এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  রাজনীতি

  • স্কুল ঠিক করো – এবার ফ্রান্সে

    হীরেন সিংহরায়
    আলোচনা | রাজনীতি | ১০ অক্টোবর ২০২৬ | ৭৩৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • স্কুল ঠিক করো – এবার ফ্রান্সে | দেশে দেশে স্কুল ঠিক করো – এবার বেলজিয়াম



    চল্লিশ বছর আগে ফ্রাঙ্কফুর্টের একটি প্রতিবাদী বইয়ের দোকানে ড্যানিয়েল কন বেনডিটকে চোখে দেখি। ড্যানি দি রেডের চুল ততদিনে ক্ষীণ হয়ে এসেছে; বলেছিলাম আটষট্টি সালে আমার কলেজের শেষ বছরে প্যারিসের সেই পথ বিপ্লব আমাদেরও অভিভূত করেছিল, তিনি সে কথায় গেলেন না, মৃদু হাসলেন মাত্র। মনে আছে যদিও জার্মান বলার চেষ্টা করেছিলাম, হয়তো আমার চেহারা দেখেই হয়তো স্বচ্ছন্দ ইংরেজিতে জবাব দিলেন। উনিশশো আটষট্টি সালে কলকাতায় টেলিভিশন নেই, খবর কাগজে ছাপা হতো সাদা কালো ছবি। তাঁর চুলের রঙ কতোটা লাল সেটা বোঝার উপায় ছিল না কিন্তু জেনেছিলাম মে মাসের তিন সপ্তাহে ফ্রান্সের ছাত্র আন্দোলনের সমর্থনে এক কোটি ফরাসি শ্রমিক তাঁদের দাবি নিয়ে কারখানা ছেড়ে পথে নামেন, শার্ল দ্য গলের সরকারের ভিত কেঁপে যায়। কমিউনিস্টরা ক্ষমতা দখল করতে পারে এই আশঙ্কায় প্রেসিডেন্ট শার্ল দ্য গল বাদেনে গিয়ে ফরাসি সৈন্যবাহিনীর সঙ্গে এক সম্ভাব্য রাষ্ট্র বিপ্লব এড়ানোর বিষয়ে আলোচনা করেন। শেষ অবধি ছাত্র আন্দোলন সফল হয়নি – সকল কর্মীর ন্যূনতম বেতন ৩৫% বাড়িয়ে দিয়ে এবং নতুন নির্বাচনে জয়ী হয়ে আন্দোলনের নেতাদের সঙ্গে কোনো এক চুক্তি করে শান্তি পুনরুদ্ধার করেন। 

    ড‍্যানি লে রুজ মে ১৯৬৮



    তারপরেও অন্তত তিনবার ফরাসি ছাত্ররা তাঁদের বিভিন্ন দাবি নিয়ে পথে নেমেছে কখনো জিতেছে কখনো ম্যাচ ড্র। তবু কয়েকদিন ধরে বারবার ড্যানিয়েল কন বেনডিটকে মনে পড়েছে। 

    এবারের ছাত্র আন্দোলন শুরু হয়েছে ফ্রান্সের উচ্চ মাধ্যমিক স্কুল বা লিসেতে। 

    প্রাক কথন 

    ফ্রান্সের স্কুল শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক 

    ক্রেশ: ছ’মাস থেকে তিন বছর 
    মাতারনেল: তিন থেকে ছ’বছর (আমাদের হিসেবে কিনডারগারটেন) 
    একোল এলিমেন্তার: ছয় থেকে এগারো (প্রাইমারি স্কুল)
    কলেজ (!): এগারো থেকে পনেরো (মাধ্যমিক) এটি ব্রিটেনের ও লেভেল বা জি সি এস ই তুল্য, পাস করলে মেলে ডিপ্লম নাশিওনাল দু ব্রেভ 
    লিসে: পনেরো থেকে আঠারো (উচ্চ মাধ্যমিক) – ব্রিটেনের এ লেভেলের তুল্য -স্কুলের শেষ পরীক্ষা বাকালরিয়াত পাস করলে বিশ্ববিদ্যালয়ের দরোজায় কড়া নাড়া 

    লিসেতে ছাত্র ছাত্রীদের তিনটি ভাগ হয়ে যায় – টেকনিকাল, জেনারেল এবং ভোকেশনাল, যে যেটি নিতে চায়। 

    যদিও আঠারো বছর বয়েস অবধি শিক্ষালাভ ফরাসিদের জন্মগত অধিকার, দেশে কিছু, মাত্র সাত শতাংশ, লিসে প্রাইভেট। তারা কোন সরকারি সহায়তা পায় না, সেখানে পড়তে গেলে বছরে অন্তত বারো হাজার ইউরো দক্ষিণা লাগে। তুলনামূলক ভাবে ব্রিটেনের অন্তত বিশ শতাংশ ছাত্র ছাত্রী পাবলিক স্কুলে পড়ে, যা একেবারেই বাজে কথা, সেগুলো আসলে প্রাইভেট। সেখানে দক্ষিণা ফ্রান্সের লিসের ডবলের বেশি। ছেলে মেয়েদের কারণে আমি তার ভুক্তভোগী। 

    স্ফুলিঙ্গ 

    ১৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্যারিসের প্লাস দে লা কনকর্ড থেকে সিধে দক্ষিণের উপকণ্ঠ ক্রেতেইয়ের একটি উচ্চ মাধ্যমিক স্কুল, সাঁ এক্সুপেরির (বিখ্যাত নাম, লিটল প্রিন্সের প্রণেতা) শিক্ষক শিক্ষিকারা স্ট্রাইক করলেন, তাঁদের পক্ষ থেকে রা বেসিয়ে ওপর মহলকে জানালেন এই স্কুল চালানো অসম্ভব হয়ে পড়েছে, ইতিহাস, ফরাসি ভাষা ও সাহিত্য, অঙ্ক সহ বিভিন্ন বিষয় পড়ানোর শিক্ষকের অভাব, স্কুলের একমাত্র নার্স দীর্ঘদিন সিক লিভে আছেন। আমরা অভিযোগ করে করে ক্লান্ত হয়ে পড়েছি, সুরাহা করুন নইলে স্কুল আর খোলা রাখা যাবে না। সেদিন বিকেলবেলা নাগাদ ছাত্র ছাত্রীরা সমবেত হয়ে এই স্ট্রাইকে যোগ দেবার সিদ্ধান্ত নিলো; পরের দিন সকালবেলা তারা সমস্ত ডাস্টবিন স্কুলের সামনে জড়ো করে ব্যারিকেড গড়ে তোলে, প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে সমস্বরে তারা শিক্ষক শিক্ষিকাদের সমর্থন জানায়। 

    ‘আমরা চাঁদ চাইছি না, আমাদের দাবি সামান্য’ 

    স্থানীয় কর্তৃপক্ষ প্রায় তৎক্ষণাৎ এই দাবিগুলি মেটালেন এবং সাঁ এক্সুপেরি হাই স্কুল (লিসে) খুলল দু দিন বাদে। কিন্তু এই ঘটনাটি একটি দেশলাইয়ের কাঠির মতন আগুন লাগিয়ে দিল সারা দেশে। ফ্রান্সের সাড়ে তিন হাজার উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র ছাত্রীরা জানালো – স্কুল ঠিক করো! তাদের দাবির তালিকা –

    • সব বিষয় পড়ানোর শিক্ষক চাই- ২০০৮ সালে লিসেতে মোট শিক্ষকের সংখ্যা যা ছিল আজ তার চেয়েও কম, ইতিমধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে দু লক্ষ 

    • স্কুল বাড়ির সংস্কার - বহু স্কুল ১৯৭০ সাল নাগাদ বানানো; কোথাও, এমনকি প্যারিসের স দেনিতে ছাদের ফুটো দিয়ে জল পড়তে দেখা গেছে 

    • পরিচ্ছন্ন এবং প্রয়োজন মাফিক টয়লেটের ব্যবস্থা 

    • বছরের পর বছর গরম বাড়ে, এবারের গ্রীষ্মে তিন মাস প্রায় ৪০ ডিগ্রি; এয়ার কন্ডিশন না হোক, ভালো ভেনটিলেশান এবং শীতের মোকাবিলা করতে সম্যক হিটারের ব্যবস্থা হোক 

    • ক্লাসে পড়ুয়ার সংখ্যা কমানো হোক – সত্তর শতাংশ ক্লাসে পড়ুয়ার সংখ্যা ৩৫ এর বেশি 

    • স্বাস্থ্য সেবা, নার্সের ব্যবস্থা 

    স্কুল বাড়ির সংস্কার এবং লোক বলের অভাব যে সবচেয়ে বড়ো সমস্যা সেটি সরকার এবং ট্রেড ইউনিয়ন সকলেই মেনে নিয়েছেন কিন্তু সমাধান করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটি মাকরোঁ সরকারের হাতে নেই। তাদের দিন আনি দিন খাই অবস্থা; হিসেব করে দেখা গেছে খরচা হবে দশ বিলিয়ন ইউরো; আজকে দেশের জাতীয় আয়ের তুলনায় ধারের পরিমাণ একশো কুড়ি শতাংশ – গ্রিস এবং ইতালির পরেই ইউরোপীয় ইউনিয়নের তিন নম্বরে।* 

    কেবলমাত্র অর্থ দিয়ে হয়তো তার সমাধান হয় না এমন দুটি সমস্যা আছে - 

    বাকালরিয়াত বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস করার পর ইউনিভার্সিটিতে যেতে গেলে ফরাসি ছাত্র ছাত্রী যে বিভীষিকার সম্মুখীন হয় সেটি আমাদের নীট পরীক্ষার মতো – এর নাম Parcoursup এই অনলাইন অটোমেটেড সিস্টেমে তারা তাদের রেজাল্ট এবং স্কুল রেকর্ড সহ ইউনিভার্সিটিতে দাখিল হবার জন্য দরখাস্ত করে। তারপর যে কি ঘটে খোদায় মালুম – ভালো ফলাফল সত্ত্বেও ঠিক কোন কারণে যে কেউ তার ইচ্ছেমত বিষয়ে তার পছন্দের ইউনিভার্সিটিতে স্থান পেলো না তা কোন মতেই জানা যায় না। এই অস্বচ্ছ সিস্টেমের বিরুদ্ধে কোন প্রতিবাদ অর্থহীন। স্বভাবতই অভিযোগ উঠেছে প্রাইভেট লিসে এবং বিশেষ সচ্ছল পরিবারের ছাত্র ছাত্রীরা এখানে অন্যায় সুবিধে পায় (ব্রিটেনে যেমন প্রাইভেট স্কুলের ছেলে মেয়েদের জন্য অক্সফোর্ড কেমব্রিজের দরোজা হাট করে খোলা, অবৈতনিক স্টেট স্কুলের ছেলে মেয়েদের কপালে ঢু ঢু, রেজাল্ট যত ভালো হোক না কেন) অতএব অবিলম্বে এই Parcousup পদ্ধতির সংস্কার প্রয়োজন। টাকার ব্যাপার নয়, এটি সদিচ্ছার বিষয়। 

    আমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস বসতো এগারোটায়, বিকেল পাঁচটায় আমাদের দরোয়ান আশনারায়ণ ছুটির ঘণ্টা বাজাতো। ফরাসি লিসেতে হাজিরা দেওয়ার সময় সকাল আটটা, ছুটি হতে বিকেল ছটা, শীতের দিনে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। ইংল্যান্ডে সেই এ লেভেলে আমার বড়ো মেয়ের স্কুল নটা থেকে সোয়া তিনটে, ইন্দ্রনীলের স্কুল নটা থেকে চারটে! এই দশ ঘণ্টা যে পাঠ পঠনে কাটে তা নয় ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ের শিক্ষকরা সময় সুবিধে অনুযায়ী ক্লাস নিয়ে থাকেন, লাঞ্চ ব্রেক প্রায় দু ঘণ্টার রুটিনকে যদি কর্তৃপক্ষ ঠিকমতো সাজাতে পারেন তাহলে হয়তো ছেলেমেয়েদের দিনে দশ ঘণ্টা স্কুলে কাটাতে হতো না। 

    সামার এক্সচেঞ্জ প্রোগ্রামের কারণে আমার ছেলে মেয়েরা জেনেছে ফ্রান্সের উচ্চ মাধ্যমিক স্কুলের অনুমোদিত ছুটি অনেক বেশি; ইংল্যান্ডে ও জার্মানিতে অন্তত ১৮০ দিন স্কুল খোলা রাখা আবশ্যিক,ম্যানডেটরি। ফ্রান্সের লিসে খোলা থাকে বছরে গড়ে দেড়শো দিন।

    কিন্তু তাদের দিনগুলি দীর্ঘ।

    প্রতিবাদ প্রতিরোধ 

    প্রতিবাদ জানাতে ছাত্র ছাত্রীরা পথে নেমেছে, সারা দেশে। শুরুতে তাদের মিছিল ছিল যন্তর মন্তরের মতোই বর্ণময়, নাচে গানে জীবন্ত। তাদের প্ল্যাকার্ডে নানান বাণী, ব্যঙ্গ, অট্টহাসি -সারা দেশ জুড়ে, লিওঁ থেকে মার্সেই, বোরদো, তুলুজ, সর্বত্র; পুলিস থেকেছে সম্মানজনক দূরত্বে, ধর পাকড় লাঠি চার্জ হয়নি বা কাঁদানে গ্যাস দূরের কথা তবু ছাত্র ছাত্রীদের রক্ষার জন্য এগিয়ে এসেছেন শুধু স্কুলের শিক্ষক নন, অনেক অভিভাবক গড়েছেন হিউম্যান চেন। গত মঙ্গলবার ৬ অক্টোবর দেখা গেল স দেনির বামপন্থী মেয়র বাগায়কো একা দাঁড়ালেন অগ্রসরমান রায়ট পুলিস এবং ছাত্র ছাত্রীদের মাঝখানে, গড়লেন ওয়ান ম্যান হিউম্যান শিল্ড বললেন, এরা আমার ছেলে মেয়ে। পুলিস পেছিয়ে গেলো। কিন্তু গত ছ’তারিখে দেশ জোড়া আন্দোলনে চেহারাটা বদলাতে দেখা যাচ্ছে। গণতন্ত্রে বিরোধিতার সাংবিধানিক মান্যতা আছে, কিন্তু দেখা গেলো প্যারিস, লিল থেকে মারসেই অবধি ছাত্ররা স্কুলের প্রবেশ পথ অবরোধ করছে ডাস্টবিন দিয়ে, তাতে আগুন লাগিয়ে। অন্তত একশোটির বেশী স্কুল কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত। সন্দেহ করা যেতেই পারে কিছু সমাজ বিরোধী মানুষ এই ভিড়ে নেমে ভাঙচুর করছেন। সরকার বিরোধী মত প্রকাশ করাটা বেআইনি নয় কিন্তু সরকারি সম্পত্তিকে নষ্ট করাটা মেনে নেওয়া যায় না। অতএব স্টান গান, কাঁদানে গ্যাসের ক্যানিস্টার হাতে সশস্ত্র পুলিস বাহিনীর আবির্ভাব এবং ছ’হাজার গ্রেপ্তার, তাদের মধ্যে পাঁচ হাজার নাবালক নাবালিকা। অন্তত একশো জনের ওপরে ক্রিমিনাল চার্জ আনা হয়েছে। অচিরেই দেখা গেলো যদিও প্রেসিডেন্ট মাকরোঁ জনতার সামনে আসছেন না, প্রায় অদৃশ্য; তিনি জানেন এ গোয়ালে ধুনো দেবার কোন প্রয়োজন নেই। তাঁর ক্ষমতাকাল ফুরবে ছ’মাস বাদে, তখন নতুন নির্বাচন। কিন্তু এই আন্দোলনের সুবিধে নেবার জন্য অতি দক্ষিণ এবং অতি বাম দু’পক্ষই মাঠে নেমে পড়েছে। মাকরোঁর কাছে পর পর দু’বার নির্বাচনে হেরেছিলেন দক্ষিণ পন্থী মারি ল্য পেন তিনি সামনের ইলেকশনে জেতার আশা রাখেন, গ্যালপ পোল অনুযায়ী এগিয়ে আছেন। মারি ল্য পেন এই ছাত্র অরাজকতার বিরুদ্ধে কিন্তু তাঁর প্রবল প্রতিপক্ষ বামপন্থী মেলানশঁ ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তাদের দরকার হোক বা নাই হোক। 

    absolute বিপ্লব

    একটা চোখ দাঁত হাত। আর কি?

    তোমাদের অসুবিধা করার জন‍্য দু:খিত
    আমরা আমাদের ভবিষ্যতের জন‍্য লড়ছি

    জার্মান স্কুলের সমর্থন

    পিতা মাতা আমদের সঙ্গে আছেন

    পুলিশি পাহারায়

    আবর্জনা রিসাইকেল করো মন্ত্রী নয়

    বিপ্লব শুরু হয় আমাদের সাহসে - জুলাই ১৮৩০ কলাম প‍্যারিস

    নিস - শিক্ষা আমাদের অধিকার লড়াই নয়

    “উল্টো করে যদি ধরো, তোমাদের দেব মে ১৯৬৮''

    মাকরঁ ইউ আর ডান ব্রো
     


    (ক্রমশ) 

    * ফরাসি বন্ড মার্কেট নিয়ে আলাদাভাবে বিস্তারিত লেখার ইচ্ছা আছে পরে। 
     


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
    স্কুল ঠিক করো – এবার ফ্রান্সে | দেশে দেশে স্কুল ঠিক করো – এবার বেলজিয়াম
  • আলোচনা | ১০ অক্টোবর ২০২৬ | ৭৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Debanjan | ১০ অক্টোবর ২০২৬ ০৫:৫৬743158
  • অসাধারণ হচ্চে দাদা l বন্ড মার্কেট, ঋণ এর অর্থনীতি, financialization, inflation এইসব নিয়েই আপনার লেখার দ্বিতীয় কিস্তি টা করুন l ফ্রান্স কেন আজকে ইউরোপের তিননম্বর সবচেয়ে বড় ঋণের বোঝায় জড়িয়ে এই নিয়েও লিখুন l
  • Ranjan | ১০ অক্টোবর ২০২৬ ০৭:৪২743159
  • এটা অসাধারণ
    মনে হচ্ছে फ़्रांस নয় ভারতের স্কুল शिक्षा ব্যবস্থা l অবশ্যই স্কেল ও কিছু details बाद দিয়ে l
  • Sara Man | ১০ অক্টোবর ২০২৬ ১৩:০৫743160
  • আমাদের কলীগদের ছেলেমেয়েরা কেউ কেউ যায় বিদেশে। ছুটকো ছাটকা যা শুনি, তাতে কখনও কখনও মনে হয় যে আমাদের দেশই ভালো রে বাবা।
  • হীরেন সিংহরায় | ১০ অক্টোবর ২০২৬ ১৪:১০743163
  • সেটা হয়তো ঠিক। তবে কি সারা ইউরোপে আঠারো বছর বয়েস অবধি শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক এবং বাধ্যতা মূলক। যেতে হবে পাড়ার বা কাছাকাছি স্কুলে, তারা জায়গা দিতে বাধ্য। বেশির ভাগ স্কুলের হাল খারাপ, ঐ ভিক্ষের চাল কাড়া আকাঁড়া !

    বড়লোকেদের ছেলে মেয়ের জন্য অবশ্য দামী আলাদা স্কুল আছে ! সেটা ইংল্যান্ডে বেশি, ইউরোপে খুবই কম - ইটন স্কুলে এখন লাগে বছরে ৪৫ হাজার পাউনড মানে ধরুন ৪৫ লক্ষ টাকা। পাড়ার স্কুলে খরচা নেই।

    ইংল্যান্ডে ইউনিভারসিটি লেভেলে স্থানীয় ছেলেমেয়েদের লাগে বছরে ন হাজার পাউনড। জার্মানি গ্রিস চেক পোল্যান্ড সহ স্ক্যানডিনেভিয়াতে ইউনিভারসিটি অবৈতনিক। তবে আবার বলি ভিক্ষের চাল !
     
  • Debanjan | ১০ অক্টোবর ২০২৬ ১৪:২৬743164
  • হিরেনদা, ড্যানিয়েল কন বেনডিট, আন্দ্রেস বাদের আর তারিক আলী সেই উত্তাল সময়ের তিন মুখ l এখন বোধয় শুধু তারিক আলী বেঁচে আছেন l তবে ড্যানিয়েল কন বেনডিটকে শেষ পর্যন্ত পেট চালাবার জন্যে বইয়ের দোকান দিতে হয়েছিলো শুনে খুবই খারাপ লাগলো l তারিক আলী তো এখনো দাবড়ে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন সারা দুনিয়া ঘুরে ঘুরে l
  • হীরেন সিংহরায় | ১০ অক্টোবর ২০২৬ ১৭:২৪743168
  • দেবাঞ্জন
     
     
    বাদের-মাইনহোফ গ্রুপের সঙ্গে তাঁর কোন রকম যোগ ছিল না, আমি সেই গ্রুপের কথা অন্যত্র লিখেছি।

    কোন -বেনডিট দোকানটা চালাতেন প্রতিবাদী প্রকাশনার প্রয়োজনে, অর্থের অভাব ছিল না। বাবা নামকরা উকিল ছিলেন। ড্যানিয়েল একটি ম্যাগাজিন বের করতেন Pflasterstein বা নুড়ি পাথরের সৈকত। মনে রাখা দরকার যদিও তাঁর জন্ম ফ্রান্সে, সে দেশ তাঁকে পাসপোর্ট দেয় নি। তাঁর ইহুদি বাবা মা নাৎসি জার্মানি ছেড়ে ফ্রান্সে আসেন তিরিশের দশকে। ফরাসি পাসপোর্টের জন্য জরুরি কাগজপত্র না থাকায় ( আজকের এস আই আর তখনো ছিল!) ৪ এপ্রিল ১৯৪৫ তাঁর জন্মের পরে ফ্রান্স নাগরিকত্ব দিতে অস্বীকার করে। তাঁর যখন চোদ্দ বছর বয়েস, মা দুই ছেলেকে নিয়ে ফ্রাঙ্কফুর্ট আসেন। আদেনআউয়ারের সরকার তৎক্ষণাৎ কোন বেনডিটদের পূর্ণ জার্মান পাসপোর্ট দেয় চোদ্দ বছর ১৯৮৮-৮৯ সালে তিনি পুরো দস্তুর গ্রিন পার্টি করেন, দুই টার্ম ইউরোপিয়ান পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন এখন আশি পেরিয়েছেন, ফ্রাঙ্কফুর্ট অস্টএন্ডে থাকেন, কাকতালীয়বৎ আমার শেষ ঠিকানা থেকে কয়েক কিলোমিটার পুবে !
     
    কেবলমাত্র তথ্যের খাতিরে বলতেই হয় - ফ্রাসোয়া অলান্দের সরকার হঠাৎ জেগে ওঠেন, বলেন এ ভারি অন্যায় হয়েছে ! সত্তর বছর বয়েসে, ২০১৫ সালে, তাঁকে পূর্ণ মর্যাদায় ফরাসি নাগরিকত্ব প্রদান করা হয় !
  • অরিজিৎ চ্যাটার্জী | | ১১ অক্টোবর ২০২৬ ১৯:১৭743189
  • অসাধারণ লাগল |
  • Dolon | ১১ অক্টোবর ২০২৬ ২০:২৯743190
  • বিলিতি স্কুলের ব্যাপারে একমত। আমাদের সেইসময় পাবলিক বকলমে khub খরচা সাপেক্ষে প্রাইভেট স্কুলে পড়ানোর সাধ্য না থাকায় দুই ছেলেই সরকারী স্কুলে পড়েছে। এখন হলে হয়তো পেরে যেতাম কষ্টেসৃষ্টে। তখন ​​​​​​​পারি ​​​​​​​নি। ​​​​​​​আমাদের ​​​​​​​প্রায় ​​​​​​​সব ​​​​​​​চেনা ​​​​​​​বঙ্গসন্তান এর ​​​​​​​প্রায় ​​​​​​​শত ​​​​​​​শতাংশ ​​​​​​​ছেলে ​​​​​​​মেয়েরা ​​​​​​​পাবলিক ​​​​​​​স্কুলে ​​​​​​​যেতে ​​​​​​​দেখেছি। ​​​​​​​প্রায় সবাই ​​​​​​​ডাক্তারি ​​​​​​​বা ​​​​​​​ওকালতি ​​​​​​​পড়ছে। ​​​​​​​যেগুলো A লেভেল এ ​​​​​​​উচ্চ ​​​​​​​নম্বর ​​​​​​​ছাড়া ​​​​​​​হয় ​​​​​​​না। ​​​​​​​তাই ​​​​​​​স্কুল ​​​​​​​এ ​​​​​​​টাকা ​​​​​​​খরচ ​​​​​​​করার ​​​​​​​সাথে ​​​​​​​ভবিষ্যৎ ​​​​​​​গড়ে ​​​​​​​দেবার ​​​​​​​সম্পর্ক ​​​​​​​অস্বীর্কার ​​​​​​​করা ​​​​​​​চলে ​​​​​​​না।
    সৌভাগ্য বশত ই বলতে হবে আমাদের দুই জন কিন্তু প্রায় নিজেদের এবং অবশ্য স্কুলের সহায়ে রাসেল গ্রূপ ইউনিভার্সিটি কেম্ব্রিজ ও ইম্পিরিয়াল গিয়েছ ও অত্যন্ত ভালোভাবে শেষ করেছে।
    কিছু সরকারি স্কুল খুবই ভালো যদিও বেশিরভাগ নয়, কালের নিয়মে সব দেশেই অনেককিছুই নিন্মগামী।
    পোস্ট কোড লটারির নিয়মের জন্য সেই ভালো সরকারী স্কুলে পড়াতে সেই পাড়ায় বাড়ির দাম বেড়ে যায়। বাবা মায়েরা মিথ্যা ঠিকানা ও দিয়ে থাকেন।
    কিন্তু সাধারণ সরকারী স্কুলেও সবচেয়ে ভালো করে চাইনিজ ও ভারতীয়রা, স্থানীয় শেতাঙ্গ, বিশেষ করে ছেলেরা করে সবচেয়ে খারাপ, প্রায় একই আর্থিক অবস্থায় থেকেও।
    তাই পরিবারবন্ধন, কম বিবাহবিচ্ছেদের ফলে বাড়িতে বাবাদের বেশী থাকা , একই পরিবারে বিভিন্ন পিতা মাতার সন্তান তুলনামূলকভাবে কম থাকার জন্যে এই দুই গ্রূপের শিশু রা প্রথম জীবনে বেশী স্টেবিলিটি পায় যা তাদের বেশী সফল করে তোলে। এই নিয়ে অনেক রিসার্চ হয়েছে, সব ক্ষেত্রে ফল একই কিন্তু পলিটিক্যাললি কারেক্ট থাকতে গেলে রাজনৈতিকদল দের একথা বলা চলে না। তাই " কেন আমাদের ভূমিপুত্রে রা খারাপফল করছে " বলে কান্নাকাটি চলতে থাকে। যা হয় আরকি।
    হিরেনদার লেখা চলতে থাকুক। খুবই ভালো হচ্ছে, বরাবরের মতোই।
  • জয় | ১২ অক্টোবর ২০২৬ ১৮:৪৪743208
  • হীরেনদা। খুবই সময়োপযোগী লেখা। প্রথমে আমি তো বোকাপাঁঠার মতো সিজেপির "স্কুল ঠিক করো" ভেবেছিলাম!
    আপনার যেমন অতুলনীয় অভিজ্ঞতা তেমনি অসাধারণ লেখনী। ফ্রান্সের ছাত্র আন্দোলনের দিকে খেয়াল রাখছি। কোন দিকে যায়? ১৭ অক্টোবর কি হয়? সামনের মার্চে কি হবে। অন‍্যান‍্য ট্রেড ইউনিয়ন কি যোগ দেবে। ইতালিতে বেলজিয়ামে ছড়িয়ে পড়ছে।
    ৬৭-৬৮র ইউরোপের ছাত্র আন্দোলনের কিছুই জানতাম না। আপনার হাত ধরে জানলাম। ধন্যবাদ দাদা।
     
    অন‍্য প্রসঙ্গ- স্কুল/ ইউনিভার্সিটির সমস‍্যা কি মিটবে? রিমোট লার্নিং এ-আই কি এখনকার প্রশ্নগুলোকে বদলে দেবে? রক্তমাংসের শিক্ষক বা ইঁট কাঠ পাথরের শিক্ষাপ্রতিষ্ঠান কি ইতিহাস হয়ে যাবে? আগামীতে ছাত্ররা একই ভাবে শিখবে? কিই বা শিখবে?
  • হীরেন সিংহরায় | ১৩ অক্টোবর ২০২৬ ২০:১৪743239
  • দোলন

    চার দশক আগে জার্মানি থেকে যখন ইংল্যান্ডে এলাম, বাড়িতে ডাক্তার আসতো, প্রেসক্রিপশনের জন্য £১,৪০ দিতে হতো, ইউনিভারসিটি পুরো ফ্রি, এগারো মাসের দামে অ্যানুয়াল টিউব টিকিট পাওয়া যেতো সে সব দিন গিয়াছে কিন্তু আপনি যেমন লিখেছেন, ভারতীয় পিতা মাতার চেষ্টায় আজও ছেলে মেয়েরা পড়াশোনায় দেশ জয় করে চলেছে আমার মনে হয় এটি শুধু বাঙালি নয়, সকল ভারতীয় পরিবারের পক্ষেও সত্যি ; চিনেরা অবশ্য এখন প্রবল প্রতিদ্বন্দ্বী। সরকারি স্কুলে প্রবেশের জন্য বাড়ির মিথ্যে ঠিকানা দেওয়াটা আজও সম্যক চালু আছে, বিশেষ করে ইহুদি পাড়ায় দেখেছি সমস্যায় পড়েছে সান অফ দি সয়েল ! তুলনামূলক ভাবে বলতে হয় জার্মানিতে দ্বিতীয় জেনারেশন তুর্কিদের সমান অগ্রগতি চোখে পড়েছে।
     
  • হীরেন সিংহরায় | ১৩ অক্টোবর ২০২৬ ২০:১৬743240
  • জয়

    ধন্যবাদ।
    ভাই এ সব আপনাদের জন্মের আগের গল্প ! আমরা ছয়ের দশকের লোক। বড়ো হয়েছি যে যুগে তখন আমাদের ছেয়ে আছে ভিয়েতনাম, বিটলস, সলিল চৌধুরী ( এক ১৯৬৩ সালেই দিলেন পথ হারাবো বলেই এবার, যাক যা গেছে তা যাক, একদিন ফিরে যাবো চলে, সহ দশটি অমর গান) নকশালবাড়ি, উৎপল দত্ত( কল্লোল) এবং ১৯৬৮ সালে প্রাগের বসন্ত ও প্যারিসের ছাত্র বিপ্লব যা আবেগপ্রবণ বাঙালিকে মনে করিয়ে দিয়েছিল আমাদের অনেক আগে ঘটে যাওয়া প্যারিস কমিউনের কথা, মে ১৮৭১ !
    ফ্রান্সে আছি এ সপ্তাহে – আমাদের বাড়ি যারা দেখাশোনা করেন, ডমিনিক ও মাদাম ক্রিস্টিন ফুবের বললেন তাঁরা মারিন ল পেন বা মেলানশঁ কাউকেই পছন্দ করেন না, মুশকিল হল মধ্যপন্থী মানুষ যেমন গ্যাব্রিয়েল আতাল বা এদুয়ারদ ফিলিপ ভীষণ পিছিয়ে পড়েছেন ! ভোট দেবেন কাকে ! আমার এখনো মনে হয় গ গত দুবারে মাকর জিতেছেন ডিফল্ট হিসেবে, ফরাসি কিছুতেই অতি দক্ষিণ মারিন ল্য পেনকে জেতাতে চান নি। এবার খেলা অন্য রকম – ল্য পেন বনাম মেলানশঁ খেলায় বামেরই জেতার সম্ভাবনা।
     
    এ আই কোথায় যে নিয়ে যাবে কে জানে তবে যেখানে শিগগির যাবো, সেখানে আমাকে সেটা দেখতে হবে না

    বেলজিয়াম নিয়ে লিখছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন।