এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অণুগল্প -- ভাইফোঁটা 

    Somnath mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ১০ নভেম্বর ২০২৬ | ১৬৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • অণুগল্প – ভাই ফোঁটা

    ও নির্মলা দিদি, তুমার হলো কি? ঘড়িতে এখুন সাড়ে চার বেজেছে। আর দের কোরলে উধার ভি দের হোয়ে যাবে। ফেলেট বাড়ির কাজ। মনে কোরে আধার কাডটা সোঙ্গে লিয়ে লিও। কাত্তিক দা হামাকে ফোন করে বলল তুমাকে বোলে দিতে‌। – কথাগুলো শোভার।

    ও ফুলি,ওঠ মা। শোভা মাসি কখন থেকে ডাকাডাকি করছে। তুই দরজাটা বন্ধ করে আবার না হয় খানিকক্ষণ শুয়ে থাক। এই দেখো, আধার কাডটা দেতো মা। ঐ টেরাঙ্কের ওপর রেখেছি। এসব জায়গায় নাকি ঢুকতে বেরোতে মেলা কড়াকড়ি। আমাদের বস্তি থেকে ওদিক পানে তাকালে যে উঁচা উঁচা বাড়িগুলো দেখা যায়, সেখানেই আজ কাত্তিক দার কেটারিং এর কাজ। সাবধানে থাকিস। ঘুম থেকে উঠলে ভাইটারে একটু তুলসী পাতা মধু মিশিয়ে খাইয়ে দিস্। কাল সারারাত খুব কেশেছে খক্ খক্ করে। আমি চললাম। দুগ্গা, দুগ্গা।– খুব ব্যস্ত গলায় কথাগুলো বলে দরজার বাইরে আসে নির্মলা। শোভা তখন‌ও ঠায় দাঁড়িয়ে।

    এই কানু, সোজা হয়ে শো। তুইতো সরতে সরতে আমার জায়গাটার দখল নিয়েছিস্। মা বলে গেছে তোরে তুলসী মধু খাওয়াতে। এমন কেশো রুগি পাশে থাকলে ঘুম হয়? তুই মোটে কথা শুনিসনা। নতুন নতুন ঠান্ডা পড়ছে। এই ঠান্ডায় সাঁঝবেলায় ঘুরে ঘুরে বেড়ানো ঠিক নয়। একবার ঠান্ডা বুকে বসে গেলে বিপদে পড়তে হবে।আমার কথাগুলো কি তোর কানে ঢুকলো? – ফুলি ভাইকে একটু শাসন করে। তারপর ভাইয়ের পাশে শুয়ে পড়ে। সকাল হতে আর বিশেষ দেরি নেই।

    বড়ো সড়কে পৌঁছে পায়ের গতি বাড়িয়ে দেয় নির্মলা আর শোভা। পথ যে খুব বেশি তা নয়, আসলে সময়ে পৌঁছনোই বড়ো কথা। আজকাল সব জায়গাতেই পুজোর সময় একসাথে খাওয়ানোর চল হয়েছে। দুগ্গো পুজোর পাঁচ দিন‌ই টানা কাজ ছিল ওদের। কাত্তিক দার সঙ্গে থাকলে এই হলো সুবিধা। মাসের মধ্যে পনের ষোলো দিনের কাজ একদম বাঁধা। নিয়মিত কাজ করতে পারলে কিছু রোজগার হয়।সারা বছরের খোরাকের একটা বড়ো অংশ‌ই এই সময়ের রোজগার থেকে উঠে আসে। খাওয়া দাওয়া জুটে যায় ভরপেট।ওটাই বড়ো সুবিধা।
    শোভার বর রঘুর অবশ্য একটা ছোট পান বিড়ির দোকান আছে। টুকটাক করে মন্দ চলেনা। শোভার‌ও এক ছেলে আর এক মেয়ে। শোভাই এই ক্যাটারিং কোম্পানির কাজটা জুটিয়েছে। নির্মলা তখন কয়েকটা বাড়িতে ঠিকা কাজ করে। সে সব ছেড়ে শোভার সঙ্গে জুটি বেঁধেছে। সামনে ছট পুজো। ওই সময় দিন কয়েক ছুটি নিতে হবে শোভাকে। শোভার এই রোজগারের টাকায় রঘুর কোনো ভাগ নেই। এই রোজগার একান্তই তার। এ কথাটা ভাবলে বেশ খুশি হয় শোভা। মনে কেমন একটা বল পায়।

    দিদি, এ্যাই দিদি। তুলসী পাতা আর মধু দিয়ে যা। দেখছিস্ না কেমন কাশি হয়েছে আমার। – কানু দিদিকে ডাকে। এখন ছটা বাজে। পাড়ার কলে জল আসতে এখনও খানিকটা সময় বাকি। এই ফাঁকে ঘরটায় ঝাড়ু দিয়ে নেয় ফুলি। নির্মলার অনুপস্থিতিতে তাকেই সবকিছু সামলে নিতে হয়। কানুর জন্য তুলসী পাতা আর মধু দিয়ে আসে। ভাইটা বড্ড ভোগে। দিদি বলে পাত্তাই দেয় না।

    বিরাট কাজ আজকে। শোভা আর নির্মলার দম ফেলার ফুরসত নেই আজ। আটশো লোকের কাজ। আমিষ নিরামিষ দু রকমের ব্যবস্থা। কার্তিক দার ছোটাছুটি দেখে সকলেই অবাক। খুব বড়লোকদের কারবার। এসব দেখে নির্মলা খানিকটা গুটিয়ে যায়। শোভার অবশ্য তেমন হেলদোল নেই। নিউ মার্কেট থেকে আনা ভেটকির ফিলে আর তপসে মাছগুলোকে ধুয়ে ধুয়ে রাখছিল ওরা দুজন। কতোদিন পর তপসে মাছ দেখছে নির্মলা ! বাড়ির কথা মনে পড়ে। আসার সময় কানুটা খুব কাশছিল। ছেলেটা বড়ো রুগ্ন শরীরের, ঠিক ওর বাপের ধাত পেয়েছে। বাপটাতো চলেই গেল অসময়ে।

    – দিদি, এই দিদি! কাল ভাইফোঁটা না!
    – হ্যাঁ,কাল ভাইফোঁটা।
    – তুই আমারে ফোঁটা দিবিনা?
    – দেবো।
    – কি কি খাওয়াবি আমারে ?
    – আগেই খাওয়ার কথা ?
    – আমাদের মতো ভুখা পেটে থাকা মানুষের আর কি আছে ?
    – দ্যাখ! মা কখন ফেরে। কাজটা নাকি খুব বড়ো, অনেক
    লোক খাওয়া দাওয়া করবে।
    – তাহলে তো মালকড়ি ভালোই মিলবে।আচ্ছা দিদি! তোকে
    একটা কথা জিজ্ঞেস করবো ? রেগে যাবিনা তো ?
    – কি প্রশ্ন ?
    – আচ্ছা দিদি, এসব জায়গায় আমাদের নেমতন্ন করে না
    কেন বলতো? একটু ভালো মন্দ খেতে পারি তাহলে!
    – কানু! তুই কি পাগল? কোথায় ওঁরা আর কোথায় আমরা?
    আর তাছাড়া আমাদের ওখানে ডাকবে কেন ?

    দিদির কথা শুনে কানু খানিকটা হতাশ হয়ে পড়ে।আর কথা বাড়ায় না।

    নির্মলার ফিরতে ফিরতে রাত প্রায় নটা বেজে যায়। সারাদিনে খুব ধকল গেছে।
    – এই নে ব্যাগটা ধর। বড়ো কাজের এই হলো সুবিধা। লোকে
    খায় না, খাবার নষ্ট করতে আসে। আমাদের ভাগটা বাড়ে।
    জানিস ফুলি, কতো দিন পরে তপসে মাছ দেখলাম! খাবার
    গুলো গুছিয়ে তুলে রাখ। আমি চোখ মুখে জল দিয়ে আসি

    খাবারের গন্ধে ম ম করে ছোট্ট ঘরটা। কানু এসে দিদির পাশে বসে। নাক উঁচিয়ে বড়ো করে শ্বাস নেয় সে।

    – আহা! দিদি কাল ভাইফোঁটাটা দারুন হবে। কি বলিস্ ?
    ফুলি কোনো কথা বলেনা। একটু মুচকি হেসে খাবারগুলো গুছিয়ে রাখতে থাকে।






     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন।