ে গেল, তারপর ওটাই লব্জ হয়ে গেল। আশির দশকে যখন টিভিতে 'জাতীয় কার্যক্রম' চালু হল হিন্দিতে, তখন কেউ কিচ্ছু বুঝতনা, কদিনেই অভ্যেস হয়ে হিন্দিই 'রাষ্ট্রভাষা' হয়ে গেল। এখন লোককে অন্যকিছু বললে বলে 'বলেন কি, হিন্দি না হলে সারা ভারতের লোকে বুঝবে কীকরে?' বিধান রায় থেকে মমতা ব্যানার্জি পর্যন্ত সবাই বৈষম্যের বিরুদ্ধে বলেছেন, কিন্তু 'কেন্দ্রীয় বঞ্চনা' ক্রমশ ইয়ার্কি হয়ে গেল। এনারসি আর ডিটেনশন ক্যাম্প অতীত হয়ে গেল, কে আর খোঁজ রাখে। এরপর এসআইআর আর ট্রাইব্যুনালও হয়ে যাবে। তার তুলনায় কটা স্টল ভাঙা আর কটা ডিম ছোঁড়া কীই বা এমন।
    এই অবস্থার জন্য আমাদের তথাকথিত প্রগতিশীল বা মধ্যপন্থী অংশের ভূমিকা ভয়ানক বললে। যে যাই বলুক, ন্যারেটিভ তৈরি করে শিক্ষিত মধ্যবিত্ত। তারা সেটা তো করেইনি, বরং উল্টোদিকে হেঁটেছে। দেশভাগ নিয়ে তবু একটু অশ্রুজল ঝরেছে, কিন্তু ক্ষোভকে কার্পেটের নিচে চাপা দেওয়া হয়েছে। অনুপ্রবেশ তত্ত্বে ডান-বাম সকলেই সোৎসাহে অংশগ্রহণ করেছেন। হিন্দি আগ্রাসন নিয়ে আর কী বলব, বাম জমানার হোপ-এইট্টি-সিক্স থেকে তৃণমূল আমলে চলচ্চিত্র উৎসবে অমিতাভ-শাহরুককে ডেকে আনা, বাঙালি নেতাদের দেখে মনে হত তাঁরাই গোবলয়ের ব্র‌্যান্ড অ্যাম্বাসাডার। প্রশ্ন করলে বামরা তখন হেবি শ্রেণী বোঝাতেন, আর কংগ্রেসীরা জাতীয়তাবাদ। এই করতে করতে ঢুকল কে-সিরিজ, বাংলায় শুরু হল তার কপি। আর সেই ছ্যাঁদা দিয়ে লেখালিখিতে ঢুকে পড়ল আজকের ভক্তরা। ওরা এই ন্যারেটিভ তৈরির কাজটায় এতটুকু ঢিলে দেয়নি। পয়সা ঢালা হয়েছে, বিষয় বাছাই করা হয়েছে। তৃতীয় শ্রেণীর থ্রিলার, ভূত-প্রেত, তন্ত্রমন্ত্র দিয়ে বোঝাই করা হয়েছে বাংলার বাজার। তাই দিয়ে তৈরি হয়েছে সিনেমা, ওয়েব সিরিজ। আর এই পুরো সময়টায়, চিন্তাশীল বাঙালি শারুক্ষানে নেচেছে, বাংলা সিনেমার পাশে দাঁড়ানো নিয়ে খিল্লি করে গেছে। কোত্থাও কোনো পাল্টা ন্যারেটিভের ধার ঘেঁষেনি। আমি একটা প্রকাশনার সঙ্গে যুক্ত, বইপত্র ছাপি, কিন্তু ঘোষিত বা অঘোষিত বামদের কখনও সেসব নিয়ে আলোচনা করতে দেখিনি। আলোচনা মানে সমর্থন নয়, সমালোচনাও হতে পারে, ন্যারেটিভ তো ওভাবেই তৈরি হয়। কিন্তু সেসবে কোনো আগ্রহ দেখিনি। বরং নিজেরাও ওই স্রোতে ভিড়েছেন। এমনকি ঘোষিত 'ভক্ত'দের মতাদর্শকে প্রচার অবধি করে গেছেন। কোনো সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি হয়নি। দেশভাগ থেকে এসআইআর পর্যন্ত রাজনৈতিক ন্যারেটিভের তো প্রশ্নই নেই। সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে বিষবৃক্ষ ফলার জন্য।
    এই পুরোটার ফল এখন ফলছে। ভবিষ্যতে কী হবে বলতে পারবনা। কিছু কিছু জাতি তো আত্মসমর্পণও করে, মুছেওযায়। কেউ কেউ কোণঠাসা হয়ে রুখেও দাঁড়ায়। যাইই হোক, একটা গ্যারান্টি দিতে পারি, পুরোটা লিখে রেখে যাব। রোজই এতটা করে লিখি এই জন্য। বাকি সব চুলোয় যাক, ধারাবিবরণীটা লিপিবদ্ধ তো থাক কোথাও।
  • গুরুচন্ডা৯ | ২০ নভেম্বর ২০২৬ ১০:৩৫748890
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২১ নভেম্বর ২০২৬ ১৮:৩১748901
  • কেউ খেয়াল করেছেন কিনা জানিনা, মহারাষ্ট্রে একটা দুর্ধর্ষ জিনিস জানা গেছে। এনসিপি ভেঙে গিয়েছিল, অজিত পাওয়ার গোষ্ঠী এনডিএতে যোগ দিয়েছিল, সে তো সবাই জানে। কয়েকদিন আগে শরদ-পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে আর এনসিপিআই সভাপতি সুনীল তটকরে, দুজনেই জানিয়েছেন, যে, অজিত পাওয়ার বেঁচে থাকলে দল আবার জুড়ে যেত। জোড়ার ঠিক প্রাক্কালে কীকরে যেন অজিত পাওয়ার দুর্ঘটনায় মারা যান।
    এরকম দুর্ঘটনা লাতিন আমেরিকার স্বৈরাচারী দেশগুলোতে হত আগে। প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে? হঠাৎ কোনো ট্রাক এসে ধাক্কা মেরে চলে গেল। অতি অবশ্যই ট্রাক চালক শাসক দলের কেউ না। ওটা তাদের সংস্কৃতিও না। ফলে আশ্চর্য হবার কিছুই নেই। কপাল ভালো থাকলে ওরকম হয়।
    কিন্তু কথাটা হল, কপাল মাঝে-মাঝে মন্দও হয়। কদিন ধরেই শরদ পাওয়ার অসুস্থ ছিলেন। ৮৫ বছর বয়সে ব্রঙ্কাইটিস হয়েছিল। শোনা যাচ্ছিল দুই গোষ্ঠী জুড়ে যাবে, সব্বাই মিলে এনডিএকে সমর্থন দেবে। বিশেষ অধিবেশন হবে সংসদের। সেখানে দুমদাম করে ডিলিমিটেশন বিল পাশ করিয়ে ফেলা হবে। তার একদিকে থাকবে সংযুক্ত এনসিপি, অন্যদিকে ডিএমকে। হ্যাঁ, বাংলায় এনসিপিআই না কী একটা দল হয়েছে, তার সাংসদদেরও মাথায় তুলে নাচ হবে।
    কিন্তু, কপাল। হাসপাতাল থেকে ড্যাং ড্যাং করে ফিরে এলেন শারদ। তারপরই ঘোষণা হয়ে গেল, মিলে যাবার কোনো প্রশ্নই নেই। যারা এক হতে চায়, তাদের শরদের দলে যোগ দিতে হবে। এটা এক সপ্তাহ আগে। তার মধ্যেই হয়ে গেল রাজস্থানের পঞ্চায়েত নির্বাচন। কার্যত ধুয়েমুছে গেল বিজেপি। এই প্রতিটা জয়েই ব্যবধানকে ৫ থেকে ১০% বাড়িয়ে দেখতে হবে। কারণ, ওইটা বিজেপি হল-ম্যানেজ করে ফেলে। রাজস্থানের এই হাল, উত্তরপ্রদেশের অবস্থাও ভালো না, একমাত্র আআপ আর কংগ্রেসকে লড়িয়ে যদি পাঞ্জাবে কিছু করা যায়। এই যাদের জনসমর্থনের হাল, সাধ করে তাদের দিকে কে যাবে এখন।
    ফলে খুব সম্ভবত বিশেষ অধিবেশন আর হবেনা। এনসিপিআই না কী একটা দলের সাংসদরা বেশ আনন্দে ঘুরে বেড়াচ্ছিলেন, তাঁদেরও এখনই কোনো গতি হবেনা। ওঁদের দলের কী নাম ওঁরা কোনোদিন বলতে পারবেন কিনা সন্দেহ। আর ডিলিমিটেহন বিল? ওটা এখনই হচ্ছে না। না হলে কেন্দ্রীয় সরকারের মান-ইজ্জত তো বটেই, ক্ষমতায় থাকাও মুশকিল।
    এই হল এখন অবস্থা। আমার কাছে বিশেষ কোনো কোনো খবর আছে এমন না, শেষ অংশটা যৌক্তিক অনুমান। কিন্তু কপাল তো এইরকমই হয়। কপাল যখন তুঙ্গ হয়, বঙ্গ জয়ও সাঙ্গ হয়। কপাল যখন মন্দ হয়, ওরাল সেক্সেও বাচ্চা হয়। এই প্রাচীন অরণ্য প্রবাদ তো আর মিথ্যে হতে পারেনা।
  • গুরুচন্ডা৯ | ২১ নভেম্বর ২০২৬ ১৮:৩১748902
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২২ নভেম্বর ২০২৬ ১০:১৯748905
  • মহামান্য প্রধানমন্ত্রী আইআইটি খড়গপুরে এসে হিন্দিতে ভাষণ দিয়েছেন। সে ঠিকই আছে। উপনিবেশে ওরকমই হয়। স্বাধীনতার পর আশি বছরে একটা সর্বজনীন ভাষা বানানো যায়নি, এমনকি অনুবাদও করার ব্যবস্থা হয়নি। বক্তব্যের একটা জায়গায় উনি বললেন, আজ থেকে পঞ্চাশ বছর আগে সেমিকন্ডাক্টার তৈরির কোম্পানি এসেছিল ভারতবর্ষে, তাকে লাল ঝান্ডা দেখিয়ে ফেরত পাঠানো হয়। তাতে ভারতবর্ষের সাড়ে সব্বোনাশ হয়। এটাও খুবই ভালো বললেন, কারণ, এক, আইআইটি তো রাজনীতি প্রচারেরই জায়গা। দুই, শিল্প এবং স্বনির্ভরতা কাকে বলে, সেটাও এর থেকে বোঝা গেল।
    কিন্তু কথা হল, সত্যিই পঞ্চাশ বছর আগে কোনো সেমিকন্ডাক্টার কোম্পানিকে লাল ঝান্ডা দেখিয়ে ফেরত পাঠানো হয়েছিল? অর্থাৎ ১৯৭৬ সালে? না, এরকম কিছু হয়নি। একটা কোম্পানি ফেরত গিয়েছিল তার ১৩ বছর আগে, যার নাম, ফেয়ার চাইল্ড। ১৯৬৩ সালে কেন্দ্রীয় সরকারের কাছে তারা একটা কারখানা বানানোর অনুমোদন চেয়েছিল। সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়নি। কয়েকটা শর্ত দেওয়া হয়েছিল। এক, কোম্পানিতে বিদেশী অংশীদারিত্ব ৫০% এর নিচে থাকবে। দুই, সর্বোচ্চ ৬ লাখ ইউনিট উৎপাদন হবে। ফেয়ারচাইল্ডের এতে পোষায়নি। তারা হংকংএ গিয়ে কারখানা খুলেছিল। (এর পুরোটা পাবেন "দা আউটসোর্সার - ইন্ডিয়ান আইটি রেভলিউশন" এমআইটি প্রেস প্রকাশিত এই বইয়ে। লেখক দীনেশ শর্মা)।
    ফলে দেখতেই পাচ্ছেন, ঝান্ডাবাজির কোনো গল্প ছিলনা। কিন্তু শর্ত চাপানো হয়েছিল কেন? কারণ এক, ভারত সরকার সে সময় কাছা খুলে বিদেশী বিনিয়োগে আগ্রহী ছিলনা। দুই, তাদের ইলেকট্রনিক্স নিয়ে স্বনির্ভরতার নিজস্ব পরিকল্পনা ছিল। সেটাও আবার রূপায়িত হয়েছিল নির্দিষ্ট কিছু এলাকায়। এর একটা বড় কেন্দ্র ছিল বেঙ্গালুরু। ইসরো, ডিআরডিওর গবেষণাগার, ITI, BEL এসবই ছিল ওই দিকে, সবই ৫০ এবং ৬০ এর দশকে তৈরি। ECIL ছিল হায়দ্রাবাদে। মুম্বই, নয়ডা আর মোহালিতেও কিছু সেমিকন্ডাক্টার কমপ্লেক্স বা, এক্সপোর্ট জোন তৈরি করা হয়। কিন্তু মূল কেন্দ্রটা ছিল দক্ষিণে। সব মিলিয়ে এই শিল্পের জন্য সরকারি জোর ছিল দক্ষিণ, পশ্চিম আর দিল্লি সন্নিহিত এলাকায়।
    পরিকল্পনাটা কাজেও লেগেছিল। ওই সময় থেকেই ক্রমশ দক্ষ ইঞ্জিনিয়ারদের একটা কেন্দ্র তৈরি হয় বেঙ্গালুরুতে। সত্তরের দশকে BEL কে ঘিরে ইলকেট্রনিক সিটি তৈরি হয় বেঙ্গালুরু সন্নিহিত এলাকায়। টেক্সাস ইনস্ট্রুমেন্টস বিনিয়োগ করে আশির দশকে। তারপর কারখানা থেকে ফোকাস ডিজাইন এবং সফটওয়্যারে সরে আসে। মুম্বই, পুনে, এবং অতি অবশ্যই বেঙ্গালুরুতে শুরু হয় ইলেকট্রনিক বুম। ফলে, ১৯৯০ এ ভারত সফটওয়্যারে দ্রুতগতিতে উঠে আসে। এই উত্থানের পিছনে কোনো নির্দিষ্ট কোম্পানি নয়, বরং দীর্ঘমেয়াদি সরকারি নীতির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। বেঙ্গালুরুর উত্থানের পিছনেও তাই। এবং আরও পরে ইসরো যে কম খরচে উপগ্রহ ছুঁড়ে তাক লাগিয়ে দিত, তার পিছনেও এই পরিকল্পনা। সেসব ধুইয়ে নরেন্দ্র মোদি অনেকদিন জল খেয়েছেন। এখন অবশ্য ওঁর পরিকল্পনা বলতে এগুলো সব মুক্তকচ্ছ হয়ে বেচে দেওয়া।
    আরও একটা জিনিস খেয়াল করে দেখবেন, সরকারি অগ্রাধিকারের মানচিত্রে সেই ১৯৫০ থেকেই বাংলা কোথাও ছিলনা। পূর্ব ভারতই ছিলনা। এটা শুধু এই শিল্পে নয়, সব শিল্পের ক্ষেত্রেই প্রযোজ্য। ভারতকে মোটামুটি ভাগাভাগি করে দক্ষিণে কিছু, পশ্চিমে কিছু এবং দিল্লি সন্নিহিত এলাকায় কিছু উন্নয়নে বিপুল বিনিয়োগ করা হয়েছে। তার ফলও ফলেছে। বাংলা এসবের ভাগ পায়নি শুধু নয়, বিনিয়োগের অর্থও বিপুল পরিমানে বাংলা থেকে গেছে। এটাকেই সুপরিল্পিত পদ্ধতিগত বৈষম্য বলা হয়। মাঝেমাঝে শুনি ইনফোসিসকে বাংলায় ঢুকতে দেওয়া হয়নি। প্রথমত ঢুকতে না দেবার ক্ষমতা রাজ্য সরকারের ছিলনা। যেটা দেওয়া হয়নি, সেটা হল সস্তা জমি। সেটা দেওয়া হলেও, বেঙ্গালুরু হায়দ্রাবাদ দিল্লি বা মুম্বাইয়ে পরিকাঠামোয় পাঁচ দশকের বিপুল বিনিয়োগের সঙ্গে কলকাতার পাল্লা দেবার কোনো সম্ভাবনা ছিলনা। ইনফোসিস গিয়েছিল ভুবনেশ্বরে, সেটা কোনো আইটি হাব হয়ে দাঁড়ায়নি।
    ফলে, যদি সারসংক্ষেপ করেন, বিষয়টা এই, যে, এক, কোনো সেমিকন্ডাক্টর কোম্পানিকে কেউ ঝান্ডা দেখিয়ে ভারত থেকে তাড়ায়নি। দুই, মুক্তকচ্ছ হয়ে বিনিয়োগের দরজা খোলা কোনো কাজের কথা না। বেচে দেওয়াটা তো নয়ই। তিন, শিল্প তৈরির জন্য দরকার দীর্ঘমেয়াদি সরকারি পরিকল্পনা। সেটা কোনো রাজ্য সরকারের কম্ম না। কেন্দ্রীয় সরকার দীর্ঘমেয়াদি নীতি নিয়েছে, তার সুফল পেয়েছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বই।
    সমস্যা হয়েছে, যে, তথ্যের উল্টোদিকে গিয়ে নব্বইয়ের দশক থেকেই ঠিক এর উল্টো জিনিস গেলানো হয়েছে। এক, লাল ঝান্ডা শিল্প তাড়িয়েছে। দুই, বাঙালির ক্ষেত্রে, বাঙালি অপদার্থ। তিন, রাজ্য সরকারের কাজ হল মুক্তকচ্ছ হয়ে বিনিয়োগ ধরে আনা, যেকোনো শর্তে। চার, কেন্দ্রীয় বৈষম্য বলে কিছু নেই। কেন্দ্রীয় পরিকল্পনারও কোনো গুরুত্ব নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুদ্ধদেববাবুর জমানা থেকেই এটা ভদ্রলোকে খুব খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই আগ্রাসী নীতির বিরোধিতা করে ক্ষমতায় এলেও, ন্যারেটিভ বদলায়নি। দেখবেন, কত শিল্প ধরে এনেছে, তার বিবরণ দিয়ে চলেছে তারাও, সিপিএমের সঙ্গে পাল্লা দিয়ে। অথচ, বিষয়টা হল, শিল্প ধরে আনার কম্ম একেবারেই রাজ্য সরকারের না। প্রশ্নটা কেন্দ্রীয় নীতির। কেন্দ্রীয় বৈষম্য বাস্তব। অবস্থা বদলাতে গেলে রাজ্যের হাতে অধিক অর্থনৈতিক ক্ষমতা চাই এবং কেন্দ্রীয় নীতির বদল চাই।
    এই কঠোর বাস্তবগুলো কল্পকথা দিয়ে আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কথাগুলো বলায় আবার উত্থাপনের সুযোগ পেলাম। তাঁকে ধন্যবাদ। যদিও বলে কোনো লাভ নেই। বামপন্থীরা বুদ্ধবাবুর দেখানো খোয়াবে এসব ভুলে গেছেন। এই নিয়ে কোনো তথ্যসমৃদ্ধ লেখা দেখলাম না, দেখিনা, যদিও লাল-নিশান নিয়ে অর্থহীন গ্যাদগ্যাদে গদ্য লেখায় কোনো বিরাম নেই। তৃণমূলীরা বৈষম্য বলতে কী বোঝেন, আদৌ কিছু বোঝেন কিনা, সেটাই পরিষ্কার নয়। আর এখন যাঁরা ঘটনাচক্রে শাসক তাঁদের কথা বাদই দিলাম। ফলে মোদির কল্পকথাই আমাদের পথ।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ২৩ নভেম্বর ২০২৬ ১০:৩৫748910
  • এটা ছোট্টো লেখা। কাল শুধু ইলেকট্রনিক্স শিল্প আর বাংলার বঞ্চনা নিয়ে লিখেছিলাম। বাংলার অধোগতির সবচেয়ে বড় কারণ, দেশভাগ এবং কেন্দ্রীয় বৈষম্য, এই ছিল আমার বক্তব্য। তাতে অনেকে সমর্থন জানিয়েছেন। উল্টো দিকের মতও আছে, স্বাভাবিকভাবেই। কেউ বলেছেন, বিধান রায় ছিলেন বাংলার রূপকার, প্রচুর শিল্প এনেছেন, জ্যোতি-মমতা বাজে লোক। কেউ বলেছেন, জ্যোতি বসুর আমলে প্রচুর শিল্প এসেছিল বাংলায়, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও। আমার কমেন্ট বাক্সে কেউ লেখেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে মাঝারি শিল্পের প্রচুর উন্নতি ঘটিয়েছেন, এইরকম মতও আছে। উল্টোদিকের মতও আছে। বিধান রায় মাশুল সমীকরণ মেনে নিয়েছিলেন। সিপিএম আসলে লাল ঝান্ডাধারী গুন্ডা, সব শিল্প তাড়িয়েছে। তৃণমূল শুধু চুরি করেছে। ইত্যাদি।
    এর সবকটার পিছনেই কিছু সত্যতা থাকার কথা। কিন্তু সেসবে ঢুকবনা। অধোগমন নিয়ে বলতে গেলে তো অ্যানেকডোট নয়, কিছু তথ্য দরকার। শিল্প এবং সংস্কৃতির আধোগমন নিয়ে দুটো কালানুক্রমিক সারণী দেব কেবল।
    প্রথম সারণীটা সর্বভারতীয় শিল্প উৎপাদনে পশ্চিমবঙ্গের ভাগঃ
    ১৯৫০ - ২৭%
    ১৯৬০ - ২০%
    ১৯৭০ - ১৩%
    ১৯৮০ - ৯%
    ১৯৯০ - ৬%
    ২০০০ - ৪.৫%
    ২০১০ - ৪%
    ২০২০ - ৩.৫%
    দ্বিতীয় সারণীটা সর্বভারতীয় সিনেমার আয়ে (বক্স অফিস) কলকাতার ভাগঃ
    ১৯৫০ - ১৮%
    ১৯৬০ - ১৫%
    ১৯৭০ - ১০%
    ১৯৮০ - ৭%
    ১৯৯০ - ৪%
    ২০০০ - ৩%
    ২০১০ - ১.৮%
    ২০২০ - ০.৮%
    এইবার কথা হল, এই দুটোই হল সরলরৈখিক অধঃপতনের চিত্র। মানে, ১৯৫০ থেকে ২০২০ পর্যন্ত প্রায় একই গতিতে পতন হয়েছে, যে ই সরকারে থাকুক। বিধান রায় বা জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এর কোনো ব্যাখ্যা হয়না। একমাত্র ব্যাখ্যা হল সামগ্রিক কেন্দ্রীয় নীতি। অন্য কোনো বিকল্প থাকলে জানাবেন। যাকে খুশি সমর্থন করতে পারেন, কিন্তু অন্তত চোখ বুজে থাকবেন না। বিশেষ করে এখন তো ডবল ইঞ্জিন, পশ্চিমবঙ্গে এই প্রথম এমন সরকার, যারা কেন্দ্রকে খুশি করা ছাড়া আর কিছু করেনা। নিশ্চিত থাকতে পারেন, সম্পদ পাচার, অধোগমন দুটোই আরও বাড়বে।
    ----
    প্রথম সারণীর সূত্রঃ সেন্সাস অফ ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং এএসআই। (সামান্য কিছু হিসেব নিকেশ করতে হয়েছে, সেটা করা হয়েছে এআই এর সাহায্যে)
    দ্বিতীয় সারণীর সূত্রঃ ১৯৫০ থেকে ১৯৯০ কোনো সরাসরি সূত্র পাওয়া যায়না। তবে একাধিক তথ্যসূত্র আছে। ৫০ সালে কলকাতা মোটামুটি ভারতের ২০% সিনেমা তৈরি করত। Report of the Film Enquiry Committee (1951) থেকে সর্বভারতীয় সামগ্রিক আয় পাওয়া যায়। আর পাওয়া যায় বিনোদন করের হিসেব। দুটো থেকে আয়ের পরিমান মাপা হয়েছে। ৬৯ এর খোসলা কমিটি সরাসরি ৫০ - ৬০ এবং ৭০ এর বাংলা সিনেমার আয়ের একটা হিসেব দেয়, সেটা ব্যবহার করা হয়েছে। ৮০ সালের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে করনাথ কমিটির রিপোর্ট। বিভিন্ন সূত্র হলেও, হিসেব গুলো প্রামাণ্য।
    দেখবেন, সবকটা তথ্যই আমাকে খুঁটে বার করা হয়েছে। কারণ আমাদের পন্ডিতরা শিল্প এবং সিনেমা নিয়ে কোটি কোটি বাক্য লিখে ফেললেও পুরো অনুসন্ধানটা কেউই করেননি। আরও অনেক কিছু খোঁড়ার আছে। কেউ করলে খুবই আনন্দ পাব।
  • 11/23/2026 | ২৩ নভেম্বর ২০২৬ ১১:১৮748911
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন।