এই স্ফুলিঙ্গ লাগারই ছিল, কখন কবে কোথায় লাগবে এইটা নিয়ে প্রশ্ন ছিল, ভিন্নমত ছিল কিন্তু এইটা যে লাগবে তা নিয়ে কারো কোন সন্দেহ ছিল না। গোপালগঞ্জ থেকেই স্ফুলিঙ্গের শুরু বল মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এইটা স্ফুলিঙ্গ কি শুধুই স্ফুলিঙ্গ না এর মধ্যে দাবানল তৈরির ক্ষমতা রয়েছে?
যেভাবে দমন নিপীড়ন চলছিল লীগের কর্মীদের ওপরে, একটা ধাক্কা আসবে এইটা বুঝাই যাচ্ছিল। বাংলাদেশের রাজনীতিতে বিপক্ষকে নিঃশেষ করে দেওয়ার একটা প্রবণতা আছে। লীগ আমলে লীগ চেয়েছে তারা বাদে সব দেশ থেকে কর্পূরের মত উবে যাক, এখন এরা চাচ্ছে একই জিনিস। অথচ বিপক্ষকে জায়গা দিলে, কোণঠাসা না করলে সবার জন্যই তা মঙ্গল বয়ে আনত। দুই পক্ষই নিজেদের সমর্থনে শক্ত যুক্তি পেয়েছিল। লীগ মানুষকে বুঝাতে পেরেছিল বিএনপি জামাতের এপিঠ ওপিঠ, জামাত চিহ্নিত শত্রু। বিএনপি বরাবরের মত তাদের এই যুক্তিকে সত্য প্রমাণ করতে তৎপর ছিল। মানুষ নিরঙ্কুশ সমর্থন দিয়েছে তখন লীগকে। একটা নির্বাচন করে ফেলেছে (২০১৪) বিরোধী কোন শক্তি ছাড়াই, ভোট ছাড়াই এবং তা জনগণসহ দুনিয়ার মানুষ মেনেও নিয়েছে? কেন সম্ভব হয়েছে? কারণ তখন যুদ্ধাপরাধিদের বিচার চলছে, জামাত তখন দেশ দখল নেয়ার জন্য মরিয়ে হয়ে উঠেছে, বিএনপি তার সহযোদ্ধা হইছিল! ফলাফল বিনা ভোটেই লীগ আবার ক্ষমতায়। আর লীগ এইটাকে ধরে নিয়েছিল তার যা ইচ্ছা তাই করার লাইসেন্স। ফলাফল? ২৪ এসে মুখ থুবড়ে পড়া।
ঠিক একই কায়দায় বিএনপি এখন কী ভাবছে? দেশে তো লীগ বলতে কিছু নাই। এত বড় একটা আন্দোলনের পরে, যেখানে উঁচু নেতা থেকে পাতি নেতারা সব পালিয়েছে সেখানে তার ক্ষমতাকে প্রশ্ন করে এমন কেউ আছে? সে এইটাকে তার যা ইচ্ছা তাই করার লাইসেন্স বলে ধরে নিলো! অন্তর্বর্তী সরকারের সময় ইউনুস সাহেব দেখালেন তার যা ইচ্ছা তাই করার ক্ষমতা, এরপরে এখন আরেক জিয়া দেখাচ্ছে সেই খেলা। ফলাফল? আক্ষরিক অর্থেই দেশের দক্ষিণ অংশের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা চলে। গোপালগঞ্জ পদ্মা সেতুর পরেই। তারা মহাসড়ক আটক করেছে। গোপালগঞ্জ জেলায় এখন, এই মুহূর্তে আমি যতদূর জানি কোন সরকার নাই। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে বিজেবি, পুলিশ বিক্ষোভকারিদেরকে বাধা না দিয়ে সরে যাচ্ছে। যাদেরকে আটক করেছিল মানুষ তাদেরকে থানা থেকে ছিনিয়ে নিয়ে চলে আসছে। পুলিশের যতখানি কথাবার্তা শোনা যাচ্ছিল তাতে দেখা গেছে পুলিশ আত্মসমর্পণ করেছে, নরম সুরে কাওকে কিছু করা হবে না, সবাইকে ছেড়ে দিচ্ছি এমন বলছে!
অথচ এমন হওয়ার কথা ছিল না। লীগকে নিষিদ্ধ না করে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে দিলে এমন দিন আসত না। শেখ হাসিনা দেশে আসতে চায়, দুনিয়ার বুকে এমন নজির খুবই আছে। বিএনপিই এমন দল যারা তাকে শাস্তি দিতে চায় কিন্তু আসতে দিতে রাজি না! আশ্চর্য কাণ্ড না? আপনে ধরে জেলে রাখেন। নেতাদের ধরছেন, যারা গত আন্দোলনের সময় নানান অপরাধ করেছে তাদের ধরে শাস্তি দেন। কিন্তু দলটাকে রাজনীতি করতে দেন। দিলেই অসুস্থ রাজনীতির দিকে কেউ যাইত না। এখন যাচ্ছে। দেশ ক্রমশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। লীগকে স্পেস না দিলে এমন না হয়ে আসলে উপায়ও নাই।
এদের হারানোর কিছু নাই অবস্থা হয়ে গেছে। টুকটাক ঠিকাদারি করে চলত এমন ছেলেকে দেখছি ঢাকায় ফুটপাথে গার্মেন্টস থেকে বের করা প্যান্ট বিক্রি করছে ভ্যানে করে। ঠিক উল্টাটাও দেখছি, বিএনপির যে ছেলেকে আমি ঢাকায় পাবলিক বাসের টিকিট বিক্রি করতে সে এখন তিনতলা বাড়ি তুলে ফেলেছে! এই অবস্থা তো সুস্থ না। এরা এখন মরেই গেছি, দেখিই কী হয় অবস্থায় চলে গেছে সবাই।
পুলিশ ক্ষমতাসীনদের পক্ষে সব সময়। সেই সূত্রেই আগেরমতই মামলা বাণিজ্য চলছে। যত গায়েবি মামলা হয়েছে সবের পিছনের মূল কারণ এইটাই। মামলা দাও, টাকা পকেটে নিয়ে ছেড়ে দেও, আবার ধর আবার ছাড়! আমাদের জেলায় প্রতিটা বিএনপির নেতার পকেটে এই হারামের টাকা ঢুকেছে। কম আর বেশি কিন্তু ঢুকেছে। দুই চোখে যা দেখছে সব খেয়ে ফেলার জন্য উম্মুখ হয়ে রয়েছে সবাই। মানুষ তেলের দাম, গ্যাসের দাম দিতে গিয়ে মরতে বসেছে। সে কেন সরকারের পক্ষে থাকবে? লীগ সরকারের টিকে থাকার বড় একটা অস্ত্র ছিল দ্রব্যমূল্য। মানুষ খাইতে পরতে পারলে অন্য কিছু নিয়ে মাথা ঘামায় কম। এরা তো এখানে চরম ভাবে ব্যর্থ!
গোপালগঞ্জ অশান্ত। প্রধানমন্ত্রী এই বিষয়ে একটা দিক নির্দেশনা মূলক বক্তব্য দিবেন না? তিনি দিয়েছে, এবং তার মত করেই দিয়েছে! বলেছেন ভারত দেশে প্রক্সি ওয়ার চালাচ্ছে! ( অসমর্থিত সূত্র। মেইনস্ট্রিম মিডিয়ায় পাই নাই এই বক্তব্য।) স্বরাষ্ট্র মন্ত্রী মুখে খুব হুমকি ধুমকি দিচ্ছে। কিন্তু আসল ক্ষেত্রে কোন কাজই হচ্ছে না।
১৯ তারিখ লীগ আবার ধর্মঘট ডেকেছে। গত ১০ তারিখের ধর্মঘটের দিন তেমন কিছু হয় নাই। কিন্তু এখন গোপালগঞ্জের স্ফুলিঙ্গ অনেক জায়গায় গিয়ে লাগবে বলেই মনে হচ্ছে। পাশাপাশি গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলছে। একজন শ্রমিক হাসপাতালে আহাত হয়ে ছিল, সে মারা গেছে হাসপাতালে। এদিকে নতুন মজুরির ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তাই তারা আবার রাস্তায়। এদেরকে পকেটে তুলতে লীগের খুব একটা কষ্ট হবে না। ফলাফল সামনে ভয়াবহ দিন আসতেছে। কতদিন চলবে এই অবস্থা তা কেউ জানে না। গৃহযুদ্ধের দামামা শোনা যাচ্ছে চারদিকে। আমার মত শান্তির পক্ষের লোকের হয়েছে খুব বিপদ। এখন কেউ শান্তির কথা শুনতে রাজি না। এখন 'মাইর খাইছি এখন দিমু' এই চলছে। বাড়িঘর পুড়ায় দিছে, ভেঙ্গে দিছে, ঢাকায় রিকশা চালাচ্ছে এমন ছেলেকে ঠিক কী দিয়ে বুঝানো সম্ভব যে প্রতিশোধ নেওয়ার খেলাটা ঠিক খেলা না? একজন আরেকজনকে নিঃশেষ করার যে এই চেষ্টা তাতে শেষ পর্যন্ত দেশটাই শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এগুলা শোনার কেউ নাই। আমার বন্ধুরাই আমাকে বলছে চুপ করে থাক। এই জিনিস ফেরানো তোর আমার পক্ষে সম্ভব না!
দৈনিক পুলিশ নিয়ম করে টহল দেয় আমাদের এলাকায়। সব তো পালিয়েছে না হয় জেলেই আছে। এখন কী খুঁজে? আতিপাতি নেতা যারা আছে, কিংবা কোন কালে কিছু করত হয়ত এমন লোকদের ধরে নিয়ে যাচ্ছে। ছাবা ছাবা করে নিয়ে এলাকা ফাঁকা করে ফেলছে। কিছুদিন আগে লীগে এক নেতা মারা গেছে। তিনি আমাদের ওয়ার্ডে কমিশনার পদে কয়েকবার নির্বাচন করে হেরেছিলেন। কিছু হলেও জনপ্রিয়তা ছিল। এখন তার জানাজায় যারা যারা গিয়েছিল পুলিশ তাদের পিছনে লেগে তদন্ত করছে!
বল আসলে সরকারের কোর্টে। যদি সরকার তার বর্তমান নীতিতে অটল থাকে তাহলে যারা চব্বিশ দেখেছে তারা চব্বিশ পয়েন্ট টু দেখার জন্য তৈরি হতে পারেন। এই জিনিস একটু প্রলম্বিত হলেও আসতেছে যে এই ব্যাপারে নিশ্চিত। এবার কত মায়ের বুক খালি হবে এইটাই হচ্ছে প্রশ্ন।
জ্ঞান দাও প্রভু ক্ষমা কর আমাদের।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।