এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক  উপন্যাস  শনিবারবেলা

  • ফকিরপাড়ার ভূত - পর্ব চার

    সোমনাথ রায়
    ধারাবাহিক | উপন্যাস | ২২ নভেম্বর ২০২৬ | ২৬১ বার পঠিত
  • ছবি: ঈপ্সিতা পাল ভৌমিক



    (৭)


    সেদিন ইস্কুলের গেট থেকে বেরিয়ে আমাকে দেখে সঞ্চারী এমন করে হাসল যেন আগে থেকেই আমার ওখানে আমার আসবার কথা ওর জানা ছিল। দেখা হয়ে গেলে কী কী করব সেটা অবশ্য আমি আগেই কষে রেখেছিলাম। আর, সেই অংকটা স্টেপ ধরে ধরে নামাতে শুরু করলাম। ধাপে ধাপে সংখ্যাগুলো মিলেও যাচ্ছিল বেশ সেদিন- বললাম, সামনে মোড়ের মাথাতে দারুণ চুরমুর পাওয়া যায়, নিশ্চয়ই খাবে। সঞ্চারী রাজিই ছিল। আমি যদিও বাড়ি থেকে টিফিন নিয়ে যেতাম, আমার কাছে কুড়ি টাকার একটা এমার্জেন্সি নোট সব সময়েই থাকত। একবার সাইকেলের বিয়ারিং ফেল করেছিল, তাও অনেক দূরে- সেই নীলগঞ্জ রোডের কাছে। সেখানে সাইকেল সারাতে দিয়ে এসে বাড়ি থেকে টাকা নিয়ে ফের রিকশা করে গেছিলাম সাইকেলটা ছাড়াতে। তারপর থেকে বাবা বলেছিলেন এমার্জেন্সির জন্য কিছু টাকা সব সময়ে কাছে রাখতে। অবশেষে এই একটা এমার্জেন্সি সিচুয়েশন এল বটে! সঞ্চারী চুরমুরটা পুরো শেষ করতে পারেনি। আমার হাতে চামচসুদ্ধ ওর পাতাটা ধরিয়ে দিল। বিকেলের আলোয় আমি এর আগে ওকে কখনও দেখিনি। বিকেলের অমন আলোও কি আগে কখনও দেখেছিলাম? হাঁটতে হাঁটতে আমি জেনে নিলাম ওর অংক করতে ভালোই লাগে কিন্তু সায়েন্স অতটা ভালো লাগে না, আর ক্রিকেট অতও ভালো লাগে না। বরং টিভিতে টেনিস থাকলে ও দেখে, স্টেফির খেলা থাকলে তো কথাই নেই- দেখতেই হবে। কিছুক্ষণ পরে ও বলল, বৃষ্টি আসতে পারে, তাড়াতাড়ি যে যার বাড়িতে ফিরি। সেদিন আকাশ অংশত মেঘলা ছিল- জুন মাসের মাঝামাঝি তখন। কিন্তু বৃষ্টি নামবে বলে তো বোধ হচ্ছিল না। যাই হোক, আমি আবার পেছন দিকের পথ ধরে ইস্কুলের সামনে দিয়ে ঘুরে যাচ্ছিলাম। স্কুলের মাঠের কদমগাছটা থেকে তখন হলুদ পরাগ হাওয়ায় ওড়াউড়ি।

    এরপর আমরা কোনও কোনও বিকেলে ফুচকা, চুরমুর, আলুকাবলি খেতে যেতাম। দেখলাম সঞ্চারী ইস্কুলের আশেপাশের এলাকাটা খুব ভালো করে চেনে। পুরোনো পুকুরঘাট, একদম নির্জন ভাঙা সিঁড়ির পুকুর কিম্বা বহু পুরোনো এক অট্টালিকার ধ্বংসাবশেষ- এইসব যে এইখানে আছে তা জানতামই না। স্কুলের থেকে খুব বেশি দূরেও নয় এগুলো। বলতে গেলে দু-পা হাঁটলেই পাঁচিলঘেরা বাগান আর পোড়ো বাড়ি। একদম পোড়ো বাড়িও বলা যায় না, পরিত্যক্ত একভাবে। আবার তার মধ্যে খুপরি-খুপরি ঘরে কিছু লোকজনও বাস করে। মানুষ কত জায়গায় কত ভাবে থাকে ভাবা যায় না! আমরা ঘুরে ঘুরে বেড়াতাম পোড়ো অট্টালিকা পেরিয়ে সেই পুকুরঘাটে।

    সপ্তাহে দু-দিন তো আমাদের একই কোচিং-এর পড়া থাকত। আরও দু-দিন না হোক একটা দিন অন্তত আমরা এইভাবে একসঙ্গে বিকেলে স্কুল থেকে ফিরতাম। এইপথ ওইপথ ঘুরে বৃষ্টি আসার আগেই বাড়ি ফিরে যেতাম সেই জুলাই-আগস্টে। অদ্ভুত ব্যাপার হল, আমাদের কেউ আলাদা করে নজর করেনি। কারোর বাবা-মার কাছে কোনও নালিশও যায়নি এই নিয়ে। অথচ এইসব এলাকায় কত লোকই তো আমাদের চিনত, আমাদের পরিবারকেও চিনত। আত্মীয়স্বজনের অনেকের বাড়িও এই অঞ্চলেই। কিন্তু তাদের কারোর চোখেই পড়িনি আমরা। পরে তো দেখেছি আমার দিদিকেই কলকাতার ভীড় পথে দেখে বাড়ি বয়ে কমপ্লেন জানিয়েছে আত্মীয়দের কেউ কেউ!

    সঞ্চারীকে ছোটোবেলায় নাকি ওর বাবা সাইকেলের সামনে বসিয়ে নিয়ে ঘুরে বেড়াতেন। এই রাজপ্রাসাদ, তালদিঘি, ভূত-পতরির মাঠ সবই ও অনেক ঘুরেছে ওর বাবার সঙ্গে। জমিদারদের পুরোনো হাতিশাল, যেখানে সরু সরু ইট দিয়ে তোরণের বাঁকানো খিলান করা ছিল, পুরোনো আমলের কুঠিঘর, পুরোনো রেললাইনের পাশের মজা খাল- এরকম অনেক কিছু ও চিনেছে বাবার সাইকেলে বসে। এখানে নাকি ও ছোটোবেলায় শিয়ালও দেখেছে। একটা বাঁশঝাড় ছিল, সেখানে শিয়াল ডাকত সন্ধের দিকে। সেখানে অবশ্য এখন বাঁশঝাড় পুরো সাফ করে বাড়িঘর উঠে গেছে। ওর বাবা বলেছেন, যখন প্রথম এখানে এসেছিলেন, তখন নাকি একদম অন্যরকম ছিল এইসব জায়গা। শিয়াল কেন, সজারুও ঘুরে বেড়াত। আদিবাসীরা সজারু শিকার করে খেতও। বেশ কয়েকঘর আদিবাসীও নাকি থাকত এখানে তখন। পূর্ণিমার রাতে তারা মাদল বাজাত, অনেক দূর থেকে, এমনকি ওদের সূর্যসেনপল্লীর বাড়ি থেকেও শোনা যেত মাদলের আওয়াজ। এরকম একটা জায়গায় আমিও অবশ্য আগে গেছিলাম। গতবছর নেহেরুকলোনির সঙ্গে ক্রিকেট ম্যাচ ছিল এয়ারপোর্টের মাঠে। ওইখানে যাওয়ার পথটা ছিল একটা উঁচু ঢিপির ওপর দিয়ে, আদিবাসী পাড়ার মধ্যে দিয়ে পৌঁছতে হত সেখানে।

    একদিন ইস্কুলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মারা গেছেন বলে আমাদের হাফছুটি হয়ে গেল। বয়েজ আর গার্লস দুটোরই ছুটি হল। আমরা সেদিন আবার ঘুরতে বেরোলাম। আমাদের ইস্কুলের পাড়া মানে বিবেকনগর থেকে বেরিয়ে ওদের সূর্যসেনপল্লীতে ঢোকার মুখে খাল পড়ে একটা। খালের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলে অ্যাসবেস্টাসের চাল দেওয়া কয়েকটা বাড়ি। বাড়িগুলোর উঠোনের ওপর দিয়েই এগোতে হবে কিছুটা। এই রাস্তাতেই আমি ম্যাচ খেলতে এয়ারপোর্ট গিয়েছিলাম গেলবছর। সঞ্চারী বুঝতে পারছিল না এইটা কোথায় ওকে নিয়ে এলাম আমি! তখন, দুপুরবেলা, এই বাড়িগুলো নিঃঝুম হয়ে আছে। এখানে কয়েকঘর সাঁওতাল থাকে। তারা পুরুষ-মহিলা সকলে কাজ করতে বেরোয় আর বাড়ির দাওয়ায় খাটিয়ার ওপরে মুরগিগুলো বসে থাকে। আমরা হেঁটে যাচ্ছি যখন মুরগিগুলো এদিক ওদিক পালাচ্ছে। ওই উঠোন ছাড়িয়ে বেরোলেই সেই ঢিপির ওপরে রাস্তাটা। ঢিপিটাতে ওঠার পর মনে হয় একটা পাহাড়ে উঠেছি। আর, ঢিপির দু-পাশেই খাত, তাতে জল জমে আছে। সঞ্চারী বলছিল, ঢিপিটা উঁচু করতে দু-দিক থেকে মাটি কেটেছে নিশ্চয়ই, এই জলখাতগুলো নিশ্চয়ই সেই থেকেই হয়েছে। আমি বললাম এইখান দিয়ে একটা রাস্তা যাবে শুনেছি- দিল্লি যাওয়ার রাস্তা। আমি শুনেছিলাম এরকম আরও কিছু ঢিপি আছে পেছনদিকে – ওই বাসন্তীতলার দিকটাতে, সবগুলো জুড়ে দেবে রাস্তাটা। আমরা কিছুটা এগোলাম ঢিপিটার ওপর দিয়ে। সঞ্চারীর বাড়িতে মোটর সাইকেল ডায়েরিজ বলে একটা বই আছে। দক্ষিণ আমেরিকার বিপ্লবী চে গুয়েভারা ডাক্তারি পাশ করার পর মোটর সাইকেলে সারা মহাদেশ ঘুরেছিলেন। ও বলল সেরকম যদি মোটর সাইকেল চালিয়ে এই রাস্তা ধরে বেরিয়ে পড়তে পারে! আমার বরং ইচ্ছে করছিল ওর হাত ধরে হাঁটতে। কিন্তু ইচ্ছে থাকলেও সাহসে সবটা কুলোয় না। সাহসের সীমা আবার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়। হাত ধরব কি ধরব না ভাবতে ভাবতে আমি উলটে একটা আওয়াজ দিয়ে ফেললাম যে আগে সাইকেল চালাতে শিখুক, পরে মোটর সাইকেল। সঞ্চারী বলল, ওর বাবা ওকে কোন ছোটোবেলায় সাইকেল শিখিয়ে দিয়েছেন- ওর বাড়িতে সাইকেল আছেও, এখন বেশি চালায় না যদিও। আমি বললাম, তাহলে সাইকেল নিয়ে আসুক না একদিন- আমরা অনেকটা দূর চলে যাব।

    সঞ্চারী মনে করিয়ে দিল যতদূরেই যাই না কেন বৃষ্টি নামার আগে কিন্তু বাড়ি ফিরতেই হবে। আমরা দু-জন হেসে ফেললাম তখন।

    (৮)


    বৃষ্টি নামলও বটে একদিন। পুরো শহরভাসা বৃষ্টি, আর সঙ্গে তুমুল বজ্রপাত। স্যারের বাড়ির বারান্দায় আমাদের ব্যাচটার সবাই দাঁড়িয়ে, গ্রিল ভিজিয়ে আসা ছাঁট আমাদের ব্যতিব্যস্ত করে রেখেছে।

    তার ওপর সেদিন লোডশেডিং। সব অন্ধকার হয়ে গেছে, স্যারের ঘরের মধ্যে খুব মশা আর গুমোট। তাই, আমরা ভেতরে ঢুকছি না আর, বারান্দা থেকে দাঁড়িয়ে দেখছি অন্ধকারের গায়ে সাদা সাদা বৃষ্টির স্তম্ভ ঝরে পড়ছে। বৃষ্টি থামছেও না। সেদিন শনিবার না মঙ্গলবার, মঙ্গলবারই হবে, কারণ পরের দিন সম্ভবতঃ স্কুল ছিল- যতদূর মনে পড়ে এখন। ব্যাচটাতে বুবাই পড়ত, বুবাইও আমাদের স্কুলেরই ছেলে। বুবাই একটু গলাটা খোনা করে বলে দিল- 'অন্ধকারে বারান্দাতে যে যাকে চিমটি কাটতে পারে।' অমনি উঃ, আঃ, খিকখিক, শয়তান ছেলে- এইসব শব্দ শোনা যেতে থাকল। স্যার একবার ধমক দিয়ে গেলেন। সিঁড়িতে এসে দাঁড়িয়েছিল একটা কুকুর, হেঁপো রুগির কাশির মতন শব্দ করছিল সেটা। ভেজা কুকুরের গায়ে একটা বিচ্ছিরি গন্ধ থাকে, সেটা পাচ্ছিলাম আমি। কে একটা বলল- কুকুরটাকে ঢুকিয়ে নে। প্রভাতস্যার তখন বারান্দাতেই বেরিয়ে এসেছিলেন। বললেন, ওটাকে ঢোকালে তোদের সব কটাকে বাইরে বের করে দেব আমি! অন্ধকারের মধ্যে মাঝেমাঝে শুধু বিদ্যুতের ঝলকানিতে বৃষ্টির থামগুলো ঝিলিক দিচ্ছিল। বৃষ্টির ছাঁট থেকে কেউ আমরা মাথা বাঁচাচ্ছি, কেউ ব্যাগ বাঁচাচ্ছি, কেউ বা বলছে জুতোগুলো বাইরে আছে, ভিজে একশা হচ্ছে, চামড়া পচে যাবে এত জলে। আমি সঞ্চারীর কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, অনেকটা কাছে। ওর গায়ের উত্তাপ, সেই উত্তাপ, আমি টের পাচ্ছিলাম কি?

    বৃষ্টি থামার পর আমরা বেরোলাম। ঘুটঘুট্টে অন্ধকার হয়ে আছে রাস্তাঘাট, শুধু দু-চারটে জোনাকির আলো দেখা যাচ্ছে। আশেপাশের বাড়িগুলোও কেমন শুনশান। মেঘে ঢাকা আকাশের ফাঁক দিয়ে দু-একটা তারা দেখা যাচ্ছে কি? রাস্তা পিছল হয়ে আছে। রাস্তার ধারের দিকটা দিয়ে পা চেপে চেপে হাঁটতে হচ্ছে। রাস্তায় খুব কাদা হয় এখানে। নীচু জমিতে মাটি ফেলে সেগুলো প্লট করে বিক্রি করা হচ্ছে। অনেকে বাড়িও বানাচ্ছে সেইসব জমিতে। পুকুর বুজিয়েও বাড়ি উঠেছে অনেক। অখিল দত্তগুপ্ত, আমাদের আগের পঞ্চায়েতপ্রধান, পুকুর বোজানো নিয়ে আপত্তি করছিলেন। তিনি নাকি পদ্মপুকুরের সামনের রাস্তায় শামিয়ানা খাটিয়ে বসে থাকতেন, মাটির লরি যাতে না ঢুকতে পারে। তাঁকে সেই শামিয়ানার নীচেই গুলি করে খুন করা হল। খুনিরাও নাকি শাসক দলের ঘনিষ্ঠ। অখিল দত্তগুপ্ত শুনেছি এর আগে খাল সংস্কারের জন্য অনেক কাজ করেছিলেন। বিবেকনগরে একটা কোঅপারেটিভ স্টোর ছিল, আমার ছোটোবেলায় বাবা মাসের বাজার করতেন ওই স্টোর থেকে। সেটাও অখিল দত্তগুপ্তর তৈরি করা। স্টোরের ওপরের বোর্ডে লেখাছিল বাস্তুহারা সর্বাথ-সাধক সংঘ। অখিল দত্তগুপ্ত খুন হওয়ার পরে পুকুর আর জলা সব একধারসে সব বুজে যাচ্ছে। এই নিয়ে কারুর আর কিছু বলার সাহস নেই। লরি করে মাটি আসে পুকুর ভরাট করতে আর লরির থেকে মাটি ছিটকে পরে এইসব পথে। বৃষ্টি হলে সম্পূর্ণ পিছল হয়ে যায় কাদায় মোড়া রাস্তাগুলো। এই তো ক-দিন আগে, সাইকেল নিয়ে ফিরছিলাম যখন, সাইকেলের চাকার সঙ্গে কাদা উঠে আসছিল। একসময়ে দেখি ব্রেকের কাছে এসে জমা হয়েছে কাদার মণ্ড। সাইকেল আর চলছে না, ব্রেকের জায়গায় চাকা পুরো জ্যাম হয়ে গেছে।

    আমি একভাবে পা টিপে টিপে হাঁটছি, সঞ্চারী এই অন্ধকার কাদাপথে এতটা হেঁটে ফিরতে পারবে কিনা চিন্তা হচ্ছিল। রাস্তার মাঝখানটায় কোথাও আবার জল জমে আছে, গোড়ালি ঢুবে যাচ্ছে সেই জলে। সাপখোপ বেরোয়নি আশা করি, যদিও ব্যাঙ ডাকছে প্রচুর। সঞ্চারীর হাতটা ধরে থাকলে হত, ওর সুবিধেই হত মনে হয়। হাত ধরব কি ধরব না, এই সংশয় আমার কিছুতেই কাটে না।

    এরকম চিন্তা আমার এর আগে কাউকে নিয়ে কখনওই হয়নি। বাবা মা বা দিদির সঙ্গে বেরোলে যেকোনও অসুবিধের পরিস্থতিতে আমি নিশ্চিন্ত থাকতাম, ওরাই বুঝে নেবে দরকার কিছুর থাকলে। বন্ধুদের সঙ্গে থাকলে তো কোনও পরিস্থতিই প্রতিকূল না। কিন্তু, এখন কেমন একটা টেনশন-টেনশন হচ্ছে। রাত অনেকটা হয়ে গিয়েছে। ব্যাচ শেষ হওয়ার পর তো প্রায় ঘণ্টাখানেক স্যারের বাড়িতেই আটকে ছিলাম আমরা। রাস্তাঘাটও একদম ফাঁকা তাই। কোনও লোককেই দেখছি না পথে, একটা সাইকেল বা রিকশাও দেখলাম না। সঞ্চারী তাড়াতাড়ি যেতে চাইছে, কিন্তু জল কাদায় বেশি জোরে এগোতে পারছে না। ওর বাবা নাইট ডিউটিতে বেরিয়ে যান। মা বাড়িতে ছটফট করবেন। আমার ওকে সাবধানে বাড়িতে পৌঁছে দিতে হবে। রাস্তায় বলতে গেলে কিছুই দেখা যাচ্ছে না, আবছায়ার মধ্যে দিয়ে এগোচ্ছি। আর তখন-ই, ও মা! মেঘটেঘ কেটে গিয়ে আকাশ জুড়ে পূর্ণিমার গোল চাঁদ উঠে গেল- কী আলো সেই চাঁদে! টিউবলাইটের মতন আলো ছড়িয়ে গেল বৃষ্টির সমস্ত পাড়া জুড়ে-

    সেই চাঁদের রাতে আমি সাইকেল হাঁটাতে হাঁটাতে ফিরছি সঞ্চারীর সঙ্গে। আশেপাশের বাড়িগুলো তখনও শুনশান। লোডশেডিং চলছে, তাই টিভির আওয়াজ উঠে আসছে না রাস্তায়। নির্জন পাঁচিলের গা-মুড়ে ফেলা শেওলারা চিকচিক করছে আর বর্ষণশ্রান্ত গাছের পাতারা ভিজে মুখ নীচু করে আছে মাটির দিকে। চাঁদের আলো আর গাছের ছায়ার নকশা এঁকে রেখেছে এই সিক্ত মফসসলি রাস্তায়। এত উজ্জ্বল চাঁদ, তার দিকে তাকিয়ে পরক্ষণে চোখ ঘোরালে মনে হয়- আঁধারে মিশে গেছে আর সব! শুধু চাঁদের আভায় জেগে থাকছে সঞ্চারীর গাল, তার ওপর দিয়ে ভেজা ভেজা চুলের একটা রেখা, মোটা পেন্সিলে যেন আঁকা। নতুনপাড়ার শেষদিকে রাস্তাটা বাঁয়ে বেঁকে যায়, রাস্তার ধারে গুল্মের ঝোপে লিলিফুল ফুটে আছে, চাঁদের আলোয় দেখা যাচ্ছে। মিষ্টি গন্ধ আসছে লিলিফুলের। লিলির যে গন্ধ হয় আমি আগে জানতাম না।

    আমি সাইকেলের হ্যান্ডেল ধরে হাঁটাচ্ছি সঞ্চারীর পাশে আর চারদিক ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। সেই একটা সিনেমার সিন ছিল না- প্রসেনজিৎ আর তার নায়িকা, নয়না দাশ বোধহয়, পূর্ণিমায় বনের পথ ধরে ‘সেদিন দু-জনে’ গাইতে গাইতে হাঁটছে, মাঝে মাঝে তখন টিভিতে দিত গানটা- সেরকমই যেন আমরা চলেছি। আমি ভাবছি কী বলা যায় এখন? এমনদিনেই কি বলা যায়? ভাবছি, যদি আবার বৃষ্টি নেমে যায়, একটা কোথাও দাঁড়িয়ে পড়ি কিংবা কারও একটা বাড়িতে ঢুকে পড়ি দু-জনে বৃষ্টি থেকে বাঁচতে- কেমন হয় তাহলে? তাহলে কি আরও কিছু দীর্ঘায়িত হবে এই রাত্তির, এই পথ?

    এখন কি হাত ধরা যাবে ওর?


    ক্রমশঃ


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ধারাবাহিক | ২২ নভেম্বর ২০২৬ | ২৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাঠক | ২২ নভেম্বর ২০২৬ ১০:২৯744092
  • সাগ্রহে পরের পর্বের অপেক্ষায়...
  • Somnath | ২২ নভেম্বর ২০২৬ ১০:৪৫744095
  • ধন্যবাদ, পরের পর্বে ভূত আসবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন।