এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক  উপন্যাস

  • বিশ-একুশ

    ভবঘুরে
    ধারাবাহিক | উপন্যাস | ১০ নভেম্বর ২০২৬ | ২১৮ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • ছবিঃ ঈপ্সিতা পাল ভৌমিক


    ১৪


    বংশের কথা মনে পড়লেই নবিসন একটু চুপ হয়ে যায়। ছবির মতো ভেসে আসে গল্প। কিছু শোনা। কিছু পড়া। অনেক দূর থেকে ভেসে আসছে যেন সেই কিস্যা।

    ইবন বত্তুতার সঙ্গে জড়িয়ে তাঁদের পূর্বপুরুষের নাম। ভারতে আসেন ইবন বত্তুতা। মরক্কোর সেই পাগল পরিব্রাজক, যে সারা দুনিয়া চষে বেড়িয়েছিল। তাঁর সঙ্গে ছিল এক বিরাট কাফেলা — ঘোড়া, উট, ফকির, সৈন্য, বাঁদি, দাস। ইবন বত্তুতা পরিব্রাজক মানুষ। চাকরিতে, এক জায়গায় বাঁধা পড়ায় বিশ্বাস করতেন না। কিন্তু হিন্দুস্তানে এসে চাকরি নিতেই হল। ১৩৩৩ খ্রিস্টাব্দের ৮ সেপ্টেম্বর পৌঁছান সিন্ধুতীরে। সিন্ধু পার হয়ে প্রথমে জনানী। তারপর শিহওয়ান, বুক্কুর, উচ হয়ে মুলতান। কিন্তু হিন্দুস্তানে ঢোকার অনেক ফ্যাঁকরা। স্থায়ীভাবে বাস করবেন, দিতে হবে লিখে। নাহলে মিলবে না প্রবেশের অনুমতি।
    না লিখলে ঢোকার সম্মতি দেন না সম্রাট। লিখে দিতে হল খত। সম্রাট মুহম্মদ বিন তুঘলকের নেক নজরে পড়লেন। পাণ্ডিত্যে মুগ্ধ। দিলেন দিল্লির কাজির দায়িত্ব। সঙ্গে দান ধ্যান করার দাতব্যের কাজ। মহম্মদ বিন তুঘলকের সঙ্গে যেতে হল অভিযানে। ১৩৪০-এ হাঁফিয়ে ঊঠলেন ইবন বত্তুতা। সরকারি কাজ নয়, মনের আরাম চান। হলেন ফকির। যোগ দিলেন কামালউদ্দিন আব্দুল্লাহ আল ঘারীর দলে। নিলেন শিষ্যত্ব। সম্রাট চান না। চান ইবন বত্তুতার মতো যোগ্য প্রশাসক থাক তাঁর সঙ্গে। দিলেন শিহওয়ানের শাসকের দায়িত্ব। রাজি নন ইবন বত্তুতা। তিনি যেতে চান মক্কা। ১৩৪১ এ মিলল অনুমতি। এই সময় আবার ডাকলেন সম্রাট। প্রস্তাব দিলেন চীন যাও আমার দূত হয়ে। হাঁফ ছেড়ে বাঁচলেন। এগোলেন ১৩৪২-এর জুলাই। পথে হল আক্রমণ। এক হিন্দু রাজার কাছে পরাজিত হল তঁর বাহিনী। হাজারখানেক অশ্বারোহীর বিরুদ্ধে যুদ্ধে হারালেন ২৩ জন ঘোড়সওয়ার আর ৫৫ জন পদাতিক। পালালেন। গ্রেপ্তার হলেন ৪০ জনের এক বাহিনীর হাতে। তিনজন ব্যক্তিকে দেওয়া হল তাঁকে হত্যার দায়িত্ব তারপর তাদের একজন ও আরেকজন হিন্দু যুবক তাঁকে দেখাল মুক্তির আলো।
    ইবন বত্তুতা শ্রান্ত ক্লান্ত মুমূর্ষু। অনুসরণকারী যুবক খবর দিল আল কালব আল ফারিহকে। সাতদিন ধরে কাঁধে বয়ে ফারিহ পৌঁছে দিল তাজপুরের শাসকের কাছে। লুকিয়ে থেকে অনুসরণ করে চলল সেই যুবক। যাতে কেউ ক্ষতি করতে না পারে। ইবন বত্তুতার জ্ঞান আর সাহস যুবককে মুগ্ধ করেছিল। আবার শুরু হল চীনে যাত্রার উদ্যোগ। একটা বড় জাহাজ আর একটা ছোট জাহাজ। ছোট জাহাজ বা ককুমে করে একটু কাজ সেরে নিজে যাবেন এটাই ইচ্ছে। ইবন বত্তুতা খেয়াল করলেন, তাঁর প্রাণরক্ষাকারী সেই যুবক হাজির কালিকতা বন্দরে। তারও দুনিয়াদারির ইচ্ছে।
    ওঠো। বললেন, বললেন ইশারায়। নিজে ফিরে গেলেন একটা জরুরি কাজে। শুরু হল প্রবল ঝড়। কালিকট বন্দরে সে শুনলেন বড় জাহাজ ভেঙ্গে তছনছ। ছোট জাহাজটির হদিস নেই। একটা নৌকা করে ছুটলেন কুইলন। ককঅমে রক্ষা পেয়েছে। সেখানে শুনলেন ভেসে গেছে দাস, বাঁদি আর সবাই। ভেসে গেছে সেই যুবকও। নামটাই জানা হল আক্ষেপ রয়ে গেল।
    ১৩৪৪ এর জানুয়ারিতে আবার এলেন কালিকটে। সেখানে দেখা দুই বান্দার সঙ্গে। প্রাণে বেঁচেছে। তাদের কাছে শুনলেন জীবিতরা ছড়িয়ে পড়েছে। চীন, সুমাত্রা ও বাংলায়।
    বাংলার নরম কাদা, ধানের গন্ধ আর মানুষের আতিথেয়তা তাদের আটকে দিল ইবন বত্তুতার দলের লকদের।

    তাদেরই একজন সেই নাম না জানা যুবক, যে তার পরিচয় সবার কাছে গোপন রেখেছিল— এসে উঠল বর্ধমানের মেমারিতে। তার নাম কেউ মনে রাখেনি, শুধু তার পরবর্তীকালের সঙ্গী টাট্টু ঘোড়াটার কথা মনে রেখেছে লোকে।

    তখন মেমারি কোনো রাজধানী নয়, ছোট এক গঞ্জ, এক সামান্য শাসকের অধীনে। সেই শাসকের সৈন্যদলে নাম লেখালো যুবকটি। গায়ে রক্তের তেজ, চোখে আকাশের নীল। একদিন শিকার করতে গিয়ে শাসককে এক বন্য শুয়োরের সামনে থেকে বুক দিয়ে আগলে বাঁচালো সে।

    শাসক বললেন —'তুই আর সৈন্য নোস, তুই আমার বেটা'।

    সেদিনই তাকে সেনাপতি করলেন। আর নিজের একমাত্র মেয়ে, মেমারির সবচেয়ে সুন্দরী মেয়েটিকে তার হাতে তুলে দিলেন।

    এই মাটিতেই প্রথম শেকড় গাড়ল সেই রক্ত।

    ******

    ১৫


    তারপর কত জল বয়ে গেল দামোদর দিয়ে। পাঠান গেল মুঘল গেল, ইংরেজ এল।

    সেই রক্তেই জন্মালো শামসুদ্দিন। ১৮৫৭ সাল। আকাশে তখন বারুদের গন্ধ। মঙ্গল পাণ্ডের গুলি, ঝাঁসির রানি — বাংলার গ্রামেও তার আঁচ এসে লেগেছে। শামসুদ্দিন পারল না ঘরে বসে থাকতে। জমিদারি ফেলে সে বন্দুক তুলল, নিজের পাইকদের নিয়ে সিপাহিদের সঙ্গে যোগ দিলে।

    বিদ্রোহ থামল। ইংরেজ ফিরল দ্বিগুণ রাগ নিয়ে। লাল পাগড়ি পুলিশ এল মেমারিতে। শামসুদ্দিনের জমিতে লাঙল চালিয়ে নুন ছিটিয়ে দিল — যাতে কোনোদিন ফসল না হয়। বংশের নামে দাগ পড়ল — বিদ্রোহী বংশ।

    শামসুদ্দিনের ছেলে শামসুজ্জামান দেখল সব। সে বাবার মতো গরম রক্তের নয়, সে ঠান্ডা মাথার মানুষ। সে বুঝল — এই নতুন রাজত্বে তলোয়ার নয়, কলমই হাতিয়ার।

    সে গোপনে মিশনারি স্কুলে গিয়ে ইংরেজি শিখল। 'ইয়েস মাই লর্ড' বলতে শিখল। প্রতিবার বলার সময় তাঁর বাপ যেন, গলাটা চেপে ধরতো। বেইমান, গদ্দারব বলতো ফিসফিস করে। শামসুজ্জামান সহ্য করতো। জমিদারি গেছে। বাড়িতে বিধবা মা, দুটো বোন। পার করতে হবে। তাঁদের বংশের মেয়ের গরিব কামলার ঘরে কষ্ট করে বাঁচবে সইতে পারবে না সে। তাই দাঁতে দাঁত চেপে কাজ করলে। হুগলিতে দানবীর মহসিন সাহেবের বৃত্তি পেয়ে কলেজে পড়লে। ইংরেজ সরকারের চাকরি নিলে। আরবি ফার্সির সঙ্গে ইংরেজি জানায় সাহেবের পেয়ারের লোক হয়ে উঠল। দু পয়সা কামাল। সাহেব খুশি হলো — 'বাহ, এই মুসলমানটা তো সভ্য!'

    রাতে বাড়ি ফিরে শামসুজ্জামান খাতা খুলত। সাহেবের কমিশনের ভাগ পেতো। জমি কিনত। একটার পর একটা। ব্যবসা করল — পাটের, চালের। তারপর চামড়ার। চামড়ার ব্যবসায় তার লাভ হল খুব। চাকরি ছাড়তে চাইল। সাহেব ছাড়লেন না। বললেন, আমি ইংল্যান্ড ফিরে গেলে ছেড়ো।

    যাওয়ার আগে সাহেব বলে কয়ে শামসুজ্জামানদের কেড়ে নেওয়া জমিদারি ফিরিয়ে দিয়ে গেলেন।

    এই শামসুজ্জামান দুটি বিয়ে করেছিলেন। প্রথম বিবি বড় ভালো মানুষ ছিলেন, ১৫ বছর বয়সে জ্বরে মারা গেলেন। ছেলে ছোট। বিরাট বাড়ি। দেখাশোনার লোক নেই। একটি গরিব ঘরের সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। বাচ্চা হল তাঁর। এতে শ্বশুরবাড়ির লোক মানে দুই শালা গেল খেপে। তারপর রাগ করে বলল — থাকো তোমার দাসীকে নিয়ে। চললাম আমাদের ভাগনাকে নিয়ে। দুই মামাই নিঃসন্তান। এক মেয়ে জন্মেছিল, মারা গেছে। ইংরেজদের ঘোর অপছন্দ। কিন্তু ইংরেজি মত কিছু কিছু মানেন। একটা করেই বিয়ে। বিবিরা বাচ্চা দেয়নি বলে বিয়ে করার মানুষ তাঁরা নন। কোলে করে নিয়ে এল এক কিশোরকে। রোগা, লম্বা, চোখে ভীষণ জেদ। নাম ইলিয়াস। প্রথমে গোরুর গাড়ি করে জামালপুরের ঘাটে এসে নৌকা ধরে এসে সুবলদহে ফিরে এলেন। ভাগনাকে দিয়ে প্রতিজ্ঞা করালেন, ওই বাপের মুখ দেখবি না।
    আসার আগে শামসুজ্জামান খুব কর বোঝালেন শ্যালকদের, আমার সব সম্পত্তির অর্ধেক ভাগ তো পাবে। কেন বঞ্চিত করছো?
    শালারা বললেন, ব্রিটিশের গোলাম হয়ে গোলামি মন হয়ে গেছে তোমার। কী বাপের কী ছেলে?

    বাপে ছেলে সেই ছাড়াছাড়ি। চোখের জল ফেলে বিদায় নিলে ছেলে।

    বাড়ি ফিরেই দুই ভাই লিখে দিলেন চোদ্দ তালুক বা মৌজার জমিদারি। আর ভাগনাকে ভোলাতে কিনে দিলেন বন্দুক আর আরবি টাট্টু ঘোড়া।
    সেই ইলিয়াসই — হয়ে উঠল দাদো শামসুদ্দিনের মতো ঘোড়া পাগল, — যার ঘোড়ার খুরের শব্দে মেমারির মেয়েরা ঘোমটা টানত, সেই শামসুদ্দিনের নাতি ইলিয়াস শাহ। নবিসনের বাবা।

    ইলিয়াস শাহকে যারা দেখেছে, তারা ভোলেনি।

    টকটকে ফর্সা গায়ের রং, রোদে পুড়ে তামাটে। মাথায় বাবরি চুল, কাঁধে সবসময় একটা দোনলা বন্দুক। ঘোড়া ছাড়া এক পা হাঁটতেন না। লোকে বলে, ঘোড়ার পিঠেই নাকি ঘুমোতেন তিনি। শিকার ছিল তার ইবাদত।

    এই শিকারই তার তাকে ভাসাল প্রেমের জোয়ারে।

    ভাদ্র মাস। দামোদর ফুঁসছে। বাঁধ ভেঙেছে। চারদিক শুধু জল আর জল। এক ব্রাহ্মণ পরিবার নৌকা করে যাচ্ছিল। মাঝ নদীতে নৌকা উল্টালো।

    পাড়ে দাঁড়িয়ে সবাই হায় হায় করছে, কেউ জলে নামার সাহস পাচ্ছে না। সেই সময় ঘোড়া ছুটিয়ে এলেন ইলিয়াস শাহ। কিছু না ভেবেই, বন্দুক ফেলে, জামা পরেই ঝাঁপ দিলেন সেই ঘোলা জলে। স্রোতের সাথে লড়াই করে টেনে তুললেন এক ষোড়শীকে।

    ব্রাহ্মণ কন্যা। গায়ে শাঁখা-পলা নেই, ভিজে শাড়ি লেপ্টে আছে গায়ে, কিন্তু চোখে কী তেজ! মুসলমানে ছুঁয়েছে, সেই মেয়েকে নিলে না কাকা জেঠারা। বাপ মা ভেসে গেছে। তাঁরা থাকলে কী হতো বলা যায় না।

    ইলিয়াস শাহ সেই মেয়েকে বাড়ি নিয়ে এলেন। জাতের বাধা, সমাজের বাধা — কিছুই মানলেন না। কাজি ডেকে বিয়ে দিলেন মামারা মহা ধুমধাম করে। নতুন বউমা হয়ে উঠল সবার চোখের মণি। বাড়িতে শুক্তো রান্না ঢুকলো।

    সেই মেয়েই নবিসনের মা। তাই নবিসনের চোখে দুই রকম আগুন — বাবার রক্ত আর মায়ের ব্রাহ্মণ তেজ।
    এখনকার সঙ্গে তখনকার তুলনা চলে না।

    বান হল। সে বান শুধু জল আনলা না, জঙ্গলের প্রাণীদেরও নিয়ে আসে।
    সুন্দরবনের একটা বাঘ কীভাবে এসে উঠল অরূপপুরে। বিশাল রয়েল বেঙ্গল। দিশেহারা, ক্ষুধার্ত।
    অরূপপুরে তখন রাত হলেই কান্না। আজ একটা গরু গেল, কাল একটা ছাগল। পরশু দিন মাঠ থেকে ফেরার পথে একটা মানুষ।
    ডাক পড়ল ইলিয়াস শাহের।

    আর অরূপপুরে ছিল মুনিম সাহেবের ছেলে — হাসিম। বয়সে তরুণ, কিন্তু বন্দুকের হাত অব্যর্থ। বাঘের চোখে চোখ রাখতে জানে।
    ইলিয়াস শাহের সঙ্গী হল হাসিম।

    'বাঘ মারতে হলে বাঘের মতো ভাবতে হবে', বলল হাসিম।
    কথাটা মনে ধরল ইলিয়াসের।
    ফন্দি আঁটা হলো। গ্রামের মাঠের ধারে বড় বটগাছের নিচে একটা ছাগল বাঁধা হলো। তার গলায় ঘন্টা। আর ওই গাছের উপরেই, পাতার আড়ালে বাঁধা হলো এক মাচা। দুটো বন্দুক, দুইজন মানুষ।

    অমাবস্যার রাত। ঝিঁঝিঁ ডাকছে। ছাগলটা ভয়ে কাঁপছে। ঘন্টা বাজছে — টুং টুং।
    হঠাৎ বাতাস থেমে গেল।

    জঙ্গলের ভেতর থেকে দুটো আগুনের গোলা ভেসে উঠল। বাঘ।
    নিঃশব্দে এগোচ্ছে। তার থাবায় কোনো শব্দ নেই।

    ছাগলটা চিৎকার করে উঠল।
    আর সেই মুহূর্তে, গাছের উপর থেকে দুটো বন্দুক একসাথে গর্জে উঠল — গুড়ুম! গুড়ুম!
    বাতাস কেঁপে উঠল।

    সকালে গ্রামের মানুষ এসে দেখল, বটতলায় পড়ে আছে এক বিরাট হলুদ-কালো শরীর।
    সেই রাতেই অরূপপুরে দোস্তি হলো দুই বংশের। মুনিম সাহেব ইলিয়াস শাহকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন — "শাহ সাহেব, আমার ঘরে একটা বাঘ আছে। তার একটা বাঘিনী দরকার।"

    হাসিমের ঘরের সেই বাঘিনীই হলো নবিসন।
    যেমন রূপ, তেমনি দাপট। যে হাঁটলে মনে হয় মাটি কাঁপে, যে তাকালে মনে হয় বুকের ভেতরটা দেখে নিচ্ছে।
    সেই নবিসনের সাথেই কাল কথা বলতে হবে শওকতকে, ভেবেই হালকাকাঁপুনি বোধ করল শওকত।


    ক্রমশঃ
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ধারাবাহিক | ১০ নভেম্বর ২০২৬ | ২১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ | ১০ নভেম্বর ২০২৬ ২৩:০৪743937
  • পড়তে ভাল লাগছে। কিন্তু বড্ড টাইপো। টাইপোগুলো একটু দেখে দিলে ভাল হয়।
  • Aditi Dasgupta | ১২ নভেম্বর ২০২৬ ১৮:১৩743957
  • সহজ ছোট ছোট বাক্য, টেনে রাখছে,ভালো লাগছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন।