এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  গপ্পো

  • প্রফেসর জিষ্ণু আর মিসেস হাইড

    Nirmalya Nag লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ১৫ নভেম্বর ২০২৬ | ৫৩৪ বার পঠিত

  • ।। এক। ।
    “আজ কী মাছ আছে ভোম্বলের মা?”
    ভোম্বলের মা বলে কল্যানীর ১৪ নম্বর বাজারে কোন দোকানী নেই। মাছওয়ালীর নাম আসলে ভোলার মা। বার বার বলে বলেও খদ্দেরটির ভুল সংশোধন করা যায়নি। অগত্যা হাল ছেড়ে
    দিয়েছেন ভোলার মা। মাছ পছন্দ করার সময়ে মোবাইল বেজে উঠল খদ্দেরটির, শুরু হল কথা। অভিজ্ঞতা থেকে ভোলার মা জানেন এ ফোন চলতেই থাকবে। তাই তিনি নিজেই একটা কেজি
    খানেকের কাতলা মাছ বেছে, ওজন করে কাটলেন। কাটা মাছ ব্যাগে পুরে বাড়িয়ে ধরলেন খদ্দেরের দিকে। তিনি তখনো কথায় মগ্ন।
    ভোলার মা আর তার খদ্দেরের পরের কথাগুলো এই রকম শোনালোঃ “ব্ল্যাকবার্ন-এর লেখাটা পড়েছ?”... “মাছটা নিন”... “নেচারে, আবার কোথায়?”... “ব্যাগে ভরে দিয়েছি”... “অমন জিনিস তো পয়সা দিয়েও পাবে না” ... “২১২ টাকা হয়েছে”... “কোথায় আবার, লাইব্রেরিতে আছে".. “কী হল বাবু? ব্যাগটা নিন”...
    যাকে বলা হল তিনি অবশ্য এবারেও শুনতে পেলেন বলে মনে হল না। ভোলার মা হতাশ হয়ে পাশে ব্যাগ নামিয়ে রাখলেন।

    এই খদ্দেরের এমন ব্যবহারে অবশ্য ভোলার মা অভ্যস্ত। কখনও তিনি মাছ কিনে পয়সা না দিয়ে চলে যান, কখনও পয়সা দিয়ে মাছ না নিয়েই বাজার ছাড়েন। নেহাত সকালের ব্যস্ত ভিড়ের সময়ে ইনি সচরাচর আসেন না, তাই রক্ষে। শুধু ভোলার মা নয়, ১৪ নম্বর বাজারের অনেক দোকানদারই এঁর মুখ চেনে; আড়ালে তাকে 'ছিটেল' বলে। এঁর উচ্চতা কম, বেঁটেই বলা যায়, ছিপছিপে চেহারা, গায়ের রং ময়লা, চোখে চশমা, মাথায় ঘন কালো চুল সব সময়েই এলোমেলো, আবার দাড়িগোঁফ সব সময়েই পরিস্কার করে কামানো, বয়স ৪৫-৪৬ মতো। কল্যানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিকস, যা এন.আই.বি.এম.জি. নামে বেশি পরিচিত, তার হিউমান জেনেটিকস-এর প্রফেসর জিষ্ণু ঘোষের নাম তারা জানে না।

    তা নাম নাই জানুক, ভদ্রলোকের কথা বার্তার মধ্যে এমন কিছু শোনা গেল, যে ভোলার মাকে কান খাড়া করতেই হল।
    “ধর্মাবতার!! তার মানে?” ... “ও, দশাবতার। তার সঙ্গে আমাদের কী সম্পর্ক?” ... “বেশ তো, বিষ্ণু না হয় মৎস্য, কুর্ম, বরাহ এসব হলেন। তাতে কী হল?”... “হুমমম, ইন্টারেস্টিং।"...
    নতুন খদ্দের এসে যাওয়ায় বাকি কথাগুলো শোনা হল না ভোলার মায়ের। ফলে জিষ্ণু ঘোষ কখন যে মাছ না নিয়ে, পয়সা না দিয়ে কথা বলতে বলতে চলে গেলেন সেটা আর খেয়াল হয়নি।
    বাজারের ফাইফরমাস খাটা একটা ছোকরাকে মাছের ব্যাগ দিয়ে বাবুর খোঁজে পাঠালেন তিনি। কোন দিক দিয়ে ইনি ফেরেন সেটা ভাগ্যিস জানা আছে। যে লোক আর কারোর থেকে মাছ কেনে না তার জন্য এটুকু করতেই হয়।

    প্রফেসর ঘোষ ফোনে কথা বলছিলেন তাঁর প্রিয় পি.এইচ.ডি ছাত্র শুভব্রতর সঙ্গে। তাদের সঙ্গে বন্ধুর মত মেশেন, তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেন বলে ছাত্রমহলে তিনি বেশ জনপ্রিয়। এই যেমন এখন তাঁর বাড়ির ড্রইং রুমে বসে শুভব্রতর সঙ্গে চা খেতে খেতে কথা বলছেন তিনি।
    কিছুক্ষণ আগের ফোনালাপের জের টেনে শুভব্রত বলে, “একজন লোক– না হয় তিনি ভগবানই হলেন– কী করে ফর্ম চেঞ্জ করে? কখনও মাছ, কখনও কচ্ছপ, কখনও বা অন্য কিছু?"
    জিষ্ণু জানান, “তোমার কী মনে হয় বল। বাজারের মধ্যে তখন ঠিক শুনতে পাইনি।”
    “জিনের স্ট্রাকচার চেঞ্জ করে। দেখুন স্যার, সুপারফিসিয়ালি আমরা ব্যাপারটা মিথোলজি বলে ভেবে নিতে পারি। বাট ইফ উই টেক ইট সাইন্টিফিক্যালি, তবে দেখব পুরোটাই জিন বদলের খেলা।
    আমরা জানি হিউমান জেনোমে ২০ থেকে ২৫ হাজার জিন আছে। জেনোম সাইজ মোর অর লেস ৩.২ জিবি।”
    "বেশ।”
    “পাফার ফিশ-এর ক্ষেত্রে এটা হল মাত্র ৩৯০ এমবি। শুধু জেনোম সাইজেই বিশাল পার্থক্য। প্লাস অন্যান্য শ-খানেক অরগ্যানের জেনেটিক ডিফারেন্স তো আছেই। এগুলো সব চেঞ্জ করা..."
    “কিন্তু বিষ্ণু তো আফটার অল ভগবান; তাঁর ক্রোমোজোম টোমোজোম… আচ্ছা, বিষ্ণু তো এক বার মহিলাও হয়েছিলেন না?”
    “হ্যাঁ স্যার, তিলোত্তমা… না না, মোহিনী।” শুভব্রত তার মিথোলজির জ্ঞান প্রকাশ করতে পেরে উচ্ছসিত হয়ে ওঠে।
    ছাত্রের উঁচু গলায় শঙ্কিত হয়ে ওঠেন জিষ্ণু। ভেতরের ঘরের দিকে একবার আড়চোখে তাকিয়ে হাতের ইসারায় ছাত্রকে গলা নামাতে বলেন। শুভব্রত একটু অবাক হয়, তবে কিছু বলে না।
    “সেটাও তো ক্রোমোজোমের অলটারেশন, নাকি? তোমার থিওরি অনুযায়ী?” জিজ্ঞেস করেন জিষ্ণু।
    “একদম। আমাদের মিথোলজিতে এমন প্লেনটি অফ এগজামপল পাওয়া যাবে।” গলা নামায় শুভব্রত।
    ঘরে ঢোকেন জিষ্ণুপত্নী কৃষ্ণকলি। সোফায় বসতে বসতে প্রশ্ন করেন, “মোহিনী কে? তোমাদের সঙ্গে রিসার্চ করে?"

    প্রশ্নটা খুব সরলভাবে করা হলেও জিষ্ণু জানেন কৃষ্ণকলি বেশ সন্দেহবাতিক। যে মুহুর্তে এক জন মহিলার নাম শোনা গেল, তিনি এসে হাজির। ঠিক এই আশঙ্কাই করছিলেন জিষ্ণু।
    নাম কৃষ্ণকলি হলেও শুভব্রতর গুরুপত্নী বেশ ফরসা। টিভি সিরিয়ালের চরিত্রদের মত তিনি সব সময়েই ফিটফাট থাকেন। তাঁকে শুভব্রত জানায় মোহিনী হলেন বিষ্ণুর এক রূপ। জিষ্ণু তাকে বলেন আর একটু বিস্তারিত ভাবে ব্যাপারটা বোঝাতে।
    শুভব্রত বোঝায়, “ম্যাম, সমুদ্র মন্থনের কেসটা তো জানেন। অসুর আর দেবতারা মিলে সমুদ্র মন্থন করলেন। ঐরাবত-টৈরাবতের পর সব শেষে উঠল অমৃত। এই অমৃত কে পাবে তাই নিয়ে ট্রিমেন্ডাস ক্যাচাল। যুদ্ধ ফুদ্ধ হল। শেষে বিষ্ণু সাজলেন দারুণ গর্জাস এক মহিলা, নাম মোহিনী। তার গ্ল্যামারে অসুররা আউট। অমৃতর ক্যাচও ফসকে গেল।”
    ছাত্র মুচকি হাসল, ভাল ক্যাচ ধরে ফিল্ডার যেমন হাসে। ম্যামের মুখ দেখে মনে হল তিনিও একটা ক্যাচ ধরবেন বলে আশা করেছিলেন, কিন্তু ফসকে গেল। জিজ্ঞেস করলেন এই সব মোহিনী
    টোহিনীর সঙ্গে তাদের রিসার্চের কোন সম্পর্ক আছে কি না। শুভব্রত জানাল, তার ধারণা দেবতারা ক্রোমোজোমের পরিবর্তন করতে জানতেন। তাই বিষ্ণু পুরুষ থেকে মহিলা হয়ে যেতে পেরেছিলেন।
    “পুরুষ থেকে মহিলা হওয়াটা আর এমন কি ব্যাপার? কাগজ খুললেই তো দেখা যাচ্ছে এমন কান্ড হচ্ছে,” কৃষ্ণকলি তেমন পাত্তা দিলেন না।
    “ব্যাপারটা ঠিক এক নয়,” ছাত্রর হয়ে ব্যাট ধরলেন অধ্যাপক। “কাগজে তুমি যে জেন্ডার চেঞ্জ-এর ব্যাপারগুলো দেখ সেগুলো লং ড্রন মেডিক্যাল প্রসেস। হাজার টেস্ট, হাজার অপারেশন। অনেক সময় লাগে। আর তার জন্য এক্স, ওয়াই ক্রোমোজোমের কোনও চেঞ্জ হয় না। আর ও যেটা বলছে সেটা একটা ইন্সট্যান্ট ব্যাপার।”
    স্যারের সাপোর্ট পেয়ে ফের উৎসাহিত হল ছাত্র। “শুধু তাই নয় ম্যাম। দেখুন, বিষ্ণু তো টল ডার্ক হ্যান্ডসাম। একটা অবতারে তিনি বামন হয়ে গেলেন। সেক্স চেঞ্জ হল না অবশ্য, তবে ডোয়ার্ফ
    হওয়াটাই বা কম কি?”
    কৃষ্ণকলি জিজ্ঞাসা করলেন মিথোলজির বাইরে এমন বদলের কোনও দৃষ্টান্ত আছে কিনা। শুভব্রত জানাল 'হাল্ক' নামের হলিউড ফিল্মের কথা, বলল এই গল্পেও জিনের একটা ভূমিকা আছে। আর জিষ্ণু উল্লেখ করলেন তাঁর অন্যতম প্রিয় বই – 'ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড'। যদিও এতে জিনগত কোনও পরীক্ষা হয়নি, তবুও বই-এর নামটা উচ্চারণ করেই একটা উত্তেজনা জাগল তাঁর ভেতর।
    “সবই ফিকশন,” সোফা ছেড়ে উঠে পড়লেন কৃষ্ণকলি। তিনি ইংরাজি সাহিত্যের ছাত্রী ছিলেন। বিজ্ঞানের কচকচি তাঁর বেশিক্ষণ পোষায় না।

    অধ্যাপক জিষ্ণুর দিন এভাবেই কাটে। সকালে মর্নিং ওয়াক, তারপর ল্যাব; সেখানে থাকতেই বেশি ভাল লাগে তাঁর; বাড়িতে থাকলে সন্ধ্যায় ইভনিং ওয়াক। গবেষণার বিষয়ে অনেক ভাবনাচিন্তা এই সব ওয়াকেই করেন তিনি। 'ওয়াক দ্য টক'-এর আদলে শুভব্রত এটার নাম দিয়েছে, 'ওয়াক দ্য থট'। কৃষ্ণকলির হাঁটতে ভাল লাগে না। সঙ্গে কেউ থাকলে জিষ্ণুর ভাবনাচিন্তাতেও অসুবিধে হয়। কৃষ্ণকলি সময় কাটান রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করে। সে সব রান্না খেতে হয় জিষ্ণুকে; মাঝে মধ্যে ভালই লাগে। ফিউশন ফুড নিয়ে একটা ইউটিউবে ভ্লগও চালান কৃষ্ণকলি; 'জিঞ্জার অ্যান্ড গ্রিন ব্যানানা'। ভ্লগের ফলোয়ারের সংখ্যা বেশ ভাল। বাচ্চা কাচ্চা তাঁদের নেই।
    ।। দুই। ।

    কয়েক মাস কেটে গেছে। কৃষ্ণকলি ভাবছিলেন মেয়োনিজ দিয়ে পারশে মাছের একটা প্রিপারেশনের কথা। জিষ্ণুকে বলেছিলেন বাজার থেকে মেয়োনিজ আনতে। অধ্যাপক স্বামী যত্ন করে নিয়ে এসেছিলেন মেহেন্দি। এতটা অমনোযোগী আগে ছিলেন না ভদ্রলোক। এই বয়সে পুরুষ মানুষের অন্যদিকে নজর একটু বেশিই যায়, এনারও তাই হয়েছে কিনা কে জানে। সুতরাং কিঞ্চিত টক ঝাল কথা শোনাতে বাধ্য হয়েছিলেন কৃষ্ণকলি। চুপ করে কিছুক্ষণ শোনার পর বাড়ি থেকে বেরিয়ে পাশের ঈশ্বর গুপ্ত উদ্যানে চলে গেলেন জিষ্ণু। এখানেই সাধারণতঃ তিনি তাঁর 'ওয়াক দ্য থট' সারেন।

    সন্ধ্যা গড়িয়ে তখন রাত হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের শেষ, ঠান্ডা তেমন নেই, গরমও পরেনি। পার্কে আর কেউ নেই। জিষ্ণু পায়চারি করছেন, দু-একবার বেঞ্চে বসছেন। মেহেন্দি, না মেয়োনিজ, না কি অন্য কিছু ভাবছেন সেটা বোঝা যাচ্ছে না। ওদিকে দোতলার ঘরে রয়েছেন কৃষ্ণকলি; তিনি দুটো কাজ একসঙ্গে করছেন। এক দিকে ভাবছেন মেয়োনিজের সঙ্গে মেথি না কালোজিরে কোনটা ভাল যাবে। আর সেই সঙ্গে খেয়াল অথবা নজর রাখছেন জিষ্ণুর দিকে। পার্কের হালকা আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে তাঁকে। পাশের বাড়িতে টিভিতে খবর হচ্ছে। এদের বাড়ি সারাদিন ধরে নানা চ্যানেলের নিউজ চলে। ক'দিন ধরে একটা মুখরোচক খবর চলছে। শিলিগুড়ির এক কলেজ শিক্ষক নাকি বৌকে খুন করে ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে। তাই নিয়ে নানা আলোচনা।

    হঠাৎ ভ্রূ কুঁচকে গেল কৃষ্ণকলির। একজন মহিলা হেঁটে গেলেন না? জিষ্ণু কই? একটু আগেই তো এদিক থেকে ওদিকে গেলেন। সব কটা আলো কেন যে জ্বলে না পার্কের? কাউন্সিলরটা একটা
    অপদার্থ। জানলার কাছে গিয়ে ভাল করে দেখার চেষ্টা করলেন। ডানদিকটা গাছে আড়াল হয়ে যাচ্ছে। বাঁদিকে আবার আবার আলো নেই। জানলার ঠিক বাইরে অবশ্য একটা আলো আছে, বেঞ্চও আছে। জিষ্ণু এই বেঞ্চটায় বসেন না কেন? ডান দিক থেকে কেউ আসছে; সেই মহিলা। মুখটা খুব চেনা লাগলো কৃষ্ণকলির। বয়েজ কাট চুল, একটু মোটার দিকে, সালোয়ার কামিজ পড়া, বয়স বোঝা যাচ্ছে না, আর... একটু যেন হাঁফাচ্ছেন। জানলার দিকে তাকালেন মহিলা, চট করে সরে গেলেন কৃষ্ণকলি। তার পরেই রেগে গেলেন নিজের ওপর। সরলেন কি করতে? আবার জানলায় ফিরলেন। নাহ, মহিলাকে দেখা গেল না। কিন্তু জিষ্ণু গেলেন কোথায়? মোবাইলে ফোন করলেন, ফোন বেজে উঠল ঘরে। মানে মোবাইল নিয়ে যায়নি। ফোন নিতে ভুলে যাওয়াটা ঘটে প্রায়ই, তবে ইচ্ছাকৃতও হতে পারে। প্রায় আধ ঘণ্টা সেখানেই দাঁড়িয়ে রইলেন তিনি। নাহ, না দেখা গেল মহিলাকে, না জিষ্ণুকে। ব্যাপারটা কী? হয়তো মহিলার হাঁটা হয়ে গেছে, তিনি ফিরে গেছেন। তাহলে লোকটা কই? নাকি দুজনে এক সঙ্গে...। কিন্তু এক মিনিট, একটা খটকা লাগছে কৃষ্ণকলির। কিছু একটা ঠিক নেই... কিন্তু সেটা যে কী সেটাও বুঝতে পারছেন না; বিরক্তির চূড়ান্ত। সব মিলিয়ে মাথার মধ্যে একটা বোমার সলতেয় আগুন লেগেছে টের পেলেন কৃষ্ণকলি।

    বেল বাজল; ঘরে এলেন জিষ্ণু। সলতের আগুন শেষ হয়ে এসেছে, বোমাটা এইবার ফাটবে, এমন সময়ে জিষ্ণু ঝোলা থেকে বার করে এগিয়ে ধরলেন মেয়োনিজের শিশি। এটা আশা করেননি
    কৃষ্ণকলি। সলতের আগুনটা ভিজে বারুদে নেতিয়ে গেল।
    “কোথায় ছিলে?” বোমা না ফাটুক, একটু ফুলকি তো ছড়াতেই হয়।
    “এই তো হাঁটলাম, তারপর মেয়োনিজ আনতে গেলাম। দোকানে যা ভিড়। একটু জল খাওয়াও তো।” সোফায় বসেন জিষ্ণু।
    “একা একাই হাঁটলে?” জলের বোতল এনে দেন কৃষ্ণকলি।
    "আর কে হাঁটবে?”
    “বলছি আর কেউ ছিল পার্কে?”
    জল খাওয়া শেষ করে, হাতের উলটো পিঠ দিয়ে মুখ মোছেন অধ্যাপক। মন দিয়ে বোতলের ছিপি আটকাতে আটকাতে বলেন, “এই সময়ে আর কে থাকবে?... না না, পরে এক জন মহিলা
    এসেছিলেন। আমি তখন বেরিয়ে যাচ্ছি।”
    হাত বাড়িয়ে স্বামীর হাত থেকে জলের বোতল ফেরত নেন স্ত্রী। তাঁর নজর পড়ে জিষ্ণুর পোশাকের দিকে। সাধারণ শার্ট আর প্যান্ট। একটু আগের খটকাটা ফিরে আসে। “তুমি কি এটা পরেই
    বেরিয়েছিলে?"
    “মানে?” অবাক হন জিষ্ণু।
    কৃষ্ণকলি বলেন “না, কিছু না”, যদিও খটকাটা পুরোপুরি গেল না। তাঁর মনে হচ্ছে জিষ্ণু পাঞ্জাবি আর পাজামা পরে বেরিয়েছিলেন। ব্যাপারটা কী?

    ব্যাপারটা যে ঠিক কী, সেটা তিনি বুঝতে পারতেন পরের দিন ল্যাবে থাকলে। শুভব্রত জিষ্ণুকে দেখেই ছুটতে ছুটতে এল, চোখেমুখে একরাশ জিজ্ঞাসা। হাসিমুখে তিনি একটাই শব্দ উচ্চারণ করলেন, “সাকসেসফুল”।
    “ইয়াআআ...,” মুঠো করা ডান হাত ঝাঁকিয়ে প্রায় চেঁচিয়ে ওঠে শুভব্রত। তার পরেই ব্রেক কষে চুপ করে যায়। জিষ্ণুও ঠোঁটে আঙুল রাখেন। ভাগ্যিস এত সকাল সকাল কেউ আসে না। অন্য একটা রিসার্চের আড়ালে জেকিল-হাইড গবেষণা চলছে তাঁদের। কেউ জানে না। ডিরেক্টর বা অন্য কেউ টের পেলে দুর্গতি আছে কপালে।
    “কিন্তু..." শুভব্রত দেখে স্যারের কপালে ভাঁজ।
    "আবার কিন্তু কেন স্যার? নোবেল ইজ কামিং..."
    “দাঁড়াও দাঁড়াও। ডক্টর জেকিল থেকে মিস্টার হাইড তো হল না..."
    হকচকিয়ে গেল শুভব্রত। “তবে যে বললেন সাকসেসফুল?”
    “মিস্টার হাইড তো হল না, হয়ে গেল মিসেস হাইড… মানে অলমোস্ট তাই।”
    “একটু ডিটেল দিন না স্যার।”
    “দেখ, এক একটা প্রাণীর ক্রোমোজমে এক এক ধরণের ইন্সট্রাকশন-এর সেট থাকে। এই সেটই ঠিক করে দেয় সে কি ধরণের প্রাণী।”
    “সে জানবো না কেন স্যার? ওই ডিটেল বলছি না। হোয়াট ওয়্যার ইয়োর চেঞ্জেস সেইটা বলুন।”
    “ও আচ্ছা। আমি তো ইঞ্জেকশনটা নিয়ে হাঁটা শুরু করলাম। একটা অস্বস্তি হচ্ছিল... অস্বস্তিটা বাড়তে লাগল... ঘাম হচ্ছিল খুব... মিনিট কুড়ি পরে বড্ড টায়ার্ড ফিল করলাম। বসে পড়লাম
    বেঞ্চে। জামা কাপড়ে চাপ পড়ায় বুঝলাম আমি একটু মোটা হয়ে গেছি, আর সেই সঙ্গে দেখলাম… (গলা খাঁকড়ে বললেন) গাইনোকোম্যাস্টিরিয়া।” ছাত্রের মুখ দেখে বুঝলেন এই শব্দটা তার অজানা। “গাইনোকোম্যাস্টিরিয়া হল মেল ব্রেস্ট বড় হয়ে যাওয়া। এই চেঞ্জটা হল আর সেই সঙ্গে মনে হচ্ছিল একটু এফিমিনেট হয়ে গেছি; ওয়াকিং স্টাইলও পালটে গিয়েছিল মনে হচ্ছে। আরও দেখলাম চশমা ছাড়াই ভাল দেখছি।”
    “কিছু মনে করবেন না স্যার, কেমন দেখতে হয়েছিলেন?”
    “তা কেমন করে বলব? আয়না ছিল নাকি পার্কে? আমারও অবশ্য খুব দেখতে ইচ্ছে করছিল।”
    “ওফ, একটা সেলফি তুলেও তো রাখতে পারতেন।”
    “মোবাইল নিয়ে বেরোইনি, বড্ড ডিস্টার্বিং জিনিস। তবে থাকলে ভালই হত মনে হচ্ছে।” হতাশ লাগল জিষ্ণুর।
    “বললাম আমি সঙ্গে থাকি; আপনি শুনলেন না।” অভিমান ভরা গলা শুভব্রতর।
    “আমার কিছু হলে তুমি তো বিপদে পড়তে। ল্যাবে করতে পারলে তো ঝামেলা ছিলা না।”
    “যাকগে, তার পর?”
    “ফের হাঁটা শুরু করলাম। ওজন বেড়ে যাওয়ায় একটু অসুবিধে হচ্ছিল, হাঁফিয়ে গেলাম। তবু হাঁটা চালাচ্ছিলাম... তারপর জানলায় দেখি–”
    “জানলা মানে?”
    “মানে... পার্কের পাশের বাড়িগুলোর জানলা দিয়ে যদি কেউ বদলটা দেখে ফেলে তবে তো মুসকিল। তাই একটু আড়ালে চলে গেলাম।”
    “মোটা হয়ে গেছিলেন, ড্রেস নিয়ে প্রবলেম হয়নি?”
    “ওই ভেবেই ঢোলা পাঞ্জাবি পাজামা পরেছিলাম। যদি দরকার হয়, তাই প্যান্ট শার্টও ঝোলায় ভরে নিয়েছিলাম। বাড়ি ফেরার সময়ে অন্ধকারে চেঞ্জ করে নিলাম। পাঞ্জাবি যদি ছিঁড়ে গিয়ে থাকে।”
    "অ্যন্টিডোটটা?”
    “লাগেনি। বাইশ মিনিট পর নিজে থেকেই ওই একই ফিলিংগুলো ফিরে এল। তেত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড পর আবার পুরো নরম্যাল… মানে আগের মতো হয়ে গেলাম। ভয় হচ্ছিল ফের মিসেস হাইড ফিরে আসবেন কিনা। তা হলে আমাকেও হাইডিং-এ যেতে হত।”
    “দেন দ্য প্রবলেম ইজ..."
    “দ্য প্রবলেম ইজ দ্য সিরাম ইজ ওয়ার্কিং, বাট ইটজ নট আন্ডার মাই কনট্রোল। এক্সপেরিমেন্ট সাকসেসফুল হলেও গোলমাল একটা রয়ে গেছে। সেটা কোথায় দেখতে হবে। লুকিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, গিনিপিগ-টিগের ওপর টেস্ট করা গেল না।…”

    জিষ্ণু আর শুভব্রতর কাজ ফের শুরু হয়। বাকি সব যেমন ছিল গতানুগতিক চলতে থাকে। কেবল অধ্যাপক মশাই তাঁর 'ওয়াক দ্য থট'-এর জায়গাটা ধীরে ধীরে পালটাচ্ছেন। বুঝে গেছেন ঘরের পাশে তাঁর কাজ হবে না। তাই ঈশ্বর গুপ্ত পার্ক থেকে ক্রমশঃ দূরে যাচ্ছেন তিনি। ব্যাপারটা পছন্দ হচ্ছে না কৃষ্ণকলির, ভুজুং ভাজুং দিয়ে ম্যানেজ করছেন জিষ্ণু। ওদিকে ইনস্টিটিউটেও একটা ঝামেলা হয়েছে। তাঁর একাধিক প্রোজেক্ট নিয়ে ফিসফাস চলছে। জিষ্ণুর ধারণা এগুলো ছাত্র মহলে তাঁর পপুলারিটির মাসুল। সাকসেসফুল হলে আশা করা যায় আর এসব ভাবতে হবে না।

    ।। তিন। ।

    আরও কয়েক মাস কেটে গেছে। বর্ষাকাল অফিসিয়ালি শেষ হয়ে গেছে, ভাদ্র মাস চলছে। তবু আকাশ হয় কালো, নয় গোমড়ামুখো। কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, এখন প্যাচপ্যাচে গরম আবার ফিরে এসেছে। সাত সকালে পাশের বাড়ির টিভিতে জোর ভল্যুমে খবর হচ্ছে। পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে, শুধু দাম শুনেই লোকের চোখে জল আসছে, তাই নিয়ে নানা গুণির নানা মত। কৃষ্ণকলি একটা জানলা বন্ধ করে দিলেন। ভল্যুমটা একটু কমল।

    বৃষ্টির জলের বিশেষত্ব নিয়ে জিষ্ণুকে সকাল থেকে জেরা করছিলেন কৃষ্ণকলি। বৃষ্টির জল রান্নায় ব্যবহার করা যায় কি না সে বিষয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা করছেন তিনি। তাঁর যুক্তি হল বৃষ্টির
    জল লাগালে ঘামাচি সারে, তাই অনেকেই এ জল বোতলে ভরে ফ্রিজে রেখে দেয়। সুতরাং এর একটা মেডিসিন্যাল ভ্যালু আছে। আর তা যখন আছে, তখন রান্নায় তাকে ব্যবহার করলে একটা
    ভ্যালু অ্যাডিশন হবে। প্রফেসর পিল্লাই-এর সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন এই আশ্বাস দিয়ে ছাড়া পেয়েছেন জিষ্ণু। আর পেয়েই ছুটেছেন ইনস্টিটিউটের দিকে; ডিরেক্টর আজ দেখা করতে বলেছেন।

    “আপনার নামে কমপ্লেন আছে,” বিনা ভূমিকায় জানালেন ডিরেক্টর।
    অবাক হন না জিষ্ণু। সহকর্মীদের কাছে তিনি প্রিয় নন। “কী কমপ্লেন স্যার?"
    “আপনি কস্টলি ল্যাব মেটেরিয়ালস উইদাউট পারমিশন বাড়ি নিয়ে যাচ্ছেন।”
    আকাশ থেকে পড়লেন জিষ্ণু। “ল্যাব মেটেরিয়ালস বাড়ি নিয়ে যাচ্ছি! আমি! আপনি এটা বিশ্বাস করেন?”
    ডিরেক্টর গম্ভীর হলেন। “করতাম না। কিন্তু এটা এমন একটা মেটেরিয়াল..."
    “কী জিনিস শুনি স্যার?"
    “পেঁয়াজ। আপনার প্রোজেক্টের জন্য বস্তা বস্তা আসছে, আর আপনি নাকি তার থেকে কিছু কিছু রোজই বাড়ি নিয়ে যাচ্ছেন। এখন পেঁয়াজের যা দাম। বুঝতেই পারছেন।”
    “বেশ তো। আপনি সিকিউরিটি ইন-চার্জকে অর্ডার দিন। আমি বাড়ি ফেরার সময়ে তিনি যেন আমায় ফ্রিস্ক করেন।”
    “আপনার এত পেঁয়াজ লাগছে কেন?”
    “প্যান্টোথেনিক অ্যাসিডের জন্য।”
    “সে তো ভিটামিন বি ফাইভ। সাপ্লায়ার দিচ্ছে না?” জিজ্ঞেস করেন ডিরেক্টর।
    “কোয়ালিটি ভাল হচ্ছে না স্যার। পেঁয়াজ থেকে, মানে যে বাসোয়ান্ত-৭৮০ ভ্যারাইটির পেঁয়াজ আমরা ইউজ করছি, সেটা থেকে ভাল রেজাল্ট পাচ্ছি।”
    ডিরেক্টর একটু ভাবলেন। “ঠিক আছে। আপনি কাজ চালিয়ে যান, আমি কোন স্টেপ নিচ্ছি না। তবে কোন স্টাফ বা স্টুডেন্ট পেঁয়াজ নিয়ে যাচ্ছে কি না সেটা খেয়াল রাখুন। স্টক মেনটেনটা ঠিক মত করুন। আর হ্যাঁ, নতুন করে পেঁয়াজের অর্ডার দেবেন না। সাপ্লায়ার যা দিচ্ছে তা দিয়েই কাজ চালান।”

    জিষ্ণু চলে এলেন। বস্তা ভরা পেঁয়াজের স্টক মেপে রাখার মত হাই ক্যাপাসিটি স্কেল ল্যাবে নেই। স্টাফ বা স্টুডেন্ট পেঁয়াজ নিয়ে যাচ্ছে কি না তা নিয়ে গোয়েন্দাগিরি করাও তাঁর পক্ষে সম্ভব নয়।
    তবে এ সব কথা ডিরেক্টরকে বলার কোন মানে হয় না। তার চেয়ে নিজের কাজ করা যাক। পেঁয়াজের স্টক শেষ হওয়ার আগেই কাজ শেষ করার চেষ্টা করতে হবে। আর কিছু করার নেই।

    আরও কিছু দিন কেটে গেল। আজ নতুন সিরাম টেস্ট করা হবে। শুভব্রত আর জিষ্ণু সব খুঁটিয়ে দেখলেন। কোন গোলমাল নেই। বিকেল বিকেল দু-জনে বেরিয়ে পড়লেন। কিছু দূর যাওয়ার পর রাস্তা আলাদা হয়ে গেল। শুভব্রত ফের তার স্যারকে বলল সে আজ সঙ্গে থাকবে। জিষ্ণু যথারীতি তার কথা খারিজ করে দিলেন। শুভব্রত 'বেস্ট অফ লাক' জানাল, তারপর দাঁড়িয়ে থাকল। সে ঠিকই করে রেখেছে আজ স্যারকে ফলো করবে। টেস্টের রেজাল্ট কী হয় তা স্বচক্ষে দেখতে হবে।

    ওদিকে অধ্যাপক চলেছেন বাড়ির পথে। এক কাপ চা খেয়ে, এক সেট পোশাক আর অ্যান্টিডোট ঝোলায় নিয়ে ফের বেরোবেন। তবে এবার আর ঈশ্বর গুপ্ত বা অন্য কোন উদ্যান নয়। তিনি চলে যাবেন কল্যানী সীমান্ত স্টেশনের দিকে। আগে এক দিন ঘুরে এসেছেন জায়গাটা। ওদিকে লোকবসতি কম, একটা জঙ্গল মত আছে। দূরত্বটা ভালই, তবে হাঁটতে ভালবাসেন জিষ্ণু; তাঁর কোনও অসুবিধে হবে না।

    ঘন্টা দেড়েক পরের কথা। সন্ধ্যা হব হব করছে। হাঁটছেন জিষ্ণু। পরণে আগের দিনের মতই ঢোলা পাঞ্জাবি আর পাজামা। সিরামটা ইঞ্জেক্ট করেছেন ৩৫ মিনিট আগে। সেটার এফেক্ট শুরু হতে এক ঘন্টা মত লাগার কথা। ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে। জিষ্ণুও তাঁর পছন্দের জায়গায় পৌঁছে যাবেন।

    এখন আশে পাশে পর পর কতকগুলো ছোট ছোট বাড়ি। খড় বা টালির ছাদ, মাটি কিম্বা বাঁশের বাতার দেওয়াল। তারই মধ্যে দু-একটা বাড়ি বেড়া দিয়ে ঘেরা, ভেতরে গাছ টাছ আছে। বাচ্চারা খেলা করছে। গরু, ছাগল দেখা যাচ্ছে। বেশ একটা গ্রাম গ্রাম গন্ধ আছে জায়গাটার। মন্দ লাগছে না গবেষক মশাই-এর। অন্ধকার আরো একটু গাঢ় হয়েছে। পায়ে কী একটা লাগল; নিচে তাকিয়ে দেখেন একটা সাদা রঙের প্লাস্টিকের খেলার বল, মাঝারি সাইজের। কোখেকে এল? হাতে তুলে নেন বলটা। ডান দিকে তাকিয়ে দেখেন একটা বছর পাঁচেকের ছেলে, খালি গা, কোমরে ঘুনসি, তার নিচে একটা হাফ প্যান্ট। ছুটে বলটা নিতে এসে দাঁড়িয়ে গেছে। হেসে বাচ্চাটির দিকে বলটা বাড়িয়ে ধরেন জিষ্ণু। অচেনা লোক দেখে একটু ইতস্তুত করে সে, তার পর এক পা এক পা করে এগিয়ে আসে বলটা নিতে।

    আর ঠিক সেই মুহূর্তে আগের চেনা অস্বস্তিটা ফিরে এল জিষ্ণুর। সিরামটা একটু আগেই কাজ শুরু করে দিল নাকি? অস্বস্তিটা এত দ্রুত বাড়ছে কেন? আগের বার তো সময় নিয়েছিল বেশ কিছুটা। পাঞ্জাবিটা চড় চড় করে বুকের কাছে ছিঁড়ে গেল টের পেলেন জিষ্ণু। থাই-এর কাছে পাজামাটাও গেল। চটিটা এঁটে বসল পায়ে। চেহারা বড় হয়ে গেছে; মাথার আকারেও কিছু একটা চেঞ্জ হয়েছে। ঠিক কী বদল হল ভাল বোঝা যাচ্ছে না এই অন্ধকারে। ক্লান্ত লাগছে, খুব ক্লান্ত লাগছে জিষ্ণুর। একটা তীব্র চিৎকারে সন্বিত ফিরে পেলেন তিনি। বল নিতে আসা বাচ্চাটি আতঙ্কিত মুখে কেঁদে উঠেছে। জিষ্ণু দেখলেন তাঁর হাতে বলটা রয়েছে। বাচ্চাটিকে ফেরত দিতে যাবেন, সে আরও জোরে কেঁদে উঠে বাড়ির দিকে ছুট লাগাল। বাড়ি থেকে বেরিয়ে এলেন এক মহিলা, বোধ হয় বাচ্চাটির মা। বাচ্চাটিকে কোলে তুলে নিয়েই মহিলার চোখ পড়ল জিষ্ণুর দিকে, তিনি তখনও বলটা বাড়িয়ে ধরে আছেন। মহিলা একটা অস্ফুট আর্তনাদ করেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তার পরেই খোলা জানলা দিয়ে মহিলা কন্ঠের প্রবল চিৎকার ভেসে এলঃ “ছেলেধরা! ছেলেধরা! দানো! দানো!”

    ব্যাপারটা বুঝতে একটু সময় লাগল জিষ্ণুর। ছেলেটির দিকে বল বাড়িয়ে ধরেছিলেন তাই মহিলা তাঁকে ছেলেধরা ভেবেছেন। কিন্তু ‘দানো'! তাহলে কি এখন তিনি ‘মিস্টার হাইড' হয়ে গেছেন?'
    তার মানে তিনি 'সাকসেসফুল'। হাত থেকে বলটা পড়ে গেল। আনন্দে দু হাত তুলে আর্কিমিডিসের মত 'ইউরেকা' বলে চেঁচিয়ে উঠলেন জিষ্ণু। আওয়াজটা যেন হাঁড়ির ভেতর থেকে বেরোল।
    জানলা থেকে মহিলার চিৎকার আর বাচ্চার কান্নার কোন বিরাম নেই। পেছন থেকে 'ওই তো' 'ওই তো' আওয়াজে ফিরে তাকালেন জিষ্ণু। এক দল লোক, তাঁর দিকেই আঙুল দেখাচ্ছে।

    এইবার বিপদটা বুঝলেন অধ্যাপক। সর্বনাশ! শেষে লিঞ্চড হতে হবে নাকি! সামনে ছুটতে শুরু করলেন জিষ্ণু। সেদিক থেকেও লোক আসছে, তবে সংখ্যায় কম। কাছাকাছি এসে 'প্যান্টোথেনিক' বলে চেঁচালেন তিনি। দানবীয় হুঙ্কারের মতই শোনাল। লোকগুলো ভয় পেয়ে সরে গেল। জিষ্ণু ছুটে চললেন, শরীর ভারি হয়ে গেছে, ছুটতে অসুবিধেই হচ্ছে, ক্লান্তিটা কাটাবার সময়ও পাওয়া যায়নি। তবু প্রাণের ভয়ে ছুটে চলেন, পেছন থেকে লোকগুলোও ছুটে আসছে, বাঁ পায়ের চটিটা ছিঁড়ে গেল, হোঁচট খেতে খেতে সামলে নিলেন 'মিস্টার হাইড', থামলেন। পেছনের লোকগুলোও থেমে গেল। হাঁফাতে হাঁফাতে ছেঁড়া চটিটা ছুঁড়ে ফেলেন জিষ্ণু, টানাটানি করে অন্য পাটিটাও খোলেন। পা-টা বেশ ফ্রি মনে হয়। পেছনের লোকগুলো ইতিমধ্যে এগিয়ে আসছে ধীরে ধীরে। জিষ্ণুর সাহস বাড়ে। তিনি দু-পা এগোন ওদের দিকে, লোকগুলো দাঁড়িয়ে যায়। অধ্যাপক চেঁচানঃ 'জেনোম!' লোকগুলো ছিটকে যায়।

    একটু হাঁফ নেওয়া গেছে। ফের এগোন জিষ্ণু, এবার হাঁটেন। একটু এগিয়ে পেছনে তাকান। ওরা দাঁড়িয়েই আছে, কিছু বলাবলি করছে। আর বোধ হয় আসবে না, এবার একটু সময় পেলেই
    অ্যান্টিডোটটা নিয়ে নিতে হবে। হঠাৎ 'উফ' করে ওঠেন তিনি, পিঠে কিছু একটা লেগেছে। আশ পাশ দিয়ে দু-তিনটে কী যেন উড়ে গেল মনে হল। ওহ, ওরা ঢিল ছুঁড়ছে। আবার ছুট ছুট। ডাইনে বাঁয়ে যেদিকে পারা যায়। খালি পায়ে কষ্ট হচ্ছে, উলটে পড়ে গেলেন জিষ্ণু। উফফ...! ডান পায়ের বুড়ো আঙুলটা বোধ হয় গেল। কপালেও একটা আলু গজাল। অত দেখার সময় নেই, উঠে ফের ছুট। ঝোলা ব্যাগটা কোন চুলোয় গিয়ে পড়ল কে জানে। শেষ আশাটাও গেল। কি হবে এবার! পরীক্ষা সাকসেসফুল হলে তো 'মিস্টার হাইড' নিজে থেকে 'ডক্টর জেকিল' হবে না। অ্যান্টিডোট লাগবেই। নাহ, আর ছোটা যাচ্ছে না, একটুও দম নেই, পায়ে সাঙ্ঘাতিক যন্ত্রনা, কপালটা দবদব করছে। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। একটা বাঁক ঘুরেই দেখেন বাঁ দিকের বাড়ির বাঁশের গেট খোলা। আশে পাশে কাউকে দেখাও যাচ্ছে না।

    ঢুকে পড়লেন জিষ্ণু। গেটটা তাড়াতাড়ি কিছুটা বন্ধ করে লুকিয়ে পড়লেন একটা টগর গাছের ঝোপের মধ্যে। আড়াল থেকে দেখলেন লোকগুলো হই হই করে বাড়ির সামনে দিয়ে চলে গেল, কয়েক জনের হাতে এখন লাঠি। লাঠি না মাছ ধরার কাঁটা, কে জানে। মশায় ছেঁকে ধরেছে জিষ্ণুকে, মারার উপায় নেই। থালার ওপর জ্বলন্ত প্রদীপ নিয়ে এক মহিলা ঘর থেকে বেরিয়ে গেটের ধারে আসেন। তখনও কয়েক জন পুরুষ মহিলা সামনের দলটার পেছনে পেছনে যাচ্ছিল। “কী হয়েছে গো?” জিজ্ঞেস করেন ঘরের মহিলা।
    “দানো বেরিয়েছে গো, ছেলেধরা দানো"... “বিনুর ছেলেকে ধরে নিয়ে যাচ্ছিল”... “কোখেকে এল কে জানে”... দু-তিন জন এক সঙ্গে উত্তর দিল।
    “দানো! সে আবার কি?” ভীত মহিলা তাড়াতাড়ি গেটটা পুরো বন্ধ করে দেন। দাওয়ায় ওঠার আগে তুলসীতলায় প্রদীপ দিয়ে প্রণাম করেন। প্রদীপের আলোয় মহিলার মুখ দেখতে পান জিষ্ণু। চিনতে পারেন, তাতে একটু ভরসাও পান। কিন্তু তাঁর এই অবস্থায় মহিলা কি চিনতে পারবেন? তবু ঝুঁকি একটু নিতেই হবে।

    “ভোম্বলের মা!” টগর ঝোপের আড়াল থেকেই গলা নামিয়ে ডাকেন জিষ্ণু। ফিসফিসিয়ে বলার জন্যই বোধ হয় আওয়াজটা খানিক স্বাভাবিক শোনায়।
    “কে?” চমকে ওঠেন মহিলা।
    “আমি; তোমার খদ্দের।” উত্তরটা গোলমেলে হয়ে গেল বুঝে ফের তাড়াতাড়ি বলেন, “তোমার থেকে মাছ কিনি।"
    "কোন খদ্দের?” কাঁপা কাঁপা গলায় প্রশ্ন এল।
    “আমি জিষ্ণু ঘোষ। দানো টানো নই, বিশ্বাস কর ভোম্বলের মা।”
    জিষ্ণু ঘোষকে চেনেন না ভোলার মা। তবে তাকে 'ভোম্বলের মা' বলে যে একটি মাত্র লোক ডাকে, তাকে চেনেন। কিছুটা আশ্বস্ত হন তিনি। “আপনি ওখানে কেন? বেরিয়ে আসুন।”
    “আমায় এখন চিনতে পারবে না। বিচ্ছিরি দেখাচ্ছে, আমাকেই ওরা দানো বলছে।”
    “সে কি? কেন?”
    “আমি এক জন বিজ্ঞানী... মানে ওষুধ টোসুধ নিয়ে কাজ করি...” ফের লোকের আওয়াজ পাওয়া যায়। “ওরা ফিরছে। আমায় ধরিয়ে দিও না ভোম্বলের মা, আমায় মেরে ফেলবে।” আর্তি ঝরে
    পরে অধ্যাপকের গলায়।
    লোকগুলো ফিরে আসছে। ভোলার মা ফের গেটের কাছে যান। জিজ্ঞেস করেন, “পাওয়া গেল?”
    এক জন বলল, “না। কোথাও লুকিয়ে পড়েছে। জঙ্গলে চলে গেছে মনে হয়। অন্ধকারে ওদিকে যাওয়া ঠিক হবে না। তবে সাবধানে থাকতে হবে।” চলে গেল লোকগুলো।
    ভোলার মা এদিক ওদিকে দেখলেন, কেউ নেই। টগর গাছের কাছে এসে চাপা গলায় বললেন, “সোজা ঘরে ঢুকে পড়ুন, তাড়াতাড়ি।"
    জিষ্ণু ঝোপ থেকে বেরিয়ে ছুটে ঘরে ঢুকে পরেন। অতি সাধারণ ঘর, একটা লণ্ঠন জ্বলছে। এদিকটায় ইলেক্ট্রিসিটি নেই নাকি? ভোলার মা আসেন। একটা মোল্ডেড প্লাস্টিকের চেয়ার এগিয়ে
    দেন। “বসুন।”
    চেয়ারে বসতে গিয়েও বসেন না জিষ্ণু; তাঁর ওজন এখন কত কে জানে? প্লাস্টিকের চেয়ার যদি ভেঙে যায়? মাটিতে বসে বলেন, “আমায় একটু খাবার জল দাও।”
    কাঁসার গ্লাস-এ জল আর স্টিলের পাত্রে চারটে বাতাসা দেন ভোলার মা। “বাতাসাটা খেয়ে জল খান,” বলেন তিনি। কুড়মুড়িয়ে বাতাসা চিবিয়ে ঢক ঢক করে জল খান জিষ্ণু, আর লণ্ঠন তুলে
    ধরে জিষ্ণুর মুখ দেখে আঁৎকে ওঠেন ভোলার মা।
    “আপনার এই অবস্থা কী করে হল?"
    “আমি একটা ওষুধ বানিয়েছি, সেটা নিজের ওপর পরীক্ষা করছিলাম। এই জিনিস হয়ে গেছি।”
    “আপনাকে ছেলেধরা বলছে কেন?”
    “ইঞ্জেকশন নিয়ে এদিকে এসেছিলাম। জঙ্গলের দিকে যাওয়ার ইচ্ছে ছিল। একটা বাচ্চার বল রাস্তায় চলে এসেছিল। আমি হাতে করে ফেরত দিচ্ছিলাম। ঠিক তখনই পালটে গেলাম। বাচ্চাটা ভয় পেয়ে কেঁদে উঠল, আর তার মা দানো, ছেলেধরা এই সব বলে চেঁচিয়ে উঠল।”
    “এবার কী করবেন?”
    “আমার সঙ্গে একটা ঝোলা ব্যাগ ছিল, ছুটোছুটির সময়ে পড়ে গেছে। তাতে ঠিক হয়ে যাওয়ার ওষুধ ছিল। সেটা যদি খুঁজে পাওয়া যায়...”
    “কোথায় পড়েছে?” জিজ্ঞেস করেন ভোলার মা।
    “তা তো বলতে পারব না। যখন যেদিকে পেরেছি ছুটেছি।”
    ভাবতে বসেন ভোলার মা। তার পর বলেন, “এখন এখানেই থাকুন। রাত হলে আমার বরের একটা জামা গায়ে দিয়ে... নাহ, গায়ে হবে না।... বরং আমার একটা শাড়ি জড়িয়ে ফিরে যাবেন।”
    কৃষ্ণকলির কথা মনে পড়ে যায় জিষ্ণুর। জিজ্ঞেস করেন, “তোমার বর কোথায়?”
    “আমার বর রিক্সা চালায়। গয়েসপুর গেছে যাত্রা শুনতে। ফিরতে অনেক রাত হবে।”
    "আর ছেলে?”
    “কলকাতায় মিষ্টির দোকানে কাজ করে। মাঝে মাঝে আসে।”
    “ভোলার মা...,” বাইরে থেকে মহিলা কন্ঠের ডাক শোনা যায়।
    ভোলার মা বাইরে যান। ভেতর থেকে কথা শুনতে পান জিষ্ণু।
    “যাবে না?” মহিলার গলা।
    “নাহ, তোমরাই যাও। শরীরটা ভাল লাগছে না,” ভোলার মা বলেন।
    “দানোর কথা শুনেছ তো? অনেকেই যেতে চাইছে না।”
    “দানো তো পালিয়ে গেছে… যাও তোমরা বেরিয়ে পড়। দেরি হয়ে গেছে।”
    ফিরে আসেন ভোলার মা। জিষ্ণু কুণ্ঠিত গলায় বলেন, “তোমারও বোধ হয় যাত্রা দেখতে যাওয়ার কথা ছিল?” ভোলার মা উত্তর দেন না, ভেতরের ঘরে চলে যান। জিষ্ণু বলেন, “আমার জন্য
    তোমার যাওয়া হল না...।”
    ভোলার মা ফিরে আসেন, হাতে একটা থালা, তাতে খাবার। “তালের বড়া করেছিলাম; খান। খুব খিদে পেয়েছে নিশ্চয়।”
    জিষ্ণু টের পান তাঁর সত্যি খিদে পেয়েছে। খেতে শুরু করেন। অনেক দিন পরে তালের বড়া খেলেন। দারুণ লাগল। কৃষ্ণকলিকে বলতে হবে তাল দিয়ে ফিউশন ফুড বানানো যায় কি না
    দেখতে।

    খাওয়া শেষ হলে সাধারণ কিছু কথা বার্তা হয়। তাঁর বাড়ি ঘরের খবর নেন ভোলার মা। হঠাৎ জিষ্ণু টের পান ফিরে আসছে সেই চেনা অস্বস্তি। তা হলে কি তিনি আবার ডক্টর জেকিল হয়ে যাচ্ছেন? অ্যান্টিডোট ছাড়াই? সে কি করে হয়? হ্যাঁ, সেই চেনা ক্লান্তি। ভোলার মা খুঁজে দেখছিলেন কোন শাড়িটা দেওয়া যায় জিষ্ণুকে। ফিরে তাকাতেই হাত থেকে বেছে নেওয়া শাড়িটা পড়ে যায়। তাঁর চেনা খদ্দের বসে আছে ঘরে।
    হাসেন জিষ্ণু। “এবার চেনা লাগছে, না?... আমিও বুঝলাম না কি করে হল। মনে হয়, তালের
    বড়ার জন্য।... তালের অ্যানালিসিস করতে হবে... ডিরেক্টর তাতে আবার কী বলবে কে জানে...,” চিন্তিত গলায় বলেন জিষ্ণু।

    ভোলার মার বাৎলে দেওয়া রাস্তা দিয়ে ফিরছেন জিষ্ণু। হাত মুখ ধুয়েছেন, বুড়ো আঙ্গুলের চোটে একটা কাপড় বাঁধা হয়েছে, এখন তাঁকে আর দানোর মত দেখাচ্ছে না। রাস্তায় আলো নেই। শুনলেন ক'দিন আগের ঝড়ে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে, সারানো হয়নি। লোক চলাচলও তেমন নেই, সব বোধ হয় যাত্রা শুনতে গেছে। তবু লোক দেখলেই ঘাবড়ে যাচ্ছেন অধ্যাপক।
    মেন রাস্তায় এসে আলো পাওয়া গেল। পাওয়া গেল শুভব্রতকেও। সে তাঁকে ফলো করে এসেছিল ঠিকই। তবে গোলমালের সময়ে ভয়ে পালিয়ে গেছিল। পরে ফিরে এসে এদিক ওদিক ঘুরে দেখছিল যদি স্যারকে পাওয়া যায়। শুভব্রতর সাইকেলে ফিরতে ফিরতে জিষ্ণুর খেয়াল হল কেমন তিনি দেখতে হয়েছিলেন সেটা এবারও জানা হল না।
    “ন্যারো এসকেপ স্যার,” সব শুনে বলল শুভব্ৰত।
    “জিনগত পাপক্ষয়,” বললেন অধ্যাপক।
    “এবার কী?"
    “দুটো তালের বড়া এনেছি। অ্যানালিসিস করতে হবে। অ্যান্টিডোটটা খুব সহজেই হবে মনে হচ্ছে। তার পর দেখতে হবে মিস্টার হাইডের দানো ভাবটাকে কমিয়ে হিউমান এলিমেন্ট কি করে আনা যায়। সেটা যদি করা যায়, সিকিউরিটি এসট্যাবলিশমেন্টের কাছে দারুণ চাহিদা হবে,” ভবিষ্যতের পরিকল্পনা জানান জিষ্ণু।
    “ক্রাইম সিন্ডিকেটগুলোর কাছেও,” জানাল শুভব্রত।
    “হুমমম... তা বটে,” বলেন অধ্যাপক।

    সাইকেল এগিয়ে চলল; বাড়ি একটু দূরে থেকে নেমে গেলেন জিষ্ণু। নটা প্রায় বাজে। আজও বোমা ফাটতে গিয়ে ফাটল না। ছেঁড়া জামা আর পাজামায় ডিফিউজড হয়ে গেল। কৃষ্ণকলি জানলেন জঙ্গলের মধ্যে হোঁচট খেয়ে একটা ঝোপে পড়ে গিয়েছিলেন তাঁর স্বামী, চটি ছিঁড়ল, জামাকাপড় ছিঁড়ল, কপাল ঠুকে গেল গাছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান। মিনিট দশ পরে জ্ঞান এল, দেখলেন চটি গায়েব, তারপর রাস্তা হারিয়ে ফেলেছিলেন। রাস্তা খুঁজে পেয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কাল ডাক্তার দেখাতে হবে এবং– এটা একেবারে মাস্ট–মোবাইল সব সময়ে সঙ্গে রাখতে হবে এই অঙ্গীকার করে খেতে বসলেন জিষ্ণু। তালের বড়ার পলিপ্যাক চলে গেছে শুভব্রতর সঙ্গে, কাল ল্যাবে চলে আসবে।

    ।। চার। ।

    দু-দিন পরের ঘটনা। ১৪ নম্বর বাজারের মধ্যে মাছ বিক্রি করছেন ষাট ছুঁই ছুঁই মহিলা। জিষ্ণু এসে দাঁড়ালেন।
    “ভোলার মা,” সম্পূর্ণ নতুন চোখে দেখলেন এবং নতুন নামে বিপদের সময়ের বন্ধুকে ডাকলেন গবেষক।
    রুই মাছ বাছতে বাছতে একবার তাকালেন ভোলার মা। তারপর একটা রুই মাছ তুলে পাল্লার এক দিকে রাখলেন, অন্য দিকে চাপালেন এক কেজির বাটখারা। কাঁটার দিকে চোখ রেখে বললেন,
    “আমায় 'ভোম্বলের মা' বলেই ডাকবেন বাবু।”

    জিষ্ণুর মোবাইল বেজে উঠল।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • গপ্পো | ১৫ নভেম্বর ২০২৬ | ৫৩৪ বার পঠিত
  • আরও পড়ুন
    লাল রঙ - Nirmalya Nag
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aa | ১৫ নভেম্বর ২০২৬ ২২:৫৬743993
  • কেজিখানেকের কাতলা ২১২ টাকায় হবে এখন? কল্যাণিতে?
  • নির্মাল্য নাগ | ১৭ নভেম্বর ২০২৬ ১০:৪১744013
  • @aa - পড়ার জন্য ধন্যবাদ। ওই রকমই দাম হবে।
  • Prabhas Sen | ১৮ নভেম্বর ২০২৬ ০৯:০৬744021
  • ব্যাপক! বেশ ভাল লাগল এই কল্প বিজ্ঞান!
  • Nirmalya Nag | ১৮ নভেম্বর ২০২৬ ১২:১১744025
  • @Prabhas Sen - অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
  • Ranjan Roy | ১৯ নভেম্বর ২০২৬ ২০:৩৫744049
  • আপনার কল্পনা দারুণ l
    আরো পড়তে চাই l
  • শ্রীমতী | ২০ নভেম্বর ২০২৬ ১৩:৪৭744055
  • স্টিভেনসনের জেকিল অ্যান্ড হাইড-এর মূল খেই ধরে দৈনন্দিন বাঙালি মধ্যবিত্ত জীবন ও ব্যঙ্গের রসে জারিত একটি নিজস্ব কল্পবিজ্ঞান-আখ্যান।
  • Nirmalya Nag | ২১ নভেম্বর ২০২৬ ১৩:০০744072
  • @Ranjan Roy - অনেক ধন্যবাদ রঞ্জনদা। এই প্রফেসরকে নিয়ে আরও লেখার পরিকল্পনা আছে।
     
    @শ্রীমতী - পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন।