টাবো গোম্পা

বাঁ দিক থেকে ডানদিকে - গোল্ডেন টেম্পল, মূল প্রদর্শনীকক্ষ, চিত্রকক্ষ, নতুন সভাগৃহ ( দুখাং)
কাজা থেকে নিয়মিত টাবোতে স্থানীয় বাস যায়। সকাল সাড়ে সাতটার রেকংপিওগামী বাস টাবো হয়ে যায়, সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা। অঞ্জলী বলেছিল যেখানে নামায় সেখান থেকে এক কি সোয়া কিমি হাঁটলেই গোম্পা। স্থানীয় বাস, তাই টিকিট আগে বুক হয় না, বাস ছাড়ার আগে স্ট্যান্ডে কন্ডাক্টার টিকিট দেন। এইদিনও ভোর সাড়ে পাঁচটায় উঠে তৈরী হয়ে সোয়া ছটা নাগাদ বেরিয়ে পড়লাম। আগেরদিন রাত্রে মোটামুটি গুছিয়ে রেখেছি, টাবো থেকে ফিরেই ব্যাগ ট্যাগ নিয়ে ইউলগাল হোমস্টে চলে যাবো।
দিনটা বেশ পরিস্কার, সূর্য তখনো সদ্য ঘুমভাঙা চোখ পিটপিট করছে, hrtc বাসস্ট্যান্ডে পৌঁছে দেখি বাস তখনো দেয় নি। লোকজন এদিক ওদিক বসে দাঁড়িয়ে। পাশের ছোট খাবারের দোকানে লোকে ভীড় করে চা খাচ্ছে। কফি হবে না, ফুরিয়ে গেছে। মার্কেট খুললে এনে তবেই করতে পারবে। অগত্যা গিয়ে বসি। বাস এলো, মানে সারি দিয়ে দাঁড়ানো বাসগুলোর মধ্যে থেকে একটা বাস বেরিয়ে আলাদা হয়ে দাঁড়ালো, কন্ডাক্টারসায়েব এসে বসলেন টিকিট দিতে। নিমেষের মধ্যে জনা তিরিশেক লোক ঘিরে দাঁড়ালো টিকিটের জন্য।
আমি টাবো যাবো শুনে দাঁড়াতে বললেন, আগে রেকংপিওর টিকিট দেবেন কারণ ছে ছে ঘন্টা ক্যায়সে খাড়ে হোকে যায়েঙ্গে লোগোঁনে? আপকা তো একহি ঘন্টেকা জার্নি। কি মুশকিল এক নয় দেড় থেকে দুই ঘন্টা আর বেশ বাজে রাস্তা। জনা ছয়েককে দেবার পরে আরো একবার ঘ্যান ঘ্যান করলাম। কিন্তু ভবি ভুলল না। চুপচাপ খাড়ে হো যাও ম্যাডাম, ম্যায় ঠিকঠাক টাইম পে দে দুঙ্গা। লোক গোণা ছেড়ে হতাশ হয়ে দেখতে লাগলাম। আরো কিছু টিকিট দিয়ে আমার হাত থেকে টাকাটা নিয়ে সঙ্গের যন্ত্রে কি সব খুটুর খাটুর করে বললেন যাও গিয়ে ১৫ নম্বর সিটে বসে পড়ো, টিকিট বাসে দেবো।
১৫ মানে প্রায় শেষের দিকের সিট। তবে জানলার ধার। বসলাম গুছিয়ে। শুধু জানলাটার খোলার ছিটকিনি টা ভাঙা, খোলা যাবে না। যাকগে দেখা তো যাবে। বাস সম্পূর্ণ ভরে গিয়ে প্রচুর লোক দাঁড়িয়ে রইল। বাস কাজা ছাড়ানোর পরে কন্ডাকটার এসে কুড়ি টাকা ফেরত দিলেন আর একশো টাকার টিকিট। এক মহিলার টাবো থেকে ১৫ নম্বর সিটে বুকিং আছে, তাই আমাকে টাবো পর্যন্ত ওইখানে বসিয়ে দিয়েছেন।
সে নাহয় বুঝলাম। কিন্তু তিনি বুকিংটা করলেন কীভাবে সেটা বুঝলাম না। এটা লোকাল বাস, hrtcর সাইটে দেখায়ও না বুকিংও হয় না। কাজার ডিপো থেকেও অ্যাডভান্স বুকিং নেয় না। আর টাবোতে তো কোন ডিপো বা স্থায়ী বাসস্ট্যান্ডও নেই। হয়ত hrtc র কর্মী বা তাদের কারো আত্মীয়। পথে একটা অদ্ভুত ঘটনা দেখলাম। টাবোর কিছু আগে একজন মধ্যবয়সী মহিলা বেশ বড় একটা বোঁচকা নিয়ে নেমে যাওয়ায় কন্ডাকটার দেখি বেজায় চেঁচামেচি জুড়েছেন।
কী ব্যপার, না ভদ্রমহিলা টিকিট যেখানকার কেটেছেন নেমে যাচ্ছেন তার ২২ কিমি আগে। তা এতে সমস্যা কী? মহিলার বক্তব্য ভাড়া তো একই, আমার যেখানে খুশী আমি নামবো তোমার কী? কন্ডাকটারের বক্তব্য তাহলে তুমি টিকিট পুরো ছিঁড়ে ফেলে দাও তারপর যেখানে খুশী যাও। ইনিও টিকিট ছিঁড়বেন না উনিও ছাড়বেন না। শেষে কন্ডাকটার দৌড়ে নেমে গিয়ে মহিলার পথ আটকে দাঁড়িয়ে টিকিট নিয়ে ছিঁড়ে তিন টুকরো করে তবেই এসে বাসে উঠলেন, বাসও চলল আবার। উনি তখনও গজগজ করছেন 'বাদ মে কুছ হো যায়গা তো হামারি রেস্পন্সিবিলিটি বন যায়েগী! কেয়া নৌটঙ্কি হ্যায়!'
hrtc র ড্রাইভার কন্ডাকটাররা খুবই দায়িত্ববান হন দেখেছি। তাই বলে এতটা ভাবতে পারি নি। নটা পাঁচ নাগাদ টাবোর নির্ধারিত স্টপেজে বাস পৌঁছালো, এখানেই ফেরার সময়ও দাঁড়ায় বাস। ত ফিরতি বাস আসে সিমলা থেকে। অঞ্জলী বলেছিল আড়াইটে তিনটে নাগাদ আসে, আগেরদিন কাজা ডিপোয় একজন বলেছিলেন দেড়টা দুটো। এই কন্ডাকটার কখন আসবে কিছুই বললেন না। বাস বেরিয়ে যাবার পরে সামনের দোকানে গোম্পার পথ জিজ্ঞাসা করে হাঁটা দিলাম। আপাতত বাস যেদিকে গেল সেদিকেই খানিক এগিয়ে গোম্পার গেট এলে ডানদিকে ঘুরতে হবে।

টাবো - প্রথম তোরণ
প্রায় এক কিমি হাঁটার পরে গেট এলো, ডানদিকে ঘুরলাম। আরো ৫০০ - ৬০০ মিটার মত গেলে মূল গোম্পার গেট। রাস্তার ডানপাশে পরপর খাবারের দোকান, ক্যাফে, হোটেল ইত্যাদি। একটা ক্যাফেতে ঢুকলাম একটু কফির সন্ধানে। গোম্পার মূল গেটের একটু আগে একটা বড়সড় হোটেলের বাইরের দিকে ক্যাফেটা। কফি ভালই বানায়। ওদের বাথরুম ব্যবহার করতে চাওয়ায় হোটেলের ভেতরে রিসেপশানের পাশে পাঠিয়ে দিল। উরিবাবা সে কি পুঁচকে বাথরুম রে ভাই, ঢুকলে পরে আর দরজা বন্ধ করার জায়গাই নেই প্রায়। এমনিতে পরিস্কার পরিচ্ছন্ন। কফি খেয়ে শরীর মগজ চাঙ্গা করে ঢুকলাম গোম্পায়। গোম্পার মন্দিরগুলো সকাল ৯টা থেকে দুপুর ১টা অবধি, আবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা অবধি খোলা থাকে। যদিও গোম্পা চত্বর সকাল ৬টা থেকে রাত ১০টা অবধি খোলা।

গোম্পায় প্রবেশের তোরণ
টাবো বা তাবো গোম্পা হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার টাবো গ্রামে অবস্থিত। এটি ৯৯৬ খ্রিস্টাব্দে তিব্বতি অগ্নি বানর বর্ষে লোৎসাওয়া (অনুবাদক) রিনচেন জাংপো (মহাগুরু রামভদ্র) দ্বারা প্রতিষ্ঠিত। হয়েছিল। টাবো ট্রান্স হিমালয়া অঞ্চলে ভারত এবং তিব্বত দুই দেশেই প্রাচীনতম অবিচ্ছিন্নভাবে পরিচালিত বৌদ্ধধর্ম চর্চা কেন্দ্র হিসেবে পরিচিত। এর দেয়ালে বিপুল সংখ্যক ফ্রেস্কোতে বৌদ্ধ দেব দেবী এবং বৌদ্ধ জাতকের কাহিনী চিত্রিত আছে।

টাবো গোম্পা - প্রথম দর্শন
এখানে থাংকা, পাণ্ডুলিপি, মূর্তি, ফ্রেস্কো এবং বিস্তৃত ম্যুরালের অনেক অমূল্য সংগ্রহ বেশ ভালোভাবে সংরক্ষিত রয়েছে। ফলে প্রায় প্রতিটি দেয়ালই এক চলমান শিল্প প্রদর্শনীর রূপ ধারণ করেছে। এই গোম্পা 'হিমালয়ান অজন্তা' নামে পরিচিত। 1975 সালের ভূমিকম্পের পর, গোম্পা পুনর্নির্মাণ করা হয়েছিল এবং 1983 সালে একটি নতুন দুখাং বা সভাগৃহ নির্মাণ করা হয়েছিল। ASI এই গোম্পাকে ভারতের একটি জাতীয় ঐতিহাসিক সম্পদ হিসাবে ঘোষণা করেছে। এই গোম্পা তিব্বতী বৌদ্ধধর্মের গেলুগ সেক্টের অন্তর্গত।

পুরোন গোম্পার প্রাচীন কারুকার্যকরা কাঠের প্রবেশদ্বার
এখানে মোট ৯টা মন্দির, ৪টা স্তুপ, ২৩টা চোর্তেন এবং ভিক্ষুদের বাসস্থান আছে। এইটুকু পড়ে কনফিউজড হয়ে ASIএর বোর্ডের সামনে বেশ খানিকক্ষণ হাঁ করে দাঁড়িয়ে রইলাম। আমি যদ্দুর জানতাম স্তুপ আর চোর্তেন একই স্থাপনার দুটো আলাদা নাম। স্তুপ হল সংস্কৃত শব্দ আর চোর্তেন তিব্বতী। তাহলে এই স্তুপ আর চোর্তেনের আলাদা আলাদা সংখ্যার মানে কী? ব্যপারটা ব্যাখ্যা করার মত কাউকেই আশেপাশে দেখি না। দেখা যাক ভেতরে ঢুকে কাউকে পাওয়া যায় কিনা। কোন সিনিয়ার লামাকে পেলেও চলবে মনে হয়।

প্রধান চোর্তেন
নয়টা মন্দিরের মধ্যে চারটে কি খুব বেশী হলে পাঁচটা মন্দির সাধারণ দর্শকের জন্য খোলা থাকে। প্রথমেই আসে ৎসুগ - লা -খাং বা মূল প্রদর্শনী কক্ষ। জুতো খুলে ঢুকতে হয় প্রতিটা মন্দিরে আবার বেরিয়ে জুতো পরে পরেরটায় গিয়ে জুতো খুলে ঢোকা। একবার খুলে পরে সবকটা দেখে পরতে চাইলে সুরক্ষাকর্মীরা বারণ করেন। মোজাপায়ে বা খালিপায়ে এক মন্দির থেকে আরেকটায় গেলে বাইরের ধুলোও পায়ে পায়ে ঢুকবে। অতি প্রাচীন এই দেওয়ালচিত্রের জন্য বাইরের ধুলো দূষণ অত্যন্ত ক্ষতিকর।

নতুন গোম্পা - প্রতিদিনের উপাসনা এখানেই হয়এই মূল প্রদর্শনী হলের মধ্যে দেওয়ালে গাঁথা বোধিসত্ত্বের লাইফসাইজ ৩৩ খানা চুন সুরকীর মূর্তি আছে। এর পরের মন্দির সের - খাং বা গোল্ডেন টেম্পল। তৃতীয় মিস্টিক মন্ডলা টেম্পল। এর ভেতরে পুরো দেওয়াল জুড়ে সুবিশাল মন্ডলা আঁকা। কেন্দ্রে ভৈরোচনা বুদ্ধ এবং তাঁকে কেন্দ্র করে মন্ডলা আঁকা। চার নম্বর হল বোধিসত্ত্ব মৈত্রেয় মন্দির। ভেতরে একটি ৬ মিটার উঁচু ভবিষ্যবুদ্ধের মূর্তি। শেষ মন্দির ছোট ড্রোমতোন, মূলত একাদশ শতকের দেওয়ালচিত্র রয়েছে এখানে।
গোল্ডেন টেম্পল
যে মন্দিরগুলো সাধারণ দর্শকের জন্য খোলা, সেগুলো অতি প্রাচীন দশম ও একাদশ শতকে তৈরি। বাকী চারখানা মন্দির হোয়াইট টেম্পল, চেম্বার অব পিকচার ট্রেজারস, মহাকাল মন্দির আর দ্য লার্জ টেম্পল অব ড্রোমতোন পঞ্চদশ থেকে সপ্তদশ শতকে তৈরী। ASI থেকে এদের সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য বন্ধ রেখেছে। এই তথ্যগুলো মোটামুটি নেটে সহজলভ্য, পড়াশোনা করেই গিয়েছিলাম। মজা হল মিস্টিক মন্ডলা টেম্পল মোটেই খুঁজে পাই নি বরং মূল প্রদর্শনী হল থেকে সরাসরি চেম্বার অব পিকচার ট্রেজারসে ঢুকে গিয়েছিলাম।
মূল প্রদর্শনীকক্ষ ও তার পাশে চিত্রকক্ষ ( বাঁ দিকে স্যুভেনিয়ার শপ) গোটা টাবো গোম্পাই মাটির তৈরী। চারপাশে মোটা মাটির দেওয়াল (চোর খাস) দিয়ে ঘেরা। কিন্তু মূল প্রদর্শনী কক্ষ থেকে চেম্বার অব পিকচার ট্রেজারসে ঢুকলে স্থাপত্যের তফাৎ বেশ বোঝা যায়। মূল হল অনেকটা বড়, পুরু মাটির দেওয়াল, বাইরের শব্দ আলো কিছুই আসে না, ছাদ অনেকটা উঁচুতে। চিত্রকক্ষের দেওয়াল অপেক্ষাকৃত পাতলা, বাইরের আওয়াজ কিছু কিছু শোনা যায়, ছাদের সিলিংও অনেকটা নীচে। সব মন্দিরেরই ভেতরের সিলিং, ও দেওয়াল ধরে রাখার পিলার জুনিপার কাঠের তৈরী। দরজা অধিকাংশ পাইন কাঠের।
সুক্ষ্ম কারুকার্যকরা কাঠের দরজা - বোধিসত্ত্ব মৈত্র্য মন্দির
যে কোন মন্দিরের ভেতরে ঢুকলে বহুশত বছরের পুরোন কাঠের হালকা একটা গন্ধ পাওয়া যায়। চিত্রকক্ষে সিলিং অনেক নীচু হওয়ায় এই গন্ধ একটু বেশীই। সবমিলিয়ে একটা দমচাপা ভাব এই ঘরে। এখানে আছে অজস্র ঝলমলে থাংকা, ছবি আঁকা কাপড়ের টুকরো। সত্যিই ট্রেজার ট্রোভ। গোল্ডেন টেম্পলের ভেতরে এক ভদ্রলোক আগত দর্শকদের টাবো সম্পর্কে বলছিলেন। তাঁকে জিজ্ঞাসা করি অপেক্ষাকৃত পুরোন (১০ম - ১১শ এ তৈরী) মন্দিরগুলো খোলা কিন্তু পরের যুগের ( ১৫শ - ১৭শ) তৈরী মন্দিরগুলো বন্ধ কেন?
মূল প্রদর্শনীকক্ষের ভিতরের সিলিঙে চিত্রিত বস্ত্রখন্ড ( Deborah Klimburg -Salter এর বই থেকে)তিনি বলেন দশম একাদশ শতকে তৈরী মন্দিরগুলো অনেক বেশী পোক্ত। দেওয়াল অনেক মোটা, ঘরের আয়তনও অনেক বড় ফলে বাইরের আবহাওয়ার প্রভাব ভেতরে প্রায় পড়েই নি। মানুষ চলাচলের জন্য যেটুকু ধুলোবালি আসে, মানুষের নি:শ্বাস প্রশ্বাসে যেটুকু বাষ্প হয় ভেতরে সেটুকু শোষণ করে নেবার ক্ষমতা ওই মাটির দেওয়ালের, ওই জুনিপার কাঠের সিলিঙের আছে। নিচ্ছেও, তাই ফ্রেসকো ম্যুরালগুলো প্রায় অপরিবর্তনীয় অবস্থায় থেকে গেছে।
কিন্তু পঞ্চদশ থেকে সপ্তদশ শতকে তৈরী মন্দিরের মাটি অপেক্ষাকৃত খারাপ, দেওয়াল অনেকটা পাতলা। দেওয়ালচিত্রের রঙের গুণমানও আগের মন্দিরের তুলনায় নিকৃষ্ট। ফলে মানুষ চলাচলে সৃষ্ট ধুলো, বাষ্পের প্রভাবে চিত্রগুলোর ক্ষয় হয়েছে দ্রুত এবং ব্যপক। কোথাও কোথাও নাকি ওয়ালপেপারের মত উঠে আসছে চিত্রের অংশ। ASI তাই এই মন্দিরগুলো সম্পূর্ণ বন্ধ করে রেখেছে। এদের পুনরুদ্ধারের প্রক্রিয়াও অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। শুনে একটু অবাকই হলাম।
ছোট ড্রোমতোন মন্দির - দরজা বন্ধতার মানে যত দিন যায় জিনিষের মান, কাজের কোয়ালিটি আগের চেয়ে খারাপ হয়, এই ব্যপার এমনকি হাজার বছর আগে থেকেই হয়ে আসছে! বোধিসত্ত্ব মৈত্রেয় মন্দিরে ভবিষ্যবুদ্ধের সুবিশাল মুর্তি দেখে পরের মন্দির ড্রোমতোনে গিয়ে দেখি তালাবন্ধ। যাহ তাহলে পাঁচটা নয় আসলে চারটে খোলা। এ কি ইচ্ছেমত খোলে বা বন্ধ রাখে নাকি! ভারী মন খারাপ করে ফিরে এসে মূল প্রদর্শনী হল আর চিত্রকক্ষের সামনের বারান্দায় বসি। সবে বারোটা বাজে, বাসের এখনো অনেক দেরী। গোল্ডেন টেম্পল আর চিত্রকক্ষের মাঝে বারান্দা লাগোয়া গোম্পার নিজস্ব একটা ছোট্ট স্যুভেনিয়ার শপ। খোলা দেখেছিলাম এখন বন্ধ।
বারান্দায় সবুজ নাইলনের গ্রাস ম্যাট পাতা। কিছু লোক ছড়িয়ে ছিটিয়ে বসে। তিনজন বিদেশী। এক চাওয়ালা সবাইকে চা দিচ্ছিলেন, দোকানের কথা জিজ্ঞাসা করায় বললেন দোকানের বন্ধ জানলার সামনেই দাঁড়াতে, লামাজি দেখতে পেয়ে ঠিক চলে আসবেন। তা সত্যিই এলেন, মিনিট সাতেক মত দাঁড়াতেই কোত্থেকে যেন হন্তদন্ত হয়ে এলেন। টাবো গোম্পার উপরে কোন বই আছে কিনা জানতে চাওয়ায় দুটো বই বের করে দিলেন। একটা ইংরিজি। আরেকটা প্রায় তিনশো পাতা তিব্বতী ভাষায় লেখা, শেষে পঞ্চাশ পাতায় ইংরিজিতে সারাংশ দেওয়া। ইংরিজি বইটাই নিলাম।
প্রায় সমস্ত দেওয়ালচিত্রের পিকচার পোস্টকার্ড বানিয়ে একটা সেট করা আছে। ইতস্তত করে সেটা বাদই দিলাম। এই দোকানের যাবতীয় বিক্রিবাটার টাকা গোম্পা পরিচালিত একটা বাচ্চাদের স্কুলের উন্নতিকল্পে যায়। বুঝলাম এখানে ভলান্টিয়ারিঙের সুযোগ আছে। পরে খোঁজ নিতে হবে। সেক্ষেত্রে বন্ধ মন্দিরগুলো দেখার সুযোগ পাওয়া যেতে পারে। ওঁকেই জিজ্ঞাসা করি মিস্টিক মন্ডলা মন্দিরের কথা। উনি বলেন ওটা সাধারণ দর্শকের জন্য কখনোই খোলা হয় না, বুদ্ধিস্ট স্টাডিজ রিসার্চার বা ডকুমেন্টারি মেকারদের জন্যও সহজে খোলা হয় না।
ওই মন্দির সদ্য দীক্ষিত লামাদের কিছু বুদ্ধিস্ট রিচ্যুয়াল পালন করানো ও শেখানোর জন্যই কেবলমাত্র খোলা হয়। ঘরটা অত্যন্ত ছোট, সে ঘরের মাইক্রো ক্লাইমেট যতটা সম্ভব অক্ষুন্ন রাখার চেষ্টা করেন তাঁরা। একটু ইতস্তত করে জিজ্ঞাসা করি কী আছে ভেতরে? আমার ইতস্ততভাব দেখে একগাল হাসেন লামাজি। বলেন প্রবেশ দরজার ঠিক উল্টোদিকের দেওয়ালে এক সুবিশাল ভৈরোচানা ম্যুরাল আর তাঁকে ঘিরে আটজন বোধিসত্ত্ব। দুহাত ছড়িয়ে দেখান 'এন অ র মাস ম্যুরাল'।
বার্ডস আই ভিউতে গোম্পার লেয়াউটউনিই বলেন বার্ডস আই ভিউতে টাবো গোম্পার স্থাপনাও এক নিখুঁত জ্যামিতিক মন্ডলা। সম্পূর্ণ এলাকা মাটির দেওয়াল (চোর -খাস) দিয়ে ঘেরা, চারকোণে চারটি স্তুপ, তেইশটা চোর্তেন আর নয়টা মন্দির পবিত্র মন্ডলার এক একটা গুরুত্বপূর্ণ অংশ। এইত্তো ইনিই বলতে পারবেন স্তুপ আর চোর্তেনের তফাৎ। তা বলেন বুঝিয়ে। স্তুপ হল ফাঁপা গোলাকার স্থাপনা অনেকটা আটার মণ্ডের মত। এতে একটাই সরু দরজা থাকে যা দিয়ে একজন মাত্র লোক ভেতরে ঢুকতে পারে। তবে ঢুকলে ভেতরটা অনেকটা।প্রসারিত, উঁচুও।
স্তুপ (এরকম ৪ কোণে ৪টে আছে)চোর্তেন হল একটা কেন্দ্রীয় লম্বাকার দন্ডকে কেন্দ্র করে খানিকটা স্ক্রুয়ের মত গঠন, শীর্ষবিন্দু ছুঁচালো। সাধারণত বহির্গাত্রে নানা অলংকরণ ও লিপি থাকে। টাবো গোমপা যখন তৈরী হয় সেই সময় স্তুপা আর চোর্তেন এই সংজ্ঞা মেনেই তৈরী হত। পবিত্র মন্ডলায় দুটিরই আলাদা গুরুত্ব আছে। পরের যুগে দুটো খানিকটা সমার্থক হয়ে গেছে। বলেন তোমার কাছে ড্রোন থাকলে একটু দূরে গিয়ে ওড়ালে দেখতে পাবে। তবে উপরের ধ্যানগুহার সামনে গিয়ে ড্রোন উড়িও না বাপু। নাহ ড্রোন ফোন নেই আমার।
ড্রোমতেন মন্দির বন্ধ থাকার কারণ হিসেবে বলেন একজন পাহারাদার কর্মীর বাড়িতে বিবাহোৎসব থাকায় ছুটি নিয়েছে, অন্য আরেকজনের শরীর খারাপ তাই। আশা করছেন আগামীকালই খোলা থাকবে। কাল আবার আসবো কী করে! দুদ্দুর আরো মন খারাপ হয়। ইতোমধ্যে লামাজির ডাক পড়েছে ওই বারান্দায় বসা বিদেশীদের কাছে। দোকান বন্ধ করতে করতে বলেন যাও গোল্ডেন টেম্পলে সবুজ তারার ম্যুরালটা দেখে এসো। ওটা খুব পবিত্র আর দুর্লভ। হ্যাঁ দেখেছি তো। ওর পাশে ঝকঝকে সোনালি আভার ভৈরোচানার ম্যুরালখানাও দেখেছি।
ভৈরোচানা (ডেবোরার বই থেকে) আবার গিয়ে বসি ওই বারান্দার ধারে। বইটা উলটে পালটে দেখতে দেখতেই বোধিসত্ত্ব মৈত্রেয় মন্দিরের পাহারায় থাকা মেয়েটিও এসে বসে। বলে এখন তো আর কোন দর্শক নেই, আবার কেউ এলে যাবো। নাম ঋতু, এসেছে নেপাল থেকে। ডিসেম্বর অবধি কাজ করবে এখানে। জিজ্ঞাসা করে কোথা থেকে এসেছি, এর পরে কোথায় যাবো, কাজায় এতদিন কী করছিলাম। কথায় কথায় বলি দ্রোমতোন মন্দিরটা দেখতে পেলাম না, আর কি আসা হবে? ঋতু বলে ওমা তুমি দেখতে চাও? তা আমায় বললে না কেন তখন? আমি খুলে দিতাম।
বড় ড্রোমতোন - কোনোদিন কি দেখতে পাবো এর ভিতরটা? এককুচি আশা নিয়ে বলি একবার দেখা যায়? ঋতু উঠে দাঁড়িয়ে বলে চল চল দেখে আসবে। যেতে যেতে বলে তুমি তো লামাজির সাথে কথা বলছিলে, ওঁকে বললেও দেখিয়ে দিতেন। আমি আর বলি না যে উনি কাল আসতে বলেছেন। দরজা খুলে দিয়ে বলে ছবি তুলো না কিন্তু। আমি মোবাইলসহ স্লিংব্যাগটা ঋতুর সামনে মাটিতে নামিয়ে রেখে ঢুকে যাই। অতিশ দীপঙ্করের প্রধান শিষ্য ড্রোমতোনের সম্মানে তৈরী এই ছোট্ট মন্দিরের চার দেওয়াল জুড়ে ঝলমলে উজ্জ্বল নানা তান্ত্রিক চরিত্র ও প্রতীকের ছবি দুচোখ ভরে দেখি।
এই মন্দির দশম শতকে তৈরী। এর কাঠের দরজার ফ্রেমে সুক্ষ্ম জটিল নকশা থেকে চোখ ফেরানো যায় না এত সুন্দর। সপ্তদশ শতকে ড্রোমতোনের সম্মানে আর একটা বড় মন্দির ( Large Temple of Dromtone) স্থাপন করা হয়। সে মন্দিরে শাক্যমুনি বুদ্ধের বিস্তারিত জীবনকাহিনী দেওয়ালে আঁকা আছে, আছে আটজন ভিষগ (বৈদ্য) বুদ্ধের ম্যুরালও। তবে সে মন্দিরের দরজা সাধারণ দর্শকের জন্য খোলে না। ছোট ড্রোমতোন দেখেই সাধ মেটাই। এও তো প্রায় ফস্কেই যাচ্ছিল।
বেরিয়ে ঋতুকে প্রাণভরে ধন্যবাদ দিই। ঋতু বলে দেখো আমিও একদিন তোমার মত ঘুরে বেড়াবো, নিজের ইচ্ছেমত বসে দাঁড়িয়ে সময় নিয়ে দেখবো সব। নিশ্চয়ই দেখবে ঋতু। এইটুকু বয়সে গ্রাজুয়েশান করেই এতদূরে চলে এসেছো চাকরি করতে, তুমি ঠিক পারবে। সেই বারান্দায় ফিরে দেখি দুপুরে বন্ধের সময় হয়ে এসেছে, চিত্রকক্ষ বন্ধ হয়ে গেছে। এদিকে লাদাখ থেকে আটজনের একটা দল এসেছে ধর্মীয় যাত্রায়। লামাজি ওদের বলেন বড় লামাজি বিকেল চারটেয় দর্শন দেবেন, পরবচন শোনাবেন। এখন মন্দির বন্ধ থাকবে, ওঁরা চাইলে এই বারান্দায় বসে থাকতে পারেন, চত্বরে ঘুরতে পারেন। দুটোয় আবার খুলবে মন্দির।
জুম করলে পেছনের পাহাড়ে একটা ধ্যানগুহা দেখা যায়আমি ফেরার পথ ধরি। বাইরে এসে এক দোকানে একপ্লেট মোমো খেয়ে হেঁটে হেঁটে বাস থামার জায়গায় আসি। সময় ঠিক বেলা দুটো। সোয়া দুটো নাগাদ স্থানীয় একজনকে বাসের কথা জিজ্ঞাসা করতে বলেন হ্যাঁ ওই তো এক্ষুণি আসবে। কোন কোনদিন একটু দেরী হয় অবশ্য। আড়াইটে, পৌনে তিনটে, তিনটে, সোয়া তিনটে... বাসের পাত্তাই নেই। এবারে খটকা লাগে, চলে যায় নি তো? আমি ছাড়া আর কোন যাত্রীও অপেক্ষায় নেই, লোকাল বাসে এও তো হবার কথা নয়।
একা একা গপগপ করে খাচ্ছ যে? আমায় এট্টা মোমো দাওএকটু এদিক ওদিক হাঁটতেই সেই বয়স্ক মানুষটি আবার এগিয়ে আসেন - কী হল বাস আসে নি এখনো? দেখো হয় ত চারটে নাগাদ আসবে। পাশের দোকান থেকে আরেকজন বেরিয়ে বলেন আজ তো বাস আগে আগে চলে গেছে। বাস গেছে না যায়নি তাই নিয়ে দুজনে বেজায় তর্ক শুরু হয়। আমি তো প্রমাদ গুণি। ফিরবো কী করে রে বাবা! এখানে তো আর ট্যাক্সি পাওয়া যাবে না। লিফটের আশায় কাজামুখী চলতি গাড়িগুলোকে হাত দেখাতে থাকি।
এহ ঋতু বলেছিল বাসস্ট্যান্ড অবধি না এসে গোম্পার পার্কিঙেই লিফটের জন্য জিজ্ঞাসা করতে। সেটা করলেই হত। ফিরে আবার ওসেল রুম থেকে মাল নিয়ে ইয়ুলগালে গিয়ে উঠতে হবে। বেশিরভাগই দাঁড়ায় না, দুটো গাড়ি দাঁড়ায় বটে তবে তারা অতদূর যাবে না। শেষপর্যন্ত মিনিট দশেক বাদে একটা গাড়ি দাঁড়ায়। অল্পবয়সী এক দম্পতি হন্ডা আমেজ নিয়ে যাচ্ছেন কাজার দিকে, পেছনে বসতে বলেন।
এঁরাও ২রা অক্টোবরের লম্বা সপ্তাহান্তে বেরিয়েছেন, আসছেন সারাহান হয়ে কল্পা থেকে। গাড়ি ভর্তি ছয় সাত ক্রেট আপেল। গাড়ি যত কাজার দিকে এগোয় রাস্তা তত খারাপ হয় আর এঁদের উদ্বেগও বাড়তে থাকে। আমার কাছে জানতে চান গোটা রাস্তাই এরকম খারাপ কিনা। নাহ কাজার কাছাকাছি দশ কিমি মত রাস্তা বেশ ভাল। আর চন্দ্রতাল? ওবাবা সে এর দশগুণ খারাপ। এ তো কিছুই না। ৫.২০ নাগাদ কাজা বাসস্ট্যান্ডের পাশের হাইওয়েতে পৌঁছে নামি।
অশেষ ধন্যবাদ দিয়ে কত দেবো জিজ্ঞাসা করতে দুজনেই হাঁ হাঁ করে ওঠেন। সাত আটবার অনুরোধ করেও কিছুতেই কোন টাকা নেওয়াতে পারলামই না। অগত্যা হাঁটা দিই। চোখ জুড়ে থাকে টাবোর দেওয়ালজোড়া ঝলমলে সব ফ্রেসকো ম্যুরাল। আ: হিমালয়ান অজন্তা নাম সার্থক। তবে এইখানে বলে রাখা যাক টাবোর অঙ্কনশৈলী কিন্তু অজন্তার মত নয়। অজন্তার দেওয়ালচিত্র খ্রীষ্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রীষ্টীয় পঞ্চম শতক অবধি সময়কালে আঁকা। সেখানে টাবোর দেওয়ালচিত্র আঁকা শুরুই হয়েছে অজন্তায় শেষ তুলির টানটা দেবার আরো চারশো বছর পরে।
অজন্তার দেওয়ালচিত্র গুহার আগ্নেয় শিলার দেওয়ালে মূলত ক্ল্যাসিকাল ইন্ডিয়ান ফর্মে আঁকা। অজন্তায় বিভিন্ন চরিত্রের অভিব্যক্তিপূর্ণ হাতের মুদ্রা, সাবলীল ত্রিভঙ্গমুদ্রা এই পদ্ধতির বৈশিষ্ট্য। অন্যদিকে টাবো গোম্পায় মাটির দেওয়ালে চুন সুরকি ও স্বর্ণরেণুর প্রলেপের উপরে দেওয়ালচিত্র আঁকা। এগুলো কাশ্মিরী, সেন্ট্রাল এশিয়ান, চাইনিজ এবং নেপালী চিত্রশিল্প প্রভাবিত ইন্দো - টিবেটান স্টাইলের লিনিয়ার প্রিসিশান লক্ষ্য করা যায়। ফর্মের দিক থেকে নয় বরং দেওয়াল শিল্পের গভীরতা ও বৈচিত্র্যের জন্য হিমালয়ের অজন্তা বলা হয়।
হেমিস, কী, লামায়ুরু, আলচি, ঢাংকর, টাবো, নাকো প্রত্যেকটা গোম্পার শিল্পসম্ভারই একে অন্যের থেকে আলাদা। এরই মধ্যে দেওয়ালচিত্রে আলচি আর টাবো যেমন বিস্ময়াহত করে তেমন আর কোনোটা নয়।
গাছের পাতায় রঙ ধরেছে - শীত আসছে
(আগামী পর্বে শেষ)
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।