এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক  সমাজ  শনিবারবেলা

  • বিক্রি হওয়া মেয়েরা

    মঞ্জীরা সাহা
    ধারাবাহিক | সমাজ | ২৯ মার্চ ২০২৬ | ১৪০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • পর্ব ১ | পর্ব ২
    ডিজিটাল ইন্ডিয়ার বাজারে অনলাইন শপিং চলে। শপিং মল উইন্ডো শপিং হোম ডেলিভারি ফ্রি ফ্রি ফ্রি…। মাল্টি স্টোরেড বিল্ডিং বা একতলা ছাতের ঘুপচি ঘুপচি অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে মেয়ে বিক্রি হয়। চড়া দামে বা কম দামে। হাত বদল হয়। নিষিদ্ধ পল্লীর ঠিকানা বদল হয়। রেস্কিউ হয় কেউ কেউ। ফিরে যায়। হারিয়ে যায়। মর্গে শুয়ে থাকে। তপতী ভৌমিকের জীবন কেটেছে এদের নিয়ে। রেস্কিউ করেছে। ফিরিয়ে দিয়েছে। বার বার রেড করেছে দিল্লির জি বি রোড, কোলকাতার কালীঘাট, সোনাগাছি বা মুম্বাইএর কামাতিপুরা। ওরা এসেছিল মেদিনীপুর বাঁকুড়া সুন্দরবন বা সাতক্ষীরা কুষ্ঠিয়া থেকে। ওদের নিয়েই মঞ্জীরা সাহার কলমে শুরু হল ধারাবাহিক ‘বিক্রি হওয়া মেয়েরা’

    ছবি: রমিত



    শরীর… শরীর… শরীর…


    বড় রোড। গাড়িটার স্পিড্‌ বারবার কমে যাচ্ছে। ব্রেক চিপে দাঁড়িয়ে পড়ছে। রাস্তায় জ্যাম আজ বেশি। বৃষ্টি হচ্ছে রাত থেকে। চারিদিকে জল কাদা। কাদামাখা বৃষ্টির জল সাদা সুমো গাড়িটা কালছে করে ফেলছে। গাড়িটা এবার বড় রাস্তা থেকে ছোট একটা রাস্তায় ঢোকার চেষ্টা করে চলেছে। রোডের মুখের অনেকগুলো গাড়ি পরপর আটকে আছে। ভিড় ওখানটায় খুব। হর্ণ বেজে চলেছে নানারকম। সাদা গাড়িটা ছোট রাস্তাটায় ঢুকে পড়েছে। আরো দু চারটে গলি পেরিয়ে জ্যামে আটকে পড়েছে আবার। হর্ণ দিচ্ছে। মাঝের সিটে জানালার ধারে একজন ভদ্রমহিলা বসে আছে। বারবার উঁকি মারছে বাইরের দিকে। ওখানে জানালার কাচটা খোলা। বৃষ্টির জলে মহিলাটির মুখে গায়ে গিয়ে পড়ছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই। খুব মনোযোগ দিয়ে আশপাশের উঁচু উঁচু বিল্ডিংগুলোর দিকে দেখছে তাকিয়ে তাকিয়ে। খোঁজার চেষ্টা করে চলেছে কোনও কিছু। তারপাশে বসা আরো দুজন পুরুষ। সামনের সিটে ড্রাইভারের পাশে আরো একজন। পিছনের সিটে আরো জনা তিনেক পুরুষ। খানা খন্দে দুএকবার গাড়ির চাকা আটকে গিয়ে আবার চলতে শুরু করেছে গাড়ি গলির ভেতর।

    গাড়িটা এসে থেমে গেল সবুজ রঙের একটা বিল্ডিংএর সামনে। এখানটায় মানুষের ভিড় বেশি। পান বিড়ি সিগেরেট গুটখার দোকান। দলটা গাড়ি থেকে নেমে পড়েছে। উঠছে এবার বিল্ডিংএর সিঁড়ি বেয়ে। ওই যে সিঁড়িতে একেবারে সামনে চলেছেন উনি সেই গাড়ির জানালার পাশে বসে থাকা ভদ্রমহিলা। সালোয়ার কামিজ পরা। কাঁধে ঝুলছে লেডিস ব্যাগ। হাতে কালো রঙের একটা ফাইল। কোলকাতা থেকে এসেছেন বাহাত্তর ঘণ্টার জার্নি করে। আগের দিন রাতে এসে পৌঁছেছেন। তপতী ভৌমিক। পিছনে যে বেশ লম্বা চওড়া পুরুষ মানুষেরা তারা পুলিশ। দুজন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চএর। আর বাকি দুজন কোলকাতা পুলিশের। দলটা উঠছে। রাস্তার চিৎকার চ্যাঁচামেচির শব্দ কমছে ক্রমশ। দু-তলা পেরিয়ে তিনতলা। দলটা থেমে গেল। দরজাটা পুরোনো। বড় সাইজের একটা দরজা। দরজার পাশ দিয়ে দেওয়ালগুলো ড্যাম্প পড়া। দেওয়ালের নীল রংটা ড্যাম্প পড়ে আরো ডার্ক হয়ে ছোপ ছোপ হয়ে গেছে। দরজার সামনে একটুখানি দাঁড়ানোর জায়গা। কোনওরকমে দাঁড়িয়ে আছে তপতী ভৌমিক। পেছনে সিঁড়ির ধাপে অন্যরা। কড়া নাড়ছেন। কোনও সাড়া নেই ভেতর থেকে। শব্দ হচ্ছে কেবল বাইরে বৃষ্টির। আর কড়া নাড়ার শব্দ। দরজাটা কাঠের। কাঠের উপর লোহার কড়া নাড়ানোর শব্দটা বাড়ছে। জোরসে। কলিং বেলের পাশ দিয়ে আঙুলের ছাপে ছাপে কালো কালো ছাপ। সুইচের নিচটাতে কেবল সুইচের আসল ঘিয়ে রঙটা বেরিয়ে আছে। ওখানে বার তিন চারেক চাপ দেওয়ায় কোনও শব্দ হয়নি। কলিং বেলটা খারাপ। বা বন্ধ করা আছে ভেতর থেকে। এবার দরজার বাইরে কথার শব্দ হচ্ছে। তপতী ভৌমিক আর চারজন পুরুষের ভেতর কথা হচ্ছে। কথার শব্দটা বাড়ছে। কড়া নাড়ানো হচ্ছে এবার আরো জোরসে। কড়া নাড়ানোর শব্দটা দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কানে এসে লাগছে। ভেতর থেকে এখনও কোনও শব্দ নেই। এবার টুক করে একটা শব্দ। ছিটকিনি খুলছে কেউ ভেতর থেকে। দরজা খুলে গেল। ফর্সা এক মহিলা। দরজা খুলে দাঁড়িয়ে আছে ভেতরে। দরজা খোলার সাথে সাথে একটা গানের শব্দ বেরিয়ে এলো বাইরে। ইয়ে দিল দিওয়ানা… দিওয়ানা ইয়ে দিল। দরজায় দাঁড়ানো মহিলার হাতে একখানা হাতপাখা। হাওয়া খাচ্ছে সেটা দিয়ে। আরেক হাতের নীচে চেপে ধরে আছে একটা বালিশ। চোখ দুটো চেড়া চেড়া, ভ্রুটা মোটা। চুলটা মাথার উপর দিকে খোপা করে বাঁধা। মোঙ্গোলিয়ান ফেস। ভারী চাহারা। ঢিলে চামড়া ঝুলে পড়েছে এধারে ওধারে। ছাপার স্লিভলেস ব্লাউজ। চুমকি বসানো সিন্থেটিক শাড়ি। সামনে আঁচল দিয়ে পরে কোমোরে একপাশ গোঁজা। মহিলাটির পেছন দিয়ে ঘরটা এবার দেখা যাচ্ছে। চড়া নীল রঙ করা একটা ছোট মতোন ঘর। টিমটিমে একটা আলো জ্বলছে ভেতরে। ঘুপচি ঘরখানা। দরজাটা খুলে নির্বিকারভাবে দাঁড়িয়ে হাওয়া খেয়ে চলেছে মহিলাটি। কিছু একটা বলায় আস্তে আস্তে কি একটা বলল প্রথমে। ঠিক শোনা গেল না। তারপর চুপ। শুধু বোঝা গেল নেপালি ভাষায় কথাটা বলেছে। বোঝ যাচ্ছে মহিলা নেপালের । এক মিনিট থেমে তপতী ভৌমিক ভেতরের মহিলাটিকে জিজ্ঞাসা করছে কিছু।

    এবার ঘরের মহিলা উত্তর দিচ্ছে ভাঙা সুরে হিন্দিতে। কিস্‌সে চাহিয়ে। হাতের পাখাটা নাড়িয়ে চলেছে এখনও। হিন্দি গানের সঙ্গে ঘরের ভেতর থেকে বাচ্চাদের কথার শব্দ আসছে। দরজার বাইরের দলটার চোখেমুখে উত্তেজনা। তাদেরই একজন একটা কাগজ দেখাচ্ছে বার করে। জোর গলায় বলছে কথা। ভেতর থেকে মহিলা একবার তাকালো কাগজটার দিকে। খুব একটা কিছু বলল না দেখে। আর দেরী করতে চাইছে না দলটা। ঢুকে যেতে চাইছে ভেতরে। বেশ জোরে হেঁটে ঢুকে পড়ল । ভেতরের মহিলাটি একটু সরে দাঁড়ালো। চেড়া চোখ দিয়ে নিরুদ্‌বিগ্নু দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল সেভাবেই। এবার গানের শব্দটা আরো একটু জোরে শোনা যাচ্ছে। হাত পাখাটা চলতে লাগল আবার। ইয়ে দিল দিওয়ানা… দিওয়ানা ইয়ে দিল…। গানটা বেজে চলল। বাইরে একটু ঠান্ডা লাগছিল। ভেতরে ঢুকে পড়ে ঠান্ডা ভাবটা কমে গেল। বদ্ধ। গুমোট। কিরকম একটা ভ্যাপসা গন্ধ ভিতরে। গন্ধটা কিসের। কোনও ধূপের ! না শুধু ধূপের গন্ধ না। সঙ্গে মিশে আছে কিরকম মাংসের মতো কিছু খাবারের গন্ধ। একটু আগেই খেয়েছে কেউ এই ঘরে বসে। গন্ধটা এখনো আটকে আছে ঘরের ভেতর। আর ঘামের গন্ধ। বোটকা গন্ধ। তেলের গন্ধ। আরো কোনও গন্ধ আছে। চারপাশের দেওয়ালে নানারকম ছবি। সালমান খান, শিব ঠাকুর, শাহরুখ খান, শেরওয়ালী, লাড্ডু হাতে গণপতি, মাধুরী দিক্ষিত, আমীর খান, রাণী মুখার্জি, জুঁই চাওলা…। কোনওটার রঙ চটে গিয়েছে। কোনোওটার উপরের প্লাস্টিকের পরতটা ছেঁড়া ছেঁড়া হয়ে উঠে আছে। হিরো হিরোইন ঠাকুর দেবতার পোস্টারগুলির উপর আঁকিবুকি চলেছে অনেকবার। ঠোঁটের উপর দিয়ে লাল কালির পেন দিয়ে আরো লাল করে দিয়েছে কেউ। এঁকে এঁকে বুকের উপর মালা পরিয়ে দিয়েছে। নাকে নাকছাবি। ভেতরের অন্তর্বাসের ছবি এঁকেছে কারুর ড্রেসের উপর দিয়ে। ঘরে যে এতোগুলো লোকজন ঢুকে পড়েছে তাতে ঘরের ভিতরের তিনটি বাচ্চার কোনও ভ্রুক্ষেপ নেই। তিনটে মেয়ে বাচ্চা। চার পাঁচ বছর বয়সের। পরপর চৌকি পাতা গোটা চারেক। চৌকি আরো সব জিনিসপত্রের পাশ দিয়ে হাঁটার জায়গা নেই প্রায়। গ্যাঞ্জাম। একটা চৌকির উপর বাচ্চা তিনটে গোল হয়ে বসা। সামনে ছয় সাতটা তাস। ফেলে দেওয়া তাসের পাতা ওগুলো। ঘরের কোথাও সেলফ, উঠিয়ে রাখা চৌকি, টুল কোথাও ডাঁই করা ভাঙা শিশি বোতল। কোনও বাইরের আলো হাওয়া ঢুকছে না ভেতরে। একখানা জানালা। সেটা বন্ধ। উপরের ঘুলঘুলি শুধু ফাঁকা। ঘরের ভেতর ঝুল পড়া টিমটিমে একটা লাইট জ্বলছে কেবল। ঘ্যারঘ্যার একটা শব্দ করে একখানা ফ্যান ঘুরছে। হাওয়া কমে গেছে ফ্যানটার। ঘরের ভেতর বাচ্চাগুলোর শরীরগুলো ঘামে ভেজা।

    Description


    দলটা এধার ওধার উঁকি মারছে। চোকিগুলোর উপর পাতা ছাপা ছাপা চাদরগুলো টেনে তুলে চৌকির নিচে উঁকি মারছে দলের লোকজন। বাথরুমে গিয়ে উঁকি মারছে। প্লাস্টিকের মগ রঙ চটা বালতি, নর্দমা। না কোনও মানুষ নেই ভেতরে। হঠাৎ তপতী ভৌমিক এগিয়ে যাচ্ছে একটা সেল্‌ফের দিকে। এতোক্ষণ শ্যেণ দৃষ্টিতে দেখছিল চারপাশ। হঠাৎ দু-এক সেকেন্ড থেমে এগিয়ে যেতে থাকল ঘরের কোনে রাখা ওই সেল্‌ফটার দিকে। কাঠের সেল্‌ফ। এক মানুষ সমান হাইট। সেল্‌ফে সেন্টের শিশি, স্নো এর কৌটো জলের বোতল, ভাঙা চোরা বাক্স আয়না চিরুনী। তপতী ভৌমিক ঠেলা দিল হঠাৎ সেলফটাতে। টুং টাং ঠক ঠাক করে শব্দ হল জোরসে। জিনিসগুলো ছিটকে পড়ল। তপতী ভৌমিকের সাথে হাত লাগালো এবার আরো দুজন। ঠেলা দিচ্ছে সেলফটাকে বেশ জোরে। সেল্‌ফটা বেঁকে দাঁড়ালো জায়গা ছেড়ে। পেছন কি ওটা? অমিতাভ বচ্চনের বড় একটা ছবি। ফ্রেমে বাঁধানো। তপতী ভৌমিক টেনে খুলে ফেলে দিল ছবিটা। এক মিনিট। হঠাৎ সবাই চুপ! ছবির পেছনে একটা চৌকো জানালার মতো করা হোল। তার ভেতরে ওগুলো কী? চৌকো ফাঁকটার ওপাশে অন্ধকার। অন্ধকারে কী দেখা যাচ্ছে? ক্রমে অন্ধকার থেকে ঘরের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে। কারা এরা? বোঝা যাচ্ছে ভেতরে কী? প্রশ্ন করে চলেছে উনি। মাথা হাত বুক কুনুই মাথার চুল চকচকে জামা উঁকি মারছে অন্ধকারে। কতগুলো মানুষ। নড়েছে না। পরপর একজনের উপর আরেকজন। গুটিসুটি মেরে আছে শরীরগুলো। তপতী ভৌমিক ঝুঁকে পড়ল চৌকো খোপটা দিয়ে। শরীরের উপরের অংশটা তার ঝুঁকে গিয়ে টানতে চেষ্টা করল ভেতর থেকে একটা শরীর। উপরের হাত ধরে জাপটে ধরে টানার চেষ্টা করে যাচ্ছে। ভেতর থেকে শরীরটা বেরিয়ে এলো বাইরে। মেয়ে। তেরো চোদ্দ হবে। অন্ধকারের ভেতর এবার আস্তে আস্তে আরো খানিকটা দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক। পরপর সব মেয়ে। একজনের নীচে আরেকজন শোয়া। তার নীচে আরো একজন। আরও… আরও…। কেউ বেঁকে। কেউ চিৎ। কেউ ঘাড় বেঁকিয়ে আধা শোয়া। কেউ ঘুচকে শোয়া। আর দুজন পুরুষ হাত লাগিয়ে ফেলেছে ওঁর পাশ দিয়ে। চৌকো খোপটাতে জায়গা নেই বেশি। উনি হাত ধরছে পরপর মেয়েগুলির। টেনে কিছুটা বাইরে বার করছে। বাকি দুজন পাঁজা কোলে নিয়ে বার করে আনছে। বেরিয়েই চলেছে। এক দুই তিন চার…। চ্যাঁচামেচি বেড়ে গেছে ঘরের ভেতর। গানটা এখনও ব্যাক গ্রাউন্ড মিউজিকের মতো বেজে চলেছে। ইয়ে দিল। দিয়ানা…। দিওয়ানা …। যে বাচ্চারা ঘরে বসে ছিল হুড়োহুড়িতে তাদের তাসের পাতাগুলো বিছানার নীচে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যারা টেনে বার করছে তারা চ্যাচাচ্ছে। যাদের বার করছে তারা চ্যাঁচামেচি করছে না কোনও। একদম চুপ। শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ছে যেভাবে ওদের দাঁড় করিয়ে দিচ্ছে সেভাবেই। এখনও থামেনি। মেয়েদের বার করে যাচ্ছে। যত ফাঁকা হচ্ছে খুপড়িটা তত বোঝা যাচ্ছে ভেতরটা ঠিক কিরকম। পাঁচ ছয় স্কোয়ার ফুটের মতো ড্যাম্প ধরা স্যাঁতস্যাতে খুপড়ি একটা জায়গা। দেওয়াল তুলে উপর দিকে কেবল চৌকো ফাঁক করে রেখেছে একখানা। ও জায়গায় মাঝে একটা পাথরের তাক। তার উপর দিয়ে নীচ দিয়ে গুঁজে দিয়েছে মেয়েদের। খুব তাড়াতাড়ি করে গোজাগুজি করে ঠেসে ঠেসে শুইয়ে দিয়েছে শরীরগুলোকে।

    যাদের দাঁড় করানো হচ্ছে তারা কাঁপছে। ঘামে চিপচিপে ভেজা দাঁড়ানো শরীরগুলো কেঁপে চলেছে। পাগুলো দেখে বোঝা যাচ্ছে জোর পাচ্ছেনা দাঁড়ানোর। শক্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে। বসে পড়তে পারছেনা ভয়ে। মুখ গুলো নীচু। পায়ের দিকে তাকানো। মুখে কোনও শব্দ নেই। চোখে মুখে ঠোঁটে জল। মুখের মেকাপগুলো লেপ্টে গেছে। ভ্রু চোখের কাজল ঠোঁটের লিপ্সটিক ঘাম লালা থুথু মিলে মিশে গিয়ে কেমন রঙচঙে হয়ে আছে মুখগুলো। চৌকো অন্ধকার খোপটা থেকে বেরিয়ে যাচ্ছে আরো মেয়ে। দাঁড় করানো হচ্ছে লাইন দিয়ে। বাইরে বৃষ্টি বেড়ে গেছে। সকাল সাড়ে দশটা কি এগারোটা। বেশ অনেকক্ষণ হয়ে গেল দলটা ঢুকেছে ঘরটার ভেতর। রাত থেকেই বৃষ্টি পড়া শুরু হয়েছে। লোকাল ট্রেনগুলো গাদাগাদি করা মানুষ এনে পৌঁছে দিচ্ছে শহরের দিকে। অটো বাস রিকশ’র ভিড় চলেছে রাস্তায়। ভেজা প্লাস্টিকের নীচে নীচে রোডের ধারে পাওভাজির দোকানে ভিড় বাড়ছে। ‘চায়ে চায়ে…’ বলছে চ্যাট চ্যাটে আঠালো কেটলি নিয়ে হাঁটছে কেউ থ্যাপ থ্যাপ করে জমা জলে পা ফেলে। বার হয়ে চলেছে আরো মেয়ে। এগারো… বারো… তেরো… চোদ্দ… আরো সংখ্যা বাড়ছে। বৃষ্টিটাও হচ্ছে তেড়ে। বড় বড় জলের ফোঁটাগুলো হাওয়ার সাথে সাথে পড়ে ছিটকে যাচ্ছে এদিক ওদিক। পেট্রোল ডিজেলের ধোঁয়া মিশছে বৃষ্টির জলে। ট্রেনের লাইনে জল উঠছে। রাস্তায় জল উঠছে ক্রমশ। শহরের ভেতর ঠেলাঠেলি ভিড় বাড়ছে। ধাক্কা লেগে যাচ্ছে ছাতায় ছাতায়।

    আরো আছে কেউ ভেতরে! তপতী ভৌমিক একটা টুলে উঠে লাফ মেরে ঢুকে পড়েছে চৌকো খুপড়ির ভেতর। খুপড়ির ভেতর গরমটা আরো অনেক বেশি। শরীরে শরীরে আরো গরম হয়ে গেছে পাঁচ ছয় স্কোয়ার ফিটের মতো জায়গাটা। ধূলো ড্যাম্প মানুষের ঘামে আরো কিরকম গা গুলিয়ে ওঠা অবস্থা ভিতরটার। আরো একটা দশ এগারো বছরের মেয়েকে কোমোর ধরে তুলে দিচ্ছে বাইরে। নীচের মেয়েটাকে ডাকছে এবার। একেবারে নীচে। মেঝেতে উলটে আছে। না এর তলায় আর নেই। এই লাস্ট। ঠেলছে এবার। আস্তে আস্তে। না সাড়া দিচ্ছে না। আবার ডাকছে। হিন্দিতে। নাম জানে না। উঠো… উঠো…। না। সাড়া নেই। তপতী ভৌমিক ডাকছে এবার খোপের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশদের। ঢুকে পড়েছে তারা। বার করছে পাঁজা কোলে করে।

    দাঁড়িয়ে থাকা শরীরগুলোর পাশে এবার একটা শোয়া শরীর। নড়ছে চড়ছে না। কাঁপছে না। শক্ত। মৃত।
    ড্যাম্প পড়া বিল্ডিংটাকে আপাদমস্তক ভিজিয়ে দিয়ে বৃষ্টি পড়ে চলেছে। আরো ডুবে যাচ্ছে এধার ওধার গজিয়ে ওঠা কচি কচি আগাছা। ডাস্টবিনের মাছিগুলো উড়ে যাচ্ছে। প্লাস্টিকের ক্যারিব্যাগগুলো জল খেয়ে খেয়ে ফুলে উঠছে। দাঁড়িয়ে থাকা আঠারোটা মেয়ের চোদ্দটা পশ্চিমবঙ্গের। বাকিরা বিহার ঝাড়খন্ডের। আর ওই শুয়ে থাকা শক্ত দেহের মেয়েটা কানপুরের। বয়স নয় হবে। আর ওই যে ভেজা বাড়িটা ওটা এ দেশের। অফিস আদালত ব্যাঙ্ক থানা শপিং মল সংবাদপত্রের অফিসের মতোই এ দেশের একটা বিল্ডিং ওটা। এ দেশের আলো ঝলমলে মুম্বাই শহরের কামতিপুরার…



    চলবে...
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
    পর্ব ১ | পর্ব ২
  • ধারাবাহিক | ২৯ মার্চ ২০২৬ | ১৪০ বার পঠিত
  • আরও পড়ুন
    এলি - Emanul Haque
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ২৯ মার্চ ২০২৬ ১৯:১০739537
  • ভয়াবহ। এ জিনিস বিবিসি/সিএনএন এর ডকুমেন্টারিতে দেখেছি। তবে মৃত মেয়ে ছিল না। তাতেই অসম্ভব ঘৃণা ও রাগে হয়েছিল। 
    এ জিনিস কি থামবে? সমস্ত রুলিং পার্টিই তো এই পাচার ব‍্যবসা জীইয়ে রেখেছে, প্রচুর টাকা তারা পায় এই নারীপাচার চক্রগুলো থেকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন