এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ভ্রমণ  দেখেছি পথে যেতে

  • কাজার ডায়েরি- ১৩

    দ লেখকের গ্রাহক হোন
    ভ্রমণ | দেখেছি পথে যেতে | ৩১ অক্টোবর ২০২৬ | ৫০২ বার পঠিত
  • ০ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪
    ঢাংকর গোম্পা


    ঢাংকর গোম্পা ও গ্রাম

    দেমুল থেকে নেমে আসার সময় দুতিন পাক নেমে গ্রামের রক্ষাকর্তা অবতারের স্তুপের সামনে কিছুক্ষণ দাঁড়াই আমরা। এখানকার মানুষজন সকলেই শাক্য সেক্টের। তাশি জানায় প্রতি গ্রামের একজন রক্ষাকর্তা দেবতা থাকেন, বুদ্ধের অবতার। স্তুপের সামনে নীচে অনেক কটা আইবেক্স আর ভরালের শিং। ভরাল বা ব্লু শিপের বয়স যত বাড়ে মাথার শিংও তত বাড়ে আর ক্রমশ বেঁকে যেতে থাকে। এরপরে একসময় শিঙের ভারে এরা আর মাথা তুলতে পারে না, খাওয়া দাওয়া বন্ধ করে বসে বসে মরে যায়।


    দেমুলের রক্ষাকর্তার চোর্তেন


    আইবেক্সের মাথা

    তাশি বলে যে সব ভরালের এই গ্রামে বা আশেপাশে এরকম স্বাভাবিক মৃত্যু হয় তাদের শিং আর যে সব ভরাল আর আইবেক্স দেবতার কাছে বলি দেওয়া হয় তাদের শিং এখানে রাখা হয় যাতে ভুত প্রেতের উৎপাত না হয়। আগেও লিখেছি বোধহয় তিব্বতী বজ্রযান বৌদ্ধধর্ম ভুতপ্রেত তন্ত্র মন্ত্রে বিশ্বাসী। এই স্তুপের সামনে থেকে বাঁ দিকে আঙুল দেখিয়ে তাশি লালুং গ্রাম চেনায়। হাজার বছরের পুরোন গোম্পা আর রহস্যময় পর্বত নিয়ে লালুঙ আরেক জাদুমাখা গ্রাম। অঞ্জলী গিয়ে দুদিন থেকে এসেছে।

    এবারে তো হল না, পরে আসবো। দেমুলের মতই কাজা থেকে বাস আসে বিকেল ৫.১৫ তে আর পরেরদিন সকাল ৭.৩০ এ ফেরত যায়। এভাবেই এই গ্রামগুলোর মানুষ কাজায় যায় পড়াশোনা করতে বা কাজ করতে। পড়াশোনা বলতে অবশ্য স্কুল পর্যন্ত। কলেজ যেতে হলে সিমলা বা কুলু। দেমুলের কাছ থেকে লালুং দেখা গেলেও গাড়িতে যেতে হলে দুই ঘন্টার বেশী লাগবে। গ্রামের লোকেরা অবশ্য অনেকসময়ই পাহাড়ি চড়াই উৎরাই বেয়ে হেঁটেই যাতায়াত করেন।


    ফিরোজা রঙের ঘাঘরা পরে স্পিতি নদী চলেছে নাচতে নাচতে

    আমাদের গন্তব্য ঢাংকর, যেতে সময় লাগবে দেড় কি দুই ঘন্টা। সঙ্গে পাশে পাশে চলে নীল সবুজ স্পিতি নদী। সমুদ্রতল থেকে ১২৭৭৪ ফিট উচ্চতায় অবস্থিত ঢাংকর গোম্পা স্পিতি আর পিন নদীর সঙ্গমের পাশে একটা ১০০০ ফিট খাড়াই পাথরের ধারে দ্বাদশ শতকে তৈরী দুর্গ কাম গোম্পা। ঢাং বা ধাং মানে পাহাড়ের খাড়াই ঢাল আর কর মানে দুর্গ। স্পিতির কী গোম্পা বা লাদাখের থিকসে বা লিকিরের মত ঢাংকরও দুর্গ -গোম্পা হিসেবে তৈরী হয়েছিল।


    চন্দ্রপৃষ্ঠ নয়, ঢাংকরের আগে

    ঢাংকর গোম্পা গেলুগ সেক্টের অন্তর্গত। দ্বাদশ শতকে মূল কাঠামো তৈরী হলেও সপ্তদশ শতাব্দীতে দুর্গ হিসেবে একে শক্তপোক্ত করে গড়ে তোলা হয়। ব্রিটিশরা এসে দখল করার আগে অবধি এটি স্পিতির রাজধানী হিসেবে ব্যবহৃত হত। পুরোন ঢাংকর গোম্পার লাগোয়া ঢাংকর গ্রাম। একটু নীচের দিকে স্পিতি নদীর পাশে সিচিলিং গ্রামে নতুন গোম্পা গড়ে উঠেছে। ২০০৬ সালে 'ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড' ঢাংকর গোম্পাকে বিশ্বের একশোটা সর্বোচ্চ বিপন্ন স্থাপত্যের অন্তর্গত বলে ঘোষণা করে। সেই সময় থেকে একটা এঞ্জিও এই গোম্পা সংরক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


    ঢাংকর গোম্পার তোরণ

    গাড়ি একেবারে পুরোন গোম্পার দরজা অবধি পৌঁছায়। দুপাশে ছোটখাট জিনিষপত্র নিয়ে বসা সাময়িক দোকান, খানকয়েক পাকাপোক্ত খাবার দোকানও। আমরা পৌঁছালাম সোয়া বারোটা নাগাদ। পুরোন গোম্পা পাহাড়ের খাড়াই ঢালের কিনারে তৈরী হওয়ায় ওঠার পথ সঙ্কীর্ণ। দোতলায় উঠতে উঠতেই শুনতে পাচ্ছি ঊপরে কোথাও সমবেত মন্ত্রপাঠ হচ্ছে, সাথে বাজছে তিব্বতী ড্রাম। দোতলার পর থেকে প্রায়ান্ধকার সিঁড়ি আরো সঙ্কীর্ণ, আরো খাড়াই আর তেল পিছলানো মসৃণ। পাঁচশো বছরের বেশী পুরোন যে কোন স্থাপত্যেই যা দেখা যায় আর কি।


    পুরোন গোম্পায় ঢোকার পথ

    এসব ক্ষেত্রে আমি যা করি ওঠার সময় চার হাতপায়ে হামাগুড়ি দিয়ে উঠে যাই আর নামার সময় বসে বসে নেমে আসি। সেইভাবেই তিনতলায় উঠে দেখলাম বাঁ দিকে একটা সরু প্যাসেজ একটু এগিয়ে একটা খোলা দরজা বা জানলায় শেষ হয়েছে। জানলার মুখে পৌঁছে দেখি একটু নীচে একটা খোলা ছাদ আর তার কার্ণিশের ওপারে মস্ত উপত্যকা দূরে রুক্ষ বাদামী পর্বতের দেওয়াল। এক সায়েব ট্রাইপড আর ক্যামেরা নিয়ে জানলা টপকে লাফিয়ে নেমে গেল। বুঝলাম এই সেই দুর্দান্ত ভিউপয়েন্ট।


    স্পিতি নদী আর পিন নদীর সঙ্গম - পুরোন গোম্পার পেছন থেকে

    স্পিতি আর পিন নদীর সঙ্গম এইখান থেকে সবচেয়ে ভাল দেখা যায়। অনেকেই এই পয়েন্টটার কথা জানে না তাই আর ছাদে নামে না। আর সিঁড়ির ধাপ করা থাকলেও খুব লম্বা না হলে অল্প একটু লাফিয়ে নামতে হয়। এহহে এটার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল একদম। তাই গোম্পার ভিতরে ছবি তোলা যাবে না বলে ক্যামেরা গাড়িতে রেখে এসেছি। এখন আবার অতটা নেমে গিয়ে আনতে ইচ্ছে করছে না। দুদ্দুর।
    যাকগে মোবাইলেই কদ্দুর কি হয় দেখি। ওঠার সময় কোনমতে হাঁচড় পাঁচড় করে ওঠার চেষ্টা করছি দেখে আরেক সায়েব খপাৎ করে হাত ধরে এক হ্যাঁচকায় টেনে তুলে দিয়ে বুড়ো আঙুল উঁচু করে দেখিয়ে চলে গেলেন।


    স্পিতি- পিন সঙ্গম

    এবারে একদম উপরের তলায় পৌঁছে দেখি ওবাবা রীতিমত প্রশস্ত প্রাঙ্গন, একদিকে মূল মন্দির। সেখানেই ড্রাম বাজিয়ে সমবেত মন্ত্রপাঠ হচ্ছে। দরজা বন্ধ, সেখানে এখন পর্যটকদের প্রবেশ নিষেধ। এখানে চতুর্মুখ ভৈরোচনা বুদ্ধের মস্তবড় মূর্তি আছে, আছে অতি পুরোন জীর্ণ থাঙ্কা ও আরো নানা ছোট বড় নানা জিনিষ নিয়ে ছোট একটা মিউজিয়ামও। কিন্তু নাহ সেসব কিছুই আজ দেখা যাবে না। এই উপাসনা কতক্ষণ চলবে জিজ্ঞাসা করে শুনি আজ সারাদিনই।


    পুরোন গোম্পা নীচের চত্বর থেকে

    ট্রিপ অ্যাডভাইজারে পড়েছিলাম এই মিউজিয়াম অনেকসময়ই বন্ধ থাকে। ঠিক সেটাই হল। গোম্পা যেহেতু পাহাড়ের গায়ে ক্ষুদে কেটে বানানো, তাই এই প্রাঙ্গণের পাশে একটু এদিক ওদিক গেলেই কিছু গুহা পাওয়া যায়। সেগুলোয় লোকে গিয়ে বসে ধ্যান করতে পারে। এক মেমসায়েব সেই নীচের তোরণ থেকেই 'মেডিটেশান কেভ' খুঁজতে খুঁজতে এসে অবশেষে খুঁজে পেয়ে ঢুকে গেলেন। এবারে নামার পালা। বসে বসে দুটো তলা নেমে দেখি এক বাঙালি পরিবার মহা চিন্তিত।


    সিঁড়ি যেখানে সবচেয়ে ভাল অবস্থায়

    এক ভদ্রমহিলা হাঁউ মাউ করে বলছেন আমি উঠতেই পারবো না তোমরা যাও, এখানে বসছি আমি। সেখানে তো বসার জায়গা নেই, খুবই অপ্রশস্ত পথ, আর সিঁড়িতে বসে থাকা অসম্ভব। আমি বসে বসে নামছি তাতেই পাশ দিয়ে অন্যরা ওঠানামা করতে পারছেন না। একটা করে বাঁকে পৌঁছে দেওয়ালের সাথে সেঁটে দাঁড়িয়ে সাইড দিচ্ছি। এক ভদ্রলোক বলছেন তাহলে আমিই থাকছি এখানে ওর সাথে তোমরা যাও। একটি মেয়ে মহিলার হাত চেপে ধরে বলছে আরে পড়বে না আমি ধরে ওঠাচ্ছি। মহিলা উঁহুহুহু হাঁটু গেল আমার এত খাড়াই আমি পারবো না রে।


    খাড়াই সিঁড়ি চড়তে চড়তে এক গবাক্ষ দিয়ে বাইরে তাকালে...

    ওঁকে বললাম আমার মত করে হামাগুড়ি দিয়ে চড়তে আর বসে বসে নামতে। এদ্দুর এসেছেন, এত পুরোন গোম্পা, না দেখেই চলে যাবেন। উনি আশা নিরাশা মিশিয়ে বললেন আমি পারবো!? ৫৪ বছর বয়স হল আমার। আমি একগাল হেসে - আমার তো ষাট, আমি পারলাম তো। আপনি একটু চেষ্টা করে দেখুন। আর দাঁড়ানো যাবে না, সামনে পেছনে লোক জমে যাচ্ছে। নীচে চলে এসে গেটের পাশের ছোট চত্বরে ঘুরে ফিরে ছবি টবি তুলে একটা চা কফির দোকানের সামনের চেয়ারে বসি। দোকানের ছেলেটা গাদা গাদা বাসন মাজছে ধুচ্ছে। বলল একঘন্টা লাগবে কফি টফি বানাতে।



    এরমধ্যে আরো এক বাঙালি গ্রুপ এসে গপ্প জুড়লেন। পরে বুঝলাম এঁরাও ওই সিঁড়ির গ্রুপেরই অংশ। দুটো না তিনটে টেম্পো ট্রাভেলার ভর্তি করে এসেছেন। একথা সেকথায় আমি একলা ঘুরছি শুনে বেজায় অবাক। কাজায় ভলান্টিয়ারিঙের কথা শুনে ওঁদের মুখের হাঁ আর বন্ধই হয় না। ভদ্রমহিলারা জিজ্ঞাসা করলেন আপনার সাথে একটা ছবি তুলতে পারি? আইব্বাস, আমি তো ফিলিং লাইক সেলিব্রিটি। laugh তো তাঁরা ছবি তুললেন, ফোন নম্বর নিলেন, ছবি পাঠাবেন, যোগাযোগ রাখবেন বলে।

    সেসব কিছুই অবশ্য করেন নি। কথায় কথায় এর পরে আদি কৈলাশ যাবো শুনে আর ট্যুর অপারেটারের নাম শুনে যে ভদ্রমহিলা ছবি তুলতে সবচেয়ে উৎসাহী ছিলেন, মহা চটে গেলেন। কী ব্যপার? না ওই ট্যুর অপারেটার নাকি ওঁদের অক্টোবরে নিয়ে যেতে চান নি বলেছেন মে জুনে যেতে। কেন আমাকে নিয়েছেন কিন্তু ওঁদের নেন নি? কেন কেন? যাচ্চলে! সে আমি কী করে জানবো? এর মধ্যে সেই সিঁড়ির ওঁরাও নেমে এলেন। ভদ্রমহিলা বেজায় খুশী হয়ে জানালেন আমার বুদ্ধিটা খুবই কাজে লেগেছে।

    ইনি আবার আমার বেগুনী চুল দেখে বিস্মিত। ইনিও ছবি তুলবেন বেগুনীচুলের সাথে। নীচে এসে হাল্কা গরমভাব লাগায় টুপি খুলে হাতে নিয়ে ঘুরছিলাম। ফিলিং সেলিব্রিটির ওভারডোজ এক্কেরে। অত:পর আমরা সবাই মিলে চললাম পার্কিং লাগোয়া বড়সড় ক্যাফেটায় কফি খেতে। এঁরা কল্পা ছিটকুল টাবো হয়ে ঢাংকর এসেছেন। এখান থেকে কাজা যাবেন, দুই রাত থাকবেন। কোথায় কী দেখা যায় জেনেটেনে নিলেন বটে কিন্তু সাথে গজগজ করলেন ট্যুর অপারেটার সব কিছু দেখাচ্ছে না। তা সেসব ওরা দেখায়ও না, ওইজন্যই তো আমি যতটা পারি সোলো ঘুরি।


    নীচে নদীর কাছে ধ্যানগুহা - উপরে ডানদিকে পুরোন গোম্পা

    এঁরা কিছুতেই আমায় কফির দাম দিতে দিলেন না। এঁদের শারথীরা এসে হেঁকেডেকে সবাইকে নিয়ে গেল। আমি ধীরেসুস্থে বেরিয়ে তাশিকে খুঁজে নতুন গোম্পার দিকে এগোলাম। ওঁদের নতুন গোম্পায় নিতে রাজী নয় উদ্যোক্তারা। পুরোন গোম্পা যেমন পর্যটকে, লামায়, দোকানপাটে জমজমাট নতুন গোম্পা সেরকম নয়। একেবারেই চুপচাপ শান্ত নিরিবিলি আধুনিক স্থাপত্যের গোম্পা। মস্ত পার্কিং, প্রায় খালি। এর সামনের রাস্তা দিয়ে দুশো কি তিনশো মিটার হেঁটে গেলেই ঢাংকর লেকে যাবার ট্রেকিং রুট শুরু হয়। কিছু বাইকার আর একটা গাড়ি পার্কিঙে আছে।


    নতুন গোম্পা

    লেকযাত্রীরা এখানে গাড়ি রেখে লেকের দিকে যান। ঢাংকর লেকের রাস্তাটা জায়গায় জায়গায় খুব খাড়া শুনেছি। অঞ্জলী বলে দিয়েছিল খুব সকাল সকাল ব্যাগে বিস্কুট, লজেন্স আর জল নিয়ে খুব ধীরে ধীরে ওঠা শুরু করতে। মোটামুটি ৫-৬ ঘন্টা ধরে ওই ৫ কিমি উঠলে অসুবিধে হবে না। দাঁড়িয়ে ভাবছিলাম দুপুর দেড়টায় এই জার্নিটা শুরু করা বোধহয় খুব একটা বুদ্ধির কাজ হবে না। এর মধ্যে আরেকটা জিমনি চেপে ৪টে অল্পবয়সী ছেলে এসে কোত্থেক এক লামাকে খুঁজে বের করে এনে লেকের রাস্তা জিজ্ঞাসা করায় উনি বারণ করলেন যেতে।


    পাহাড়ের খাড়াই কিনারে ঝুলে পুরোন গোম্পা

    ঢাংকর লেক ১৩৫৭৮ ফিট উচ্চতায় অবস্থিত এক অপরূপ সুন্দর গ্লেশিয়াল লেক। লেকের কাছাকাছি আবহাওয়া অনেকসময়ই দ্রুত খুব ঠান্ডা হয়ে যায়, জোরালো হাওয়া বয়, এছাড়া অক্সিজেন লেভেলও কম তাই এটাকে মডারেট ট্যু টাফ ট্রেক ধরা হয়। এমনিতে রেগুলার ট্রেকারদের দেড় ঘন্টা লাগে যেতে, নামতে ৪৫ মিনিট। কাজেই দুপুর দেড়টা এমন কিছু বেলা নয়। তবে লামাজির বক্তব্য হল লেকে এখন প্রায় জল নেই, একদম তলার দিকে অল্প কিছুটা আছে। তার চেয়ে মে জুন মাসে এসে গেলে লেককে তার পূর্ণ মহিমায় দেখা যাবে। আমার এটা বেশ মনে ধরল। যাবো না এখন।

    নতুন গোম্পার মূল মন্দির বন্ধ ছিল। আমি প্রাঙ্গণে নদীর দিকে গিয়ে পুরোন গোম্পার ছবি তুলছিলাম। এখান থেকেও পিন আর স্পিতির সঙ্গম দেখা যায় তবে অনেকটা দূরে আর পুরো বাঁকটা দেখা যায়ও না। ইতোমধ্যে তাশি গিয়ে খুঁজেপেতে একজনকে ধরে আনল। তিনি দরজা খুলে আমাদের ঢুকতে দিলেন। আবার যাতে চুপিচুপি ছবি না তুলি তাই সঙ্গে সঙ্গে ঘুরলেন। তিনিও বললেন ঢাংকর লেকের জল কমে যাবার কথা। নতুন গোম্পায় শিক্ষার্থী লামারাই থাকেন মূলত। এখানেই তাঁদের শিক্ষা হয় আর উৎসব, বড় পুজো, কোন বড় লামা এলে তাঁর থেকে 'পরবচন' (উপদেশ ও শাস্ত্রব্যাখ্যা) শোনা ইত্যাদি পুরোন গোম্পায় হয়।

    ওসেল রুমে ফিরতে ফিরতে বিকেল পাঁচটা। তাশির সাথে চন্দ্রতাল যাওয়া নিয়ে কথা বলি। আগেরদিন কাজা ট্যাক্সি ইউনিয়ানের সাথে কথা বলেছিলাম। সিজন প্রায় শেষ, এখন চন্দ্রতাল গিয়ে দিনের দিন ফিরতে ওরা ৪ X ৪ গাড়ির জন্য দশ হাজার চাইছে। সিজনে তেরো চোদ্দ হয়। তাশি বলে ও'ও দশই নেবে। যাবো পরশু, ওর সাথে গেলে যেন কালই দুপুরের মধ্যে জানিয়ে দিই। তাহলে ও আর অন্য বুকিং নেবে না। বৈশালি, তাশিজিরা বলেছিল গাটুক ভাইকেও চন্দ্রতালের গাড়ির কথা জিজ্ঞাসা করতে। তাশিকে বলি দুপুরের আগেই জানাবো।

    কাল যাবো টাবো গোম্পা, HRTCর বাসে চেপে। হিমালয়ান অজন্তা বলে টাবোকে। দেখা যাক কালকের দিন আরো কী অপ্রত্যাশিত বিস্ময় নিয়ে আসে।
     
    স্পিতি নদী - পিন- স্পিতি সঙ্গমের আগের বাঁকে
     
    (চলবে)

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    ০ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪
  • ভ্রমণ | ৩১ অক্টোবর ২০২৬ | ৫০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ৩১ অক্টোবর ২০২৬ ২০:১৪743643
  • "ভরাল বা ব্লু শিপের বয়স যত বাড়ে মাথার শিংও তত বাড়ে আর ক্রমশ বেঁকে যেতে থাকে। এরপরে একসময় শিঙের ভারে এরা আর মাথা তুলতে পারে না, খাওয়া দাওয়া বন্ধ করে বসে বসে মরে যায়"।
    --কেমন গা শিরশির করছে।
     
    ফিরোজা আর সাদায় মেশা নদীগুলোর ছবি মন ভরিয়ে দিল।
  • kk | ০১ নভেম্বর ২০২৬ ০০:০৪743649
  • আমারও স্পিতি নদীর ছবিটা দুর্দান্ত লাগলো! আর স্পিতি-পিন নদীর সঙ্গমও। কী নীল কী নীল জল! পুরোনো গোম্পার সিঁড়ির ছবি দেখেই তো বুক ধড়ফড়াস! বসে বসে নামার বুদ্ধিটাই ভালো। তাশি নামটা বেশ জনপ্রিয় মনে হচ্ছে ওখানে, তাই না?
  • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ১৩:৪৫743666
  • এসব জায়গায় জনসংখ্যা কেমন? এদের ভাষা কী কী?
  • Aditi Dasgupta | ০১ নভেম্বর ২০২৬ ১৪:২২743667
  • তাশি কি নাম না কি উপাধি? এটা নিয়ে অনেকদিনের প্রশ্ন।এত রাশি রাশি তাশি - হিমালয়ে! নদীর জল টা উফফ! ওই ভালো সিঁড়ি দেখে খারাপ টা কী হতে পারে সেটা কল্পনায় আনার চেষ্টা করছি! গোলাপী চুলের অনবদ্য সিঁড়ি বাওয়া চলতে থাকুক। কোনও দিন দেখা হলে আম্মো সেলফি তুলবো গোলাপী বাবুর সাথে!
  • দ | ০১ নভেম্বর ২০২৬ ২৩:২০743679
  • রঞ্জনদা,
    ওটা ওদের স্বাভাবিক মৃত্যুর ধরণ। তবে বেশিরভাগ তার আগেই নাকি শিকার হয়ে যায়। মানুষের কিম্বা তুষারচিতার কিম্বা বড় ঈগলপাখির।
     
    কেকে,
    হ্যাঁ তাশি নামটা স্পিতি আর লাদাখে খুব কমন। তাশি আর সোনম ছেলে মেয়ে নির্বিশেষে প্রচুর। আমিই দুই জায়গা মিলিয়ে জনা ছয়েক তাশি আর চারজন সোনমকে চিনি।
    এই অঞ্চলে নদীগুলোও ওরকম রঙিন সব। ইউটিউবে জাঁসকারের সারাপ-চু নদীটাকে দেখো। ওকে দেখতে যেতে হবে শীগগির।
     
    Джошита,
    দেমুল গ্রামের লোকসংখ্যা অফিশিয়ালি তিনশোর মত কিন্তু বাস্তবে দুশোর কম লোক ওখানে বাস করে। লালুং জানি না। ঢাংকরেও অফিশিয়ালি জনসংখ্যা ৩০০র মত। কিন্তু এখানে আবার তার চেয়ে বেশ কিছু বেশী লোক প্রায় ৫০০র কাছাকাছি বাস করে। বিখ্যাত গোম্পা আর লেক থাকায় ট্যুরিস্টের স্টেডি ফ্লো থাকে তাই রোজগারের সুযোগ বেশী।
    ভাষা মূলত তিব্বতী ভোটি। কথ্যভাষা এটাই। এছাড়া হিন্দী আর কিছুটা ইংরিজিও অনেকে জানে। সমস্ত গোম্পায় দেখেছি দুতিনজন মাঝবয়সী লামা খুবই ভাল ইংরিজি বলেন। এঁরা বিদেশী ট্যুরিস্টদের সাথে কথা বলেন। ভোটি হল সাইনো টিবেটান গোষ্ঠীর ভাষা। এছাড়া কাজা আর বিমাচলের আরো কিছু জায়গায় কোঠী বলে একটা কথ্য ভাষা চালু। সেটা ইন্দো এরিয়ান ভাঢাগোষ্ঠীর অন্তর্গত।
    হিন্দীর চাপে এই দুটো ভাষারই অরিজিনাল গান কবিতা ইত্যাদি হারিয়ে যেতে বসেছে। শ্রুতি এই ভোটি ভাষার বিয়ের গান, লোককথা সংগ্রহ করছিল।
     
    অদিতি
    তাশি নাম, পদবী নয়। পিদবী সেরিং বা ডোলমা এরকম কিছু হয়। তাশি মানে ভোটিভাষায় সৌভাগ্য, উন্নতি ইত্যাদি। তাই নামটা এত জনপ্রিয়।
     
    মানে বলছ যে তোমার সাথে দেখা হবার আগে চুলটা বেগুনী থেকে গ্যোলাপী করে ফেলবো? নট আ ব্যাড আইডিয়া।
  • দ | ০১ নভেম্বর ২০২৬ ২৩:২২743680
  • *হিমাচলের
    **পদবী
  • Джошита | ০১ নভেম্বর ২০২৬ ২৩:২৯743681
  • থ‍্যাংকিউ। এগুলো সমস‍্যা। ভাষাগুলো হারিয়ে যাবে ক্রমে।
  • অরিন | ০২ নভেম্বর ২০২৬ ০২:৪২743685
  • ":আগেও লিখেছি বোধহয় তিব্বতী বজ্রযান বৌদ্ধধর্ম ভুতপ্রেত তন্ত্র মন্ত্রে বিশ্বাসী।"
     
    এর পরের এডিশনে শুধরে নেবেন |
     
    তিব্বতী বৌদ্ধধর্ম "প্রেত" কে পুনর্জন্মের একটি রূপ হিসেবে দেখে, কিন্তু "ভূত-প্রেত" কে বিশ্বাস হিসেবে দেখে না।
     
     
    বজ্রযান বৌদ্ধধর্মে মূল দর্শন হল "শূন্যতা" এবং "করুণা", "ভূত-প্রেত" কে বাহ্যিক শত্রু হিসেবে দেখা হয় না।
     
    আপনি খুব সম্ভবত
     
    বৌদ্ধধর্মের ষড়গতি পুনর্জন্মের ধারণা এবং
    তিব্বতী বৌদ্ধধর্মের তন্ত্র অনুশীলন
     
    সম্পর্কে লিখতে চাইছেন,
     
    যদি তাই হয়, সেভাবে লিখুন, তাহলে যারা এই ব্যাপারগুলো জানেন না বা আপনার লেখা পড়ে জানবেন তাঁরা যেন ঠিক ত়থ্যটুকু জানেন। বারদো থডল এর কথাটিও লিখতে পারেন বিশদে জানানোর জন্য, লিঙ্ক:
     
  • Aditi Dasgupta | ০২ নভেম্বর ২০২৬ ১০:৫৮743687
  • @দ সেরেছে! ফ্রয়েডীয় ভুল বুঝি। গোলাপী দেখতে চাইছে। বেগুনীই হোক বা গোলাপী - যেকোনো রং বাজীতেই রাজি।
  • দ | ০৯ নভেম্বর ২০২৬ ১৯:৫৯743898
  • অরিন বলছেন ভুত আর আলাদা? তা হবে হয়ত। আমি কিছুটা তুচ্ছার্থে 'ভুত প্রেত' বলেছি। আপনার খারাপ লেগে থাকলে দু:,খিত। এই বৌদ্ধরা ভুত তাড়াতে অনেক অনুষ্ঠান করে তো। বিশ্বাস না করলে তাড়াতে চায় কেন?
  • অরিন | ১০ নভেম্বর ২০২৬ ০৮:৪৪743906
  • খারাপ লাগবে কেন, সেটা না। এবার ব‍্যাপাকচা বোঝা গেছে। থিওরিটিকালি বজ্রযান বৌদ্ধধর্মে ভূত প্রেতের একটা সাংঘাতিক সিরিয়াস জায়গা আছে। কিন্তু কার্যক্ষেত্রে কে কিভাবে নেয় সে অন‍্য ব‍্যাপার। আপনি লেখার সময় হয় দুটোই লিখুন না হলে সেফ হচ্ছে বজ্রযানে ভূত প্রেতের থিওরিটা লিখে রাখুন।
    এইটুকুই।
    বাকী লেখাটা তো ফাটাফাটি রকমের ভাল।
  • দ | ১০ নভেম্বর ২০২৬ ২০:৫৯743932
  • আচ্ছা বুঝেছি। smiley
    থ্যাঙ্কিউ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন।