এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  পরিবেশ  শনিবারবেলা

  • ডিহিং পাটকাইঃ রেনফরেস্ট সংরক্ষণ বনাম অবৈধ কয়লা খননের কাহিনী

    দময়ন্তী
    আলোচনা | পরিবেশ | ২১ নভেম্বর ২০২৬ | ৪৩০ বার পঠিত
  •  অলংকরণ: রমিত




    ভৌগোলিক ও পরিবেশগত পরিচয়

    আসামের উত্তরপুর্বপ্রান্তে তিনসুকিয়া ও ডিব্রুগড় জেলায় অবস্থিত ডিহিং পাটকাই বনাঞ্চলকে অনেকসময় "পূর্বের আমাজন" নামে উল্লেখ করা হয়। এই বনভূমি নিরক্ষরেখা সংলগ্ন নিম্নভূমির চিরহরিৎ রেইনফরেস্ট, ভারতের বিরলতম বাস্তুতন্ত্রগুলোর একটা। প্রায় ৪০ প্রজাতির প্রাণী রয়েছে এখানে, যার মধ্যে হাতি, বিভিন্ন প্রজাতির বড় বিড়াল, ভাল্লুক এবং বিখ্যাত অসম ম্যাকাক এবং হুলক গিবন উল্লেখযোগ্য। এর পাশাপাশি ৩০০-র বেশি প্রজাতির পাখি, ৪০এর বেশি প্রজাতির সরীসৃপ, ৬০ প্রকার গাছ এবং ১০০-র বেশি প্রজাতির অর্কিড। এই বন সবচেয়ে বেশী সংখ্যক সাদা ডানার কাঠবাতাসী হাঁসের (White Winged Wood Duck) উপস্থিতির জন্যও পরিচিত, যা পক্ষী পর্যবেক্ষক এবং বিশারদদের আকর্ষণ করে। এই কাঠবাতাসী হাঁস বর্তমানে বিপন্ন তালিকাভুক্ত। এই বনাঞ্চলের আপার ডিহিং রিজার্ভ ফরেস্ট থেকে জয়পুর রিজার্ভ ফরেস্ট পর্যন্ত এলাকাকে ২০২১ সালের ৯ই জুন ‘ডিহিং পাটকাই ন্যাশনাল রিজার্ভ ফরেস্ট’ বলে ঘোষণা করে আসাম সরকার। অনেকেই ভেবেছিলেন বন্যপ্রাণী ও পরিবেশের সুরক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত সদর্থক ও কার্য্যকরী। [১]

    কয়লা উত্তোলন সম্পর্কিত বিতর্ক

    তা জঙ্গল মানেই অঢেল প্রাকৃতিক সম্পদ আর ঘন রেনফরেস্ট হলে তো কয়লা ও খনিজ সম্পদ সন্ধানীদের শ্যেনচক্ষু এড়ানো প্রায় অসম্ভব। ডিহিং পাটকাইও তার ব্যতিক্রম নয়। ২০২০ সালের এপ্রিলে জাতীয় বন্যপ্রাণী বোর্ড (NBWL, যার সভাপতি স্বয়ং প্রধানমন্ত্রী), সালেকিতে ৯৮.৫৯ হেক্টর এলাকায় কোল ইন্ডিয়া লিমিটেডকে কয়লা উত্তোলনের শর্তসাপেক্ষ অনুমতি দেয়। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এর তীব্র বিরোধিতা শুরু করেন। তাঁদের অভিযোগ ছিল, প্রতিদিন শত শত ট্রাক এই অঞ্চল থেকে অবৈধভাবে খনন করা কয়লা বহন করছে। স্বাভাবিক ভাবেই জঙ্গলের পরিবেশ নষ্ট হচ্ছে, বিপন্ন হয়ে পড়ছে পশুপাখীরা। ২০২০-এর মে মাসের গোড়া থেকে বিভিন্ন ছাত্র, কৃষক ও রাজনৈতিক সংগঠন, পরিবেশকর্মী গোষ্ঠী এবং ব্যক্তি আলাদা আলাদাভাবে প্রতিবাদে নামেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ-

    ক) ছাত্র ও যুব সংগঠন


    • ২০ মে AASUর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেন, লকডাউনের পর আক্রমণাত্মক আন্দোলন হবে। এর পরে দুলিয়াজান ইউনিট বন্যপ্রাণী অভয়ারণ্যেই বিক্ষোভ প্রদর্শন করে। লখিমপুর জেলা ইউনিট এবং ধকুয়াখানা ও তেলাহি কমলাবাড়ি আঞ্চলিক ইউনিটও বিক্ষোভ কর্মসূচি নেয়।
    • SFI আসাম রাজ্য কমিটি "All India Protest Day"-তে বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায়।
    • AJYCP-র তিনসুকিয়া জেলা কমিটি এবং অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের ডুমডুমা আঞ্চলিক সমিতির প্রতিনিধিরা ডুমডুমা প্রেস ক্লাবের প্রতিবাদে অংশ নেয়।
      লখিমপুর রিজিওনাল স্টুডেন্টস ইউনিয়নও প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করে।

    খ) কৃষক সংগঠন ও রাজনৈতিক সংগঠন

    • KMSS ২০ মে অন্যদের সঙ্গে কর্মসূচির হুঁশিয়ারি দেয়, এবং ২৯ মে তিংখাঙে বিক্ষোভ দেখিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। কংগ্রেস দলের তরফে ২০ মে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ সরব হন।


    গ) ব্যক্তি নাগরিক ও গণমাধ্যম*

    • ভারতের অরণ্য মানব নামে পরিচিত আসামের পরিবেশকর্মী যাদব পায়েং ২০ মে কংগ্রেস, AASU ও KMSS-এর সঙ্গে একই দিনে খননের বিরোধিতা করে বলেন অভয়ারণ্যের ভেতরে কয়লা খনন বনের বাস্তুতন্ত্রের অপুরণীয় ক্ষতি করবে।
    • শিল্পী পাপন ও অভিনেতা আদিল হুসেইন সামাজিক মাধ্যমে এই খননের বিরুদ্ধে মত দেন। র‍্যাপার রাহুল রাজখোয়া এই বিষয়ে গান সৃষ্টি করেন।
    • একাডেমিক ও লেখক: গবেষক, শিক্ষক, ছাত্র ও লেখকদের একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়।
    • ডুমডুমা প্রেস ক্লাব: সাংবাদিক সংগঠন হিসেবে প্রকাশ্য বিক্ষোভ করে।
    • সবুজ NGO ও প্রকৃতিপ্রেমীরা: ১০ মে ডুমডুমায় প্রতিবাদ জোরদার করে। জুলাইয়ে NAPM আলাদা বিবৃতি দেয়।
    • অনলাইন প্রচার: #SaveDehingPatkai ও #IAmDehingPatkai ট্রেন্ড করে। [২]


    তবে খননের পক্ষেও কিছু জনমত গড়ে উঠেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য -

    • ১২ জুন মার্গারিটায় মার্গারিটা বাজার সমিতি, ডেইলি বাজার সমিতি, ভেনারমিল বাজার সমিতি, স্থানীয় নাগরিক ও খনি-কর্মীরা খনন চালুর দাবিতে বড় সমাবেশ করেন। শ্রমিক ইউনিয়নসহ আরও কিছু সংগঠনও পরে আন্দোলন করে। পরিবেশ সংস্থা Nature's Beckon দাবি করে, অভয়ারণ্যের ভেতরে খনন হচ্ছে না এবং কিছু গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে।
    • প্রস্তাবিত এলাকা অভয়ারণ্যের ঠিক ভেতরে ছিল কি না, তা নিয়ে তখন বিভিন্ন ব্যক্তি ও সংস্থার মধ্যে মতভেদ ছিল। [৩]


    এই বহুমুখী চাপের ফলে কোল ইন্ডিয়ার NEC ইউনিট ৩ জুন থেকে উত্তর পূর্বাঞ্চলীয় কয়লাক্ষেত্রের সব খনন সাময়িকভাবে স্থগিত করে। [৪]

    অবৈধ কয়লা খনন অভিযোগের তদন্ত ও ফলাফল

    সালেকি ও ডিগবয় বন বিভাগের অন্যান্য এলাকায় ব্যাপক অবৈধ কয়লা খনন ও জীববৈচিত্র্য ধ্বংসের বিষয়ে সংবাদমাধ্যম প্রতিবেদন, এবং গৌহাটি হাইকোর্টে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলা (PIL) পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই ২০২০, আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশে গৌহাটি হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি বি পি কাটাকির নেতৃত্বে একটি এক সদস্যের তদন্ত কমিশন গঠিত হয়। ছয় মাসের মধ্যে রিপোর্ট দেবার কথা থাকলেও এই কমিশান ২০২১ সালের ডিসেম্বরে রাজ্য বিধানসভায় চুড়ান্ত রিপোর্ট পেশ করে। রিপোর্টে দেখা যায়, ২০০৩ থেকে ২০২০ সালের মধ্যে বনভূমি থেকে প্রায় ৪,৮৭২ কোটি টাকা মূল্যের কয়লা অবৈধভাবে উত্তোলন করা হয়েছিল। বিতর্কের প্রেক্ষাপটে, ২০২০ সালের জুলাইয়ে আসাম সরকার ডিহিং পাটকাইকে জাতীয় উদ্যানে উন্নীত করার সিদ্ধান্ত ঘোষণা করে, এবং ২০২১ সালের মে মাসে এই মর্যাদা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এতে আসাম সাতটি জাতীয় উদ্যানসহ রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে আসে। কিন্তু তাতে বিতর্ক থামে নি। তদন্তে প্রশাসনিক সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ উঠে এসেছিল। যদিও এর মাত্রা নিয়ে প্রশাসন ও প্রতিবাদী পক্ষের মধ্যে মতভেদ আছে

    কাটাকি কমিশনের পর্যবেক্ষণ

    কাটাকি কমিশনের তদন্তের একটি অংশে "কর্তৃপক্ষের নীরব সম্মতি" (tacit approval) বিষয়ে নির্দিষ্ট আলোচনা ছিল। ২০১৯ সালের নভেম্বরে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী স্বীকার করেছিলেন যে রাজ্যে অবৈধ খনন চলছে, এবং কেন্দ্র জানিয়েছিল যে আসাম সরকার নিজেই ডিগবয় বিভাগের বনাঞ্চলে (নামফাই ও সালেকি এলাকা) অবৈধ কয়লা খননের ব্যাপারে অবগত ছিল। হাইকোর্টে দাখিল করা কমিশনের অন্তর্বর্তী রিপোর্টের অংশ অনুযায়ী, প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা ছাড়া এই অবৈধ খনন প্রকাশ্য দিবালোকে চলতেই পারত না, এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা, অসামরিক প্রশাসন ও পুলিশ এই কর্মকাণ্ডের নীরব দর্শক ছিলেন বলে মনে হয়েছে। এই পর্যবেক্ষণের ভিত্তিতে গৌহাটি হাইকোর্ট রাজ্যের মুখ্য সচিব ও পুলিশ মহাপরিচালকের কাছে ব্যক্তিগত হলফনামা তলব করেছিল। [৫]

    সরকারি সংস্থার নিজস্ব দায়

    উল্লেখযোগ্য বিষয় হলো, শুধু ব্যক্তিগত মালিকানার অবৈধ চক্র নয়, সরকারি মালিকানাধীন কোল ইন্ডিয়ার অধস্তন সংস্থা নর্থ ইস্টার্ন কোলফিল্ডসও (NEC) দোষী সাব্যস্ত হয়েছিল। কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয় যে NEC-র খনির লিজ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তারা বহু বছর ধরে অবৈধভাবে খনন চালিয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৪,৮৭২ কোটি টাকা। [৬]

    রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার

    এর বাইরে সাংবাদিক প্রতিবেদন ও রাজনৈতিক অভিযোগে আরও কিছু নির্দিষ্ট অভিযোগ এসেছে। যেমন স্থানীয় ব্যবসায়ীদের কয়লা উত্তোলনের জন্য এন্ট্রি পাস ইস্যু করায় কিছু বিজেপী রাজনীতিবিদের সংশ্লিষ্টতা, এবং প্রতি ট্রাকে কমিশন গ্রহণের অভিযোগ। ২০২২এর জানুয়ারীতে The Diplomat লেখে শাসকদল বিজেপীর কিছু নেতা ট্রাকপিছু কমিশান নিয়ে ব্যবসায়ীদের এন্ট্রি পাস দেন। প্রতিবেদনে লেখা হয় এটা ওপন সিক্রেট, সবাই জানে। তবে কারো নাম উল্লেখা করা হয় নি। ২০২৩এর ফেব্রুয়ারীতে বিরোধীদল AJP, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও NGTর কাছে স্মারকলিপিতে একই অভিযোগ করে, হুবহু একই ভাষায়। কিন্তু এঁরাও অভিযোগের সমর্থনে আর কোন তথ্য দেন নি। শাসকদল এই অভিযোগ সরাসরি অস্বীকার করে।

    এছাড়া ২০২০-র দিকে KMSS-এর অখিল গগৈ BJP নেতাদের কয়লা সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ করেন। ২০২৩-এর ডিসেম্বরে আঞ্চলিক দৈনিক Dainik Agradootএর একটা অনুসন্ধানী প্রতিবেদনে মার্গারিটার বিজেপী বিধায়ক ভাস্কর শর্মার বিরুদ্ধে আত্মসমর্পণকারী জঙ্গি ও মন্ত্রীদের সহায়তায় অবৈধ কয়লা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এটা Land Conflict Watchএর উদ্ধৃতিতে পাওয়া। মূল প্রতিবেদন বা বিধায়কের কোনো উত্তর খুঁজে পাওয়া যায় নি। আরো আগে ২০১৯এ তৎকালীন কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ দাবি করেন, কয়লা সিন্ডিকেট বিজেপী নেতাদের পৃষ্ঠপোষকতায় চলছে। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এটি খারিজ করেন। বিজেপীর দিক থেকেও পাল্টা অভিযোগ আসে যে ২০০১–২০১৬ সময়কালে বরদলৈ মার্গারিটার বিধায়ক থাকাকালীন সেই অঞ্চলে তাঁর সহায়তায় অবৈধ খনি গজিয়ে উঠেছিল। তিনি তা অস্বীকার করেন।

    অভিযোগ দু'পক্ষ থেকেই এসেছে, এবং কোনো রাজনীতিবিদের বিরুদ্ধেই অপরাধ প্রমাণ হয় নি। ২০২৫এর মে’ মাসে গৌরব গগৈ অসম মেঘালয় সিন্ডিকেট নিয়ে সিবিয়াই তদন্ত চেয়েছিলেন। সেই ক্ষেত্রে সিবিয়াই বা ইডির সূত্রেও কোনো রাজনীতিবিদের নাম আসেনি। কমিশনের নিজস্ব সরকারি রিপোর্টেই প্রশাসনিক কর্মকর্তাদের "নীরব দর্শক" ভূমিকা এবং রাজ্য সরকারের সব জেনেবুঝেও চোখ বন্ধ করে থাকার কথা নথিভুক্ত হয়েছে। এটা নিছক অভিযোগ নয়, বরং বিচারবিভাগীয় তদন্তের আনুষ্ঠানিক পর্যবেক্ষণ। তবে সুনির্দিষ্ট রাজনীতিবিদদের নাম জড়িয়ে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো এখনও মূলত কাগজে কলমে ও রাজনৈতিক বিতর্কের স্তরে, প্রমাণিত বিচারিক সিদ্ধান্তে রূপান্তরিত হয়নি। কারো সেই বিচার করার সদিচ্ছা আছে বলে মনেও হয় না। [৭]

    সংক্ষেপে বলতে গেলে কমিশানের রিপোর্টে নথিভুক্ত পর্যবেক্ষণ ছিলঃ-

    • পরিবেশ মন্ত্রক দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করতে বললেও "কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু" ছাড়া রাজ্য কোনো ব্যবস্থা নেয়নি। এই ‘বিভাগীয় কার্যক্রম শুরু’ নিতান্তই আনুষ্ঠানিক, তাতে কাজের কাজ খুব কিছু হয় নি।
    • NEC-কে ৪৩.২৪৮৫ কোটি টাকা জরিমানা জমা দিতে বলা হলেও তা তখনও জমা পড়েনি। বন, খনি দপ্তর, জেলা প্রশাসন ও পুলিশ কেউই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
    • NEC পরে পুরো জরিমানার অঙ্ক বা ৪,৮৭২ কোটি টাকার কোনো অংশ জমা দিয়েছে কি না সেই সম্পর্কিত কোন খবর পাওয়া যাচ্ছে না।
    • কোনো কর্মকর্তার চূড়ান্ত শাস্তি, এফআইআর বা সিবিআই তদন্ত হয়েছে কি না জানা যাচ্ছে না।


    কমিশানের সুপারিশ ছিল তিনটে -

    • NEC থেকে ₹৪,৮৭২ কোটি আদায় করা।
    • মাইনস ও মিনারেলস এবং পরিবেশ-বন দপ্তরের যেসব কর্মকর্তার অবহেলা বা মৌন সম্মতিতে অবৈধ কার্যক্রম চলেছে, তাঁদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া।
    • র‍্যাট হোল খননে জড়িত ব্যক্তি ও কর্মকর্তাদের ভূমিকা নির্ধারণে সিবিআইএর মতো স্বাধীন সংস্থা দিয়ে তদন্ত। [৮]


    এবারে দেখা যাক কাটাকি কমিশানের রিপোর্ট নিয়ে সরকার কোন পদক্ষেপ করেছে কিনা। প্রথমেই বলে রাখি কমিশনের রিপোর্টের ভিত্তিতে কোনো কর্মকর্তা বা সংস্থার দণ্ড, বরখাস্ত বা ফৌজদারি দণ্ডাদেশের নিশ্চিত তথ্য খুঁজে পাই নি। কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ হওয়ার আগেই, ২০২০ সালে রাজ্য বন বিভাগ NECর ওপর ৪৩.২ কোটি টাকা জরিমানা আরোপ করেছিল। সেইটেকে ধরে কাটাকি কমিশন সুপারিশ করে NECকে ৪,৮৭২ কোটি টাকা জরিমানা হিসেবে দিতে হবে। রাজ্য সরকারের উপরে দায়িত্ব ছিল এই সুপারিশ কার্যকর করার। তবে সুপারিশ বাস্তবায়িত হয়েছে, এমন তথ্য খুঁজে পাওয়া যায় নি। [৯]

    NEC-কে ফরেস্ট ক্লিয়ারেন্সের (স্টেজ-II) জন্য ২৮টি শর্ত পূরণ করতে বলা হয়েছিল, যার মধ্যে ১৬ বছরের অবৈধ কার্যক্রমের জরিমানা জমা দেওয়া এবং বন সংরক্ষণ আইন লঙ্ঘনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। ২০২০ সালের সেই প্রতিবেদনে বলা হয়েছিল রাজ্য সরকার অবৈধ খননের সুযোগ দেওয়া কর্মকর্তাদের শাস্তি দিতে চায়, আর খনি দপ্তর কোল ইন্ডিয়ার কর্মকর্তাদের শাস্তি দেবে। এটি ছিল ঘোষিত অভিপ্রায়। বাস্তবে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তার কোন তথ্য পাওয়া যাচ্ছে না। অনুমান করা যায় যে সম্ভবত কারো কোন শাস্তিই হয় নি। [১০]

    ২০২০ সালে NAPM ও অন্য সংগঠন দাবি করেছিল, NEC, কোল ইন্ডিয়া ও পরিবেশ মন্ত্রকের যেসব কর্মকর্তা অবৈধ খননের অনুমতি দিয়েছেন বা উপেক্ষা করেছেন, তাঁদের বিরুদ্ধে FIR করতে হবে। এই দাবির পরিণতি সম্পর্কেও কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি। অনুমান করি সেসব বাজে কাগজের ঝুড়িতে গেছে। [১১]

    ২০২১-এর নভেম্বরে রাজ্য হলফনামা দিয়ে হাইকোর্টকে জানায়, কমিশনের রিপোর্ট তারা গ্রহণ করেছে। সুপারিশ বাস্তবায়নের কর্মপরিকল্পনা ও সময়সীমা ঠিক করতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

    ২০২৩-এর এপ্রিলে হাইকোর্ট নির্দেশ দেয়, সব জরিমানা ও ক্ষতিপূরণমূলক শুল্ক জমা না হওয়া পর্যন্ত সালেকিতে কোল ইন্ডিয়ার খনন বন্ধ রাখতে হবে।

    ২০২৪-এর ২৭ ফেব্রুয়ারি রাজ্য সুপারিশ ও প্রতিকারমূলক ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত জানানোয় জনস্বার্থ মামলার নিষ্পত্তি হয়ে যায়। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, সরকার সুপারিশ ও প্রতিকারমূলক ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এবং ধাপে ধাপে পদক্ষেপ নেবে। আদালত জানায়, মামলা করার উদ্দেশ্য পূরণ হয়েছে, তাই আর কোনো আদেশ প্রয়োজন নেই। আদেশে কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, NEC-র কাছ থেকে জরিমানা আদায় বা সিবিআই তদন্তের কথা নেই। অর্থাৎ নিষ্পত্তি হয়েছে রাজ্যের ঘোষিত সিদ্ধান্তের ভিত্তিতে, কারও বিরুদ্ধে ব্যবস্থার ভিত্তিতে নয়। [১২]

    এই সময় সমান্তরাল ভিন্ন একটা জনস্বার্থ মামলা (Mrinmoy Khataniar v. Union of India) আলাদাভাবে চলছিল। এটি আগের উল্লিখিত সুয়ো মোটো মামলা (PIL (Suo Moto) 3/2020), যা ২০২৪-এর ২৭ ফেব্রুয়ারি নিষ্পত্তি হয়েছে) থেকে আলাদা। আইনজীবী মৃন্ময় খাতানিয়ার ও পর্বতারোহী অমরজ্যোতি ডেকা ২০২০-এর মে মাসে এই মামলাটা করেন। এর সঙ্গে যুক্ত আছে PIL/36/2020, PIL/30/2020, PIL/45/2020 এবং PIL/39/2022। এতে আদালতের কাছে অনুরোধ করা হয়েছেঃ-

    ১) সালেকিতে ৯৮.৫৯ হেক্টর বনভূমি টিকোক OCP-র জন্য ব্যবহারের প্রস্তাব এবং কোল ইন্ডিয়াকে দেওয়া অনুমোদন বাতিল।
    ২) ডিহিং পাটকাই হাতি সংরক্ষিত অঞ্চল ও আশপাশকে সংবেদনশীল বাস্তুতন্ত্র (ecologically fragile) ঘোষণা।
    ৩) জয়পুর, তিরাপ, দলাই ও মাকুমপানি সংরক্ষিত বনকে অভয়ারণ্য ঘোষণা।
    ৪) বনবিভাগ ও কোল ইন্ডিয়ার দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে সিবিআই বা কেন্দ্রীয় সংস্থার দ্বারা অতি উচ্চপর্যায়ের তদন্ত।

    এই মামলার আদেশ কালানুক্রমেঃ-
    ১) ৩০ মার্চ ২০২৩ তারিখে আদালত কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দেয়, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোল ইন্ডিয়ার খনন চলবে না এবং এলাকার সব অবৈধ খনন অবিলম্বে বন্ধ করতে হবে।
    ২) ২৭ এপ্রিল ২০২৩ মামলায় পক্ষ করা স্বরাষ্ট্র দপ্তরের মুখ্য সচিব ও ডিজিপিকে হলফনামা দিতে সময় দেওয়া হয়।
    ৩) ১৯ সেপ্টেম্বর ২০২৪ আদালত লক্ষ করে, সেই হলফনামা তখনও জমা পড়েনি। বন বিভাগের আইনজীবী পিটিশনারদের অতিরিক্ত হলফনামার জবাব দেওয়ার সময় চান। পরের তারিখ ২৯ অক্টোবর।
    ৪) ২০ নভেম্বর ২০২৪ কোল ইন্ডিয়ার আইনজীবীর অনুরোধে মামলা মুলতবি হয়, চার সপ্তাহ পরে উপস্থিত হবার নির্দেশ দেয় আদালত।
    ৫) ৬ ফেব্রুয়ারি ২০২৫ বিচারপতি কল্যাণ রাই সুরানা ও মালশ্রী নন্দীর বেঞ্চ ২২ মাসেও হলফনামা না আসায় অসন্তোষ প্রকাশ করেন। ১৪ ফেব্রুয়ারি মুখ্য সচিব (স্বরাষ্ট্র) ও ডিজিপিকে সশরীরে হাজিরার নির্দেশ হয়, ১৩ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা জমা দিলে সশরীরে উপস্থিতি থেকে অব্যাহতি। হলফনামায় অবৈধ খনন বন্ধে নেওয়া পদক্ষেপের বিবরণ চাওয়া হয়েছিল। আদালত বলেছিল, এ ছাড়া আদালত অবমাননা হিসেবে গণ্য করে সেই সংক্রান্ত পদক্ষেপ করা হবে। [১৩]

    ১৪ ফেব্রুয়ারির শুনানিতে কী হয়েছে, হলফনামা জমা পড়েছিল কি না, কেস স্ট্যাটাসের পাতাটা খুলতে না পারায় সেটা নিশ্চিত করে বলতে পারছি না। ১৪ ফেব্রুয়ারি ২০২৫-এর কজলিস্টে যা আছেঃ-

    • মামলাটি ২ নম্বর বিভাগীয় বেঞ্চের (বিচারপতি কল্যাণ রাই সুরানা ও মালশ্রী নন্দী, কোর্ট নং ৬) ২০ থেকে ২৪ নম্বর তালিকায় ছিল। সঙ্গে ছিল PIL/30/2020, PIL/36/2020, PIL/45/2020 ও PIL/39/2022।
    • তালিকায় লেখা ছিল "FIXED, PERSONAL APPEARANCE AT 10:30 A.M." এবং রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পি এন গোস্বামী স্বরাষ্ট্র দপ্তর ও DGP-র (প্রতিপক্ষ ১৩ ও ১৪) পক্ষে নথিভুক্ত ছিলেন।


    ৬) ২০২৬এর ১১ই মার্চ ডিমা হাসাও ট্র্যাজেডি নিয়ে সুয়ো মোটো PILএর (PIL(Suo Moto)/1/2025) একটা আদেশ খুঁজে পেয়েছি, যাতে PIL/29/2020 লিংকড কেস হিসেবে উল্লিখিত। আদেশটা সেই PIL-এর সঙ্গে খাতানিয়ার কেসগুচ্ছ এবং (PIL/10/2025 (জগদীশ ভূঁইয়া) একসঙ্গে শুনেছেন প্রধান বিচারপতি আশুতোষ কুমার ও বিচারপতি অরুণ দেব চৌধুরী। অর্থাৎ ২০২৬-এর মার্চেও মামলা চলছিল।

    ওই আদেশে আছে:

    • রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, বিচারপতি কাটাকির নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ অনুযায়ী একটা মনিটরিং কমিটি গঠিত হয়েছে। এর প্রধান DGP, সদস্য স্বরাষ্ট্র সচিব, কয়লা-সমৃদ্ধ জেলাগুলোর ডিসি ও এসপি, ভূতত্ত্ব ও খনি অধিদপ্তরের পরিচালক এবং খনি দপ্তরের সচিব। কাজ হলো বৈধ কর্তৃত্ব ছাড়া কয়লা উত্তোলন, মজুত ও পরিবহনে জড়িতদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার নজরদারি।
    • র‍্যাটহোল খনন নিষিদ্ধ করতে রাজ্যের প্রতিশ্রুত SOP তৈরির কাজ চলছে।
    • আদালত মামলা ৩ জুন ২০২৬-এ পিছিয়ে দেয়, এবং রাজ্য সারা আসামে র‍্যাটহোল খনন ঠেকাতে সব সুরক্ষামূলক ব্যবস্থা ও কঠোর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করে। পিটিশনাররা এর মধ্যে কোনো ঘটনা ঘটলে আদালতকে জানাতে পারবেন।


    এই মনিটরিং কমিটি কাটাকি রিপোর্টের সুপারিশ বাস্তবায়নের প্রথম সুনির্দিষ্ট পদক্ষেপ, তবে এটি কয়লা পরিবহনের ওপর নজরদারি। কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা বা ৪,৮৭২ কোটি টাকা আদায়ের সম্পর্কে এই আদেশে কিছু বলা নেই। [১৪]

    আচ্ছা শাস্তি নাই হোক, জরিমানাও নাহয় অনাদায়ী থাকুক, কিন্তু কয়লা তোলা কি বন্ধ হল? আসুন দেখি একটু ঘেঁটে। খবরে দেখছিঃ-

    ১) ২০২২-এর ২৬ মার্চ কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে NEC-র টিকাক কলিয়ারিতে খনন পুনরায় শুরু হয়। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী টিকোক ও তিরাপ OCP প্রায় দুই বছর স্থগিত থাকার পর আবার চালু হয়। [১৫]

    ২) ২০২৩-এর ৩০ মার্চের আদেশে হাইকোর্ট বলে কেন্দ্রের আইনজীবী জানিয়েছেন কোল ইন্ডিয়া সংরক্ষিত বনাঞ্চলে খনন বন্ধ করেছে। তবে খনন চালাচ্ছে অন্য কিছু সংস্থা। এপ্রিলে আদালত নির্দেশ দেয়, জরিমানা ও লেভি জমা না হওয়া পর্যন্ত সালেকিতে খনন চলবে না। (সূত্র ১৩ দ্রষ্টব্য) কিন্তু ২০২২-এর পুনরায় চালু হওয়া কার্যক্রম বিতর্কিত সালেকি (৯৮.৫৯ হেক্টর) অংশ ছুঁয়েছে কি না, প্রতিবেদনগুলোতে স্পষ্ট নয়। তাই এখনকার অবস্থা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

    ৩) অবৈধ র‍্যাটহোল খনন নিয়ে ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত একাধিক সূত্র বলছে তা দিব্বি চলছে। ২০২৫-এর জানুয়ারিতে মার্গারিটায় প্রশাসন ১৩টি র‍্যাটহোল খনি সিল করেছে ও চারজনকে গ্রেপ্তার করেছে। ২০২৬-এর ফেব্রুয়ারিতে এক আইনি সমীক্ষা জাতীয় উদ্যানের ভেতরে পদ্ধতিগত অবৈধ খননের কথা বলেছে। [১৬]

    এর বিরুদ্ধে ২০২০-এর মতো ব্যাপক গণআন্দোলন সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। ছোট পরিসরে কিছু কার্যক্রম হয়েছে, নীচে তালিকা দেওয়া হলঃ-
    ১) ২০২৬-এর ফেব্রুয়ারিতে পরিবেশকর্মী অপূর্ব বল্লভ গোস্বামী পাঁচটি সংলগ্ন সংরক্ষিত বনকে অভয়ারণ্য ঘোষণার দাবি তুলেছেন। [১৭]
    ২) ২০২৬-এর মার্চে লেডোতে অবৈধ কোককয়লা ভাটার বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে। [১৮]
    ৩) ২০২৫-এর সেপ্টেম্বরে আন্তর্জাতিক মানবাধিকার কমিশান (International Human Rights Council) মার্গারিটার ডিপ মাইন নিয়ে সিবিআই তদন্ত চেয়েছে। [১৯]
    ৪) ২০২৪-এর জুনে মার্গারিটার বাসিন্দারা ও সত্র মুক্তি সংগ্রাম সমিতি প্রতিবাদ কর্মসূচীর ঘোষণা করেছিল। বিধানসভার সংস্থা কমিটি তখন র‍্যাটহোল খনন অবিলম্বে বন্ধের নির্দেশ দেয়। [২০]
    ৫) ২০২৬এর জুনে কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সোসাইটি ডিহিং সংরক্ষিত বনে অয়েল ইন্ডিয়ার (Oil India) হাইড্রোকার্বন অনুসন্ধানের অনুমতির বিরোধিতা করেছে। [২১]

    শেষ করার আগে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। ২০২১এ আমি ডিহিং পাটকাই অভয়ারণ্যে বেড়াতে গিয়েছিলাম মূলত হুলক গিবন দেখার জন্য। ঠিক সাফারি নয়, একবেলা কিছুটা পায়ে হেঁটে এবং সামান্য কিছুটা ফরেস্ট অফিস থেকে গার্ড নিয়ে গাড়িতে কোর এলাকার ভেতরে। তা হুলক গিবনের একটা দল, এক একলা দাঁতাল হাতী ইত্যাদি দেখা ছাড়াও আরো একটা জিনিষ দেখেছিলাম যা ভারতের অন্য কোন জঙ্গলে সম্ভবত দেখা সম্ভব নয়। সেটা হল জঙ্গলের মাঝে দুই জায়গায় তেল ও কনডেনসেটের পাইপ কাটা। চোরাইচালানকারীরা কেটে রেখেছে। তেলের পাইপটা অপেক্ষাকৃত খোলা জায়গায়, খোলামুখে কিছু গুঁজে তার উপরে প্ল্যাস্টিক শিট জড়িয়ে ভাল করে বাঁধা যাতে তেল বাইরে না আসে। যদিও দেখলাম অল্প অল্প চোঁয়াচ্ছে। এটা আবার পাহারাদারদের ঘরের ঠিক সামনে। ঘরটা দোতলা। দায়িত্বে থাকা পাহারাদার দুজন জানালেন রাতে ওঁরা দোতলায় থাকেন, চোরেরা এসে তেল চুরি করার সময় চুপচাপ দেখেন, সাড়া শব্দ করেন না, শুধু পরের দিন অফিসে জানিয়ে দেন। বেশীরভাগ সময়ই সেটা খাতায় নথিবদ্ধ হয় না।



    কনডেনসেটের পাইপ কাটা ছিল গভীর জঙ্গলের মধ্যে কিছুটা মাটি খুঁড়ে। আর তা থেকে অনবরত ভুসভুস করে বেরোচ্ছিল। জায়গাটা খুব সাবধানে সুঁড়িপথ ছেড়ে গাছপালার মধ্যে দিয়ে পেরোই আমরা, যাতে জামা কাপড়ে লেগে না যায়। সঙ্গের ফরেস্ট গাইড জানান তিনি এই জায়গায় প্রথম দেখছেন, তবে এটা খুব সাধারণ ব্যপার। জঙ্গলের ভেতরে নানা জায়গায় হামেশাই কাটা থাকে। অফিসে জানাবেন, সাত থেকে দশ দিন বাদে মেরামত হবে। ততদিন এরকমই থাকবে, যারা কেটেছে তারা ততদিনে যতটা পারবে বের করে নেবে। তো এই দুটো কাটা পাইপ দেখে ও পাহারাদার ও গাইডের কথা শুনে পরিস্কার বুঝতে পারি বনবিভাগের কিছু লোক, প্রশাসন এবং অয়েল ইন্ডিয়া ও ইন্ডিয়ান অয়েলের লোকজনের প্রত্যক্ষ প্রশ্রয় ছাড়া এভাবে চলতে পারতো না।

    এই সংক্রান্ত খবর খুঁজতে গিয়ে যা পেলাম -
    ১) ডিগবয় দুলিয়াজান সড়কে ডিহিং পাটকাই জাতীয় উদ্যানের কাছে Oil India-র একটি পাইপলাইনে আগুন লাগার প্রতিবেদনে স্থানীয় সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, এলাকায় তেলচোরেরা সক্রিয় এবং কনডেনসেট চুরির জন্য মাঝে মাঝে পাইপ ক্ষতিগ্রস্ত করে। [২২]
    ২) মাকুমের কাছে লাখিপাথার সংরক্ষিত বন অঞ্চলে তিনসুকিয়া পুলিশ OIL-এর পাইপলাইন থেকে চুরি করা ১,৭০০ লিটার কনডেনসেট বনের ভেতর থেকে উদ্ধার করে। সেই প্রতিবেদন অনুযায়ী পুলিশ আগেও পাইপ ছিদ্র করে তেল চুরির দায়ে নয়জনকে গ্রেপ্তার করেছিল। [২৩]
    ৩) ডিগবয় শহরে শোধনাগারের তৈরি পণ্য বহনকারী পাইপলাইনও চোরেদের লক্ষ্য হচ্ছে বলে Sentinel পত্রিকা লিখেছে। [২৪]
    ৪) ২০২৬-এর মাঝামাঝি, মাকুমে পুলিশ চা-বাগানের ভেতর দিয়ে আধা কিলোমিটার সহায়ক পাইপ বসিয়ে অপরিশোধিত তেল সরানোর একটি চক্র ধরে, এবং একটি ট্রাক জব্দ করে। [২৫]

    এখানে উল্লেখ থাক অয়েলের পাইপলাইন বসানোর জন্য ১৩ হেক্টর বনভূমি পরিস্কার করা হবে, আনুমানিক সাড়ে আটশো গাছ কাটা পড়বে। স্বাভাবিক ভাবেই গাছ কাটা নিয়ে পরিবেশ কর্মীরা আপত্তি করেছেন। এটা অবশ্য ডিহিং পাটকাইতে নয় বরং ডিগবয় এলাকায়। তবে হুলক গিবন বা কাঠাবাতাসী হাঁসেরা তো আর মানুষের ভাগ করা এলাকা বোঝে না। ওরা চায় অবাধ চলাচলের পথ। সেই পথ, বা তাদের বাসস্থান আর কতদিন থাকবে কে জানে! [২৬]

    তথ্যসূত্রঃ-
    [১] https://frontierindia.com/assams-dehing-patkai-notified-as-a-national-park/
    [২] i) https://sabrangindia.in/all-assam-students-union-protests-coal-mining-dehing-patkai-forest/
    ii) ধকুয়াখানা: https://www.sentinelassam.com/north-east-india-news/assam-news/aasus-protest-against-proposed-coal-mining-project-continues-478732
    iii) লখিমপুর: https://www.sentinelassam.com/north-east-india-news/assam-news/aasu-lakhimpur-unit-protests-against-coal-mining-move-in-dehing-patkai-478560
    iv) দুলিয়াজান: https://obeta.ttef.in/north-east/aasu-protests-over-coal-mining-in-tinsukia/cid/1774817
    v) SFI: https://sentinelassam.com/cities/guwahati-city/students-federation-of-india-sfi-opposes-coal-mining-in-dehing-patkai-478103
    vi) ডুমডুমা প্রেস ক্লাব: https://sentinelassam.com/north-east-india-news/assam-news/doomdooma-press-club-staged-protests-against-coal-mining-in-saleki-prf-479132
    vii) KMSS: https://www.pratidintime.com/latest-assam-news-breaking-news-assam/tingkhang-kmss-stages-protest-against-coal-mining-in-dehing-patkai
    viii) কংগ্রেস/AASU/KMSS/যাদব পায়েং: https://thedawnlitpost.com/2020/05/environmentalist-congress-others-oppose-coal-mining-in-dehing-patkai-forest/
    ix) অনলাইন প্রচার: https://northeastrising.in/?p=1907
    [৩] i) নাগরিক বিবৃতি: https://nenow.in/?p=141748
    ii) ডুমডুমা: https://assamtribune.com/call-to-cancel-coal-mining-project-at-saleki-in-dehing-patkai-elephant-reserve
    iii) মার্গারিটা সমাবেশ: https://eastmojo.com/news/2020/06/12/hundreds-demand-resumption-of-mining-at-tirap-tikok-collieries/
    iv) Nature's Beckon: https://obeta.ttef.in/north-east/ngo-denies-mining-in-dehing-patkai-wildlife-sanctuary/cid/1775421
    [৪] i) https://www.eastmojo.com/news/2020/06/07/assam-amid-protests-coal-india-temporarily-suspends-mining-ops/
    ii) https://www.landconflictwatch.org/conflicts/coal-india-ordered-to-suspend-mining-at-assam-s-dehing-patkai-wildlife-sanctuary
    [৫] i) https://eastmojo.com/news/2020/07/18/assam-govt-forms-panel-to-inquire-into-coal-mining-at-dehing-patkai/
    ii) https://www.livelaw.in/pdf_upload/20930000002202224-472562.pdf
    iii) https://www.scconline.com/blog/wp-json/wp/v2/posts/235507
    iv) https://eastmojo.com/news/2021/02/23/dehing-patkai-panel-gets-extension-as-govt-sits-on-its-request-for-satellite-images/
    [৬] i) https://manage.thediplomat.com/2022/01/why-is-india-unable-to-check-illegal-coal-mining-in-assams-rainforests
    ii) https://scroll.in/article/1015375/banned-in-meghalaya-rat-hole-mining-continues-unchecked-in-assams-forests-commission-finds
    [৭] i) https://manage.thediplomat.com/2022/01/why-is-india-unable-to-check-illegal-coal-mining-in-assams-rainforests
    ii) https://www.eastmojo.com/assam/2023/02/19/bjp-leaders-involved-in-illegal-coal-mining-in-assam-other-ne-states-says-ajp/
    [৮] i) https://www.webjosh.com/article/probe-panel-finds-coal-india-subsidiary-guilty-of-illegal-mining-in-assam-1642177997-28346
    ii) https://amp.scroll.in/article/1014993/scroll_in
    iii) https://www.sentinelassam.com/topheadlines/report-on-illegal-coal-mining-tabled-in-house-569211
    [৯] https://scroll.in/article/1014993/coal-india-illegally-mined-coal-worth-rs-5-000-crore-in-assam-forest-home-to-elephants-finds-report
    [১০] https://nenow.in/top-news/dehing-patkai-or-aarey-2-0.html
    [১১] https://napmindia.wordpress.com/2020/07/12/dehing-patkai-post-facto-clearance-of-16-years-of-illegal-coal-mining-and-fresh-approval-for-mining-by-nbwl-is-an-environmental-travesty/
    [১২] i) https://www.sentinelassam.com/topheadlines/saleki-coal-mining-commission-detects-illegalities-by-nec-cil-others-573245
    ii) https://thenortheasttoday.com/states/assam/dehing-patkai-mining-assam-govt-to-table-probe-report-in/cid5755539.htm
    iii) https://www.inkl.com/news/gauhati-hc-panel-report-reveals-illegal-coal-mining-in-assam-from-2003-19
    iv) https://www.livelaw.in/amp/news-updates/gauhati-high-court-illegal-coal-mining-reserved-forest-areas-digboi-division-225398
    v) https://www.landconflictwatch.org/conflicts/coal-india-ordered-to-suspend-mining-at-assam-s-dehing-patkai-wildlifis-devastating-upper-assam's-rainforests
    [১৩] i) https://indiankanoon.org/doc/22803313/
    ii) https://indiankanoon.org/doc/26616883/
    iii) https://www.scconline.com/blog/post/2025/02/15/gauhati-hc-directs-principal-secretary-dgp-to-file-affidavits-detailing-steps-against-illegal-mining-assam-forests/
    iv) https://www.eastmojo.com/assam/2023/04/04/ensure-no-illegal-mining-takes-place-in-digboi-forest-area-hc-to-centre-assam-govt/
    v) https://thelawcommunicants.com/wp-content/uploads/2023/04/Mrinmoy-Khataniar-Anr.-v.-Union-of-India-9-Ors.-4-April-3.pdf
    [১৪] i) https://ghconline.gov.in/NewCList/dl-14-02-2025.pdf
    ii) https://indiankanoon.org/doc/24969164/
    iii) https://www.scconline.com/blog/post/2025/02/15/gauhati-hc-directs-principal-secretary-dgp-to-file-affidavits-detailing-steps-against-illegal-mining-assam-forests/
    [১৫] i) https://inkl.com/news/coal-mining-operations-resume-in-assam-elephant-reserve
    ii) https://sentinelassam.com/topheadlines/coal-mining-operations-resume-in-assam-584639
    iii) https://business-standard.com/article/companies/coal-mining-resumes-at-nec-s-tikak-colliery-in-assam-s-tinsukia-122032600921_1.html
    [১৬] i) https://www.freepressjournal.in/india/assam-over-13-rat-hole-mines-sealed-in-margherita-4-arrested-in-ongoing-crackdown
    ii) https://nenow.in/north-east-news/assam/assam-legal-study-flags-systematic-illegal-coal-mining-inside-dihing-patkai-national-park.html
    [১৭] https://nenow.in/north-east-news/assam/assam-activist-flags-illegal-coal-mining-in-rfs-adjoining-dehing-patkai-seeks-sanctuary-tag.html
    [১৮] https://www.indiatodayne.in/assam/video/protest-erupts-in-assams-ledo-against-alleged-illegal-coke-coal-units-1359926-2026-03-15
    [১৯] https://www.indiatodayne.in/assam/story/assam-human-rights-body-seeks-cbi-probe-into-illegal-rat-hole-mining-at-margherita-1277429-2025-09-14
    [২০] https://www.indiatodayne.in/assam/story/assam-margherita-residents-and-satra-mukti-sangram-samity-to-protest-against-illegal-coal-mining-1036453-2024-06-26
    [২১] https://assamtribune.com/assam/conservationists-oppose-oils-dehing-patkai-drilling-plan-warn-of-ecological-damage-161255
    [২২] https://nenow.in/north-east-news/assam/assam-oil-pipeline-catches-fire-near-dehing-patkai-national-park.html
    [২৩] https://nenow.in/north-east-news/assam/police-seize-1700-litres-of-stolen-condensate-oil-from-tinsukia.html
    [২৪] https://sentinelassam.com/topheadlines/oil-pilferage-goes-on-ubated-in-digboi-authorities-clueless
    [২৫] https://www.sentinelassam.com/breakingnews/police-seize-truck-laden-with-stolen-crude-oil-in-makum-after-busting-underground-pipe-syndicate
    [২৬] https://www.eco-business.com/news/new-pipelines-will-fragment-assams-protected-forests-say-environmentalists/
     


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২১ নভেম্বর ২০২৬ | ৪৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ২১ নভেম্বর ২০২৬ ১০:২২744071
  • কালিদাসের দেশ আর কাকে বলে?
    আবার একটা মহামারী না হলেই নয়?
  • nandini | ২১ নভেম্বর ২০২৬ ১৯:১৫744075
  • শেষ ছবিটা কি ওরাংউটাংএর?
    এ জংগলটাও থাকবে না। আটকানোর কোন উপায় নেই।
  • kk | ২১ নভেম্বর ২০২৬ ২০:৫৮744076
  • তুমি মনে হয় ডিহিং পাটকাইয়ের ঐ কাটা পাইপের ছবি একবার এখানে দিয়েছিলে। আমার মনে হচ্ছে দেখেছি। আর দেখে খুব অবাকও হয়েছিলাম। সত্যি, কী যে চলছে সব!
  • স্বাতী রায় | ২১ নভেম্বর ২০২৬ ২৩:১৫744078
  • কিছুই থাকবে না। থাকবে এই আশা করাটাই এখনকার দিনে ভুল হচ্ছে।
  • অরিন | ২১ নভেম্বর ২০২৬ ২৩:৩৫744080
  • শেষ ছবিটা কি ওরাংউটাংএর?
    এ জংগলটাও থাকবে না। আটকানোর কোন উপায় নেই।
     
    না ওটা হুলক গিবনের।
    কালো শরীর, সাদা ভ্রূ।
    ভ্রূপল্লবে ডাক দিলে দেখা হবে পাটকাই বনে, অবিশ‍্যি তদ্দিন যদি পাটকাই বন থাকে।
  • লেখিকাকে | ২২ নভেম্বর ২০২৬ ০৪:৪৫744085
  • সমস‍্যাটা ঠিক কোথায়? আইন মেনে কয়লাখনি হলে আপনার কোন সমস‍্যা নেই, তাই তো?
  • দ | ২২ নভেম্বর ২০২৬ ০৯:৩৪744090
  • অরিন,
    হ্যাঁ কালিদাসের মতই কার্যকলাপ বটে।
    মহামারির কথা বলছেন কেন? রেনফরেস্ট ধ্বংসের সাথে কি ক্ষতিকর জীবাণু বাড়ার কোন যোগ থাকে? এই অ্যাঙ্গলে কোনদিন বন ধ্বংসের ইমপ্যাক্ট অ্যানালিসিস দেখি নি তাই কৌতুহল হচ্ছে।
     
    অন্য প্রসঙ্গে ডিহিং পাটকাই ছাড়া নামদাফাতেও প্রচুর হুলক গিবন থাকে। দেবান ফরেস্ট বাংলোয় মানুষজন কম থাকলে রান্নাঘরের পাশের গাছটাতেই রোজ সকাল বিকেল আসে।
     
    নন্দিনী,
    অরিণ বলেই দিয়েছেন ওটা হুলক গিবনের। বাংলায় যাদের উল্লুক বলে। একটা মজার ব্যপার হল অনেক উল্লুক একসাথে যখন চীৎকার করে দূর থেকে শুনলে ঠিক শিক্ষক না থাকা ক্লাসে ছাত্রদের গোলমালের মত শোনায়।
     
    কেকে,
    হ্যাঁ মনে হয় সুকির কোন একটা লেখার নীচে দিয়েছিলাম। এটা লিখতে গিয়ে খুঁজে পেলাম না, অন্য ল্যাপটপে থেকে গেছে।
     
    স্বাতী,
    দু:খের কথা এটাই। সম্ভবত স্বাভাবিক কিছু, সুন্দর কিছুই আর থাকবে না বেশীদিন।
     
    নিক নিতে অক্ষম,
    না কয়লাখনিতেই সমস্যা। রেনফরেস্ট ধ্বংসে সমস্যা।
  • ব্যাকফুটে মনে হচ্ছে | ২২ নভেম্বর ২০২৬ ১০:২৮744091
  • Nearly a month after protests against a proposed dam turned violent in Arunachal Pradesh’s Pasighat, Union Home Minister Amit Shah on Saturday said that “positive and constructive” discussions will be held with stakeholders about the project.
  • অরিন | ২২ নভেম্বর ২০২৬ ১০:৩০744093
  • দময়ন্তী, এই ব্যাপারটি বহু চর্চিত এবং কোভিডের পর বিশেষ করে আলোচিত হয়েছে। নীচের লেখাটি পড়ে দেখতে পারেন।
     
    "Across different regions, expansion into the forest, particularly in tropical regions like the Amazon, can facilitate disease transmission. Deforestation associated with interstate roads is no exception. For example, researchers detected the presence of active hantavirusescirculating in regions near another Brazilian highway and warned that deforestation associated with the road’s development could increase the risk of the emergence of new viral lineages. In a 2025 study that has not been peer reviewed, researchers compared dengue cases from healthcare facilities near versus far from the Interoceanic Highway across the Peruvian Amazon and found that paving the highway led to an additional 10,950 cases since 2009 when development began, a five-fold increase over dengue incidence prior. And a 2014 study modeling the impact of deforestation on malaria revealed that the presence of roadways increased malaria risk in the Brazilian Amazon"
     
  • দ | ২২ নভেম্বর ২০২৬ ১২:১৬744097
  • আপার সিয়াং ড্যাম নিয়ে একটু ব্যাকফুটে মনে হয়। তবে আপার সিয়াং বাঁধ নিয়ে বানানোর চেষ্টা আর প্রতিবাদ দুইই চলছে বহু বছর। ওটা নিয়ে লেখা এর পরের পর্বে আসছে।
     
    অরিন,
    অসংখ্য ধন্যবাদ। পড়ে দেখছি। এই দিক নিয়ে ভারতের পরিবেশবিদরা কিছু বলেছেন কিনা ভাল করে খুঁজে দেখতে হবে।
  • তরমুজ | ২২ নভেম্বর ২০২৬ ১৩:০৮744099
  • পরিবেশ নিয়ে লেখালেখি হতে দেখে ভাল লাগছে। .... মানুষ যখন আগ্রাসী হয়, তখন শুধু সমাজের ওপরই আগ্রাসী হয় না, প্রকৃতির ওপরও আগ্রাসন নেমে আসে। এটা একটি সার্বজনীন বিষয়। কারন আমরা রাষ্ট্রের নামে সীমানা দিয়ে মানুষ ও সমাজকে ভাগ করতে পারি। কিন্তু প্রকৃতিকে তো সেভাবে ভাগ করা যায় না। তাই আমি মনে করি মানবতা ও সাম্যের জন্য প্রকৃতি বা পরিবেশ গুরুত্বপূর্ণ। গান্ধিজীর দর্শনও তাই বলে।
  • অরিন | ২২ নভেম্বর ২০২৬ ১৩:৩৩744100
  • দময়ন্তী, পরিবেশবিদ, যাঁরা Environmental Impact Assessment (EIA) করেন, আপনি তাঁদের লেখা পড়লে এই epidemiological impact পাবেন না, কারণ তাঁদের উদ্দেশ‍্য এবং বিধেয় exposure assessment, মানে কতটা জঙ্গল সাফ হলে কতটা পরিবেশের ক্ষতি। পরিবেশের ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট জনস্বাস্থ‍্যের ক্ষতি মাপার পদ্ধতি অন‍্যরকম। ভারতের পরিপ্রেক্ষিতে আমিও বিশেষ দেখিনি, তবে কেউ না কেউ করবেন।
  • তরমুজ | ২২ নভেম্বর ২০২৬ ১৩:৫৭744103
  • //সমস‍্যাটা ঠিক কোথায়? আইন মেনে কয়লাখনি হলে আপনার কোন সমস‍্যা নেই, তাই তো?//
     
    মানুষ প্রকৃতি বা পরিবেশের অভিন্ন অঙ্গ। কিন্তু সমস্যা হল মানুষের লক্ষ্য প্রাকৃতিক নয়, রাষ্ট্রীয়। অর্থাৎ মানুষ যে যে ক্রিয়াকলাপ করে থাকে সেগুলি যে সবসময় প্রকৃতি বিরুদ্ধ সেরকমটা কিন্তু নয়। সুতরাং পরিবেশ বা প্রকৃতিবাদী হওয়ার অর্থ গুহা মানবের দিকে পথচলা নয়। প্রকৃতিবাদী হওয়ার অর্থ মানুষকে রাষ্ট্রীয় সমাজের অঙ্গ না ভেবে, প্রাকৃতিক সমাজের অঙ্গ হিসাবে ভাবা। মানুষ প্রাকৃতিক সমাজের অঙ্গ হলে মানুষের সব ক্রিয়াকলাপ জ্ঞান বিজ্ঞান বা অগ্রগতি প্রকৃতির পক্ষে অগ্রগতি হবে। যেটা প্রকৃতি ও পরিবেশের পক্ষে সহায়ক, ঠিক অন্যান্য প্রাণী ও জীবের মতই। কিন্তু সেই অগ্রগতি রাষ্ট্রের পক্ষে হলেই, সেটা প্রকৃতি ও পরিবেশ বিরুদ্ধ হয়ে যায়। আর প্রকৃতি বিরুদ্ধতার অর্থ হল মানুষের বিরুদ্ধে যাওয়া। কারন মানুষ ও মানুষের অগ্রগতি জ্ঞান বিজ্ঞান ইত্যাদি, কোনটাই অপ্রাকৃতিক বিষয় নয়। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সবই প্রকৃতির অভিন্ন অঙ্গ। এটা ভালো করে বোঝা প্রয়োজন আছে। ..... আর এই জায়গায় এসে গান্ধি ও মার্কসের সাম্যবাদী দর্শন মিলেমিশে এক হয়ে যায়।
  • ফুটি | ২৪ নভেম্বর ২০২৬ ০৩:৩৯744119
  • মানুষ প্রকৃতির অঙ্গ নয়, সেটা সম্ভবও নয়। মানুষের সঙ্গে প্রকৃতির সম্বন্ধ রয়েছে এইটুকু বড়জোর বলা যেতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন।