এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  রাজনীতি

  • দূরে কোথায় ৪২

    হীরেন সিংহরায় লেখকের গ্রাহক হোন
    আলোচনা | রাজনীতি | ০৭ সেপ্টেম্বর ২০২২ | ৪১২৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)


  • দূরে কোথায় ৪২

    মানুষের মৃত্যু হলে তবুও মানব

    কিভ নগরীর উত্তর পশ্চিমে একটি শহরতলির নাম ইরপিন। সেখান থেকে আর পাঁচ কিলোমিটার গেলেই বুচা। ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে এই অঞ্চলে রাশিয়ান সৈন্যরা নিরস্ত্র নাগরিকদের ওপরে অকথ্য অত্যাচার, বলাৎকার এবং লুণ্ঠন চালিয়েছে। মৃতদেহে ভরে গেছে বুচার রাজপথ। মহামান্য লাভরভ বলেছেন ইউক্রেনের মানুষ নিজেদের লোককে নিজেরাই মেরে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমাদের সৈন্য ভদ্র শিক্ষিত মার্জিত। রাশিয়ানরা এই রণক্ষেত্র থেকে আজ অনেক দূরে, তবে রেখে গেছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তী কালে ইউরোপের মাঝে অনুষ্ঠিত ক্রুরতম ধ্বংস ও হত্যালীলার ইতিহাস।

    মারিউপোলের ভেরা একটি ইউক্রেনীয় ওয়েব সংবাদ পত্রিকার সঙ্গে সংযোগ সাধন করিয়ে দিয়েছেন– তার নাম ইরপিন অদ্য ( ইরপিন শোহোদনে )। সিরিলিক পড়তে পারি না। মায়া পারে, খানিকটা বোঝে। এটির শুরুতে এবং শেষে একটি আবেদন থাকে- ইউক্রেনকে ভুলে যাবেন না।

    আর থাকে ছবি। মানুষের প্রতি মানুষের নির্মমতার ছবি। সে ছবি হাজার কাহিনি বলে।


    শেষ পারানির কড়ি

    জতুগৃহ

    হাসপাতাল

    জীবন যে রকম


    আরেক দিন

    লড়াই শুরুর পরে ছ মাস কেটে গেলো। খবর কাগজের প্রথম পাতা থেকে ইউক্রেন কি ক্রমশ সরে যাচ্ছে দূরে? সেখানে বড়ো খবর - গ্যাসের, বিজলির, পেট্রোলের দাম। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে আয়ের তুলনায় জীবন ধারণের খরচা এতো উঁচুতে পৌঁছায় নি। মূল্যবৃদ্ধির হার ব্রিটেনে দশ, বালটিকে বিশ এমনকি জার্মানিতে আট শতাংশ। ব্রিটেনে ঘর পিছু গ্যাস ও বিজলির বিল গড়ে চার হাজার পাউনডে পৌছবে সামনের বছরে। লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন। গরিব মানুষের শীতের উষ্ণতা দেওয়ার জন্য কিছু ব্যয় লাঘব করবেন। জার্মানি কর কমাবে। ইংলিশ জার্মান ফরাসি স্প্যানিশ ফুটবল লিগ শুরু - খেলোয়াড়দের দল বদলের গল্প পাতায় পাতায়। শক্তিমান ডলারের সামনে পাউনড বা ইউরো হাঁটু গেড়েছে। পাকিস্তানে ভয়াবহ বন্যা। মহারানি পরলোকে প্রস্থান করলেন।

    ‘ ইরপিন অদ্য’ অনুনয় করে – ইউক্রেনকে ভুলে যাবেন না।


    তার কিছু দলিল এখানে দেওয়া উচিত মনে করি। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিধ্বংসী ছবি দেখেছি - পোল্যান্ড ১৯৩৯, লন্ডন ব্লিতস ১৯৪০, ইউক্রেনের বাবি ইয়ার ১৯৪২, হামবুর্গে অগ্নিবর্ষণ ১৯৪৪, ড্রেসডেন ১৯৪৫, বার্লিনের শেষ দিনগুলি ১৯৪৫। এই যুদ্ধে রাশিয়ান বর্বরতা এবং ইউক্রেনের প্রতিরোধ সংগ্রামের ছবি তেমনি একদিন পরবর্তী প্রজন্মের পাঠ্য তালিকায় যেন স্থান পায় ।


    অধিকৃত পূর্ব ইউক্রেনে অবশ্য রাশিয়ান কর্তৃপক্ষ পাঠ্য পুস্তকে অগ্নি সংযোগ ও পাঠ বস্তুর সংশোধন প্রকল্পে হাত দিয়েছে। এমন কর্মধারা অন্যান্য দেশেও দেখা যাচ্ছে আজকাল। নিত্য তুমি দেখ যাহা সত্য নহে তাহা।

    ছবিগুলির লোকেশন এবং দিন কাল উল্লেখ করার মানা আছে।

    ফিনিক্স পাখির মতো বিধ্বস্ত বার্লিন, ফ্রাঙ্কফুর্ট আবার জেগে উঠেছে। হয়তো একদিন মারিউপোল খারসন খারকিভ দনেতস্কও মানুষের পদশব্দ, শিশুদের কল কাকলিতে ভরে যাবে।


    ইউক্রেন ২০২২

    বার্লিন ১৯৪৫

    ফ্রাঙ্কফুর্ট ১৯৪৫

    এ বছর কলকাতায় বই মেলার মাঠে বসে যুদ্ধ আরম্ভ হবার খবর পেয়েছিলাম। তারপরেই রোদিকার ফোন- আমরা কি আমাদের বাড়িটা ইউক্রেনের ত্রাণ এবং বণ্টন কেন্দ্র করে তুলতে পারি ? কলকাতা যখন বাড়ি ফিরলাম দেখি তিলধারণের স্থান হয়তো আছে, আমার ও মায়ার নেই ! আমাদের কুকুরটা নিতান্ত বিভ্রান্ত হয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে। স্থানীয় জনগণ মুক্তহস্তে ত্রাণ দিয়ে গেছেন আমাদের বাড়িতে।
    ছ মাস কাটল। সারে জিলায় আসার জন্য দু হাজার শরণার্থী ভিসা পাবেন বলে ঘোষিত হয়েছে। আমাদের এলাকায় সাতশ। ইন্টারনেট এবং স্থানীয় ইউক্রেনিয়ান হাবের মারফত খবর পেয়ে আমাদের বাড়িতে এসেছেন অনেকে। এক বস্ত্রে এ দেশে এসে তাঁদের প্রয়োজন ছিল সবেরই। ইউক্রেনে তাঁদের সংসার ছিল, যা হোক কোন কাজ ছিল, ছেলে মেয়েরা স্কুলে গেছে, বাড়ির বেড়া ধরে বয়স্কা মহিলারা সুখ দুঃখের গল্প করেছেন। সর্বহারা হয়ে এখানে ওখানে, আমাদের বাড়িতে জামা জুতো মোজা কোট বই সাইকেল পেরাম্বুলেটর কম্বল বালিশ প্লেট ছুরি কাঁটা খেলনা বিছানা টিনের খাবার আবশ্যিক ওষুধ খুঁজেছেন। কিছু পেয়েছেন। এই পরদেশে তাঁদের স্টারটার কিট। মায়ার শোবার ঘর ছিল সার্বজনীন ট্রায়াল রুম।

    নব আগমনের ধারা ক্ষীণ। তেরনোপিল হতে আজ এলেন অকসানা, ভিসা পেয়েছেন অতি বিলম্বে। বড়ো ছেলে চব্বিশ বছরের। লড়াই করছে ইউক্রেনে তার বাবার পাশে দাঁড়িয়ে। ছোট ছেলেটি আঠারো বছরের। সে দেশ ছাড়ার অনুমতি পেয়ে মায়ের সঙ্গে এসেছে। তেমনি এলেন আনাসতাসিয়া, ইরা।




    গ্যাস ও তেলের ব্যবসা স্বাস্থ্যের পক্ষে হানিকারক

    ইরিনার পতি সাইমন ক্রিগার। সাইমনের দাদু ব্রিটিশ আর্মিতে ছিলেন। তাঁর বাবার জন্ম মুসুরিতে। সাইমনের ছোট বেলায় তাকে ঘুরিয়ে এনেছেন। ছোট সাইমনের মনে আছে রাতের বেলায় মুসুরি থেকে অনেক নিচে দেখা দেহরাদুনের আলো- একটা থালার মতন। অর্থনীতি, ফরাসি ও জার্মান শিক্ষা লাভের শেষে সাইমন বার্লিনে তেল ও গ্যাসের বিষয়ে রিসার্চ করতো কোন ব্যাঙ্কে। তার কাজে খুশি হয়ে ব্যাঙ্কের এক কর্তা বললেন এ বিষয়টার ভূত ভবিষ্যৎ যখন এত ভালো বোঝো যখন তেল ও গ্যাসের ট্রেডিং করো না কেন ? আজ সে তাই করছে। লন্ডনে। মাঝে মাঝে দেখা হয় এক পাত্র হাতে নিয়ে পাঁচটা গল্প হয়। সেদিন দেখা।

    গরমের ছুটি কেমন কাটল ?

    আগুনে পুড়ে, বৃষ্টিতে ভিজে, বন্যায় ভেসে।

    ???

    দক্ষিণ ফ্রান্সে বোরদোর কাছে সেসটার সুন্দর অরণ্যে কটেজ ভাড়া করেছিল তারা দু সপ্তাহের জন্য। আগস্টের শেষে স্পেন ফ্রান্স গ্রিসে যে দাবানল জ্বলে উঠেছিল তাতে সেই কটেজ ভস্মীভূত হয়। কোনমতে আপন মালপত্রের অর্ধেক নিয়ে ক্যালে পৌঁছেছে তারা। উওকিঙ্গের বাড়িতে এসে দেখে পাইপ ফেটে রান্নাঘর জলে ভেসে যাচ্ছে। সেটার ব্যবস্থা ও ইন্সিউরেন্সের কাছে দাবি দাওয়া পেশ করার পরে তারা স্থির করলে হাতে ছুটি আছে - কর্ণওয়াল যাওয়া যাক। সারা ইংল্যান্ড যখন রৌদ্র তপ্ত, কর্নওয়ালে বৃষ্টি চলল একটানা সাতদিন।

    ইংরেজিতে যাকে রাই হিউমর বলে তার বাংলা সঠিক কি জানি না। তির্যক কৌতুক ? সাইমন ব্যাখ্যান করলো এমন ভাবে যেন এসব কোন ব্যাপার নয় !

    আর কিছু ?

    সাইমন বললে আমাদের ট্রেডিং ডেস্কে আজকাল খুন খারাবির গল্প বেশ চালু হয়েছে। কান টানলে মাথা আসে, গ্যাস টানলে রাশিয়া। তুমি তো এককালে গাজপ্রমের সঙ্গে কারবার করেছো। জানো তাদের ব্যবসার সঙ্গে জড়িত কতজন গণ্য মান্য রাশিয়ান এ বছরে মারা গেছেন ?

    তেল ও গ্যাস বেচে ধন কুবের মিখাইল ওয়াটফোরড (আসল নাম মিখাইল তলস্তশে -পুতিনের সমালোচক ) আমাদের নিকটবর্তী গ্রাম ভার্জিনিয়া ওয়াটার্সে তাঁর মহার্ঘ্য বাসভবনের গ্যারাজে গলায় দড়ি দিয়েছেন ফেব্রুয়ারি মাসে। সেটা জানতাম। দূরে কোথায়ের এক কিস্তিতে সেটি লিখেছি। যেটা জানতাম না তা হল গ্যাস ও তেল সংশ্লিষ্ট একাধিক রাশিয়ান ধনী অথবা উচ্চপদস্থ মানুষের আকস্মিক মৃত্যু।

    সংবেদনশীল পাঠকের কাছে আগাম মার্জনা চেয়ে নিয়ে সাইমন কথিত দুঃসমাচারের ফিরিস্তি দিই:

    রাশিয়ার দ্বিতীয় বৃহৎ তেল কোম্পানি লুক অয়েলের চেয়ারম্যান রাভিল মাগানোভ হৃদযন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসার জন্য মস্কোর সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি হয়েছিলেন আগস্টের শেষে। গরবাচভের চিকিৎসা হয়েছে এখানে। হাসপাতালের ঘরের পাশে একটি ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন -সেখান থেকে হঠাৎ পা পিছলে পতন এবং মৃত্যু। সাক্ষী নেই তবে ব্যালকনিতে একটি সিগারেটের প্যাকেট পাওয়া যায়। বয়েস ৬৭। জন্মে তাতার ( বাবার নাম ছিল উলফত হিন্দি সিনেমার দরুন শব্দটা আমাদের বেশ চেনা ), মস্কো স্টেট ইউনিভারসিটি থেকে তেল এবং গ্যাসের ডিগ্রি প্রাপ্ত রাভিল মাগানোভ ইউক্রেনে মহামতি পুতিনের বিশেষ সামরিক কর্মকাণ্ডের প্রকাশ্য সমালোচনা করে বলেন এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, ট্র্যাজেডি। যুদ্ধে মৃত মানুষের জন্য তিনি শোক জ্ঞাপন করেন। লুক অয়েল তাদের বিবৃতিতে জানায় কিছুকাল রোগভোগের পর রাভিল মাগানোভ মারা গেছেন। হাসপাতালের খাটে শুয়ে না ধূমপান করতে গিয়ে, সেটা তারা জানায় নি।


    রাভিল মাগানোভ

    জুলাই মাসে সেন্ট পিটারসবুরগের একটি সুইমিং পুলের জলের তলায় ইউরি ভরোনোভের (৬১) মৃতদেহ পাওয়া যায়। পুলের পাশে একটি পিস্তল মেলে। তাঁর স্ত্রী জানান ব্যবসার কিছু অংশীদারের সঙ্গে ফোনে তর্কাতর্কি হবার পরে ইউরি বাড়ি থেকে বেরিয়ে যান। যেখানে মারা গেছেন সেটি কার বাড়ি কার সুইমিং পুল জানা যায় নি। ইউরি ভরোনোভ একটি লজিস্টিক সংস্থার ডিরেক্টর ছিলেন- যার প্রধান ব্যবসা ছিল গাজপ্রমের সঙ্গে।

    ইউক্রেন অভিযানের দু দিন বাদে ফেব্রুয়ারি মাসে গাজপ্রমের উচ্চপদস্থ অফিসার আলেকসান্দার তুইলাকোভেকে সেন্ট পিটারসবুরগে তাঁর আপন গৃহে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করেন তুইলাকোভের বান্ধবী। ময়না তদন্তে তাঁর শরীরে বহু আঘাতের দাগ দেখা গেছে। তাঁর বয়েস হয়েছিলো ৬১।

    জানুয়ারি মাসে গাজপ্রম ইনভেসটের লজিস্টিক অফিসার লেওনিদ শূলমানের (৬০) রক্তাক্ত মৃতদেহ তাঁর বাথরুমে পাওয়া যায়। বেশ খানিকটা দূরে একটা রান্নার ছুরি। পাশে একটি মৃত্যু কালীন জবান বন্দি - কিন্তু সেখানে ঠিক কি লেখা ছিল তা জানানো হয় নি।

    গাজপ্রমের সঙ্গে সংশ্লিষ্ট, ক্রেমলিনের প্রাক্তন অফিসার ভ্লাদিস্লাভ আলায়েভকে ( ৫১) তাঁর পেন্টহাউসে মৃত অবস্থায় পাওয়া গেছে। পাশে স্ত্রী এবং কন্যার মৃতদেহ - দু জনেই পিস্তলের গুলিতে মৃত। ।

    এর কয়েকদিন আগে নোভোটেক কোম্পানির ডেপুটি চেয়ারম্যান সেরগেই প্রোতোসেনিয়াকে (৫৫) তাঁর স্পেনের বাড়িতে মৃত অবস্থায় ঝুলতে দেখা গেলো। পাশে তাঁর স্ত্রী (৫৩) এবং কন্যা,(১৮) গুলিতে নিহত। ছেলে বাড়িতে ছিল না।

    লেওনিদ শূলমান বাদে কারো মৃতদেহের আশেপাশে ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নহে’ বা ‘ মহামতি পুতিনের দুর্মতির কারণে আমার মৃত্যু ঘটিল’ এমন কোন চিঠি রাশিয়ান বা অন্য কোন ভাষায় পাওয়া যায় নি।

    গল্প শেষ করে সাইমন বললে এবার কি ট্রেডারদের পালা ? সবই কো ইনসিডেনস ? সব ঘটল ইউক্রেনের লড়াইয়ের আশে পাশে। কানেকশনটা দেখো – সবাই তেল গ্যাস গাজপ্রমের সঙ্গে জড়িত। মাগানোভ পুতিনের নিন্দে করেছে যেমন মিখাইল ওয়াটফোরড। সেটা ক্রেমলিনের পছন্দ হয় নি। কিন্তু বাকিরা ? তাই বলছি সাবধানে থাকো। এককালে গাজপ্রমের সঙ্গে ওঠাবসা করেছো! রাশিয়ানদের হাত খুব লম্বা- ট্রটস্কিকে খুঁজে বের করেছিল মেক্সিকোতে ! তাদের স্মৃতি প্রখর!

    কথাটা সাইমন নিতান্ত ঠাট্টা করে বলেছে জানি। সে কবেকার গল্প। ডিলের জন্য সিটিব্যাঙ্ক পেয়েছিল জুতসই ফি, আমাদের জুটেছিল কিছু সাম্মানিক। গাজপ্রমের সঙ্গে আমাদের প্রেম প্রীতি প্রণয় ধুলায় হয়েছে ধূলি, পঁচিশ বছর আগে!

    তবু সাইমনের গল্পটা রোদিকাকে বলার সাহস হলো না।

    ৯ সেপ্টেম্বর ২০২২

    ছবির কৃতজ্ঞতা স্বীকার

    মানুষের মৃত্যু হলে - প্রথম ছটি - ইরপিন অদ্য
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ০৭ সেপ্টেম্বর ২০২২ | ৪১২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • পলিটিশিয়ান | 2603:*:*:*:*:*:*:* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:০১511819
  • সাদা প্রভুদের পাপ নিয়ে "প্যাচাল" পাড়ায় আপনাদের খারাপ লাগছে বলে দুঃখিত। কিন্তু নিরুপায়।
  • সিএস | 49.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:১০511820
  • হামবড়া সিউডো বিপ্লবীদের নিরুপায়পনা দেখে নবারুণের দু'লাইন মনে পড়ে। হাতে রয়েছে শুধু বক্কাবাজী।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:১০511821
  • সাদা প্রভুদের পাপ এক হাজার বার না, পাঁচ হাজার বার বলা উচিত। কিন্তু একজনের টইতে বারবার অন্য প্রসঙ্গ না নিয়ে এসে অন্য টই খুলে পাপের কথা লিখলে আলোচনা করতে ভালো লাগে। হীরেনবাবু একটা স্পেসিফিক সময় আর ঘটনাক্রম নিয়ে ফোকাসড আলোচনা করছেন। ঠিক এরকমই প্রতিটা পাপ নিয়ে অন্য টই খুলে লিখলে ভালো হয়।
  • সিএস | 49.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:১৪511822
  • যেমন, বুচা শহরের গণহত্যা যে সাদা প্রভুরাই ঘটিয়েছে সে নিয়ে চাট্টি লাইন লিখলেও তো হয়।
  • r2h | 165.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:১৫511823
    • dc | ১০ সেপ্টেম্বর ২০২২ ২১:১১
    • জনস্মৃতিতে প্রায় কোন কিছুই কখনো জেগে থাকেনা। খুব বেশী হলে পাঁচ কি দশ বছর...
    এটা মনে হয় ঠিক না। কোন না কোনভাবে থাকে, ইন্টারপ্রিটেশন পাল্টায়, কিন্তু থাকে। পুরনো সভ্যতাগুলোতে মহাপ্লাবনের গল্প, মোষ বনাম সিংহবাহিনী থেকে বর্গী এলো দেশে - কত কী আছে।
    অ্যাকাডেমিয়ানির্ভর ইতিহাসচর্চাও লিখিত তথ্যের ফাঁক ফোঁকর বোঁজাতে লোককথার ওপর নির্ভর করে বলে জানি।
    এই প্রসঙ্গে মোইলি মচ্ছা নালিত গচ্ছা-র পাঠোদ্ধারে ছোট মেয়েদের খেলার ছড়া ময়না মাছের ঝোল মনে পড়লো।
     
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:২২511824
  • r2h যা বলেছেন সেটাও ঠিক, তবে সেই জনস্মৃতির মনে হয় দেশ কাল পাত্র ইত্যাদির প্রেক্ষিত থাকে। মানে বাংলার জনস্মৃতিতে যা আছে সেটা মনে হয় চিলির জনস্মৃতির থেকে আলাদা হবে, বা প্রাগের জনস্মৃতির থেকে আলাদা হবে। আমার মনে ইন জেনারাল, ইতিহাসে, বা অন্তত অ্যাকাডেমিক চর্চায়, অনেক ঘটনাই ডকুমেন্টেড থাকে বা সেসব নিয়ে চর্চা হয়।
     
    তবে হ্যাঁ, মহাপ্লাবনের গল্প প্রায় সব সভ্যতায়ই পাওয়া যায়। এই ধরনের দুয়েকটা ঘটনা বোধায় এক্সেপশান, এগুলোকে আলাদাভাবে ইন্টারপ্রেটও করা হয় বোধায়।
     
    বোল্ড আর আন্ডারলাইন দেওয়া ডিসক্লেমারঃ আমি ইতিহাস বিষয়ে অত্যন্ত কম জানি। ওপরে যা লিখলাম সেটা ভুল হলে অবাক হবো না।
  • পলিটিশিয়ান | 2603:*:*:*:*:*:*:* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:২৫511825
  • সাদা প্রভুদের পাপের কথা এই টইতে আসছে কেননা পুতিনের পাপ এবং অন্য পশ্চিমী শক্তিদের পাপ টাইটলি কাপলড। হীরেনবাবু সম্পর্কে আমার কোন ব্যক্তিগত মত নেই। উনি জনসেবা করছেন শুনি। সেটা ভাল লাগে।
     
    কিন্তু পুতিনের পাপ আর বুশ ব্লেয়ারের পাপ একই গোত্রীয়। কাজেই একটা নিয়ে গুঁতিয়ে যাওয়া আর অন্যটার কথা বললে রে রে করে ওঠাটা আবার আমার ভাল লাগেনা।
     
    • dc | 2401:4900:2308:2167:b485:413a:9f7e:1cc8 | ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:১০511821
    • সাদা প্রভুদের পাপ এক হাজার বার না, পাঁচ হাজার বার বলা উচিত। কিন্তু একজনের টইতে বারবার অন্য প্রসঙ্গ না নিয়ে এসে অন্য টই খুলে পাপের কথা লিখলে আলোচনা করতে ভালো লাগে।
  • সিএস | 49.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:২৭511826
  • ওরাল হিস্ট্রি বলে একটা ডিসিপ্লিনই তো আছে, প্রাতিষ্ঠানিক ইতিহাসচর্চার সীমাবদ্ধতা পেরোনর চেষ্টা। জনস্মৃতিকেই ব্যবহার করা হয়, লোকের ইন্টারভিউ নেওয়া হয়, সেসব অবশ্য ভ্যালিডেট করা হয়, তারপর বই লেখা হয়। পার্টিশন নিয়েই মনে হয়, ক'বছর আগে একটা বই দেখেছিলাম।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:৩৩511827
  • হুঁ, একটা জিনিষ নিয়ে গুঁতিয়ে যাওয়াটা আপনার ভালো লাগছে না বুঝতে পারছি। তবে অনেক সময়েই একজন একটা বিষয়ই লিপিবদ্ধ করেন। এনিওয়ে, আশা করবো হীরেনবাবু গুঁতিয়ে যাওয়া বন্ধ করবেন না :-)
  • পলিটিশিয়ান | 2603:*:*:*:*:*:*:* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৩511829
  • ভুল বুঝলেন ডিসি। হীরেনবাবু বা আর কেউ পুতিন নিয়ে গুঁতিয়ে গেলে আমার কোনই আপত্তি নেই। আমার আপত্তি হল সেই সূত্রে কেউ অন্যান্য পশ্চিমী শক্তির পাপের কথা তুললে রে রে করে ওঠায়।
  • পলিটিশিয়ান | 2603:*:*:*:*:*:*:* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২৩:১৪511830
  • আমি লিখেছিলাম
     
    "কিন্তু পুতিনের পাপ আর বুশ ব্লেয়ারের পাপ একই গোত্রীয়। কাজেই একটা নিয়ে গুঁতিয়ে যাওয়া আর অন্যটার কথা বললে রে রে করে ওঠাটা আবার আমার ভাল লাগেনা।"
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ১০ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৪511832
  • রে রে বোধায় কেউ করে ওঠেনি। তবে আমি বা অন্য দুয়েকজন বলতে চেয়েছিলাম বর্তমান ইউক্রেন প্রসঙ্গ কেউ লিপিবদ্ধ করে রাখতে চাইলে বারবার তাঁকে অন্য প্রসঙ্গে নিয়ে যাওয়াটা অনর্থক।
  • :|: | 174.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৮511834
  • "বিকতৃপিম" কাহারা? বিকতৃসি হলেও বুঝতুম -- এইটে বেশ ট্যান গেলো।
  • :|: | 174.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫১511835
  • ১০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৮-এর প্রেক্ষিতে।
  • Amit | 124.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০২২ ০৪:৫১511836
  • যাদের এতো সাদা প্রভুদের পাপের ইতিহাস নিয়ে বলতে মন চায় তারা শ খানেক নতুন টোয়ি খুলে লিখুন না। কে আটকাচ্ছে ? হিরেন বাবু র টোয়ি গুলোকে সাইড ট্র্যাক করার দরকার আছে কি ? উনি নিজের অভিজ্ঞতা এবং যেভাবে সাহায্য করছেন সেগুলো ডকুমেন্টেড করে যাচ্ছেন। তো ওনাকেই আগের যাবতীয় পাপের দায়িত্ব নিয়ে লিখতে হবে কেন ?
     
    আর বিশেষ দু একটা নিকের থেকে প্রতিটা এই কন্টিনিয়াস ডিসটার্ব করার উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার। নিজের কম্যুনাল এজেন্ডা অন্য টোয়িতে পিগিবাক করা। আগের নিকটা ধরা পড়ে যাওয়ায় এটাতে অন্য নিক নিয়ে হাজির হয়ে গেছে।
  • Politician | 2603:*:*:*:*:*:*:* | ১১ সেপ্টেম্বর ২০২২ ০৯:২৮511840
  • সাম্প্রদায়িকতা খুব খারাপ ব্যাপার। cool
  • &/ | 151.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০২২ ০০:৪৩511863
  • এইভাবে এর পাপ, তার পাপ, তার আগের কার পাপ, সেই পাপের কে বাপ---এই করতে করতে কার্যকারণ বোঝাতে বোঝাতে একেবারে বাবা আদমের আপেলে অর্থাৎ কিনা আদি পাপে গিয়ে যদি পড়েন, তাহলে কী হবে? ঃ-)
  • niemo | 160.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০২২ ০৮:৩১511886
  • @ডিসি @অমিত
     
    দেখুন আমি দুটি বিষয়ে এইখানে বলতে চাই |
     
    ১ | ইউক্রেইন্ এর ক্ষেত্রে দুটি বিষয় আছে | এক ভূ রাজনীতি ও দুই মানবিকতা | ইউক্রেইন্ এর রেফিউজি দের ব্যাপারে যে কাজ করছেন হীরেনবাবু আমি তাকে আগেও অকুন্ঠ সমর্থন করেছি এখনো করছি এবং আবার করবো |
     
    ২ | এটিও এখন প্রমাণিত সত্য যে আম্রিকা ও ইউরোপ এর রাষ্ট্রযন্ত্র গাত্রবর্ণ দেখে মানবত্ৰাণ করে | এর হাতে গরম নজির হলো যে যুদ্ধ করতে আম্রিকা ইউক্রেইন্ কে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে ও একই সময়ে পাকিস্তানকে বন্যাত্রান বাবদ মাত্র ৩০ মিলিয়ন ডলার | অথচ পাকিস্তানের বন্যাতে গৃহহীন মানুষ এর সংখ্যা ইউক্রেইন্ এ যুদ্ধের গৃহহীন সংখ্যক মানুষের প্রায় দুইগুণ | আরেকটি কথা ইউক্রেইন্ কে অস্ত্র এর মধ্যেই কিনে দেওয়া হয়েছে অথচ পাকিস্তানকে শুধুমাত্র প্লেজ বা প্রতিশ্রুতি করা হয়েছে |
     
    এই দ্বিতীয় বিষয়ে আমার কথাকে সমর্থন স্বয়ং হীরেনবাবুর লেখাতেই পাওয়া যায় | আমি নিচে নামিবিয়া তে হলোকাস্টের প্রসঙ্গে হীরেনবাবুকে quote করলাম |
     
    "দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্বরতা ও সামগ্রিক ইহুদি নিধনের জন্য জার্মানি বারবার ক্ষমা চেয়েছে বিশ্বের কাছে | জেরুসালেমের yaad ভাশেম জার্মান রাষ্ট্রপতি চ্যান্সেলর হাঁটু গেড়েছেন বিনীত দুঃখে | ক্ষমা চেয়েছেন বিশ্বের কাছে | হলোকাস্টের জন্য শোক ও দুঃখ প্রকাশ করতে বিলম্ব হয়নি | আমার দীর্ঘ জার্মান প্রবাসে জেনেছি কি বিস্তারিতভাবে তারা আপন অপরাধ স্বীকার করেছেন | কন্সেন্ট্রেশন ক্যাম্পের বন্দির সংখ্যা, তাঁদের জাতিগত পরিচয় কবে কে বিদায় নিলেন তার সব কিছুর নিখুঁত পরিসংখ্যান দিয়েছেন তাঁরা | কাগজ পত্রে হিসাবে কোনো ভুলচুক নেই |
     
    এরা যে সব শ্বেত ককেসিয়ান | কিন্তু নামিবিয়ার নৃশংসতার জন্য ক্ষমা চাইতে একশ বছরের বেশি লাগলো কেন ? তাঁরা কি কালো বলে ?"
     
    (সোর্স : "আমার আফ্রিকা", হীরেন সিংহ রায়, দে পাবলিকেশন, অধ্যায় ৩ নামিবিয়া, পৃষ্ঠা ৫৫ )
     
    আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম |
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন