এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  পরিবেশ

  • ফ্যাশনে দূষণ.....অত:কিম্?

    Somnath mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    আলোচনা | পরিবেশ | ০৯ নভেম্বর ২০২৬ | ৩৫৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ফ্যাশনে দূষণ… অত: কিম্ ?
     
    আজকাল বিকিকিনির হাটে নবতম সংযোজন হলো এক্সক্লুসিভ গার্মেন্টস মল। আমার বাড়ির লাগোয়া এলাকায় এখন এমন সব মল ঝলমল করছে। তার‌ই একটাতে ঢুকে পড়েছিলাম হাওয়া বদলের জন্য। প্রথম প্রথম ভেবেছিলাম যে এমন ইচ্ছে নিয়ে আমি একাই বোধহয় ঢুকেছি,পরে একটু ধাতস্থ হতেই মালুম হলো – আমি একা নই, বহু সংখ্যক মানুষ‌ই ওখানে ঢুকে পড়েছেন ওই বদলে যাওয়া হাওয়ায় শরীর - মন সেঁকে নেবার জন্য যাতে করে শরীরের সঙ্গে লেপ্টে থাকা পুরনো গন্ধের ঘ্রাণ লোকজন টের না পায়। আবার অন্যদিকে ফ্যাশন দুরস্ত গার্মেন্টস, আউট ফিট কেনাকাটা করার লোকজন‌ও নেহাত কম নয়। আমাদের মতো মানুষজন বেড়ে গেলে ঐ শপিং হাবগুলো কবেই হাবুডুবু খেতে শুরু করতো ! বলতে দ্বিধা নেই যে গুটিকয়েক সাতকেলে মানুষকে বাদ দিলে বাকিরা সকলেই চলতি ফ্যাশনের পন্থী। এটাই বাস্তবতা।
     
    ফ্যাশনের নামে এই যে নিত্যনতুন সাজে নিজেকে সাজিয়ে তোলার প্রবণতা তা পরিবেশের জন্য কতটা চিন্তার সেই বিষয়ে অবশ্য মুখ খুলেছেন বিশেষজ্ঞরা। একথা তো মানতেই হবে যে ফ্যাশনের বাজার বিসারি, গোটা দুনিয়া জুড়েই তার দাপাদাপি। আমাদের কিশোর বেলার কথা মনে পড়ে।পরনের পান্তলুনের পায়ের তলার ঘের নিয়ে একদা তুলকালাম কাণ্ড বেঁধে গিয়েছিল – বেলবটম থেকে শুরু করে ড্রেন পাইপ – সব রকমেই অভ্যস্ত করে তোলার যুদ্ধ চলেছিল বহুদিন। তারপর হঠাৎ করেই সেসব কালের নিয়মে বাতিল হয়ে গেল, কেবল আলমারির তাকগুলো বোঝাই হয়ে গেল বাতিল পোশাকে। সেগুলোর শেষ পর্যন্ত কি গতি হয়েছিল তা অবশ্য এখন আর স্মরণে নেই।
     
    বিশেষজ্ঞরা বলছেন, ‘যা দেখি তাই কিনি’র এই প্রবণতায় এবার সত্যি সত্যিই রাশ টানার সময় এসেছে। উৎসবের সময়ে কেনাকাটার পেছনে একটা যুক্তি আছে, কিন্তু এখন দেখি সারাবছর জুড়েই কেনাকাটার পরব চলছে। সত্যি মিথ্যে জানিনা, আমার প্রতিবেশী গোপালের এই পুজোয় দশটা জামা হয়েছে। পড়বে কখন এতোগুলো পোশাক? এদিকে দুনিয়া জুড়ে যে স্যসটেনেবল লাইফস্টাইল বা টেকস‌ই জীবনের কথা বলা হচ্ছে তাকে বাস্তবায়িত করতে হলে আমাদের প্রচলিত জীবন শৈলীকে খানিকটা ছেঁটে কেটে সময়ের চাহিদার সঙ্গে মানানসই করে তুলতে হবে। কমাতে হবে অনাবশ্যক ভোগ বাসনা।
     
    গার্মেন্টস মলের এক দোকানের ম্যানেজার মশাইকে একটা বোকার মতো প্রশ্ন করেছিলাম –” আচ্ছা, মিঃ কাপুর, এই যে এতো রকমারি জামাকাপড়ে দোকান বোঝাই করে রেখেছেন, এগুলো সবই বিক্রি হয়ে যাবে তো?” মিঃ কাপুর আমার প্রশ্নের জবাব দিতে দোকানের বাইরে এসে দাঁড়ান। তারপর খাটো গলায় বলেন –”আমি আজ পর্যন্ত এমন প্রশ্নের সামনে পড়িনি। সত্যি কথাটা দোকানের ভেতরে বলবো না বলে বাইরে বের হয়ে এলাম। গোটা দুনিয়ায় যতো শৌখিন পোশাক আশাক ফি বছর তৈরি করা হয়, জানবেন তার ২৫% আনসোল্ড বা অবিক্রিত থেকে যায়। আমি জানি এবার হয়তো আপনি প্রশ্ন করবেন তারপর কী করা হয়? যা বলবো তা শুনতে খুবই খারাপ লাগবে আপনার,তাও সত্যিটা জানাই – এরপর প্রতি সেকেন্ডে একটি ট্রাক বোঝাই করে এই জামাকাপড় পাঠানো হয় কোনো ইনসিনেরেটরে অথবা কাছে পিঠে থাকা ল্যান্ড ফিলে বর্জ্য হিসেবে।” এই বলে মিঃ কাপুর হাসতে হাসতে দোকানের ঘেরাটোপে ফিরে গেলেন নির্বিকার চিত্তে। আমি শিহরিত হয়ে সামনে রাখা একটা চেয়ারে বসে পড়লাম। বসে বসে ভাবতে থাকি কি বিপুল পরিমাণ পার্থিব সম্পদের অপচয় হচ্ছে এভাবে। আমাদের মনে এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই।
     
    এমন‌ই এক প্রেক্ষাপটে নিত্যনতুন চমকদার ফ্যাশনের পরিবর্তনে রাশ টানার কথা ভাবছেন পরিবেশবাদী সংগঠনের সঙ্গে যুক্ত মানুষজন। তাঁদের যুক্তি, এমন ধারণা টেকস‌ই বহতা উন্নয়নের ধারনার সম্পূর্ণ পরিপন্থী। পোশাক তৈরির প্রতিটি পর্যায়ে আজ নতুন করে পরিবেশবান্ধব চিন্তা ভাবনার প্রয়োগের বাস্তবতাকে মেনে নেবার সময় এসেছে – ডিজাইন থেকে বিপণন প্রত্যেক ক্ষেত্রেই আরও চিন্তা ভাবনা প্রয়োগের অবকাশ রয়েছে। পরিবেশ বান্ধব উপকরণ, ছাট উপকরণের পরিমাণ নিয়ন্ত্রণ, উৎপাদন সংক্রান্ত নিয়ম নীতির অনুসরণ এবং অবশ্যই ফ্যাশনের চলতি হাওয়ায় গা না ভাসিয়ে দায়িত্বশীল কেনাকাটায় অভ্যস্ত হতে হবে।
     
    এই জরুরি কথাগুলো আমি আপনি না বলে এই শিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মানুষেরা যদি বলেন তাহলে তা যে অনেক ফলদায়ী হয়ে উঠবে সেটা বলাই বাহুল্য। বিষয়টা যে তাঁদের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বুঝতে পারছেন সকলেই।
     
    এখান থেকেই “স্লো ফ্যাশন”এর ধারনাটি একটু একটু করে দানা বাঁধছে দুনিয়ার প্রাগ্রসর দেশগুলোতে। স্লো ফ্যাশনের মূল বিষয়টি কী ? এ হলো এক পরিকল্পিত ধীরে চলার নীতি যেখানে যথেচ্ছভাবে উৎপাদনের পরিবর্তে গুণগতভাবে উৎকৃষ্ট পোশাক তৈরির ওপর জোর দেবার কথা বলা হচ্ছে। কৃত্রিম রাসায়নিক তন্তু থেকে তৈরি জামাকাপড়ের বদলে প্রাকৃতিক ও টেকসই উপকরণকে ব্যবহার করার ওপর বিশেষ গুরুত্বারোপের কথা বলা হচ্ছে কেননা এগুলো সংখ্যার দিক থেকে বেশি না হয়ে স্থায়িত্বের দিক থেকে অনেক টেকস‌ই হবে। দ্রুত বদলে যাওয়া ফ্যাশনদার পোশাক আশাকের তুলনায় এগুলো কিছুটা মহার্ঘ্য হয়তো হবে কেননা এগুলো সব তৈরি হবে একান্তভাবেই প্রাকৃতিক তন্তু থেকে, তবে এগুলো আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না। পরীক্ষা করে দেখা গেছে যে কৃত্রিম সিনথেটিক ফাইবারের তৈরি পোশাক থেকে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিকের পাশাপাশি বিপুল পরিমাণ মাইক্রো প্লাস্টিক উৎপন্ন হয় যা পরিবেশের পক্ষে অত্যন্ত হানিকারক।
     
    বিশেষজ্ঞরা মনে করছেন যে স্লো ফ্যাশনের কালে উৎপাদিত সকল জিনিস‌ই হবে রীতিমতো এক্সক্লুসিভ এবং গুণগত মানের দিক থেকে উৎকৃষ্ট হ‌ওয়ায় সেগুলোকে যত্ন করে পরা ও আগলে রাখতে চাইবেন অনেক দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য। হালফিলের ফ্যাশন দুরস্ত গার্মেন্টসগুলোর মতো প্রতিদিন বদলে ফেলার মানসিকতা এর ফলে কমে যাবে অনেকটাই যা পরিবেশের পক্ষে লাভ দায়ী হবে।
     
    ইদানিং লক্ষ করে দেখবেন সব বড়ো বড়ো ব্র্যান্ডের পোশাক‌ই ১০০% সুতীর তৈরি। এরফলে একদিকে যেমন উপাদান সংক্রান্ত শুদ্ধতা বজায় রেখে চলা সম্ভব হচ্ছে, তেমনি উৎপাদনের ক্ষেত্রেও আবশ্যক নীতি নিয়ম বজায় রেখে চলছে প্রস্তুতকারীরা। বিপণনের বিষয়েও আগের তুলনায় স্বচ্ছতা এসেছে। পাশাপাশি উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে বিপুল পরিমাণ বর্জ্য সৃষ্টি হয় সেগুলোকে আগের তুলনায় খানিকটা ভালো ভাবে, বিজ্ঞান সম্মতভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে এই নতুন দৃষ্টিভঙ্গির দৌলতে। পৃথিবীর একাধিক নামীদামী পোশাক প্রস্তুতকারী সংস্থাই এখন এই নতুন তন্ত্রের অংশীদার। এভাবে ব্যবসায়িক লাভালাভের সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে চলেছে ব্র্যান্ডেড পোশাক নির্মাতারা।
     
    স্লো ফ্যাশনের সমর্থনকারীদের মতে এই উদ্যোগ তথাকথিত সার্কুলার ইকোনমির আদর্শকে রূপায়িত করার লক্ষ্যে একটি বড়ো পদক্ষেপ, কেননা এখানে পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণের আদর্শকেই বাস্তবায়িত করার ওপর জোর দেওয়া হয়, ফলে এই ব্যাপারটা অপচয়কে রোধ করতে খুব কার্যকরী। উৎপাদকদের কাছে চক্রাকার অর্থনীতির আদর্শগত ধারণা স্পষ্ট হ‌ওয়ায় ডিজাইনিং, রিসাইকেলড জৈব বিয়োজ্য উপকরণের ব্যবহার, নিজেদের তৈরি পোশাক আশাক এবং অবিক্রিত অবস্থায় থাকা জিনিসপত্র ফেরত নেওয়া, সবথেকে দক্ষ উৎপাদন প্রক্রিয়াকে বেছে নেওয়া, চক্রাকার অর্থনীতির আদর্শকে সামনে রেখে অনুসারী উৎপাদন ব্যবস্থা কায়েম করা সম্ভব হবে এই নিয়মে। ফলে গোটা ব্যাপারটা অনেক বেশি পরিবেশ বান্ধব হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
     
    সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায়। আজ আমরা এমন এক পরিস্থিতিতে এসে পড়েছি যেখান থেকে পৃথিবীর পরিবেশকে বাঁচাতে এমন পরীক্ষা নিরীক্ষা অনিবার্য হয়ে উঠেছে। ট্রায়াল এন্ড এররের পদ্ধতিকে সামনে রেখেই আমাদের এগোতে হবে। এটা শুধু ফ্যাশনের ক্ষেত্রে নয়,গোটা ব্যবস্থাপনার মধ্যেই এমন প্রচেষ্টাকে জারি রাখতে হবে না হলে আমাদের অস্তিত্বের সংকট আরও ঘনীভূত হবে। এ কথা যেন মনে থাকে।
     
     
     
    উৎসর্গ
    আলোচ্য নিবন্ধটি অনুজপ্রতিম সুজন অধ্যাপক ডঃ পুনর্বসু চৌধুরীর করকমলে নিবেদন করলাম। পুনর্বসুই আমাকে প্রথম এই বিষয়ে অবহিত করেন। তাঁকে ধন্যবাদ জানাই।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • আলোচনা | ০৯ নভেম্বর ২০২৬ | ৩৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Soumen Roy | ১০ নভেম্বর ২০২৬ ১৩:৩৭743912
  • নূতন তথ্য জানা গেলো। ব্যাপারটা নিয়ে ভাবা হচ্ছে এটা আশার কথা।
    কিন্তু এতো গেলো দোকানের কথা।বাড়ি আসার পর কত পোশাক প্রায় না পরে বা দুয়েকবার পরে নষ্ট হয়।জীবনযাপনের ভাবনাই সাসটেইনেবল নয়।
  • অরিন | ১০ নভেম্বর ২০২৬ ১৩:৪৯743913
  • Fast fashion একটা দীর্ঘদিনের সমস‍্যা। শুধু physical environment নয়, মানে জল, স্থলের যে সর্বনাশ হচ্ছে, আপনার জামাকাপড় মাইক্রোপ্লাসটিকের সূত্রে আপনার পেটে ঢুকছে তাই নয়, সামাজিক পরিবেশও দূষিত হচ্ছে। পরিবেশ কি আর কেবল চারপাশের জল, স্থল আর হাওয়া।
  • Somnath mukhopadhyay | ১০ নভেম্বর ২০২৬ ১৫:৪০743924
  • @ সৌমেন
    বিষয়টা নিয়ে আমিও তেমন সড়গড় ছিলাম না। পুনর্বসুই আমার লেখা এক আলোচনা পড়ে আমাকে এই বিষয়ে লেখার কথা বলে। আমাদের কথায় ও কাজে ফারাক থেকে যাচ্ছে। আর এই পথেই ভোগবাদী ভাবনা আমাদের মধ্যে দানা বাঁধছে। আমাদের প্রত্যেককে এর উল্টো দিকে সাঁতার কাটতে হবে। স্লো ফ্যাশনের বিষয়টি তার‌ই ইঙ্গিতবাহী।
     
    @ অরিন বাবু
    প্রতিদিন এভাবেই আমরা নিজেরা নিজেদের সংকটের কারণ হয়ে দাঁড়াচ্ছি। ফাস্ট ফ্যাশন থেকে স্লো ফ্যাশনের পর্যায়ে পৌঁছতে আত্মসংযম ও আত্মবিশ্লেষণ করতে হবে। আমরা সবাই প্রস্তুত আছি তো?
     
    দুজনকেই ধন্যবাদ জানাই।
  • kk | ১০ নভেম্বর ২০২৬ ২০:৪২743931
  • ফ্যাশন ইন্ডাস্ট্রি কীভাবে পরিবেশ দূষণে দায়ী সেই খবর সাধারণ মানুষের সামনে এনে সচেতনতা জাগানো খুবই ভালো প্রয়াস। তবে সেই সাথে কারা এই দূষণের বিরুদ্ধে কাজ করছেন সেগুলোও একটু বললে বেশ ভালো লাগে। পুরোটাই শুধু সমস্যা নয়, সমাধানের জন্যও কাজ চলছে এটা জানতে পারলে একটা পজিটিভ নোট পাওয়া যায় আর কী। এখন তো বেশ কিছু নামী ফ্যাশন ডিজাইনার গ্রুপ পরিবেশ রক্ষায় সক্রিয় অংশ নেন। যেমন ধরুন ব্রাইটলিং নামে কোম্পানীটি সমুদ্র থেকে তোলা প্লাস্টিক রিসাইকল করে সেই দিয়ে ঘড়ির ব্যান্ড, ছাতা, অন্যান্য অ্যাক্সেসরি বানায়। 'প্রাডা' হালে রি-নাইলন বলে একটা লাইন চালু করেছে। তাতেও অমনি সমুদ্র থেকে তোলা প্লাস্টিক, ছিঁড়ে যাওয়া মাছ ধরার জাল, এই জাতীয় অনেক ফেলে দেওয়া জিনিষ যেগুলো ল্যান্ডফিলে জমা হয়, এই দিয়ে জ্যাকেট, রেনকোট, ব্যাগ এইসব বানানো হচ্ছে। স্টেলা ম্যাকার্থি, আইলিন ফিশার, আরো কোনো কোনো ডিজাইনার সাস্টেনেবল পোশাক বানান। ফার, লেদার ইত্যাদি মেটিরিয়াল ব্যবহার করেন না। তো এইসব কাজও হচ্ছে আর কী।
  • Somnath mukhopadhyay | ১০ নভেম্বর ২০২৬ ২২:১৭743935
  • ধন্যবাদ kk
    আমার অবস্থা অনেকটাই কীর্তন গানের আসরের মূল গায়েনের মতো। মূল প্রসঙ্গটি উত্থাপনের পর কৃতী দোহারেরা তার রেশ অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যান। আমার না বলা কথাগুলো আপনারা বলছেন, অনেকের কাছে পৌঁছে দিচ্ছেন তাতেই বেজায় খুশি। পাশে থাকার অনুরোধ রইলো।
  • #+: | ১৬ নভেম্বর ২০২৬ ২২:৫৪744006
  • পুজোর ফ্যাশন পর্বটি ভাগ্যিস মিটেছে। লেখাটা আগে পড়লে হয়তো নতুন কিছু কেনাকাটা করতে পারতাম না। লেখার কনসেপ্টটাও একদম অপরিচিত। বেশ ভালো লাগলো।
  • Somnath mukhopadhyay | ১৭ নভেম্বর ২০২৬ ১৪:৫৩744014
  • এই লেখা পড়ে পোশাক না কেনার কথা ভাবছেন জেনে আশ্চর্য হলাম।
  • Avijit Chakraborty | ১৮ নভেম্বর ২০২৬ ১৬:২৬744029
  • এক্কেবারে অজানা একটা বিষয়। কোনও দিন এই নিয়ে ভেবেও দেখেনি। ভাববো কি? এটা যে একটা ভাবনার বিষয়, সেই ভাবনাটা কোনও দিন মনেও আসেনি। প্রবন্ধটি পড়ে ভাবনার উদ্রেক হোলো। আমার এই ব্যাপারে বিশেষ কিছু করার না থাকলেও, সতর্ক থাকবো, নিজেদের পোশাক কেনার সময়।
  • Somnath mukhopadhyay | ১৯ নভেম্বর ২০২৬ ০৯:১৬744042
  • ভাবনার ভূত যখন একবার মন ভরেছে তখন চারপাশে থাকা লোকজনকে সমভাবুক করে তোলার প্রচেষ্টা শুরু হোক। তাহলেই ভয় আউট ভরসা ইন হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন।