ডিমনিটাইজ়েশনের দশ বছর পূর্তি হল নিঃশব্দেই, কোনওরকম সরকারি উদযাপন উৎসব ছাড়াই। উদযাপন ছাড়াই কেটে গেল কারণ ঢাক পিটিয়ে সাফল্য জাহির করার মত প্রায় কোনো পরিসংখ্যান-ই আমাদের হাতে নেই।
দ্য নিউজ়মিনিটের একটি প্রতিবেদন (“Ten years after demonetisation, In India cash is still king”) থেকে কয়েকটা ছোটো তথ্য তুলে দিই আগে। ২০১৫-১৬ সালে জিডিপি-র ১১.৯% কারেন্সি ছিল জনগণের হাতে, মার্চ ২০২৬-এ ১২.১%। এবং এই গোটা দশক ধরেই কারেন্সি-টু-জিডিপি রেশিও ঐ ১২%-এর আশেপাশেই ঘোরাফেরা করেছে, অর্থাৎ সামগ্রিকভাবে নগদ-নির্ভরতা কমেছে এমন দাবি যুক্তিসঙ্গত নয়। আবার এর পাশেপাশেই ইউ-পি-আই-এর মাধ্যমে লেনদেন বেড়েছে হুহু করে। স্ক্রলের একটি রিপোর্ট বলছে, ২০২৫-২৬ সালে মোট লেনদেনের ৮৫% (বাই ভলিউম) ইউ-পি-আইয়ের মাধ্যমে হয়, কিন্তু অর্থমূল্যের পরিমাণ দেখলে মাত্র ৯.৫%। এর অন্যতম কারণ অবশ্য মাঝের কোভিড-প্যানডেমিক, এবং স্মার্টফোনের ব্যাপক প্রচলন। অন্যদিকে, এই আচমকা তুঘলকি চালে যাবতীয় “কালা ধন” ধরা পড়ে গেছে এও আর বিশ্বাসযোগ্য নয়। ২০১৭-১৮ সালের রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে যত টাকা তোলা হয়েছিল তার ৯৯.৩% আবার সরকারি কোষাগারেই ফিরে আসে - ১৫.৪২ লাখ কোটির মধ্যে ১৫.৩১ লাখ কোটি টাকা।

অর্থনীতির সংখ্যা-শতকরা ইত্যাদি বাদ দিয়ে যদি এর হিউম্যান-কস্ট ভাবতে বসি, সেও কিছু কম নয়। সেই সময়ের বিভিন্ন প্রতিবেদনের তথ্য জুড়লে জানা যাবে প্রায় ১০০ জন মানুষের মৃত্যু হয় ঐ সময়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নোটবন্দীর ফলেই। ঐ ২০১৬ সালের-ই ৬-ই ডিসেম্বর ট্রাইব্যুন নিউজ় সার্ভিসের একটি প্রতিবেদন বলছে, “দ্য এল্ডারলি আর দি মোস্ট কমন ভিকটিম”। ৬৫ বছর বয়সী মালুক সিং, তার্ণ তারানের এক্স-সার্ভিসম্যান ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েই মারা যান, দিনের পর দিন ওঁকে ফিরিয়ে দেওয়া হয় ক্যাশের অভাবে – ওঁর পরিবার ঐ সামান্য নগদ টাকার উপরেই নির্ভরশীল ছিলেন। অথবা, জলন্ধরের ৮২ বছর বয়সী, সতপাল বালি – যিনি পেনশন তুলতে গিয়ে ব্যাঙ্কের সিঁড়িতেই অজ্ঞান হয়ে পড়েন, এবং কিছুদিনের মধ্যেই মারা যান। ব্যাঙ্ক এঁকেও ক্যাশের অভাবে পেনশন দিতে পারেনি। যেমন পারেনি লুধিয়ানার ৮৪ বছর বয়সী পিয়ারা সিং-কে। অবসরপ্রাপ্ত ডাককর্মী এই মানুষটিও লাইনেই অজ্ঞান হয়ে পড়েন, বাড়ি ফিরে আর বাঁচেননি।
এই তিনজনের নাম আমরা সেই ১০ বছর আগে শুনেছি এবং ভুলে গেছি, এবং আবার-ও ভুলে যাবো আগামীকাল। তবে, এইটুকু হয়ত মনে থাকতেই পারে, যে সেই নোটবন্দী খেলায় সবথেকে ক্ষতিগ্রস্ত কারা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আসলে কোনো তথ্যের-ই দরকার নেই। আমরা জানি, এই আচমকা ঘোষণায় ক্ষতি হয়েছিল বয়স্ক লোকের, ক্ষতি হয়েছিল মহিলাদের
[1], অসংগঠিত শ্রমিক বা ব্যাবসায়ীদের, এবং অবশ্যই গ্রামের গরীব মানুষের। মানে এক কথায় প্রান্তিক জনগণের।
নোটবন্দী এখন ইতিহাসের পাতায়, এবং ইতিহাস এখন বলিউডি স্কুলের সিলেবাস মেনে চলে। সেই সিনেমার চিত্রনাট্যে শুধুই মাংসপেশীর আস্ফালন আছে, উগ্র প্রেম আছে, অন্ধ জাতীয়তাবাদ আছে, আছে অপরায়ণ, ঘৃণার বীজবপন। অবশ্য এই তো আমরা চেয়েছিলাম, “হিংসা তার আদিগ্রন্থ” – সত্যিই।
তবে, ঐ এক-ই গল্পের এক-ই চিত্রনাট্য ফিরে ফিরে আসে। প্রতিবার-ই।
যেমন এসেছে এস-আই-আরের অছিলায়। সেই কুনাট্য শেষ হয়নি। ২০২৫ সালেই লোকনীতির রিপোর্টে দেখা যাচ্ছিল এই প্রমাণের আর নথিপত্রের বোঝা কার ঘাড়ে কতটা বেশি। সেই সমীক্ষায় দেখা গেছিল, “সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারা?” এই প্রশ্নে উত্তরদাতারা বৃদ্ধ (৪২.৩%), নিরক্ষর (৪১.৫%), দরিদ্র (৪০.৫%), গ্রামীণ জনগণ (২৬.৪%) এবং পরিযায়ীদের (২২.২%) সবচেয়ে বেশি বিপন্ন বলে চিহ্নিত করেছিলেন।
অর্থাৎ, ওরা – মানে আমরাই – আমরা জানতাম যে অসুবিধে কার বেশি। বৃদ্ধদের যে কী সাংঘাতিক হয়রানি হবে সবাই জানতাম। জেনেও হাততালি দিয়েছি। এবং এস-আই-আরের রথ চলেছে। এবং, নকশা অথবা প্রত্যাশা মতই, বহু বৃদ্ধ-বৃদ্ধা মানুষের কাতর আকুতি আমরা দেখেছি স্বচক্ষে অথবা প্রাইম-টাইমে। কেউ হুইল-চেয়ারে করে এসেছেন, কেউ এসেছেন ফোলা পায়ে একটা প্লাস্টিক বেঁধে। কেউ এসে অসুস্থ হয়ে পড়েছেন লাইনে দাঁড়িয়ে। এক জায়গায় স্পষ্ট মনে আছে, অতিবৃদ্ধা ন্যূব্জ মাকে কোলে করে নিয়ে এসেছেন ছেলে। প্রমাণ বড় বালাই।
এত বড় রাষ্ট্রযন্ত্রের এত বড় যজ্ঞে এদের কোনোভাবে একটু অব্যাহতি দেওয়া যেত না? অথবা একটু মানবিকতা? নিশ্চয়ই যেত না।
যেমন যায়নি এবং যাবে না, গতকাল রাত্রে। কত লোকের যে কত ক্ষতি হল সে হিসেব আমাদের বাইরে। ২০৪৭-এর বিকশিত ভারতে পৌঁছনোর আগেই অবশ্য আমরা ২০৫৩-র এয়ার-কোয়ালিটি-ইণ্ডেক্সে পৌঁছে গেছি। আর কত বিকাশ চান ভাই? তবে চেঁচিয়ে লাভ নেই। চ্যাঁচালে ওঁরা বলবেন বেশ করেছি, আবার করব। কিছু বৃদ্ধ, কিছু পোষ্য, কিছু পাখপাখালি – এ সামান্য কোল্যাটারাল ড্যামেজ বই তো কিছু নয়। তাই, ওঁরা আজ বুলডোজ়ার চালাবেন, কাল বুকিস্টল পোড়াবেন, আর পরশু বাজি ফাটাবেন বাড়ির দরজায়। কেউ কেউ চিৎকার করবেন, কেউ পাগল হয়ে দেওয়ালে মাথা ঠুকবেন, কেউ হয়ত লিখবেন এবং দ্রুত মুছে ফেলবেন।
আর এই চালচিত্র বছরের পর বছর পাল্টাবে না। শব্দদৈত্য বাড়বেই। কষ্ট বাড়বেই। বরং মেনে নেওয়া ভালো। যেমন আমরা মেনে নিয়েছি প্রত্যেকটি নিদারুণ অপমান।
সংবেদনশীল মানুষ দেখি এক-একটি সাংঘাতিক ঘটনার পরেই সমাজমাধ্যমে লিখে আসেন নবারুণে অতিব্যবহৃত সেই দুই লাইন বা এক। “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না”। দেশ না? দেখি আর ভাবি, আসলে এই-ই আমাদের দেশ।
এবং সে দেশ, আর যার-ই হোক, বৃদ্ধ মানুষের না।
----
সূত্রঃ
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।