এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  গপ্পো

  • তিন নম্বর জানলা

    সুকান্ত ঘোষ লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ২৬ নভেম্বর ২০২৬ | ১৮ বার পঠিত
  • ১

    জলে নামার আগে তমাল গুনেছিল। গোনাটা তার পুরনো অভ্যাস, বর্ধমানের গ্রামের স্কুলে অঙ্কের মাস্টারমশাই বলতেন যে ভয় পেলে কিছু একটা গুনতে হয়, তাতে মাথাটা অন্য কাজে ব্যস্ত থাকে। সেই থেকে প্লেন ওড়ার সময় সে সিটের সারি গোনে, ডেন্টিস্টের চেয়ারে শুয়ে সিলিং-এর টাইলস গোনে, আর সেদিন সকালে সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে সে গুনেছিল জলের ভিতরে কালো ওয়েটস্যুট পরা ডুবুরিদের। গুনতে বেশি সময় লাগেনি, কারণ ডুবুরি ছিল একজন।

    ব্যাপারটা তখন তার তেমন অস্বাভাবিক মনে হয়নি, সত্যি বলতে কী। আগের দিন ক্লাসরুমে একটা স্লাইডে লেখা ছিল বটে যে হেলিকপ্টার থেকে জলের তলায় বেরিয়ে আসার এই মহড়ায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য একজন করে সেফটি ডাইভার থাকবে, মানে চারজনের ব্যাচে চারজন। তিন জনের কম ডুবুরি থাকলে এই হেলিকপ্টার থেকে জলের তলায় বেরিয়ে আসার ট্রেনিং-টা হবে না। কিন্তু স্লাইডে তো অনেক কিছুই লেখা থাকে। তমাল বাইশ বছর ধরে তেল কোম্পানিতে চাকরি করছে, স্লাইডের লেখা আর মাঠের কাজের মধ্যে যে একটা ভদ্রগোছের দূরত্ব থাকে সেটা সে জানে। সে ভেবেছিল বাকিরা হয়তো পোশাক বদলাচ্ছে, কিংবা চা খাচ্ছে, কিংবা এদেশে যেমন হয়, “সিকিৎ লাগি” অর্থাৎ আর একটু পরে এসে পড়বে।

    তবে একটা কথা তার কানে এসেছিল। পুলের ধারে ইনস্ট্রাকটর ফাদিল, যাকে সবাই চিকগু ফাদিল বলে ডাকে, মোবাইলটা কান থেকে নামিয়ে সেন্টারের ম্যানেজার কাপ্তেন রহিমকে নিচু গলায় কিছু একটা বলছিল। তমালের মালয় ভাষার দৌড় বাজারের দরদাম পর্যন্ত, কিন্তু “তিগা” মানে যে তিন, আর “বেলুম সাম্পাই” মানে যে এখনও পৌঁছয়নি, এটুকু সে বোঝে। কাপ্তেন রহিম ঘড়ি দেখলেন, একবার পুলের দিকে তাকালেন, তারপর হাতটা সামনের দিকে নেড়ে বললেন, “জালান সাজা”, মানে চালিয়ে দাও। এই দুটো শব্দের মানে তমাল সেদিন সকালে বুঝেও বোঝেনি, পুরোটা বুঝেছিল মাস দুয়েক পরে, আর তখন বোঝার দামটা অনেক বেড়ে গিয়েছিল।

    জায়গাটার কথা একটু বলা দরকার। মিরি হল সারাওয়াকের উত্তর প্রান্তে, দক্ষিণ চিন সাগরের ধারে একটা মাঝারি শহর, যার একদিকে সমুদ্র আর বাকি তিনদিকে বোর্নিওর জঙ্গল ক্রমশ ঘন হতে হতে পাহাড়ে গিয়ে মিশেছে। মালয়েশিয়ার তেলের ইতিহাস এই শহর থেকেই শুরু, শহরের মাথায় কানাডা হিলের উপর একশো বছরেরও বেশি পুরনো একটা তেলের কুয়ো এখনও সাজিয়ে রাখা আছে, লোকে তাকে আদর করে ডাকে গ্র্যান্ড ওল্ড লেডি। তমাল এখানে এসেছে আড়াই বছর আগে, নর্ডেক এনার্জি নামের এক আন্তর্জাতিক তেল কোম্পানির করোশন ইঞ্জিনিয়ার হয়ে। তার কাজ সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা প্ল্যাটফর্মের পাইপ আর ইস্পাতের কাঠামো নোনা জলে কতটা ক্ষয়ে যাচ্ছে তার হিসেব রাখা। বউ আর ছেলে থাকে কলকাতায়, ছেলের স্কুলের জন্য। তমাল থাকে পুজুত এলাকার এক ভাড়া বাড়িতে, নিজে রান্না করে, আর যেদিন রান্না করতে ইচ্ছে করে না সেদিন পাড়ার কোপিতিয়ামে গিয়ে এক বাটি সারাওয়াক লাক্সা খেয়ে আসে। নারকেলের দুধ আর চিংড়ির ঝোলে ডোবানো সেই সরু চালের নুডলস প্রথম দিন খেয়ে তার মনে হয়েছিল যে মায়ের হাতের চিংড়ির মালাইকারি কেউ ভুল করে সেমাইয়ের উপর ঢেলে দিয়েছে, এবং ভুলটা খারাপ হয়নি।

    অফশোরে যেতে গেলে একটা ট্রেনিং পাশ করতে হয়, যার পোশাকি নাম বেসিক অফশোর সেফটি ইন্ডাকশন অ্যান্ড ইমার্জেন্সি ট্রেনিং, সবাই ছোট করে বলে বোসিয়েট। তিন দিনের ব্যাপার - সার্টিফিকেটের মেয়াদ চার বছর, সময়মতো ঝালিয়ে না নিলে আবার গোড়া থেকে পুরোটা করতে হয়, আর তমালের ক্ষেত্রে ঠিক তা-ই হয়েছিল। এর আগে সে দু দেশে দুবার এই জিনিস করেছে এবং দুবারই কোনওরকমে উতরেছে। আগুন নেভানো, ধোঁয়ায় ভরা ঘর থেকে হামাগুড়ি দিয়ে বেরোনো, লাইফ র‍্যাফটে ওঠা, এইসব। তার মধ্যে যে অংশটাকে সবাই ভয় পায় সেটা হল হেলিকপ্টার আন্ডারওয়াটার এস্কেপ। সুইমিং পুলের উপর একটা ক্রেন থেকে হেলিকপ্টারের খোলের মতো একটা ইস্পাতের খাঁচা ঝোলানো থাকে, তার ভিতরে চারটে সিট আর চারটে জানলা। তোমাকে সিটবেল্ট বেঁধে বসিয়ে খাঁচাটা জলে নামানো হবে, জল গলা ছাড়িয়ে মাথার উপর উঠবে, তারপর গোটা খাঁচাটা জলের তলায় উল্টে যাবে, ঠিক যেভাবে আসল হেলিকপ্টার সমুদ্রে পড়লে মাথা ভারী বলে উল্টে যায়। তখন তুমি উল্টো হয়ে ঝুলছ, নাকে জল ঢুকছে, উপর নিচ গুলিয়ে গেছে। ওই অবস্থায় এক হাতে জানলার ফ্রেম খুঁজে নিয়ে জানলার কোণে ধাক্কা দিলে প্লাস্টিকের কাচটা খুলে বেরিয়ে যায়, তারপর বেল্ট খুলে সেই ফাঁক দিয়ে নিজেকে টেনে বার করতে হয়। উল্টো হয়ে জলের তলায় থাকতে হয় বড়জোর পঁচিশ তিরিশ সেকেন্ড, আর খাঁচা নামতে শুরু করা থেকে আবার উঠতে শুরু করা পর্যন্ত সব মিলিয়ে দেড় মিনিটের মতো, কিন্তু যার দম আটকে আসছে তার কাছে ওই পঁচিশ তিরিশ সেকেন্ডই পঁচিশ তিরিশ বছর। ডুবুরিরা থাকে সেইজন্যই। তারা পিঠে সিলিন্ডার নিয়ে খাঁচার চারপাশে ভাসে আর নজর রাখে, যতক্ষণ তুমি নিজে চেষ্টা করছ ততক্ষণ হাত লাগায় না, কিন্তু ছটফটানি শুরু হলে বা হাতের ইশারা পেলে দু সেকেন্ডে এসে টেনে বার করে আনে।

    তমালদের ব্যাচে চারজন ছিল। এক নম্বর সিটে ড্যান হার্কনেস, সান্ডারল্যান্ডের ছেলে, কোম্পানির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, লালচে চুল আর রোদে পোড়া নাক। দু নম্বরে তমাল। তিন নম্বরে জালি, পুরো নাম জালি আনাক উঙ্গান, ইবান জনজাতির ছেলে, বয়স সাতাশ, ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান। চার নম্বরে মিস্টার ওং বলে এক চুপচাপ ভদ্রলোক, অন্য এক কন্ট্রাক্টর কোম্পানির। জালিকে তমাল অফিসে চিনত, ছেলেটা সারাক্ষণ হাসত আর প্রতি শুক্রবার সন্ধ্যায় অফিসের ফুটসল দলে ড্যানের সঙ্গে খেলত। সেদিন সকালে তাদের আগে দুবার জলে নামানো হয়েছিল, খাঁচা সোজা রেখে আর জানলার কাচ খুলে রেখে, সেগুলো মোটামুটি নির্বিঘ্নে কেটেছিল। তৃতীয়বার কাচ লাগিয়ে খাঁচা উল্টে দেওয়ার পালা। সেবার খাঁচায় ওঠার আগে জালি তমালের দিকে ফিরে বুড়ো আঙুল তুলে বলেছিল, “বস, রিল্যাক্স। জানলার কোণে ধাক্কাটা মারবেন, মাঝখানে নয় – তাহলেই চট করে জানালার কাঁচটা খুলে আসবে। ”

    তমাল ঠিক মাঝখানেই মেরেছিল। খাঁচা উল্টে যাওয়ার পর তার মাথার ভিতর থেকে মাস্টারমশাই, গোনাগুনতি, ইনস্ট্রাকটরের নির্দেশ সব একসঙ্গে উধাও হয়ে গিয়েছিল, পড়ে ছিল শুধু একটা জান্তব আতঙ্ক। সে দু হাতে জানলার মাঝখানে ধাক্কা দিচ্ছিল আর জানলা নড়ছিল না। কতক্ষণ কে জানে, তারপর একটা কালো দস্তানা পরা হাত বাইরে থেকে এসে জানলার কোণটা ঠেলে খুলে দিল, আর একটা হাত তার বেল্টের বকলস টিপে তাকে কলার ধরে টেনে বার করল। জলের উপর মাথা তুলে সে শ্বাস টানতে গিয়ে দেখল শ্বাস আসছে না, নাক আর গলা দিয়ে জল ঢুকে গেছে, সে খকখক করে কাশছে আর হাত পা ছুড়ছে। ডুবুরি আজমান তাকে বগলের তলা দিয়ে ধরে পুলের কিনারা পর্যন্ত টেনে নিয়ে গেল, কিনারার রডটা তার হাতে ধরিয়ে দিল, আর মুখ থেকে রেগুলেটর খুলে বারবার জিজ্ঞেস করতে লাগল, “ওকে? ওকে?” মাথা নেড়ে হ্যাঁ বলতে তমালের কতটা সময় লেগেছিল সে জানে না। পরে সে অনেকবার হিসেব করে দেখেছে, আধ মিনিট তো বটেই, হয়তো তার বেশি।

    তখনই ড্যানের চিৎকারটা শোনা গেল। চিকগু ফাদিল সে সময় পুলের উল্টো দিকে মিস্টার ওংকে জল থেকে টেনে তুলছিলেন, ভদ্রলোকও জল খেয়েছিলেন, আর পাড়ে দাঁড়িয়ে মাথা গোনার মতো দ্বিতীয় কোনও প্রশিক্ষক সেদিন ছিল না। ড্যান পুলের কিনারা ধরে ঝুলছিল, সে জলের উপর ভেসে থাকা মাথাগুলোর দিকে আঙুল তুলে গুনছিল আর চেঁচাচ্ছিল, “থ্রি! দেয়ার্স ওনলি থ্রি অফ আস! হোয়্যার্স জালি?”

    আজমান এক ঝটকায় রেগুলেটর মুখে পুরে ডুব দিল। তারপরের সময়টা তমালের স্মৃতিতে এখনও ভেজা কাচের ওপারের ছবির মতো ঝাপসা হয়ে আছে, শুধু মনে আছে যে সেটা অসম্ভব লম্বা ছিল। জলের তলা থেকে খাঁচার গায়ে কিছু একটা ধাক্কা মারার ভোঁতা শব্দ এল, একবার, দুবার, তিনবার। তারপর আজমান ভুস করে ভেসে উঠে দু হাত মাথার উপর তুলে চেঁচাল, “আংকাত! আংকাত!” তোলো, তোলো। চিকগু ফাদিল বাঁশি বাজাতে বাজাতে ক্রেনের সুইচ হাতে দাঁড়ানো লোকটার দিকে দৌড়লেন। ক্রেনের মোটরের গোঁ গোঁ শব্দ, জল থেকে ধীরে ধীরে উঠে আসা খাঁচা, আর তার ভিতরে তিন নম্বর সিটে বেল্টে বাঁধা অবস্থায় ঝুলে থাকা কমলা রঙের কভারঅল পরা একটা শরীর, যার হাত দুটো তখনও জানলার দিকে বাড়ানো।

    ২

    পুলের ধারে জালিকে শুইয়ে বুকে চাপ দেওয়া হচ্ছিল। কেউ একজন দৌড়ে হলুদ রঙের একটা বাক্স নিয়ে এল, হার্টে শক দেওয়ার যন্ত্র, সেটা খুলতেই পিঁক পিঁক করে একটা শব্দ হতে লাগল আর যন্ত্রের ভিতর থেকে এক রেকর্ড করা মহিলাকণ্ঠ শান্ত গলায় বলে চলল, “লো ব্যাটারি, লো ব্যাটারি। ” তমাল ভেজা গায়ে তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে ছিল, তার হাঁটু কাঁপছিল। দেওয়ালে একটা বড় গোল ঘড়ি ছিল, সাদা ডায়াল, কালো কাঁটা। ড্যান সেই ঘড়ির দিকে একবার তাকিয়েছিল, তমাল সেটা লক্ষ্য করেছিল কিন্তু কেন তাকিয়েছিল তখন ভাবেনি।

    মিনিট পাঁচেকের মধ্যে বাকি শিক্ষার্থীদের, মানে বারোজনের মধ্যে এগারোজনকে, পুল থেকে সরিয়ে দোতলার ক্লাসরুমে নিয়ে যাওয়া হল। বলা হল পোশাক বদলে এখানেই বসুন, বাইরে বেরোবেন না, অ্যাম্বুলেন্স আসছে, অযথা ভিড় করলে কাজে অসুবিধা হবে। সবার মোবাইল আর হাতঘড়ি সকালেই রিসেপশনের লকারে জমা নেওয়া হয়েছিল, বলা হল ওগুলো পরে ফেরত দেওয়া হবে। কথাটা যুক্তিসঙ্গত শোনাল, আর তখন কারও তর্ক করার মতো মনের অবস্থাও ছিল না। ক্লাসরুমে এসি চলছিল আঠারো ডিগ্রিতে, ভেজা চুলে সবাই ঠকঠক করে কাঁপছিল, আর হোয়াইটবোর্ডে আগের দিনের লেখাটা তখনও মোছা হয়নি, “সেফটি ইজ এভরিওয়ানস রেসপন্সিবিলিটি। ”

    ড্যান বসেনি। সে জানলার কাছে দাঁড়িয়ে নিচের পার্কিং-এর দিকে তাকিয়ে ছিল। অনেকক্ষণ পর, তমালের হিসেবে অন্তত আধ ঘণ্টা তো বটেই, একটা সাদা ভ্যান খুব জোরে গেট দিয়ে ঢুকে পুলের পিছনের দিকে চলে গেল। তার খানিক পরে এল অ্যাম্বুলেন্সের সাইরেন।

    - ভ্যানটা দেখলে? ড্যান জিজ্ঞেস করল, জানলা থেকে চোখ না সরিয়ে।

    - কোন ভ্যান?

    - সাদা হাইএস। অ্যাম্বুলেন্সের আগে ঢুকল। ওতে কারা এল বলো তো?

    তমাল কিছু বলেনি। তার তখন একটাই চিন্তা মাথায় ঘুরছিল, যেটা সে কাউকে বলতে পারছিল না, এমনকী নিজেকেও পুরোটা বলতে পারছিল না। ডুবুরি একজনই ছিল, আর সেই একজন ব্যস্ত ছিল তাকে নিয়ে। সে যদি জানলার কোণে মারত, সে যদি পনেরো সেকেন্ডে বেরিয়ে আসত, তাহলে আজমানের চোখ দুটো হয়ত খাঁচার উল্টো দিকে তিন নম্বর জানলার উপর থাকত।

    জালিকে মিরি হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছিল দুপুর বারোটা চল্লিশে। খবরটা ক্লাসরুমে এনেছিলেন কাপ্তেন রহিম নিজে। ভদ্রলোক এককালে নৌবাহিনীতে ছিলেন, সেই থেকে সবাই কাপ্তেন বলে, টানটান চেহারা, ছাঁটা গোঁফ, কথা বলেন ধীরে আর মেপে। তিনি বললেন যে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছেলেটির জলের তলায় হঠাৎ হার্টের কোনও সমস্যা হয়েছিল, সেফটি ডাইভাররা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করেছে কিন্তু শেষরক্ষা হয়নি। “ডাইভাররা” শব্দটা তিনি বহুবচনে বললেন, এবং খুব স্বাভাবিকভাবে বললেন। ট্রেনিং আপাতত স্থগিত।

    পরদিন সকালে সবাইকে আবার সেন্টারে ডাকা হল, পুলিশ আর কোম্পানির তদন্তের জন্য বয়ান লাগবে। প্রত্যেকের সামনে এক পাতার একটা ছাপানো কাগজ রাখা হল, মালয় আর ইংরেজি দু ভাষায়। তাতে লেখা যে আমি অমুক তারিখে অমুক ব্যাচে প্রশিক্ষণে উপস্থিত ছিলাম, মহড়ার আগে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছিল, মহড়ার সময় জলে সেফটি ডাইভার উপস্থিত ছিল, এবং ঘটনার পর প্রশিক্ষকরা দ্রুত ব্যবস্থা নেন। নিচে সইয়ের জায়গা। তমাল বাক্যটা তিনবার পড়েছিল। জলে সেফটি ডাইভার উপস্থিত ছিল। ইংরেজিতে লেখা ছিল “সেফটি ডাইভারস ওয়্যার প্রেজেন্ট”, বহুবচন, কিন্তু কোনও সংখ্যা নেই। কথাটা পুরো মিথ্যে নয়। একজন তো ছিলই। যে লিখেছে সে জানত কী লিখছে।

    তমাল সই করেছিল। তার ওয়ার্ক পারমিটের মেয়াদ ছিল কোম্পানির হাতে, ছেলের স্কুলের মাইনে ছিল তার মাইনের হাতে, আর সে নিজেকে বুঝিয়েছিল যে সে তো কোনও মিথ্যে কথায় সই করছে না। মানুষ নিজেকে যত ভালো বোঝাতে পারে অন্য কাউকে তত পারে না।

    ড্যান সই করেনি। সে পকেট থেকে নিজের কলম বার করে ছাপানো বাক্যটা কেটে দিয়ে তার পাশে গোটা গোটা অক্ষরে লিখেছিল, “আমি জলে একজন ডাইভার দেখেছি। একজন। ” তারপর তারিখ দিয়ে সই করে কাগজটার একটা ছবি তুলে নিয়েছিল নিজের ফোনে। রিসেপশনের মেয়েটি আপত্তি করতে গিয়েও ড্যানের মুখের দিকে তাকিয়ে চুপ করে গিয়েছিল।

    ৩

    তদন্ত চলল আড়াই সপ্তাহ। কোম্পানির পক্ষ থেকে একটা কমিটি হল, তার মাথায় রইলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দাতো জাইনাল। স্থানীয় সব ব্যাপার, সরকারি দপ্তর, কন্ট্রাক্টর, জমি, ইউনিয়ন, এগুলো তিনিই দেখেন। ম্যানেজিং ডিরেক্টর গ্রেগ হলওয়ে অস্ট্রেলিয়ার লোক, বছর দুয়েক হল এসেছেন, আর বছর দেড়েক পরে অন্য দেশে চলে যাবেন, এই ধরনের পদে যেমন হয়। ড্যান কমিটিকে লিখেছিল যে সে প্রত্যক্ষদর্শী, তার বক্তব্য শোনা হোক। উত্তর এসেছিল যে আপনার লিখিত বয়ান আমরা পেয়েছি, প্রয়োজন হলে ডাকা হবে, আর তদন্ত চলাকালীন এ বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা থেকে বিরত থাকুন। তাকে ডাকা হয়নি।

    চৌঠা জুলাই, শুক্রবার, বিকেলের দিকে সবার মেলবক্সে এক পাতার একটা সারসংক্ষেপ এল। তমাল সেটা পড়েছিল অফিসের প্যান্ট্রিতে দাঁড়িয়ে, হাতে থ্রি ইন ওয়ান কফির কাপ। তাতে লেখা ছিল যে সতেরোই জুন সকাল এগারোটা বেয়াল্লিশ মিনিটে হেলিকপ্টার এস্কেপ মহড়া চলাকালীন একজন শিক্ষার্থী জলের তলায় অসুস্থ হয়ে পড়েন। চারজন সেফটি ডাইভার এক মিনিটেরও কম সময়ের মধ্যে তাঁকে জল থেকে তুলে আনেন। এগারোটা চুয়াল্লিশে অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং এগারোটা সাতান্নয় অ্যাম্বুলেন্স পৌঁছয়। ময়নাতদন্তে মৃতের হৃৎপিণ্ডের বাঁ দিকের পেশি স্বাভাবিকের চেয়ে পুরু পাওয়া গেছে, যা থেকে অনুমান করা যায় যে তাঁর আগে থেকেই একটি অজানা হৃদরোগ ছিল। জলের তলায় দম বন্ধ রাখার ধকলে তাঁর হৃদ্‌যন্ত্র আচমকা বিকল হয়ে যায়, এবং এ ধরনের ক্ষেত্রে মৃত্যু প্রায় তাৎক্ষণিক, দ্রুত উদ্ধার সত্ত্বেও তাই তাঁকে বাঁচানো যায়নি। প্রশিক্ষণ কেন্দ্রের পদ্ধতি ও ব্যবস্থাপনায় কোনও গুরুতর ত্রুটি পাওয়া যায়নি। সুপারিশ হিসেবে বলা হয়েছে যে ভবিষ্যতে শিক্ষার্থীদের হার্টের পরীক্ষা আরও কড়া করা হোক।

    তমাল কাগজটা দুবার পড়ল - চারজন ডাইভার, এক মিনিটেরও কম, এগারোটা বেয়াল্লিশ। প্রতিটা সংখ্যা এত পরিষ্কার আর এত নিশ্চিত যে পড়তে পড়তে তার নিজের স্মৃতিটাকেই সন্দেহ হতে লাগল। হয়তো সত্যিই চারজন ছিল, সে আতঙ্কে ভুল দেখেছে। মানুষের স্মৃতি তো জলের মতো, যে পাত্রে রাখবে তার আকার নেবে।

    সেদিন সন্ধ্যায় ড্যান তাকে টেনে নিয়ে গেল সমুদ্রের ধারের এক খোলা চত্বরের খাবারের দোকানে, যেখানে প্লাস্টিকের চেয়ারে বসে লোকে পোড়া মাছ আর সাতে খায় আর সূর্যাস্ত দেখে। মিরির সূর্যাস্ত একটা দেখার জিনিস, সমুদ্রের উপর আকাশটা প্রথমে কমলা, তারপর বেগুনি, তারপর হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, আর দূরে দিগন্তের কাছে তেলের প্ল্যাটফর্মের গ্যাস পোড়ানোর শিখাগুলো একটা একটা করে তারার মতো জ্বলে ওঠে। ড্যান অবশ্য সেদিন সূর্যাস্ত দেখছিল না।

    - জালির হার্টের সমস্যা ছিল, ড্যান বলল, গলায় একটা শুকনো হাসি নিয়ে। - তিন মাস আগে কোম্পানির নিজের ডাক্তার ওকে অফশোর মেডিক্যালে ফিট লিখে দিয়েছে। প্রতি শুক্রবার ও আমার সঙ্গে চল্লিশ মিনিট ফুটসল খেলত আর শেষ দশ মিনিটে আমাকে বলত যে বুড়ো, তুমি গোলে দাঁড়াও। সেই ছেলের হার্ট!

    - ময়নাতদন্তে তো পেয়েছে লিখছে।

    - যে লোক নিয়মিত খেলে তার হার্টের পেশি একটু পুরু হয়ই, এটা আমার মতো মিস্ত্রিও জানে। আর তিন-চার মিনিট জলের তলায় বেল্টে বাঁধা থাকলে যে কোনও হার্টই থেমে যায়, তমাল। ওটাকে হৃদরোগ বলে না, ওটাকে ডুবে মরা বলে। ময়নাতদন্তের পুরো রিপোর্টটা আমাদের কাউকে দেখানো হয়নি, খেয়াল করেছ? ওরা তার থেকে একটা লাইন তুলে এনেছে, যেটা ওদের কাজে লাগে। ফুসফুসে কী পাওয়া গেছে সে কথা ওই এক পাতার কোথাও নেই।

    তমাল চুপ করে সাতের কাঠি থেকে মাংস ছাড়াচ্ছিল। ড্যান খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে গলা নামিয়ে বলল যে সে সোমবার সোজা গ্রেগ হলওয়ের ঘরে যাবে। তমাল সঙ্গে যাবে কি না সে জিজ্ঞেস করল না, এবং তমাল কৃতজ্ঞ বোধ করল যে জিজ্ঞেস করেনি, আর কৃতজ্ঞ বোধ করার জন্য নিজের উপর তার একটু ঘেন্নাও হল।

    সোমবার, সাতই জুলাই, ড্যান গিয়েছিল। পরে সে বলেছিল যে গ্রেগ খুব মন দিয়ে শুনেছেন, দুবার বলেছেন “আই হিয়ার ইউ”, একবার বলেছেন যে তিনি বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন, এবং শেষে বলেছেন যে যেহেতু এটা স্থানীয় কন্ট্রাক্টর আর স্থানীয় কর্তৃপক্ষের ব্যাপার, তিনি দাতো জাইনালকে বলবেন ড্যানের পর্যবেক্ষণগুলো আর একবার খতিয়ে দেখতে। ড্যান বলেছিল, “লোকটা খারাপ না, জানো। ও শুধু জানতে চায় না। জানলে ওকে কিছু একটা করতে হবে, আর ওর এখানে আর আঠারো মাস বাকি। ”

    দশ দিন পর, সতেরোই জুলাই, ড্যানের কাছে একটা চিঠি এল। অভিনন্দন জানিয়ে লেখা যে কাজাখস্তানের আতিরাউ-তে কোম্পানির একটা বড় প্রকল্পে তার অভিজ্ঞতার জরুরি প্রয়োজন পড়েছে, এটা তার কেরিয়ারের পক্ষে দারুণ সুযোগ, তাকে পয়লা অগস্টের মধ্যে সেখানে যোগ দিতে হবে। দু সপ্তাহের নোটিশে বদলি এই কোম্পানিতে কেউ কখনও দেখেনি। বাড়ির লিজ ভাঙার টাকা, মালপত্র পাঠানোর খরচ, সব কোম্পানি দিচ্ছে, অত্যন্ত উদারভাবে।

    একত্রিশে জুলাই সকালে মিরির ছোট্ট এয়ারপোর্টে ড্যানকে তুলে দিতে গিয়েছিল তিনজন। তমাল, হাফিজ বলে ইনস্ট্রুমেন্ট বিভাগের এক মালয় ইঞ্জিনিয়ার, আর ফুটসল দলের গোলকিপার। চেক-ইনের লাইনে দাঁড়িয়ে ড্যান হাফিজের হাতে একটা খাম দিল, তাতে তার সেই কাটাকুটি করা বয়ানের প্রিন্ট আর হাতে লেখা দু পাতা। তারপর হাফিজের কাঁধে হাত রেখে বলল, “ঘড়িগুলো দেখো, মেট। জল থেকে উঠে আমি পুলের দেওয়ালের ঘড়িটা দেখেছিলাম। এগারোটা দশ। ওরা লিখেছে এগারোটা বেয়াল্লিশ। আধ ঘণ্টা সময় কোথাও একটা লুকিয়ে আছে, আর যেখানে সময় লুকোনো থাকে সেখানেই বাকি সব লুকোনো থাকে। ”

    ৪

    হাফিজ বিন রোসলানকে দেখলে তাকে গোয়েন্দা গল্পের নায়ক বলে মনে হওয়ার কোনও কারণ নেই। বছর চৌত্রিশের রোগা, চশমা পরা, একটু কুঁজো হয়ে হাঁটা ছেলে, জন্ম মিরির কাছেই কুয়ালা বারামের জেলেপাড়ায়, বাবার একটা মাছ ধরার নৌকো ছিল। পলিটেকনিক থেকে পাশ করে টেকনিশিয়ান হয়ে ঢুকেছিল, পরে রাতে পড়ে ডিগ্রি করে ইঞ্জিনিয়ার হয়েছে। সে কথা বলে কম, আর যখন বলে তখন বাক্যের শেষে একটা “লা” জুড়ে দেয়, এদেশে যেমন সবাই দেয়। তার বিশেষ গুণ বলতে একটাই, যেটা ভালো ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারদের থাকে। কোনও যন্ত্র ভুল মাপ দেখালে সে যন্ত্রটাকে গাল দেয় না, চুপচাপ তার ধরে ধরে উল্টো দিকে হাঁটতে থাকে, যতক্ষণ না পৌঁছয় সেই জায়গায় যেখানে ভুলটা শুরু হয়েছে।

    জালি ছিল তারই দলের টেকনিশিয়ান। আর জালির ট্রেনিং-এর মনোনয়নের ফর্মে সুপারভাইজার হিসেবে সইটা ছিল হাফিজের। এই কথাটা হাফিজ তমালকে বলেছিল এয়ারপোর্ট থেকে ফেরার পথে গাড়িতে, রাস্তার দিকে তাকিয়ে, যেন আবহাওয়ার খবর দিচ্ছে।

    - আমি ওকে পাঠিয়েছি লা, তমাল। আমার সই।

    - তুমি তো জানতে না।

    - না, জানতাম না। এখন জানতে হবে।

    তমাল জানলার বাইরে তাকিয়ে ছিল। রাস্তার দু ধারে তেল পাম গাছের সারি, তার পিছনে আকাশে বর্ষার মেঘ জমছে। সে বলতে চেয়েছিল যে হাফিজ, আমি জলে একজনকেই দেখেছি, আর সেই একজন আমাকে তুলছিল। বলতে পারেনি। তার বদলে বলেছিল যে দেখো ভাই, ড্যানের কী হল সে তো দেখলে, সাবধানে থেকো।

    হাফিজের কাছে প্রথম যে এল সে লিন্ডা। লিন্ডা অফিসের ডকুমেন্ট কন্ট্রোলার, কোম্পানির যাবতীয় কন্ট্রাক্ট, ইনভয়েস, ড্রয়িং আর পুরনো ফাইলের হিসেব তার হাতে। ইবান মেয়ে, জালির গ্রামের দিকেই বাড়ি। অফিসে সবাই জানত যে ডিসেম্বরে ওদের বিয়ের কথা, ইবানদের নবান্ন উৎসব গাওয়াই-এর সময় লংহাউসে আশীর্বাদ হয়ে গিয়েছিল। ঘটনার পর সে দশ দিন ছুটিতে ছিল, ফিরে এসে আগের মতোই কাজ করছিল, শুধু তার টেবিলের উপর রাখা ছোট ক্যাকটাসের টবটা শুকিয়ে গিয়েছিল আর সেটা সে সরায়নি।

    অগস্টের প্রথম সোমবার দুপুরে, ক্যান্টিন যখন ফাঁকা, লিন্ডা হাফিজের সামনে এসে বসল আর একটা প্লাস্টিকের ফোল্ডার ঠেলে দিল। তমাল পাশের টেবিলে নাসি লেমাক খাচ্ছিল, হাফিজ তাকে ইশারায় ডেকে নিয়েছিল, কেন কে জানে, হয়তো একজন সাক্ষী চাইছিল বলে।

    ফোল্ডারে দুটো কাগজ ছিল। প্রথমটা জালির অফশোর মেডিক্যাল সার্টিফিকেটের কপি, মার্চ মাসের, তাতে ইসিজি আর ট্রেডমিল পরীক্ষার ফল স্বাভাবিক লেখা। দ্বিতীয়টা সমুদ্রা সেফটি অ্যাকাডেমির পাঠানো জুন মাসের ইনভয়েস, যেটা প্রসেস করার জন্য লিন্ডার টেবিলে এসেছিল। তাতে সতেরোই জুনের হেলিকপ্টার এস্কেপ সেশনের খরচের মধ্যে একটা লাইন, “সেফটি ডাইভার, চার জন, পূর্ণ দিবস। ”

    - ওরা চারজনের টাকা নিচ্ছে, লিন্ডা বলল। তার গলা একদম সমান, কাঁপছে না, আর সেটাই শুনতে বেশি কষ্টের। - জালি আগের রাতে আমাকে ফোন করে বলেছিল যে কাল জলের তলার হেলিকপ্টার ট্রেনিং আছে, ভয় নেই, চারজন ডাইভার থাকে। আমি জানতে চাই চারজন কোথায় ছিল। আমি পুলিশের কাছে গিয়েছিলাম, ওরা বলল রিপোর্ট হয়ে গেছে। আমি জালির বাবা-মাকে কী বলব হাফিজ? ওরা লেখাপড়া জানে না। ওদের বলা হয়েছে ছেলের বুকে অসুখ ছিল। ওর মা আমাকে জিজ্ঞেস করেছে যে অসুখটা কি ওর দিক থেকে এসেছে, ওর রক্ত থেকে।

    হাফিজ কাগজ দুটো অনেকক্ষণ ধরে দেখল। তারপর চশমাটা খুলে শার্টের কোণে মুছে আবার পরল।

    - ইনভয়েসটা আটকে রাখতে পারবে? পেমেন্টে যেন না যায়?

    - একটা সই বাকি আছে বলে ফেরত পাঠাতে পারি। দু সপ্তাহ, বড়জোর তিন।

    - তাতেই হবে লা।

    সেই সপ্তাহের বুধবার হাফিজ ষাট রিঙ্গিত খরচ করে কোম্পানি নিবন্ধন দপ্তরের ওয়েবসাইট থেকে সমুদ্রা সেফটি অ্যাকাডেমির কাগজপত্র নামাল। এদেশে এটা যে কেউ করতে পারে, শুধু কেউ করে না। কাগজে ডিরেক্টর দুজন, কাপ্তেন রহিম আর এক অচেনা নাম। কিন্তু সত্তর শতাংশ শেয়ারের মালিক অন্য একটা কোম্পানি, গেমিলাং তুজু হোল্ডিংস। হাফিজ আরও তিরিশ রিঙ্গিত খরচ করে সেই কোম্পানির কাগজ নামাল। তার দুজন শেয়ারহোল্ডার, একজন মহিলা আর একজন পুরুষ। মহিলার নামের পাশে যে ঠিকানা, মিরির লুয়াক বে-র সমুদ্রমুখী সেই পাড়া, সেই ঠিকানায় প্রতি বছর হরি রায়ার দিন অফিসের সবাই নেমন্তন্ন খেতে যায়। ওটা দাতো জাইনালের বাড়ি। মহিলা তাঁর স্ত্রী, আর পুরুষটি, হাফিজ পরে খোঁজ নিয়ে জেনেছিল, তাঁর শ্যালক।

    তমাল হাফিজের ল্যাপটপের পর্দার দিকে তাকিয়ে অনেকক্ষণ কিছু বলতে পারেনি। যে লোকটা তদন্ত কমিটির মাথা, ট্রেনিং সেন্টারটা আসলে তারই ঘরের জিনিস। সেন্টার দোষী সাব্যস্ত হলে কোম্পানির কন্ট্রাক্ট যাবে, আন্তর্জাতিক অনুমোদন যাবে, আর বছরে কয়েক হাজার শিক্ষার্থীর মাথাপিছু সাড়ে তিন হাজার রিঙ্গিতের ব্যবসাটা এক রাতে বন্ধ হয়ে যাবে। ড্যানের বদলির চিঠিটা কেন অত তাড়াতাড়ি এসেছিল, সেটা বোঝার জন্য আর ইঞ্জিনিয়ার হওয়ার দরকার ছিল না।

    - এবার থামো হাফিজ, তমাল বলেছিল। - এটা তোমার আমার আয়ত্বের ব্যাপার নয়।

    - আয়ত্বের মাপটা তো এখনও নেওয়াই হয়নি লা, হাফিজ বলেছিল, আর ল্যাপটপ বন্ধ করেছিল।

    ৫

    ড্যানের কথাটা হাফিজের মাথায় ঘুরছিল - ঘড়িগুলো দেখো। পুলের ধারে সিসিটিভি ক্যামেরা ছিল, তমালের মনে আছে, ছাদের কোণে দুটো সাদা গম্বুজ। ক্যামেরার ছবিতে ডুবুরি গোনা যায়, আর ছবির কোণে সময়ও লেখা থাকে। তদন্তের রিপোর্টে সিসিটিভির কোনও উল্লেখ ছিল না। লিন্ডা খোঁজ নিয়ে জানাল যে কমিটির নথিতে এক লাইনের একটা নোট আছে, সেন্টারের রেকর্ডিং যন্ত্রের হার্ড ডিস্ক ঘটনার আগে থেকেই খারাপ ছিল বলে কোনও ফুটেজ পাওয়া যায়নি।

    হাফিজ যন্ত্রের লোক, সে জানে যে হার্ড ডিস্ক খারাপ হলে কেউ না কেউ সেটা বদলায়, আর যে বদলায় সে একটা বিল দেয়। লিন্ডা কোম্পানির ভেন্ডর তালিকা ঘেঁটে বার করল যে মিরির প্রায় সব অফিসে সিসিটিভি বসায় আর সারায় দু-তিনটে দোকান। তৃতীয় দোকানটায় গিয়ে হাফিজ পেয়ে গেল। ক্রোকপ এলাকার একটা সরু গলিতে আ হকের দোকান, সামনে পুরনো মনিটর আর তারের স্তূপ, ভিতরে ধূপ জ্বলছে লাল রঙের ছোট্ট ঠাকুরের আসনে। তমাল সেদিন সঙ্গে ছিল, শনিবার, নয়ই অগস্ট। হাফিজ বলেছিল চলো, ফেরার পথে কোলো মি খাওয়াব, আর তমাল নিজেকে বুঝিয়েছিল যে সে কোলো মি খেতেই যাচ্ছে।

    আ হক বছর পঞ্চাশের গোলগাল লোক, গেঞ্জির উপর দিয়ে ভুঁড়ি বেরিয়ে আছে, চোখ দুটো সারাক্ষণ নড়ছে। সমুদ্রা অ্যাকাডেমির নাম শুনে সে প্রথমে বলল যে সে কিছু জানে না, তারপর বলল যে হ্যাঁ, আঠারোই জুন সকালে তাকে ডাকা হয়েছিল, রেকর্ডারের ডিস্ক বদলাতে। হাফিজ জিজ্ঞেস করল পুরনো ডিস্কটা কি সত্যিই খারাপ ছিল। আ হক অনেকক্ষণ চুপ করে থেকে বলল যে তাকে বলা হয়েছিল খারাপ, আর বলা হয়েছিল পুরনোটা ফেলে দিতে।

    - আর তুমি ফেলে দিয়েছ?

    আ হকের চোখ দোকানের পিছনের তাকের দিকে একবার ঘুরে এল। হাফিজ সেটা দেখল, তমালও দেখল। চার টেরাবাইটের ডিস্কের দাম কম নয়, আর আ হকের মতো দোকানদার একটা চালু ডিস্ক ডাস্টবিনে ফেলে দেবে, এটা বিশ্বাস করা শক্ত। সে ওটা মুছে অন্য কাউকে বেচবে বলে রেখে দিয়েছিল, শুধু মোছার সময় পায়নি।

    হাফিজ তখন একটা কাজ করল যেটা তমাল তার কাছ থেকে আশা করেনি। সে ফোন বার করে জালির একটা ছবি দেখাল আ হককে, ফুটসলের জার্সি পরা, হাসছে। বলল যে এই ছেলেটা ওই ডিস্কের ভিতরে আছে, ওর জীবনের শেষ চার মিনিট। ওর বাবা-মা থাকে বারাম নদীর উজানে এক লংহাউসে, আর তাদের বলা হয়েছে যে ছেলে নিজের অসুখে মরেছে। আ হক ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর ভিতরে গিয়ে খবরের কাগজে মোড়া একটা ডিস্ক এনে কাউন্টারে রাখল আর বলল যে সে কিছু দেয়নি, হাফিজ কিছু নেয়নি, আর এই রেকর্ডারের ফাইল সাধারণ কম্পিউটারে খোলে না, কোম্পানির নিজস্ব সফটওয়্যার লাগে, সেটা সে সোমবার একটা পেনড্রাইভে করে দিয়ে দেবে।

    সেই রাতে হাফিজ ডিস্কটা তার বাড়িতে রেখেছিল, পড়ার টেবিলের ড্রয়ারে। সে থাকে পার্মিজায়ার এক একতলা টেরেস বাড়িতে, বউ আর চার বছরের মেয়ে নিয়ে। রবিবার ভোর রাতে, সাড়ে তিনটে নাগাদ, রান্নাঘরের জানলার গ্রিল কেটে কেউ ঢুকেছিল। টিভি নেয়নি, বউয়ের গয়না নেয়নি, টেবিলের উপর রাখা মানিব্যাগ পর্যন্ত নেয়নি। নিয়েছে শুধু অফিসের ল্যাপটপটা আর ড্রয়ারের ভিতর থেকে খবরের কাগজে মোড়া ডিস্কটা।

    তমাল খবর পেয়ে সকালে গিয়েছিল। হাফিজের বউ মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে ছিল, মুখ সাদা। হাফিজ রান্নাঘরে কাটা গ্রিলের সামনে দাঁড়িয়ে ছিল, আর তমাল দেখে অবাক হয়েছিল যে তার মুখে ভয়ের চেয়ে একটা অন্যরকম মনোযোগ বেশি, যেন সে একটা যন্ত্রের রিডিং দেখছে।

    - ওরা জানত কোথায় আছে, হাফিজ বলল। - মানে আ হক কাউকে বলেছে, নয়তো আ হকের দোকানে কেউ নজর রাখছিল। আর ডিস্কটা নিয়েছে মানে ডিস্কে কিছু ছিল। খারাপ ডিস্ক কেউ গ্রিল কেটে চুরি করে না লা।

    - হাফিজ, তোমার বাড়িতে বাচ্চা আছে।

    - আছে। সেইজন্যই তো।

    সে আর কিছু ব্যাখ্যা করেনি। তমাল পরে অনেক ভেবেছে ওই “সেইজন্যই তো” কথাটার মানে কী। হয়তো সে বলতে চেয়েছিল যে তার মেয়েও একদিন কোথাও ট্রেনিং-এ যাবে। হয়তো অন্য কিছু।

    ৬

    চুরির অভিযোগ লেখাতে হাফিজ গেল মিরি সেন্ট্রাল থানায়, আর সেখানেই ইন্সপেক্টর স্টিফেন জাবুর সঙ্গে তার আলাপ। জালির মৃত্যুর পুলিশি তদন্তের ভারও ছিল এই ভদ্রলোকের উপর, “আকস্মিক মৃত্যু” বলে যে ফাইলটা বন্ধ হয়েছে তার নিচে সইটা তাঁরই। বছর সাতচল্লিশ বয়স, ইবান, চওড়া কাঁধ, কানের পাশের চুলে পাক ধরেছে। তাঁর সঙ্গে পুলিশে ঢোকা লোকেরা এখন সবাই দু ধাপ উপরে, তিনি বাইশ বছর চাকরি করে এখনও ইন্সপেক্টর। এদেশের পুলিশে এ রকম লোক কয়েকজন থাকে, তাদের দেখলে বোঝা যায় কেন তাদের পদোন্নতি হয়নি, আর বুঝলে একটু ভরসাও হয়।

    চুরির বয়ান লিখে নেওয়ার পর ইন্সপেক্টর স্টিফেন কনস্টেবলকে চা আনতে পাঠালেন আর দরজাটা ভেজিয়ে দিলেন। হাফিজ তমালকে পরে পুরো কথোপকথনটা প্রায় হুবহু বলেছিল।

    - আপনার ল্যাপটপ আর একটা হার্ড ডিস্ক। ডিস্কে কী ছিল হাফিজ?

    - আমি জানি না, খোলার সুযোগ পাইনি। তবে কোথা থেকে এসেছিল সেটা বলতে পারি।

    হাফিজ বলল। ইন্সপেক্টর শুনলেন, টেবিলের উপর কলমটা ঘোরাতে ঘোরাতে। তারপর যা বললেন তাতে হাফিজ প্রথমে হতাশ হয়েছিল।

    - আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলি, সতেরোই জুনের ফাইল বন্ধ। ময়নাতদন্তের রিপোর্ট আছে, দশজন সাক্ষীর সই করা বয়ান আছে যে জলে ডাইভার ছিল, সেন্টারের রেজিস্টারে চারজন ডাইভারের সই আছে, অ্যাম্বুলেন্সের খাতায় লেখা আছে যে তারা পৌঁছে চারজন ডাইভারকে ভেজা ওয়েটস্যুটে দেখেছে। এই ফাইল আবার খুলতে গেলে আমাকে উপরে লিখতে হবে, আর উপর থেকে আমাকে ইতিমধ্যে দুবার ফোন করে জানতে চাওয়া হয়েছে যে আমি কেন বন্ধ করতে এত দেরি করছিলাম।

    - তার মানে আপনি কিছু করবেন না।

    - আমি তা বলিনি। আমি বলেছি এই ফাইলটা আমি খুলতে পারব না। অন্য ফাইল হলে আলাদা কথা।

    তিনি উঠে গিয়ে জানলার পর্দাটা একটু সরালেন। বাইরে বৃষ্টি নেমেছিল, বোর্নিওর সেই বৃষ্টি যা পাঁচ মিনিটে রাস্তাকে নদী বানিয়ে দেয়।

    - দু হাজার তিন সালে আমি কনস্টেবল, চাকরির তখন সাত মাস, ইন্সপেক্টর বললেন, জানলার দিকে মুখ করে। - লুতং-এর দিকে একটা ট্রেনিং সেন্টার থেকে ফোন এল, একটা ছেলে পুলের ধারে পড়ে মাথা ফাটিয়েছে। আমি সিনিয়রের সঙ্গে গিয়েছিলাম। ছেলেটার নাম রিচার্ড লাইং, চব্বিশ বছর বয়স, কায়ান জনজাতির ছেলে, বারামের উজান থেকে এসেছিল রিগে খালাসির কাজ করবে বলে। উঁচু পাটাতন থেকে জলে লাফ দেওয়ার মহড়া ছিল। পাটাতনে ওঠার সিঁড়ি আর পুলের ধারটা শ্যাওলায় সবুজ হয়ে ছিল, আমি নিজে বুট দিয়ে ঘষে দেখেছি, সাবানের মতো পিছল। রিপোর্টে লেখা হল যে ছেলেটি গরমে মাথা ঘুরে ভারসাম্য হারিয়েছিল। শ্যাওলার কথাটা আমি আমার নোটবইয়ে লিখেছিলাম। সিনিয়র বললেন ওটা কেটে দাও, পুলের ধার ভেজা তো থাকবেই। পরদিন গিয়ে দেখি পুলের ধার ব্লিচ দিয়ে ধোয়া, ঝকঝক করছে।

    - সেই সেন্টারটা?

    - তখন নাম ছিল বারাম মেরিন ট্রেনিং সেন্টার। দু বছর পর নাম বদলেছে, ঠিকানা একই। তখন ওখানে একজন জুনিয়র ইনস্ট্রাকটর ছিল, সদ্য নেভি ছেড়ে এসেছে। আমাকে খুব ভদ্রভাবে চা খাইয়েছিল। তার নাম রহিম।

    ঘরে খানিকক্ষণ শুধু বৃষ্টির শব্দ ছিল। তারপর ইন্সপেক্টর ফিরে এসে চেয়ারে বসলেন আর হাফিজের চোখের দিকে সোজা তাকালেন।

    - বাইশ বছর, হাফিজ বাবু। আমি সেই নোটবইটা ফেলিনি। আপনি আমাকে এমন কিছু এনে দিন যেটা আমি চাইলেও উপেক্ষা করতে পারব না, আর যেটা আমার উপরের লোকেরাও এক ফোনে সরিয়ে দিতে পারবে না। কাগজ, যন্ত্রের রেকর্ড, তৃতীয় পক্ষের খাতা। শুধু মানুষের কথা নয়, মানুষ কথা ফিরিয়ে নেয়। আর একটা কথা, আপনার নিজের কিছু হলে সেটা কিন্তু নতুন ফাইল।

    শেষ কথাটা তিনি এমনভাবে বললেন যে হাফিজ বুঝতে পারেনি ওটা সাবধানবাণী না ইঙ্গিত। পরে বোঝা গিয়েছিল যে দুটোই।

    লিন্ডা দু দিন কোম্পানির পুরনো নথির গুদামে কাটাল, যেখানে কাগজের বাক্সে ন্যাপথলিনের গন্ধ আর রুপোলি পোকা। দু হাজার তিনের একটা হলদে হয়ে যাওয়া ফাইল সে বার করল, বারাম মেরিন ট্রেনিং সেন্টারের সঙ্গে কোম্পানির চুক্তি নবীকরণের। রিচার্ড লাইং-এর মৃত্যুর চার মাস পরে চুক্তিটা নবীকরণ হয়েছিল, কোনও শর্ত ছাড়াই, আর কোম্পানির তরফে সুপারিশের পাতায় সই ছিল তখনকার এক তরুণ কন্ট্রাক্টস ম্যানেজারের। সইটা লিন্ডা চেনে, প্রতি মাসে পঞ্চাশটা কাগজে দেখে। এখন সেই সইয়ের নিচে লেখা থাকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর।

    ৭

    ড্যানের বদলির খবর অফিসে যেভাবে ছড়িয়েছিল তাতে দু রকম প্রতিক্রিয়া হয়েছিল। বেশিরভাগ লোক আরও চুপ করে গিয়েছিল। কিন্তু দু-তিনজনের মধ্যে উল্টোটা ঘটল, একটা বিদেশি ছেলে নিজের চাকরির ঝুঁকি নিয়ে তাদের দেশের একটা ছেলের জন্য মুখ খুলল আর তারা বসে রইল, এই লজ্জাটা তাদের হজম হচ্ছিল না। জোসেফ আর নিজাম, দুজনেই টেকনিশিয়ান, দুজনেই সেদিন অন্য ব্যাচে ছিল, হাফিজের কাছে এসে বলল যে তারা লিখে দেবে। তারা পুলের ধারে দাঁড়িয়ে নিজেদের পালার অপেক্ষা করছিল, তারা স্পষ্ট দেখেছে জলে একজন ডাইভার, আর তারা এটাও দেখেছে যে জালিকে যখন তোলা হচ্ছে তখন পুলের দেওয়ালের ঘড়িতে এগারোটা বেজে সবে কয়েক মিনিট। হাফিজ কোম্পানির সদর দপ্তরের নীতি-অভিযোগ দপ্তরে পাঠানোর জন্য একটা চিঠির খসড়া করল। ড্যান আতিরাউ থেকে হোয়াটসঅ্যাপে লিখল যে সে ওখানকার নোটারির সামনে হলফনামা করে পাঠাচ্ছে।

    চিঠিটা পাঠানো হয়নি। খসড়া হওয়ার তিন দিনের মাথায় জোসেফ সকালে উঠে দেখল তার বাড়ির গেট আর সামনের দেওয়াল জুড়ে লাল রং ছোড়া হয়েছে, ঘন, চটচটে, রক্তের মতো। এদেশে এই ভাষাটা সবাই বোঝে, সুদখোর মহাজনেরা দেনাদারদের এইভাবে মনে করিয়ে দেয়। জোসেফের কোনও দেনা ছিল না। নিজামের বউয়ের ফোনে একটা অচেনা নম্বর থেকে একটা ছবি এল, তাদের সাত বছরের ছেলে স্কুলের গেট দিয়ে ঢুকছে, পিঠে নীল ব্যাগ, সঙ্গে কোনও লেখা নেই। আর দুজনকেই তাদের ঠিকাদার সংস্থার সুপারভাইজার আলাদা করে ডেকে খুব সহৃদয়ভাবে জানাল যে ডিসেম্বরে কন্ট্রাক্ট নবীকরণের তালিকা তৈরি হচ্ছে, এই সময়টায় অযথা ঝামেলায় না জড়ানোই ভালো।

    তারা হাফিজের কাছে এসে ক্ষমা চেয়েছিল। জোসেফ কেঁদে ফেলেছিল। হাফিজ তাদের কাঁধে হাত রেখে বলেছিল ঠিক আছে, বাড়ি যাও, তোমাদের দোষ নেই। তমাল সেটা দেখেছিল আর তার মনে হয়েছিল যে ওই দুজন অন্তত একবার এগিয়ে এসে তারপর পিছিয়েছে, সে নিজে তো এগোয়ইনি।

    হাফিজের নিজের জন্য এল একটা পার্সেল, অফিসের ঠিকানায়, কুরিয়ারে। ভিতরে পরিপাটি করে ভাঁজ করা এক টুকরো সাদা সুতির কাপড়, কোনও সেলাই নেই। মুসলমানদের কাফনের কাপড়। সঙ্গে একটা ছাপানো চিরকুট, তাতে মালয় ভাষায় এক লাইন, “জলের খবর জলেই থাকুক। ” হাফিজ কাপড়টা পার্সেলসুদ্ধ ইন্সপেক্টর স্টিফেনের কাছে জমা দিয়ে এল, আর বউ-মেয়েকে পাঠিয়ে দিল কুয়ালা বারামে শ্বশুরবাড়িতে। তারপর আবার তার ধরে উল্টো দিকে হাঁটতে লাগল।

    ৮

    আধ ঘণ্টা সময় কোথায় গেল, এই প্রশ্নটা হাফিজ তার বাড়ির দেওয়ালে একটা বড় কাগজ সেঁটে লিখে রেখেছিল। তার নিচে দুটো কলাম। বাঁ দিকে রিপোর্টের সময়, ঘটনা এগারোটা বেয়াল্লিশ, অ্যাম্বুলেন্স ডাকা এগারোটা চুয়াল্লিশ, পৌঁছনো এগারোটা সাতান্ন। ডান দিকে যা তারা জানে, ড্যানের দেখা দেওয়ালঘড়ি এগারোটা দশ, জোসেফদের দেখা এগারোটার কয়েক মিনিট পর, আর তমালের মনে থাকা সেই আধ ঘণ্টার বেশি ক্লাসরুমে বসে থাকা।

    - অ্যাম্বুলেন্স ডাকার সময়টা ওরা বদলাতে পারবে না লা, হাফিজ বলল। - ওটা সরকারি কল সেন্টারের রেকর্ড, হাসপাতালের খাতা। এগারোটা চুয়াল্লিশ সত্যি। তার মানে ওরা ঘটনার সময়টাকেই পিছিয়ে এনে অ্যাম্বুলেন্স ডাকার ঠিক আগে বসিয়েছে। আসল ঘটনা এগারোটা পাঁচ-সাত নাগাদ। মানে ছেলেটাকে জল থেকে তোলার পর প্রায় চল্লিশ মিনিট ওরা অ্যাম্বুলেন্স ডাকেনি।

    - কিন্তু কেন? তমাল জিজ্ঞেস করল। - একটা লোক মরছে, চল্লিশ মিনিট কেউ বসে থাকে? ওদের তো ডাকলেই সুবিধে, বলতে পারত আমরা সঙ্গে সঙ্গে ডেকেছি।

    হাফিজ উত্তর দিল না। সে দেওয়ালের কাগজের দিকে তাকিয়ে ছিল। তমালই হঠাৎ কথাটা বলে ফেলল, আর বলার পর নিজেই চমকে উঠল।

    - সাদা ভ্যান। ড্যান জানলা দিয়ে একটা সাদা ভ্যান দেখেছিল, অ্যাম্বুলেন্সের ঠিক আগে ঢুকল, পুলের পিছন দিকে চলে গেল। ও জিজ্ঞেস করেছিল ওতে কারা এল।

    হাফিজ খুব আস্তে ঘাড় ঘোরাল তমালের দিকে। তারপর তার সেই রিডিং দেখা মুখে ধীরে ধীরে একটা অন্য ভাব ফুটে উঠল, সেটা ঠিক আনন্দ নয়, একটা সার্কিট শেষ পর্যন্ত জুড়ে গেলে মিস্ত্রির মুখে যা হয়।

    - অ্যাম্বুলেন্সের লোক এসে চারজন ডাইভারকে ভেজা স্যুটে দেখেছে। ইন্সপেক্টর বলেছিলেন। ওরা অ্যাম্বুলেন্স ডাকেনি কারণ ডাকলে অ্যাম্বুলেন্স এসে একজন ডাইভার দেখত। ওরা অপেক্ষা করছিল বাকি তিনজনের জন্য, তমাল। তিনজন অন্য কোথাও ছিল, তাদের ডেকে আনা হয়েছে, জলে নামিয়ে ভেজানো হয়েছে, তারপর ফোন করা হয়েছে। চল্লিশ মিনিট ওই জন্য।

    তমালের গা গুলিয়ে উঠেছিল। জালি পুলের ধারে শুয়ে, একটা ব্যাটারি ফুরোনো যন্ত্র পিঁক পিঁক করছে, আর কেউ একজন ঘড়ি দেখে হিসেব করছে ভ্যানটা আসতে আর কত দেরি। হয়তো প্রথম দশ মিনিটেই সব শেষ হয়ে গিয়েছিল, হয়তো হাসপাতাল কিছু করতে পারত না। কিন্তু সেটা তো কেউ জানত না, জানার চেষ্টাটাই কেউ করেনি।

    তিনজন কোথায় ছিল, সেটা বার করতে হাফিজের লাগল চার দিন, আর কাজে লাগল তার জেলেপাড়ার শিকড়। মিরিতে পেশাদার ডুবুরি হাতে গোনা, আর তারা সবাই ট্রেনিং সেন্টারের পাশাপাশি বাড়তি রোজগারের জন্য জাহাজের তলা পরিষ্কার, প্রপেলার পরীক্ষা, জেটির খুঁটি দেখা, এইসব কাজ করে। সে কাজে একদিনে যা পাওয়া যায় ট্রেনিং পুলে সারা সপ্তাহে তা হয় না। কুয়ালা বারামের শিপইয়ার্ডে সেফটি অফিসারের কাজ করে ফাইজাল, হাফিজের ছোটবেলার বন্ধু, দুজনে একসঙ্গে বাবাদের নৌকোয় জাল টেনেছে। হাফিজ তাকে কিছু ব্যাখ্যা করেনি, শুধু জিজ্ঞেস করেছিল সতেরোই জুন সকালে তোমাদের ওখানে জলের তলার কোনও কাজ ছিল কি না।

    ছিল। একটা টাগবোটের প্রপেলারে দড়ি জড়িয়ে গিয়েছিল, জরুরি কাজ, বোটটার সেদিন বিকেলে একটা বার্জ টেনে নিয়ে যাওয়ার কথা। শিপইয়ার্ডের নিয়মে জলের তলার যে কোনও কাজের জন্য একটা ছাপানো অনুমতিপত্র লাগে, পারমিট টু ওয়ার্ক, তাতে প্রত্যেক ডুবুরির নাম, পরিচয়পত্রের নম্বর আর নিজের হাতের সই থাকে, কাজ শুরু আর শেষের সময় লেখা থাকে। ফাইজাল কার্বন কপিটা বার করে দিল। তিনটে নাম। কাজ শুরু সকাল আটটা পনেরো, কাজ শেষ এগারোটা কুড়ি। আর গেটের নিরাপত্তারক্ষীর খাতায় সাদা রঙের একটা টয়োটা হাইএস ভ্যান, নম্বর লেখা, বেরিয়েছে এগারোটা চব্বিশে।

    শিপইয়ার্ড থেকে সমুদ্রা অ্যাকাডেমি গাড়িতে মিনিট কুড়ির পথ। এগারোটা চব্বিশে বেরোলে পৌঁছনো যায় এগারোটা চুয়াল্লিশ নাগাদ।

    ওই তিনটে নামই সমুদ্রা অ্যাকাডেমির সতেরোই জুনের হাজিরা খাতায় আছে, সকাল সাড়ে সাতটায় সই করা, যে খাতা পুলিশের ফাইলে জমা পড়েছে। একই লোক একই সকালে কুড়ি কিলোমিটার দূরের দুটো জলে থাকতে পারে না, এবং দুটো খাতার মধ্যে একটা খাতা এমন এক সংস্থার যার জালির মৃত্যুতে কোনও স্বার্থ নেই।

    - তৃতীয় পক্ষের খাতা, হাফিজ বলল, কাগজটার ছবি তুলতে তুলতে। - ইন্সপেক্টর এটাই চেয়েছিলেন।

    - তাহলে তো হয়েই গেল, তমাল বলল।

    - না লা। এতে প্রমাণ হয় ওরা সকালে ওখানে ছিল না। কিন্তু এগারোটা পাঁচে ঠিক কী ঘটেছিল, জালি কতক্ষণ জলের তলায় ছিল, সেটা প্রমাণ হয় না। ওরা বলবে হ্যাঁ, ডাইভার কম ছিল, সেটা প্রশাসনিক ত্রুটি, জরিমানা নিয়ে নাও, কিন্তু ছেলেটা তো মরেছে হার্টের অসুখে, এক মিনিটের মধ্যেই তো তোলা হয়েছিল। আমাকে ওই চার মিনিটটা চাই।

    ৯

    চার মিনিটটা পাওয়া গেল এমন এক জায়গায় যেখানে যারা ঘটনা চাপা দিচ্ছিল তাদের কারও চোখ যায়নি, কারণ তারা কেউ যন্ত্রের লোক নয়। তারা কাগজের রেজিস্টার নতুন করে লিখেছিল, ক্যামেরার ডিস্ক বদলেছিল, মানুষের মুখ বন্ধ করেছিল। কিন্তু হেলিকপ্টারের খাঁচাটাকে যে ক্রেন জলে নামায় আর তোলে, তার কথা কারও মনে পড়েনি।

    হাফিজের মনে পড়েছিল এক রাতে, তমালের বাড়িতে বসে। তমাল সেদিন খিচুড়ি আর ডিমভাজা করেছিল, বাইরে ঝমঝম বৃষ্টি, বোর্নিওর বৃষ্টির রাতে খিচুড়ি ছাড়া আর কিছু মানায় না, এটা সে হাফিজকে বোঝানোর চেষ্টা করছিল। হাফিজ খেতে খেতে হঠাৎ চামচ নামিয়ে জিজ্ঞেস করল যে ক্রেনের সুইচ হাতে যে লোকটা দাঁড়িয়ে ছিল, তার সামনে কি একটা ছোট পর্দাওয়ালা বাক্স ছিল, দেওয়ালে আটকানো? তমাল ভেবে বলল হ্যাঁ, একটা ধূসর রঙের বাক্স ছিল বটে, তাতে সবুজ আলো জ্বলছিল।

    - আজকালকার ক্রেন মোটরে একটা ছোট কম্পিউটার থাকে, হাফিজ বলল। - কখন নামল, কখন উঠল, কত ভার, কোনও গোলমাল হল কি না, সব নিজে থেকে লিখে রাখে, নিজের ঘড়ি ধরে। কেউ ওটা পড়ে না, শুধু সার্ভিসের সময় মিস্ত্রি নামিয়ে নেয়। মানুষ তোলার ক্রেন, আইন অনুযায়ী তিন মাস অন্তর সার্ভিস করাতে হয়।

    সমুদ্রা অ্যাকাডেমির ক্রেন সার্ভিস করে কুচিং-এর একটা সংস্থা, তাদের মিরি শাখার সার্ভিস ইঞ্জিনিয়ার চোং হাফিজের পলিটেকনিকের সহপাঠী। পরের সার্ভিসের তারিখ পড়েছিল উনিশে অগস্ট, মঙ্গলবার। হাফিজ চোংকে কোনও অন্যায় কাজ করতে বলেনি, সে শুধু বলেছিল তোমার যা নিয়ম তা-ই কোরো, শুধু পুরোটা কোরো, কিছু বাদ দিও না। চোং নিয়মমাফিক ক্রেনের কম্পিউটার থেকে গত তিন মাসের সব রেকর্ড নামাল, নিয়মমাফিক ক্রেনের ঘড়িটা নিজের ফোনের সঙ্গে মিলিয়ে নোট করল যে ওটা তিন মিনিট এগিয়ে আছে, আর নিয়মমাফিক পুরো ফাইলটা সেদিন বিকেলেই কুচিং-এর সদর দপ্তরের সার্ভারে তুলে দিল। শুধু শেষে পুরনো বন্ধুত্বের খাতিরে নিয়মটা এক জায়গায় একটু বাঁকাল, ফাইলের একটা কপি হাফিজকেও পাঠিয়ে দিল। সার্ভিস রিপোর্টের একটা কপি সে রেখে এল অ্যাকাডেমির অফিসে, তাতে এক লাইনে লেখা, “ইভেন্ট লগ ডাউনলোড করা হয়েছে। ”

    সেই রাতে হাফিজ আর তমাল ল্যাপটপের সামনে বসেছিল। পর্দায় সারি সারি সংখ্যা। সতেরোই জুনের সকালে খাঁচাটা মোট এগারোবার জলে নেমেছে আর উঠেছে। প্রথম দশবারের প্রতিটায় নামা শুরু থেকে তোলা শুরু পর্যন্ত সময় এক মিনিট দশ সেকেন্ড থেকে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে, যেমন হওয়ার কথা। এগারো নম্বর সারিতে লেখা, নামা শুরু এগারোটা ছয় মিনিট বাইশ সেকেন্ড, তোলা শুরু এগারোটা নয় মিনিট তিরিশ সেকেন্ড।

    তমাল বিয়োগটা মনে মনে করল। তিন মিনিট আট সেকেন্ড, অন্য সব বারের দ্বিগুণেরও বেশি। খাঁচা নামতে আর উল্টোতে প্রথম আধ মিনিট বাদ দিলেও জালির মাথা জলের তলায় ছিল আড়াই মিনিটের উপর, আর তার সঙ্গে যোগ হবে খাঁচাটা জল থেকে পুরো উঠে আসতে আর তাকে বেল্ট খুলে বার করতে যে সময় লেগেছে। সব মিলিয়ে চার মিনিটের কাছাকাছি, ড্যান যা আন্দাজ করেছিল। ক্রেনের ঘড়ি তিন মিনিট এগিয়ে, মানে খাঁচা আসলে উঠতে শুরু করেছে এগারোটা ছয় নাগাদ, জোসেফদের দেখা দেওয়ালঘড়ির সঙ্গে মিলে যায়। আর এগারো নম্বরের পরে সেদিন আর কোনও সারি নেই। এগারোটা বেয়াল্লিশে ক্রেন নড়েনি, কারণ এগারোটা বেয়াল্লিশে কিছু ঘটেনি, যা ঘটার ছত্রিশ মিনিট আগেই ঘটে গিয়েছিল।

    তিন মিনিট আট সেকেন্ড। তমাল সংখ্যাটার দিকে তাকিয়ে ছিল। এর মধ্যে কতটা সময় আজমান তাকে নিয়ে কাটিয়েছে, তার জানলা খুলে, তাকে কিনারায় টেনে নিয়ে গিয়ে, তার কাশি থামার অপেক্ষায়? এক মিনিট? তার বেশি? সে উঠে রান্নাঘরে গিয়ে কল খুলে মুখে জল দিল, অনেকক্ষণ ধরে।

    ফিরে এসে দেখল হাফিজ আরও একটা জিনিস বার করেছে। লিন্ডা অ্যাকাডেমির পাঠানো পুরনো কাগজপত্রের মধ্যে থেকে শিক্ষার্থীদের মতামতের ফর্মের একটা তাড়া খুঁজে পেয়েছিল, কন্ট্রাক্টের নিয়মে যেগুলো প্রতি মাসে কোম্পানিকে পাঠাতে হয় আর যেগুলো কেউ কখনও পড়ে না। জুনের প্রথম সপ্তাহের একটা ফর্মে এক শিক্ষার্থী আঁকাবাঁকা অক্ষরে লিখেছে, “তিন নম্বর জানলা খুব শক্ত, দুবার ধাক্কা দিতে হয়েছে। ” মে মাসের একটায় আর একজন, “জানলা নম্বর তিন আটকে যায়। ” কেউ কিছু করেনি। জালি বসেছিল তিন নম্বর সিটে।

    - এবার? তমাল জিজ্ঞেস করল।

    - এবার ইন্সপেক্টরের কাছে। চোং-এর সদর দপ্তর থেকে সই আর সিল দেওয়া কপিটা আসতে শুক্রবার হয়ে যাবে, সোমবার ওটা নিয়ে যাব। তার আগে রবিবার একবার লাম্বির যাব লা, মাথাটা পরিষ্কার করা দরকার। তুমি আসবে?

    ১০

    লাম্বির হিলস ন্যাশনাল পার্ক মিরি শহর থেকে আধ ঘণ্টার পথ, আর হাফিজ প্রায় প্রতি রবিবার ভোরে সেখানে হাঁটতে যায়। তমাল আগে দুবার গিয়েছে এবং দুবারই প্রতিজ্ঞা করেছে যে আর যাবে না। এ জঙ্গল আমাদের দেশের জঙ্গলের মতো নয়। এখানে গাছগুলো এত উঁচু যে মাথা তুলে তাদের ডগা দেখা যায় না, চল্লিশ পঞ্চাশ মিটার উপরে পাতার একটা ছাদ, তার ফাঁক দিয়ে আলো চুঁইয়ে নামে সবুজ হয়ে, আর নিচে সারা বছর একটা ভেজা, ভারী, পচা পাতা আর বুনো ফুলের মেশানো গন্ধ। গুঁড়ির গোড়ায় দেওয়ালের মতো চ্যাপ্টা শিকড়, মোটা লতা ঝুলছে অজগরের মতো, আর ঝিঁঝিঁর ডাক এত জোরালো যে মনে হয় কেউ কানের কাছে করাত চালাচ্ছে। গরমে আর আর্দ্রতায় দশ মিনিট হাঁটলেই জামা গায়ে লেপ্টে যায়। তার উপর জোঁক, যারা জুতোর ফিতের ফুটো দিয়েও ঢোকার রাস্তা বার করে নেয়।

    চব্বিশে অগস্ট, রবিবার, তারা পৌঁছল সকাল সাতটার একটু আগে। পার্কের অফিসে খাতায় নাম লিখিয়ে তারা ধরল লাতাক ঝরনার পথ, সেখান থেকে হাফিজের ইচ্ছে আরও উপরে পান্তু পাহাড়ের দিকে যাওয়ার। অত সকালে লোকজন বিশেষ ছিল না। পার্কিং-এ তাদের গাড়ি ছাড়া আর দুটো গাড়ি, তার একটা সাদা ভ্যান, তমাল দেখেছিল কিন্তু মিরিতে প্রতি তিনটে গাড়ির একটা সাদা ভ্যান, সে কিছু ভাবেনি।

    ঝরনা ছাড়িয়ে চড়াই শুরু হতেই তমাল পিছিয়ে পড়ল, যেমন পড়ে। হাফিজ রোগা মানুষ, পাহাড়ি ছাগলের মতো ওঠে। সে চেঁচিয়ে বলল যে উপরের বাঁকে গাছের গুঁড়ির বেঞ্চিটায় সে অপেক্ষা করবে, তমাল যেন নিজের গতিতে আসে। তমাল একটা শিকড়ের উপর বসে জলের বোতল খুলল আর নিজের হাঁটু দুটোকে মনে মনে গাল দিল।

    মিনিট দশেক পর, সে তখন সবে আবার হাঁটা শুরু করেছে, উপর থেকে দুজন লোক নেমে এল। দ্রুত পায়ে, প্রায় দৌড়ে, পিছল শিকড়ের উপর দিয়ে যেভাবে কেউ নামে না। সরু পথ, তাদের পাশ দিতে তমালকে একটা গাছের গায়ে সরে দাঁড়াতে হল। প্রথম লোকটার মাথায় টুপি, মুখ নিচু। দ্বিতীয়জন পাশ দিয়ে যাওয়ার সময় ভারসাম্য রাখতে একটা লতা ধরল, আর তার হাতের জামার হাতা কনুই পর্যন্ত উঠে গেল। কবজি থেকে কনুই পর্যন্ত একটা পুরনো উল্কি, কালচে নীল হয়ে যাওয়া, লেজ বাঁকানো একটা কাঁকড়াবিছে।

    তমাল উল্কিটা চিনত। সতেরোই জুন সকালে ওই হাত তার দিকে একটা লাইফ জ্যাকেট এগিয়ে দিয়েছিল আর জ্যাকেটের ফিতে টেনে শক্ত করে দিয়েছিল। সমুদ্রা অ্যাকাডেমির পুলের সহকারী, যে সরঞ্জাম বিলি করে আর সাদা ভ্যানটা চালায়। লোকটাও এক মুহূর্তের জন্য তমালের মুখের দিকে তাকিয়েছিল। চিনেছিল কি না বোঝা যায়নি, সে থামেনি।

    তমালের বুকের ভিতর কিছু একটা ঠান্ডা হয়ে নেমে গেল। সে হাফিজের নাম ধরে ডাকল। ঝিঁঝিঁর শব্দ ছাড়া কোনও উত্তর নেই। সে উঠতে লাগল, যত জোরে তার হাঁটু দেয় তার চেয়ে জোরে, শিকড় আঁকড়ে, দু হাতে মাটি ধরে। বাঁকের মুখে গুঁড়ির বেঞ্চিটা ফাঁকা। তার সামনে কাদায় হাফিজের নীল টুপিটা পড়ে আছে, আর পথের বাঁ দিকে, যেদিকে খাড়া ঢাল নেমে গেছে নিচের ঝোরার দিকে, ফার্ন আর চারাগাছ একটা সরলরেখায় ভাঙা, যেন ভারী কিছু গড়িয়ে গেছে।

    এইখানে এসে তমালের সামনে দুটো রাস্তা ছিল, আর সে পরে নিজের কাছে স্বীকার করেছে যে প্রথম যে চিন্তাটা তার মাথায় এসেছিল সেটা হল ওই দুজন যদি ফিরে আসে। সে হয়তো তিন সেকেন্ড দাঁড়িয়ে ছিল। তারপর সে ঢালের কিনারায় হাঁটু গেড়ে বসে গলা ফাটিয়ে চেঁচিয়েছিল, বাংলায়, কারণ ওই মুহূর্তে আর কোনও ভাষা তার মুখে আসেনি, “হাফিজ! হাফিজ, সাড়া দাও!”

    নিচ থেকে, অনেক নিচ থেকে, একটা ক্ষীণ গলা এল। তমাল ফোন বার করে দেখল সিগন্যাল নেই। সে ঢাল বেয়ে নামার চেষ্টা করল না, তার ওজন আর তার হাঁটু নিয়ে নামলে নিচে দুজন আহত লোক পড়ে থাকত। সে চেঁচিয়ে বলল যে সে লোক ডাকতে যাচ্ছে, তারপর যে পথে পঁয়ত্রিশ মিনিটে উঠেছিল সে পথে বারো মিনিটে নামল, দুবার আছাড় খেয়ে, একটা কনুই ছড়ে, পার্কের অফিস পর্যন্ত।

    দুজন বনরক্ষী দড়ি নিয়ে গিয়ে হাফিজকে তুলে এনেছিল ঘণ্টাখানেক পরে। পিছন থেকে তার ঘাড়ে আর কাঁধে ভারী কিছু দিয়ে মারা হয়েছিল, সম্ভবত কাঠের ডান্ডা, তারপর ঠেলে ফেলে দেওয়া হয়েছিল ঢালে। সে গড়িয়ে প্রায় কুড়ি মিটার নিচে একটা পড়ে থাকা গাছের গুঁড়িতে আটকে গিয়েছিল, নইলে আরও পনেরো মিটার নিচে ঝোরার পাথর। বাঁ কাঁধের হাড় ভেঙেছে, দুটো পাঁজর, কপালে আটটা সেলাই, আর সারা গায়ে জোঁক। যে জঙ্গলে রোজ সকালে পা পিছলে কেউ না কেউ পড়ে, সেখানে আর একজন পড়ে গেলে সেটা নিয়ে কে-ই বা প্রশ্ন করত।

    অ্যাম্বুলেন্সে তোলার আগে হাফিজ তমালের হাতটা ধরেছিল, ভালো হাতটা দিয়ে।

    - চোং-এর রিপোর্টের কপি, সে ফিসফিস করে বলল। - অ্যাকাডেমির অফিসে একটা রেখে এসেছিল। “লগ ডাউনলোড করা হয়েছে। ” ওরা পড়েছে লা। ওরা বুঝেছে যে একটা জিনিস ওরা ভুলে গিয়েছিল। আর চোং-এর সঙ্গে আমাকে কোপিতিয়ামে বসে থাকতে কেউ না কেউ দেখেছে।

    - চুপ করো, কথা বোলো না।

    - মুখ দেখেছ? তুমি নিচে ছিলে। ওরা তোমার পাশ দিয়ে নেমেছে।

    তমাল উত্তর দেয়নি, অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হয়ে গিয়েছিল।

    ১১

    হাসপাতালের বারান্দায় ইন্সপেক্টর স্টিফেন জাবু তমালের জন্য অপেক্ষা করছিলেন। তাঁর হাতে একটা নোটবই, নতুন, আর তমালের মনে হল তাঁর চোখে এমন একটা দৃষ্টি যা সে আগে দেখেনি, বাইশ বছর ধরে একটা বন্ধ দরজার সামনে বসে থাকা মানুষ হঠাৎ কবজায় শব্দ শুনলে যেমন তাকায়।

    - এটা নতুন ফাইল, মিস্টার তমাল, তিনি বললেন। - সংরক্ষিত বনের ভিতরে একজন মানুষকে খুনের চেষ্টা। এর সঙ্গে সতেরোই জুনের কোনও সম্পর্ক কাগজে নেই, সুতরাং এটা নিয়ে আমাকে কেউ ফোন করে বন্ধ করতে বলতে পারবে না, অন্তত প্রথম কয়েক দিন। কিন্তু আমার একজন সাক্ষী দরকার। হাফিজকে পিছন থেকে মারা হয়েছে, তিনি কাউকে দেখেননি। পার্কের খাতায় ওই দুজনের নাম নেই, ওরা অফিস খোলার আগেই ঢুকে পড়েছিল। আপনি পথে ছিলেন।

    তমাল বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ছিল। নিচে হাসপাতালের পার্কিং-এ বৃষ্টি পড়ছিল। সে ভাবছিল কলকাতায় তার ছেলের কথা, যে ক্লাস নাইনে পড়ে আর বাবাকে ভিডিও কলে জিজ্ঞেস করে বোর্নিওতে ওরাংওটাং দেখেছ কি না। সে ভাবছিল ড্যানের কথা, যে এখন কাস্পিয়ান সাগরের ধারে এক ধুলোর শহরে বসে আছে। সে ভাবছিল জোসেফের দেওয়ালের লাল রং। আর সে ভাবছিল একটা কালো দস্তানা পরা হাতের কথা, যে হাতটা তার জানলার কোণ ঠেলে খুলে দিয়েছিল, যখন খাঁচার উল্টো দিকে আর একজোড়া হাত আর একটা জানলায় ধাক্কা দিচ্ছিল আর কেউ আসেনি।

    সে দু মাস ধরে নিজেকে বুঝিয়ে এসেছে যে সে কোনও মিথ্যে বলেনি। কথাটা ঠিক। সে শুধু সত্যিটা বলেনি। আর জালির পাওনা ওই তিন মিনিট আট সেকেন্ডের একটা বড় অংশ সে নিজে খরচ করেছে, ইচ্ছে করে নয়, কিন্তু খরচ তো করেছে। সেই দেনাটা শোধ করার মতো মুদ্রা তার কাছে একটাই আছে।

    - আমি একজনকে চিনতে পেরেছি, তমাল বলল। গলাটা তার নিজের কানেই অচেনা শোনাল। - ওর ডান হাতে কবজি থেকে কনুই পর্যন্ত একটা কাঁকড়াবিছের উল্কি। ও সমুদ্রা সেফটি অ্যাকাডেমিতে কাজ করে। সতেরোই জুন ও আমাকে লাইফ জ্যাকেট পরিয়েছিল। আর ইন্সপেক্টর, আমার আর একটা বয়ান দেওয়ার আছে, পুরনোটার বদলে। সেদিন জলে ডাইভার ছিল একজন। আমি গুনেছিলাম।

    ইন্সপেক্টর লিখতে লিখতে একবার মুখ তুলে তাকালেন, কিছু বললেন না, শুধু একটু মাথা নাড়লেন।

    তারপর যা ঘটল তা ঘটল দ্রুত, একটা বাঁধের একটা পাথর সরলে যেমন হয়। উল্কিওয়ালা লোকটি, যার ডাকনাম বুজাং, ধরা পড়ল মঙ্গলবার, তার সঙ্গী বুধবার। বুজাং গোড়ায় বলেছিল সে লাম্বিরে যায়ইনি। পার্কের গেটের উল্টো দিকের পেট্রল পাম্পের ক্যামেরায় সকাল ছটা চল্লিশে অ্যাকাডেমির সাদা ভ্যান দেখা যাওয়ার পর সে আর কিছু বলেনি দু দিন। তৃতীয় দিন, যখন সে বুঝল যে খুনের চেষ্টার দায়টা তার একার ঘাড়েই চাপছে আর যারা তাকে পাঠিয়েছিল তাদের উকিল তাকে দেখতে পর্যন্ত আসেনি, তখন সে কথা বলতে শুরু করল, এবং অনেক কথা বলল। কে তাকে পাঠিয়েছিল। কে তাকে হাফিজের বাড়ির গ্রিল কাটতে বলেছিল। ডিস্কটা সে পুজুতের ব্রিজ থেকে মিরি নদীতে ফেলে দিয়েছে, সঙ্গে ল্যাপটপটাও। ডিস্কটা আর কোনওদিন পাওয়া যায়নি। তমালের মাঝে মাঝে মনে হয় যে সেটা হয়তো একদিক থেকে ভালোই হয়েছে, জালির শেষ চার মিনিট কোনও আদালতের পর্দায় চালিয়ে দেখানো হয়নি, তার মাকে সেটা দেখতে হয়নি।

    খুনের চেষ্টার তদন্তে অ্যাকাডেমিতে তল্লাশির পরোয়ানা পেতে ইন্সপেক্টরের অসুবিধা হয়নি। পুলিশ গিয়ে দেখল ক্রেনের কম্পিউটারের সব রেকর্ড মোছা, তেইশে অগস্ট রাতে, মানে হাফিজের উপর হামলার আগের রাতে। তাতে অ্যাকাডেমির লাভ হয়নি, বরং উল্টো। প্রমাণ নষ্ট করা নিজেই একটা আলাদা অপরাধ, আর আসল রেকর্ড তো চার দিন আগে থেকেই কুচিং-এর এক সংস্থার সার্ভারে বসে আছে, সময়ের ছাপ আর ইঞ্জিনিয়ারের সই সমেত। এক রাতে গ্রিল কেটে কারও বাড়ির ড্রয়ার থেকে ডিস্ক চুরি করা যায়, সাতশো কিলোমিটার দূরের একটা কোম্পানির সার্ভার থেকে করা যায় না।

    তিনজন ডুবুরির সামনে শিপইয়ার্ডের অনুমতিপত্রের কপি রাখা হলে তারা আধ ঘণ্টাও টেকেনি। তারা বলল যে ষোলোই জুন রাতে টাগবোটের কাজটা আসে, কাপ্তেন রহিম নিজে তাদের পাঠিয়েছিলেন, কারণ টাকাটা যেত অ্যাকাডেমির খাতায় আর শিপইয়ার্ডের মালিক এক প্রভাবশালী খদ্দের। বলা হয়েছিল নটার মধ্যে ফিরে আসবে। দড়িটা প্রপেলারে এমনভাবে জড়িয়েছিল যে নটার কাজ এগারোটায় গড়ায়। চিকগু ফাদিল সকালে কাপ্তেনকে বলেছিলেন যে ট্রেনিং পিছিয়ে দেওয়া হোক। কিন্তু তেইশে জুন থেকে নর্ডেকের একটা প্ল্যাটফর্মে বড় মেরামতির কাজ শুরু হওয়ার কথা, এই বারোজনের সার্টিফিকেট না হলে লোক পাঠানো যাবে না, প্রতি দিনের দেরিতে লাখ লাখ রিঙ্গিত, আর আগের সন্ধ্যায় কোম্পানির উপর মহল থেকে ফোন করে বলে দেওয়া হয়েছিল যে কোনও অবস্থাতেই যেন ব্যাচ না পিছোয়। কাপ্তেন রহিম তাই বলেছিলেন, জালান সাজা।

    আজমান, সেই একমাত্র ডুবুরি, নিজে থেকে থানায় এসেছিল। সে বলল যে সে দু মাস ঘুমোতে পারেনি। সে দু নম্বর জানলায় ভারতীয় ভদ্রলোককে ছাড়াচ্ছিল, ভদ্রলোক জল খেয়ে ফেলেছিলেন বলে তাঁকে কিনারা পর্যন্ত ধরে নিয়ে যেতে হয়েছিল। একা চোখে চারটে জানলার উপর নজর রাখা যায় না, সে ধরে নিয়েছিল বাকি তিনজন বেরিয়ে গেছে। ইংরেজ সাহেবের চিৎকার শুনে যখন সে আবার ডুব দেয় তখন তিন নম্বর জানলার ভিতরে ছেলেটার হাত আর নড়ছে না। জানলাটা সে বাইরে থেকে তিনবার ধাক্কা দিয়েও খুলতে পারেনি, তখন ভেসে উঠে ক্রেন তুলতে বলে। তাকে পরে বলা হয়েছিল যে চারজন ছিল বলে সই করো, নইলে দায়টা তোমার, জলে তো তুমিই ছিলে।

    শ্রম দপ্তরের পেশাগত নিরাপত্তা বিভাগ পুত্রজায়া থেকে আলাদা দল পাঠাল। ড্যানের হলফনামা এল আতিরাউ থেকে, আর সে একই সঙ্গে কোম্পানির লন্ডন দপ্তরের নীতি-অভিযোগ বিভাগে পুরো কাগজপত্র পাঠিয়ে দিল, গেমিলাং তুজু হোল্ডিংসের শেয়ারের হিসেব সমেত। জোসেফ আর নিজাম ফিরে এল, এবার সই করল। লিন্ডা দু হাজার তিনের হলদে ফাইলটা ইন্সপেক্টরের টেবিলে রেখে এল, আর ইন্সপেক্টর তার পাশে রাখলেন বাইশ বছরের পুরনো একটা নোটবই, যার একটা পাতায় একটা লাইন কাটা, কিন্তু কাটা দাগের নিচে এখনও পড়া যায়, “পুলের ধার ও সিঁড়ি শ্যাওলায় পিছল। ”

    মামলা চলেছিল মাস সাতেক। আদালতে ময়নাতদন্তের পুরো রিপোর্টটা পেশ হল, আর তাতে দেখা গেল যে ফুসফুসে জল আর শ্বাসনালীতে ফেনার কথা গোড়া থেকেই লেখা ছিল, যা ডুবে মরার চিহ্ন, শুধু কোম্পানির এক পাতার সারসংক্ষেপে সে লাইনটা জায়গা পায়নি। পরের বছর মার্চে মিরির আদালত সমুদ্রা সেফটি অ্যাকাডেমিকে আর তার দুই ডিরেক্টরকে পেশাগত নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত করল, কাপ্তেন রহিমকে আলাদা করে অবহেলায় মৃত্যু ঘটানো আর প্রমাণ লোপাটের দায়ে। সেন্টারের আন্তর্জাতিক অনুমোদন বাতিল হল। বুজাং আর তার সঙ্গীর জেল হল, আর যে অপারেশনস সুপারভাইজার তাদের পাঠিয়েছিল তারও। জালির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ হল, আর নর্ডেক এনার্জি আদালতের বাইরে আলাদা করে একটা বড় অঙ্ক দিল, সঙ্গে একটা বিবৃতি যাতে “গভীর দুঃখ” আর “শিক্ষা নেওয়া” কথা দুটো ছিল।

    দাতো জাইনালের নাম কোনও চার্জশিটে ওঠেনি। শেয়ার ছিল তাঁর স্ত্রীর নামে, ফোনটা যে তিনিই করেছিলেন তার কোনও রেকর্ড নেই, আর তদন্ত কমিটির রিপোর্ট তো কমিটির সবার সই করা। তিনি নভেম্বরে “পরিবারকে সময় দেওয়ার জন্য” অবসর নিলেন, বিদায়ী অনুষ্ঠানে তাঁকে একটা সোনালি ফলক দেওয়া হয়েছিল। গ্রেগ হলওয়ে নির্ধারিত সময়ের ছ মাস আগে অন্য দেশে চলে গেলেন। তমাল এটা নিয়ে হাফিজের কাছে একবার রাগ দেখিয়েছিল। হাফিজ, যার কাঁধে তখনও স্টিলের প্লেট বসানো, কাঁধটা সাবধানে একটু ঝাঁকিয়ে বলেছিল, “যন্ত্র সারানো যায় লা। কারখানাটা কার, সেটা বদলানো অন্য কাজ, অন্য লোকের। আমার তারটা যতদূর গিয়েছিল আমি ততদূর হেঁটেছি। ”

    ১২

    এপ্রিলের এক শনিবার তারা তিনজন বারাম নদী ধরে উজানে গেল, হাফিজ, লিন্ডা আর তমাল। মিরি থেকে গাড়িতে মারুদি, সেখান থেকে লম্বা সরু একটা মোটর নৌকোয় ঘণ্টা দুয়েক। বারাম চওড়া নদী, জলের রং দুধ দেওয়া চায়ের মতো, বর্ষায় আমাদের দামোদর যেমন হয়। দু পাড়ে জঙ্গল জল পর্যন্ত নেমে এসেছে, মাঝে মাঝে কাঠের গুঁড়ি বোঝাই বার্জ ভেসে যাচ্ছে নিচের দিকে, আর নদীর বাঁকে বাঁকে হঠাৎ করে একটা লংহাউস, খুঁটির উপর দাঁড়ানো একশো দেড়শো হাত লম্বা একটাই বাড়ি, টিনের চাল, যার ভিতরে পঁচিশ তিরিশটা পরিবার পাশাপাশি থাকে আর সামনের টানা বারান্দাটা সবার।

    জালিদের লংহাউসের সেই বারান্দায় বেতের মাদুর পেতে তাদের বসানো হল। বারান্দাটা দেখে তমালের নিজের গ্রামের চণ্ডীমণ্ডপের কথা মনে পড়ছিল, সেই একই ব্যাপার, বুড়োরা বসে তামাক খাচ্ছে, বাচ্চারা দৌড়চ্ছে, কেউ জাল সারাচ্ছে, মুরগি ঘুরছে পায়ের কাছে। জালির বাবা উঙ্গান ছোটখাটো শীর্ণ মানুষ, দু কাঁধে আর গলায় পুরনো দিনের ইবান উল্কি, ফুল আর লতার নকশা, বয়সে ঝাপসা হয়ে এসেছে। মা আরও ছোট, পরনে সারং, কানের লতি ভারী দুলের টানে লম্বা। তাঁরা মালয় সামান্যই বোঝেন, লিন্ডা ইবান ভাষায় অনুবাদ করে দিচ্ছিল।

    মা কাঁসার ছোট বাটিতে করে তুয়াক নিয়ে এলেন, ভাত পচিয়ে বানানো এদের ঘরের মদ, দুধ-সাদা, মিষ্টি আর টক মেশানো। হাফিজ খায় না, সে হাতজোড় করে ক্ষমা চাইল আর তার জন্য এল ডাবের জল। তমাল এক চুমুক দিল, আমাদের গ্রামের দিকে পচুই বলে যা পাওয়া যায় তার সঙ্গে খুব তফাত নেই, কথাটা সে মনে মনে টুকে রাখল পরে কাউকে বলবে বলে।

    লিন্ডা বোঝাচ্ছিল আদালতের কথা, ক্ষতিপূরণের কথা, টাকাটা কোন ব্যাঙ্কে আসবে আর তুলতে গেলে কী করতে হবে। বুড়ো উঙ্গান শুনছিলেন কিন্তু তাঁর চোখ দেখে বোঝা যাচ্ছিল যে টাকার অঙ্কটা তাঁর কাছে একটা শব্দমাত্র, সেটা দিয়ে কী হয় তিনি জানেন না, জানার দরকারও বোধ করছেন না। মা একটা প্রশ্ন করলেন, লিন্ডা সেটা শুনে একটু থেমে তারপর অনুবাদ করল।

    - উনি জানতে চাইছেন, তাহলে ওর বুকে কোনও অসুখ ছিল না?

    - না, হাফিজ বলল। - ওর বুক একদম ঠিক ছিল। ওর কোনও দোষ ছিল না, আপনাদের রক্তেরও কোনও দোষ ছিল না। দোষ ছিল অন্য লোকের, আর আদালত সেটা লিখে দিয়েছে।

    লিন্ডা কথাটা বলার পর বৃদ্ধা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি উঠে এসে হাফিজের সামনে বসলেন আর তার ভাঙা কাঁধটার উপর, যেখানে প্লেট বসানো, খুব আলতো করে নিজের হাতটা রাখলেন। কিছু বললেন না। হাফিজ, যাকে তমাল গ্রিল কাটা রান্নাঘরে আর জঙ্গলের ঢালের নিচে ভয় পেতে দেখেনি, চশমাটা খুলে অনেকক্ষণ ধরে শার্টের কোণে মুছতে লাগল।

    তারপর উঙ্গান একটা প্রশ্ন করলেন, সরাসরি তমালের দিকে তাকিয়ে। লিন্ডা ইতস্তত করছিল।

    - উনি শুনেছেন আপনি সেদিন জলে ওর সঙ্গে ছিলেন। উনি জানতে চাইছেন, জালি কি জলের তলায় একা ছিল?

    বারান্দার কোথাও একটা মোরগ ডাকছিল। নিচে নদীর ঘাটে নৌকোর গায়ে জল লাগার শব্দ। তমাল এই প্রশ্নটাকে দশ মাস ধরে ভয় পেয়ে এসেছে, এবং সে জানত যে এখানে এসে একটা নরম, গোল, দয়ালু মিথ্যে বলে দেওয়া যায়, কেউ কোনওদিন ধরতে পারবে না। সে বাটিটা নামিয়ে রাখল।

    - হ্যাঁ, একা ছিল, সে বলল। - ডুবুরি একজনই ছিল, চারজন থাকার কথা। আর সেই একজন তখন আমাকে তুলছিল। আমি ভয় পেয়ে ভুল জায়গায় ধাক্কা দিচ্ছিলাম, আমার জানলা খুলছিল না। আপনার ছেলে আমাকে আগেই বলে দিয়েছিল কোথায় মারতে হবে, আমি ভুলে গিয়েছিলাম। ডুবুরি যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ ওর কাছে কেউ ছিল না।

    লিন্ডা অনুবাদ করল, ধীরে, প্রতিটা বাক্য আলাদা করে। তমাল মাদুরের বুনোটের দিকে তাকিয়ে ছিল। বুড়ো মানুষটি কথাগুলো শুনলেন, তারপর নদীর দিকে মুখ ফিরিয়ে বেশ খানিকক্ষণ বসে রইলেন। যখন কথা বললেন তখন তাঁর গলা নিচু আর সমান, আর লিন্ডা অনুবাদ করতে গিয়ে একবার থেমে গিয়েছিল।

    - উনি বলছেন, আমার ছেলের ভাগের লোকটা তাহলে একজনকে অন্তত তুলেছে। জল খালি হাতে ফেরেনি, কিন্তু সবটাও নিতে পারেনি। আর উনি বলছেন, আপনি এতদূর নদী বেয়ে এসে এই কথাটা বললেন, না বললেও পারতেন। আজ রাতে আপনি এখানে খাবেন।

    রাতে তারা খেয়েছিল বাঁশের চোঙার ভিতরে পোড়ানো মুরগি আর জঙ্গলের ফার্ন শাক, কেরোসিনের বাতির আলোয়, বারান্দায় বসে। ফেরার সময়, পরদিন ভোরে, নৌকো যখন ঘাট ছাড়ছে, তমাল পিছন ফিরে দেখল দুই বুড়োবুড়ি লংহাউসের সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছেন, নদীর উপর থেকে কুয়াশা তখনও পুরো সরেনি।

    নদীর মাঝামাঝি এসে হাফিজ জিজ্ঞেস করল সে এত মন দিয়ে পাড়ের দিকে তাকিয়ে কী দেখছে। তমাল বলল সে গুনছে, ঘাটে বাঁধা নৌকোগুলো। পুরনো অভ্যাস, ভয় পেলে গোনে।

    - এখন আবার ভয় কীসের লা?

    - এখন ভয় নেই, তমাল বলল। - অভ্যাসটা রয়ে গেছে। আর একটা জিনিস শিখেছি, গুনে চুপ করে থাকলে চলে না, যা গুনেছি সেটা মুখে বলতেও হয়।

    হাফিজ হাসল, তার সেই কম কথার হাসি। নৌকো বাঁক ঘুরল, আর লংহাউসটা গাছের আড়ালে চলে গেল।

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • গপ্পো | ২৬ নভেম্বর ২০২৬ | ১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন।