এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক  উপন্যাস

  • বিশ-একুশ

    ভবঘুরে
    ধারাবাহিক | উপন্যাস | ২৪ নভেম্বর ২০২৬ | ৫ বার পঠিত
  • ছবিঃ ঈপ্সিতা পাল ভৌমিক


    ১৮


    কেরামত আর আবেদ আলি উঠোন পেরিয়ে অন্ধকার রাস্তায় মিশে যাওয়ার পরও মামুন বেশ কয়েক সেকেন্ড চৌকাঠের কাছে পাথরের মতো দাঁড়িয়ে রইল। শীতের হিমেল হাওয়া বইছে, অথচ মামুনের হাল্কা গরম যেন লাগছে। কপালের রগ দুটো দপদপ করছে। কানের ভেতর তখনও কেরামতের ফিসফিসে গলাটা প্রতিধ্বনিত হচ্ছে— নন্তু কলকাতার দুই গুণ্ডা এনেছে। গুলি মারবে মামুন ভাই। বিশ্বাস না হলে রবের দোতলায় নজর রাখো।

    মামুন নিজেকে সামলে নিল। হ্যারিকেনের ম্লান আলোয় বৈঠারি, বোড়া, ধারান আর নুরপুর থেকে আসা মাথারা তখন নিচু স্বরে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। মামুনের মুখের ছায়াটা দেখে পাশে বসা নবাব ভ্রূ কুঁচকাল। নবাবের চোখ খুব তীক্ষ্ণ; মামুনের চোয়াল শক্ত হয়ে যাওয়া দেখেই সে বুঝেছে, কিছু একটা ঘটেছে।

    কী ব্যাপার মামুন? নবাব গলা নামিয়ে জিজ্ঞেস করল। কেরামত কি কিছু বলে গেল?

    মামুন কোনো উত্তর না দিয়ে ঘরের কোণে বসে থাকা লালু সরেনের দিকে তাকাল। লালু, মুড়ি-আমতেল আনতে হবে না। তুই এখনই একবার পুকুরপাড়ের ওই দিকটায় যা। রবে মহাজনের দোতলা বাড়িটার ওপর নজর রাখবি। বাড়ির পেছনের আমবাগানটায় লুকিয়ে দেখবি, দোতলার জানলায় কোনো আলো জ্বলছে কি না, বা বাইরের কোনো অচেনা লোক ঢুকছে-বেরোচ্ছে কি না। একদম নিঃশব্দে যাবি, যেন কাকপক্ষীও টের না পায়।

    লালু সরেন কোনো প্রশ্ন করল না। সে মাটির মানুষ, ইশারাতেই কাজ বোঝে। নিঃশব্দে উঠে পেছনের দরজা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। লালু বের হয়ে গেলে হারান দাসকে ডেকে বলল, দাদিকে গিয়ে বল এক ধামা মুড়ি আর এক শিশি গাওয়া ঘি দিতে। পারলে যদি আধ সের চিনিও দেয়।

    ঘরের ভেতরটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। ধারান থেকে আসা প্রবীণ চাষি হরিপদ মণ্ডল এগিয়ে এসে বললেন, কী হয়েছে বাবা মামুন? কেরামতটা তো রবে সুদখোরের খাস লোক, ও কি কোনো খারাপ খবর দিয়ে গেল?

    মামুন হ্যারিকেনটার সলতে একটু উসকে দিল। ঘরের ভেতরের ছায়াগুলো লম্বা হয়ে দেওয়ালে পড়ল। উপস্থিত সবার চোখের দিকে একবার তাকিয়ে মামুন শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, লড়াইটা আর শুধু লাঠি-সোঁটা বা কাস্তের মধ্যে থাকছে না, কাকা। মাদানগরের শ্যাম দাঁ, অধীর সাঁই, পলাশনের লক্ষ্মী কোঙার, রামবাটির চক্রবর্তী আর ওয়াহেদ চৌধুরী—এই পাঁচ জমিদার মিলে এবার অন্য খেলায় নেমেছে।

    কী খেলা? নবাবের হাতের মুঠো শক্ত হয়ে গেল।

    চক্রবর্তীদের ছেলে নন্তু কলকাতা থেকে দুজন ভাড়াটে খুনি নিয়ে এসেছে, মামুন থেমে থেমে বলল, যাতে প্রতিটি শব্দের গুরুত্ব সবাই বুঝতে পারে। ওদের কাছে রিভলবার আছে। আর ওদের লুকিয়ে রাখা হয়েছে রবে পাইকেরের দোতলা বাড়িতে।

    ঘরের ভেতরে একটা চাপা গুঞ্জন উঠেই আবার মিলিয়ে গেল। বোড়া থেকে আসা জোয়ান ছেলে উদয় মজুমদার দাঁত কিড়মিড় করে বলল, শালা রবে সুদখোর! গাঁয়ের মানুষের রক্ত চুষে বড়লোক হয়েছে, আর এখন জমিদারদের দালালি করে আমাদের মারার জন্য খুনি পুষছে! চলো মামুন ভাই, এখনই গিয়ে শালাদের বাড়ি ঘেরাও করি!

    মাথা গরম করলে চলবে না উদয়, মামুন হাত তুলে তাকে থামাল। ওদের হাতে মারাত্মক অস্ত্র আছে। অন্ধকারে হুট করে এগোলে আমাদেরই লোক মরবে। আর নন্তু ঠিক সেটাই চায়—একটা বড় রক্তপাত ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়াতে, যাতে ভয়ে আর কেউ খাসজমির ত্রিসীমানায় না যায়।

    তাহলে আমাদের পরিকল্পনা কি বদলাতে হবে? নবাব জিজ্ঞেস করল। আজ রাতে চার মাঠে ধান কাটা কি বন্ধ থাকবে?

    ধান কাটা বন্ধ হবে না, নবাব, মামুনের চোখে এক অদ্ভুত জেদ ঝিলিক দিয়ে উঠল। ফসল আমাদের, ওটা আমরাই ঘরে তুলব। তবে কৌশল বদলাতে হবে। ওরা ভাবছে আমরা চারটে মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকব, আর সেই সুযোগে ওরা অন্ধকারে অতর্কিতে হামলা করে আমাকে বা আমাদের মূল লোকদের গুলি করবে।

    মামুন মাটিতে আঙুল দিয়ে একটা নকশা আঁকতে শুরু করল। সবাই ঝুঁকে পড়ল সেই নকশার দিকে।

    শোনো সবাই, মামুন বলতে শুরু করল। আজ রাতে চার মাঠেই ধান কাটা হবে না। আসল ধান কাটা হবে শুধু পুবের বিলপাড়ের মাঠে, আর ওর কাছেই শ্মশান কালীর মাঠে। যে দুটোয় ফসল সবচেয়ে বেশি পেকেছে। কিন্তু পলাশনের দিকের মাঠে আর উত্তরের চরে আমরা শুধু খড়ের পুতুল আর মশাল জ্বালিয়ে রাখব—যাতে দূর থেকে দেখে মনে হয় ওখানেই আমাদের আসল দল কাজ করছে। নন্তুর ভাড়াটে খুনিরা আর জমিদারদের লেঠেলরা ওই আলোর ফাঁদে পা দিয়ে ওদিকেই ছুটবে।

    নবাবের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। দারুণ চাল মামুন ভাই! ওরা যখন ফাঁকা মাঠে খড়ের পুতুলের ওপর গুলি চালাবে, ততক্ষণে পুবের মাঠের অর্ধেক ধান আমাদের গোলায় উঠে যাবে।

    শুধু তাই নয়, মামুন যোগ করল। রবে পাইকেরের বাড়ির চারপাশে আমাদের দশজন বাছাই করা ছেলে ঘাপটি মেরে বসে থাকবে। কলকাতার বাবুরা যদি দোতলা থেকে নেমে ওই পুতুলের মাঠের দিকে পা বাড়ায়, তবে ফেরার পথে ওদের আর রবের বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। ওদের অস্ত্র কেড়ে নিয়ে সোজা থানার সামনে বেঁধে রেখে আসব—দেখি রামবাটির চক্রবর্তী কত বড় নেতা!

    ঠিক সেই সময় পেছনের দরজা দিয়ে নিঃশব্দে ঢুকল লালু সরেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে হাঁপাতে হাঁপাতে বলল, মামুন ভাই, কেরামতের কথা একদম সত্যি। রবের দোতলার দক্ষিণের ঘরটায় পর্দা টানা, কিন্তু ফাঁক দিয়ে দেখলাম দুজন অচেনা লোক বসে সিগারেট টানছে। নিচে রবে পাইকের নিজে অস্থির হয়ে পায়চারি করছে, আর বাগানের কোণে নন্তুকেও দেখলাম। আর এসেছে সাঁইদের ছোট কত্তা।

    ঘরের ভেতরের বাতাস যেন মুহূর্তেই বারুদের মতো ভারি হয়ে উঠল। সবার সন্দেহ দূর হয়ে গেছে। কেরামত নিজের জীবন বাজি রেখে যে খবরটা দিয়ে গেছে, তা আজ বহু মানুষের প্রাণ বাঁচিয়ে দিল।

    মামুন উঠে দাঁড়াল। কোমরের গামছাটা শক্ত করে বেঁধে নিয়ে সবার দিকে তাকাল। সময় হয়ে গেছে। আবেদ আর কেরামত বাজার থেকে ফিরলে ওদের বলবে, আজকের মিটিং বাতিল, ধান কাটা হবে অমাবস্যার রাতে। কেরামত যেন রবে পাইকেরকে গিয়ে সেই খবরটাই দেয়। রবে ভাবুক আমরা ভয় পেয়ে পিছিয়ে গেছি।

    ওদিকে হারান আর ফরিদ মিলে ঘর থেকে আনা মুড়ি মেখে ফেলেছে ঘি আর চিনি দিয়ে। ঘরের কোনে জমা থাকা খবরের কাগজের ওপর ঢালতেই হুকুম এল, মামুনের, দু ভাগ করে গামছায় বেঁধে নাও। তাড়াতাড়ি পৌঁছতে হবে মাঠে। লালু ততক্ষণে খবর পাঠিয়ে দিয়েছে তীর ধনুক নিয়ে তাদের দল অপেক্ষা করছে।

    মামুন দলবল নিয়ে বের হয়ে ফিরে এল, শওকত চাচাকে কিছু বলতে।

    চাচা, চিন্তা করবেন না। কিছু হবে না। কাল ভোরে দেখা হবে। দাদিকে যেন কিছু বলবেন না।

    শওকত আলি গণনাট্য সংঘের 'নবান্ন' নাটক দেখেছেন। এই প্রথম প্রত্যক্ষ করলেন। তারপর ভাবলেন, বাপের রক্ত পেয়েছে। ইংরেজ সরকারের চাকরি করে ইংরেজদের বিরুদ্ধেই গোপন লড়াইয়ে জড়িয়ে পড়েছিল বাপ। বন্ধুর অফিসের বড় সাহেব না থাকলে যে কী হতো!

    ******

    ১৯


    কলকাতা থেকে গুণ্ডা আনার পরিকল্পনার কথা বাকি জমিদাররা জানতেন না। দাঁয়েদের নায়েব কমল শেঠ এই কাণ্ডের হোতা। সেই তার ছেলেকে কলকাতায় পাঠিয়েছে চিঠি লিখে। জমিদারদের ধান রক্ষার চেয়েও তার কাছে লাগেছে, মামুনের অপমান। সাগরের কাছ থেকে একদিন সে ভাগ্যান্বেষণে এসেছিল এই উর্বর ফসলের দেশে। বেঁটেখাটো মানুষ। গাট্টাগোট্টা চেহারা। মাথায় সবসময় শয়তানি কিলবিল করে। সবাই জানে তার পদবী শেঠ। মামুনের বিচিত্র যোগাযোগ। সে একবার যাত্রা করতে গিয়েছিল চব্বিশ পরগণার সাগরে। সেখানে দর্শকের ভিড়ে সে দেখে কমল শেঠের মত দেখতে। যাত্রায় তার পার্ট শেষ হলে সে লোকটার তল্লাশে থাকে। আলাপ করে। জানে তার নাম বিমল শিট। তার যমজ ভাই আছে কমল। বর্ধমানে নদীর ধারে কোথাও থাকে। নায়েবগিরি করে ভালো পয়সা করেছে। আরো খোঁজ নিয়ে জানাল, ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়েছে। তার জন্য তার নিরীহ ভাই বিমলকে অনেক ভুগতে হয়েছে। কমলের ষষ্ঠেন্দ্রিয় বলছিল, মামুন তার সম্পর্কে অনেক কিছু জানে। তাকে সবাই উঁচু জাতের লোক বলে জানে। হঠাৎ চাঁড়াল কথাটা না হলে তুলল কেন? মামুনকে সরিয়ে দেওয়ার কথাটা তখনই তার মাথায় খেলে।

    মাথায় রাগ দপদপ করছিল। ফেরার পথেই বাজারে দেখে ছেলে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, তাকে ৫০ টা টাকা দিয়ে বলে, কলকাতায় যা। গিয়ে নন্তুকে খুঁজে বের করে এই চিঠি দিয়ে বলবি, যেন আজকেই চলে আসে। নন্তুর বাবারা এই সব প্ল্যানে রাজি হবে না। জানে কমল। তাই নন্তুকেই ধরা। সে দেখেছে, নন্তুর মাথা গরম। সে মনে করে তাদের বাবা কাকারা নরম ব্যবহার করার ফলেই লাই পেয়ে গেছে ছোটলোকরা। আর তাদের দিয়ে বিপ্লব মারাচ্ছে কমিউনিস্টরা। ওদের এক্কেবারে টাইট দিয়ে দিতে হবে।

    কমলের ভাবনাটা মনে ধরেছিল। বাবুদের রাজি করাতে পারছিল না। নন্তু খবর পেয়েই মটর সাইকেলে করে দুজনকে নিয়ে হাজির। নন্তুর বাবার মত নেই এই কাজে, নন্তু শোনেনি। সে কড়া হাতে দমন করার পক্ষপাতী। মামুনের আজকাল জনপ্রিয়তা বাড়ছে। ওকে মারলে বাকিদের শিক্ষা হয়ে যাবে--এই তার স্থির বিশ্বাস।

    কমলের ছেলে ফেরেনি। সে থেকে গেছে নন্তুর হোস্টেলে। ৫০ টাকা পেয়েছে। সিনেমা থিয়েটার দেখে টাকা ফুটিয়ে ফিরবে। চিঠিতে কী লেখা আছে ছেলে জানে না। ছেলে মামুনের অভিনয় আর ফুটবল খেলার ভক্ত। সে জানলে এই চিঠি নিয়ে যেতই না।

    কমল জানে, এই কাজে খুব ঝুঁকি। বিপদ অনেক। কিন্তু তার চণ্ডাল রাগ জেগেছে। সংসার না করলে সে নিজেই দায়িত্ব নিয়ে সরিয়ে দিত মামুনকে। এই কাজ ডাকাতির সময় অনেক করেছে। সে সরাসরি খুনোখুনিতে জড়ালে দাঁ-বাবুরা অসন্তুষ্ট হবেন। তাদের ঘরেও ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ছে। বাবুর বড় ছেলেই তো কলকাতায় লেখাপড়া করে কমিউনিস্ট হয়েছে। বাবাকে বলে, সরকারি খাস জমি ছেড়ে দেওয়াই উচিত। তোমাদের প্রিয় নেহেরুজিই ত এই আইন এনেছেন। এই নিয়ে বাপ ছেলের মন কষাকষি। ছেলে এ-বছর পুজোয় আসেনি। ১৯৫৯-এ খাদ্য আন্দোলনের সময় মিছিলে গিয়ে পুলিশের লাঠি খেয়েছিল। তারপর সাত বছর পার। ছেলে পাশ করে হাইকোর্টের উকিল হয়েছে। বিনে পয়সায় গরিবের মামলা লড়ে। এর আগে যতবার এসেছে মামুনকে খবর দিয়ে ডেকে পাঠিয়ে আড্ডা মেরেছে দিনভর। দাবার নেশা খুব ভয়ঙ্কর। এখানে এলেই দাবা খেলার জন্য মামুনের ডাক পড়ে। দাঁয়েদের বড় কত্তাও মামুনকে ভালো চোখেই দেখেন। অজ মামুন না হয়ে অন্য কেউ চাষের জমি থেকে লেঠেল ফেরৎ পাঠালে অন্য খবর ছিল।

    এত পাকেচক্রেই নন্তুর শরণ নেওয়া কমল শেঠের। নন্তুর বাবার ওপর একটা পুরানো রাগ আছে কমলের, আজ তারও শোধ নেবে। ফাঁসলে ফাঁসবে নন্তু। ছেলেকে সে বলেছে, নন্তুর চিঠি পড়া হলেই সে যেন ওটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। তার নিজেরও পড়ার দরকার নেই।

    কমলের ছেলে শ্যামল তা করেনি। চিঠি ফেরৎ নিয়ে সে ছেঁড়েনি। পড়েছে। পড়েই সে ট্রেন ধরে বাপকে লুকিয়ে হাজির হয়েছে কংগ্রেসের তরুণ নেতা পলাশনের হিতেন পানের বাড়ি।

    হিতেন পানের সারের দোকানের সামনের ঘরে দাবার আসর বসে। আড্ডা হয়। মামুনও সেখানে যায়। হিতেন পান গান্ধীবাদী মানুষ। আদর্শবাদী। বিএ পাশ করেছেন। চাকরি না করে পার্টি করেন। শ্যামলের আশা, হিতেনবাবুই এই খুনোখুনি ঠেকাতে পারবেন।

    হিতেনবাবু বাড়ি ছিলেন না। দূরে বিনোবা ভাবের ভূদান যজ্ঞের প্রচারে পাষণ্ডা, বড়বৈনান এলাকায় গিয়েছিলেন। বিনোবা ভাবে মহাত্মা গান্ধীর সাক্ষাৎ শিষ্য। ভূদান যজ্ঞ ওরফে ভূমি-উপহার আন্দোলন হলো মহাত্মা গান্ধীর শিষ্য ও সমাজ সংস্কারক বিনোবা ভাবে-এর সূচনা করা একটি অহিংস ভূমি সংস্কার আন্দোলন। এর মূল লক্ষ্য ছিল ভূমিহীন মানুষের কাছে জমি পৌঁছে দেওয়া এবং একটি শোষণহীন, স্বাবলম্বী সমাজ গড়ে তোলা। বিনোবা ভাবে দাতব্য হিসেবে নয়, বরং ভূমিহীনদের প্রাপ্য অধিকার হিসেবে জমি চেয়েছিলেন। তাঁর বক্তব্য, বাতাস, জল বা সূর্যের আলোর মতো জমির ওপর কারও একক বা ব্যক্তিগত মালিকানা থাকা উচিত নয়; জমির প্রকৃত মালিক সমাজ। তাই যাদের বেশি জমি আছে, তাদের মোট জমির এক-ষষ্ঠাংশ ভূমিহীনদের জন্য দান করার আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি ক্ষুদ্র কৃষকদেরও এই যজ্ঞে অংশ নিতে উৎসাহিত করা হয়েছিল।

    ১৮ এপ্রিল ১৯৫১ সালে তেলেঙ্গানার পোচম্পল্লিতে দরিদ্র পরিবারের জন্য ১০০ একর জমি দানের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়।

    বিনোবা ভাবে পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে গিয়ে জমি সংগ্রহ করতেন। ১৯৫১ থেকে ১৯৬৬ সালের মধ্যে এই আন্দোলনের মাধ্যমে ৪০ লাখ একরেরও বেশি জমি সংগ্রহ ও বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছিল। হিতেন পানের লক্ষ্য বিনোবা ভাবেকে এই ছেষট্টি সালেই এলাকায় এনে ভূমিহীন চাষীদের জমি দিতে জমিদারদের রাজি করানো। তাতে গরিবদেরও লাভ। আবার কমিউনিস্টদেরও ঠেকানো যাবে।

    হিতেনবাবুর ফিরতে ফিরতে রাত আটটা হয়ে গেছে।

    শ্যামল বসেই ছিল, নড়েনি। ফিরতেই মুখে ঘটনাটা বলে। বাবার কথাটা একটু আড়াল করল। যতই হোক বাবা তো! জানায়, সন্তু গুণ্ডা এনেছে মামুনকে মারবে বলে। তিনিই পারেন ঠেকাতে থানা পুলিশের সাহায্য ছাড়াই।

    হিতেনবাবু শুনেই ছুঁটলেন সাঁইবাড়ি। সাঁইবাড়ির ছোটকত্তাকে তিনি এই কাজে সঙ্গে পাবেন এই আশা। কিন্তু এসে শুনলেন ছোট সাঁই বের হয়ে গেছেন বাইরে যাওয়ার পোশাক পরে। নন্তুর বাবা এসে তাঁকে ডেকে নিয়ে গেছেন।


    ক্রমশঃ
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ধারাবাহিক | ২৪ নভেম্বর ২০২৬ | ৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন।