এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ধারাবাহিক

  • পুজোর ছুটিতে পুরোনো ঘড়িতে - ৮

    Aditi Dasgupta লেখকের গ্রাহক হোন
    ধারাবাহিক | ২১ নভেম্বর ২০২৬ | ১১৪ বার পঠিত
  • ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮
    চিত্রকূট -১

    গুহকের প্রতি তবে বলেন শ্রীরাম।
    চিত্রকূট শৈলে গিয়া করিব বিশ্রাম।।

    (অযোধ্যা কান্ড, কৃত্তিবাসী রামায়ণ)

    এলাহাবাদ থেকে মোটরগাড়ি চেপে একদিনে চিত্রকূট ঘুরে আসা যায়। তবে দেখা হয় কিনা বলতে পারবোনা।আমরা রামঘাটে মন্দাকিনীর পাশে এক রাত থাকব ঠিক করেছিলাম।ভারী সুন্দর লেগেছিল সেই নদী আর নদীর বুকে ভেসে বেড়ানো রং চং করা,সাজানো নৌকাগুলি - ছবিতে। কীভাবে চিত্রকূট যাবো সে ভাবনা পরের জন্য রেখে দিয়েছিলাম।

    ব্রিটিশ কোঠির ওরা গাড়ির ব্যবস্থা করে দেবে,তবে এক পিঠের ভাড়াই ৪০০০মত চাইলো। বুঝলাম দুই পিঠের ভাড়া ধরে বলছে। উবেরে এক পিঠ দু হাজারের উপর গেলেও, অত না। ভেবে চিন্তে আমরা সক্কাল সক্কাল বেনারস - খাজুরাহ বন্দে ভারত ধরে যাবো ঠিক করলাম। এ ছাড়াও আরও অনেক ট্রেন আছে।তবে খুব ভোরে গেলে সেই দিনটি পাবো, আর ট্রেনেই ভারী একটা সকালের খাবার পড়ে গেলে পৌঁছেই কিছু জায়গা ঘুরে দেখা হয়ে যাবে বেলা গড়ানোর আগেই। রাস্তার ধকল কম হবে। ঝিমিয়ে নেওয়াও যাবে মাঝের সময়টা।

    তবে বন্দে ভারত ধরতে হলে আমাদের যেতে হবে প্রয়াগরাজ চিকোই জংশনে, যা যমুনার ওপারে নৈনিতে। ১২ -১৩ কিলোমিটার হবে বৃটিশ কোঠি থেকে।এলাহাবাদ বা প্রয়াগরাজ স্টেশনের উপর চাপ কমাতে নৈনি স্টেশনটি দিয়ে অনেক ট্রেনকেই এখন ঘুরিয়ে দেওয়া হয়। তারা আর পুরনো নৈনি সেতুটি দিয়ে এলাহাবাদে ঢোকেনা। সকালবেলা গাড়ি মিলে যাবে এমন ভরসা পেলেও আমরা উবের বুক করে রাখলাম, ৪৫০টাকা মত পড়ল। উৎসবের মরশুমে এদিক ওদিক হতেই পারে। জ্যাম ও থাকতে পারে রাস্তায়। তবে ড্রাইভার মশাই অতি সজ্জন ও মৃদুভাষী।আমাদের আশ্বস্ত করে রাখলেন আগের দিন রাতেই। এ পথে রেলগাড়ি আর মোটরগাড়ি - দুটো অপশন এর মধ্যে আর্থিক দিক দিয়ে তেমন কোনো বেশী ভালো কম ভালো, লাভ ক্ষতি নেই। অনেকটাই নিজেদের পছন্দের উপর নির্ভর করে। যার যেমন ভাব, তার তেমন লাভ - একটু নিজের মত অর্থে।

    পরদিন ৬.৩০এ সময় দেওয়া থাকলেও ৬টাতেই উনি পৌঁছে গিয়ে অপেক্ষা করলেন। নিজের শহরটিকে ভারী ভালোবাসে সে।এটা ওটা আরও কত দেখবার জায়গা আছে বলতে বলতে শ্যামাপ্রসাদ সেতু তে উঠলাম।তার কথামত দেখলাম সত্যিই সে ব্রিজ হেলে দোলে। গাড়ি থামিয়ে করিয়ে সেলফি তুলতে বলেন ভোরের কাঁচা আলোয়।ব্রিজ পেরিয়ে চলতে চলতে ডান দিকে নৈনি জেলটিও দেখিয়ে দিলেন।নেহরুর ছবি দেখতে গিয়ে এর ছবি সদ্য দেখেছি। ৩৫ মিনিটে পৌঁছে গেলাম।
    নৈনি স্টেশন এর সামনেটা বেশ জমজমাট। চা,খাবার দাবার পাওয়া যায়।আমরা যাবো ৪নম্বর প্ল্যাটফর্মে, সেখানে আমাদের ট্রেন 7.45এ ঢুকে 7.50এ ছেড়ে যাবে। রাম্প আছে অসুবিধা নেই। ট্রেন ঢোকার ঠিক মুখে লাইনের উপর এক গরু মর্নিং ওয়াক করতে নামলে আর তার পিছে পিছে তাকে খেদিয়ে তাড়াতে আরেক ব্যক্তি লাফ মারলে,পেছনে লাল কালো ট্রেন ! তবে ড্রাইভার আগেই গাড়ি থামিয়ে দিলে আর আমরাও বোঁচকা বুঁচকি নিয়ে পেছন দিকে উজিয়ে গিয়ে ট্রেনে উঠলাম।এ ছাড়া আর কিছু তেমন ঘটেনি।তবে ট্রেনে উঠেই খিদে পেতে লাগলো। স্টেশন এ কেনা কেক বিস্কুট খোলা হল।তবে দু ঘণ্টার মোটে পথ।খাবার নিশ্চই এখুনি দেবে।

    আমাদের নন ভেজ অর্ডার ছিল, তবে ব্রেকফাস্টে নাকি সেটি হয়না।তবে যে খাবার দিলে, এপর্যন্ত কোনো বন্দে ভারতেই অত যত্নের রান্না, অত ভালো মানের সকালের খাবার খাইনি।নরম গরম পরোটা মোটেই তেল চপ চপে নয়,সাথে বাড়ির মত আলু চচ্চড়ি, চপটা মনে হল তাওয়া ফ্রাই,টাটকা।মাফিন ছিল,দই ছিল। এর আগে পুরী বা নিউ জলপাইগুড়ি রুটে বিজাতীয় নানান সংগৃহীত শুকনো প্যাকেট পেয়েছি ব্রেকফাস্ট ট্রে তে। সদিচ্ছা থাকলে উপায়ও হয়!

    ক্রমে পাহাড় আর জঙ্গল বাড়তে থাকলো আর তারপর একবার ওয়াশরুম ঘুরে বেরিয়েই দেখি আমাদের রেলগাড়ি উপরে আর নিজে বিস্তীর্ণ ঘন সবুজ বিন্ধ্য উপত্যকা! চিত্রকূটধাম - কারভি জংশনে ট্রেন সময়মতোই ঢুকলো।স্টেশনটি র মন্দিরাকৃতি স্থাপত্য যত্নের হলেও,অন্য পরিষেবা তে তেমন কোনো নজর নেই।একটি দোকানে ভারী সুন্দর সুন্দর কাঠের খেলনা দেখলাম - পাখি,জন্তু,গাড়ি। পরে আরও সস্তায়, আরও ভালো পাবো - এই ভাবনা আর হোটেলে যাওয়ায় তাড়ায় কিনিনি। আর পাইনি। ফেরার দিন ভুলে গেছি।

    অটো চালকরা এগিয়ে এলেন। আমাদের সামনে পড়লে একটু বয়স্ক চশমা পরা একজন। বাক্স তুলে নিলেন ২০০টাকা রিজার্ভে। এখান থেকে মূল চিত্রকূট শহর ৯ কিলোমিটার মত। তবে আমরা আরও এগিয়ে যাব। আমাদের আগে বুক করা হোটেল রাম ঘাট ইন ভেসে গেছে আগস্ট এর বন্যায়। গোইবিবো তাই আরোও উজিয়ে পঞ্চবটি আরোগ্যধাম এ ব্যবস্থা করে দিয়েছে। সেখানেও মন্দাকিনী আছে। তবে নৌকো নেই।
    রামবালক বাজপেয়ীর বয়স আটান্ন, মুখ ভর্তি পান- গুটখার মধ্য দিয়ে বেরিয়ে আসা বুন্দেলখন্ডি হিন্দী আর আমাদের কান ও মস্তিষ্কের মধ্যে মাঝে মধ্যেই লিংক ফেইলিওর হচ্ছিল আর উনি মুখ ঘুরিয়ে আরও মুখের কাছে মুখ এনে কথা বলবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ঘুরে ঘুরে। যাই হোক, নবরাত্রি র দেবীমূর্তি দর্শন করতে করতে এগিয়ে চললাম। দুর্গা আছেন,আছেন করাল কালী। মোট নয়টি শক্তিরূপে পূজা পান মা এই নয়দিন।

    যেতে যেতে বাঁদিকে রামঘাটের দিকে নেমে যাওয়া ঢালু ও ঘিঞ্জি রাস্তাটি ছেড়ে এগিয়ে চলি। চারদিকে পুরোনো বাড়ী, ভগ্ন স্তূপ,ভাঙ্গা রাস্তা। বড্ড বেশি খেপেছিল এবার শান্ত মন্দাকিনী, মানুষ প্রস্তুত ছিলনা। সাতনার জঙ্গল থেকে গাছপালার সাথে ভেসে এসেছিল কত জীবজন্তু!
    মন্দাকিনী নদীটি সীমারেখা টেনেছে উত্তর প্রদেশের চিত্রকূট জেলা আর মধ্যপ্রদেশের সাতনা জেলার মধ্যে।এপার ওপার দুটি জেলা দুটি রাজ্য। কিন্তু চিত্রকূট শহরটি এ বিভাজন মানেনি, তাই সে নিজেকে ছড়িয়ে দিয়েছে দুটি রাজ্যেই - এপারে ওপারে। ইস্তাম্বুল যেমন নিজেকে বিছিয়ে রেখেছে ইউরোপ আর এশিয়ায় - তার চেয়েও বিচিত্র রূপে! রামঘাটে উত্তর প্রদেশের নৌকোয় বিহার করতে করতে দেখো - ওপারে মধ্যপ্রদেশে কেমন রামলীলা চলছে !

    চিত্রকূট পঞ্চবটি আরোগ্যধাম বিস্ময় নিয়ে অপেক্ষা করছিল,ছবি দেখে যা বোঝা যায়নি আগে ! তবে সে নিয়ে পরে বলবো। আপাতত তাড়াতাড়ি ব্যাগ বোঁচকা রেখে রামবালকের সাথে আমরা সফরে বেরিয়ে পড়ব। তাঁর সাথেই রফা হয়েছে ঘোরানোর। নিজের ব্রাহ্মণত্বের সাথে সত্যবাদিতার যোগ সুতা দেখিয়ে দরদাম করেছেন !


    প্রথমে যাবো স্ফটিক শিলাখানি দেখতে যার ঠান্ডা বুকের উপর বসে নাকি রামসীতা নীলচে সবুজ মন্দাকিনী দেখতেন। তারপর অনসূয়া অত্রি মুনির ডেরায় যাবো বনের পথে। ফেরার পথে রামদর্শন সংগ্রহ শালা। এদিক থেকে তেমন দূরে নয় কোনোটিই।
    মন্দাকিনীর জলে,তীরের ধার ঘেঁষে খানিকটা প্রায় সাদা ও স্বচ্ছ বোল্ডারটি সবুজ মন্দাকিনী সাথে আশ্চর্য এক কনট্রাস্ট রচনা করেছে। কোয়ার্টজ এর কারণেই এ স্বচ্ছতা।রোদ জল বৃষ্টিতে তার পৃষ্ঠদেশ মসৃণ। সে ঠান্ডা। তার উপর বসে মন্দাকিনী ও তার দুই ধারের বন্য সবুজ চোখ আর মন দুটিকেই শান্ত করে। অন্তর্মুখী করে। ইতিহাস,লোককথা, মহাকাব্য এক ধরনের মাদকতা সৃষ্টি করে সে মনে। ভূতাত্ত্বিক আর ভৌগোলিকের কাছে এ অঞ্চল রত্নের খনি। স্ফটিক শীলার উপর রামচন্দ্রের পায়ের ছাপ নিয়ে তাদের ব্যাখ্যা ভিন্ন। তবে বিজ্ঞান সৌন্দর্য আর সংস্কৃতিকে তো আর অস্বীকার করেনা! মন্দাকিনীর ধার দিয়ে বাঁধানো রেলিং পাকা রাস্তা প্রায় উধাও এখানে, এবড়ো খেবড়ো মাটি, ভাঙা গাছের ডাল মনে করিয়ে দিচ্ছে দেড় মাস আগের ভয়ঙ্কর বন্যার কথা।


    তবে এখন মন্দাকিনীর স্বচ্ছ জলের তলায় পাথরগুলো, কিলবিল মাছগুলি সূর্যের আলো পড়ে চকচক করছে। পাশে এক বছর বারো তেরোর বাচ্চা ছেলে এসে ঘ্যান ঘ্যান করছে নদীতে সিক্বা ফেলার জন্য, সেটিই রীতি নাকি। ওদিকে চিক্ চিক করে থুতু ফেলা চলছে মন্দাকিনী মাইয়ার জলে। সে কথা বলতে উত্তর: পবিত্র জলে ও স---ব কিছু সয়ে যায়!

    সারা চিত্রকূটেই প্রচুর বানর। তাদের খাওয়ানোর ছোলা কিনতে হাঁক ডাক। গোমাতা কে খাওয়ানোর জন্যও।সাধু সন্তের ভিড়। এদের কেউ একজন সটান মৃতবৎ শুয়ে আছেন। আসতে আসতে গিয়ে অটোতে উঠি। নদীতে থুতু ফেলার কথাটা বলতে রামবালক কোনওক্রমে ঠোঁট ফাঁক করে বলেন : ওসব হরিজন! পরে আমরা বুঝবো, তাঁর মত। যেদিকে যা দৃষ্টিকটু, খারাপ - সব কিছুর কারণ নাকি হরিজন। ভিক্ষেও করে কেবল হরিজনের শিশুরাই,দরকার না থাকলেও!
    তিনি আমাদের এখন নিয়ে যাবেন সতী অনসূয়া আশ্রমে।বা অত্রি মুনির আশ্রমে।

    আমা নিতে ভরত আইলে পুনর্বার।
    কেমন অন্যথা করি বচন তাহার।।
    চিত্রকূট অযোধ্যা নহে ত বহুদূর।
    ভরত ভ্রাতার ভক্তি আমাতে প্রচুর।।
    রঘুনাথ এমত চিন্তিত মনে মনে।
    চিত্রকূট ছাড়িয়া চলিলেন দক্ষিণে।।
    কতদূর জন তাঁরা করি পরিশ্রম।
    সম্মুখে দেখেন অত্রিমুনির আশ্রম।।

    (অরণ্য কান্ড, কৃত্তিবাসী রামায়ণ)
    আমরাতো অটো চড়েই গেলাম,তাই পরিশ্রম তেমন কিছু হয়নি।তবে পাহাড়ি ঢালু রাস্তায় জঙ্গলের মধ্য দিয়ে অটো ছোটাতে ছোটাতে রামবালক বুঝি ভুলে গিয়েছিলেন পেছনে কেউ বসে আছে। প্রবল ঝাঁকুনিতে জোর শটকা লাগলো বুকে ! দম বন্ধ হবার জোগাড়। এদিকে ভোলিনি স্প্রে সহ সব ওষুধ রেখে এসেছি হোটেলে। তিনি আমাদের নিয়ে এসে ফেললেন মন্দাকিনীর ধারে লম্বাটে অর্ধচন্দ্রাকৃতি খিলান আকারের মস্ত পাহাড়ের গায়ের সাথে লাগানো একই আকারের সতী অনসূয়া মন্দিরে। পাহাড়ের মাথায় তখন ঝকমকে সূর্যদেব।

    https://ibb.co/FbQYcbYg"><img src="

    সে মন্দির আসলে আধুনিক কালের এক আশ্রম। সে আশ্রমে নির্দিষ্ট পথ ধরে ঘুরতে হয়।সতী অনসূয়া, অত্রিমুনি সহ নানান মহাকাব্যিক ও পৌরাণিক চরিত্র ও তাদের নিয়ে গল্পগুলি প্রমাণ মাপের মূর্তি আর ছবি দ্বারা বর্ণিত। মূর্তিগুলি শিল্প সৌকর্যের দিক থেকে বাংলার মঠ মন্দিরের মূর্তির থেকে অনেকটাই পিছিয়ে।নির্দিষ্ট পথ শুধু গল্পই শোনায় না, সাধুবৃন্দ নির্ধারিত দক্ষিণা দানের নির্দিষ্ট কোনাগুলিতে পৌঁছে দেয়। ঢুকে পড়লে সে পথ ছাড়া উপায় নেই। তবে দক্ষিণার পরিমাণ নিয়ে জোরাজুরি নেই।যাই হোক, বিভূতি কপালে নিয়ে,সুজি চিনি মুখে দিয়ে এবং দক্ষিণা দিয়ে বাইরে এসে দাঁড়াই।


    রাস্তার ওপারে মন্দাকিনীর সিঁড়িতে এসে বসি। মাছেদের খেলা দেখি নদীর জলে পা ডুবিয়ে। হিমালয়ের মন্দাকিনী এ নয়,তবে জেনে এসেছি দেবী অনসূয়া নাকি যোগ বলে তাকেই এখানে টেনে এনেছিলেন। ওপারে জঙ্গল,জলের ধারে আটকে আছে বন্যায় ভেসে আসা গাছের কঙ্কাল। মাছ খাওয়ানো,৩৬০ ডিগ্রীর ছবি তোলা, এটা ওটা কেনার জন্য ডাকাডাকি। এর মধ্যে দশ টাকা দিয়ে মাছের খাবার কিনে খাওয়াতে যেতেই বাঁদরের দল এসে ঝাঁপিয়ে পড়ল। মাছের খাবারের মধ্যেই ছোলা মিশিয়ে দিয়েছিল কেন কে জানে! মাছ কি ছোলা খেতে পারে? চুপ করে বসে থাকি আর কিছুক্ষণ - দুপুরের রোদ গায়ে মেখে চলে যাওয়া নদীটির দিকে তাকিয়ে। কল্পনা করতে একটুও কষ্ট হয়না নদীতীরে শান্ত অত্রি অনসূয়ার আশ্রমের কথা, ' সীতা' নামের একটি পথক্লান্ত, ক্রমাগত নিরাপত্তার অভাবে ভুগতে থাকা মেয়ের জন্য যাঁরা কোল বিছিয়ে দিয়েছিলেন।
    দিবাকর কিরণ উত্তাপে উত্তাপিতা।
    চলিতে কাতরা অতি জনক দুহিতা।।
    হিঙ্গুল-মন্ডিতা তাঁর পায়ের অঙ্গুলি।
    আতপে মিলায় যেন ননীর পুতলী।।

    (অযোধ্যা কান্ড,কৃত্তিবাসী রামায়ণ)

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮
  • ধারাবাহিক | ২১ নভেম্বর ২০২৬ | ১১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ | ২১ নভেম্বর ২০২৬ ২৩:২০744079
  • ওইদিকের IRCTC র কন্ট্রাক্ট যে পেয়েছে সে ভাল করে খাওয়ায় আর কি।
     
    সাক্ষাৎ গোবলয়ে সব দোষ হয় হরিজন নয় মুসলমান। কাজেই...।
     
    একসাথে বেশ কটা পর্ব পড়লাম। চমৎকার লাগছে।
  • Aditi Dasgupta | ২২ নভেম্বর ২০২৬ ০৯:১৮744089
  • হ্যাঁগো, তীর্থ নিয়ে, তীর্থ যাত্রীদের সুখ সুবিধা নিয়ে ভাবনা ভালো, কিন্তু এত এত শিশু ভিখিরি নিয়ে এই চোখ বন্ধ করে রাখা বা বিকৃত তর্জমা লজ্জাজনক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন।