

ডাক এসেছিল বুঝলেন, রুবির পাসপোর্ট অফিস থেকে। ইন্টারভিউর জন্য ওদের সবাইকে হাত ধরে নিয়ে গেলাম, গিয়ে দেখি লম্বা লাইন। ছোট তো, ওরা তাই অধৈর্য হয়ে এদিক সেদিক দৌড় মারছে, চুপটি করে বসিয়ে বললাম বিলেত যেতে গেলে কিন্তু এমনি করলে হবে না, উড়োজাহাজে অনেকক্ষণ ঠায় বসে থাকতে হবে, নড়ার উপায় নেই। সেই শুনে আবার সার দিয়ে বেঞ্চিতে বসে পড়ল। পাসপোর্ট অফিসার ওদের দেখে শুনে খুবই চমৎকৃত, বললেন দিব্যি লাগল এদের, কাগজ হয়ে গেছে আর চিন্তা নেই এবার যখন খুশি যেতে পারবে। সেই শুনে তো গুরুর বইদের কি আনন্দ। লাফিয়ে ঝাঁপিয়ে একশা।
তাহলে বুঝেই গেছেন সবকিছু যখন ঠিকঠাক, এবার থেকে ইংল্যান্ড আর ইউরোপে বাড়ি বসেই দিব্যি গুরুচণ্ডা৯-র বই হাতে পেয়ে যাবেন। কাস্টম ক্লিয়ারেন্স হয়ে যেতে টেতে ঐ ৬-৭ দিন মতো লাগে। একটু বেশি কম হতে পারে। আপাতত এক লট বই বিলেতে পৌঁছেও গেছে - অমলেন্দু বিশ্বাসের সদ্য প্রকাশিত স্মৃতিকথা- 'সেই দিন সেই মন'। সেটাও এখন অর্ডার করা যাচ্ছে। আপনাদের পছন্দের গুরুর বইপত্তরের লিস্টি আমাদের এখনই জানিয়ে দিন, পরের লটে অবশ্যই পেয়ে যাবেন। বইয়ের দাম কত পড়ছে, কীভাবে পাবেন, কী বই চান এসবের জন্য একটু ফোনে বা হোয়াটসঅ্যাাপে কথা বলে নিতে হবে হীরেন সিংহরায়ের সাথে। তিনিই ভালবেসে এই মহাযজ্ঞের ভার কাঁধে নিয়েছেন।
