

'শীতটা এবারে জব্বর পড়েছিল বটে' সজনেফুল বাছতে বাছতে কমলদি বলেন। কমলদি আসলে টিঙ্কু পিঙ্কুর বড়দিদিমা, মায়ের দিদা। এই নব্বই পার বয়সেও কমলিনীর পিঠ সোজা, টকাটক তিনতলায় ওঠেন গোলাপের চারায় জল স্প্রে করতে; বেলিগাছের ডাল ছেঁটেছেন, ডাল পাতা ছাড়া গাছটার কষ্ট হচ্ছে কিনা, ওবাড়ির নিমগাছের কাকটা কামিনীর রোগা ডালগুলো ভেঙে নিল কিনা দেখতে। শীত জব্বর পড়লেও এখন বসন্ত। মরুগোলাপের গাছেরা আড়মোড়া ভাঙছে শীতঘুম কাটিয়ে উঠল বলে। শীতের গাঁদাগুলো 'যাই যাই যাই গো' বলে ঝরে যাচ্ছে আর গরমের তারাগাঁদাগুলো পিটপিটিয়ে চোখ মেলছে। পিটুনিয়ারা অবশ্য এখনো এ ওর গায়ে ঢলে পড়ে খিলখিলিয়ে হেসে চলেছে। তা ওরা থাকবে সেই বৈশাখ পর্যন্ত।
এদিকে সেপাই বুলবুল আর ঘুঘু দম্পতি বাসা বানানোর কাঠি কুটো খুঁজে চলেছে হন্যে হয়ে। ওদিকে রোজার মাস শুরু হল। সন্ধ্যের দিকে সিঙাড়া তেলেভাজার দোকানে একটু বেশী ভীড়, বাতাসে ফুটকড়াই ভাজার গন্ধের সাথে কোথাও কাবাব সেঁকার গন্ধ, কোথাও বা হিঙের কচুরি। ফাল্গুন আনন্দের মাস। আনন্দের!? কমলদি থমকে ভাবেন ৪৭, ৫০, ৬৫, ৭১ সাল পার করে আসা মানুষগুলোর তো এতদিনে থিতু হওয়ার, আনন্দে বাঁচারই কথা ছিল। অথচ দৌড়াতে হচ্ছে কার বাপের নামে একটা অ-কার কম কিম্বা ই-কার বেশী, কার আবার জায়গা জমি শিক্ষা সার্টিফিকেট কিছুই নেই। সব্বার আছে একটা করে পেট, গনগনে খিদের আগুন জ্বলা পেট। রোজার মাস শেষ হবার আগেই এসে যাবে গাজনের মাস। গাজনের ঢাক থামার আগেই নির্বাচনের ঢাক বেজে উঠবে ডুম ডুম ডুম।
শীতের মতই এবারে গরমটাও পড়বে জব্বর, খবরে দেখেছেন কমলদি। আর পড়বে নাই বা কেন? পুকুর জলা খেলার মাঠ সব ঘুচিয়ে তোমরা খাড়া করেছ হুদো হুদো আকাশঝাড়ু বাক্সবাড়ি। শালিখ ময়না টিয়া বেনেবৌ দুগগা টুনটুনি সব ঝাড়ে বংশে হয় মরে গেছে নয় পালিয়ে গেছে। চারিদিকে এত হট্টগোলের মাঝে জীবনের গপ্পোগুলো কি তবে টুপটুপিয়ে ঝরে পড়ে হারিয়ে যাবে শীতের সকালের শিশিরফোঁটার মত? না না হারাবার আগেই ওদের ধরে ফেলতে হবে। কমলদি টিঙ্কু পিঙ্কুকে হেঁকে বলেন 'ডাক দিকি ওই গুরুচন্ডা৯র ইয়াং ব্রিগেডকে। বল দেয়ালে, দোকানে, গাছে, মাঠে পোস্টার সেঁটে দিতে। যে যেখানে আছে সবাই যেন গল্প, কবিতা মুক্তগদ্য, প্রবন্ধ, নিবন্ধ, উপন্যাস, অনুবাদ, ছবি, কার্টুন, রম্যরচনা আরো যা যা পারে সবরকম লেখাপত্র ঝপাঝপ জমা করে দেয় গুরুচন্ডা৯-র ইমেল বাক্সে। ইদবোশেখির ২০২৬ সংখ্যায় ধরা থাক সেই লেখারা, বাঁধা থাক জগৎজোড়া জালে।'
লেখা পাঠাবার ঠিকানা guruchandali@gmail.com
লেখা পাঠানোর শেষ তারিখ ৩১ মার্চ ২০২৬
kk | 2607:fb91:4c1f:10de:8549:4fd9:331c:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৩738851
Ranjan | 2001:999:40c:2580:5af2:d69b:ca17:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১২738858
kk | 2607:fb91:4c1f:10de:8549:4fd9:331c:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৬738859
r2h | 134.238.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৭738860
:|: | 2607:fb90:bd58:1f16:9974:6191:dfb2:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৫738863