এলাহাবাদ -৬

১৮৮৭তে জন্ম নিলেও এলাহাবাদ বিশ্ববিদ্যালয় অনেকদিন পর্যন্ত একটা অফিসিয়াল স্বীকৃতি দানের কাঠামোর আকারেই কাজ করেছে।পঠনপাঠনের কেন্দ্র হিসেবে তার পথ চলা পরে। স্বশাসিত মিওর কলেজ এলাহাবাদে ইউনিভার্সিটি এক্ট এর মধ্য দিয়ে তার আওতায় এসে গেল, আসতে আসতে শুরু হল নানান বিভাগ ও হোস্টেল। সুতরাং মিওর কলেজকে এলাহাবাদ ইউনিভার্সিটির সারস্বত হৃৎপিণ্ড বুঝি বলাই যায়!
আনন্দ ভবনের গেট থেকে ইউনিভার্সিটি অফ এলাহাবাদের মূল ক্যাম্পাস (সিনেট ক্যাম্পাস) খুব দূরে নয়, ঐ এক দেড় কিলোমিটার হবে। একটা টোটো নেওয়া গেল,সেই মাথা পিছু দশ টাকা ধরে ৫ জনের ৫০টাকা হয়,রিজার্ভ এ তাই ই হবে। গেটে সিকিউরিটি কে একটু বলে কয়ে আই ডি কার্ড দেখাতে "যাও যাও কলকাতা" বলে ছেড়ে দিলো। সিনেট হলের সামনের লনেই একদিন হরিবংশ তেজীর বিয়ের এট হোম হয়েছিল, এখানেই একদা ১২৫ টাকায় লিভ ভ্যাক্যান্সিতে তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করতে ঢুকে পার্মানেন্ট হয়েছিলেন। আবার কেমব্রিজে ডক্টরেট করে ফেরার পর যথাযথ মর্যাদা পেলেননা তাঁর কর্মস্থলে, সে দুঃখ রয়ে গিয়েছিল জীবন ভোর। কলকাতা তাঁর সে দুঃখ পুষিয়ে দিয়েছিল অনেকটা- সম্বর্ধনা আর শায়েরি পাঠের আসরে। তবে তৎকালীন পঞ্চাশের দশকের ইংরেজি বিভাগের ভারি সুন্দর ছবি উঠে আসে তাঁর লেখনীতে। উঠে আসে এলাহাবাদের সারস্বত পরিমণ্ডলেটিও। রাস্তাগুলি সুন্দর ভাবে সাজানো, মোড়ে মোড়ে রোড ম্যাপ। সামনে বিস্তৃত লন।পেছনেও একটি আছে।বিভিন্ন বিভাগগুলি র বাড়ীগুলি, অর্থনীতি বিভাগের পেছনে দর্শন বিভাগটির প্রতি ব্যক্তিগত টান।সেখানে এক দল হাসি মুখের ছেলে।ফটো তোলা গেলো একসাথে। ছুটির মুখে তাদের মুখগুলিও উজ্জ্বল।
হাঁটতে হাঁটতে হিন্দি,সংস্কৃত ছাড়িয়ে সেই ঐতিহাসিক কুয়ো যা একদা শুধু তৃষ্ণা মেটানোই নয়, বহু লেখককে ছায়ার আশ্রয় দিয়েছে, তাদের পিঠের ভার নিয়েছে লেখার সময়। হিন্দী সাহিত্যের ইতিহাসে তাই সে জায়গা করে নিয়েছে। রোদ চড়েছে, বেশি আর ঘুরব না শুধু আঁচে কানাচে লুকিয়ে থাকা গল্প গুলি মনে করতে করতে ফেরার পথ ধরি। বাঙালের হাইকোর্ট দেখা বাকি।আসলে তার মিউজিয়ামটি দেখা উদ্দেশ্য,সেটি আবার বন্ধ হয়ে না যায়!
গেট দিয়ে বেরিয়ে উল্টো ফুটে উল্টো দিকের টোটো।এবার ভাড়া চায় একশ,নব্বই তে রফা হয়।আনন্দ ভবনের পথেই আবার সেই আজাদ পার্কের গা ঘেঁষে থর্নহিল হয়ে পুরোনো রাস্তা কমলা নেহরু রোড। পার্কের চওড়া দিকের ২নম্বর, ১ নম্বর গেট কে বাঁদিকে রেখে আমরা তাকে অতিক্রম করে চলে যাবো,ধরবো মহাত্মা গান্ধী রোড। সে রাস্তা দিয়ে যেতে যেতে পড়বে সেই পাত্থর গীর্জা। ইচ্ছে ছিল সেখানে নেমে খানিক ঘুরে ফিরে কাছেই কফি হাউসে একটু কফি খাবো।এলাহাবাদ কফি হাউসটিও দেখার মত। কিন্তু সে গীর্জাটিতে সংস্কার এর কাজ চলছে, মূল দরজাও বন্ধ,তাই বাইরে থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হলো।ভারী সুন্দর সে স্থাপত্য।
হাইকোর্টের সামনেটা যেমন হয় আরকি - যেন মস্ত এক মেলা।খাবার,ফটোকপি,টাইপ,মোটর সাইকেল কালো কোট,নানান কিসিমের মানুষ আর চিৎকার চেঁচামেচি।ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট।নানান ঘটনার কেন্দ্রবিন্দুও। যদিও মামলা মোকদ্দমা বেশ ঝামেলার ব্যাপার তবুও এদের ছাড়া তো চলেওনা! তুলসীদাসও নিষ্কৃতি পাননি! আর যদি মোকদ্দমার ইতিহাস, ভূগোল, সামাজিক চালচিত্র নিয়ে ভাবতে যাই তাহলে কৌতূহল জাগতেই থাকে।
এখানে রেজিস্টার্ড আইনজীবী ৩৭০০০! এ হাইকোর্ট এর জন্ম ১৮৬৬তে। তবে প্রথমে তা ছিলো আগ্রায়, ১৮৬৯ এ তা এলাহাবাদে আসে। ওদিকে ১৮৫৬তে ব্রিটিশরা নবাব ওয়াজিদ আলী শাহর অযোধ্যার দখল নিয়ে তৈরি করেছিল জুডিশিয়াল কমিশনারের কোর্ট। সেখানে তখন প্রয়োজন ভিত্তিক শিথিল বা কঠোর অন্যরকম শাসন, ভারতের অন্য অঞ্চলগুলির সাধারন বিচার ব্যবস্থার মাপকাঠিতে তা মেলেনা! আবার ১৯২৫ এ আউধ চিফ কোর্ট তৈরি হলো লখনউতে পুরনো সেই জুডিশিয়াল কমিশনারের কোর্টকে সরিয়ে। কিন্তু, একই রাজ্যে দুটি হাইকোর্ট থাকতে পারেনা,তাই আউধ চিফ কোর্ট এলাহাবাদ হাই কোর্টেই মিশে গেল স্বাধীনতার পরে ১৯৪৮ এ।
এই এলাহাবাদ হাইকোর্টেই কর্নেলিয়া সোরাবজি প্র্যাকটিস শুরু করলেন প্রথম ভারতীয় মহিলা আইনজীবী হিসেবে ১৯২১ এ। ভারতের স্বাধীনতা সংগ্রামের বারদৌলি চৌরিচৌরা ঘটনার, কাকোরী ষড়যন্ত্রের যেমন এই হাইকোর্ট এই বিচার চলেছে, তেমনি স্বাধীন ভারতেও এই হাইকোর্ট বহু ঐতিহাসিক রায় দিয়েছে। যেমন,৭১ সালের লোকসভা নির্বাচনে রায়বেরিলি তে ব্যাপক রিগিং এর অভিযোগে ৭৫ এর ১২ই জুন এর রায়ে ইন্দিরা গান্ধীর ভোটে লড়ার উপর ছ বছরের নিষেধাজ্ঞা, যার আশু ফল দেশ জুড়ে জরুরী অবস্থা ঘোষণা (২৫ জুন), ২০১০ এ রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার রায়, যা পরে ২০১৯এর সুপ্রিম কোর্ট এর রায়ে খারিজ হয়ে যায়, তিন তালাক সম্বন্ধীয় রায়, ভারতে সর্ব ধর্ম নির্বিশেষে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ এক্ট (PCMA) র প্রয়োগ (২০২৬)।
আমরা সামনের উকিল বাবুদের জটলায় গিয়ে মিউজিয়াম দেখার কথা জিজ্ঞেস করলে একজন বলেন সিটি হবার নাকি উপায়ই নেই! আগে থেকে লিখিয়ে পড়িয়ে পারমিশন আনতে লাগে! কিন্তু আমরা তো জানি সিটি আম আদমির! ওসব লাগেনা। হঠাৎ এক জন লাফিয়ে উঠে "আপনে সহি বোলা" বলেই সামনের ধুলি ধূসর রাস্তাটি ধরে সিধে চলে যেতে বললেন। ওদিকে গিয়ে একটা বড় রাস্তায় ওঠা যায়,সেখানেই সাই মন্দির,আর তার পাশেই আমাদের মিউজিয়াম। তারপর আবার বললেন টোটো ধরে নিতে।টোটো যাবে বড় রাস্তা দিয়ে সিধে,তারপর বেঁকবে। টোটো তে উঠতে যাবো এমন সময় আবার ছুট্টে এসে সেই কালো কোট বলে গেলো টোটো ওয়ালাকে যেন সাই মন্দির যাবো বলি, মিউজিয়াম না বলি! লোকাল মানুষ বুঝি কেবল মন্দিরেই যায়,মিউজিয়াম যায়না। বাইরের লোক বুঝে বেশি ভাড়া চায় বুঝি! টোটো চলতে লাগলো আর মিনিট চার পাঁচের মধ্যে সে আমাদের নামিয়ে বাঁ দিকে দেখিয়ে বললো "উওহ মিউজিয়াম"! যাচ্চলে! ভাড়া কিন্তু বেশি নেয়নি।
থর্ণহিল রোডে এলাহাবাদ হাইকোর্টের এই মিউজিয়াম এর পোশাকি নাম: ল মিউজিয়াম এন্ড আর্কাইভ ।২০২১ সালে এটি খুলে দেওয়া হয়েছে।প্রবেশ মূল্য ১০ টাকা। আমরা আগে জানলে আনন্দ ভবন পেরিয়ে থর্ন হিল রোডটি ধরে সোজাই চলে আসতে পারতাম,অনেক কম রাস্তা হত সেটা; কিন্তু হাই কোর্ট যেতে গিয়ে থর্ন হিল ছেড়ে বাঁদিকে কমলা নেহরু রোড ধরেছি তারপর আবার ডান দিকে ঘুরে মহাত্মা গান্ধী রোড হয়ে হাইকোর্ট, তারপর আবার ডান দিকে গিয়ে সেই থর্ন হিলেই গিয়ে পড়েছি! বেশ একটা চৌকো মত ঘোরা হলো। কিন্তু সরাসরি ওখানে চলে গেলে তো পাত্থর গীর্জা আর দেখা হতনা, হাইকোর্টও অধরাই রয়ে যেত। আগে থেকে সব জেনে গেলে মজাই মাটি হত!
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।