এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  গপ্পো

  • সা রে গা মা পা ধা নি (পঞ্চম সুর)

    Somnath mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ২৬ মে ২০২৬ | ৪৬৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • পা…… ( পঞ্চম সুর )

    পারমিতার সকাল হয় সকলের থেকে অনেক আগে, আর রাতের পর্ব মেটে সবার শেষে। বাড়িতে যে অনেক অনেক মানুষ আছে, পরিবার খুব বড়ো তেমনটা মোটেই নয়। রক্তের সম্পর্ক না থাকলেও বাড়িতে এসো জন,বসো জনের ভিড় লেগেই আছে। তাঁদের সবার খিদমত করতে করতেই বেলা বয়ে যায়। বেশ কয়েকবার ছাদনাতলায় যাবো যাবো করেও শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। বারংবার সুযোগগুলো ফসকে যেতে দেখে,একসময় নিজেই ঘোষণা করে দিল - বেলতলা আর ছাদনাতলার মধ্যে তো আদতে তেমন কোনো ফাঁক নেই, তাই ও পথে আর ভিড়ছি না। এমন সিদ্ধান্ত শুনে অনেকেই হা হুতাশ করলো বটে তবে তাতে টলানো গেলনা পারমিতাকে। সে যেমন ছিল তেমনই রয়ে গেলো।

    খুব ছোটোবেলায় পারমিতার মা মারা যান। সংসারে মা না থাকলে পারিবারিক সম্পর্কের বাঁধনটাই আলগা হয়ে যায়।মা হচ্ছেন একটা বড়ো গাছের মতো। সব্বোজনের ঠাঁই। তাঁর এই নজরদারি তো কেবল নিজের সন্তানদের প্রতি নয়, সকলের কাছেই তিনি হয়ে ওঠেন মুশকিল আসান সব্বোমঙ্গলা। পারমিতার মা নিবেদিতা ঠিক তেমন‌ই ছিলেন। খুব বড়ো এক পরিবারের বড়ো ব‌উ হিসেবে তাঁর কাজের এলাকাটাও ছিল অনেক ছড়ানো। তার খুঁটিনাটি বিষয়ে নজর রাখা সহজ ছিলোনা। অর্থের অভাব ছিলোনা। মানুষের পাশে দাঁড়ানোর সদিচ্ছার‌ও খামতি ছিলোনা মোটেই। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ ঘনিয়ে এলো কালো মেঘ। প্রথমে খুচখাচ জ্বর আর দম আটকানো কাশি। পারিবারিক চিকিৎসক নানান ওষুধের নিদান দিলেন বটে, তবে রোগের কোনো উপশম নেই। দেশের বাড়ি থেকে নিবেদিতাকে কলকাতায় নিয়ে আসা হলো। চললো আধুনিক চিকিৎসা। নিবেদিতা বুঝতে পারছিলো তাঁর জীবন প্রদীপের তেল ক্রমশই ফুরিয়ে আসছে। একসময় তা শেষ হয়ে গেল।

    সেই থেকেই পারমিতা সমানে লড়াই করে চলেছে। তাঁর এক দাদা আর দিদি ছিল, কিন্তু সবাই ওই পারমিতার ওপর‌ই নির্ভরশীল। এদের খিদমত করতে করতেই পারমিতার জীবনের সোনালি, রুপালি দিনগুলো সেলুলয়েডে সরতে থাকা ছবির মতো একসময়ে কেমন হারিয়ে গেল। এতেও দমে যায়নি পারমিতা। নিজের ভেতরে থাকা আনন্দে বিভোর হয়ে, বাইরের সমস্ত সমস্যার পাহাড়কে পাশে ঠেলে সে দিব্য কাটিয়ে দিচ্ছিল নিজের একান্ত সময়গুলো।

    শনি আর রবিবার এই দিনদুটো সপ্তাহের বাকি দিনগুলোর থেকে খানিকটা অন্যরকম ভাবে কাটে পারমিতার। কলেজে পড়ার সময় থেকেই নিয়মিত নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছে সে। তারপর সংসারের জাঁতাকলে নিজেকে নিংড়ে দিতে দিতে সেই বিদ্যায় জঙ্ ধরেছিল স্বাভাবিক নিয়মেই। সেদিন ট্রামডিপোর কাছে সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে গিয়েছিল পারমিতা। মাঝে মাঝে এই একটা জায়গাতেই যায় সে। নিজের জন্য মায়ের কাছে কিছুই নতুনকরে চাইবার নেই। চোখ বন্ধ করে একমনে সে জগতের সকলের কল্যাণ প্রার্থনা করে। সেদিন‌ও তেমনটাই করছিল। হঠাৎ কাঁধে একটা হালকা হাতের স্পর্শ অনুভব করে পারমিতা।ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতেই –
    – আচ্ছা, তুমি মানে আপনি পারমিতা না?
    – হ্যাঁ, আমি পারমিতা। আপনি? আআপনাকে তো ঠিক…..
    – চিনতে পারলি না তো? আরে আমি পারঙ্গমা। বাসন্তী দেবী কলেজের পারঙ্গমা সান্যাল। কিরে? এখনো চিনতে পারলি না?
    পারমিতা তখন পেছনে ফেলে আসা সময়ের বৃত্তে নিজেকে ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতো আজ কাল পরশুর কথা নয় বেশ কয়েকটা দশক পিছিয়ে যাওয়া। তাই করছিলো পারমিতা। অন্যদিকে পারঙ্গমার আর তর স‌ইছিলো না।
    – দ্যাখো,আমি যখন তোমাকে পারমিতা বলে চিনতে পেরেছি তখন তুমি মানে তুই আমাকে চিনতে পারলি কি পারলিনা তাতে আমার কিচ্ছু যায় আসেনা। এখন চল্ তো, দুজনে মিলে জমিয়ে ফুচকা খাই। ঠিক আমাদের কলেজে পড়া দিনগুলোর মতো। পারমিতা কিছু বলার সুযোগ পায়না। তার হাত ধরে টানতে টানতে সোজা এক ফুচকাওয়ালার গাড়ির সামনে দাঁড় করায়। তারপর ঘন্টা খানেক সময় যে কীভাবে কেটে গেল পারমিতা তা টের পায়না। আজ কতোদিন পর খোলা আকাশের নিচে যে কাটালো পারমিতা!

    পারঙ্গমার নাচের স্কুলে নাচ শেখানোর কাজটা পেয়ে নিজেকে যেন নতুন করে ফিরে পায় পারমিতা। সামনে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে মেয়েদের তৈরি করার কাজ চলছে। প্রতিটা নাচ ধরে ধরে শেখাতে গিয়ে বাড়তি ধকল এসে পড়েছে। পারমিতার আগ্রহে শ্যামা নৃত্যনাট্যের কিছু নির্বাচিত অংশের মঞ্চায়ন হবে। রুটিন বাঁধা জীবনের বাইরে বের হতে পেরে ভারি ভালো লাগে পারমিতার। সে বুঝতে পারে নিজের ভালোবাসাকে আগলে রাখতে হয়।

    গতকাল রাতে শুতে শুতে অনেক দেরি হয়ে গিয়েছিল। অনুষ্ঠান খুব ভালো হয়েছিল। মেয়েদের নাচের অনুষ্ঠান নিয়ে সকলেই প্রশংসায় পঞ্চমুখ। পারমিতা আড়ালেই রেখেছিল নিজেকে। পারঙ্গমা তাঁকে মঞ্চে ডাকলেও পারমিতা মঞ্চে ওঠেনি। অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে স্নান করতে গিয়ে শরীরে একটা অস্বস্তি টের পায়। কোনো রকমে বিছানায় এসে শুয়ে পড়ে। ব্যথাটা ছড়িয়ে পড়ে। পাশের ঘরে থাকা দাদাকে একবার ডাকার চেষ্টা করে। গলা দিয়ে শব্দ বেরোয় না। জীবনের অনেক অনেক দুঃখকে ছাপিয়ে আজকের পাওয়া স্বীকৃতির ভালোবাসাকে বুকে জড়িয়ে পারমিতা চোখ বোজে রাত শয়ানের উদ্দেশ্যে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • গপ্পো | ২৬ মে ২০২৬ | ৪৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sarmistha lahiri | ২৬ মে ২০২৬ ২৩:৩৭740858
  • প্রথাগত রচনার বাইরে একটু ভিন্নধর্মী রচনা। তাও সাধারণ মধ্যবিত্ত সমাজের পরিবারের জলছবি। অনেক সংগ্ৰামের মধ্য দিয়ে স্বপ্নকে বাঁচিয়ে রাখার ঐকান্তিক চেষ্টা খুব স্থতক্ষস্ফূর্তভাবে ধরা দিয়েছে লেখকের রচনায়।
  • Somnath mukhopadhyay | ২৭ মে ২০২৬ ১২:২১740867
  • স্বপ্নের মৃত্যু নেই। স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে।
  • পৌলমী | ২৭ মে ২০২৬ ১৬:৪৮740873
  • গল্পের পারমিতা আমাদের খুব পরিচিত। সংসারের জাঁতাকলে এমন কতো পারমিতা যে হারিয়ে যায়, তার খবর কে রাখে?
  • সৌমেন রায় | ২৯ মে ২০২৬ ১৫:২৩740900
  • শেষের দিক ইঙ্গিতবাহী।
  • Somnath mukhopadhyay | ২৯ মে ২০২৬ ২১:৫৩740908
  • @ পৌলমী
    ধন্যবাদ প্রতিক্রিয়া জানানোর জন্য। সংসারটা সত্যিই জাঁতাকল। পরিস্থিতির টানাপোড়েন অনেক স্বপ্নকে সফল হতে দেয়না। যে দেশে আজ‌ও লিঙ্গ বৈষম্য গভীরভাবে দাপিয়ে বেড়াচ্ছে সেখানে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারমিতার পরিণতি নিশ্চয়ই খুব নতুন কিছু নয়। ভালো থাকবেন।
     
    @ সৌমেন
    শেষের দিক ইঙ্গিতবাহী - লিখেছেন। বিতর্ক তো একটা বাক্য নিয়ে--
    পারমিতা চোখ বোজে রাত শয়ানের উদ্দেশ্যে।
    পরিণতিটুকু ভেবে নেওয়ার দায়িত্ব পাঠকের ওপর‌ই ছেড়ে দিলাম। ভালো থাকবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন।