এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক  উপন্যাস  শনিবারবেলা

  • ফকিরপাড়ার ভূত - পর্ব এক

    সোমনাথ রায়
    ধারাবাহিক | উপন্যাস | ১৪ নভেম্বর ২০২৬ | ৬৩২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ছবি: ঈপ্সিতা পাল ভৌমিক



    (১)


    যখন কলেজে পড়ি, বাবার একবার খুব বাজে অসুখ হল, কিডনির অসুখ। সে-সময় বাবা বাড়িতেই থাকতেন টানা। মাঝেমধ্যে এক-আধদিন অফিসে যেতেন, আমাকে বাবার সঙ্গে যেতে হত তখন। কলেজের পুজোর ছুটি তখনও শেষ হয়নি, চিন্ময়কাকু বাবাকে দেখতে এলেন একদিন। চিন্ময়কাকু বাবার স্কুলের বন্ধু, বি এল আর ও তে কাজ করেন। আমাদের এলাকায় কোথাও একটা নতুন রাস্তা হবে, উনি জমি মাপামাপির কাজে এদিকে এসেছিলেন। কাজের ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমাদের বাড়িতে এসেছেন সেদিন। বাবা অনেকদিন পর বেশ হৈ-চৈ করে কথা বললেন চিন্ময়কাকুর সঙ্গে। সিগারেট খেতে চাইছিলেন, কিন্তু চিন্ময়কাকু বিড়ি খান, বিড়িতে নাকি কার্বন কম পোড়ে। বেলা পড়ে আসতে বাবা বললেন- 'চিন্ময় যাবে সূর্যসেনপল্লীর দিকে, ওর অফিসের লোকেরা সেখানে আছে- তুই একটু এগিয়ে দিয়ে আয়।’ চিন্ময়কাকুর সঙ্গে বেরোলাম সাইকেল হাঁটাতে হাঁটাতে। ফেরার পথে গোরাবাজারে গিয়ে বাবার ব্লাড-রিপোর্ট তুলতে হবে। আমাদের অভয়গড় থেকে থেকে সূর্যসেনপল্লী অবধি বেশ অনেকটা রাস্তা। রাস্তায় হাঁটতে হাঁটতে চিন্ময়কাকু প্রথমে কিডনি ভালো রাখার টোটকা নিয়ে বলছিলেন, উনি নাকি একসময়ে কবিরাজি করে খুব ভালো ফল পেয়েছিলেন।

    ‘বুঝলে তো, কিডনির একটা ব্যাপার হল যে সেখানে কী যাচ্ছে, কিডনি কী রাখছে আর কী বের করছে। বের করবে তো ইউরিন, কিন্তু বেশি কিছু যদি জমিয়ে রাখে তা হল বিপদ। জমতে দেওয়া যাবে না? বুঝলে তো- তোমার তো সায়েন্স, তাই না?’

    ‘হ্যাঁ কাকু! তবে পিওর সায়েন্স না, বোটানি’

    ‘বাঃ, তাহলে তো বুঝবে। আমি হলাম গিয়ে কমার্সের। তোমার বাবাও তো তাই। আমরাই বুঝি- তা যেটা হল একটা জিনিস হয় ত্রিকটু বলে- গোলমরিচ, আর তুমি পিপুল চেনো? পিপুল, বুঝলে তো, তার সঙ্গে আদা মেশাবে। আমি বলি কি আলাদা আলাদা করে কিনে আনো। আজকাল সব মিশিয়ে বিক্রি করে- ওসবে কাজ হয় না। বুঝলে তো?’

    ‘হুঁ, কিনে আলাদা আলাদা করে বাবাকে দেব।’

    ‘আরে! কিছু বোঝোনি- শোনো, এইগুলো গুঁড়ো করবে, আর আদাটা শুকোবে। মা-কে বোলো, সঙ্গে সন্ধব লবণ দিতে। লবণে কী হয় বুঝলে তো? জলে পড়লে আয়ন তৈরি করে, ঐ আয়নটাই দরকার।’

    গত দেড়মাস অন্তত পঞ্চাশরকম টোটকা শুনেছি আমরা। শুরুর দিকে মা খুব মন দিয়ে এইসব বানিয়ে দিত। এসবে কিছু লাভ হচ্ছে না তা দেখতেই পাচ্ছি। আমি কথা ঘোরাই-

    ‘কাকু, আপনি কোথায় যাবেন বললেন? মধুমঙ্গল ভান্ডার? ওখানেই আপনার গাড়ি থাকবে?’

    ‘হ্যাঁ, ওর পেছন দিকে একটা বড়ো পুকুর আছে বলল, বুঝলে তো-;

    ‘পুকুরটা পেরিয়ে যেতে গেলে কিন্তু ঘুরতে হবে অনেকটা। ওইদিকের রাস্তাটা ভালো না, নোংরা বেশ। অন্য সাইড দিয়ে যেতে হবে তাহলে।’

    ‘না না, ওরা বলেছে ঐ দোকানের সামনেই থাকবে- মধুমঙ্গল। বুঝলে তো, এইসব রাস্তা পালটে যাবে। গোল্ডেন কোয়াড্রাঙ্গেল করছে বাজপেয়ী। বিরাট সব হাইওয়ে হবে’

    ‘হ্যাঁ কাকু, আমরা তো ছোটোবেলা থেকে শুনে এসেছি, এখানে নাকি একটা এক্সপ্রেসওয়ে হবে। একটা ফলকও তো আছে, তবে এদিকে না- ঐ পুকুর পেরিয়ে আরও এগিয়ে গেলে, রেলক্রসিং-এর পাশে পাথরের ফলক আছে এক্সপ্রেসওয়ে লেখা।’

    ‘ঠিক ঠিক। বুঝলে তো, রাস্তার পরিকল্পনা অনেকদিনের। একবারে দিল্লি যাওয়ার রাস্তায় গিয়ে মিশবে। তবে ফোর লেন রাস্তার জন্যে কত জমি লাগে! এসব দিকে জমি পাওয়ার খুব সমস্যা বুঝলে তো।’

    সূর্যসেনপল্লীর দিকে অনেকদিন পরে যাচ্ছি। এদিকে আসলেই সঞ্চারীর কথা মনে পড়ে। রেশন দোকান, তারপরে মাদার ডেয়ারির ডিপোটা ছাড়িয়ে একটা কালভার্ট, তার পরেই ওদের গলিটা। আরও কিছুটা এগিয়ে মধুমঙ্গল ভান্ডার, ওখানে চিন্ময়কাকুকে ছেড়ে দিতে হবে, ওঁর অফিসের বাকিরা অপেক্ষা করবে সেইখানে। চিন্ময়কাকু একটা বিড়ি ধরালেন, তারপর জমির মাপজোক, খতিয়ান-দাগ এইসব বোঝাতে বোঝাতে চলেছেন।

    ‘বুঝলে তো, এইসব জায়গায় জমির পুরোনো মালিকদের পাওয়া খুব কঠিন। আমরা যখন ল্যান্ড রেকর্ড খুলি, মালিকের নাম সম্পূর্ণ আলাদা দেখি। এখন লোকজন সব পালটে গেছে, জমির কত হাতবদল হয়েছে। কেউ মিউটেশন করে রাখেনি বুঝলে তো। জমি বের করাই মুশকিল হবে।’

    হাঁটতে হাঁটতে চলেছি আর উনি বলে যাচ্ছেন এখানকার জমির ইতিহাস। আমার খুব একটা আগ্রহ জাগছিল এরকম নয়। আমি ভাবছিলাম সঞ্চারীর বাড়ি আর একটু এগোলেই পথে পড়বে।

    ‘বুঝলে তো এইসব জায়গার নামও পুরো অন্য আছে আমাদের রেকর্ডে। এই যে তোমাদের বাড়ি গেলাম, অভয়গড়- এর নাম ছিল বিবিরহাট। আর, এখন এই যে সূর্যসেনপল্লী- বুঝলে তো এর নাম ছিল ফকিরপাড়া। ছিল মানে কবে ছিল বলো তো?

    ‘অনেক আগে? ব্রিটিশদের সময়ে না আরও আগে?’

    ‘আরে না না! এই চল্লিশ পঞ্চাশ বছর আগেও ছিল। জমির রেকর্ড বুঝলে তো একবারই হয়েছে স্বাধীনতার পর। জমিদারি সব বিলোপ হল। এখন সব জমির জমিদার, বুঝলে তো, পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু, খাজনা যে নামে পড়ে, আমাদের খাতায় সেই নামই আছে। বুঝলে তো, এইখানে রাস্তার জন্য একহাত জমি যদি কারোর থেকে নিতে হয়, তার নাম দেখব খাতায় এক আর মাঠে নেমে দেখব সম্পূর্ণ অন্য লোকে বাড়ি সেখানে!’

    ‘খুব মুশকিল তো তাহলে’

    ‘ঠিক ঠিক, এইসব জমি নেওয়ার কাজ খুব মুশকিলের। কত ঝামেলি বাবা! এইসব জমির আদি মালিক, বুঝলে তো, সব ছিল মুসলমান। এইটা তো ফকিরপাড়া কিম্বা আরেকটা জায়গা আছে না বিবেকনগর?’

    ‘হ্যাঁ হ্যাঁ, ওখানে আমাদের ইস্কুল ছিল’

    ‘বিবেকনগর ছিল খুশবুঝিল। এইসব ছিল মুসলমানদের জমি। চাষ হত আর বাগান ছিল বেশি। রেকর্ডে যা বাস্তুজমি দেখায়, বুঝলে তো, সব এই ফকিরপাড়াতেই ছিল।’-উনি বলে চলেছেন, আর আমি সঞ্চারীদের গলিটার সামনে এসে উঁকি মেরে দেখছি যদি কোনও ভাবে দৈবাৎ সঞ্চারীর সঙ্গে দেখা হয়ে যায় এই রাস্তায়। কয়েকটা ল্যাম্পপোস্ট আর কিছু টেলিফোনের পোল বসেছে এখানে। ক-বছর আগেও এইসব ছিল না- সন্ধে হতেই থমথমে অন্ধকার হয়ে থাকত এই রাস্তাটা। সঞ্চারীদের গলিটা ছেড়ে এগিয়ে দেখি একটা নতুন চায়ের দোকান হয়েছে, এটাও আগে ছিল না। এখানে একটু দাঁড়ালে ভালো হয়!

    জিজ্ঞেস করলাম – ‘কাকু, চা খাবেন নাকি?’

    উনি পাত্তা দিলেন না। উনি আমাকে ইতিহাস বুঝিয়ে যাচ্ছেন-
    ‘বুঝলে তো, সরকারি খাতায় এই সব জমি এখনও মুসলমান মালিকদের নামে। খাজনা জমা পড়ে সেই নামেই। তোমরা যারা পুববাংলা থেকে এসেছ, বুঝলে তো, সব তাদের থেকে জমি কিনে কিনে বাড়ি করেছ। তোমরা না পুরো ডেমোগ্রাফিই পালটে দিয়েছ এখানকার- কি বুঝলে তো?’

    এরকম অদ্ভুত কথা আমি আগে কখনও শুনিনি। উনি অবশ্য এটা ঠিক বলেছিলেন যে আমাদের এখানে সববাড়িই প্রায় বাঙাল। আমাদেরই কত আত্মীয় পরিচিত আছে কাছাকাছির মধ্যে, সবাই-ই ঢাকা-বরিশাল-ফরিদপুর-চট্টগ্রাম এইসব জায়গার। তবে মুসলমানও কেউ কেউ আছে তো! তারাও কি পুববাংলার, না না- সেটা কী করে হবে? পার্টিশনের পর তো হিন্দুরাই এপারে এসেছে। আচ্ছা সঞ্চারীরা বাঙাল না ঘটি? কী জানি! রাস্তায় এখন দুম করে সঞ্চারীর সঙ্গে এখন দেখা হলে বেশ একটা ব্যাপার হত এরকম ম্যাড়ম্যাড়ে গোধূলিতে।

    (২)


    আলো কমে আসছে। অক্টোবরের শেষে বেলা ছোটো হয়ে আসে, পাঁচটা বাজেনি বোধহয় এখনও। মধুমঙ্গল ভান্ডার এখনও খোলেনি। দোকানের পেছনে একটা বড়ো পুকুর, তার ওপাশে আবছা আবছা অনেকগুলো চালাঘর দেখা যায়। পুকুরের পাশ দিয়ে একটা রাস্তা গেছে সেইদিকে, রাস্তাটা বেশ নোংরা হয়ে থাকে। আমাদের এই দিকটা পঞ্চায়েতে ছিল আগে কিছুদিন আগেও, সদ্য এই এলাকাটা মিউনিসিপালিটির মধ্যে ঢুকেছে। তারপর রাস্তা-টাস্তাগুলো একটু ভালোও হয়েছে। এই মধুমঙ্গল অবধিই মনে হয় সীমানা মিউনিসিপালিটির। ওদিকে মাটি-মাটি পথঘাট, এসবেস্টাস বা টালির চালের বাড়ি এইসব। চিন্ময়কাকু আবার বিড়ি ধরালেন। বললেন-

    ‘তোমার বাবাকে বলবে সুস্থ হয়ে মিউটেশনটা করে নিতে। আমি যদ্দিন এইখানে আছি তার মধ্যে করুক, বুঝলে তো। লিংকড ডিডগুলো বের করে দেব, তখন পুরোনো মালিকদের নাম পাবে। তখন কথা মিলিয়ে নিও। বুঝলে তো’

    একটা মারুতি ওমনি সামনে এসে দাঁড়ালো। চিন্ময়কাকুর অফিসের লোকজন আছে সেটাতে। উনি উঠে পড়লেন। দোকানটা তখনও খোলেনি। বাবার রিপোর্ট পাব সাতটার পরে। বাড়ি ফিরে গেলে হয়, তবে তাহলে আবার বেরোতে হবে। বরং এদিক-ওদিক ঘুরে সময়টা কাটাতে পারি- সূর্যসেনপল্লীর পথে পথে। এদিকে থাকলেই ভালো, সঞ্চারীর সঙ্গে দেখা হওয়ার একটা ছুটকো সম্ভাবনা থেকেও যায়। এখানে বড়োরাস্তার দু-দিক থেকে গলি বেরিয়ে যায় মাছের কাঁটার মতন। সেই সব চলে যায় লোকের বাড়ির পাশ দিয়ে। গলির মধ্যে থেকে আরেকটা গলি বেরোয়। এক আশ্চর্য জালিকা কখন কোন পুকুরের পাশে নিয়ে গিয়ে ফেলে, কখন অন্য কোন বড়ো রাস্তায় উঠিয়ে দেয় তা বাইরের লোকের পক্ষে আন্দাজ করা মুশকিল। সাইকেল নিয়ে গলিগুলোর মধ্যে ঘুরতে ঘুরতে কোনও বাঁকে হঠাৎ কোনও চেনামুখ দেখতে পাওয়া যায় মাঝেমাঝেই। খেজুরে আলাপ করতে হয় তাদের সঙ্গে। এখন তো এলাকার অনেকেই বাবার শরীর খারাপের ব্যাপারটা জানে। একটা লোক দোকান বাজারে আসছে না, দু-মাস অফিস যেতে পারছে না, এটা অনেকেই খেয়াল করেছে। রাস্তায় তাদের কারুর সঙ্গে দেখা হলে বাবার শরীর নিয়ে প্রশ্ন করে। কেউ কেউ আবার জিগেস করে আমি এখন কী পড়ছি, কোন কলেজে যাচ্ছি। কখনো কেউ বা আরেক-কাঠি ওপরে উঠে যান, তাঁদের ভাইপো ভাগ্নে অফিস-কলিগের ছেলে- এরা সব কত ভালো করছে, পাশ করেই চাকরিতে ঢুকেছে, পাসপোর্ট করতে বলেছে অফিস থেকে, এইসব গল্পে ঢোকেন। এরকমই কখনও লোকমুখে জেনেছিলাম সঞ্চারীর রেজাল্ট খুবই ভালো হয়েছে। বাংলা ইংরিজি বাদে সবগুলোয় লেটার পেয়েছে উচ্চমাধ্যমিকে। ওর মাধ্যমিকের রেজাল্টও খুব ভালো ছিল। একদম প্রথমদিকেই ছিল ও। সঞ্চারী এখন কী পড়ছে? কোন কলেজে ঢুকলো খবর পাইনি। দেখা হলে ওটাই জিগেস করব ভাবি। আজ কি দেখা হবে?

    এ-গলি ও-গলি ঘুরে ওদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেটায় পড়লাম। একটা ফ্ল্যাট উঠছে এখানে। জঙ্গল হয়ে জমিটা পড়েই ছিল অনেকদিন, এখন ফ্ল্যাট উঠছে। নির্মীয়মাণ ফ্ল্যাটবাড়ির তলায় ফাঁকা ঘর, সেখানে দেখি রনি আর সুবর্ণ, সঙ্গে সব্যও আছে। রনি আমার দুটো বাড়ি পরেই থাকে, ও আমার খুব ভালো বন্ধু। আমি, রনি আর সুবর্ণ টুয়েলভ অবধি একসঙ্গেই পড়েছি। সব্য অবশ্য বড়ো আমাদের থেকে। বেশ কিছুটা বড়ো। কলেজ পাশ করে গেছে। বেঁটে বলে আমরা নাম ধরে ডাকি। ও-ই বলেছিল- ‘তোরা আমার দেড়গুণ সাইজের হয়ে আমাকে দাদা-ফাদা বললে অস্বস্তি লাগে!’

    সুবর্ণ বলল- ‘তোকে তো দেখিই না আজকাল। কেসটা কী?’

    ‘আরে! বাবার খুবই শরীর খারাপ। অনেকরকম ব্যাপার। রনি জানে তো-’

    রনি সম্মতিসূচক মাথা নাড়ল- ‘সব্য এই একটা ভালো ঠেক বের করেছে। ওর পিসেমশাই ফ্ল্যাটটার প্রোমোটার। নীচের তলাটা প্লাস্টার অবধি হয়ে গেছে, এখানে জিম করব আমরা।’

    সব্য বলল- ‘একটা বেঞ্চ বানাতে হবে। কয়েকটা ওয়েট কিনব, একটা বার। বরুণ ট্রেন করবে বলেছে। বরুণ মানে আমাদের অভয়গড়ের বরুণ, সঞ্জয়দার ভাগ্নে হয়, চিনিস তো? বডি আছে বটে ওর! অ্যাই, তোকেও কিন্তু মেম্বার করব, আড়াইশো টাকা করে চাঁদা শুরুতে।’

    আমি বললাম- ‘দেখছি বাড়িতে বলে। আমাদের সিচুয়েশন একটু টাইট জানিস তো।‘

    এখানে একটা জিম থাকলে কিন্তু খুবই ভালো হয়। রোজ আসা যাবে। সঞ্চারীর বাড়ি পেরিয়েই তো আসতে হয় এখানে। বাইসেপ ট্রাইসেপ হবে, তারপর, সলমন খানের মতন জামা পরে সাইকেলে আসব, সে একটা ব্যাপার হয় বটে। তবে এসব ব্যাপার আসলে দুম করে ভাবনাতে আসে, ভাবনাতেই থেকে যায়, শেষ পর্যন্ত হয়ে আর ওঠে না।

    রনি বলল- ‘আরে ম্যানেজ হয়ে যাবে! চাপ নিস না! জিমটার নাম দেব হৃত্বিক জিম! বসের একটা ছবি থাকবে!’

    আমি ভেবলে গেলাম- ‘ঋত্বিক ঘটকের ছবি টাঙাবি জিমে? কেন?’

    সব্য ঋত্বিক ঘটককে চেনে না মনে হয়, বলল- ‘সে আবার কে? তুই কহোনা পেয়ার হ্যায় দেখিস নি? এন আর আই অমিশা আর বস হৃত্বিক!’

    ‘তোরা এই সরু সরু হাত আর নোয়াপাতি ভুঁড়ি নিয়ে করবি হৃত্বিক জিম! লোকে বলবে কিতকিত খেল-’ ফুট কাটলো সুবর্ণ।

    ‘চল বাইরে চল, ভেতরটা একদম অন্ধকার হয়ে গেছে।’

    ঘরটাতে এমনিতেও খুব মশা এখন, পেছনদিকে একটা ডোবামতন আছে। আমরা বেরোলাম। রনির সাইকেলের সামনে বসল সব্য। আমাকে এরপর গোরাবাজার যেতে হবে। সঞ্চারীর বাড়ি পেছনে ফেলে রেখে এগোচ্ছি সেই কালভার্ট ছেড়ে। মাদারডেয়ারির দোকানটা খুলেছে, কিন্তু স্ট্রিট লাইটগুলো এখনও জ্বলেনি। সঞ্চারী কি এইসময়ে বাড়িতেই ছিল? না কি পুজোর ছুটিতে ঘুরতে গেছে কোথাও? জিমটা শুরু করা গেলে আবার আরেকদিন এদিকে আসা হবে নিশ্চয়ই। একটু বেশিক্ষণ না হয় বসলাম। টুক করে একবার সঞ্চারীর বাড়ি কি যাওয়া যাবে? সন্ধে করে ফেলা যাবে না, একটু বিকেল বিকেলই আসতে হবে। সুবর্ণ হাত দেখালো, ডানদিকের একটা গলিতে টার্ন নেবে সাইকেল।

    আমি বললাম- ‘এদিকে আবার কোথায় যাচ্ছিস? আমাকে সাতটার মধ্যে গোরাবাজার যেতে হবে।‘

    সুবর্ণ বলল- ‘সাতটার এখনও অনেক বাকি। চল।’

    এই গলির শেষে রাস্তা সরু হয়ে গেছে, দু-একটা বাড়ি, তাদের বাগান আর কিছু ফাঁকা জমি পড়ে আছে। কয়েক বছর আগে একটা পুকুর ছিল, সেটা বুজিয়ে জমিটা পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এখন। উল্টোদিকে একটা ফাঁকা জমি, তাতে একটা খোঁদলের মতন আছে। পাঁচিলের গায়ে হেলান দিয়ে সাইকেলগুলো রাখলাম আমরা। রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে- সামনে লম্বা লম্বা বুনো ঘাসে ঢাকা বিস্তীর্ণ জলাজমি। তার আরেক ধার দিয়ে রেললাইন চলে গেছে। এই প্রশস্ত পরিসর জুড়ে আকাশের ক্যানভাসে কালচে গোলাপি আভা ছড়িয়ে পড়ছে। আকাশ আর পৃথিবীর সংযোগস্থল, যাকে এককথায় প্রকাশ করলে বলে ক্রন্দসী- সেইখানে সিলুটের মতন দেখা যাচ্ছে নারকেল গাছের কিছু রেখা। শিরশিরে ঠান্ডা লাগছে, আর মনে হচ্ছে সবকিছু থেকে অনেকটা দূরে চলে এসেছি। সুবর্ণ বলল- 'এবার দেখ, এই জায়গাটা এখন কেমন অন্য পৃথিবীর হয়ে যায়!'

    সুবর্ণ এবার ডাক্তারিতে চান্স পেয়েছে। সেকেন্ড টাইমে জয়েন্ট পেল। আমাদের ব্যাচে জয়েন্টে একবারে চান্স শুধু একজনই পেয়েছিল- বিবেকনগরের অবিনাশ। অবিনাশ এখন যাদবপুরে পড়ছে, ইঞ্জিনিয়ারিং। আমার রেজাল্টটা ভালো হল না। এইবারও ভেবেছিলাম জয়েন্ট দেব। সুবর্ণর সঙ্গেই এক কোচিং-এ যেতে শুরু করলাম। তারপর বুঝলাম, হবে না আমার দ্বারা। সঞ্চারী কি জয়েন্টে পেয়েছে? খোঁজ নিতে হবে।


    ক্রমশঃ


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ধারাবাহিক | ১৪ নভেম্বর ২০২৬ | ৬৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন।