এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বই

  • আফ্রিকান শর্ট স্টোরিজ : জেরিম্যানের কথা ও অন্যান্য গল্প

    হাট্টিমাটিম
    আলোচনা | বই | ০৩ ফেব্রুয়ারি ২০০৮ | ১৪৭৬♦ বার পঠিত
  • সম্প্রতি হাতে এলো আফ্রিকার ছোটগল্পের একটি সংকলন। বেশ পুরোনো বই, ১৯৭১ সাল নাগাদ প্রথম সংস্করণ প্রকাশিত হয়। আগে বলে নেওয়া যাক কি কি নেই আকিনতোলা কোলের একাত্তর পাতার এই গল্প সংকলনে। গল্পগুলোর সঠিক রচনাকাল দেওয়া নেই, প্রকাশকের কোন বক্তব্য নেই, লেখকের নিজের লেখা যৎসামান্য ভূমিকা দিয়েই সংক্ষেপে কাজ সেরে ফেলা হয়েছে। শুরুটা যেমন হঠাৎ করে, শেষটাও সেরকম। গল্পের শেষে কোন টীকা নেই, বইয়ের শেষে নেই কোন সূচক বা লেখক পরিচিতি। প্রসঙ্গত:, অগোছালো এই বইটি প্রকাশিত হয় Vantage Press থেকে।

    ভূমিকায় লেখক বলেছেন, আফ্রিকা সম্পর্কে সাধারণ মানুষের মনে একটা স্পষ্ট ছবি এঁকে দেওয়াই মূল উদ্দেশ্য এই বইয়ের। আফ্রিকা বলতেই আমাদের মনে সচরাচর যে ছবিটা আঁকা হয়ে যায় সেখানে মানুষ নেই। ঘন জঙ্গল, হিংস্র খাদক আর বিপন্ন খাদ্য সে ছবির পুরো ক্যানভাসটাই ছেয়ে থাকে। এই চিরাচরিত ছবির বাইরে থেকে যাওয়া মাটি আর মানুষের গল্প বলেছেন বলেই এ বই ব্যতিক্রমী। এত অল্প কথায়, এত নিরপেক্ষভাবে বোধহয় খুব কমই বলা হয়েছে রহস্যে ঘেরা এই মহাদেশের কথা। তাই একঝাঁক গল্পের সংকলন হয়েও এর একটাও আদপেই গল্প নয়। গল্পের দাবী থেকে সরে, রঙে-রেখায় ছবিটা স্পষ্ট করে তুলতেই ব্যস্ত ছিলেন লেখক। তাই এখানে কোন নাটকীয়তা নেই। বেশিরভাগ কাহিনীই শেষ হয়, ঠিক যেভাবে শেষ হওয়ার কথা ছিলো, সেইভাবে।

    বই শুরু হচ্ছে জেরিম্যানের গল্প দিয়ে। অনেকটা আত্মকথার ধরণে নিজেই নিজের গল্প লিখেছে আগিলা জেরিম্যান। বংশপরম্পরায় জেরিম্যানরা আফ্রিকার ক্রীতদাস ছিলো। নিবাস আফ্রিকার পশ্চিম উপকূল। তার স্মৃতিচারণে উঠে এসেছে এক অন্যরকম গ্রামের কথা, যেখানে সবাই কোন না কোন সময় ক্রীতদাস ছিলো। সেইসব কৃষিজীবী মানুষ, যাদের দিনের শুরু থেকে শেষ শুধু খাবারের যোগাড় করতে করতেই কেটে যায়। সেইসব মানুষ যাদের সন্ধ্যাগুলো কেটে যায় ক্লান্তি সরাতে সরাতেই, কখনো বা আকণ্ঠ নেশায়। নির্মোহ ভাবে চারপাশে দেখা মানুষের কথা, তাদের আনন্দ-দু:খ, সারল্য ও নীচতা, বন্ধুত্ব ও বিবাদের গল্প বলে চলে জেরিম্যান। অবশ্য বাইরের এই গল্পের ভেতরের স্তরে লুকিয়ে থাকা গল্পটাও ধীরে, অতি সাবধানে সামনে এসে পড়ে। আমাদের মনে পড়ে ছোটবেলায় পড়া নীলমানুষের গল্প। জেরিম্যানও এক নীলমানুষ, শুধু অন্যরকম হওয়ার জন্যই যাদের সমাজ ভয় পায়, দূরে ঠেলে রাখতে চায়।

    এগারোটা গল্পের প্রথম তিনটে আসলে জেরিম্যানের আত্মকথার তিনটি খন্ড। সেখানে আমরা দেখি এক আশ্চর্য্য রূপান্তর। এক সময়ের সমাজচ্যুত, বন্ধুহীন জেরিম্যান কিভাবে সবার প্রিয়পাত্র ও নেতাস্থানীয় হয়ে উঠলো সেই রূপকথা। এরপরেই একে একে এসেছে ভিন্নস্বাদের অন্যান্য গল্পগুলো। এক সংস্কারে ডুবে থাকা পুরোহিতের গল্পে উঠে আসে প্রাচীন গোষ্ঠীদ্বন্দ্ব, উপাসনার নিয়ম-কানুনগুলো আমাদের চেনা লাগে, নিয়ম মানার প্রয়োজনগুলোও কোথায় যেন মিলে যায় আমাদের হিসেবের সাথে। এই পর্বের আটটি গল্পের একটার সাথে অন্যটার মিল নেই একফোঁটা। লেখক নির্মমভাবে একেকটা প্লটের ওপর আলো ফেলে চলেন, আলো জ্বলে ওঠা আর নেভার মাঝে অনেককিছুই দেখা হয়ে যায়, আবার অনেকটা অংশ অদেখাই রয়ে যায়। এইভাবেই একে একে আসে ও চলে যায় নি:সঙ্গ এক সরাইখানা ও তার মালিকের গল্প, মাঝসমুদ্রে দিক হারানো এক নাবিকের কথা, উপকথার রূপকে লেখা এক তাঁতীর কাহিনী।

    বৈচিত্র্যের নিয়ম মেনেই পরের তিনটে গল্পে ক্রমান্বয়ে আসে অদ্ভুতুড়ে এক বৃদ্ধের গল্প, যার অনেকটা জুড়েই রহস্যময় আলোছায়ার খেলা। খুব সাবধানে, যাবতীয় নাটকীয়তা সরিয়ে রেখে গল্প বলার সম্ভবত চরম উদাহরণ এই কাহিনী। গল্পগুলো দ্রুত শেষ হতে থাকে। খুব তাড়াতাড়ি, প্রায় রুদ্ধশ্বাসে পড়া হয়ে যায় বাকি তিনটি লেখাও, যেখানে কখনও দেখা হয় এক ভাগ্যান্বেষী যুবকের সাথে, কখনও একাকীত্ব অলৌকিক স্বপ্নময়তা নিয়ে হাজির হয়ে তার রেশ রেখে যায় নির্জন সমুদ্রতটের গল্পে। শেষ গল্পে এক অনামী বন্দরে এসে পৌঁছে যায় আমাদের জাহাজ, জেমস নামের এক সামান্য কর্মচারীর গল্প শুনে সাঙ্গ হয় এই অলীককথন।

    আলাদা আলাদা র ঙের পাথর গেঁথে গেঁথে বোনা এই গল্পমালা সমসাময়িক অন্যান্য গল্পগ্রন্থের থেকে একেবারেই অন্যরকম। পাঠককে আগাগোড়া টেনে রাখার দায় থেকে মুক্ত এই বই। হয়ত সেই কারণেই এই বইয়ের আর সংস্করণ হয়নি। যাঁরা গল্প বলার ধরণে বৈচিত্র্য খোঁজেন, তাঁদের ভাবাবে লেখার ধরণ। কোনো গল্পেই আফ্রিকার বহুচর্চিত বন্য জন্তুজানোয়ার বা শিকারপর্ব নেই, যা দিয়ে অনায়াসে পাঠককে মুগ্ধ করে রাখা যেত। অফুরান প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গল্পের চরিত্ররা চলাফেরা করেছে, কিন্তু ভুলেও সেইদিকে নজর ঘুরিয়ে দেননি লেখক। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সন্তর্পণে এঁকে চলা হয়েছে মানুষের ছবি, যাদের বাদ দিয়ে একটা মহাদেশ তার হাজার বৈচিত্র্য নিয়েও অসম্পূর্ণ থেকে যায়। এই সততাই বাধ্য করে গল্পগুলো পড়িয়ে নিতে। আগে থেকে এঁকে রাখা খন্ডচিত্রগুলো নতুন ছবির সাথে অনায়াসে জোড়া লেগে যায়, তার জড়তা আর প্রাণশক্তি পাশাপাশি রেখে আমরা মিলিয়ে নিতে শুরু করি এক প্রাচীন মহাদেশের ইতিহাস।

    ফেব্রুয়ারী ৩, ২০০৮
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ০৩ ফেব্রুয়ারি ২০০৮ | ১৪৭৬♦ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন।