

১।
প্রকাণ্ড ডানার পাসমিনাবুনোটকে জালিকাকার হেঁটে যেতে দেখে
চাদর পেতেছি এক ঋতুমতী মাটির সুবাসে
তুলোট লিপির আধিদৈবিক প্রজ্ঞার দিকে তাকিয়েছি অবাক;
তারপর আমি ছুটেছি এসব ছেড়ে…
যেভাবে পালায় নির্বাসিত লেখক দ্বীপান্তরে
ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের শব্দেরা
স্তুপের ধ্বংসে, নালের অভ্যন্তরে, দোষারোপের পিঠকুঁজো প্রক্ষোভে…
জোন্সের তুলোতে ভাসছে কামারশালার ঘাই এবং
যাযাবর পৃষ্ঠে তরলের শুদ্ধতা
বাঁশি আর বর্ষা পুরোনো হয়ে গেলে ভ্রমরের উৎপাত বাড়ে,
পরিচিত অন্যান্য গলায় সুর ওঠে, “ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে...”
পুষ্পরাগ-অনুসন্ধিৎসু এক বোতলে ভেঙে যায় তামসিক টেক্কা,
রিফুসাধনার আণবিক মঞ্চ অনুভূত তীব্রতায় একাগ্র…
ফেরি বন্ধ হলে মঞ্চ কীভাবে উদ্ভাসিত হতে পারে ভেবে আকুল নিত্যযাত্রী
ঘোষিত হয়, “যাত্রীর ভাগ্য নির্বাচিত আসনের উর্দ্ধে...”
২।
চৌকো ফ্রেমের সজীব ধ্বনিত হয় প্রতিদিন
নক্ষত্র লেগে থাকে শাণিত কাপড়ে মোলায়েম,
আবাদের শ্লেষ এবং টুকরো বরফে
বদ্বীপের চীনাংশুক জলরহিত খাবি খায়
কয়েকটা আয়োজনের হাঁটুজল
উদ্গার স্রোতের হাফহাতা রুলবই
থামো অথবা চলে যাও...
আলগোছের বল্গা, কিসের এত তাড়াহুড়ো?
কাঁধ নাচায় ধাতব উৎপাত,
নৃত্যরত সার্কাস কখনও কখনও সামুদ্রিক
৩।
আলগা বাতাস ঠ্যাং দোলায় অল্পস্বল্প। গর্জনে জমে উষ্ণ নিরাপত্তার খিদে। আমরা বানভাসি ক্ষুধার্ত, একথা শুনিয়ে ত্রাণ ভাসিয়ে দেয় উন্মত্ত বিশ্বকোষ। পায়েসিত আবদার মেদ বাড়ায় নিঃশুল্ক জবাকুসুমে। আয়োজন এক দামী অনুঘটক হওয়ার আমাদের নিমটুকরো ভেঙে যায় অনবরত। এখানে প্রবেশ, এখানেই প্রস্থান টাঙানো স্বকীয় প্রাচুর্যে বেণীসংহারিত একবস্তা আঁশ। তোমাদের মায়াবী প্রেমজন্ম সার্থক হোক। আমার বৃদ্ধ বাতাস ঠ্যাং দোলায় অল্পস্বল্প…ওকে ধার দিও অনুষঙ্গের আলোকবর্তিকা
Mou | 2409:40e0:103e:1f83:5449:6bff:fe8f:***:*** | ০৯ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬737766