এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  স্মৃতিচারণ

  • সিলা দাদা - এক আশ্চর্য ঋজু মানুষ।

    Somnath mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    স্মৃতিচারণ | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ২১৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • সিলা দাদা – এক আশ্চর্য ঋজু মানুষ 
     
     
    চলে গেলেন সিলা দাদা। আজ সকালেই খবর পেলাম। তাঁর চলে যাওয়া মানে এক দ্রুত গতিতে বদলে যাওয়া পল্লির ফেলে আসা দিনগুলোর আশ্চর্য এক অধ্যায়ের সমাপ্তি।

    একদিনের কথা বলি। ঘড়ির কাঁটা আটের ঘর ছেড়ে নিয়মমাফিক পায়ে পায়ে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। এবার শীতের কামড় বেশ কড়া। বিছানা ছেড়ে উঠবো উঠবো করে গড়িমসি করছি এমন সময় বাবুলালের হুইসেল বেজে ওঠে। ময়লার বালতি তার হাতে পৌঁছে দিতে উঠতেই হয় এবার নিরুপায় হয়ে। বালতির হাতবদল করে রাস্তার দিকে তাকাতেই দেখা হয়ে যায় সিলা দাদার সঙ্গে। পরনে হালকা হলুদ রঙের ফুল শার্ট আর নস্যি রঙের প্যান্ট।
    – আরে দাদা! এই সাতসকালে চললে কোথায়? 
    – বেঙ্কে যাব।
    – দশটার আগে তো ব্যাঙ্ক খুলবে না। এতো তাড়াতাড়ি…?
    – ও! টুকটুক করে হাঁটতে হাঁটতে ঠিক সময়মতো পৌঁছে যাবো । মুখে একগাল হাসি ভাসিয়ে দেন। বললাম – একটা টোটোয় উঠে পড়ো। এতোখানি হাঁটবে দাদা?
    মুখে কোনো জবাব না দিয়ে কেবল হাত নেড়ে বুঝিয়ে দেন – ও সবের দরকার নেই, আমার চরণের তাকৎ এখনও মোটেই কম নয় !
    তাকৎ বা সামর্থ্য কাকে বলে তা আমরা সিলা দাদাকে দেখেই বিলকুল টের পেতাম। আমাদের সঙ্গে পরিচয় সেই ১৯৮৭ সাল থেকে। বাসা বাড়ি ছেড়ে নতুন বসত বাড়ি তৈরি করতে আমাদের এই পাড়ায় আসা। এদিকে তখন‌ও মানুষের ভিড় সেভাবে বাড়েনি, যেদিকে তাকাই সেদিকেই কেবল বাগানের ছড়াছড়ি – পেয়ারা বাগান, বড়ুয়া বাগান, মুখার্জি বাগান, কালু ঘোষের বাগান, সিলার বাগান….. । ব্যস্ত যশোর রোড টপকে পূর্ব দিকে গেলেই আরও বড়ো এলাকা জুড়ে থাকা বিখ্যাত শিশিরকুঞ্জ – সাবেক যুগান্তর পত্রিকার মালিকদের পৈতৃক সম্পত্তি। আমরা পশ্চিম পাড়ের বাসিন্দা হতে সবে ঘাঁটি গাড়ছি সেই ছায়াঘেরা উদ্যান পল্লিতে।
     
    সেখানেই সিলা দাদার সঙ্গে প্রথমবারের জন্য দেখা। কালো ব্যাসল্ট পাথর খোদাই করে তৈরি করা এক দীঘল আদিবাসী মানুষের মূর্তি যেন দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে। শরীরী অবয়বের এমন সটান পুরুষালি গড়নই ছিল অনেকের ভিড় থেকে সিলা দাদাকে আলাদা করে চিনে নেবার ইউ এস পি। বেশ পুরনো এক বাড়ি কেনা হলো । পুরনো হলেও বেশ মজবুত তার নির্মাণ। অনেকট ফাঁকা জমি নিয়ে সেই বাড়ি– লালরঙা সেই বাড়িটিকে তল্লাটের সবাই একডাকে চিনতো লালবাড়ি বলে। বেশ মনে আছে, আমাদের তরফ থেকে ঠিকাদারের সামনে বাড়ি তৈরির প্ল্যান মেলে ধরতেই সে সিলা দাদাকে কাছে ডেকে নেয়। তারপর বুঝিয়ে দেয় মাটি কাটার হিসেব নিকেষ। সিলা দাদা মুচকি হেসে খানিকটা আশ্বস্ত হয়ে বলেন – মনে হচ্ছে পুরোটা ভাঙচুর হবেনা ? খুব ভালো। এই বাড়ির সবটুকু ভেঙে ফেললে আমি খুব কষ্ট পেতাম। মাটির গভীরে শুয়ে থাকা সাহেব‌ও দুঃখ পেত। এ বাড়ির সঙ্গে আমার অনেক ইয়াদ জড়িয়ে আছে।এটাই ভালো হয়েছে। পুরনো বলে সবকিছুকে খারিজ করলে কী আঁকড়ে ধরে বেড়ে উঠবো সামনের দিনগুলোতে?  আমার কাজ 
     কম হবে হয়তো! মাটি কাটতে কাটতে আমার জীবনের এতোগুলো বেলা বয়ে গেল। ওসব আপনি দেখে নেন । তারপর খানিকটা খুশি হয়েই বোধহয় বলে ওঠেন – যাক্, এতোদিনে এই নির্জন বাড়িটার একটা হিল্লে হলো ! 
    আমার বাবা ছিলেন ভীষণ আমুদে আর কথকী মানুষ। একবার কথা বলতে শুরু করলে চারপাশে ভিড় জমতে বিশেষ সময় লাগতো না। এই বিশেষ গুণের জন্য দিন কয়েকের মধ্যেই বৈকালিক আড্ডার আসর জমতে শুরু হলো সামনের চ‌ওড়া বারান্দায় । পাড়ার বরিষ্ঠ মানুষেরা-- ননী বাবু , মুখার্জি কাকু , কুন্ডু জ্যেঠু , ভট্টাচার্য কাকু ... আরও কতোজন! আসতো সিলা দাদাও ।  এমনি এক আসরে বাবার করা প্রশ্নের উত্তরে সিলা দাদা বলেছিলেন তার অতীত জীবনের অনেক কথা।
    – "বাবা,কাকার হাত ধরে লাল মাটির দেশ হাজারিবাগ ছেড়ে এই দেশে এসেছিলাম সে অনেকদিন আগে। তখন আমি নেহাতই বোঁচকা ব‌ওয়া তল্পিবাহক কিশোর। আমাদের এক দেশ‌ওয়ালি কাকা বলেছিল দমদমের দিকে মেলা কলকারখানা আছে সেখানে কাজ জুটিয়ে নিতে অসুবিধা হবে না। এক অনিশ্চিত ভবিষ্যতের হাতছানিতে বাবার সঙ্গে আমরা বেশ কয়েকজন সেই শাল মহুলের দেশ ছেড়ে এখানে এসে হাজির হলাম। বাবা কাকার কাজ জুটে গেল অল্পদিনেই। আমি তখন সবে ডবকা ছোকরা বেলায়। কোম্পানির ভারী ভারী কাজ আমাকে দিয়ে হবেনা,তাই বাগানের দেখভাল, জমি আর চাষের কাজে হাত লাগাতে আমি আমার এক কাকার সঙ্গে চলে এলাম এখানে। তখন আমি ঘোষ বাবুদের বাগানবাড়িতে কাজ করি। খোলা জমিতে ধান চাষ, সবজি চাষ এইসব করে দিন কাটাই। কিছুদিন বড়ুয়া বাগানের ডালডা কোম্পানিতেও কাজ করেছি। সব ছেড়ে শেষে এই পাড়াতে এসে তাঁবু পাতলাম। এই এলাকার সব জামিনের মালিক ছিলেন কন্ট্রাক্টরসাহেব। খুব বড়ো মনের মানুষ, অঢেল পয়সা। তার‌ই তৈরি এই বাড়িটা ছিল এলাকার সবথেকে পুরনো বাড়ি – বাড়ির সামনে আর পেছনে বিরাট খোলা বারান্দা। একালে এমন গোল থাম‌ওয়ালা বাড়ি আর দেখা যাবেনা। এই সাহেবের বাগানেই আমার বাগানি হয়ে ওঠার হাতেখড়ি। অনেকগুলো বছর কেটে গেল এখানে।"
     
    মানভূমের মানুষের এমন গতর খাটানো জনমজুর হয়ে ওঠাটা খুব একটা পছন্দের হয়তো ছিলোনা সিলা দাদার। একদিন একথা জিজ্ঞেস করাতে, খানিকটা অন্যমনস্ক হয়ে সিলা দাদা বলেছিলেন – "এটাকে না মেনেই বা উপায় কি ! হাজারিবাগে থাকলেও হয়তো এই কাজ‌ই করতে হতো। যখন ঘর ছেড়েছিলাম তখন‌ও পেটের টান খুব বড়ো ছিল আমাদের কাছে,আজ এতো বছর পরেও সেই টানটা আমাকে ছেড়ে যায়নি। গরীবের ভাগ্য এমন‌ই হয়।"
    আমাদের এদিকের আদিবাসী পাড়ায় এখনও প্রায় তিরিশটি পরিবার বাস করে। সিলা দাদা এদের মধ্যে সবথেকে বরিষ্ট মানুষদের একজন ছিলেন। গড়পড়তা আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের নিয়ে আমাদের মধ্যে এখনও একধরণের নাকউঁচু মনোভাব রয়েছে। মাননীয়া দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি হবার পর হাসতে হাসতে বলেছিলাম – সিলা দাদা, এবার একজন আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ দেশের এক নম্বর নাগরিক হিসেবে মান্যতা পেয়েছেন। এবার তো তোমাদের পোয়া বারো! সিলা দাদা হেসে হেসেই জবাব দিলেন – "এ তো বড়ো অনন্দের কথা ! এবার আমাদের সবার যদি ভালো হয় তাহলে সেটা আরও আনন্দের খবর হবে।" তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন – "গরীবের ভাগ্যের পালা বদল আর হবেনা।" 
     
     আজ সকালে গিয়েছিলাম সিলা দাদার বাড়ি। এবার বহুদিন বাদে গেলাম। সেই জরাজীর্ণ ঘর। একটু ঠাঁই সেই সাহেবের কল্যাণে পাওয়া। এ তল্লাট ছেড়ে চলে যাবার সময় সিলা দাদাকে দিয়ে গিয়েছিলেন এই জমিটা। তাতেই কষ্টেসৃষ্টে মাথা গোঁজার একটা আস্তানা তৈরি করেছেন। তকতকে, নিকানো মেঠো উঠানের একপাশে দুটি পাতা উনোন। এখান থেকে ওখান থেকে কাঠ কুটোজোগাড় করে তাই দিয়েই রান্নার আয়োজন। সিলা দাদার ছেলেমেয়েরা লেখাপড়া শিখে সবাই এখন রোজগেরে হয়ে উঠেছে। তাদের কল্যাণে ইদানিং বোতল ভরা গ্যাস উনুনের ব্যবস্থা হলেও অতীত জীবনের গেরস্থালির অভ্যাস এখনও পুরোপুরি ছাড়তে চাননি সিলা দাদারা। আশপাশের বহু ইমারতের ভিত গড়ে তোলা মানুষটির বাড়ি এমন নড়বড়ে দেখে মনটা ভারী হয়ে ওঠে। ছেলেমেয়েরা চার্চের কল্যাণে লেখাপড়া শিখে সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। নতুন জীবনের হাতছানি এভাবেই সম্পর্কের গিঁট আলগা করে দিয়েছে সবখানে। এখন শিকড় ছেঁড়া জীবনেই আমরা সবাই বেশ অভ্যস্ত হয়ে পড়েছি।
    সময়ের সঙ্গে কিছু আক্ষেপ জমেছিল বুকের ভেতর, জমেছিল অনেক কষ্ট। ইদানিং শ্রমসাধ্য মাটি কাটার কাজ আর করতে পারতেন না। সরকারি বার্ধক্য ভাতার টাকায় টেনেটুনে চলতো সংসার। তবে তার জন্য কার‌ও কাছে হাত পাততে দেখিনি তাকে। গায়ে গতরে খাটাখাটনি করতে পারছেন না বলে মনে জমছিল হতাশার মেঘ। আমার খুব ইচ্ছে ছিল সিলাদাদার কাছ থেকে এই জনপদের পুরনো দিনের গল্প শুনবো। অনেকবার তেমন অনুরোধ করলে একগাল হেসে বলতেন – "আমি খুব সাধারণ মানুষ। গুছিয়ে কথা বলতে পারি না,আমার আবার গল্প কিগো দাদা! " বড়ো আক্ষেপ রয়ে গেল, সেই গল্প আর শোনা হলোনা। সিলা দাদা আমাদের চেনা সীমানার বেড়া পেরিয়ে অনেক অনেক দূরের এক ঠিকানায় পাড়ি দিলেন। পেছনে ফেলে গেলেন কোদাল,গাঁইতি ,শাবল, বাঁশের তৈরি এক জোড়া ঝুড়ি আর এক বলিষ্ঠ নির্বিরোধী জীবন।
    ভালো থেকো সিলা দাদা। তোমার নামে নামাঙ্কিত সিলার বাগান তোমাকে মনে রাখবে আগামীর দিনগুলোতেও।
     
    ফেব্রুয়ারি ২০,২০২৬.
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • স্মৃতিচারণ | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ২১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ritabrata Gupta | 117.195.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২১738721
  • অপূর্ব  সুন্দর  একটি  কাহিনি  !  মন  ভরে  গেল  আর  চোখে  জল ও  এসে  গেল  !  এই  মানুষ  গুলোর  হারিয়ে  যাওয়া  বড়  দুঃখের .
  • Somnath mukhopadhyay | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১738723
  • সিলা দাদার চলে যাওয়া আমার কাছে একটা যুগের অবসান হলো বলেই মনে হয়। এই মানুষটির কোদাল গাঁইতি এই বসতির সমস্ত বাড়ির নির্মাণের প্রাথমিক কাজ সম্পন্ন করেছে। আমার সঙ্গে এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। আজ সেই সম্পর্কে ইতি টেনে দিল কাল। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাই।
     
  • #+: | 2405:201:8000:b134:b436:29d8:5cde:***:*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৫738731
  • সিলা দাদার প্রয়াণে লেখকের মতো আমিও শোকস্তব্ধ। এমন মানুষেরা ক্রমশই বিরল প্রজাতির হয়ে উঠছেন। সিলা দাদাকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।
     
  • পৌলমী | 2405:201:8000:b134:b436:29d8:5cde:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২০738829
  • খুব অন্তরঙ্গ স্মৃতিচারণ। সিলা দাদাকে শ্রদ্ধা জানাই। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন