সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথার নাম দিয়েছেন “Belonging - a journey of love” | প্রেমের যাত্রা কথাটা বোঝা যায়, এবং গোটা স্মৃতিকথায় ব্যাপারটি চমৎকার ধরেছেন। কিন্তু belonging এর ব্যাপারটি নিয়ে আলাপ আলোচনার অবকাশ রয়েছে। সহজ বাংলায় এককথায় ইংরিজি belonging এর জুতসই প্রতিশব্দ নেই। একাত্ম হওয়া, মিশে যাওয়া, “আমি তোমাদেরই লোক” ইত্যাদি নানান রকম ভাবে তার একটা সহজতর তর্জমা দেওয়া যেতে পারে। অতএব সোনিয়া গান্ধী যখন বলেন belonging বা একাত্মীয়তা বা আপন করে নেওয়ার কথা লেখেন, তখন একে তাঁর স্মৃতিকথায় ঝালিয়ে নেবার একটি জায়গা আছে। সোনিয়া ভারতকে আপন করে নিয়েছেন ও তাঁর যাত্রা ভালবাসার যাত্রা এ নিয়ে কোন সন্দেহ নেই, কিন্তু আপন হওয়া যেহেতু একতরফা নয়, তাই তাঁর আত্মজীবনী পড়বার পর আমার মনে হয়েছে সোনিয়ার আত্মকথা ভারতীয়দের একটি প্রশ্নের মুখে দাঁড় করাবে: একাত্ম হওয়া একতরফা নয়, কাজেই ভারতীয়রা সোনিয়াকে কতটা আপন করেছেন? তার সঙ্গে এও বিচার্য যে সোনিয়ার একাত্ম হওয়া একদিকে যেমন তাঁর স্ব-ইচ্ছায়, আবার একই সঙ্গে নিয়তির বিধানও বটে।
সোনিয়ার জন্ম দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর ইতালির একটি ছোট শহরে, তাঁর বাবা সংসারের সর্বময় কর্তা, তিনি তিন বোনের মধ্যে মেজ। ১৯ বছর বয়সে তাঁর শহর ওরবাসানো ছেড়ে ইংল্যাণ্ডে পড়তে এসেছেন, সেখানকার খাবার মুখে রোচে না বলে একটি গ্রীক রেস্তোরাঁয় যান। সেইখানে রাজীব গান্ধীর সঙ্গে আলাপ। বাড়িতে বাবা বিশেষ রাজি নন, যদিও রাজীবকে তাঁদের পছন্দ। বাপ মায়ের অনুমতিক্রমে সোনিয়া রাজীবের পরিবার দেখার জন্য ভারতে পাড়ি দিলেন। দিল্লিতে পৌঁছনোর অল্প দিনের মাথায় ইন্দিরা গান্ধী সোনিয়ার সঙ্গে রাজীবের বিয়ের বন্দোবস্ত করলেন। এর পর সোনিয়ার অন্য রকমের একটি জীবন শুরু হল। রাজীব ততদিনে ইণ্ডিয়ার এয়ারলাইনসে পাইলটের কাজ করেন, দুই ছেলেমেয়ে নিয়ে মোটামুটি নিস্তরঙ্গ জীবন।
প্রথম মোড় ঘুরল ১৯৮০ সালে সঞ্জয় গান্ধী মারা যাবার পর রাজীব যখন সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন। সোনিয়ার ইচ্ছে ছিল না, কিন্তু রাজীব শুনলেন না। দ্বিতীয় ঝটকা এল ১৯৮৪ তে, ইন্দিরা গান্ধীর আততায়ীর হাতে মৃত্যু এবং ইন্দিরার গুলিবিদ্ধ নিথর শরীর হাতে ধরে তাঁকে হাসপাতালের নিয়ে যাবার অভিজ্ঞতা। ব্যাপারটি এতটাই ভয়ঙ্কর যে সোনিয়া লিখছেন তাঁর Post Traumatic Stress Disorder এবং ডিপ্রেশন হয়ে যায় এর পর। এর থেকেও ভয়ঙ্কর যে দিকটি, ইন্দিরার মৃত্যুর রাতে রাজীবের প্রধান মন্ত্রীত্ব গ্রহণ এবং সোনিয়াকে বলা যে তিনি জেনে শুনেই এ দায়িত্ব নিয়েছেন, তিনি জানেন মায়ের ভবিতব্য তাঁরও হতে চলেছে, ওরা মারবে। এবং নিয়তির নিয়ম মেনেই যেন ১৯৯১ সালে রাজীবের শ্রীপেরুমবুদুরে আত্মঘাতী জঙ্গীর হাতে ভয়ঙ্কর মৃত্যু। ১৯৮০ সালেও তাঁর ইচ্ছে বলবৎ হয়নি, ১৯৮৪ সালেও হল না, এবং অবধারিত নিয়তির কাছে সোনিয়া আত্মসমর্পণ করলেন, তার ভাষায় "ঝুঁকলেন" |
সোনিয়া লিখছেন যে প্রতিবার নিয়তির কাছে তিনি “ঝুঁকেছেন”, নত হয়েছেন। সোনিয়ার আত্মজীবনীতে প্রেম ভালবাসার স্রোতে তাঁর একাত্ম হওয়ার বিষয়টি পর্যালোচনার সময় তাঁর এই বারংবার নিয়তি কেন বাধ্যতের ব্যাপারটি সবিশেষ প্রণিধাণযোগ্য। শেষ পর্যন্ত, ২০০৪ সালে সোনিয়া বারবার নিয়তির কাছে “ঝুঁকে” আত্মসমর্পণের যে ব্যাপার, সেখান থেকে তাঁর উত্তরণ ঘটল | সে বছর তাঁর কাছে দলের চাহিদা ছিল যে তিনি ২০০৪ এ কংগ্রেসের দলনেত্রী হিসেবে প্রধানমন্ত্রীত্ব গ্রহণ ধরুন, তবূও এই চাপের মুখে সোনিয়া পরিবারকে বেছে নিলেন। নটবর সিংহ তাঁর আত্মজীবনীতে লিখেছিলেন যে রাহুলের চাপে তিনি প্রধানমন্ত্রী হতে চান নি (রাহুল চান নি তাঁর মায়েরও তাঁর বাবার এবং ঠাকুমার পরিণতি হোক), আত্মজীবনীতে সোনিয়াও মোটামুটি সেইভাবেই লিখেছেন। যেটি এখানে লক্ষণীয়, সোনিয়া এবারে আর অবধারিতভাবে চাপের মুখে না ঝুঁকে জীবন এবং পরিবারকে বেছে নিলেন। এইখানেই তাঁর উত্তরণ ঘটল।
কাজেই তাঁর জীবনের সবটাই পরপর ঝটকায় আর নিয়তি নির্ধারিত আকস্মিকতায় এবং দোটানায় ভরা তাও তো নয়। একটা বিশাল অংশ একাত্ম হওয়ায় তাঁর নিজের ইচ্ছে তো ছিলই। তবে সে মিশে যাওয়া খুব ধীর লয়ে। যেমন ধরুন খাওয়া দাওয়ার অভ্যাসের পরিবর্তন। সোনিয়ার আক্মকথার একটি বড় দিক নানান রকমের খাবারের বর্ণনা। যখন ছোট ছিলেন, যখন ইতালির জীবনের বর্ণনা দিচ্ছেন, ইতালীয় খাবার, খাবারের পরিবেশ, সমস্ত কিছু নিয়ে লিখছেন। এমনকি ভারতে আসার প্রথম বেশ কয়েক বছর তিনি ইতালীয় খাবার রান্না করার চেষ্টা করেছেন, তাঁর মা তাঁর কাছে এলে বাড়িতে যাঁরা রান্না করতেন তাঁদের বিদেশী রান্না শেখানোর কথা লিখেছেন। অথচ এই মানুষটাই যখন তাঁর ভারতের খাবার দাবারের অভিজ্ঞতা নিয়ে লিখছেন সেখানে একটিও ইতালীয় খাবারের কথা নেই বরং সবটাই উত্তর ভারতীয় কি পারসি খাবার দাবার যা তাঁর শ্বশুর বাড়িতে হত। এই ব্যাপারটি লক্ষণীয়।
খাবার দাবারের ব্যাপারটা একটা দিক এবং বোঝা যায় যে বাড়িতে সকলের সঙ্গে সমঝোতা করে চলতে গেলে খাবারের ব্যাপারে গোঁ ধরে রাখলে চলে না। যে মানুষটার এক দেশের খাবার পছন্দ হত না বলে দিশি খাবারের খোঁজে গ্রীক রেস্তোরায় গিয়ে মনের মানুষ খুঁজে পেলেন, সেই তার দেশেই তাঁকে তার নিজের দিশি খাবার পরিবারে বিশেষ চালাতে পারলেন না, উল্টে আত্মজীবনী থেকে পুরো বাদ পড়ে গেল। খাবার মানুষের আত্মপরিচয়, তার অনুল্লেখ আমাদের পাঠকদের ঈঙ্গিত দেয় যে সোনিয়া তাঁর ইতালীয় পরিচয় ভারতীয় পরিচয়ের কাছে সমর্পণ করেছেন। সোনিয়া দেখা যাচ্ছে তাঁর আত্মকথায় ভারতের জীবন থেকে ইতালিকে পুরোপুরি প্রায় বাদ দিয়ে দিয়েছেন। যেমন ধরুন শ পাঁচেক পাতার জীবনীতে তাঁর বিদেশযাত্রা, বিদেশীদের সঙ্গে মেলামেশা, নেতা নেত্রীদের নিয়ে প্রচুর লেখা আছে, অথচ এ লেখা পড়লে বুঝতে পারবেন না যে সোনিয়া রাজীব আদৌ কোন ইতালীয়ের সঙ্গে (পরিবার পরিজন বাদ দিলে, সোনিয়া তাঁর মা’কে আমৃত্যু যত্ন করেছেন, বোনেদের সঙ্গে মাতৃভাষায় কথা বলেন), আলাপ আলোচনা হয়েছে কি না, কিছুই জানা গেল না। একমাত্র উল্লেখ তাঁর ইতালীয় পাসপোর্ট ত্যাগ করার (আশির দশকে, বইতে লেখা ১৯৮১, হয়ত ১৯৮৩ সালে), তার বাইরে আর কিছু লেখা নেই | বিশেষ করে বোফরস মামলার বর্ণনা দিতে গিযে একটি বারের জন্যেও তাঁদের পারিবারিক বন্ধু অট্টাভিও কোয়াত্রোচির উল্লেখ দেখা গেল না | ভদ্রলোক বোফরস মামলায় শুধু জড়িত ছিলেন তাই নয়, রাজীব ও সোনিয়ার পরিবারের সঙ্গে ভদ্রলোকের নিবিড় সখ্যতা ছিল। কেন এই অনুল্লেখ? রাজনীতির বাধ্যবাধকতা হওয়া স্বাভাবিক, তাই যদি হয়, গোটা ইতালিকে আ্ত্মজীবনী থেকে বাদ দেবার কি কারণ? আপন হবার জন্য নিজের শিকড় ছিন্ন করা?
কাজেই এই প্রেম আর নিয়তির নিরন্তর মিশে যাওয়া আর মিশিয়ে দেওয়া সোনিয়ার আত্মজীবনীতে টানাপোড়েনের মত মিশে আছে, একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় না। এক জায়গায় লিখেছেন যে নিজে অতি ধীরে এবং ভারি বেদনার মধ্যে নিজের পরিচয়কে লুপ্ত করেছেন। সেটা কি এই কারণেই যে যাদের কাছে আপন হতে চেয়েছেন তারা কতটা গ্রহণ করেছে তাই নিয়ে সংশঃ? এবং এইখানেই আমার মনে হয়েছে সোনিয়া খুলে না লিখলেও সমকালীন ভারতীয় সমাজ এবং সমকালীন রাজনীতি তাঁকে কতটা খোলা মনে গ্রহণ করেনি। এই বেদনা জীবনে সংঘাতের তো বটেই, তার সঙ্গে সমকালীন ভারতীয় রাজনীতি ও সমাজের অবদানও কিছু কম নয়। যেমন ধরুন, সোনিয়া লিখেছেন যে তিনি যে কত আপনার সে উপলব্ধি তাঁর হয়েছে আমেথিতে নির্বাচনের প্রচার করার সময়, যখন মানুষ তাঁকে ঘরের “বৌ”, রাজীবের বৌ, ইন্দিরার গান্ধীর পুত্রবধূরূপে দেখেছে, গ্রহণ করেছে। সেই “আপন করে নেওয়ার” মধ্যে কোথাও কি মনে হয়নি যে সে আপনত্বের দাবিদার অন্য কেউ, তাঁকে তাঁর মত করে মেনে নেওয়া হয়নি? এমনকি নিজের দলের মধ্যেও হয়নি। ১৯৯৯ সালে শারদ পাওয়ার কংগ্রেস ছেড়ে অন্য দল গঠন করেছিলেন (বহিষ্কৃত হয়ে), তাঁর বক্তব্য ছিল যে সোনিয়া ৩০ বছরের মধ্যে ১৫ বছর বিদেশী হয়ে রয়েছেন, একজন বিদেশী কি করে ভারতের প্রধান রাজনৈতিক দলের সর্বোচ্চ নেত্রী হবেন (কথাটি অযৌক্তিক, কারণ এর আগে অ্যানি বেসান্ত আর নেলী সেনগুপ্ত কংগ্রেসের নেত্রী হয়েছেন) | তারপর লিখছেন ১২ বছর ধরে নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে মামুলি সৌজন্যমূলক দু একটি দায়সারা কথা বাদে সেভাবে আলাপ পরিচয় করেন নি। এমনকি সোনিয়া জিতলে মাথা ন্যাড়া করার প্রতিশ্রুতিও জনৈকা নেত্রী দিয়েছেন, তার কথাও লিখেছেন। এমনকি ভারতের সংবাদ মাধ্যমও তাঁকে ছেড়ে দেয়নি, এই সেদিনও তাঁর পরিচয় ছিল স্ফিংস বলে। এই লিখে সোনিয়া লিখছেন, এই যে আত্মপরিচয়ার সংকট তাঁকে ভারতে তাড়া করে বেড়িয়েছে, সে সমস্যা রাহুল বা প্রিয়ংকার হবে না, কারণ তাদের জন্ম, তাদের পিতৃপরিচয় ভারতেই | কথাটা থেকে বোঝা যায় যে বেদনার কথা এবং যে আত্মপরিচয়ের অবলুপ্তির কথা সোনিয়া লিখেছেন তার উৎসে প্রেম ছিল একতরফা |
এ আ্ত্মজীবনী পড়ার অভিজ্ঞতা অন্যরকম। একজন মানুষের জীবনের যাত্রাপথ, যেখানে নিজেকে অবলুপ্ত করেছেন, শুধু প্রেমের টানে |