এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  কৃষি

  • যুদ্ধ, খাদ্য, দুর্ভিক্ষ…এক অশনি সংকেত

    সোমনাথ মুখোপাধ্যায়
    আলোচনা | কৃষি | ২১ নভেম্বর ২০২৬ | ১৯০ বার পঠিত | রেটিং ৫ (১ জন)

  • আমাদের বাঙলায় একটা প্রবচন প্রচলিত আছে – হাতে না মেরে ভাতে মার। গূঢ়ার্থ যে এক ভয়ঙ্কর পরিণতির ইঙ্গিত দিচ্ছে তা বুঝতে মোটেই অসুবিধা হয় না। পারস্পরিক শত্রুতা কোন্ পর্যায়ে পৌঁছলে প্রতিপক্ষকে ভাতে মারার কথা মাথায় ঘুরপাক খায় সে কথাও করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। আমাদের এই বসুন্ধরা ‘বীরভোগ্যা’। ফলে সকলেই জবরদস্তি কর্তৃত্ব জাহিরের চেষ্টা করে। প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্তের মতো পৃথিবীর কোথাও না কোথাও চলছে যুযুধান রাষ্ট্রগুলোর প্রবল আস্ফালন। নিজের টুকুকে নিয়ে সন্তুষ্ট নয়,তাই ছিনিয়ে নাও।

    ছোটোবেলায় দেখেছি একখণ্ড খেলার মাঠের দখলদারি নিয়ে দুই পক্ষের সেনানীদের মধ্যে তুমুল হাতাহাতির পর্ব চলেছে কয়েকদিন ধরে। যার জমিতে আমরা বল পেটাতাম শেষপর্যন্ত তাঁকেই মাঠে নামতে হতো সালিশি করার জন্য। তাঁর রফাসূত্র সকলেই শিরোধার্য করে বিবাদ বিসম্বাদ ভুলে স্থিতাবস্থা বজায় রেখে চলতো, তেমনটা হয়তো নয় ; তবে এহেন বোঝাপড়ার ফলে ভেতরের উষ্মা ও উত্তেজনা খানিকটা প্রশমিত হতো বৈকি! এমন ব্যবস্থায় মারামারি যা হবার তা ওই হাতাহাতিতেই সীমাবদ্ধ থাকতো, ভাতে মারার মতো চরম পন্থা অবলম্বনের আর প্রয়োজন হতোনা। দুঃখের ও আশঙ্কার কথা হলো এই যে, ‘ওয়ার স্ট্র্যাটেজি’ বা ‘যুদ্ধ পরিকল্পনা’ হিসেবে এখন এই চরম পথে হাঁটতে চলেছে যুদ্ধবাজ রাষ্ট্রগুলোর পরিচালকেরা। উদ্বেগ এখানেই।

    মাত্র বছর কয়েক আগের কথা বলি। ক্লাসে দাঁড়িয়ে ছেলেদের এক ঐশ্বর্য মন্ডিত প্রাকৃতিক অঞ্চলের কথা বলেছি। পৃথিবীর হাতে গোণা কয়েকটি এলাকায় প্রকৃতি এতোটা উদার।‌ উর্বর চারনোজেম মাটি, নীপার নদীর অফুরান জলধারা, উন্নত কৃষি কাঠামো, রাষ্ট্রীয় খামার ও যৌথ খামার ভিত্তিক উৎপাদন ব্যবস্থা – এই অঞ্চলটিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গোধুম উৎপাদক অঞ্চলে পরিণত করেছে। সবাই তাকে ডাকে ‘রুটির ঝুড়ি’ নামে। দেশের নানান প্রান্তে পাঠানোর পরেও এখানে থেকে যেত বিপুল পরিমাণ উদ্বৃত্ত। তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা এনে জমা হতো রাষ্ট্রীয় কোষাগারে। এক সুখি জীবনের অংশীদার সকলে।

    কিন্তু ‘চিরদিন,কাহার‌ও সমান নাহি যায়!’ সীমান্তবর্তী প্রদেশের তকমাধারী এই দেশটিতেও যুদ্ধের কালো ছায়া ঘনাইল কোণে কোণে। যুদ্ধের করাল গ্রাসে গ্রস্ত এই দেশটি এখন নিত্য নতুন মারণ যুদ্ধ পরিকল্পনার শিকার – ভাতে মারার সর্বাত্মক পরীক্ষা চলছে এই রাষ্ট্রের ওপর যা আতঙ্কগ্রস্ত করেছে তাবৎ দুনিয়াবাসীদের। মাঠ দখলের লড়াইয়ে আমরা ভরসা রেখেছিলাম বাহুবলের ওপর আর এখন ‘অন্দরমে ঘুষকে‘ মারার যুদ্ধ, নির্ভর করে ভয়ানক সব মারণাস্ত্রের ওপর। ফলে যুদ্ধের দামামা যেখানেই বেজে উঠুক না কেন, তার জন্য কড়ায়গণ্ডায় গুনাগার দিতে হয় বাকি সকলকে। একালের যুদ্ধ পরিচালনায় তাই প্রবলভাবে যুক্ত হয়েছে ভাতে মারার ভাবনা ও প্রকৌশল। একবার যদি কোনোভাবে দেশের ‘ফুড সাপ্লাই চেইন’ বা ‘খাদ্য সরবরাহের শৃংখলটাকে’ পর্যদুস্ত করে দেওয়া সম্ভব হয়, তা হলেই যে কেল্লাফতে। ব্যাটারা হাড়ে হাড়ে টের পাবে কত প্যাডিতে কত রাইস!

    কোনো দেশের পক্ষেই খাদ্যশস্যের আভ্যন্তরীণ উৎপাদনের নিরিখে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সহজ নয়। তাই তথাকথিত উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি এলাকায় পণ্য সরবরাহ করে বন্টনের এক সমতা আনার চেষ্টা করা হয় বাণিজ্য সূত্রে। বিগত তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা ইউক্রেন – রাশিয়ার যুদ্ধে এই বিধ্বংসী ভাতে মারার চক্রান্ত প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে। এর ফলে কেবলমাত্র খাদ্য সরবরাহের ব্যবস্থাটাই যে সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে তা নয়, কৃষি ব্যবস্থার পুনর্গঠনের সম্ভাবনাটুকুও সুদূর পরাহত হয়ে পড়ছে। এরফলে নিকট ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার প্রশ্নটি বিপুল বিপর্যয়ের সম্মুখীন হবে।

    একটা হিসাব বলছে যে একজন পূর্ণবয়স্ক মানুষ দিন পিছু যে পরিমাণ ক্যালরির খাদ্য গ্রহণ করে কমপক্ষে তার ১ / ৫ অংশ আসে নিজের দেশের অন্তত একটি সীমানার ওপার থেকে। আজ পঞ্জাবের গমের উৎপাদনের দিকে তাকিয়ে থাকতে হয় দেশের অপর এলাকায় বসবাসরত মানুষজনকে। এক‌ই নিয়মে উদ্বৃত্ত অঞ্চলের সরবরাহ ব্যবস্থার দিকে হাপিত্যেশ করে তাকিয়ে থাকতে হয় দূর থেকে দূরতর প্রান্তে থাকা ক্ষুধার্ত দেশের বুভুক্ষু মানুষদের। এও এক ধরনের ‘খাদ্য জালক’ যা এর আগে এমন জটিল শৃংখলে আবদ্ধ ছিলোনা।

    আভ্যন্তরীণ খাদ্য উৎপাদনের দিক থেকে যে সব দেশ স্বয়ংসম্পূর্ণ নয়, তারা ভিন্নতর দেশ থেকে খাদ্য আমদানির ওপর নির্ভর করে থাকতে বাধ্য হচ্ছে। রপ্তানিকারী দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে জড়িয়ে আছে এই রপ্তানি সূত্রে পাওয়া অর্থ। এই দেওয়া - নেওয়ার নিবিড় অর্থনৈতিক ব্যবস্থাটি ক্রমশই বিপন্ন হয়ে পড়েছে লাগাতার যুদ্ধ ও সংঘর্ষের কারণে। এই কারণেই এই যুদ্ধ “food warfare” বা খাদ্যের যুদ্ধ নামে পরিচিতি পাচ্ছে সমর বিশেষজ্ঞদের কাছে। যুদ্ধের ফলে যুযুধান রাষ্ট্রগুলোর কেবলমাত্র স্থাবর সম্পত্তির বিনষ্টি হচ্ছে না, সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তার প্রশ্নটিকেও বিপন্ন করে তুলেছে।

    এই মুহূর্তে যুযুধান ইউক্রেন ও রাশিয়া উভয়দেশ‌ই খাদ্য যুদ্ধে লিপ্ত হয়েছে। এই বিষয়টি তাদের যুদ্ধ পরিচালনার অঙ্গীভূত হ‌ওয়ায় দুই দেশ‌ই অস্ত্র শানাচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশের কৃষি পরিকাঠামোকে ধ্বংস করে ফেলার কাজে। খাদ্য বাণিজ্যে এতোদিনের অগ্রণী দেশ ইউক্রেনের বন্দর ও সড়ক যোগাযোগ ব্যবস্থাও আজ রুশী যুদ্ধনীতির শিকার হয়ে উঠেছে। মনে রাখতে হবে যে এই দুই দেশ‌ই হলো পৃথিবীর প্রধান খাদ্য রপ্তানিকারক দেশ। এই অঞ্চলের কৃষিক্ষেত্রে উৎপাদিত গম, ভুট্টা, সূর্যমুখী তেল এবং অন্যান্য দানা শস্যের ওপর নির্ভর করে থাকতে হয় আফ্রিকা, এশিয়া – বিশেষ করে পশ্চিম এশিয়ার দেশগুলো সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশকে। রুশী আগ্রাসনের আগে ইউক্রেন থেকে পৃথিবীর ১/৬ অংশ ভূট্টা, ১/১০ অংশ গম এবং প্রায় ১/২ ভাগ সূর্যমুখী তেল রপ্তানি করা হতো। আফ্রিকা মহাদেশের প্রায় এক তৃতীয়াংশ দেশের মানুষ ইউক্রেন থেকে আমদানি করা গমের মাধ্যমে তাদের মোট গমের চাহিদার ৫০% এর বেশি পূরণ করে। কৃষ্ণ সাগরের তীরবর্তী বন্দরের মাধ্যমে এই বিপুল পরিমাণ গম বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। যুদ্ধের দামামা বাজিয়ে রাশিয়ার তরফে খাদ্য শস্যবাহী জাহাজগুলোকে শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ হিসেবে এক তরফা ভাবে ঘোষণা করায় ইউক্রেনের শস্যরপ্তানির কাজ কার্যত বন্ধ। এ যেন সেই “ঝিকে মেরে বৌকে শেখানোর” বহু চর্চিত পদ্ধতি। এমনিতেই সংঘর্ষের অশান্ত বাতাবরণের দরুণ ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির পরিমাণ অর্ধেকের নিচে নেমে এসেছে, তার ওপর যুদ্ধের কারণে ইউক্রেনের একদা অত্যন্ত কার্যকর কৃষি পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবার ফলে উৎপাদন কমে গিয়েছে উদ্বেগজনকভাবে।

    সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে গেছে এবছর যে ৯ মিলিয়ন টন দানাশস্য উৎপাদন করা সম্ভব হয়েছে তাকে মজুদ করে রাখার মতো কোনো ব্যবস্থাই আজ আর একদা সমগ্র বিশ্বের অন্যতম শস্য ভান্ডার হিসেবে পরিচিত ইউক্রেনের হাতে নেই। রাষ্ট্রিয় দাম্ভিকতার কি অপার মহিমা! শস্যের গোলায় আজ গোরস্থানের কান্না। খাদ্য উৎপাদনে যে দেশগুলো স্বয়ম্ভর নয়, যারা নির্ভর করে থাকতে বাধ্য হয় ইউক্রেনের মতো শস্য উৎপাদনে উদ্বৃত্ত অঞ্চলের ওপর, তাঁরা আজ বুভুক্ষু অবস্থায় মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছে। কি ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা?

    দুর্ভিক্ষের কালো ছায়া তো শুধু আফ্রিকার কালো মানুষদের ওপর বিস্তৃত হচ্ছে তা নয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও খাদ্য নিরাপত্তার অভাব দেখা দিয়েছে।‌ তাঁদের পক্ষ থেকে ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে যে – “ সমগ্র বিশ্বের ৭.৮% মানুষ চরম ক্ষুধার শিকার, বাণিজ্য পথগুলোকে সামরিক আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করার কারণে আগামীদিনে ক্ষুধা কাতর সংবেদনশীল অঞ্চলে মহা দুর্ভিক্ষ দেখা দেবার আশঙ্কা রয়েছে।” পৃথিবীর বিভিন্ন দেশের পক্ষ থেকে তো বটেই ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলের তরফ থেকেও একযোগে রাশিয়ার এই অমানবিক সামরিক পদক্ষেপের জন্য তীব্র সমালোচনা করা হয়েছে, কিন্তু কানে দিয়েছি তুলো আর চোখে বেঁধেছি কাপড়ে এই নীতিতে চলা রাশিয়ার কোনো হেলদোল নেই। আধিপত্যবাদের এ এক নিকৃষ্টতম নমুনা। জাতীয় অস্মিতাকে মানবিকতার ওপরে ঠাঁই দিলে যে এমনটাই অবশ্যম্ভাবী।

    ইউক্রেন‌ও ছেড়ে কথা বলেনি। তাঁর সামর্থ্য কম। সেও পাল্টা আঘাতে গুড়িয়ে দিয়েছে নোভরোসিস্ক বন্দরে থাকা রাশিয়ার সুবিশাল খাদ্য মজুদ ভাণ্ডারকে। এ এক চরম উন্মাদনা, যেখানে চোখের বদলে চোখ,কানের বদলে কান খুবলে নেওয়াটাই দস্তুর, পরাক্রম প্রদর্শনের অনুদার পুরুষালি বিজিগীষা। মাইকেল ওরজ ( Michael Wrez ) কাউন্সিল অব ফরেন রিলেসন্স এর বয়োজ্যেষ্ঠ আধিকারিক, বলেছেন – “ রসদ তথা খাবারকে যুদ্ধের প্রয়োজনে ব্যবহার করে ফায়দা হাসিল করার চেষ্টা নতুন কোনো উপায় নয়। তবে তাকে বৈশ্বিক স্তরে প্রয়োগের বিষয়টি নতুন। এই যুদ্ধে যুযুধান দুই পক্ষ - ইউক্রেন ও রাশিয়া সারা দুনিয়াকে দেখিয়ে দিল, একবিংশ শতকের যুদ্ধের নগ্ন রূপটিকে। পৃথিবী দেখলো অসম সামরিক শক্তিতে বলীয়ান দুই রাষ্ট্রের আগ্রাসন কতটা সীমাহীন হতে পারে, কতটা অসম হতে পারে আক্রমণ ও প্রতি আক্রমণের মাত্রা এবং এর ফলে খাদ্য নিরাপত্তার প্রশ্নটি কতটা বিপন্ন হতে পারে তার‌ই এক জলজ্যান্ত উদাহরণ।”

    আগামী বছরেই সারা দুনিয়ার মানুষের কাছে এই ভয়ঙ্কর যুদ্ধের প্রতিফল আরও স্পষ্ট হয়ে উঠবে। এই অবাঞ্ছিত খাদ্য যুদ্ধের কারণে পৃথিবীর দারিদ্র্য পীড়িত দেশের অগণিত সংখ্যক মানুষ নিঃস্ব থেকে নিঃস্বতর হবেন। খাদ্য শস্যের ঘাটতির পাশাপাশি লাগামছাড়া মূল্যবৃদ্ধি সৃষ্টি করবে আরও অসহায় পরিস্থিতির। যুদ্ধের এপিসোড তো এখানেই শেষ নয়। পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতি খাদ্য, জ্বালানি তেল আর সারের সমস্যাকে ইতোমধ্যেই চাগিয়ে রেখেছে। সেখানেও তুষের আগুনের মতো ধিকিধিকি করে জ্বলছে অনল; দরজার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে যেন মজা দেখছে সাধারণ থেকে সুপার হয়ে ওঠা এল নিনো। ছাড় নেই কোথাও।

    ওয়ার্ল্ড ব্যাংক তাদের রিপোর্টে জানিয়েছে, এল নিনোর চোখরাঙানির কারণে এই বছর ধানের উৎপাদন ২০– ৫০% কম হবে। তার অর্থ বুঝতে পারছি সবাই। এই বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যবর্তী সময়ে বিশ্বের বাজারে গমের দাম বেড়েছে ২৪% ; চাল ১৪% ; সয়াবিন ৮% এবং ভূট্টার মূল্যবৃদ্ধি হয়েছে ৮%। পৃথিবীর অনুন্নত ও উন্নয়নশীল দেশের কৃষকরা অত্যধিক দাম বেড়েছে বলে বাধ্য হয়ে সারের ব্যবহার কমিয়ে দিয়েছে। জলপথে পণ্য সরবরাহের ঝুঁকি এড়াতে বিকল্প স্থলপথ বেছে নেবার কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে অনেকটাই, যার ফলে বেড়ে গেছে খাদ্যশস্যের মূল্য ; দীর্ঘমেয়াদি খরা পরিস্থিতির কারণে নদীগুলো তাদের নাব্যতা হারিয়ে খাদ্যবাহী জলযান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বিখ্যাত দানিয়ুব নদী যা একদা পণ্য পরিবহনের জন্য জনপ্রিয় ছিল তা আজ প্রবাহহীন। এই পথকেও বোমাবাজির হাত থেকে ছাড় দেওয়া হয়নি। যুদ্ধবাজদের রোষানলে এসব‌ও জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে।
    যুদ্ধ যে কোনো সমস্যার সমাধান আনতে পারে না সে কথা আর কবে উপলব্ধি করবো আমরা?

    পৃথিবী যখন রণবিধ্বস্ত তখনই আমার ঘরের পাশের মাথা উঁচিয়ে বেড়ে ওঠা ধানের শীষগুলো মৃদু উত্তুরে বাতাসে দুলতে দুলতে যেন বলছে - “এতো সব কাণ্ডের মধ্যেও এ বছর ফসলের ঢল নেমেছে ধরিত্রী মায়ের আঁচল জুড়ে। কি তার লাবণ্য! কি মাতাল করা সুঘ্রাণ! আহা! অথচ দেখো গুটিকয় বিটকেল যুদ্ধবাজের জন্য পৃথিবীর ২৬৬ মিলিয়ন মানুষ অন্নপূর্ণার কৃপা থেকে বঞ্চিত হয়ে থাকবে। এ কেমন বিচার বলতো?”

    মাথার ওপরে -
    উড়ে বেড়াচ্ছে
    কয়েকটা লোলুপ শকুন,
    বোমারু বিমানের মতো।।

    ছারখার হয়ে গেছে
    জল- মাটি- সবুজ বনানী,
    মরে গেছে কত স্বপ্ন -
    ভালোবাসা অস্ফুট প্রেম।

    এখন অপেক্ষায় আছি
    শীতের ক্ষুধার্ত রাতের।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২১ নভেম্বর ২০২৬ | ১৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ২১ নভেম্বর ২০২৬ ২৩:৪৫744081
  • বাহ, সুন্দর লিখেছেন।
  • Somnath mukhopadhyay | ২২ নভেম্বর ২০২৬ ০৭:৩৭744088
  • ধন্যবাদ অরিন বাবু, সুন্দর মন্তব্যের জন্য।
  • সুব্রত কুমার পাল | ২২ নভেম্বর ২০২৬ ১০:৩৭744094
  • সারা বিশ্ব জুড়েই খাদ্যের সংকট ঘনীভূত হচ্ছে। কত কোটি মানুষ তার দৈনিক নূন্যতম খাদ্য জোগাড় করতে পারছে না।..... ভাবলেই শিউরে উঠতে হয়। সারা পৃথিবী জুড়ে অসহিষ্ণুতা ধ্বংসন্মোত্ততার ভয়াবহ রূপ বড্ড আতঙ্কিত করে।
  • ritabrata gupta | ২২ নভেম্বর ২০২৬ ১১:৫৭744096
  • সত্যি অত্যন্ত চিন্তার বিষয় . এর শেষ কোথায় ?
  • Somnath mukhopadhyay | ২২ নভেম্বর ২০২৬ ১৯:২৩744108
  • @ সুব্রত পাল ও ঋতব্রত গুপ্ত
    দুজনকেই ধন্যবাদ জানাই। ভয় দেখানোর জন্য নয় বিষয়টি নিয়ে ভাবনার জন্য এই আলোচনা। ছড়িয়ে পড়ুক।
  • সৌমেন রায় | ২৩ নভেম্বর ২০২৬ ১৬:৫৭744113
  • খুবই উদ্বেগজনক। অনেক বিশেষজ্ঞ আগামী বছরে খাদ্য সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন।
  • @সৌমেন | ২৪ নভেম্বর ২০২৬ ০২:৫১744116
  • অনেক মানে কোন বা কতজন "বিশেষ অজ্ঞ" দের কথা বলছেন। এঁরা তো সবই জানেন। শুধু জানেন না কি করলে কাজ হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন।