

অলংকরণ: রমিত
১১
দুটো দিন ঘরে থেকে যেন হাঁপিয়ে উঠেছেন নজরুল।
বিশ্রাম তো নয়, এ যেন সশ্রম কারাদণ্ড। জ্বর যখন আসে তখন সে তো একা আসেনা, সারা শরীরে কাঁপুনি আর তার সাথে মাথায় যেন বিশ মন ওজন। এর মধ্যে একটাই সুখের পরশ --- তা হলো কারারক্ষীর স্নেহের শিকল। সকাল থেকে রাত্রি সারাক্ষণ তাকে আগলে রেখেছে, জড়িয়ে রেখেছে, ভরিয়ে রেখেছে --- সেবায়, যত্নে, ভালোবাসায়।
বিবাহের দুই বছর হতে চলল দোলনকে এত নিবিড় করে কাছে পাওয়া আগে হয়ে ওঠেনি। কতই বা বয়স, এখনো তো আঠারোই পূর্ণ হয়নি, এখনই যেন এক দায়িত্বশীল স্ত্রী হয়ে উঠেছে। অথচ হুগলিতে এই ক'দিন আগে পর্যন্ত সে তো একটা বালিকাই ছিল। ম্যালেরিয়া আর আমাশয়ের জোড়া ধাক্কায় সংকটাপন্ন বেহাল স্বামীকে সেখানেও সে সেবা যত্ন করেছে, তবুও সেখানে তার ভূমিকা ছিল মায়ের সহকারীর মতো। সঙ্গে ছিল প্রিয় নুরুদার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া অন্ধ ভালবাসা। আবেগ ছিল, মনের মানুষটার জন্য উথাল-পাতাল কান্না ছিল, কিন্তু তাকে আগলে রাখার জন্য অধিকারবোধ প্রয়োগের কোন বহিঃপ্রকাশ ছিল না। কিশোরীর প্রেম তো এরকমই হয়। সে যখন ভালোবাসে তখন সর্বস্ব উজাড় করে দিয়েই ভালোবাসে। আশপাশের জগত-সংসার সবকিছুই তার প্রেমের সামনে তুচ্ছ হয়ে যায়। জাতি, ধর্ম, কুমিল্লায় তাদের বনেদি পরিবারের অভিজাত্য, সামাজিক মান --- কোনও কিছুই তাকে আটকাতে পারেনি। শেষমেষ তার মাকেও এই প্রেমের সামনে হার মানতে হয়েছিল। তবে একটা জায়গায় বড় ধাক্কা খেয়েছিল দোলন। জেঠিমা বিরজা সুন্দরী দেবী যখন পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপিয়ে তাদের বিবাহে অসম্মতি এবং সম্পর্ক ত্যাগের কথা জানালেন, দোলন সেদিন খুব কেঁদেছিল, তুচ্ছ বলে উড়িয়ে দিতে পারেনি। হয়তো ওর মনের কোণে একটা গোপন প্রত্যাশা ছিল --- যে জেঠিমা নজরুলকে আপন ছেলের চেয়েও বেশি ভালোবাসেন, তিনি কখনো তাদের ফেলে দিতে পারবেন না। জেলখানায় গিয়ে না খেয়ে মরতে বসা মানুষটাকে খাইয়ে এসেছেন খবরটা শোনার পর জেঠিমার উপর শ্রদ্ধা আর ভরসা বেড়ে গিয়েছিল দোলনের। অন্যে যাই বলুক --- তিনি অন্তত তাদের প্রেমকে মেনে নেবেন।
কৃষ্ণনগরে এসে দশ দিন যেতে না যেতে কিশোরী বালিকাটি যেন এক কর্তৃত্বময়ী নারী হয়ে উঠেছে। প্রবল যন্ত্রণার মধ্যেও দোলনের এই পরিবর্তন নজরুলকে আরাম দেয়। তবু তাঁর ঘর পালানো মনটা যেন দুই দিনেই হাঁসফাঁস করতে থাকে। নির্দিষ্ট কোনও গন্তব্য নেই, অনুষ্ঠান নেই, তবু বেরিয়ে পড়তে ইচ্ছে করে। ঘরের থেকে বাহিরে যেন বেশি আনন্দ। বেশ ক'দিন পার হয়ে গেল, কৃষ্ণনগর শহরটা ঘুরে দেখাই হলো না। ঘূর্ণীর পুতুলপট্টি, রাজবাড়ি, রেসকোর্সের মাঠ, ক্যাথলিক চার্চ --- ঘুরে দেখব দেখব করে হয়েই উঠল না। এর মধ্যে অবশ্য এক বিকেলে টাউন হলের জমায়েতে কবিতা আর গান শুনিয়ে এসেছেন। আসলে সব ঝামেলার গোড়া এই জ্বরাক্রান্ত কাহিল শরীরটা। বাউন্ডুলের মতো ঘুরে বেড়ানো সামরিক ট্রেনিং নেওয়া শরীর --- কোনও কিছুতে ক্লান্তি ছিল না।
গফরগাঁও সম্মেলনের জন্য চিঠিটা লিখতে হবে। দু'দিন থেকে কলম ধরা হয়নি। লেখা তো তাঁর কলমে ঝড়ের মতো আসে, ভাবনাচিন্তার দরকার পড়ে না, ধৈর্যও থাকে না। সৃষ্টিকর্তা তাঁকে যে এই অদ্ভুত ক্ষমতা প্রদান করেছেন তা নিয়ে নজরুল নিজেই নিজেকে নিয়ে বিস্ময় বোধ করেন। ধুতির উপর পাঞ্জাবি পরে তার উপর শালটা জড়িয়ে বারান্দায় এসে বসলেন। এখানে বসলে কেমন একটা স্বস্তি বোধ হয়। এ রাস্তায় লোক চলাচল এমনিতেই কম, খানিকটা নির্জনতার ভাব আছে। তাছাড়া অল্প হলেও কিছুটা ভিতরে হবার কারণে গোয়াড়ি বাজারের চিৎকার চেঁচামেচির আওয়াজ এত দূর পর্যন্ত আসে না। যদিও হৈচৈ কোলাহল কিংবা সামনে লোকজন থাকলেও নজরুলের লেখায় বিশেষ অসুবিধা হয় না। কলম ধরলে মাথায় কোথা থেকে যেন কিছু না কিছু একটা ভাব এসে পড়ে। তখন আশপাশের পরিবেশ তখন আর মাথায় থাকে না, গভীরভাবে লেখার মধ্যে ঢুকে পড়েন।
- তুমি কি কোথাও বেরোবে নাকি?
প্রমীলা দেবী ধীর পায়ে টেবিলের উপর চায়ের গ্লাসটা রাখলেন।
- ভাবছি হেমন্তদার কাছে যাব একবার। সম্মেলনের জন্য একটা চিঠি লিখে দিয়ে আসি। দু'দিনেই মনে হচ্ছে কতকাল বাহিরে বেরোয়নি!
গ্লাসটা তুলে গরম চায়ে একটা চুমুক দিয়ে স্ত্রীর মুখের দিকে তাকালেন নজরুল। আলতো হাসিমুখে কথাটি বলার ভঙ্গিতে একটা যেন অপরাধের ভাব। স্বামীর চোখে কয়েক মুহূর্ত চোখ রেখে তাকিয়ে রইলেন প্রমীলা দেবী। ঠোঁটের কোণে হালকা হাসির রেখা টেনে বললেন --- দূরে কোথাও যেও না। দুপুরের মধ্যে ফিরে এসো। ডাক্তার কিন্তু বারবার বিশ্রামের কথা বলেছেন।
কথাগুলি বলে আর দাঁড়ালেন না। তেমনি ধীর পায়ে ভেতরে চলে গেলেন। বহির্মুখী বোহেমিয়ান এই মানুষটিকে চেষ্টা করেও ঘরে যে আটকে রাখা যাবে না --- তা তিনি এতদিনে বুঝে গিয়েছেন। যথেষ্ট কষ্টের সাথে, যন্ত্রণা আর অভিমানের সাথেই বুঝেছেন, মেনে নিয়েছেন। সব জেনেশুনেই তো এই মানুষটার সাথে নিজের জীবনটাকে জড়িয়ে দিয়েছেন।
দোলনের নিঃশব্দে ভিতরে চলে যাওয়া দেখলেন নজরুল। কর্তৃত্বের এই শাসনটুকু ভালো লাগলো তাঁর। এ সংসারে মাসিমা ছাড়া তাকে কেউ শাসনের সুরে কথা বলে না। স্নেহের অধিকার নিয়ে তাকে কেউ শাসন করুক, বকাঝকা করুক --- এরকম একটা কাঙালপনা তার ভেতরে আছে --- সেটা তিনি অনুভব করেন। বন্ধুমহলে একজনই মাত্র এই দায়িত্ব নিতেন তিনি মুজফফর আহমদ। কলকাতায় পা দেওয়ার পর থেকে প্রচুর গুণগ্রাহী বন্ধুবান্ধব জুটেছে, কিন্তু অভিভাবক বলতে ঐ একজনই ছিল। তিনি জেলে বন্দি না থাকলে দোলনকে নিয়ে সংসারী জীবনের ধারাটা হয়ত কিছুটা হলেও অন্যখাতে বইত। একথা কথা মনে হতেই ভিতরে একটা খুশির বাতাস বয়ে গেল। মুজফফর আহমদ জেল থেকে ছাড়া পেয়ে কলকাতাতেই আছেন এবং হ্যারিসন রোডে লাঙল-এর অফিসেই উঠেছেন --- হেমন্তদা মারফত সে খবর এসেছে। অল্পদিনের মধ্যেই দেখা হবার সম্ভাবনা --- কৃষ্ণনগরে পর পর সম্মেলন আছে। সামনে গফরগাঁও --- না, এলোমেলো ভাবনা সরিয়ে কালির দোয়াতটা সামনে টেনে লিখতে বসলেন নজরুল।
'আমার প্রিয় ময়মনসিংহের প্রজা শ্রমিক ভ্রাতৃবৃন্দ' সম্বোধন করে লিখতে শুরু অনেকটাই নিজের বাল্যস্মৃতির কথা লিখে ফেললেন। 'এই ময়মনসিংহ জেলার কাছে আমি অশেষ ঋণে ঋণী। আমার বাল্যকালের অনেকগুলি দিন ইহার বুকে কাটিয়া গিয়াছে' --- লিখতে লিখতে দরিরামপুরে স্কুলে যাবার পথের দুধারের সৌন্দর্য, রাঢ়বঙ্গে যেসব দৃশ্য মেলে না, খালবিল জলকাদা মাখামাখি পূর্ববাংলার অপরূপতা ইত্যাদি কথা স্রোতের মতো কলমে চলে আসে। কিন্তু না, এ চিঠি তো কৃষক-শ্রমিককে উজ্জীবিত করার উদ্দেশ্য নিয়েই লেখা। ব্যক্তিগত স্মৃতির কথায় ভারাক্রান্ত করা ঠিক হবে না। 'এই আশা করিয়াছিলাম, আমার সেই শৈশব-চেনা ভূমির পবিত্র মাটি মাথায় লইয়া ধন্য হইব, উদার হৃদয় ময়মনসিংহ জেলাবাসীর প্রাণের পরশমণির স্পর্শে আমার লৌহ-প্রাণকে কাঞ্চনময় করিয়া তুলিব; কিন্তু তাহা হইল, দুরদৃষ্ট আমার' -- এইটুকু লিখে ভগ্নস্বাস্থ্যের কথা উল্লেখ করে মূল কথায় চলে গেলেন।
লেখার ভিতরেই 'কাজীদা' বলে প্রমোদের প্রবেশ। নজরুল তাকে ইশারায় বসতে বলে আপন মনে লিখে চললেন। লেখা শেষ করে বললেন --- বল মঘা, কী খবর?
- শরীর কেমন তাই খবর নিতে এলাম। হেমন্তদাও বললেন, সম্মেলনের চিঠির খোঁজও নিতে বলেছেন।
নজরুল হেসে উঠলেন, 'আমিও অনুমান করছিলাম। এইমাত্র ওই চিঠিটাই রেডি করলাম। দাদা কি বাড়িতে আছেন? দু'দিন বেরোই নি, ভাল্লাগছে না। চল ঘুরে আসি।'
- ঘুরতে যাবেন? বেশ তো, কোনদিকে যাবেন? হেমন্তদা শান্তিপুর থেকে ফিরেছেন কিছুক্ষণ আগে। কাশেমের গাড়ি এখনো বাঁধা আছে দেখলাম। চলুন একটা চক্কর মেরে আসি।
বাতাসে ঠান্ডা থাকলেও পরিষ্কার আকাশে রোদ ঝলমল করছে। মঘা যেন ঠিক সময়েই চলে এসেছে। পথে বেরিয়ে শরীর ও মন দুটোই বেশ ঝরঝরে হয়ে উঠল নজরুলের।
১২
কাজীদাদা ঘুরতে যাবেন শুনে কাশেম আলি দ্বিগুণ উদ্দীপ্ত। এমনিতেই সে সদা চঞ্চল। মুখের কথাও তার ঘোড়ার মতো টগবগিয়ে ছোটে --- সেকথা দরকারের চেয়ে তিনগুণ অদরকারি।
মঘার আবার সবকিছুতেই একটা গা-জোয়ারি ভাব, কথার মধ্যে একটা কর্তৃত্বের স্বর প্রকাশ পায়। হেমন্তদাকেও বলা নেই, বৈঠকখানা থেকে বেরিয়ে সটান কাশেম আলিকে বলল, কাকা তোমার সারেঙ্গিকে রেডি কর। কাজীদাকে একটু ঘুরিয়ে আনি।
- সারেঙ্গি আমার সবসময় রেডি। তার উপর আমাদের কাজীদাদা ঘুরতে যাবে, দেখো সারেঙ্গি কেমন নাচতে নাচতে ছোটে।
- আর বোলোনা তোমার সারেঙ্গির কেরদানি। চারজনের জায়গায় পাঁচজন হলেই ওর পা ওঠেনা, ঘাড় বেঁকিয়ে যায়।
- ওসব মেয়েমানুষের ছলাকলা গো বাপু, তোমরা বুঝবা না! সওয়ারী পছন্দ না হলে ওরকম করে। এই যে ভোরবেলা বাগআঁচড়া ঠেলে এসছি, বললে আরও তিনবার ও বাগআঁচড়া ঘুরিয়ে আনতে পারে।
স্লিম চেহারার স্ত্রী-ঘোড়াটির পক্ষে কাশেম আলির সওয়াল শুনে নজরুল হো হো করে হেসে উঠলেন। কাশেম ভাই, আপনার ঘোড়া, মানে সারেঙ্গি সওয়ার চিনতে পারে? আর সারেঙ্গি নামটাই বা এলো কী করে?
গোলাপট্টি থেকে গাড়ির মুখ ঘোরাতে ঘোরাতে কাশেম আলি তার ঘোটকীর জন্মকাহিনী সহ নানান বৃত্তান্ত শুনিয়ে দিলেন। বাবাও ঘোড়ার গাড়ি চালাতেন। নেশা ছিল সারেঙ্গি বাজানো, নেদেরপাড়ার যাত্রা-থেটারে বাজিয়ে বেড়াতেন। জন্মের পর থেকেই সারেঙ্গি ছিল বাবার খুব নেওটা। গাড়ি জুড়লে সেও পিছন পিছন যাবে। মা বলত এ আরেক সারেঙ্গি।
- কাকা, কোনদিক দিয়ে ঘুরি বলো তো? চার্চের পাশ দিয়ে চাঁদসড়ক হয়ে রায়পাড়া আনন্দময়ীতলা হয়ে একেবারে রাজবাড়ি ঘুরে আসব।
- গোয়াড়ি-কেশনগর তো আছেই, কোম্পানি বাগান দেখতে হবে না? বেরিয়েছি যখন সবটা ঘুরে আসব।
টুংটাং করতে করতে গাড়ি জলঙ্গীর পাড় ঘেঁষে চলতে থাকে। এখানে সবাই বলে খ'ড়ে নদী। শীতের ঝিকিমিকি রোদ্দুর গায়ে মেখে বয়ে চলা শান্ত স্রোতস্বিনীটিকে ভারি পছন্দ হলো নজরুলের। আসলে সুন্দরের পিয়াসী মন --- যাকে ভালো লাগে তার জন্য মুগ্ধতায় আর কৃপণতা থাকে না। এপাশে চাপড়া তেহট্ট ওপাশে পলাশী অগ্রদ্বীপ কাটোয়ার লোকে নবদ্বীপ ঘুরে খ'ড়ে ধরে গোয়াড়ি বাজারে আসে। কেশনগর তো রাজার তৈরি, তার সীমানা ঐ আমিনবাজার নেদেরপাড়া পর্যন্ত। নদীর ধারের এই এলাকায় তো গরু চরত, তাই নাম হয়েছে গোয়াড়ি। কাশেম আলির বকবকের ফাঁকে ফাঁকে মঘা মাঝে মাঝে ইতিহাসের কথা ব্যাখ্যা করে শোনায়। পলাশীর যুদ্ধের আগে থেকেই কেশনগর ছিল ইংরাজদের ঘাঁটি। গোয়াড়ির পশ্চিম দিকটায় তারা ঘরবাড়ি অফিস-কাছারি বানিয়েছে, গির্জা বানিয়েছে।
মালোপাড়ার পাশ দিয়ে গাড়ি কলেজের মাঠে এসে পড়ল। টালি আর টিনের ছাপরা দেওয়া ঘরবাড়ি।
- কাজীদা, মালোপাড়ার সঙ খুব বিখ্যাত। চড়কে, জগদ্ধাত্রীর ঘট বিসর্জনের সময় মালোপাড়ার সঙ বেরোয়। নতুন নতুন গান বাঁধে, সঙ সেজে ঢোলক বাজিয়ে গেয়ে বেড়ায়। মঘা বলে।
নজরুল বলেন --- তাই নাকি? দেখতে হবে তো?
ইতিমধ্যে গাড়ি দাঁড়িয়ে পড়লে মঘা বলে --- কাকা, দাঁড়ালে কেন? একেবারে খ্যাপা সাহেবের বাড়ির সামনে চলো।
'দাদাবাবুর নাইট স্কুলটা দেখাই'। রাস্তার ডানপাশে একটা একতলা বাড়ি দেখিয়ে কাশেম আলি বলেন --- 'দাদাবাবু আর সুভাষ বাবু মিলে নাইট স্কুলটা বানিয়েছেন'। বিস্মিত নজরুল বললেন --- সুভাষ বাবু এইখানে নাইট স্কুল বানিয়েছেন?
- তখন সুভাষবাবু কেশনগরেই বেশি থাকতেন গো কাজীদাদা। দাদাবাবুর সাথে তো সন্ন্যাসী হয়ে দুইজনে তো জঙ্গলে না পাহাড়ে অনেকদিন পালিয়ে গেছিলেন! তা ওকে তো ইংরাজরা কোথায় কোন কালাপানিতে নাকি জেলে আটকে রেখেছে।
'হ্যাঁ, মান্দালয় জেলে', নজরুল বলেন। 'তা এখন কি চলছে স্কুল?'
- কী করে চলবে? হেমন্তদার সময় কই? এতো ব্যস্ত। এখন চাষাপাড়ায় তারকদা নাইট স্কুল চালাচ্ছে। সেখানেই এখন আমাদের আড্ডাখানা।
পাশেই লালরঙের রেলিং ঘেরা খ্যাপা সাহেবের বাংলো বাড়ি, সেকালের সাহেবি কেতায় বানানো বেশ বড়সড়ই বাড়িটা। মঘা জানালো ওটা স্যার উইলিয়াম জোন্স সাহেবের বাড়ি। ১৭৮৫ সাল নাগাদ উনি বাড়িটি কিনেছিলেন।
- কিনেছিলেন? তার মানেভতার আগে থেকেই এরকম বাড়ি ছিল? সেসব বাড়ি আবার বিক্রিবাটাও হতো? নজরুল আশ্চর্য হলেন।
মঘা বলে, পুরো নদীয়াকেই তো নীলকর সাহেবেরা শোষণ করে অত্যাচার করে ছিবড়ে করে দিয়ে গেছে। ওরা তো পুরো শহরই বসিয়েছিল এখানে। সুপ্রিম কোর্টের বিচারপতি জোন্স সাহেব ১৭৮৫ সালে কৃষ্ণনগর আসেন সংস্কৃত শিখতে। টোলের পণ্ডিতরা ম্লেচ্ছকে সংস্কৃত শেখাতে কেউ রাজি হয়নি। এলাকা ছেড়ে ভয়ে কেউ কেউ নাকি লুকিয়ে পড়েছিল। এর আগে কাশীও গিয়েছিলেন, সেখানেও এক অবস্থা। শোনা যায় শেষমেশ রামলোচন নামে এক পণ্ডিত সাহেবকে সংস্কৃত শেখাতে রাজি হন। কোর্টের ছুটিছাটা আর ফাঁকে ফাঁকে প্রায়ই তিনি এখানে চলে আসতেন। পাঁচ কি ছয়বছর একনাগাড়ে তিনি সংস্কৃত শেখেন। মেমসাহেব নাকি খ'ড়ের ধারে বসে ছবি আঁকত। এসব খ্যাপামির জন্য বাড়িটাই খ্যাপা সাহেবের বাড়ি হয়ে গিয়েছে।
বাংলার ভেতর এরকম পুরো সাহেবপাড়া কলকাতাতেও বোধহয় পাওয়া মুশকিল। নজরুল বিস্ময় প্রকাশ করেন।
ঠিকই তাই। এই আশপাশের পাড়াগুলোয় বেশিরভাগই খ্রিস্টান। মঘা বলে। ওদের কাজ করতে আসা গরিবগুর্বো মানুষগুলোকে প্রলোভন দেখিয়ে ওরা খ্রিস্টান বানিয়ে দিত।
- এদিকটা ছিটেন পাড়া, আর ওদিকটা ওমান-কাতলি? কাশেম আলি যোগ করে।
- মানে? নজরুল বিস্ময় প্রকাশ করেন।
মঘা বুঝিয়ে বলে যে কলেজ মাঠের এপাশটায় প্রোটেসট্যান্ট খ্রিস্টানদের আধিক্য --- সেটা হয়েছে ছিটেন পাড়া। ওপাশটা পুরনো, রোমান ক্যাথলিকদের বিশাল এলাকা, বিশপ থাকেন। ওটা লোকের মুখে হয়েছে ওমান-কাতলি।
জজ সাহেবের বাংলো, কালেকটারের বাংলো, পুলিশ সুপারের বাংলো --- বাড়িগুলো যে খুব বিশাল তা নয়, কিন্তু একেকটি বাড়ি যেন দুর্গম এবং বিশাল জঙ্গলে ঘেরা। রাস্তায় লালমুখো সাহেবদের ঘোরাঘুরি। আক্ষরিক অর্থেই সাহেবদের এলাকা। সেসব ছাড়িয়ে কাশেমের গাড়ি গিয়ে ঢুকল এক বিশাল আম-কাঁঠালের বাগানে --- কোম্পানি বাগান। কোম্পানি আমলে এখানে নাকি ঘোড়ার রেস হতো, পোলো খেলাও হতো। কাশেম আলি বিজ্ঞের মতো বর্ণনা করেন --- পলাশীতে যাওয়ার আগে ক্লাইভের সৈন্যরা তো এখানেই ঘাঁটি গেড়েছিল।
প্রমোদরঞ্জন কিছুটা বিরক্ত। এই বাগান আর ইংরাজদের রাজত্বের ইতিহাস দেখে কী হবে? 'কাকা, বাগান-টাগান আর ঘুরতে হবে না, শহরে ফিরে চলো'। নজরুল অবশ্য অখুশি নন, শীতের দুপুরে এই ঘোরাঘুরিটা তিনি ভালোই উপভোগ করছেন। বললেন, বেশ তো লাগছে রে মঘা, শহরের ইঁট-কাঠ তো রোজই দেখি। কত রকমের পাখি দেখেছিস? একটু কান পেতে শোন, মনে হবে গাছের সাথে, পাতার সাথে ওরা কথা বলছে, গান করছে, আড্ডা দিচ্ছে।
- আপনি কবি মানুষ দাদা। ওসব উচ্চমার্গের অনুভূতি। আমরা কি আর ওসব বুঝি?
- বুঝতে লাগে না রে! এর মধ্যে বোঝাবুঝির কিছু নেই। এই গাছপালা, পাখির ডাক, নির্জনতা --- সবগুলোকে একটা জীবন্ত সত্ত্বা বলে ভাব, একটু অনুভবের চেষ্টা কর। দেখবি তোর ভিতরেও ভালো লাগা তৈরি হচ্ছে। সে ভালো লাগা সবসময় যে খুব সুখের মনে হবে তা নয়, একটা দুঃখের অনুভূতি, একটা বেদনাময় ভালো লাগা।
- দুঃখের সঙ্গে ভালো লাগা? কী জানি, সে কিভাবে হয়। সেটা বুঝলে তো আমিও আপনার মতো কবি হয়ে যেতাম। যাইহোক, এবারে ফিরতে হবে। বৌদি কিন্তু দুপুরের আগে ফিরতে বলে দিয়েছেন।
নজরুল হাসলেন। প্রকৃতির জগত থেকে যেন বাস্তবের সংসারে ফিরে এলেন। বললেন, হ্যাঁ, কাশেম ভাই, চলো ফেরা যাক।
ফেরার পথে মোংলাপুকুর যুগীপাড়া হয়ে গির্জার পথ ধরেছে কাশেমের সারেঙ্গি। ঘাট বাঁধানো পুকুরটা দেখে মনে হলো এক্ষুনি নেমে খানিক সাঁতার কেটে আসি। নজরুলের উৎসাহ দেখে কাশেম আলি সোৎসাহে শুনিয়ে চলে --- এই যুগীরাই এ তল্লাটের পুরনো বাসিন্দা গো দাদাবাবু। শুনেছি রাজা কেশনগর বসানোর আগে থেকে যুগীরা এখানে বসবাস করছে। বয়স অল্প, সচ্ছল ডাক্তার পিতার স্কুল পালানো দেশোদ্ধার করে বেড়ানো ডানপিটে ছেলে হলেও প্রমোদরঞ্জন ওরফে মঘা অনেক খবরই রাখে। কৃষ্ণনগরের নাম কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের নামে হয়নি। রাজার পূর্বপুরষদের আসল জমিদারি ছিল মাটিয়ারিতে। বারো ভূইয়াদের বিপক্ষে মুঘলদের সাহায্য করে বেশ পসার করেছিলেন তারা। চারপুরুষ আগে রাজা রাঘব রায় রাজধানী সরিয়ে নিয়ে এসে এখানে শহরের পত্তন করেন। তখন নাম ছিল রেউই। তাঁর কৃষ্ণভক্ত পুত্র রুদ্র রায় রাজধানীর নাম দেন কৃষ্ণনগর। যুগীপাড়ায় সেইকাল থেকেই নাথ যোগীদের বাস, আগে মনে হয় বৌদ্ধদের বাস ছিল। তবে ইংরাজদের সাথে ভালো দহরম মহরম থাকায় পলাশীর যুদ্ধের আশপাশের সময় রাজা কৃষ্ণচন্দ্রের আমলে রাজবাড়ির খুব প্রতিপত্তি বাড়ে। নবাব মীরকাশেম তো খাজনা না দেবার জন্য একবার রাজাকে আটক করে রেখেছিলেন।
বলতে বলতে চাঁদসড়ক রায়পাড়া ঘুরে রাজবাড়ির পাশ দিয়ে কাশেম আলির সারেঙ্গি যখন গোলাপট্টিতে জ্ঞান সরকারের ডাক্তারখানার সামনে এসে দাঁড়ালো --- নজরুল দেখলেন তাঁর ঘর থেকে বেরিয়ে এলো প্রাণতোষ --- গৃহস্থ যেমন অতিথিকে স্বাগত জানাতে বেরিয়ে আসে, সেইরকম মুখে একগাল হাসি নিয়ে ধাপির মুখে দাঁড়িয়ে আছে।
হীরেন সিংহরায় | ১৬ নভেম্বর ২০২৬ ০৬:২৮743998