

অলংকরণ: রমিত
১৩
- কী আনন্দ! দে গরুর গা ধুইয়ে!
প্রাণতোষকে দেখে উচ্ছ্বসিত নজরুল একেবারে জড়িয়ে ধরলেন। 'তা আর একটু আগে আসতে পারলি না? মঘা আর আমি ঘুরে এলাম। তুই সঙ্গে থাকলে বেশ হতো!'
- সে তো আমারই লোকসান কাজীদা। আমার হুগলি তো এই ক'দিন শুনশান হয়ে গিয়েছে।
প্রাণতোষকে সামনে পেয়ে নজরুল যেন সদ্য ছেড়ে আসা পুরো হুগলিটাকেই সামনে পেয়ে গিয়েছেন। রাস্তা থেকে বারান্দায় উঠতে উঠতে হাবুল, হামিদুল, সিরাজুল, সুবোধ, ভূপতি, গীস্পতি, মণিভূষন --- কে কেমন আছে, কী করছে ইত্যাদি সব প্রশ্ন স্রোতের মতো আছড়ে পড়েছে। বেচারা প্রাণতোষ --- এক নিঃশ্বাসে কয়েক মিনিটের মধ্যে পুরো হুগলির খবর কিভাবে দেবে সে? মাত্রই তো ক'দিন হলো। এর মধ্যে অনেকের সাথে দেখাও হয়নি তার। তাছাড়া কৃষ্ণনগর আসার আগে যেচেপড়ে তাদের সাথে দেখা করে আসার বিন্দুমাত্র আগ্রহ জাগেনি। উল্টে কিছুটা অভিমানই হয়েছে। যেসব বন্ধু গুণগ্রাহীদের খবর নেবার জন্য কাজীদা ব্যাকুল, কই তিন তারিখ নৈহাটি স্টেশনে তো কাউকেই দেখা যায়নি। আক্ষরিক অর্থেই নজরুল বলতে অজ্ঞান হুগলির যে যুবদল, সাহিত্যগোষ্ঠী, সেই নজরুল সমস্ত হইচইকে নিষ্প্রভ করে দিয়ে চলে যাচ্ছেন --- সৌজন্যের খাতিরেও গঙ্গার ঘাটে কিংবা নৈহাটি স্টেশনে একবার দেখা করে আসি, বিদায় জানিয়ে আসি -- কই? কাজীদার এতে যেন কোনো হেলদোল নেই। ক্ষোভ অভিমান তো দূরের কথা, কারো প্রতি কোনও অনুযোগ নেই। যেন ওটা কোন ব্যাপারই নয়। বন্ধুদের প্রতি কাজীদার এই অতিরিক্ত উদারতা, মন্দ-ভালো বাছ-বিচার ছাড়াই সকলকে আপন করে ভাবা --- এই বেশি বেশি দিলখোলা বিষয়টা প্রাণতোষের মোটেও পছন্দ হয় না অথচ তাকে ঘিরে হুগলির যুব জনসমাজের উন্মাদনা, ভালোলাগা, শ্রদ্ধা ও সম্মানের আন্তরিকতায় কোনও ঘাটতি ছিল না, হয়তো এখনো নেই। আর হুগলিতে বাস করতে আসা বলে তো নয়, নজরুল ইসলামের সাথে হুগলির যোগ সেই ১৯২২ সাল থেকে। 'বিজলী'তে 'বিদ্রোহী' কবিতা ছাপা হবার পর হামিদুল হক আর বিজয় মোদক কলকাতা গিয়ে তাঁর সাথে দেখা করে আসে। আর শুধু দেখা করা তো নয়, হৈহৈ করে একদিনেই কাজীদা তাদের আপন করে ফেলল --- হুগলির সাথে সেদিনই নাড়ির সংযোগ ঘটে গিয়েছিল। ধূমকেতু প্রকাশের সাথে সাথে প্রাণতোষ ঝোলা ভর্তি পত্রিকা নিয়ে হুগলি-চুঁচুড়ায় বিলি করে আসত। সে ছিল যেন এক গোপন আর নিষিদ্ধ উত্তেজনা। প্রাণতোষের ভাবতে অবাক লাগে --- কাজীদা হুগলি জেলে এসেছেন, চিৎকার চেঁচামেচি করে জেলের ভেতর হৈচৈ বাঁধিয়ে দিয়েছেন, বাইরে ছেলেদের ভিতর তাঁকে নিয়ে বিপুল উত্তেজনা। হুগলি ঘাট স্টেশন থেকে পাথরে কাগজ জড়িয়ে জেলের ভিতর ছুঁড়ে ফেলা, সিরাজুল তো প্রাচীরের উপরেই উঠে গেল। বিয়ের পরে মাসুদা রহমান পরিবার সমেত কাজীদাকে নিয়ে এসে যে মোগলপুরার বাড়িতে তুললেন --- সে কার ভরসায়? হুগলির এই স্বদেশী করা বাউন্ডুলে ছেলে-ছোকরাদের ভরসাতেই তো!
ভাবলে প্রাণতোষের কেমন গোল পাকিয়ে যায়। কাজীদার বাড়িতে সাহিত্য আড্ডা মানেই ভূপতি মজুমদার আর সুবোধ রায়ের উচ্চকণ্ঠ হইচই অবধারিত। গীষ্পতি ভট্টাচার্য মাঝেমধ্যে সংস্কৃত শ্লোক আওড়াতেন, কাজীদা মন দিয়ে শুনতেন, আলোচনা করতেন। সঙ্গে ছিল করাচির মিলিটারি বন্ধু মণিদার গান। জমজমাট হয়ে থাকত চকবাজারে রোজভিলার ঘর। তারকেশ্বরের ঝামেলা নিয়ে দেশবন্ধুর ঘন ঘন আনাগোনা, চাঁদনী ঘাটে গঙ্গার চরে গান্ধীজিকে নিয়ে তিন দিন সম্মেলন, সেখানেও কাজীদা মধ্যমণি। সাহিত্য রাজনীতির লোকজন তো ছিলই, মোগলপুরা চকবাজারের আশেপাশে গোঁড়া ব্রাহ্মণপাড়ার মানুষগুলিও কাজীদার নিকটজন হয়ে উঠেছিল। আকস্মিক অসুস্থতা আর একের পরে এক বিপদের সময় যখন এলো, তাঁদের অনেককেই আর দেখা পাওয়া যেতো না। জ্বরের তান্ডবে প্রাণ নিয়ে টানাটানি, পুরো পরিবারটা একটা অসহায় দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে --- অল্প কয়েকজন ছাড়া গুণগ্রাহী বন্ধুদের দেখা-সাক্ষাৎ মেলে না। কী করে এমন হয়? এই কৃষ্ণনগর থেকে হেমন্ত বাবু ঘন ঘন কয়েকবার গেলেন, ধার-দেনা মিটিয়ে এক প্রকার পুরো পরিবারকে নিজে কাঁধে করে উঠিয়ে নিয়ে এলেন। পার হয়ে আসা না হয় দূরের ব্যাপার --- ঘাটে নৌকা ছাড়ার সময়েও তো কাউকে দেখা যায়নি। তাছাড়া নৈহাটি ভাটপাড়ায় এতো নজরুল ভক্ত, তারা কি কেউ খবর পায়নি --- আজ আমাদের প্রিয় কাজীদা এলাকা ছেড়ে দূরে চলে যাচ্ছেন?
কি জানি, এসব কথা কাজীদা কখনো ভাবেন কিনা। যেভাবে গল্পে মেতে আছেন যেন হুগলির আড্ডাতেই ফিরে গিয়েছেন।
--- 'খাবার দেওয়া হয়েছে।'
হঠাৎ করে প্রমীলা দেবীর আবির্ভাব না ঘটলে গল্পের প্রবাহ কোথায় থামতো কে জানে।
'দাদা তো চলে যাচ্ছে না। গল্পের অনেক সময় পাবে। সেই কখন এসেছে, তোমার জন্য বসে আছে।'
প্রাণতোষ আসায় মা ও মেয়ে দুজনেই খুশি। কৃষ্ণনগরে এসে হেমন্ত সরকারের কল্যাণে সংসার পেতে বসতে কোনও অসুবিধা হয়নি গিরিবালা দেবীর। প্রতিদিন ছেলেরা কেউ না কেউ এসে খবর নিয়ে যায়, বাজার কিংবা মুদিখানা টুকিটাকি দরকার পড়লে নিয়ে এসে দেয়। হুগলিতে নজরুলের বন্ধুর অভাব ছিল না। হাবুল, হামিদুল, সিরাজুল, বিজয় সবারই আনাগোনা ছিল বেশ। তবুও প্রাণতোষের মতো নিকট একজনের অভাব বোধ করেন তিনি। ওর ছোট ভাই শান্তি তো ছিল দোলনের বিশ্বস্ত সৈনিক। হৃদয় নামে তার আবার একটা দোসর ছিল।
'শান্তিকে নিয়ে আসতে পারতে দাদা। মনে হয় কতদিন ওকে দেখিনি' প্রাণতোষের পাতে মাছ তুলে দিতে দিতে প্রমীলা বলেন।
- বলতে হবে না বৌদি। দেখবে কবে হঠাৎ করে এসে জুড়ে বসেছে। আমি তো বলতে গেলে বাড়িতেই থাকি। সে তো বাবার ভয়ে বাড়িতেই ঢোকে না। একদিন এসে হয়ত বলবে -- আমি এখন কৃষ্ণনগরেই থাকব!
- ওহ! তাহলে তো তোর বৌদির পোয়াবারো। সে আর কাউকে তোয়াক্কা করবে না!
নজরুলের কথায় সবাই হেসে উঠলেন। হঠাৎ প্রাণতোষের থালার দিকে তাকিয়ে বললেন --- এতোক্ষণ তো খেয়ে যাচ্ছিস, বল দেখি এটা কী মাছ ?
- দেখে তো বাটা মাছের মতোই মনে হচ্ছে, একটু যেন আলাদা। তবে স্বাদ কিন্তু চমৎকার।
- তুইও বলতে পারলি না তো? আমিও পারিনি। এর নাম রাগ মাছ।
- মাছের নাম রাগ?
- এইটাই তো কথা রে! এখানে আসার পরদিনই সকালে মাছওয়ালা এই নাম ধরে হাঁক দিচ্ছিল। জিগ্যেস করলাম -- রাগ আছে, রাগিণী নাই?
'তোমার আবার সবার সাথেই মস্করা? প্রমীলা মন্তব্য করলেন। 'মানুষটা কী বলবে বুঝতে পারছিল না। তবে মাছের স্বাদ নিয়ে গুণগান করছিল। নামটি একটু অদ্ভুত, হয়ত স্থানীয় নাম। মা অবশ্য বলল মাছটা চেনা, খেতে ভালো।'
- মাসিমা খেয়ে দেখলেন নাকি?
গিরিবালা দেবী বারান্দার শেষে উনুনের পাশে সব্জি কাটছিলেন। প্রাণতোষের কথায় হাসতে হাসতে মুখ বাড়িয়ে বললেন --- আমি মাছের দেশের মানুষ বাপু, চোখে দেখলেই ভালোমন্দ বুঝতে পারি।
'মাসিমার আজ কি স্পেশাল কিছু হচ্ছে নাকি? এখনো উনুনের কাছে?' প্রাণতোষ জানে যে মাসিমা নিরামিষ খান, মাঝেমধ্যে নিজের জন্য আলাদা তরকারি রান্না করেন।
'না বাপু, স্পেশাল আবার কী? তবে আজ চারিদিকে আঁশের ছড়াছড়ি। কৃষ্ণের দেশে এসেছি, আঁশের ভিতরে বেশি না থেকে ভাতে ডাল আর কলা সেদ্ধ দিয়েছি। ওতেই হয়ে যাবে।'
গোলাপট্টির বাড়িটিতে সকাল যেমন সুন্দর হয়ে আসে, সারাটা দুপুর রোদ খেলা করে, বিকেল হলেই ঝুপ করে যেন সন্ধ্যা নেমে আসে। নজরুল প্রাণতোষকে নিয়ে তার আগেই বেরিয়ে পড়েছেন। সামনে অনেক কাজ। লাঙলের জন্য লেখা বাকি। সকালে একদফা হেমন্তদার সাথে আলোচনা হয়েছে। কৃষ্ণনগরে প্রজা সম্মেলনের প্রস্তুতি নিয়ে নানান ব্যস্ততা চলছে। বিভিন্ন জেলায় নেতাদের কাছে চিঠি পাঠানো, ডেলিগেটের সংখ্যা নির্ধারণ ইত্যাদি কাজ কলকাতার টিমকে নিয়ে হেমন্তদা চালিয়ে যাচ্ছেন। মিটিংয়ে আলোচনার খসড়া লেখারও দায়িত্বও নজরুলের। ভিতরে লেখার তাগিদ এলে শরীর কখনো বাধা হয় নি। হুগলিতে ঘোর লাগা জ্বরের ভিতরেও 'ঝড়'এর মতো দীর্ঘ কবিতা লিখেছেন। কিন্তু এই ক'দিন এমনিতেই একটা আলসেমি চলে এসেছিল। আজ সারাদিন ঘোরাঘুরি করে, তারপর প্রাণতোষকে পেয়ে বেশ একটা উদ্দীপনা এসেছে।
কী মনে হলো, বললেন --- চল সাধনা লাইব্রেরি ঘুরে আসি। অনন্তহরি বেশ যত্ন নিয়ে লাইব্রেরিটা দাঁড় করিয়েছিল।
কৃষ্ণনগরে আসার আগে অনন্তহরি বেশ কিছুদিন হুগলির বিদ্যামন্দিরে প্রাণতোষদের আশ্রয়ে কাটিয়েছে। ওর দামাল মনোভাবের সাথে সে ভালোই পরিচিত। কিন্তু ডাকাতির মামলায় ধরা পড়ে এখন আলিপুর জেলে বন্দী। ফলে শহরের বিপ্লবী যুবকদের আড্ডাখানা সাধনা লাইব্রেরি এখন অনেকটা ফাঁকা, বিশেষ হৈচৈ নেই। তাছাড়া ওর গ্রেপ্তারির পরে পুলিশের টিকটিকিদের আনাগোনা বেশ বেড়েছে। রাখঢাক না করে সোজাসুজি এসে ঢুকে যায়, আলাপ জমায়। আর নজরুল তো প্রশাসনের খাতায় মার্কামারা বিপ্লবী। তাঁর জন্য বাড়তি নজরদারি নিশ্চয় বেড়েছে। ঘরের ভিতরে তারকদাস, প্রমোদরঞ্জন এবং আরো তিন-চারজন বসে আছে। নজরুল ঢুকেই বলে উঠলেন, 'এই তো ধরে ফেলেছি! সেই থেকে তারকদাসের আর দেখা পাওয়া যায়না। ভাবলাম, সাধনায় গেলে অসাধ্য সাধন হবেই হবে! দ্যাখো, কাকে নিয়ে এসেছি।'
যা হবার --- হৈহৈ করে আসর জমে গেল। দেখা না হলেও কাজীদার বাড়ির খবর হাঁড়ির খবর সবই তারকদাসের কাছে থাকে তারও প্রমাণ হলো। সাথে দেখাসাক্ষাৎ আগে না থাকলেও অনন্তদার হুগলির গল্পকথায় প্রাণতোষ চট্টোপাধ্যায় আর নিবারণ ঘটকের নাম অনেকবার শোনা। অনন্তহরি মিত্র এখন এই শহরে সর্বাধিক আলোচনার বিষয়। হঠাৎ করে তাকে পুলিশে আটক করে ফেলায় কৃষ্ণনগরের বিপ্লবী যুবমহলে একটা অগোছালো বিশৃঙ্খলা দেখা দিয়েছে, ভীতিরও সঞ্চার হয়েছে। সাধনা লাইব্রেরিকে সামনে রেখে যুবদলকে সংগঠিত করে একদিকে সমাজসেবা অপরদিকে সশস্ত্র বিপ্লবের পথে উদবুদ্ধ করার এক অদ্ভুত পারদর্শিতা দেখিয়েছেন অনন্তহরি মিত্র। তাঁর অনুপস্থিতিতে সব যাতে এলোমেলো না হয়ে যায়, তারকদাস সেজন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন। অল্পসময়ের মধ্যেই প্রাণতোষকে তাঁরা কাছের মানুষ করে নিয়েছেন। নজরুলকে নিয়ে হুগলির টুকরো টুকরো কিছু মজার কথা শোনাচ্ছে প্রাণতোষ, অন্যরা হেসে লুটোপুটি খাচ্ছে --- এরকম একটা সময়ে এক দীর্ঘদেহী সুপুরুষ ঘরে প্রবেশ করলেন। তারকদাস লাফিয়ে উঠেছে --- আরে বিজয়দা! এসো এসো! প্রায় টেনে বসিয়ে দিল তাঁকে।
সাধনায় বিজয়লালের খুব একটা যাতায়াত নেই। অনন্তহরিকে বিজয়লালই একপ্রকার প্রথম ধরে নিয়ে আসেন কৃষ্ণনগরে। কিন্তু পরবর্তীতে তাঁর গুপ্ত কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে বিজয়লালের সঙ্গেও একটা দূরত্ব বাড়তে থাকে। গান্ধীজির অহিংস পন্থার প্রতি বিজয়লালের অগাধ আস্থা, সাধারণ মানুষের সম্মিলিত শক্তিই দেশের প্রকৃত শক্তি --- এই বিশ্বাস থেকে বিজয়লাল বিচ্যুত হয়নি। কিন্তু বিশ্বাস ও পন্থায় ভিন্নতা থাকলেও সেটা নিজেদের মধ্যে বিচ্ছিন্নতার কোনো প্রাচীর তোলেনি, সবার সঙ্গে সবার সদ্ভাব এবং সশ্রদ্ধ সংযোগ বজায় আছে --- কৃষ্ণনগরের এই পরিবেশ নজরুলের চোখ এড়ায় নি। ভালো লেগেছে। কিছু বলার আগেই বিজয়লালের উচ্চকণ্ঠ ঘোষণা --- হেমবাবু খবর পাঠিয়েছেন। সন্ধ্যাবেলা গুপ্তনিবাসে সাহিত্য আড্ডা। কাজীদাকে ধরে নিয়ে যেতে হবে। হুগলি থেকে বন্ধু এসেছে সে খবরও আছে --- তাঁকেও সঙ্গে নিতে হবে।
বিজয়লালের নাটকীয় বলার ভঙ্গিমায় নজরুল সশব্দে হেসে উঠলেন।
- বিজয়, তোমার হাতে বন্দী হবার আনন্দ আছে। তার উপর হেমবাবুর আহ্বান --- চলো, আমরা প্রস্তুত।
১৪
গুপ্তনিবাস --- কৃষ্ণনগরে আসার প্রথম দিনেই একঝলক দেখিয়েছিলেন হেমন্তদা। বিশাল ফটকের সামনে এসে মুগ্ধ হয়ে গেলেন নজরুল। সুরকি ঢালা লম্বা পথ, উপরে সরু সরু পাথরের কুচি ছড়ানো। বাঁদিকে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে একই মাপের সুসজ্জিত দেবদারুর সারি। ডাইনে ঠিক একই ভঙ্গিতে সারিবদ্ধ মুখোমুখি দাঁড়িয়ে আছে বিলিতি তালগাছ --- যেন কোনো রাজপুরুষকে অভ্যর্থনা জানানোর জন্য স্যালুটের কায়দায় দণ্ডায়মান এক সামরিক বাহিনী।
কোর্টের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নেদেরপাড়ার ভিতর দিয়ে আসার সময় বিজয়লাল শোনাচ্ছিলেন রাজার শহরে বিচিত্র সব পাড়ার কথা। চাষাপাড়া, মালোপাড়া, কাঠুরিয়া পাড়া, নলুয়াপাড়া, রায়পাড়া, খোড়োপাড়া, নেদেরপাড়া ইত্যাদি আরো পাড়া শহরে ছড়িয়ে আছে। এ পাড়ার লোকেরা নাকি খাজনা দিত না, তাই নাম হয়েছে না দেওয়ার পাড়া --- ক্রমশ নেদেরপাড়া। প্রাণতোষ মজা পাচ্ছিলেন বেশ। অঞ্জনার সাঁকোটা পার হয়েই ঘনবসতিটা হঠাৎ কেমন নির্জন হয়ে এলো। গাছপালা বাগানে ঢাকা গুপ্তনিবাসের সুরকিঢালা পথে হাঁটতে হাঁটতে মনে হলো যেন সম্পূর্ণ অন্য এক জগত।
বাড়ির মুখে পৌঁছানোর আগেই ভিতর থেকে দু'জন সৌম্যকান্তি ভদ্রলোক বেরিয়ে এসেছেন। দুইজনেই ঘিয়ে রঙের পাঞ্জাবিতে সুবেশিত। বিজয়লাল বললেন --- কাকু, এই নিন, আপনার কাজী সাহেবকে ধরে নিয়ে এসেছি!
পরিচয় দেবার আগেই নজরুল বুঝে গিয়েছেন -- ইনিই গৃহকর্তা হেমচন্দ্র দত্তগুপ্ত। হাত বাড়িয়ে সাদরে অভ্যর্থনা জানালেন --- আসুন আসুন। আপনার আগমনের জন্যই আমরা অপেক্ষমান। পাশের জনের সঙ্গে আলাপ করে দিয়ে বললেন --- আকবরউদ্দীন, আমার প্রতিবেশী, খুব গুণী মানুষ।
- শুধু গুণী মানুষ নয়, নেতা মানুষও বটে! পৌরসভার ভাইস চেয়ারম্যান। বিজয়লাল সংযোজন করেন।
আকবরউদ্দীন একটু লাজুক হেসে বললেন -- আসুন, ভিতরে সবাই অপেক্ষা করছেন।
সত্যিই তাই। বলতে গেলে চাঁদের হাট। বাহির বাড়ির চেহারায় যেমন একটা ইউরোপীয় ছায়া, অন্দরমহলেও একটা সাহেবিয়ানার ছাপ। বৈঠকখানাটি পরিপাটি করে গোছানো। কাচ লাগানো কালো কাঠের আলমারিতে সুশৃঙ্খল ভাবে পুস্তক সাজানো। মুখোমুখি গোল করে পাতা ভেলভেট লাগানো বেশ কয়েকটি বেতের চেয়ার এবং সোফায় আট-দশ জন মানুষ উপবিষ্ট। তার মধ্যে দুইজন ভদ্রমহিলাও আছেন। কলকাতাও নয়, কৃষ্ণনগরের মতো মফঃস্বল শুধু নয়, অতিমাত্রায় একটি রক্ষণশীল শহরে ঘরোয়া সাহিত্য সভায় মহিলাদের উপস্থিতি দেখে নজরুল যথেষ্টই বিস্মিত হলেন।
নজরুলকে নিয়ে হেমচন্দ্র প্রবেশ করতে সকলেই উঠে দাঁড়ালেন। আড়ষ্ট হওয়াটা নজরুলের ধাতে নেই, তবু কিছুটা যেন অস্বস্তি হচ্ছিল। গুপ্তনিবাসে সান্ধ্য আসর সম্পর্কে একটা শ্রদ্ধামিশ্রিত আকর্ষণ ছিল বটে, কিন্তু এরকম আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য মানসিক প্রস্তুতি ছিল না।
'আমরা আনন্দিত যে দেশনন্দিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমাদের মধ্যে পেয়েছি। বাংলা সাহিত্যে অন্য এক ধারার প্রবর্তন করেছেন তিনি। তার চেয়ে বড়ো কথা --- দেশমাতৃকার শৃঙ্খল মোচনের লক্ষ্যে বাংলার তরুণদলকে উদ্দীপিত করে চলেছেন তিনি। আমাদের সৌভাগ্য যে বর্তমানে তিনি আমাদের শহরেই বাস করছেন। এই শহরের সাহিত্য-সংস্কৃতির সুধীজনের পক্ষ থেকে আমরা তাঁকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে উপরি সংযোগ --- হুগলি থেকে এসেছেন প্রাণতোষ চট্টোপাধ্যায়। কাজী সাহেবের অন্তরঙ্গ বন্ধু এবং হুগলির মহলে যুব-জাগরণে তিনি অন্যতম অগ্রণী সাংস্কৃতিক কর্মী। তাঁকেও আমরা আজকের সান্ধ্য সাহিত্য-আসরে স্বাগত জানাচ্ছি'।
পরিশীলিত এবং ভাবগম্ভীর সম্ভাষণ দিয়ে কথা শুরু করলেন হেমচন্দ্র দত্তগুপ্ত। উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন। মহিলাদের পরিচয় পেয়ে নজরুল আরেকবার চমৎকৃত হলেন --- প্রথমজন সরোজবাসিনী গুপ্তা এবং দ্বিতীয়জন নিরুপমা দেবী। তিনি বহরমপুর নিবাসী, সরোজবাসিনীর সঙ্গে প্রগাঢ় সখ্যতা, প্রায়শই এসে দু'চার দিন কাটিয়ে যান। উপাসনা এবং প্রবাসী পত্রিকার সুবাদে দু'জনেই যথেষ্ট পরিচিত লেখক।
নজরুল এরকম ভাবগম্ভীর পরিবেশে বেশিক্ষণ কাটাতে পারেন না। ইতিমধ্যে ঘরে চা এসে যাওয়ার ফলে আসরটা একটু হাল্কা হয়ে এলো। বিজয়লাল মজা করে বললেন --- কাজীদার জন্য কিন্তু দুই কাপ!
আসরে একটা হাসির স্রোত বয়ে গেল। নজরুলও চায়ে চুমুক দিয়ে হাসতে হাসতে বললেন --- বিজয়, সুধীজনের সভায় চা-খোর বলে তুমি যতই আমার নিন্দেমন্দ কিংবা বেইজ্জতি কর, এখানে প্রাণতোষ সাক্ষী আছে, এরকম সুস্বাদু চা পেলে দুই কাপ কেন -- আমি চার কাপ খেতে প্রস্তুত!
ভাবগম্ভীর ব্যাপারটা কেটে গিয়ে পরিবেশটা মুহূর্তে যেন বদলে গেল। কাজীদাকে আড্ডায় আটকে রাখার অন্যতম উপায় হলো ঘন্টায় ঘন্টায় চায়ের সরবরাহ --- এই সুযোগে প্রাণতোষও কিছু মন্তব্য সংযোজন করে আসরে প্রবেশ করে ফেললেন। আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে নজরুল নিজেই বলা শুরু করে দিলেন।
'আপনারা যেভাবে আমাকে সম্ভাষণ এবং সম্মান জানালেন তাতে আমি আমি সত্যিই অভিভূত, কৃতজ্ঞও বটে। বিশেষতঃ এইরকম সুধীজনের উপস্থিতিতে, যেখানে সরোজবাসিনী গুপ্তা এবং নিরূপমা দেবীর মতো আমার শ্রদ্ধাভাজন গুণিজন উপস্থিত। তাঁরা শুধু সু-সাহিত্যিক নন, বর্তমান বাংলায় নারীজাতির সামনে এক আলোকবর্তিকা। এছাড়াও আমি রোমাঞ্চিত বোধ করছি যে আমরা সেই গুপ্ত-নিবাসে মিলিত হয়েছি, যে বাড়ির কথা আমরা নানাজনের কাছে নানা প্রসঙ্গে শুনে থাকি। এ বাড়িতে বিদ্যাসাগর আসতেন, ঋষি বঙ্কিমচন্দ্র, মদনমোহন তর্কালংকার, রামতনু লাহিড়ী --- বাংলার শ্রেষ্ঠ গুণিজনের আনাগোনা ছিল এই বাড়িতে। হেমন্তদার কাছে এবাড়ির কত কথা শুনেছি। সুভাষচন্দ্র কৃষ্ণনগরে এলে তাঁর সঙ্গে এই বাড়িতে রাত কাটানো, নবদ্বীপ, মুর্শিদাবাদ ঘুরে বেড়ানো, সন্যাস নেবার উদ্দ্যেশ্যে পালিয়ে দু'জনের হিমালয় ঘুরে বেড়িয়ে ফের ফিরে আসা --- সব কাহিনীর ফাঁকে ফাঁকে উঠে আসে গুপ্ত-নিবাসের কথা। শ্রদ্ধেয় উমেশচন্দ্র দত্তগুপ্ত মহাশয়কে সাক্ষাৎ দর্শনের সৌভাগ্য হয়নি (দেওয়ালে শোভিত উমেশচন্দ্রের তৈলচিত্রের প্রতি হাতজোড় করে নমস্কার জানালেন)। হেমচন্দ্র মহাশয়ের নিকট আমি সত্যই খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই আসরে আমন্ত্রণ জানানোর জন্য। তবে সবিনয়ে জানাই --- এইখানে আমাকে এক বিশিষ্টজন হিসেবে সম্মান প্রদর্শন করলে আমার প্রতি একটা অবিচার করা হয়। আমি এখন এই নগরের নাগরিক, আপনাদের প্রতিবেশী। যতই বিশিষ্টজন হোক, প্রতিবেশীকে বেশি আদর-আপ্যায়ন জানালে সন্দেহ জাগে --- প্রতিবেশী হিসেবে গ্রহণযোগ্যতা বোধহয় আমি এখনো অর্জন করতে পারি নি। সর্বশেষ যেটি বিশেষ ভাবে বলবার --- এইরকম স্বাদযুক্ত চা আরও এক-দুই কাপ পেলেই আমি অধিকতর সম্মানিত বোধ করব'।
এসব কথার পরে আসরের আনুষ্ঠানিক গাম্ভীর্য আর তেমন বজায় থাকে না। তার উপর সঙ্গে বিজয়লাল আছেন। যে কোনো সমাবেশকে সহজে নিজের আয়ত্তে নিয়ে আসায় তাঁর জুড়ি নেই। গান শোনাতে হবে, কবিতা শোনাতে হবে, নানারকম অনুরোধ।
'না, আমার গান নয়। আজকের আসরে আপনাদের গুরুদেবের একটি গান শোনাতে ইচ্ছে করছে। সেইটি শোনাই' --- এই বলে নজরুল শোনালেন 'আমার সকল রসের ধারা, তোমাতে আজ হোকনা হারা'। বিজয়লাল শোনালেন সাম্যবাদীর কবিতা --- গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান!
দুইজন নামী লেখিকার উপস্থিতি স্বভাবতই বাড়তি দৃষ্টি আকর্ষণ করে। তাঁর কোনো লেখা পড়েছেন কিনা নিরুপমা দেবী কৌতুহল প্রকাশ করলে নজরুল একপ্রকার উচ্ছ্বাস প্রকাশ করে বললেন --- নিরুপমা দেবীর 'দিদি' উপন্যাস পড়েন নি বাংলায় এরকম কোনো কবি-সাহিত্যিক আছে নাকি! বহরমপুরে এতোবার গিয়েছি, থেকেছি --- কিন্তু আপনার সাথে সাক্ষাতের সুযোগ ঘটেনি। আপনার গল্প-উপন্যাসে গ্রাম বাংলার যে ভিতরের ছবি উঠে আসে, তা দেখে আমি মুগ্ধ হই। 'দিদি' কাহিনীর শুরুতেই নির্জন বাঁশবনের আড়াল থেকে বিরহী ঘুঘু পাখির ডাকে যে একাকীত্বের সুর ভেসে আসে --- তা আমাকে অনেকক্ষণ আবিষ্ট করে রেখেছিল।
নিরুপমা দেবীর কন্ঠে বিস্ময় ঝরে পড়ে --- আপনার মনেও আছে এতোসব! সেই কবেকার লেখা।
- এমনিতে হয়ত মনে থাকার কথা নয়। কিন্তু একথা তো বাস্তব যে এখনো বাংলা সাহিত্যজগতে মহিলাদের অংশগ্রহণ খুবই কম। সুতরাং তার মধ্যে আপনাদের মতো যাঁরা উচ্চমানের সাহিত্য রচনা করেন তাঁদের প্রকাশিত লেখার প্রতি সবার একটা নজর থাকাই স্বাভাবিক। সরোজবাসিনী দেবীর সঙ্গে এই প্রথম সাক্ষাৎ হচ্ছে। কিন্তু তাঁর কবিতা তো আমি আগ্রহ সহকারে পড়ি।
সরোজবাসিনী বিস্ময় প্রকাশ করলেন, তাই নাকি? সত্যি?
- শুধু সত্যি নয়, আপনার কবিতা থেকে রূপক চুরি করে আমার গান ও কবিতায় লাগিয়ে দেবার চেষ্টা করেছি!
নজরুলের বলার ভঙ্গিতে একট কেমন চমক ছিল, সবারই উৎসুক দৃষ্টি। সরোজবাসিনী বললেন --- এটা কিন্তু বাড়াবাড়ি হলো।
'মোটেই না', নজরুল বললেন।
'অত দূরে বসি চাঁদ, পাতিয়া রূপের ফাঁদ, নির্মল কিরণ ঢালি শুভ্র শুভ্রতর, হাসিছে মধুর হাসি কেন নিরন্তর --- চাঁদের মনোহর রূপটা আসলে যে একটা ফাঁদ -- এই রূপকের এতো সহজ সুন্দর ব্যবহার আমাকে বেশ নাড়া দিয়েছিল। এখনো পূর্ণিমার জোছনা দেখলে এই লাইনগুলো চোখে সামনে ভেসে ওঠে।
বিস্ময়াবিষ্ট সরোজবাসিনী পাশে রাখা সূচীকর্মে শিল্পিত কাপড়ের ঝোলা থেকে একটি পুস্তক বার করে বললেন --- আমার এই কবিতা পুস্তকটি আপনাকে উপহার দেবার জন্য এনেছিলাম। সেই পুস্তকের কবিতা আপনি ইতিপূর্বে পড়েছেন। শুধু পড়েন নি, মনেও রেখেছেন --- আমার তো কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে! আপনি এতো ব্যস্ত মানুষ, কত ছোটাছুটি করেন --- তার মধ্যে আমার মতো এক সাধারণের লেখা পড়বার সময় পান? আশ্চর্য!
বিজয়লালের তড়িৎ উত্তর --- ও মাসি, অসাধারণ বলেই তোমার কবিতা পড়ার সময় পেয়েছে। নইলে আমিও ভেবে পাইনা --- কাজীদার তো আড্ডা দিয়েই দিন কাটে, পড়ে কখন?
ইতিমধ্যে আরও দুই প্রস্থ চা এসেছে। উপস্থিত বিভিন্নজন স্বরচিত কবিতা পাঠ করেছেন, গান শুনিয়েছেন। সরোজবাসিনী তাঁর 'প্রীতিপুষ্পাঞ্জলি' কাব্য পুস্তক নজরুলের হাতে তুলে দিলেন। প্রতি পূর্ণিমায় তাঁর বাড়িতে সাহিত্যের আসর বসে। নজরুলকে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে রাখলেন। দোল আসতে খুব বেশি দেরি নেই। ফাল্গুনী পূর্ণিমায় কলকাতা থেকে অনেকেই আসেন, বিশেষত উপাসনা পত্রিকা গোষ্ঠীর লোকজন। বহরমপুর থেকে নিরূপমাও আসবেন জানালেন।
নজরুলের উপস্থিতি মানেই সময়ের সীমারেখা থাকেনা। রাত হচ্ছে। 'কাজীদার শরীর ভালো নয়, বৌদি বকবেন' --- প্রাণতোষ বিজয়লালের কানের কাছে ফিসফিস করে শোনালেন। বিজয়লাল হেমচন্দ্রের উদ্দেশ্যে বললেন --- কাকু, এবার তো উঠতে হয়। রাত হচ্ছে। তাছাড়া কাজীদা তো থাকছেনই, আবার বসা হবে।
আনুষ্ঠানিক বিদায় পর্ব শেষ হয়ে এলে আকবরউদ্দীন এসে করমর্দন করে বললেন -- একদিন আসবেন আমার বাড়িতে। এই পাশেই। আমি গোলাপট্টিতে গিয়ে আপনাকে নিয়ে আসব।
হীরেন সিংহরায় | ২২ নভেম্বর ২০২৬ ০৬:২৪744086