এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া  - ৩৭ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৪৪ বার পঠিত
  • ( ৩৭ )  

    গৌরীশঙ্করবাবু অনেকদিন পর অনিন্দ্য বসুর কাছে এসেছেন।   নানা কাজে ব্যস্ত থাকায় তেমন সময় পান না।  আর অনিন্দ্যবাবুরও গৌরীশঙ্করকে বিশেষ প্রয়োজন হয়নি অনুমিত মনোমিতার ঘটনার উত্তাপটা আপাতত জুড়িয়ে যাওয়ায়।  রবীন্দ্রনাথবাবু আর যোগাযোগ করেননি তার মেয়ের ব্যাপার নিয়ে।   তার নিজে থেকে  খোঁচাখুঁচি করার ইচ্ছে জাগে না এইসব ব্যাপার নিয়ে।
    সে যাই হোক, সন্ধেবেলায় গৌরী চক্কোত্তির দেখা পেয়ে বেশ প্রসন্ন হলেন।   বাজারের হাতে গরম  টাটকা কিছু খবর পাওয়া যাবে।  
    ----- ' আরে এস এস... বল গৌরী কোথায় ছিলে এতদিন ?  ',   অনিন্দ্যবাবু উষ্ণ আপ্যায়ন করলেন
    গৌরীশঙ্করকে।  
    গৌরীশঙ্করবাবু ঘরে ঢুকে বসে পড়লেন একটা চেয়ারে।  
    ----- ' একটু দেশের বাড়িতে গিয়েছিলাম স্যার। জমিজমা নিয়ে একটু ঝামেলা হচ্ছিল কাকার ছেলেদের সাথে।   সেই জন্যে থাকতে হল।  জ্ঞাতি শত্রু বড় অশান্তির জিনিস স্যার কী বলব...  '
    ----- ' তোমার দেশ তো নদীয়ায়,  না ? '
    ----- ' হ্যাঁ,  ওই করিমগঞ্জের কাছে ...  '
    ----- ' তা, সমস্যা মিটেছে ?  '
    ---- ' না...  ও কী আর এত সহজে মেটে।  কোর্ট কাছারি করতে হবে মনে হচ্ছে।  সে যাকগে,  আপনি কেমন আছেন ?  কোন খবর আছে ?  '
    ----- ' আরে...  আমিই তো তোমার কাছ থেকে খবর পাবার আশায় বসে আছি।   বল কিছু ... চারপাশের হালচাল কেমন বুঝছ ?  '  
    ----- ' হালচাল বলতে ...  খেলাটা বড্ড জটিল হয়ে যাচ্ছে। শুধু শহরে নয় গ্রামেও।   এরপর মনে হচ্ছে
    নিজের বাপ মাকেও চিন্তা ভাবনা করে চিনতে হবে।  চট করে কেউ ভরসা করে বলবে না এ আমার বাবা বা এ আমার মা।   বেহায়াপনার একশেষ।  কী বলব...  ' 
    ---- ' কিরকম  কিরকম ? '
    ----  ' সবই তো বুঝতে পারছেন স্যার।   কী আর  বলব ?  '
    ----- ' হমম্...  কী মনে হচ্ছে টিকবে এরা ?  '
    ----- ' সে কথা একবছর পরে বলা যাবে।   বিরোধী কই ?  আপাতত টিকবে না কেন, দুরকম ফুল মিলেমিশে পরাগমিলন করে  টিকবে।   তাছাড়া ইঞ্জিন তো ডবল।   দুটো  ইঞ্জিনই বিগড়ে গেলে  তখন হয়ত ইয়ে .... ' 
    ----- ' আচ্ছা,  তুমি সেই মেয়েটার কোন খবর রাখ?
    আর তো কোন খবর পেলাম না।  ছেলের সঙ্গেও অনেকদিন কথা বলা হয়নি...  '
    ----- ' ও আচ্ছা...  রবীন্দ্রনাথবাবু ?  ওনার খবর বলতে পারব না।  তবে তার মেয়ের খবর ম্যাডামের কাছে পাবেন...  '
    ----- ' ম্যাডামের কাছে মানে শিঞ্জিনীর কাছে ?  সে আবার কী ক'রে ?  ' 
    ----- ' ওদের একটা নাটকের দল আছে।    ম্যাডামদের পাল্কীর একটা প্রোগ্রামে ওরা একটা নাটক করেছিল।  তারপর থেকে ম্যাডামের সঙ্গে মেয়েটার,  কী যেন নাম...  হ্যাঁ মনোমিতা মনে হচ্ছে...  বেশ জানাশোনা হয়েছে। এ বাড়িতেও এসেছে ... '
    ----- ' তাই নাকি ?  '
    ----- ' হ্যাঁ স্যার।   আপনি কোন খবর রাখেন না ? '
    ----- ' না...  আমি ঠিক ...  অনুমিতের কোন খবর রাখ ?  ওর সঙ্গে কথা হয়নি অনেকদিন...  '
    ----- ' একদম এখনকার কথা বলতে পারব না।  তবে আমার করিমগঞ্জে যাবার আগের খবর হল অনুমিত আর আগের মতো নেই।   অনেক বদল এসেছে...  '
    ----- ' কিরকম ?  '
    ---- ' কি বলব...  আগে কেমন ছিল সেটা তো আপনি জানেন,  আমি আর কী বলব। সোজা করে বলতে গেলে ভাল হয়ে গেছে এখন।   মনে হয় মেয়েটার সঙ্গে একটা সম্পর্কও হয়েছে ... মানে ভাল সম্পর্ক আর কি ...  ',  গৌরীবাবু মুচকি হাসেন।
    ------ ' তাই নাকি...  এতদূর ?   আমি তো কিছুই জানি  না...  '
    ----- ' আপনাকে না জানালে আপনি জানবেন কী করে ?  তাছাড়া আপনি অন্য জগতে থাকেন।   আপনার পক্ষে তো এসব .... অবশ্য ম্যাডামও এসব খবর রাখেন বলে মনে হয় না ... আবার হয়ত রাখতেও পারেন।  আমি নিশ্চিত নই।  
    ----- ' ও  আচ্ছা... তাহলে তো ... ',     বলে জজসাহেব মাথা নীচু করে কী চিন্তা করতে লাগলেন।
    গৌরীশঙ্কর চক্রবর্তী চেয়ারের হাতলে দুহাত রেখে অনিন্দ্যবাবুর দিকে একটু ঝুঁকে বললেন, ' ডবল ইঞ্জিন স্যার ...  গাড়ি ভাল ছুটবে।  ভেবে দেখতে পারেন।  মেয়েটা জেন জির দলেও বোধহয় আছে।  দিল্লী গিয়েছিল বলে শুনেছি ...  '
    কথাগুলো জজসাহেবের কানে গেল বলে মনে হয় না।   তিনি কী একটা চিন্তায় ডুবে রইলেন। 
        গৌরীবাবু খানিকক্ষণ বসে বসে একটা বাংলা খবরের কাগজের পাতা উল্টোতে লাগলেন।     অনিন্দ্যবাবু আপনমনে কিসব চিন্তাভাবনা করছেন।  এরকম প্রায়ই হয়, গৌরীবাবু খবরের কাগজের পাতা ওল্টাচ্ছেন আর জজসাহেব কিছু একটা চিন্তা করে চলেছেন।   গৌরীশঙ্কর এতে অভ্যস্ত।  
    খানিকক্ষণ বাদে বললেন, ' গৌরী তুমি বাদল ভৌমিকের নাম শুনেছ ? '
    ----- ' বা...দল ভৌমিক ?  ও...  হ্যাঁ বুঝতে পেরেছি। পাশের ওয়ার্ডের কাউন্সিলার  ছিল আগে।   আগেরবার নমিনেশান পায়নি।  চৌঠা মে-র পর জার্সি বদল করেছে।  হাজরার মোড়ে দেখলাম সেদিন কালীঘাট লাইনের একজনের সঙ্গে হেসে হেসে কথা বলছে ... অথচ বিদ্রোহী দলে ভিড়েছে... ' 
    ------ ' তাতে কী হল ?  '
    ----- ' না, হয়নি কিছুই।   আসলে ধাঁধায় পড়ে যাই,  কে যে কার সঙ্গে আছে বুঝতে পারি না...  '
    ----- ' ওটাতে এত অবাক হয়েও না।   পলিটিক্সে চিরশত্রু কিংবা চিরমিত্র বলে কিছু হয় না।   ইন্টারন্যাশানাল পলিটিক্সের দিকে তাকালে সেটা আরও ভাল বুঝতে পারবে।   একবারে নিক্তি মেপে হিসেব নিকেশ করে জোট বাঁধা চলছে।   নিজের সুবিধে ছাড়া কেউ কারও সঙ্গে বন্ধুত্ব করে না। নীতি আদর্শ দরকার মতো বদলে নেওয়া হয় সিচুয়েশান অনুযায়ী।   এর কোন পরিবর্তন এর পর আর দেখতে পাবে না। অবশ্য জেন জি ফ্যাক্টরটা একটা কনসিডারেবল ব্যাপার হতে পারে ন্যাশানানাল পলিটিক্সে। ন্যাশানাল পলিটিক্স আর ইন্টারন্যাশানাল  পলিটিক্স তো এক জিনিস নয়। যাক, ওসব কচকচি বাদ দাও।   এই বাদল না মাদল,  কে যেন...  একে নিয়ে একটা সমস্যা হয়েছে....  '
    ----- ' তাই নাকি  ?  কার সমস্যা...  আপনার ?  '
    ---- ' হ্যাঁ ...  '
    ----- ' আচ্ছা !  বলা যাবে ?  ...  ' 
    ----- ' ক'দিন আগে বাদল ভৌমিক আমাকে ফোন করেছিল।   বেশ ভদ্র বিনয়ী গলায় নিজের পরিচয় দিল।  ওই ওয়ার্ডের স্বধর্মরক্ষা কমিটির আহ্বায়ক না কী একটা বলল....  '
    ----- ' তারপর  তারপর...  '
    ----- ' বলল যে ওরা নাকি স্বধর্মরক্ষাকেন্দ্র না কী একটা তৈরি করার উদ্যোগ নিয়েছে তিন একর জমির ওপর। বড়সড় ব্যাপার মনে হল, যদিও এটার মূল উদ্দেশ্য কী সেটা ঠিক বুঝলাম না...  '
    এখানে গৌরীবাবু কথার মাঝখানে ফস বলে  উঠলেন, ' কত চাইল ?  '
    ----- ' অ্যাঁ...  কী বললে ?  '
    ----- ' বলছি কত চাইল ? ',   চক্রবর্তীবাবু আবার  বললেন।
      ----- ' দশ লাখ...  '
    ---- ' আপনি কী বললেন  ? '
    ---- ' বললাম,  আমি টাকা দেব কেন।  সে  অতি ভদ্রভাবে বলল যে, একটা জনকল্যানমূলক কাজ ...  আপনারা সমাজের পাঁচজন গণ্যমান্য ব্যক্তি যদি পাশে না দাঁড়ান কী করে হবে স্যার।   জেহাদিরা তো দেশটাকে শেষ করে দিচ্ছিল।   আমাদের তো সংগঠন জোরদার করার দরকার।  
    আমি বললাম,  তোমাদের পার্টি কি বলেছে সংগঠন জোরদার করতে...  '
    ------ ' কী বলল ?  '
    ---- ' ব্যাটা খুবই চতুর।   ঘুরিয়ে বলল, পার্টি কি এসব আলাদা করে বলে স্যার ?  তাদের অনেক  কাজ আছে।  হ্যাঁ, সাপোর্ট তো আছেই,  ওসব নিয়ে চিন্তা করবেন না...  কোন অসুবিধে হবে না।  আমি বললাম,  না না আমি কোন চিন্তা করছি না।  আমি এসব নিয়ে মাথাই ঘামাচ্ছি না।  আমি শুধু তোমাদের কোন কর্তার সঙ্গে সামনাসামনি কথা বলতে চাইছি।   কথাবার্তা সামনাসামনি হওয়াই তো ভাল। আলাপ পরিচয়ও হত।   এটা বলার  পরই তার কথার ধরণ বদলে গেল...  '
    গৌরীবাবু বললেন, ' নিশ্চয়ই বলল,  আপনি কিন্তু স্যার একটু বেশি রিস্ক নিয়ে ফেলছেন।   আপনি কত দিতে পারবেন সোজাসুজি জানান।   বেকার কথা বাড়াবেন না।  কাউকে কিছু জানিয়ে লাভ নেই,  এটা মনে রাখবেন...    তাই তো  ? '
    চক্রবর্তী মশাই  কৌতূহলী দৃষ্টিতে অনিন্দ্য বসুর মুখের দিকে তাকিয়ে রইলেন।  
    অনিন্দ্যবাবু বললেন, ' একদম এই কথাগুলো নয় । অনেকটা এই ধাঁচের।   বলল, কেন মিছিমিছি  এত ঘাঁটাঘাঁটি  করছেন।   আপনি যাকে খুশি বলতে পারেন।  কেউ আমার কিছু ছিঁড়তে পারবে না।  ওসব বাদ দিন...  কত দিতে পারবেন বলুন। 
    শনিবারের মধ্যে টাকাটা চাই...  সাড়ে আটের কমে
    হবে না কিন্তু ...  '
    ----- ' ঠিক আছে...  তারপর ? ',   গৌরীবাবু   বললেন।
    অনিন্দ্যবাবু  বললেন, ' আমি বললাম সাড়ে আট পয়সাও দেব না। দেখা হবে ঠিক জায়গায়।  বলে লাইন কেটে দিলাম ...  ' 
    ----- ' আ...  হাঃ... একদম।   এটাই আমার হিসেবে ছিল।  কলের পুরো রেকর্ড আছে নিশ্চয়ই...  ',   গৌরীবাবু সোজা হয়ে বসলেন।  
    অনিন্দ্যবাবু বললেন, ' হুঁ ... '
    ----- ' কোথায় ভাঙবেন কিছু ভেবেছেন ? '
    ----- ' মিডিয়ায় ...  '
    ঘটনাক্রমে ঠিক সেই সময়ে অনুমিত ঘরে ঢুকে পড়ল।  সে বলল, ' মিডিয়ায় কী দেবে গো ?  '
    জজসাহেব বললেন, ' বলছি,  বস এখানে...  '

      ( ক্রমশ ) 
    **********************
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন