অনেকটা অভিমান নিয়ে অফিস থেকে বেরিয়েছিল তূর্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা করাটা কোনোদিনই ওর ধাতে ছিল না। আজও করতে চায়নি। কিন্তু হঠাৎ কী যে হলো—আসলে হওয়ার কথা ছিল না কিছুই। বছর পাঁচেক হলো ব্যাংকের চাকরিটা পেয়েছে। বাপ-মায়ের এক ছেলের প্রথম পোস্টিংটা হয়েছিল বাড়ি থেকে মোটামুটি কাছেই। একদম খাঁটি গেঁয়ো ব্রাঞ্চে বছর তিনেক কাটিয়ে ট্রান্সফার হয়েছিল জোনাল অফিসে। চোখ-কান বুজে কাজটা করত ও। বিবাদ সেভাবে কারও সঙ্গেই হতো না, আঞ্চলিক অধিকর্তা ছাড়া — যাঁকে ওদের ব্যাংকে ZM বলে ডাকা হয়।
ভদ্রলোকের বয়স ঊনষাট পেরিয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা আর ব্যাংকের ক্রমবর্ধমান চাপে মেজাজটা সপ্তমেই থাকে ওঁর। সপ্তাহখানেক আগে সকালে হাসপাতালে ভর্তি হয়েও বিকেলে ভগ্ন শরীর নিয়ে অফিসে জয়েন করেছিলেন তুহিনবাবু। ডিটারমিনেশন অবশ্যই, কিন্তু তার সঙ্গে জুড়ে ছিল ডিসেম্বর কোয়ার্টারের ক্রেডিট টার্গেটের শৈলসম চাপ। সেপ্টেম্বরে টার্গেট পূরণ হয়নি। সবাইকে নিজের চেম্বারে ডেকে তাই ভোকাল টনিক হিসেবে বাক্যসুধা পান করিয়েছিলেন যত্ন করে।
তবে আজকের ব্যাপার আলাদা। আজ তূর্যকে বাড়ি যেতেই হবে, কিছুটা তাড়াতাড়ি। জোনাল অফিসে থাকলে এমনিতেই রাত আটটার মার নেই। তূর্যর লক্ষ্য ছিল যেভাবেই হোক সাতটায় বেরোনো। কাল সেকেন্ড স্যাটারডে, তবু ডিসেম্বর-ক্লোজিংয়ের নামে জোনে স্পেশাল ক্রেডিট ক্যাম্প ডাকা হয়েছে; সেখান থেকে একটা দিনের ছুটি চেয়েছিল ও। বাড়ি যাওয়ার ট্রেন হয়তো পাবে না, কিন্তু শেষ বাসটা পেলেও সাড়ে এগারোটা-বারোটায় ঠিক বাড়ি ঢুকে যাবে। সাড়ে বারোটার আগে ওকে বাড়ি ঢুকতেই হবে। আধঘণ্টা বড়জোর নষ্ট করা যেতে পারে।
কিন্তু মুখের উপর না বলে দিলেন তুহিনবাবু। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, এবং নামের সঙ্গে চূড়ান্ত বৈপরীত্য রেখে, কেটে কেটে শোনালেন — শো-কজ খেতে না চাইলে কাল অফিসে আসতেই হবে। গুম মেরে নিজের চেয়ারে এসে বসেছিল তূর্য। ফোনের স্ক্রিনে ভেসে উঠল বাবার নম্বরটা। এই নিয়ে চারবার। পুরো রিং হয়ে কেটে গেল। পাশের টেবিলের বিশুদা বলল, "খেতে যাবি না?" ঘোরের মধ্যে মাথা নাড়ল তূর্য। ফোনটা আবার নড়ে উঠল — বাবার মেসেজ, "আসবি না?"
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস
ডিলটা আগে থেকেই হয়ে গিয়েছিল। বাবার সঙ্গে বসে ছোট থেকেই ওয়ার্ল্ড কাপ দেখে আসছে তূর্য। আঠারোয় দেখা হয়নি — প্রি-কোয়ার্টারেই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল বাপ-ছেলের স্বপ্নের আর্জেন্টিনা। এবার আর কোনো রিস্ক নয়। নেদারল্যান্ডসকে একসঙ্গে বসেই হারাতে হবে — সে যে যা-ই বলুক, কুসংস্কার হোক বা না হোক। এবার আর জাস্ট কোনো রিস্ক না।
ফোনটা আর ওঠাল না, মেসেজের রিপ্লাইটাও দিল না। তিন কোটির ফাইলটা টেনে নিয়ে মুখ গুঁজে কাজ করতে থাকল।
সাড়ে আটটার দিকে বিশুদা বেরিয়ে গেল। যাওয়ার আগে চুলটা ঘেঁটে দিয়ে বলল, "মন খারাপ করিস না, বুড়োর শরীরটা খারাপ। খেয়ে নিস। আর এবার ওঠ, আর কাজ করতে হবে না!"
তূর্য বসেই রইল। বাড়ি যখন যাওয়া হবেই না, তখন ওই স্যাঁতসেঁতে মেসের ঘরে ফিরেই বা করবেটা কী। এবার এল মায়ের মেসেজ, "ভাতের চাল কি দেবো বাবু?"
এবার তূর্য লিখল, "না!"
প্রায় পৌনে দশটায় ব্যাগটাকে এক কাঁধে ঝুলিয়ে, শুনশান গলিতে সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে মেসে ঢুকল ও। মেসে থাকে ওরা তিনজন। বাকি দুজন আবগারি দপ্তরের কেরানি, ওয়ার্কিং আওয়ার অনেকটাই কম। এর মধ্যেই খাওয়াদাওয়া সেরে যে যার ঘরে লেপের তলায় সেঁধিয়ে গেছে। উত্তরবঙ্গের মাতাল উত্তুরে হাওয়া কলকেতার বাবুদের এমনিতেও সেরকম পোষায় না।
রান্নাঘরে ঢুকে দেখল — তলানিতে ঠেকে যাওয়া মুসুর ডাল, খানকতক শিমভাজা আর কনকনে ঠান্ডা ভাতের উপর একটা মুষড়ে পড়া ডিমের ওমলেট। খাবার নষ্ট করতে ওর বাধে। কিন্তু আজকের ধকলটা ওকে ক্লান্ত করে ফেলেছে। একটু কফি বানিয়ে, আরেকটা সিগারেট ধরিয়ে ও ঘরে ঢুকল। প্রি-ম্যাচ আর এদিক-সেদিক সার্ফিং করল কিছুক্ষণ। তারপর ল্যাপটপটা অন করল। ঘড়ির কাঁটায় এখন রাত সাড়ে এগারোটা, টেলিকাস্ট শুরু হতে আর একঘণ্টা। আর তখনই আবার বেজে উঠল ফোনটা। জানত, বাবার। এবার ফোনটা ধরল।
"মন খারাপ?"
"হ্যাঁ!"
"আমার আরও বেশি! কেবিল লাইনটা গণ্ডগোল করছে, ম্যাচটা বোধহয় দেখাই হবে না।"
আরও কিছু খুচরো কথার পর ফোন রেখে দিল তূর্য। ওর মনে পড়তে থাকল ছোটবেলার কথা — বাচ্চাদের মতো চিৎকার করে বাবার গোল সেলিব্রেট করা। আরও বেশ কয়েকবার ফুসফুস জ্বালিয়ে, ঠিক বারোটা আঠাশে সেটআপ রেডি করল ও। ল্যাপটপে স্ট্রিমিং চালু, ভিডিও কলে বাবা। ফোনটা এমনভাবে রাখল, যাতে বাবা ফোনেই পুরো স্ক্রিনটা ঠিকমতো দেখতে পান। এখন কপাল জোরে নেটটা ঠিকঠাক চললেই হয়।
ক্যামেরা ল্যাপটপের দিকে ঘোরানো, তাই বাবাকে দেখা যাচ্ছিল না। শুধু গলা। কিক-অফের আগে খসখস আওয়াজ হলো, তারপর বাবা বললেন, "দাঁড়া, সরে বসি। বাঁদিকটা তোর।"
তূর্য কিছু বলল না। বাড়িতে, ডিভানের বাঁদিকটা খালি পড়ে রইল।
পঁয়ত্রিশ মিনিটে মেসির পাস, মোলিনার গোল। ফোনের স্পিকারটা ফেটে যাওয়ার জোগাড়। বাবা চেঁচাচ্ছেন — ঠিক যেমন চেঁচাতেন, ছোটবেলায়। পাশের ঘরের দেওয়ালে দুবার ধাক্কা পড়ল। তূর্য ভলিউম কমাল না।
তিয়াত্তর মিনিটে পেনাল্টি, দুই-শূন্য। বাবা হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন, "খেয়েছিস?"
তূর্য মিথ্যে বলল। এইসব ম্যাচে মিথ্যে বলা চলে।
তিরাশি মিনিটে ভেগহর্স্টের হেড। ও প্রান্ত চুপ। তারপর ঘড়ির কাঁটা যখন নব্বই পেরিয়ে এগারো মিনিট, ডাচরা একটা ফ্রি কিক এমন সাজিয়ে নিল যেন রিহার্সাল দিয়ে এসেছে। দুই-দুই।
"বাবা?"
কোনো উত্তর নেই। স্ক্রিনে কলের ঘড়িটা শুধু চলছে।
এক্সট্রা টাইমে কেউ কথা বলল না। এবার আর দেওয়ালে ধাক্কা নয়, পাশের ঘর থেকে আবগারির একজন ঘুমজড়ানো গলায় জিজ্ঞেস করল, "কত?" তূর্য বলল, "দুই-দুই।" লোকটা "ও" বলে পাশ ফিরল।
টাইব্রেকারের ঠিক আগে ভিডিও কলটা কেটে গেল। কপাল জোর আর কতক্ষণ চলে! তূর্য তিনবার ঘোরাল, কল উঠল না। সাধারণ ফোনটা কিন্তু লাগল প্রথম বারেই।
"বাবা, ভিডিও যাচ্ছে না। আমি বলছি।"
তারপর যা হলো, সেটা আর ম্যাচ দেখা নয়।
"ভ্যান ডাইক নিচ্ছে… আটকেছে! মার্তিনেজ আটকেছে!" ও প্রান্তে চিৎকার। "মেসি… গোল!" "বের্গহাউস… আটকেছে!" এবার দুজনেই চেঁচাল। পাশের ঘরের দেওয়ালে আবার ধাক্কা পড়ল, এবার তিনবার।
এনজো বাইরে মারল। বাবা বিড়বিড় করে কী যেন বলতে লাগলেন, মনে হলো ঠাকুরের নাম।
"লাউতারো হাঁটছে…" তূর্যর গলা কেঁপে গেল কি না, ও নিজেই বুঝল না। "নিচ্ছে…"
বলটা জালে ঢুকল।
ও প্রান্তে অনেকক্ষণ কোনো শব্দ নেই।
দমফাটা আনন্দ ভাগ করে,
ফোন রেখে রান্নাঘরে গেল তূর্য। ঠান্ডা ভাতটা ডাল দিয়ে মেখে খেয়ে নিল, দাঁড়িয়ে দাঁড়িয়েই। মিথ্যেটা অন্তত আর মিথ্যে রইল না।
সকালে জোনাল অফিসে ক্যাম্প। সেকেন্ড স্যাটারডের ফাঁকা বাড়িটায় পাখার শব্দও কানে লাগে। দশটা বাজতে না বাজতেই পিওন এসে বলল, সাহেব ডাকছেন।
চেম্বারে তুহিনবাবু একটা ওষুধের পাতা থেকে বড়ি ছাড়াচ্ছিলেন। চোখ তুলে তাকালেন। ওঁর চোখও লাল।
"রাত জেগেছ?"
তূর্য শক্ত হলো। "হ্যাঁ স্যার।"
"আমিও।" জল দিয়ে বড়িটা গিললেন। "ফাইনাল আঠারো তারিখ, রবিবার। ছুটি চাইতে হবে না। শনিবার দুপুরে বেরিয়ে যেয়ো।"
তারপর গলার স্বর একটুও না বদলে, "এখন ক্যাম্পের লিস্টটা আনো। আর সেপ্টেম্বরের মতো হলে কিন্তু ফাইনাল আমি এখানে বসেই দেখব, তোমাদের সবকটাকে নিয়ে।"
করিডোরে বেরিয়ে বাবাকে মেসেজ করল তূর্য, "আঠারোয় যাচ্ছি।"
বাবার উত্তর এল অনেকক্ষণ পরে। বাবা টাইপ করতে সময় নেন।
"বাঁদিকটা রইল"!
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।