এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  নাটক

  • আলোয় ফেরা ( নাটক )

    Somnath mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    নাটক | ১৭ নভেম্বর ২০২৬ | ১৫০ বার পঠিত
  • আলোয় ফেরা….( নাটক )

    { আধুনিক পৃথিবীর নানান সমস্যার একটি হলো যুবসমাজের মাদকাসক্তির সমস্যা। একটা দেশের সবথেকে সম্ভাবনা পূর্ণ যুবশক্তিকে যদি এই মারণ নেশার ফাঁদে জড়িয়ে ফেলা যায় তাহলে যে বিপুল পরিমাণ সম্ভাবনার অপমৃত্যু ঘটে যা কখনোই অভিপ্রেত নয়। অথচ নিঃশব্দ ঘাতকের কবলে পড়েছে দেশের তরুণ ও যুবকেরা। সমস্যাটির এখানেই শেষ নয়। এমন মানুষদের আবার সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রেও রয়েছে বিপুল সমস্যা। আলোয় ফেরা নাটক এমন‌ই কিছু তরুণ প্রজন্মের নাগরিকদের স্বপ্ন সম্ভাবনার কথা বলে। এই নাটক জ্বলন্ত এক সমস্যার আগুনে আমাদের ভাবনাকে উদ্দীপনের কথা বলে। এমন‌ই কিছু তরুণ সহ নাগরিকদের উদ্দেশ্যে এই নাটক উৎসর্গ করলাম। ধন্যবাদ জানাই অনুজপ্রতিম অমল আচার্যকে যিনি পেছনে লেগে থেকে এই নাটকটি লিখিয়ে নিলেন।}


    একটা রিহ্যাব সেন্টার। ঘরের ভেতরে বসে আছে কয়েকজন কিশোর ও তরুণ। ওদের নাম – জোসেফ, স্যামুয়েল, তৌফিক, হীরু, জামাল আর শোভন। নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত ওরা। এমন সময় ঘরের ভেতরে ঢোকেন এক মধ্যবয়স্ক মানুষ আলবার্ট। উনিই এই রিহ্যাব সেন্টারের প্রধান সংগঠক।

    আলবার্ট
    ভেতরে আসতে পারি?

    সকলে সমস্বরে বলে ওঠে
    স্যার, আপনি? আসুন স্যার। ( সকলে উঠে দাঁড়িয়ে নমস্কার করে)

    আলবার্ট
    ( একটু মুচকি হেসে বলে ) কি কথা হচ্ছিল? ছুটি পাবার আনন্দে সবাই খুব খুশি নিশ্চয়ই?

    জোসেফ
    Are you joking Sir ? আমাদের ছুটির দিন সামনে? নেশায় ডুবে থাকা মানুষদের চোখে আবার নতুন জীবনের আহ্বান?

    আলবার্ট
    পুওর বয়েজ। তোমরা আমার সন্তানের মতো। তোমাদের সঙ্গে ঠাট্টা করলে যে আমাকে প্রভুর কাছে জবাবদিহি করতে হবে।
    সত্যিই তোমাদের সামনের রবিবার এই সংশোধনাগারের চারদেয়ালের বাইরে ফিরে যাবার দিন। এই একটা বছর তোমরা আমার এখানে এসে নিজেদের অনেকটাই বদলে ফেলেছো। আই এ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ মাই বয়েজ।

    শোভন
    স্যার, আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরাও সত্যি সত্যিই নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি। আমাদের হারিয়ে যাওয়া জীবন ফিরে পাবার আশায় আমরা সকলেই উদগ্রীব।

    জামাল
    আমি সঙ্গদোষে অন্ধকারে ডুবে গিয়েছিলাম। জীবনের সব আলো হঠাৎ করে নিভে গিয়েছিল। আমি কোনোদিন ভাবিনি যে এই এক বছরে নিজেকে বেশ খানিকটা বদলে ফেলতে পারবো।

    আলবার্ট
    আরও বদলে যাবে তোমরা। আজকের পৃথিবীতে তোমাদের মতো স্বপ্ন দেখতে ভালোবাসে এমন তরুণদের খুব প্রয়োজন।

    তৌফিক
    স্যার, আমাদের এই অন্ধকার অতীতের দিনগুলো
    আগামীদিনে তাড়া করে ফিরবে না তো? আমরা কি পারবো আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে?

    স্যামুয়েল
    বাইরের সমাজ কি আমাদের সাদরে গ্রহণ করতে রাজি হবে?

    আলবার্ট
    এই প্রশ্নগুলো তোমাদের মনে জেগে ওঠা খুব স্বাভাবিক। তবে
    আমি তোমাদের ভবিষ্যৎ নিয়ে সত্যিই খুব আশাবাদী। এই একটা বছর তোমরা ‘ষড়ভুজের’ ছয় জন আমাদের সামনে প্রতিনিয়ত নিজেদের সত্যি সত্যিই নতুনভাবে মেলে ধরেছো। মুগ্ধ করেছো আমাদের। মানুষ মাত্রই ভুল করে, আবার সেই ভুল শুধরে নিয়ে জীবনের ঠিক পথকে বেছে নিতে পারে একমাত্র মানুষই। আমার শুভেচ্ছা ও আশীর্বাদ র‌ইলো তোমাদের সকলের জন্য। প্রভু তোমাদের আলোর পথে পরিচালনা করুন।

    হীরু
    মা বাবা নাম রেখেছিলো হীরক। অনেক আশা ছিল তাঁদের যে ছেলে একদিন এক উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে উঠবে। সব‌ই ঠিকঠাক চলছিল, হঠাৎ ভেতরের আলোটাকে আড়াল করলো অন্ধকার। হীরক রাতারাতি হীরু হয়ে গেল। নেশার কবলে পড়ে আমি শুধু নিজেকে নয় সবকিছুই এক এক করে হারিয়ে ফেলেছি।

    আলবার্ট বাদে বাকি সকলে একসাথে

    আমরা মানুষ হয়ে মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম
    আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম
    আমরা আঁধারকে হারিয়ে আলো জ্বালতে চেয়েছিলাম
    আমরা সব দুঃখ আর কষ্টকে জয় করতে চেয়েছিলাম।

    অন্ধকার অনেক গভীর, সে আলোকে স‌ইতে পারেনা
    আমরা সেই আশ্চর্য স্বপ্ন পিদিমখানি হারিয়ে ফেলেছি
    আমরা আজ সকলের কাছে ব্রাত্য, আমরা পথ হারিয়েছি
    হে প্রভু, তুমি আমাদের আলোর পথে নিয়ে চলো।

    আমাদের নতুন জীবনের পথ দেখাও প্রভু, আলোর পথ দেখাও।


    দ্বিতীয় দৃশ্য

    রিহ্যাব সেন্টার থেকে বাড়ি ফেরে জোসেফ। বাড়ির দরজায় কড়া নাড়ে। কোনো সাড়াশব্দ নেই। আবারও কড়া নাড়ে।

    জোসেফ
    মা ! দরজা খোলো। আমি জোসেফ। আমাদের ছুটি হয়ে গেছে মা। মারিয়া, দরজা খোল। আমি তোর দাদা জোসেফ।
    দরজা খোল সিস্টার। আশ্চর্য! সব গেল কোথায়? আমি আজকে ফিরবো একথা তো সবাই জানে। তাহলে?

    জন
    ( এক বয়স্ক প্রতিবেশী)
    কে তুমি বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না।

    জোসেফ
    জন আঙ্কেল,আমি জোসেফ। জোনাস পেরেরার ছোটো ছেলে। আমি অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু কেউ কোনো সাড়াশব্দ দিচ্ছে না। আঙ্কেল, আপনি কি ওদের খবর কিছু জানেন?

    জন
    তুমি জোনাসের সেই গুণধর ছেলে তো? নেশায় মশগুল হয়ে থাকতে ?

    জোসেফ
    ( মাথা নিচু করে) আজ্ঞে হ্যাঁ। আমিই সেই জোসেফ। তবে এখন আমি পুরোপুরি সুস্থ আঙ্কেল। প্রভুর কৃপায় আমি সব কিছু ছেড়ে সেই আগের জোসেফ হয়ে ফিরে এসেছি। বিশ্বাস করুন আঙ্কেল। একদম সত্যি বলছি।

    জন
    হাসালে তুমি আমাকে। নেশাড়ুরা নেশা ছাড়তে পারে -এ কথা আমি কোনোদিন বিশ্বাস করি না। তোমার অধঃপতনের দুঃখ সহ্য করতে না পেরে জোনাস এই পাড়া ছেড়ে অনেকদিন আগেই অন্য কোথাও চলে গেছে। কোথায় গেছে তা জিগ্যেস করোনা। আমি বলতে পারবো না। তুমি এখন চলে যাও। চেনা লোকজন তোমাকে দেখতে পেলে নানাভাবে হেনস্থা করবে। তুমি এখন এসো। তোমার সঙ্গে এতোক্ষণ কথা বলছি দেখলে পড়শির দল আমাকেই গালমন্দ করবে। এসো বাপু। প্রভু তোমার সহায় হোন।

    জোসেফ
    ( হতাশায় ভেঙে পড়ে)
    হায় ঈশ্বর! আমার কৃতকর্মের জন্য এভাবে শাস্তি পেতে হবে। আমি এক ঘৃণার পাত্র হয়ে উঠেছি। আমার প্রিয় পরিবার আমাকে ত্যাগ করেছে। আমার প্রিয় সিস্টার মারিয়া আজ আমাকে ছেড়ে চলে গিয়েছে। Oh my God! Please show me the right path. Show me light.


    ( কান্নায় ভেঙে পড়ে)


    তৃতীয় দৃশ্য

    মাঠের মধ্যে একটু ছড়িয়ে ছিটিয়ে বসে আছে ওরা ছ’জন। নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত সবাই। প্রত্যেকেই তাদের ঘরে ফিরে আসার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে।

    স্যামুয়েল
    আজ অনেক দিন পর বাড়ির চেনা পরিবেশে ফিরে এসে বেশ ভালো লাগছে। বাড়ির সবাই মিলে গল্পগুজব করে দিব্যি কেটে গেল সময়টা। আমার নিজেরই সংকোচ হচ্ছিল। আত্মগ্লানিতে ভরে উঠছিল মন। তবে পরিবারের সকলে মিলে গোটা পরিস্থিতিটাকেই কেমন স্বাভাবিক রেখেছিল। আমি অবাক হয়ে গেছি। এবার তোদের অভিজ্ঞতার কথা বল,শুনি।

    তৌফিক
    আমার বাড়ির সবাই বেশ খুশি তবে এখনও খুব স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। সকলেই একটা মানসিক চাপের মধ্যে রয়েছে। আমাকে যাচাই করে নিতে চাইছে যে সত্যিই আমি বদলে গিয়েছি কিনা। দুপুরে অনেকদিন পরে আজকে একটু ঘুমিয়েছি। সন্ধ্যায় বেড়িয়ে হঠাৎ দেখা হয়ে গেল আমার বন্ধু সফিকের সাথে। দুজনে মিলে একটা সিনেমা দেখতে গেলাম।
    নাইট শো, স্বাভাবিক ভাবেই ফিরতে একটু রাত হয়ে গেল। বাড়িতে ঢুকতে যাবো, হঠাৎ দেখি দরজার সামনে আব্বু দাঁড়িয়ে। আমাকে দেখেই…….

    আব্বু
    কি! নবাবজাদার এতোক্ষণে বাড়ি ফেরার কথা মনে পড়লো?
    কিছুই বদলেছে বলে মনে হয়না।

    তৌফিক
    ( আমতা আমতা করে বলে )
    আব্বু, আমি একটা সিনেমা দেখতে গিয়েছিলাম সফিকের সঙ্গে।

    আব্বু
    সফিক? মানে আনোয়ারের ব্যাটা?

    তৌফিক
    জী আব্বু। নাইট শো। বাস পেতে একটু দেরি হলো। তাই…

    আব্বু
    শোনো। আমাদের কাছে তুমি এখন ইবলিশের চর। এতোদিনে
    নিজেকে কতটা বদলেছো তা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। যাইহোক, আজ তোমাকে ঢুকতে দিচ্ছি। পরের দিন থেকে এমনটা হলে, এবাড়িতে তোমার ঠাঁই হবে না। এই কথাটা কান খুলে শুনে নিও।……

    তৌফিক
    আমি আব্বুকে সত্যি কথাই বলেছিলাম। আব্বু সে কথা বিশ্বাস করলো না। এই অবিশ্বাস নিয়ে বেঁচে থাকা যায়? আমাদের ভুলের মাশুল এভাবেই হয়তো দিয়ে যেতে হবে চিরকাল। হে প্রভু! আমি কী করবো এখন? কোনোদিন‌ই কি আমি আমার হারিয়ে যাওয়া জীবনকে ফিরে পাবনা?( কান্নায় ভেঙে পড়ে।)

    শোভন
    ভাই তৌফিক, আমরা সবাই এখনও গভীর মানসিক দোটানায় রয়েছি। মুহূর্তের আবেগ আর আনন্দ পেতে গিয়ে আমরা যে ভুল করেছিলাম সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে আমাদেরকেই। বাড়ির লোকজনকে দোষ দিয়ে লাভ নেই। ওঁরা ওদের জায়গায় সবাই ঠিক। একটা লোহা বেঁকে গেলে তাকে সোজা করা যেমন কঠিন, এ ক্ষেত্রেও যে তেমনটাই। আসলে আমাদের সম্পর্কের বণিয়াদ হলো বিশ্বাস। সেই বিশ্বাসের ভিতটাকেই আমরা নিজেরাই নাড়িয়ে দিয়েছি। তাই এখন যা ঘটছে তাকে স‌ইতে হবে আমাদের। পারিবারিক এই টানাপোড়েনের প্রভাব যে বৃহত্তর সমাজের ওপরেও পড়বে। তবে হাল ছাড়লে চলবে না।

    হীরু
    আমাদের এখন ধৈর্য ধরতে হবে। আলবার্ট স্যারের কথাগুলো মনে রাখলে আমরা মনে জোর পাবো। আমাদের প্রার্থনা নিশ্চয়ই আমাদের নতুন পথ দেখাবে। আজ একবার পুরনো কাজের জায়গায় যোগাযোগ করতে গিয়েছিলাম। আমার অভিজ্ঞতার কথা বলছি। দিব্যি ফিটফাট হয়ে গিয়েছি। আমাকে দেখেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো আমার পুরনো বস্ মিস্টার বসন্ত সান্যাল।……

    বসন্ত সান্যাল
    ( ফোনে কথা বলতে ব্যস্ত)
    হ্যালো, সান্যাল স্পিকিং। ওহ্, মিঃ কাপুর? বলুন। না না। আপনার কাজের জন্য যে ছেলেটাকে দায়িত্ব দিয়েছিলাম হীরক, আপনি মিট করেছেন ওর সঙ্গে – হি জাস্ট বিট্রেড উইথ মি। হি ওয়াজ কমপিটেন্ট বাট …। আমি আপনাকে খানিকক্ষণ বাদে কলব্যাক করছি। নেভার মাইন্ড মিঃ কাপুর।

    হীরু
    মে আই কাম ইন স্যার?

    বসন্ত সান্যাল
    ( রাগত কন্ঠে বলে)
    ইউ? হাউ ডেয়ার ইউ আর টু মিট মি। এখানে তোমার কোনো জায়গা নেই। তুমি এখন যেতে পারো। আই হ্যাভ নো টাইম টু টক উইথ এ্যান অ্যাডিক্টেড পার্সন।

    হীরু
    স্যার, আপনি আমার কথা একবার শুনুন।আই এ্যাম ফুললি কিওর্ড। আমাকে একটা সুযোগ দিন। আমি আমার হারিয়ে যাওয়া সুনাম নিশ্চয়ই ফিরিয়ে দেবো। প্লিজ স্যার, আই বেগ এ্যান অপরচ্যুনিটি। প্লিজ স্যার….

    বসন্ত সান্যাল
    তুমি কি নিজে থেকে যাবে? না আমি তোমাকে সিকিউরিটি স্টাফদের ডেকে বাইরে বের করে দেবো? এ্যান অ্যাডিক্টেড পার্সন হ্যাজ নো প্লেস হিয়ার। ইউ জাস্ট গেট আউট।…..

    হীরু
    আমি আজ মাথা নিচু করে বেরিয়ে এলাম। কি করবো,আই ডিড নট হ্যাভ এনি আদার ওয়ে। খুব হতাশ হয়ে পড়ছি। সমাজ আমাদের সহজে মেনে নেবেনা জানি, কিন্তু হাল ছাড়লে চলবে না। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। জামাল ভাই এবার তোর কথা শুনি।


    জামাল
    আমার আর কি বলার আছে? সেই পুরনো কাসুন্দি ঘাটা ছাড়া! তোদের তবু একটা পরিবার আছে অপেক্ষায় থাকার জন্য। আমার তো অপেক্ষা করে থাকার কেউ নেই। থাকার মধ্যে রয়েছে এক দিদি। তাঁর কাছে আজ এভাবে হঠাৎ করে গিয়ে দাঁড়াতে খুব লজ্জা করছে। জানি, দিদি আমাকে দূর করে হয়তো দেবেনা তবে বাকিরা এক রিহ্যাব সেন্টার ফেরত মানুষকে সহজে ঠাঁই দেবেনা। তবে দিদির কাছেই ফিরে যেতে হবে আমাকে।

    জোসেফ
    ( একটু জড়ানো গলায় কথা বলে)
    জামাল,হীরু, তৌফিক… ইউ আর ফরচুনেট। বাড়ির কথা ভাবতে পারছিস বলে। কিন্তু আমি ? আমি এই জোসেফ পেরেরা আমার বাড়িটাকেই হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই হোম, মাই বিলাভেড ফ্যামিলি মেম্বারস্। জীবনের পথ বড্ডো পিচ্ছিল। একবার পা ফসকে গেলে আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই।

    স্যামুয়েল
    তুই কি আবার নেশা করেছিস্ জোসেফ? এভাবে চললে যে আমরা চিরতরে হারিয়ে যাবো। আমরা তো সর্বনাশা নেশার ফাঁদ থেকে মুক্ত হয়েছি। হে প্রভু, আমাদের পথ দেখাও। আমরা নতুন জীবন শুরু করতে চাই। আমাদের একটা সুযোগ দাও প্রভু।

    জোসেফ
    আমরা কি সত্যিই নেশা ছাড়তে পেরেছি ব্রাদার্স? পারিনি। আর তাই আমার বাবা মা বোন সবাই তাঁদের পুরনো আস্তানা ছেড়ে কোথায় যেন চলে গেছে। তাঁদের নতুন ঠিকানার কথা কেউ জানেনা। আমি ক্রমশই হতাশ হয়ে পড়ছি। আমাদের কেউ আদর করে ডেকে নেবেনা। কেউ না, কেউ না।

    ( এমন সময় অনেকটা দৈব বাণীর মতো নেপথ্যে ভেসে আসে এক গম্ভীর কন্ঠস্বর – তোমরা কি নতুন জীবনের পথে আবার পাড়ি দিতে চাও? )

    সবাই একসাথে
    ( একটু উত্তেজিত কন্ঠে)
    হ্যাঁ চাইই। ভীষণ ভাবে চাই। আমরা আমাদের হারানো জীবনকে ফিরে পেতে চাই। কে কথা বলছেন?

    ( কন্ঠস্বর – আমি তোমাদের ঘুমিয়ে থাকা বিবেক। আমি তোমাদের যাচাই করে নিতে চাই।এটা যে আন্তরিকভাবে চাইছো তার প্রমাণ দিতে পারবে তোমরা? )

    সবাই একসাথে
    হ্যাঁ পারবো। আমাদের একটা সুযোগ চাই। কে দেবে আমাদের সেই সুযোগ? আমরা যে ভুল করেছিলাম, তার প্রায়শ্চিত্ত করতে চাই।

    ( কন্ঠস্বর – বেশ, তোমরা অপেক্ষা কর। প্রভুর কাছে প্রার্থনা করো, যাতে তিনি তোমাদের সঠিক পথ দেখান। সত্যের পথ দেখান। ন্যায়ের পথে তোমাদের চালনা করুন। তোমাদের চিত্তশুদ্ধি হোক। প্রভু তোমাদের মঙ্গল করুন)

    নেপথ্যে গান ভেসে আসে
    ও আলোর পথযাত্রী…….


    চতুর্থ দৃশ্য

    ( পাড়ার পরিচিত চায়ের দোকান। দোকানের মালিক বৃন্দাবন
    দাস। লোকজন অবশ্য চেনে বৃন্দাদার চায়ের দোকান নামে।চা বানাতে ব্যস্ত বৃন্দাবন।এমন সময় দোকানে আসে এক প্রবীণ মানুষ। পরনে সাদামাটা পোশাক। কাঁধে একটা ঝোলানো ব্যাগ। ভদ্রলোকের নাম জোনাথন রোজারিও বিশ্বাস। পেশাগত জীবনে শিক্ষক আর নেশায় সমাজসেবা। )

    জোনাথন
    বৃন্দাবন! কেমন আছো?

    বৃন্দাবন
    আরে ! মাস্টারমশাই যে! কতদিন বাদে আমাদের এলাকায় এলেন। শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক আছে তো?

    জোনাথন
    ( মুচকি হেসে) আরে এই শরীর দিয়েছেন যিনি দেখভালের দায়িত্ব‌ও যে তাঁর‌ই। তোমরা যেমন বলো কেষ্টর জীব, আমরা তেমন নিজেদের বলি খৃষ্টের জীব। তাঁর দয়াতেই যে সবাই চলে ফিরে করেকম্মে খাচ্ছি। তা তোমরা সবাই ভালো আছো তো?

    বৃন্দাবন
    আজ্ঞে, আমরা সবাই একরকম ভালোই আছি। বিপদে পড়লে কখন‌ও কেষ্টকে ডাকি, আর তাতে না কুলোলে খৃষ্ট বাবার স্মরণ নিই। এঁদের নিয়ে আমরাই মিথ্যে মিথ্যে কাজিয়া করে মরি, ওপরতলার ওনারা যে সবাই সমান, শতরূপে একাকার।

    জোনাথন
    বাহ্! একদম খাঁটি কথা বলেছো। সবার ওপরে যে মানুষ সত্য। মানুষের দুয়ারেই যে ঈশ্বরের ঠিকানা। তোমার কথা শুনে মনটা খুশিতে ভরে উঠলো বৃন্দাবন। দাও একটু গরম গরম চা দাও।আর সেই জিলিপি বিস্কুটটা থাকলে দিও।ওটা পেটে গেলে, নতুন চিন্তা ভাবনা সব মাথায় পাকিয়ে উঠবে। দাও দেখি বেশ আয়েশ করে চেখে দেখি। আমি ততক্ষণে খবরের কাগজে চোখ বুলিয়ে নিই।

    বৃন্দাবন
    এতোদিন পরে এলেন, একটু সুস্থির হয়ে বসে চা পান করুন। আমি দেখছি।

    ( এমন সময় দোকানে আসে সেই ছয়জন – জামাল, তৌফিক
    হীরক,শোভন, স্যামুয়েল এবং জোনাস)

    বৃন্দাবন
    ( অবাক হয়ে)
    আরে! এ যে মেঘ না চাইতেই জল এসে হাজির হয়েছে আমার এখানে। আজ না জানি কার মুখ দেখে উঠেছি। এসো এসো,বসো।

    শোভন
    কেমন আছো বৃন্দাবন দা? যাক্ তুমি অন্তত দুর দুর করে তাড়িয়ে দাওনি।

    বৃন্দাবন
    সে কি কথা? তাড়িয়ে দেবো কেন? তোমরা সব আমার সন্তানের মতো। তোমাদের তাড়িয়ে দেবো কেন?

    স্যামুয়েল
    তুমি সব জেনেশুনে বলছো তো?

    তৌফিক
    সবাই যে আমাদের দেখা মাত্রই খেদিয়ে দিচ্ছে। আমাদের ছ জনকে দেখে সব ভূত দেখার মতো করে পালাচ্ছে।

    জোসেফ
    তুমি নির্ঘাত ঠাট্টা করছো আমাদের সঙ্গে। আমি বেপথু হয়েছিলাম দেখে আমার পুরো পরিবার এলাকা ছেড়ে অন্য কোথাও চলে গেছে। আমার সঙ্গে তাঁদের দেখা পর্যন্ত হয়নি। বৃন্দাবন দা, তোমার সঙ্গে আমাদের এক পেয়ালা চায়ের সম্পর্ক, অথচ তুমি আমাদের সঙ্গে এমন স্বরে কথা বলছো?

    বৃন্দাবন
    ( একটু মুচকি হেসে)
    তোমরা সমুদ্র দেখেছো? কী হয় সেখানে?

    হীরক
    হ্যাঁ, আমরা সবাই সমুদ্র দেখেছি। হঠাৎ একথা জিজ্ঞেস করলে কেন বৃন্দাবন দা?

    বৃন্দাবন
    বেশ! ভালো কথা। তা সমুদ্রে কী হয় বল তো?

    জামাল
    এ আবার কেমন প্রশ্ন? সমুদ্র মানেই জল আর ঢেউ হয়ে সেই জলের নিরন্তর ওঠানামা। একবার উঠছে আর পরক্ষণেই নেমে যাচ্ছে। জল একবার উঠছে আবার নামছে।


    বৃন্দাবন
    একদম ঠিক কথা বলেছো তুমি জামাল ভাই। জলের নিরন্তর ওঠানামা। মানুষের জীবনটাও যে একটা সমুদ্দুরের মতো। একবার উপরে উঠছে আবার পরক্ষনেই তা নেমে আসছে। মানুষের জীবনে কখনও উন্নতি, সাফল্য, খুশি আবার কখনও ব্যর্থতা, বিপথগামীতা, দুঃখ। দুটোর কোনটাই যে স্থায়ী নয়।

    হীরক
    আমার ঠাকুমা একটা সংস্কৃত শ্লোক বলতেন -
    চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি।

    রোজারিও
    ( হাততালি দিয়ে ওঠে)
    সাবাস হীরক! খুব সুন্দর করে বলেছো। আজ যদি অন্ধকার, কাল তবে উজ্জ্বল আলোর সকাল।

    হীরক
    ( আমতা আমতা করে)
    আপনি আমাকে চেনেন? কিন্তু আমিতো আপনাকে দেখেছি বলে মনে করতে পারছি না।

    বৃন্দাবন
    উনি হলেন মাস্টারমশাই। তোমাদের খুঁজে বেড়াচ্ছেন কতো দিন ধরে।

    সবাই একসাথে
    ( অবাক হয়ে )
    আমাদের খুঁজে বেড়াচ্ছেন? এতো বড়ো অবাক করা কথা।

    রোজারিও
    এতো অবাক হবার কি আছে? অঙ্কটা তো খুব সহজ। তোমরা সবাই হন্যে হয়ে কাজ খুঁজে বেড়াচ্ছো নিজেদের নতুন করে প্রমাণ করার জন্য, আর আমি কয়েকজন কেজো মানুষের খোঁজে পথে নেমেছি যাঁরা আমার সঙ্গে থেকে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে কাজ করবে মানুষের জন্য।

    শোভন
    আপনি আমাদের অতীতটাকে জানেন? আমরা সকলেই….

    রোজারিও
    অমৃতের সন্তান। হ্যাঁ তোমরা সবাই অমৃতের পুত্র। তোমাদের আর কোনো পরিচয় নেই। আমি বর্তমানের হাত ধরে ভবিষ্যতের পথে হাঁটতে ভালোবাসি। অতীতচারিতা মানুষকে স্থবির করে তোলে। অতীতের কথা ভেবে ভেবেই সে বর্তমান আর ভবিষ্যৎ দুটোকেই নষ্ট করে ফেলে।

    সবাই একসাথে
    আমরা যদি আপনার বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা রাখতে না পারি?

    রোজারিও
    তাহলে জানবো আমার বিশ্বাসে গলদ ছিল, অপূর্ণতা ছিল, তাই আমি ব্যর্থ হয়েছি। আর সফল হলে জানবো মানুষ হয়ে মানুষের প্রতি বিশ্বাস শ্রদ্ধা আর ভালোবাসা রাখতে হয়। এটাই মানবিকতার শ্রেষ্টতম পরীক্ষা।আর আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।

    সবাই একসাথে
    ( নতজানু হয়ে)
    আপনি আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখালেন, আমরা সবাই সেই বিশ্বাসের পূর্ণ মর্যাদা রাখবো। অন্ধকারের পথ ছেড়ে আমরা সবাই এখন থেকে আলোর পথযাত্রী হয়ে উঠবো। সকল অবিশ্বাস আর উপেক্ষাকে হেলায় তুচ্ছ করে আমরা সবাই অমৃতের সন্ধানে পথ পাড়ি দেবো।

    বৃন্দাবন
    আজকের চায়ের দাম মকুব করা হলো।

    ( সকলে উল্লাস করে ওঠে)

    যবনিকা










     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • নাটক | ১৭ নভেম্বর ২০২৬ | ১৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পৌলমী | ২৩ নভেম্বর ২০২৬ ২১:৩৯744114
  • নাটক একান্ত ভাবেই মঞ্চায়ন দাবি করে। লেখা পড়ে একটা আভাস হয়তো পাওয়া যায় তবে সম্পূর্ণ আনন্দ পাওয়া যায় না। আলোয় ফেরা নাটকটির মধ্যে একধরনের গভীর ইতিবাচক বক্তব্য আছে। সমাজের পক্ষে এটা অত্যন্ত জরুরি। তবে এতো সহজেই নেশাগ্রস্ত তরুণরা বশ মানছে দেখে একটু খটকা লাগে বৈকি। রোজারিওর শেষ পর্বের বক্তব্য "--আমি বর্তমানের হাত ধরে ভবিষ্যতের পথে হাঁটতে ভালোবাসি। অতীতচারিতা মানুষকে স্থবির করে তোলে। " এককথায় অসাধারণ।
  • Somnath mukhopadhyay | ২৩ নভেম্বর ২০২৬ ২৩:২১744115
  • প্রথম মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই। এ নাটকে নাটকীয় সংঘাত নেই,আছে আত্মশুদ্ধির আকাঙ্ক্ষা। অভিনয় হলে ভালো হতো।দেখা যাক্।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন।