[ ভূমিকাগুরুচণ্ডালি-র ‘হরিদাস পাল’ বিভাগে ২০২৫ সালের ৫ই ডিসেম্বর আমার একটা লেখা পুনঃপ্রকাশিত হয়েছিল (
https://www.guruchandali.com/comment.php?topic=33705&srchtxt=Sumit%20Chakraborty)। লেখাটার নাম: “সুভাষদা: ভরা থাক স্মৃতি সুধায়”। লেখাটি পড়ে
ইন্দ্রজিৎ ভট্টাচার্য নামে এক পাঠক ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ অর্চনা গুহ মামলা-র প্রসঙ্গ তুলে কিছু মন্তব্য করেছিলেন। বস্তুত, ইন্দ্রজিৎবাবু সৌমেন ও লতিকা গুহর কাছে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। ইন্দ্রজিৎবাবু লিখেছিলেন:
“অর্চনা গুহ মামলা শুরু হয়েছিল ১৯৭৭ সালের অগাস্ট মাসে। এই মামলার প্রথম পর্বের সমাপ্তি ঘটেছিল ১৯৯৬ সালের জুন মাসে। সুভাষ গাঙ্গুলীর লেখা শেষ হয়েছে ১৯৯৬ সালের জুন মাস অবধি যা যা ঘটেছিল, সেসব ঘটনার বিবরণ এবং বিশ্লেষণ দিয়ে।
“এই মামলার নিষ্পত্তি কিন্তু ১৯৯৬ সালে ঘটেনি। ১৯৯৬-এর ঐতিহাসিক রায়কে চ্যালেঞ্জ ক’রে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা উচ্চ আদালতে আপীল করেছিলেন। তারপর সেই মামলা কবে শেষ হয়েছিল, তা আমার জানা নেই।
“এই পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন, কোনো অভিযুক্তকেই (কুখ্যাত পুলিশ অফিসার সহ) কি কোনো সাজা ভোগ করতে হয়েছিল? যদি কোনো অভিযুক্তের বিরুদ্ধে তোলা কোনো অভিযোগই আপীল করার পরে উচ্চ আদালতে শেষপর্যন্ত প্রমাণ করা সম্ভব না হয়ে থাকে এবং সেকারণে কোনো অভিযুক্তকেই কোনো শাস্তি ভোগ করতে না হয়ে থাকে, তাহলে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা ক’রে সৌমেন ও লতিকা গুহর এই মামলা চালিয়ে যাওয়ার প্রয়াস কি ব্যর্থ হয়েছে?
“এ নিয়ে সৌমেন ও লতিকা গুহর বক্তব্য জানতে শুধু আমি নই, আমার অনেক বন্ধুই আগ্রহী।
“সুমিতবাবুর কাছে আমার অনুরোধ, সৌমেন ও লতিকা গুহর সাক্ষাৎকার নিয়ে তাঁদের বয়ানে এ প্রশ্নের উত্তর ‘গুরুচন্ডালি’-তে প্রকাশ করুন। এতে শুধু যে আমার মতো অনেক ব্যক্তির কৌতূহল নিরসন হবে, তা’ই নয় ― এটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে নথিভুক্ত হয়ে থাকবে।
“সবশেষে বলি, মানবাধিকার সংক্রান্ত কোনো সংগঠনের সাহায্য ছাড়া একটানা তিরিশ বছরের বেশি সময় ধরে অর্চনা গুহ মামলা চালিয়ে যাওয়ার জন্য সৌমেন ও লতিকা গুহকে যে কতখানি মানসিক শক্তি ব্যয় করতে হয়েছে, সংকল্পে অটল থাকতে হয়েছে এবং কী পরিমাণ ত্যাগস্বীকারের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা আমরা অনুভব করতে পারি। এই মামলা চালিয়ে যাওয়ার জন্যে মানবাধিকার রক্ষার আন্দোলনের ইতিহাসে সৌমেন এবং লতিকা গুহ স্মরণীয় হয়ে থাকবেন।”
ইন্দ্রজিৎবাবুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে শ্রী সৌমেন গুহ এবং শ্রীমতী লতিকা গুহ সাক্ষাৎকার দিতে রাজি হওয়ায় ৮ই অক্টোবর, ২০২৬ আমি এবং শ্রী প্রবীর পান্ডা তাঁদের সাক্ষাৎকার নিতে তাঁদের কুষ্টিয়ার বাড়িতে যাই। স্মার্টফোন ব্যবহার করে প্রবীর সাক্ষাৎকারটির ভিডিও রেকর্ডিং করেছেন। লতিকাদি সম্প্রতি নব্বই পেরিয়ে একানব্বই বছরে পা দিয়েছেন। তিনি অসুস্থও বটে। দীর্ঘ সময় জুড়ে কথা বলতে বা বড়ো লেখা লিখতে তাঁর কষ্ট হয়। তবু তিনি কয়েক মিনিট কথা বলেছেন এবং পরবর্তীতে কিছুটা লিখেও দিয়েছিলেন।
লতিকাদির লেখাটি এবং সাক্ষাৎকারটি দুটি পর্বে নিচে প্রকাশ করছি।
লতিকা গুহ এই লেখা এবং সাক্ষাৎকারটি পড়ে দেখে প্রকাশ করার অনুমতি দিয়েছেন।
সাক্ষাৎকারের ভিডিওটির ট্রান্সক্রিপশন করে দিয়েছেন শ্রী শুভাশিস মুখোপাধ্যায়।
সুমিত চক্রবর্তী ]
প্রথম পর্ব
‘অর্চনা গুহ মামলা’ প্রসঙ্গে কয়েকটি কথা
লতিকা গুহ
এতগুলো বছর কেটে গেছে ― তবু সেই দিনগুলোর গভীর দাগ এখনো স্মৃতিপটে ভেসে আছে। এই দাগগুলো তৈরি হয়েছিলো দীর্ঘদিন ধরে এক পুলিশকর্তা আর তার সহকারীদের থানাতে আমাদের ওপরে যথেচ্ছ দৈহিক ও মানসিক নির্যাতনের ফলে।
এই থানা কলকাতার লালবাজার। পুলিশকর্তার নাম রঞ্জিত গুহ নিয়োগী, ওরফে রুনু গুহ নিয়োগী। এই ‘রুনু’ নামটাই বেশি প্রচলিত ছিলো। নামটার সঙ্গে বিভীষিকা ― দৈহিক, মৌখিক বিভীষিকা ― জড়িয়ে থাকত ― থানার ভিতরে, বাইরে। ওর সহকারীরা এই বিভীষিকার দৈহিক ও বাচিক রূপায়ণে একান্তই দক্ষ ছিলো। এদের মধ্যে একজন ছিলো বেসরকারী, অতি দক্ষ নির্মম নির্যাতক। এ ছিলো রুনুর একান্ত বিশ্বস্ত ডান হাত।
রুনু ও তার উপযুক্ত সহকারীরা অত্যাচার, নির্যাতনে দক্ষতার পাশাপাশি বন্দিদের উপর মিথ্যা মামলা চাপিয়ে দেওয়াতেও দক্ষ ছিলো। আমাদের বন্দি করেছিলো, কিন্তু কোনো উপযুক্ত ভিত্তি খুঁজে না পেয়ে, সেই সময়কালে ক্ষমতাসীন সরকারের তৈরি বিনা বিচারে আটক আইন অনুসারে আমাদের বন্দি করা হয়েছিলো। কিন্তু বামফ্রন্ট ক্ষমতায় এলে এই আইন, অর্থাৎ ‘মিসা’ বাতিল হয়ে যায় এবং আমাদের বন্দিত্ব থেকে খালাস করে দেওয়া হয়।
সৌমেনও বন্দি ছিল। সেও খালাস পেয়ে যায়। এর পর সৌমেনের একান্ত উদ্যোগ ও প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এবং এখনো পর্যন্ত ‘একমাত্র’ পুলিশি নির্যাতন বিরোধী মামলা শুরু হয়। এই মামলার শুরু থেকে ক্রমান্বয়ী পর্যায়গুলি নিখুঁতভাবে আমার মনে নেই। কিন্তু স্মৃতিতে এখনো জেগে রয়েছে, সামগ্রিক এক মামলাজয়ী অনুভূতি এবং সারা দুনিয়ার যে কোনো শাসক বাহিনীর প্রতি তীব্র ঘৃণা।
এই মামলা লড়ার সময়ে আমার মেয়েদের সাহায্য যেমন মনে পড়ে, তেমনই মনে পড়ে সৌমেনের কিছু তরুণ বন্ধুর অবদানের কথা। মনে পড়ে উত্তরবঙ্গ থেকে (যদ্দূর মনে পড়ছে, জলপাইগুড়ি থেকে) কয়েকজন সাহায্য করেছিলেন। আবার মনে পড়ে এক মহিলা সমিতি নেত্রীর কথা। আমাদের এই মামলা নিয়ে তাঁর মূল বক্তব্য ছিল এই ― তাঁর সংগঠন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মেয়েদের সংগঠন ― তাই পুলিশ, বিশেষ করে রুনু গুহ নিয়োগীর পরিচালিত পুলিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তারা অংশ নিতে আগ্রহী নয় ― এই লড়াইয়ে যে কোনো রকম অংশ নিতে তারা অপারগ ও অনিচ্ছুক। সুতরাং ওই সংগঠন আমাদের কোনো সাহায্য দিতে বা সমর্থন জানাতে অপারগ। এবং নেত্রী আমাদের খোঁজ খবরও নেননি।
উচ্ছ্বাসহীন সমর্থন ও কিছু আর্থিক ও কায়িক সাহায্য, কিছু গুরুত্বপূর্ণ সংবাদ সরবরাহ, এভাবেও সাহায্য করেছেন কেউ কেউ। এই সময় দেখেছি, আমাদের আশেপাশের মানুষ, দূরবর্তী সহ- ও সমমর্মী মানুষ, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আমাদের মতোই বিক্ষুব্ধ ও প্রতিবাদী হয়ে উঠেছিল।
রুনু গুহ নিয়োগী আমাদের মামলার বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেও সুবিধা করতে পারেনি। নিম্ন আদালতে হেরে যাওয়ার পরে আমার ও অন্যান্যদের মনে হয়েছে, পুলিশ ― সে যতই শক্তিশালী হোক ― তাকে আইনি প্রতিরোধে ও শাস্তিতে টেনে আনা যায় এবং সেটা উচিত ও আবশ্যক। এই মহৎ ও অবশ্য করণীয় কাজটা করেছিল সৌমেন গুহ।
সৌমেন কোনো আইন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেনি। জেলে বন্দি থাকার সময়ে অন্যান্য বইয়ের সঙ্গে আইনের কিছু বই পড়েছে। জেল থেকে ছাড়া পেয়ে অন্যান্য আইনি বই সংগ্রহ ও পাঠ চালিয়ে গেছে। ক্রমে স্বশিক্ষিত আইনজ্ঞ হয়েছে।
অবশেষে যে মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে যে ― রুনুর শাস্তি হওয়া উচিত, যে রাষ্ট্রিয় যন্ত্রে সে আমাদের এবং আরও শত শত ছেলে মেয়ের উপর অত্যাচার করেছে বেআইনি এবং মিথ্যা অভিযোগে, সেই যন্ত্রের মাধ্যমেই তাকেও শাস্তি পেতে হবে ― সেই মুহূর্ত থেকে ― জেলে থাকার যন্ত্রণা, জেল থেকে বেরিয়ে পঙ্গু অর্চনাকে নিয়ে গভীর দুশ্চিন্তা ও চিকিৎসার ব্যবস্থা করা, পুলিশি অত্যাচারে নিজের শরীরের কষ্টের সঙ্গে লড়াই করা ― এই সবকিছু নিয়েই আইনি লড়াইয়ের জন্য সৌমেন নিজেকে তৈরি করেছে।
এই তৈরি হওয়াটা আরো জোরদার হলো যখন সৌমেন বুঝতে পারলো যে আমাদের আইনজ্ঞ উকিল অরুণ প্রকাশ চ্যাটার্জি একটু একটু করে রুনুকে সাহায্য করছে, তার বিরুদ্ধে যে মামলা সৌমেন করেছে, সেটা থেকে তাকে বেরিয়ে আসতে। সেটা সৌমেন বুঝতে পেরেই মামলা নিজের হাতে নিয়ে নিয়েছিল। সেই সময়টাতে যে মানসিক চাপ গেছে, তা বলে বোঝানো যায়না।
শুধু মানসিক চাপ নয়, আমজনতার আগ্রহ ও উৎসাহদান একটা গল্পের মতো ব্যাপার বলে মনে হয়। যেদিন নিম্ন আদালতে রুনু ও তার সহযোগীদের বিরুদ্ধে রায় ঘোষণা হলো, সেদিনের সেই দুপুরে আদালতের চেহারা এক ঐতিহাসিক আবহ তৈরি করেছিলো। আমরা যে জিতব, রুনুরা যে হারবে, সেটা সৌমেন বুঝতে পেরে আগের দিনই একটা হল ভাড়া করে সহমর্মী সাধারণ লোকের বক্তব্য রাখার ব্যবস্থা করেছিলো।
খুব স্বাভাবিক প্রতিক্রিয়া অনুযায়ী রুনু উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল। সৌমেনও তৈরি হচ্ছিল। কিন্তু ইতিমধ্যেই রুনুর মৃত্যু হয়। কিন্তু অন্য অভিযুক্ত বেঁচে থাকায় মামলা চালু থাকে।
Copyright (c) 2026 by Latika Guha. This is an open access article distributed under the terms of the Creative Commons Attribution-Noncommercial-No Derivative License (see
http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/us/), which permits anyone (if he/she so wishes) to share this article, provided (1) the distribution is only for noncommercial purposes, (2) the original author and the source are attributed, and (3) no derivative works including any alterations are made. For any distribution, this copyright statement should also accompany the article without any alteration and in its entirety, and the publication history should also accompany the article.
দ্বিতীয় পর্ব
‘অর্চনা গুহ মামলা’: লতিকা গুহর একটি সাক্ষাৎকার ― ৮ ই অক্টোবর, ২০২৬
সুমিত চক্রবর্তী: অর্চনা গুহ-র মামলার সাফল্য/ব্যর্থতা নিয়ে এতক্ষণ সৌমেনদা-র (শ্রী সৌমেন গুহ) কথা শুনেছি। লতিকাদি (শ্রীমতি লতিকা গুহ) এটা নিয়ে কী ভাবেন, সেটা লতিকাদি-র কাছ থেকে অল্প একটু শুনব, কারণ লতিকাদি বহুক্ষণ কথা বলতে পারবেন না। ওনার কথা বলতে কষ্ট হবে।
লতিকাদি, গুরুচন্ডালিতে ইন্দ্রজিৎবাবুর প্রশ্নটা তো তুমি পড়েছ, এই প্রশ্নের উত্তর তোমার কাছেও শুনতে চাই।
লতিকা গুহ: সেটা আমি বলছি। উত্তরটা আমি এক লাইন-এ বলব। উত্তর হচ্ছে যে, এই লড়াইটা, এটা একটা দৃষ্টান্তমূলক লড়াই ― এখনও পর্যন্ত এর যে প্রভাব, বা এটা যে আলোড়নটা তুলেছিল, সেটা এখনও পর্যন্ত কিন্তু চাগিয়েই আছে। সেটা একেবারে শূন্য হয়ে যায় নি। তবে, প্রথমিক যে উদ্দামতা, বা উৎসাহটা ছিল, সেটা কোনও দিনই, সেই পরিমাণে থাকে না ― কিন্তু নির্যাসটুকু, যেটা বিশুদ্ধ, সেটা থেকেই যায় এবং আগামী বহু বছর সেটা থেকে যাবে, একটা দৃষ্টান্ত হিসেবে, এটা আমার বিশ্বাস।
এই লড়াইটা খুব কঠিন লড়াই ছিল এবং এটা এমন একজনের বিরুদ্ধে লড়াই, সে সমস্ত ক্ষমতারই অধিকারী। রুনু যা চাইবে, এখানে তাই-ই ঘটবে ― এরকমই মনে হয়েছিল। এবং সে নিজে হাতে তুলে নিয়েছে আমাদের ওপর অত্যাচার করার অস্ত্র, আর ছিল তার পোষ্য কত জন, তাদের মধ্যে একজন, একদম সাধারণ নাগরিক, সে পুলিশের কোনও চাকুরিও করত না। তাকে পর্যন্ত সে হাত করে নিয়ে, তাকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছে। ওর বিরুদ্ধে একটা কথা বলা, … সে আমাদের মারের পর মার দিয়ে যাচ্ছে, কেবল একটা কথা বের করার জন্য, সেটা সম্ভব ছিল না। তখনকার দিনে তার পক্ষে এটা করা সম্ভব হয়েছিল। পরে তার (অর্থাৎ রুনুর) অকালমৃত্যু, বা প্রি-ম্যাচিওর ডেথ ঘটে যায়। আমার খুব বিশ্বাস যে, ও, অর্থাৎ রুনু গুহ নিয়োগী আমাদের চাপটা নিতে পারে নি। কেননা, একটা পুলিশের এত তাড়াতাড়ি মৃত্যু প্রায় দেখা বা শোনাই-ই যায় না!
সুমিত চক্রবর্তী: তুমি বলছ যে, রুনুর ওপর অসম্ভব একটা চাপ তৈরি হয়ে গিয়েছিল, এই মামলার সুবাদে।
লতিকা গুহ: হ্যাঁ।
সুমিত চক্রবর্তী: আর সেই চাপ সহ্য করতে না পেরে সে মারাই গেছে।
লতিকা গুহ: হ্যাঁ, সেটাইতো আমি বলছি। সাধারণত, আমি যতদূর জানি, একজন পুলিশ অফিসার, বেশির ভাগই, এত তাড়াতাড়ি মরে না। ও মারা গেল, একেবারে হঠাৎ-ই মারা গেলো ― এবং “সাদা আমি কালো আমি” নামে রুনুর লেখা বইটি থেকেও এটা বোঝা যায়। তবে আমার বিশ্বাস, ও কিন্তু আমাদের মামলাটার চাপ আর নিতে পারেনি। ও তার নিজের বিরুদ্ধে, কাঁধে একটা মামলার রায় নিয়ে ঘুরে বেড়িয়েছে ― সেই রায়ে ওর পানিশমেন্ট হয়ে গিয়েছিল ― সেই রায়-এর বিরুদ্ধে, খুব স্বাভাবিক, সে উচ্চ আদালতে আপিল করেছে। সেই আপিলের শুনানি হতে হতেই রুনুর মৃত্যু হয়।
সুমিত চক্রবর্তী: কোর্ট এই মামলায় রুনুকে দোষী হিসেবে চিহ্নিত করেছিল, ও তারপর উচ্চতর কোর্ট-এ গেছে, “আমি দোষী না”, সেটা কোর্টের কাছ থেকে শোনার জন্য।
লতিকা গুহ: অবশ্যই তাই।
সুমিত চক্রবর্তী: এই মামলাটা মানুষ মনে রেখেছে।
লতিকা গুহ: হ্যাঁ।
সুমিত চক্রবর্তী: মানুষ মামলাটা মনে রেখেছে এবং মানুষ আজও এই মামলাটা নিয়ে চর্চা করে। এরকম প্রবল শক্তির বিরুদ্ধে এই রকমের লড়াই করা যায়।
লতিকা গুহ: আরে, ঐ জন্যই তো ওর “সাদা আমি কালো আমি”, এই সব লেখার আইডিয়া মাথায় এসেছে ― ও যে কত সাদা, সেটা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে তাহলে। আর পাবলিশারের তো অভাব নেই!
সুমিত চক্রবর্তী: বইটা ও নিজে লেখে নি, শুনেছিলাম।
লতিকা গুহ: হ্যাঁ, পাবলিশারের করার কিছুই ছিল না ― রুনু যা বলবে ওকে তাই শুনতে হবে।
সৌমেন গুহ: এই বছর আমাদের মামলা সম্পর্কে একটা নতুন বই বেরিয়েছে।
সুমিত চক্রবর্তী: দেখি, দেখি ― বইটার একটা ছবি নিয়ে নিই। সৌমেনদা, বইটা একটু ধর … বইটার নাম “লালবাজার: নকশাল কলকাতার দীর্ঘতম কোর্ট ট্রায়াল”, লেখক: শান্তনু দে। লতিকাদির হাতে বইটা একবার দাও। লতিকাদি, বইটা ধর।
The Cafe Table বইটা প্রকাশ করেছে জানুয়ারি ২০২৬ সালে।
সৌমেন গুহ: এই লেখকের সঙ্গে কিন্তু আমাদের কোনও সম্পর্ক নেই!
প্রবীর পান্ডা (ভিডিওগ্রাফার): বইটা কী করে পেলেন?
সৌমেন গুহ: একজন বললেন যে, এই রকম একটা বই বুক ফেয়ার-এ বেরিয়েছে … বুক ফেয়ার থেকে কেনা।
সুমিত চক্রবর্তী: লতিকাদি যে কথাটা বলল যে, এখনও এই মামলাটাকে মানুষ কিভাবে স্মরণ করে, এবং তুমি (সৌমেন গুহ) যেটা বললে আরকি, তোমাদের মামলার যে প্রোসিডিংস, অর্চনা গুহ মামলা, ইংরেজি বইটা ― দি ব্যাটল অফ অর্চনা গুহ কেস (“Battle of ‘Archana Guha Case’ Against Torture in Police Custody: Arguments, Counter- Arguments and Judgement at the Trial Court”. Edited by Saumen Guha, Counsel for the Prosecution. Published by Human Justice in India, Calcutta, 1997) ― ঐ বইটা পৃথিবীর বিভিন্ন “ল লাইব্রেরি”-তে সংগৃহীত হয়েছে। এই বইটার একটা ছবি নিয়ে নাও না।
ঠিক আছে, আমরা তাহলে এখানেই শেষ করছি।
Copyright (c) 2026 by Latika Guha. This is an open access publication distributed under the terms of the Creative Commons Attribution-Noncommercial-No Derivative License (see
http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/us/), which permits anyone (if he/she so wishes) to share this article, provided (1) the distribution is only for noncommercial purposes, (2) the original author and the source are attributed, and (3) no derivative works including any alterations are made. For any distribution, this copyright statement should also accompany the article without any alteration and in its entirety, and the publication history should also accompany the article.
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।