এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  গপ্পো

  • সমুদ্র বেলা 

    সুকান্ত ঘোষ লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ১০ নভেম্বর ২০২৬ | ৪৭১ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ॥ ১ ॥

    লিফট থেকে নেমে করিডোরের বাঁক ঘোরার আগেই অনির্বাণ গন্ধটা পায়, প্রায় রোজকার মতই - পাঁচফোড়নের। সর্ষের তেলে কালোজিরে আর মেথি ফাটার চিড়বিড়ে আওয়াজটা যেন গন্ধের হাত ধরে দরজার তলা দিয়ে গলে বেরিয়ে আসে। চেন্নাইয়ের এই আবাসনে গোটা ষাটেক ফ্ল্যাট, বাঙালি বলতে তারা দুজন। কাজেই এ গন্ধ অন্য কারও রান্নাঘর থেকে আসার কথা নয়।

    চাবি ঘোরাতেই রান্নাঘর থেকে গলা ভেসে এল।

    - এলে? জুতো বাইরে। আজ ঘর মুছেছি।

    - রোজই তো মোছো।

    - রোজই তো জুতো পরে ঢোকো।

    অনির্বাণ হাসে। জুতো খুলে দরজার পাশে রাখে, সোজা করে, পাশাপাশি। এই একটা ব্যাপারে মহুয়ার কোনো নড়চড় নেই - বাইরের জুতো ঘরে ঢুকবে না, আর রান্নার সময় রান্নাঘরে কেউ পা রাখবে না। দ্বিতীয় নিয়মটা নিয়ে অনির্বাণ প্রথম প্রথম খুব খেপাত। বলত, রান্নাঘর তো আর মন্দিরের গর্ভগৃহ নয় যে পুরুতমশাই ছাড়া কেউ ঢুকবে না! মহুয়া খুন্তি উঁচিয়ে বলত, গর্ভগৃহের চেয়ে কম কীসে? রান্নাও তো একটা সাধনার মত, আর এখানেও তো রোজ নানা ধরণের সৃষ্টি হয়।

    এখন আর খেপায় না। চৌকাঠে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে, যেমন আজ দাঁড়াল।

    মহুয়ার পিঠ তার দিকে ফেরানো। আলগা খোঁপা, সবুজ পাড়ের তাঁতের শাড়ি, কড়াই থেকে ওঠা ধোঁয়ায় ঘাড়ের কাছটা ঝাপসা।

    - কী রাঁধছ?

    - লাউ-চিংড়ি। খবরদার, কিছু বলবে না কিন্তু।

    - কী বলব?

    - ওই যে তোমার থিয়োরি। লাউ আর চিংড়ির বিয়েটা নাকি বাঙালি রান্নার সবচেয়ে সফল অসবর্ণ বিবাহ। একজন নিরামিষ ঘরের মেয়ে, আরেকজন আঁশটে পাড়ার ছেলে, অথচ সংসারে কোনো ঝগড়া নেই!

    - ভুল কিছু বলেছি?

    - ভুল নয়, পুরোনো। তিনশোবার বলেছ।

    অনির্বাণ হেসে ফেলে। মহুয়ার হাসিটা সে দেখতে পায় না, পিঠ ফেরানো, তবু জানে কেমন হবে। ওর হাসি গলা থেকে আসে না, আসে চোখ থেকে। আগে চোখ হাসে, তারপর ঠোঁট ধরা দেয়। বহু বছর ধরে সে জানে।

    - অফিসে আজ কী হল?

    - কার্তিক আবার সেই একই ভুল করেছে প্রেজেন্টেশনে, ডিরেক্টরের সামনে। পনেরো বছর ধরে তেলের কুয়োর নকশা বানাচ্ছে ছেলেটা, অথচ এই ভুলটা সে করেই চলে।

    - আর তুমি সবার সামনে ধরিয়ে দিলে?

    - না। স্লাইড পাল্টানোর ফাঁকে চুপচাপ ঠিক করে দিলাম।

    - বাহ্। বয়স হচ্ছে।

    - ভদ্রতা হচ্ছে!

    - একই জিনিস।

    খুন্তি কড়াইয়ের কানায় দুবার ঠুকল মহুয়া। তারপর গলাটা একটু নামিয়ে বলল,

    - ওদের একদিন ডাকো না। কার্তিককে, ওর বউকে সাথে নিয়ে।

    অনির্বাণ একটু অবাক হয়। স্কটল্যান্ডে আবারডিন শহরে থাকতে শেষের দিকে মহুয়া লোকজন এড়িয়ে চলত। পার্টিতে যেত না, ফোন ধরত না, সহকর্মীদের বউরা এলে শোবার ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিত।

    - তুমি তো আজকাল লোকজন পছন্দ করো না।

    - আজকাল করি বুঝলে, বলে একটু থামল মহুয়া। এই ফ্ল্যাটে একা একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি, অনি। কেউ আসে না, কেউ বেল বাজায় না। মাঝে মাঝে মনে হয়, আমি যেন এখানে নেই!

    অনির্বাণ একটু অবাক হলেও কিছু বলল না। ঘরের ভিতরের দিকে এগিয়ে যায় জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আসার জন্য। বাথরুমে ঢুকলো সে - চোখে মুখে জলের ঝাপটা দেবার সময় ঝাপসা আয়নায় যেন দেখা গেল মহুয়ার ছায়া। এবার বেশ অবাক হল অনির্বাণ, এমনটা তো হবার কথা নয়! মহুয়া তো রান্না করে এই সময় - প্রতিদিনই। সে বাথরুম থেকে কিছু প্রশ্ন করলে মহুয়া দূর থেকেই জবাব দেয়। ঘাড় ঘুরিয়ে সে কাউকে দেখতে পেল না, পেল না মেঝেতে পায়ের জলের ছাপ দেখতে।

    খাবার টেবিলে দুটো থালা। মহুয়া বরাবরের মতোই অল্প নেয়, নাড়াচাড়া করে বেশি। অনির্বাণ তিনবার লাউ-চিংড়ি চেয়ে নিল, আর তিনবারই মহুয়া উঠে গিয়ে হাঁড়ি থেকে তুলে আনল। টেবিলের আলোটা ওর পেছন থেকে আসে, মুখটা আবছা থাকে। অনির্বাণ কতবার বলেছে আলোটা সরাতে। মহুয়া বলে, থাক, চোখে লাগে।

    খাওয়ার পর ওরা বারান্দায় দাঁড়ায়। সাততলার এই বারান্দা থেকে সমুদ্র দেখা যায় না, শুধু দিকটা জানা যায় - ওই যেখানে শহরের আলো হঠাৎ শেষ হয়ে একটা নিকষ কালো দেয়াল উঠেছে। হাওয়ায় নুনের স্বাদ। এমন নুনের স্বাদ সে কবে পেয়েছে অনির্বাণ ভাবতে বসে - অবশ্য আজকাল সে জোরও করতে পারে না, কারণ তার মাথার অবচেতন জানে এখন আর জোর করেও তেমন কোন লাভ নেই হয়ত। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ ভেসে আসছে কি বাতাসের সাথে? অনির্বাণ বারান্দার রেলিং এ মহুয়ার হাতটা খোঁজে - রোজকার মত সেদিনও ঠিক জায়গায় পায় না হাতটা, অন্ধকার এতটা তো নিকষ নয় এই বারান্দায় অন্তত!

    - ভরা কোটাল কবে? মহুয়া জিজ্ঞেস করে।

    এ প্রশ্নের উত্তর অনির্বাণের মুখস্থ, পেশার দায়ে। সমুদ্রের তলা থেকে তেল তোলা আর অফশোর ইন্ডাষ্ট্রি নিয়ে যারা কাজ করে তারা চাঁদের হিসেব না করে জাহাজ নামায় না।

    - পরের পূর্ণিমায়। তিন সপ্তাহ পর।

    - সেদিন নামবে?

    - কোথায়?

    - জলে, কথা দিয়েছিলে তুমি।

    - কবে দিলাম?

    - আবারডিনে, ভুলে গেছ নাকি?

    অনির্বাণ মনে করার চেষ্টা করল, পারল না। আবারডিনের অনেক কিছুই আজকাল তার মনে পড়ে না, কিংবা পড়ে অন্যভাবে, জলের তলা থেকে দেখা ছবির মতো দুলতে দুলতে।

    রাতে সে বেসিনে থালা ধোয়। নিজের থালা, তারপর মহুয়ারটা। মহুয়ার থালার ভাত প্রায় যেমন বেড়ে দেওয়া হয়েছিল তেমনই পড়ে আছে, লাউয়ের টুকরোগুলো জুড়িয়ে জল ছেড়েছে। বরাবরের মতো অনির্বাণ সেটা ডাস্টবিনে ঝেড়ে ফেলে, সাবান দিয়ে থালাটা মাজে, যত্ন করে।

    ॥ ২ ॥

    মুরুগন এই আবাসনের রাতের দারোয়ান আজ উনিশ বছর। একটু কুঁজো, মাথায় পুলিশি কায়দার টুপি, যদিও পুলিশের সঙ্গে তার সম্পর্ক বলতে দুবার থানায় সাইকেল চুরির ডায়েরি করা। উনিশ বছরে সে অনেক কিছু দেখেছে। প্রেমিক দেখেছে যারা স্বামী নয়, স্বামী দেখেছে যারা বাড়ি ফেরে না, মাঝরাতে অ্যাম্বুলেন্স দেখেছে, ভোররাতে চুপিচুপি সুটকেস নিয়ে পালানো ভাড়াটে দেখেছে। কাজেই সহজে তার গা ছমছম করে না।

    সাততলার ব্যানার্জি সাহেব এসেছিলেন চার মাস আগে। এক সন্ধেবেলা, একটা ট্যাক্সি থেকে নেমে। হাতে একটা সুটকেস, আর বুকের কাছে চেপে ধরা একটা কাপড়ে মোড়া ছোট পুঁটলি, যেটা তিনি মুরুগনকে ছুঁতে দেননি। মুরুগন সুটকেসটা লিফট অবধি টেনে দিয়েছিল। সাহেব একাই উঠেছিলেন।

    পরদিন সকালে সাহেব বলেছিলেন, ম্যাডাম আজ রান্নার মশলা কিনতে চান, কোন দোকানে ভালো সর্ষে পাওয়া যায়?

    মুরুগন দোকানের নাম বলে দিয়েছিল। তারপর সারাদিন অপেক্ষা করেছিল ম্যাডামকে দেখার জন্য। ম্যাডাম নামেননি। পরের দিনও না, তার পরের দিনও না - চার মাস হয়ে গেল।

    গোড়ায় মুরুগন ভেবেছিল, অসুস্থ মানুষ, বিছানা থেকে ওঠেন না। কিংবা বিদেশ থেকে আসা মেমসাহেব, এদেশের গরম সহ্য হয় না। তারপর একরাতে সে প্রথম আলোটা দেখল।

    রাত তখন পৌনে তিনটে। মুরুগন গেটের পাশে প্লাস্টিকের চেয়ারে ঝিমোচ্ছিল, পাশে রেডিওয় পুরোনো তামিল গান। হঠাৎ কী মনে হতে সে ওপরের দিকে তাকাল। গোটা বাড়িটা অন্ধকার, শুধু সাততলার একটা জানলায় হলুদ আলো। রান্নাঘরের জানলা, মুরুগন জানে, কারণ রান্নাঘরের জানলাগুলো সব একই মাপের, একটু ছোট, একটু উঁচু।

    আর সেই জানলায় একটা ছায়া।

    মেয়েমানুষের ছায়া মুরুগন হলফ করে বলতে পারে। মাথার চুল খোলা, পিঠ অবধি নেমে এসেছে, আর ছায়াটা দুহাত তুলে চুল আঁচড়াচ্ছে। ধীরে, খুব ধীরে, যেমন করে কেউ ভেজা চুল আঁচড়ায়, জট ছাড়িয়ে ছাড়িয়ে।

    মুরুগন রেডিওটা বন্ধ করে দিয়েছিল। কেন, সে নিজেও জানে না। তারপর অনেকক্ষণ তাকিয়ে ছিল। ছায়াটা চুল আঁচড়াল, আঁচড়াল, তারপর থেমে গেল। জানলার দিকে ঘুরল, যেন নিচে তাকাচ্ছে। সোজা মুরুগনের দিকে।

    আলোটা নিভে গেল।

    পরদিন সকালে সাহেব লিফটের সামনে বললেন,

    - দুপুরে একটা কুরিয়ার আসবে। ওপরে পাঠিয়ে দিও, ম্যাডাম বাড়িতে আছেন।

    মুরুগন মাথা নেড়েছিল শুধু, কিছু জিজ্ঞেস করেনি। রাতে ম্যাডাম চুল আঁচড়াচ্ছিলেন কিনা, এমন প্রশ্ন কোনো দারোয়ান সাহেবকে করে না।

    দুপুরে কুরিয়ারের ছেলেটা এল, একটা চ্যাপ্টা খাম নিয়ে। ছেলেটা ওপরে গেল। ফিরল কুড়ি মিনিট পরে, খামটা হাতে নিয়েই, মুখে অবাক ভাব।

    - কেউ খুলল না, আন্না। দশবার বেল বাজালাম।

    - বাড়িতে কেউ নেই তাহলে।

    ছেলেটা মাথা নাড়ল।

    - আছে। ভেতরে কেউ গান গাইছিল, মেয়ে। আমি দরজায় কান পেতে শুনলাম, অন্য ভাষার গান। আর আমি যতবার বেল বাজাই, গানটা থেমে যায়। বেল থামালে আবার শুরু হয় ঠিক দরজার ওপাশ থেকে। এত কাছ থেকে যে মনে হচ্ছিল, ও-ও দরজায় কান পেতে আছে।

    মুরুগন খামটা নিয়ে রাখল। সন্ধেবেলা সাহেব ফিরলে দিয়ে দেবে।

    সেদিন রাতে সে আর ওপরের দিকে তাকায়নি। বউকে ফোন করে বলেছিল ব্যাপারটা। বউ বলেছিল, রাতে সাততলার দিকে তাকাবে না। কিছু দেখলেও দেখবে না।

    ॥ ৩ ॥

    অফিসে অনির্বাণ অন্য মানুষ। এটা তার পুরোনো সহকর্মীরাও বলত - আবারডিনে, আমস্টারডামে। অনির্বাণ ব্যানার্জি মিটিং রুমে ঢুকলে ঘরের বাতাস একটু সোজা হয়ে বসে।

    কার্তিক প্রথম দিনই সেটা টের পেয়েছিল। এক তরুণ জিওলজিস্ট জোর গলায় একটা নতুন অয়েল ওয়েলের প্রস্তাব দিচ্ছিল। অনির্বাণ চুপচাপ শুনল, তারপর শুধু একটা প্রশ্ন করল - তোমার সাইসমিক ডেটা কোন বছরের? ছেলেটা থতমত খেয়ে গেল। ডেটা আট বছরের পুরোনো। মাঝখানে ওই অঞ্চলে দুটো ছোট ভূমিকম্প হয়ে গেছে, ভৌগলিক ফল্ট আর আগের জায়গায় নেই।

    - পুরোনো ছবির ওপর ভরসা করে নতুন গর্ত খুঁড়ো না, অনির্বাণ হেসে বলেছিল। মাটির তলাটাও বদলায়, আমরা শুধু খেয়াল করি না।

    সেদিন থেকে কার্তিক লোকটার ভক্ত। বয়সে অনির্বাণ তার চেয়ে বছর দশেকের বড়, কিন্তু কার্তিকের কলকাতার এক সহকর্মীর কাছ থেকে শেখা ‘দাদা’ ডাকটা প্রথম সপ্তাহেই চালু হয়ে গেছে। দুপুরে দুজনে একসঙ্গে খায়। কার্তিকের থাকে দই-ভাত আর আলুর পোরিয়াল, অনির্বাণের টিফিনবাক্স খুললে প্রতিদিন একটা নতুন বিস্ময়। আজ ঝরঝরে ভাত, আলুপোস্ত, একটুকরো পাবদা, সর্ষে দিয়ে।

    - বউদির হাতে জাদু আছে, দাদা। রোজ ভোরে উঠে এসব বানান?

    - রোজ। আমি ঘুম থেকে উঠে দেখি সব রেডি, টিফিন ভরা, ঢাকনা আঁটা।

    - কখন ওঠেন উনি?

    অনির্বাণ একটু ভাবল।

    - তা ঠিক জানি না বুঝলে। আমি কোনোদিন দেখিনি।

    কার্তিক হাসল, ভাবল, কথার কথা। টেবিলের ওপর অনির্বাণের ফোনটা আলো জ্বেলে উঠল, আর লক-স্ক্রিনে একটা ছবি। সমুদ্রের ধারে একটা মেয়ে, ধূসর আকাশ, হাওয়ায় উড়ন্ত চুল মুখের অর্ধেকটা ঢেকে রেখেছে, আর বাকি অর্ধেকে একটা হাসি - চোখ থেকে শুরু হয়ে ঠোঁটে পৌঁছোনোর ঠিক আগের মুহূর্তটা।

    - বউদি?

    - হুঁ। আবারডিনে তোলা ছবি।

    - খুব সুন্দর। চেন্নাইয়ের কোনো ছবি নেই? সমুদ্রের এত কাছে থাকো।

    অনির্বাণ ফোনটা উলটে রাখল।

    - ও ছবি তুলতে দেয় না আজকাল। বলে, ক্যামেরায় ওকে ঠিক আসে না।

    বিকেলে এইচআর থেকে লক্ষ্মী এল একটা ফর্ম নিয়ে। নতুন কর্মীদের জরুরি যোগাযোগের তথ্য, কাগজে কলমে, অডিটের জন্য। অনির্বাণ দ্রুত লিখে গেল। ‘ইমার্জেন্সি কনট্যাক্ট’-এর ঘরে লিখল: মহুয়া ব্যানার্জি, সম্পর্ক: স্ত্রী। ফোন নম্বরের ঘরে এসে কলমটা এক মুহূর্ত থামল। তারপর সে একটা নম্বর লিখল।

    লক্ষ্মী ফর্মটা হাতে নিয়ে ভুরু কোঁচকাল।

    - স্যার, এটা তো আপনার নিজের নম্বর।

    - ও ফোন ব্যবহার করে না। আমাকে ফোন করলেই ওকে পাবেন।

    লক্ষ্মী আর কিছু বলল না। কিন্তু যাওয়ার সময় কার্তিকের ডেস্কের পাশ দিয়ে যেতে যেতে চোখাচোখি হল, আর লক্ষ্মী ঠোঁট উলটে একটা ছোট্ট মুখভঙ্গি করল, যার মানে আজকালকার দিনে কোন মেয়ে ফোন রাখে না?

    সেদিন সন্ধেবেলা অনির্বাণ নিজেই প্রস্তাবটা দিল।

    - শনিবার রাতে আয় না, প্রিয়াকে নিয়ে। মহুয়া খুব করে বলছে।

    - বউদি বলছেন? আমাদের তো চেনেনই না।

    - তোর কথা রোজ শোনে, আমার কাছে - তোর অফিসের কীর্তি, অনির্বাণ হাসল।

    ॥ ৪ ॥

    রবিবার ভোরে অনির্বাণ গেল কাশিমেডুর মাছের বাজারে। চেন্নাইয়ের মাছের বাজার কলকাতার মতো নয় - এখানে মাছ আসে সোজা নৌকো থেকে, গায়ে তখনও সমুদ্রের জল চকচক করছে, আর মাছওয়ালি মাসিরা দর করে এমন গলায় যে মনে হয় পাড়ায় দাঙ্গা বেধেছে। বাঙালি যে মাছ চেনে, তার অর্ধেকের এখানে অন্য নাম, বাকি অর্ধেক পাওয়াই যায় না। ভেটকিকে এরা বলে ‘কোডুভা’ - শুনলে মনে হয় কোনো বিদেশী খাবারের নাম। তবু এই বাজারটা অনির্বাণের প্রিয়। আঁশটে গন্ধ, ভেজা মেঝে, বরফের গুঁড়োয় শুয়ে থাকা রুপোলি মাছ - এসবের মধ্যে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা এখনও ঠিকঠাক চলছে।

    একটা মাঝারি ভেটকি হাতে তুলে সে পাশের দিকে ঝুঁকল।

    - এটা পাতুরি হবে? না বড্ড কাঁটা?

    মাছওয়ালি মাসি ছুরি থামিয়ে তাকাল। প্রথমে অনির্বাণের দিকে, তারপর তার পাশের দিকে। অনেকক্ষণ - তারপর ভাঙা ইংরেজি আর তামিল মিশিয়ে যা বলল, তার মানে দাঁড়ায় -

    - ওঁকে একটু রোদে দাঁড়াতে বলুন, স্যার। বড্ড ভিজে গেছেন। এই সকালবেলা অত ভিজে থাকলে জ্বর আসবে।

    অনির্বাণ হাসল, মাথা নাড়ল, মাছটা কিনল। ফেরার পথে কেন জানি তার মনে হল, মাসির গলায় ভয় ছিল না, ছিল মায়া। যেমন মায়া নিয়ে লোকে বৃষ্টিতে ভেজা অচেনা বাচ্চার দিকে তাকায়।

    সে পাশে তাকাল। মহুয়ার শাড়ির আঁচল সত্যিই ভেজা, চুলের ডগা থেকে টুপটাপ জল পড়ছে। কখন ভিজল? সে মনে করতে পারল না।

    - রোদে দাঁড়াবে একটু?

    - না, মহুয়া বলল। রোদ আমার সহ্য হয় না, তুমি তো জানো।

    আবাসনে ফিরে লিফটে দেখা হল সাততলারই মিসেস আইয়ারের সঙ্গে। ষাটোর্ধ্ব বিধবা, কপালে ছাই, হাতে জপের মালা, নিজেকে এ বাড়ির অলিখিত খবরের কাগজ বলে মনে করেন। অনির্বাণকে দেখে তিনি হাসলেন, তারপর গলা নামিয়ে বললেন,

    - কাল রাতে আপনার স্ত্রীকে দেখলাম, মিস্টার ব্যানার্জি। আপনাদের বারান্দায়। আমার শোবার ঘর থেকে কোনাকুনি দেখা যায়।

    অনির্বাণ চুপ করে রইল।

    - ভারি সুন্দরী। মিসেস আইয়ার জপের মালাটা আঙুলে জড়ালেন। কিন্তু অত রাতে, দুটো-আড়াইটের সময়, চুল খোলা, ভেজা... গা দিয়ে জল পড়ছিল। আমি ভাবলাম, এত রাতে কেউ স্নান করে? তারপর ভাবলাম, বিদেশে থাকা মানুষ, অভ্যেস আলাদা।

    - ও সমুদ্র ভালোবাসে, অনির্বাণ বলল।

    - সমুদ্র? মিসেস আইয়ার একটু থেমে গেলেন। - রাত আড়াইটেয়?

    লিফট সাততলায় থামল। দরজা খুলল, কিন্তু মিসেস আইয়ার বেরোলেন না। অনির্বাণ বেরিয়ে যাওয়ার পর দরজা আবার বন্ধ হল, আর লিফটটা নিচে নেমে গেল - যেন উনি হঠাৎ ঠিক করেছেন, আজ আর বাড়ি ফিরবেন না!

    সেদিন দুপুরে স্নান করতে গিয়ে বাথরুমের তাকে অনির্বাণের চোখ আটকে গেল। কাচের গ্লাসে একটাই টুথব্রাশ। নীল। মহুয়ারটা ছিল গোলাপি, সে জানে - আবারডিনের বাথরুমে দুটো পাশাপাশি থাকত, মহুয়া বলত ওরা দুটো পেঙ্গুইন, একটা ঝগড়ুটে, একটা ভিতু।

    - মহু, তোমার ব্রাশ কোথায়?

    রান্নাঘর থেকে উত্তর এল, একটু দেরিতে।

    - ফেলে দিয়েছি। নতুন কিনব।

    - কবে ফেললে?

    - অনি, স্নান সেরে এসো। ভেটকিটা ভালো এনেছ। পাতুরিই হবে।

    অনির্বাণ মুখে জল দিল, আয়নায় নিজের মুখটা দেখল। পেছনের দরজাটা খোলা, দরজার ওপাশে করিডোর, ফাঁকা। মেঝেতে, দরজার ঠিক বাইরে, একটা ভেজা দাগ। ছোট, সরু, পায়ের পাতার মতো। সে তাকিয়ে থাকতে থাকতে দাগটা শুকিয়ে মিলিয়ে গেল।

    সেই রাতে তার ঘুম ভাঙল একটা শব্দে। ঘড়িতে দুটো সাতচল্লিশ। খুন্তির শব্দ, খুব আস্তে, যেন কেউ কাউকে না জাগিয়ে কড়াই নাড়ছে। বিছানার অন্য দিকটা ফাঁকা, চাদর টানটান, যেন সেখানে কেউ শোয়ইনি।

    রান্নাঘরের আলো জ্বলছে, গ্যাস বন্ধ। মহুয়া জানলার সামনে দাঁড়িয়ে, পিঠ ফেরানো, চুল খোলা, হাতে চিরুনি। ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছে। জট ছাড়িয়ে ছাড়িয়ে।

    - ঘুমোওনি?

    - জল দেখছি।

    - এখান থেকে তো জল দেখা যায় না, মহু।

    - শোনা যায়। জোয়ার আসছে, শুনতে পাচ্ছ না?

    অনির্বাণ কান পাতল। ফ্রিজের গুনগুন, দূরে একটা মোটরবাইক, এসির জলের টুপটাপ।

    - না।

    - তুমি কোনোদিন শোনো না। আবারডিনেও শুনতে না। মহুয়া চিরুনিটা নামাল। জানলার কাচে নিচের দিকে তাকিয়ে বলল, দারোয়ানটা রোজ ওপরে তাকায়।

    - মুরুগন? ও ঘুমোয় তো।

    - আজ ঘুমোয়নি, আমায় দেখছিল।

    অনির্বাণ জানলার কাছে গেল। নিচে গেটের আলো, প্লাস্টিকের চেয়ার, চেয়ারটা ফাঁকা।

    - কেউ নেই তো।

    - এখন নেই। মহুয়া নিজের দুবাহু জড়িয়ে ধরল, বলল ঠান্ডা লাগছে, অনি। এখানেও ঠান্ডা লাগে। ভেবেছিলাম, এখানে লাগবে না।

    চেন্নাইয়ে তখন রাত পৌনে তিনটেতেও বত্রিশ ডিগ্রি। পাখা ঘুরছে, তবু অনির্বাণের গায়ে ঘাম।

    - শনিবার ওরা আসছে, অনির্বাণ বলল। কার্তিক আর প্রিয়া।

    - জানি। আমি রাঁধব ভাপা ইলিশ, মোচার ঘণ্ট, সোনামুগের ডাল। শেষ পাতে আমসত্ত্বের চাটনি।

    - ইলিশ কোথায় পাব এখানে?

    - পাবে। যা চাইবে, পাবে। মহুয়া একটু থামল। - শুধু আমাকে ওদের সামনে বেরোতে বোলো না।

    - কেন? তুমিই তো ডাকতে বললে।

    - ডাকতে বলেছি, কারণ বাড়িতে লোক এলে বাড়িটা বাড়ি বলে মনে হয়। - মহুয়া চিরুনিটা জানলার তাকে রাখল। - কিন্তু আমি আর লোকের সামনে যেতে পারি না, অনি। কেন পারি না, জিজ্ঞেস কোরো না।

    অনির্বাণ জিজ্ঞেস করল না, শুতে গেল। রান্নাঘরের আলো নিভল না। ভোর অবধি চৌকাঠে একটা হলুদ রেখা টেনে রাখল, আর সেই রেখার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনির্বাণের কেন জানি মনে পড়ল অনেক দূরের, অনেক পুরোনো আর একটা হলুদ রেখার কথা। কোথায় দেখেছিল, মনে পড়ল না।

    ॥ ৫ ॥

    কার্তিক আর প্রিয়া পৌঁছল শনিবার সাড়ে সাতটায়, হাতে একটা মিষ্টির বাক্স আর একগোছা রজনীগন্ধা। প্রিয়াই জোর করেছিল ফুল নিতে - ‘বাঙালিরা ফুল ভালোবাসে, আমি পড়েছি।’ কার্তিক বলেছিল, বাঙালিরা মাছ ভালোবাসে, ফুলটা ফাউ।

    গেটে মুরুগন ওদের নাম লিখল, তারপর জিজ্ঞেস করল, কোন ফ্ল্যাট? সাততলার সাতশো চার শুনে সে কলমটা থামাল, একবার ওপরের দিকে তাকাল, তারপর কিছু না বলে লিফটের বোতাম টিপে দিল।

    দরজা খুলে দিল অনির্বাণ, এক গাল হাসি, গায়ে অ্যাপ্রন।

    - এসো, এসো। জুতোটা বাইরে, প্লিজ। আজ ঘর মোছা হয়েছে।

    ফ্ল্যাটটা ঝকঝকে। দেওয়ালে একটাই ছবি, বড় করে বাঁধানো - সেই ধূসর সমুদ্রের ধারে উড়ন্ত চুলের মেয়েটা। বইয়ের তাকে রবীন্দ্র রচনাবলী, তার পাশে পেট্রোলিয়াম জিওলজির মোটা মোটা বই। এক কোণে একটা তানপুরা, কাপড়ে ঢাকা। খাবার টেবিল চারজনের জন্য সাজানো, চারটে থালা, চারটে গ্লাস, চারটে ন্যাপকিন ভাঁজ করে পাখির মতো দাঁড় করানো। আর ঘর জুড়ে একটা গন্ধ - রান্নার গন্ধের তলায় আরেকটা গন্ধ, প্রিয়া প্রথমে ধরতে পারেনি। পরে বুঝেছিল সেটা নুনের গন্ধ, সমুদ্রের গন্ধ। অথচ সব জানলা বন্ধ, এসি চলছে।

    - বউদি কোথায়? কার্তিক জিজ্ঞেস করল।

    অনির্বাণের মুখে একটু অস্বস্তির ছায়া।

    - ওর মাথা ধরেছে হঠাৎ বিকেল থেকে। সব রান্না সেরে শুয়ে পড়েছে। - সে শোবার ঘরের বন্ধ দরজার দিকে তাকাল। - একটু পরে আসবে বলেছে। মাইগ্রেন, বুঝলে, আলো সহ্য করতে পারে না।

    প্রিয়া কার্তিকের দিকে তাকাল। কার্তিক কাঁধ ঝাঁকাল।

    খাবার এল। অসাধারণ খাবার - ভাপা ইলিশ, মোচার ঘণ্ট, সোনামুগের ডাল, আমসত্ত্বের চাটনি। ইলিশ কোথা থেকে জোগাড় হল, কার্তিক জিজ্ঞেস করেনি। অনির্বাণ পরিবেশন করল তিনটে থালায়। চতুর্থ থালাটা খালি রইল, উলটোনো। গল্প জমে উঠল। অনির্বাণ সুবক্তা - আবারডিনের ঝোড়ো শীতের কথা, স্কটিশ সহকর্মীদের হাগিস খাওয়ানোর কথা, কীভাবে মহুয়া একবার ক্রিসমাসের পার্টিতে তাদের শুক্তো খাইয়ে প্রায় আন্তর্জাতিক সংকট বাধিয়েছিল। হাসতে হাসতে প্রিয়ার চোখে জল এসে গেল।

    তারপর অনির্বাণ উঠল। একটা থালায় অল্প অল্প করে সব তুলে নিল - একটুকরো ইলিশ, একটু ঘণ্ট, দুহাতা ডাল। গ্লাসে জল।

    - একটু ওকে দিয়ে আসি, কিছু খায়নি সারাদিন।

    শোবার ঘরের দরজাটা খুলল। ভেতরে অন্ধকার। অনির্বাণ ঢুকে গেল, দরজা ভেজিয়ে দিল।

    কার্তিক আর প্রিয়া চুপ করে বসে রইল। শোবার ঘর থেকে অনির্বাণের গলা ভেসে আসছিল - নিচু, নরম, বাংলায়। কথাগুলো বোঝা যাচ্ছিল না, শুধু সুরটা। আদরের সুর, কেউ অসুস্থ মানুষকে যেমন করে খাওয়ায়।

    তারপর থামল। যেন উত্তর শুনছে।

    প্রিয়া কার্তিকের কবজি চেপে ধরল।

    - শুনলে?

    - কী?

    - হাসল, একটা মেয়ে। খুব আস্তে।

    কার্তিক কিছু শোনেনি। সে মাথা নাড়ল। প্রিয়া কিছু বলল না, কিন্তু তার আঙুলগুলো কার্তিকের কবজিতে ঠান্ডা হয়ে রইল।

    মিনিট দশেক পরে অনির্বাণ বেরিয়ে এল। হাতের থালাটা প্রায় যেমন ছিল তেমনই। ইলিশের টুকরোটা অক্ষত, ডালটা জুড়িয়ে গেছে।

    - ও খুব কম খায় বুঝলে, - অনির্বাণ বলল, একটু লজ্জিত হাসি। - চিরকাল।

    শেষ পাতে মিষ্টি খাবার আগে প্রিয়া বাথরুমে গেল। বাথরুমটা শোবার ঘরের পাশে, একটা ছোট করিডোরের শেষে। ফেরার পথে সে দেখল, শোবার ঘরের দরজাটা আধ ইঞ্চি ফাঁক হয়ে আছে। অনির্বাণ বেরোনোর সময় হয়তো পুরো বন্ধ করেনি।

    প্রিয়া পরে কার্তিককে বলেছিল, সে উঁকি দিতে চায়নি। সত্যিই চায়নি। কিন্তু করিডোরের আলোটা দরজার ফাঁক দিয়ে ভেতরে একটা সরু রেখা টেনেছিল, আর সেই রেখাটা গিয়ে পড়েছিল খাটের কিনারায়।

    খাটের কিনারায় একজন বসে আছে।

    একটা মেয়ে। পিঠ ফেরানো, জানলার দিকে মুখ। চুল খোলা, পিঠ অবধি নামা, ভেজা - এত ভেজা যে চুলের ডগা থেকে জল পড়ে মেঝেয় একটা ছোট্ট কালো পুকুর জমেছে। সবুজ পাড়ের শাড়ি, গায়ে লেপটে আছে। মেয়েটা নড়ছে না। একেবারেই না, নিঃশ্বাসের ওঠানামাও চোখে পড়ছে না।

    প্রিয়া দাঁড়িয়ে রইল। কতক্ষণ, সে জানে না - হয়তো তিন সেকেন্ড, হয়তো তিরিশ। ঘরের ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এসে তার পায়ের পাতা ছুঁয়ে গেল। নোনা, ভেজা হাওয়া।

    তারপর মেয়েটা খুব আস্তে মাথাটা একটু হেলাল। ঘুরল না, শুধু হেলাল, যেমন করে কেউ পেছনের কোনো শব্দ শোনার চেষ্টা করে।

    প্রিয়া পিছিয়ে এল নিঃশব্দে। খাবার ঘরে ফিরে বসল। কার্তিক তাকিয়ে দেখল প্রিয়ার মুখ কাগজের মতো সাদা।

    - ঠিক আছ?

    - হ্যাঁ। প্রিয়া হাসার চেষ্টা করল। একটু গরম লাগছে।

    অনির্বাণ রান্নাঘর থেকে দইয়ের বাটি নিয়ে ফিরে প্রিয়ার দিকে তাকাল এক মুহূর্ত। তারপর বাটিটা টেবিলে রাখল।

    বাকি সন্ধেটা কাটল ভদ্রতায়। দই, মিষ্টি, পান। অনির্বাণ রসিকতা করল, কার্তিক হাসল, প্রিয়া মাথা নাড়ল। শোবার ঘরের দরজা আর খুলল না। ন’টা বাজতেই কার্তিক বলল, এবার উঠি।

    অনির্বাণ ওদের দরজা অবধি এগিয়ে দিল। রান্নাঘর থেকে একটা স্টিলের টিফিনবাক্স নিয়ে এল, ঢাকনা আঁটা।

    - পায়েস। মহুয়া তোমাদের জন্য আলাদা করে রেখেছিল। ও খুব দুঃখিত, বেরোতে পারল না।

    প্রিয়া বাক্সটা নিল। আঙুল ছোঁয়াছুঁয়ি হল না।

    জুতো পরার সময় অনির্বাণ দাঁড়িয়ে রইল, যেমন করে ভালো গৃহস্থ দাঁড়িয়ে থাকে। কার্তিক বেরিয়ে যাচ্ছিল, এমন সময় অনির্বাণ খুব নরম গলায়, প্রায় অনুরোধের সুরে বলল,

    - প্রিয়া।

    প্রিয়া ঘুরে দাঁড়াল।

    - ও বলছে, তুমি দরজার ফাঁকে দাঁড়িয়েছিলে বলে ও কিছু মনে করেনি। শুধু... পরের বার এলে, ওর দিকে তাকিও না। ও চায় না কেউ ওকে এভাবে দেখুক।

    দরজাটা বন্ধ হয়ে গেল নিঃশব্দে।

    লিফটে প্রিয়া কাঁপছিল। কার্তিক ওর হাত ধরল। ঠান্ডা।

    - আমি দেখেছি, কার্তিক। ঘরে একটা মেয়ে বসে ছিল। ভিজে - গোটা গা থেকে জল পড়ছিল। যেন কেউ ওকে... যেন কেউ ওকে জল থেকে তুলে এনে বসিয়ে রেখেছে।

    - মাথা ধরলে লোকে মাথায় জল ঢালে।

    - শাড়ি পরে? মাথা থেকে পা অবধি? - প্রিয়া ওর দিকে তাকাল। আর ও নড়ছিল না, কার্তিক। একদম না। দশ মিনিট আগে ও খাবার খেয়েছে বলে অনির্বাণ বলল, অথচ থালার একটা দানাও কমেনি। ও অসুস্থ। কিংবা... কিংবা ওর সঙ্গে কিছু একটা হয়েছে। লোকটা ওকে ঘরে আটকে রাখে।

    লিফট নিচে নামছিল। কার্তিক কোনো উত্তর দিল না।

    নিচে মুরুগন লিফটের গ্রিল খুলে দিল। কার্তিককে দেখে সে থেমে গেল, তারপর এদিক ওদিক দেখে গলা নামিয়ে তামিলে বলল,

    - ম্যাডামকে দেখলেন, স্যার?

    কার্তিক চুপ করে রইল। প্রিয়া বলল, - হ্যাঁ।

    মুরুগনের মুখে একটা অদ্ভুত স্বস্তি ফুটে উঠল, তারপরই মিলিয়ে গেল।

    - ভালো। আমি ভাবছিলাম আমি একা দেখি। - সে একটু থেমে বলল, - চার মাসে উনি একবারও এই গেট দিয়ে ঢোকেননি, বেরোননি। আমি উনিশ বছর এই গেটে আছি, স্যার। কেউ আমার চোখ এড়িয়ে ঢোকে না।
     

    ॥ ৬ ॥

    বাড়ি ফিরে প্রিয়া টিফিনবাক্সটা খুলল না, ফ্রিজে রেখে দিল। ওদিকে কার্তিকও সারারাত ঘুমোতে পারল না অনির্বাণের বাড়িতে ঘটে যাওয়া সেই সব অদ্ভুত ঘটনার কথা ভাবতে ভাবতে।

    সোমবার অনির্বাণ অফিসে এল, পরিষ্কার দাড়ি কামানো, ইস্ত্রি করা জামা। কার্তিককে দেখে হাসল।

    - শনিবার খুব ভালো লাগল। মহুয়া বলছিল, প্রিয়া খুব মিষ্টি মেয়ে। শুধু একটু কৌতূহলী এই যা!

    সারাদিন অনির্বাণ স্বাভাবিকভাবেই আচরণ করল, যেন কিছুই হয়নি। এই স্বাভাবিকতাটাই কার্তিককে সবচেয়ে বেশি অস্থির করছিল।

    দুপুরে কার্তিক লিঙ্কডইন খুলে অনির্বাণের প্রোফাইলটা দেখল। আবারডিন, এগারো বছর; আমস্টারডাম, ছয় বছর। আবারডিনের পুরোনো সহকর্মীদের মধ্যে একটা নাম পেল - সুনীল ভার্গিস, কোচির লোক। কার্তিক আর সুনীল একবার এক কনফারেন্সে একসঙ্গে প্যানেলে বসেছিল। তাই সুনীলের নম্বরটা ফোনে ছিল।

    সন্ধে সাতটায় সে পার্কিং লটে গাড়িতে বসে ফোন করল। লাইনটা অদ্ভুত শোনাল, একটা ঘষঘষে আওয়াজ, যেন অনেক দূর থেকে আসছে।

    - কার্তিক? - সুনীলের গলা, চেঁচিয়ে। - আমি নর্থ সি-তে, রিগে আছি। স্যাটেলাইট ফোন, লাইন খুব খারাপ। জরুরি কিছু?

    - না তেমন জরুরী কিছু নয়। আচ্ছা, তোমার কি অনির্বাণ ব্যানার্জিকে মনে আছে? তুমি তো ওর সঙ্গে আবারডিনে ছিলে?

    একটা ঘষঘষে নীরবতা।

    - অনি? হ্যাঁ। ও তো তোমাদের ওখানে গেছে শুনলাম। তা ও কেমন আছে আজকাল?

    - সেটাই জানতে চাইছি। ওর স্ত্রী, মহুয়া। তুমি ওঁকে চিনতে?

    এবার নীরবতাটা অনেক লম্বা। এত লম্বা যে কার্তিক ভাবল লাইন কেটে গেছে।

    - কার্তিক, তুমি এটা কেন জিজ্ঞেস করছ?

    - শনিবার ওর বাড়ি গিয়েছিলাম, উনি বেরোলেন না। ওদিকে আমার বউ ওঁকে দেখেছে, শোবার ঘরে, ভিজে... আর ও বলছে..., এইটুকু বলে কার্তিক থামল। কথাগুলো মুখে বলতে গিয়ে নিজের কানেই অবিশ্বাস্য শোনাচ্ছিল। - সুনীল, ওঁর কি কোনো অসুখ আছে? মানসিক কিছু? উনি কি... উনি কি নিরাপদে আছেন?

    ওপাশে ঘষঘষে আওয়াজ। তারপর সুনীলের গলা, ভাঙা ভাঙা, যেন হাওয়ায় উড়ে যাচ্ছে।

    - শোনো... শেষের দুবছর আমরা কেউ মহুয়াকে দেখিনি। কেউ না। অনি বলত ও বাড়িতেই আছে, শুধু কারও সঙ্গে দেখা করতে চায় না... পার্টিতে আসত না, ফোন ধরত না... তারপর হঠাৎ একদিন অনি বলল ও আমস্টারডাম চলে যাচ্ছে... আমার বউ একবার জোর করে ওদের বাড়ি গিয়েছিল, খাবার নিয়ে... ফিরে এসে কেঁদেছিল... বলল, রান্নাঘরে...

    লাইনটা কেটে গেল।

    কার্তিক আবার ফোন করল। ‘দ্য নাম্বার ইউ আর কলিং ইজ নট রিচেবল।’ আবার, একই। মিনিট দশেক পরে একটা মেসেজ এল।

    ‘ঝড় আসছে, হেলিকপ্টার বন্ধ। কিছু কথা মেসেজে লেখা যায় না। অনশোর অফিসে ফিরেই ফোন করছি। ততদিন ওর ওপর নজর রেখো। আর কার্তিক - একা ওর বাড়ি যেও না’।

    বাড়ি ফিরে কার্তিক দেখল, প্রিয়া রান্নাঘরে দাঁড়িয়ে আছে, সামনে সেই স্টিলের টিফিনবাক্সটা, ঢাকনা খোলা।

    - দুদিন ফ্রিজে ছিল, ফেলে দেব ভাবছিলাম। খুলে দেখো।

    পায়েস। ঘন, সাদা, ওপরে কয়েকটা কিসমিস। প্রিয়া একটা চামচ ঢুকিয়ে তলা থেকে একটু তুলে আনল।

    পায়েসের তলায় বালি। ভেজা, দানাদার, সমুদ্রের বালি। আর গন্ধটা - সেই নুনের গন্ধ যা ওদের বাড়িতে পেয়েছিল সেদিন, যেন এইমাত্র কেউ ঢেউয়ের তলা থেকে তুলে এনেছে।

    কার্তিক সুনীলের কথা প্রিয়াকে বলল সবটা। লাইন কেটে যাওয়া অবধি।

    প্রিয়া অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল,

    - দুবছর কেউ দেখেনি। তারপর হঠাৎ দেশ বদল, তারপর আবার দেশ বদল। একটা সুটকেস নিয়ে এসেছে, মুরুগন বলেছে। বউকে কেউ ঢুকতে দেখেনি, বউয়ের ফোন নেই। বউয়ের নতুন কোনো ছবি নেই, সবই পুরোনো। আর রাতে ঘরের মধ্যে একটা ভেজা মেয়ে বসে থাকে যে নড়ে না। - প্রিয়া কার্তিকের দিকে তাকাল, - তুমি বুঝতে পারছ আমি কী বলছি?

    কার্তিক বুঝতে পারছিল, আর বুঝতে পারছিল বলেই কিছু বলতে পারছিল না।

    ॥ ৭ ॥

    পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্তটা প্রিয়ার। কার্তিক দুদিন দোনোমোনা করেছিল - লোকটা তার গুরু, তার দাদা। কিন্তু বুধবার রাতে মিসেস আইয়ার নিজেই আবাসনের সেক্রেটারির কাছে নালিশ করলেন: সাততলার বারান্দায় রোজ রাতে একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, ভিজে, আর মাঝে মাঝে কাঁদে। সেক্রেটারি ভদ্রলোক কার্তিককে ফোন করলেন, কারণ অফিসের খাতায় অনির্বাণের পরেই কার্তিকের নাম। বৃহস্পতিবার সকালে থানা থেকে সাব-ইনস্পেক্টর সেলভম এলেন, সঙ্গে একজন মহিলা কনস্টেবল। ‘ওয়েলফেয়ার চেক’, সেলভম বললেন, স্ত্রীর খোঁজ নিতে। কোনো অভিযোগ নয়, শুধু দেখা।

    অনির্বাণ দরজা খুলল প্রথম বেলেই। পরিষ্কার জামা, শান্ত মুখ। পুলিশ দেখে একটুও চমকাল না। কার্তিককে দেখে শুধু একবার তাকাল, দীর্ঘ, স্থির দৃষ্টিতে। কার্তিক চোখ নামিয়ে নিল।

    - আসুন। জুতোটা বাইরে, প্লিজ। আজ ঘর মোছা হয়েছে।

    সেলভম জুতো খুললেন না। ঘরে ঢুকে চারদিক দেখলেন। পুলিশের চোখ, যা চায় না তাও দেখে।

    - আপনার স্ত্রী কোথায়, মিস্টার ব্যানার্জি?

    - কলকাতায়, মায়ের কাছে গেছে। কাল রাতের ফ্লাইটে।

    কার্তিক অনির্বাণের দিকে তাকাল। কাল রাতে? মিসেস আইয়ার কাল রাতেও বারান্দায় মেয়েটিকে দেখেছেন।

    - ওঁর নম্বরটা দিন। একবার কথা বলে নিই।

    - ও ফোন রাখে না।

    - ওঁর মায়ের নম্বর?

    অনির্বাণ একটা ল্যান্ডলাইনের নম্বর বলল, কলকাতার কোড দিয়ে। সেলভম নিজের ফোন থেকে ডায়াল করলেন, স্পিকারে। একটা যান্ত্রিক নারীকণ্ঠ: এই নম্বরটির কোনো অস্তিত্ব নেই।

    - পুরোনো বাড়ি, - অনির্বাণ বলল, একটুও না থেমে। - বর্ষায় লাইন খারাপ হয়ে যায়।

    মহিলা কনস্টেবল ঘুরে ঘুরে দেখছিলেন। শোবার ঘরের আলমারি খুললেন - অর্ধেকটায় অনির্বাণের জামা, অর্ধেকটায় শাড়ি। তাঁত, জামদানি, বালুচরী। ভাঁজ করা, যত্নে রাখা, ন্যাপথলিনের গন্ধ। কনস্টেবল একটা শাড়ি তুলে দেখলেন। ভাঁজের দাগ এত গভীর যে মনে হয় বহু বছর কেউ খোলেনি।

    বাথরুমে একটা টুথব্রাশ।

    বারান্দায় দড়িতে একটা সবুজ পাড়ের তাঁতের শাড়ি ঝুলছে। কনস্টেবল সেটা ছুঁয়ে দেখলেন, তারপর হাতটা সরিয়ে নিলেন, আঙুলগুলো নিজের উর্দিতে মুছলেন।

    - ভেজা, - তিনি তামিলে সেলভমকে বললেন। - একদম ভেজা আর নোনা।

    - আপনার স্ত্রী কাল রাতে চলে গেছেন, - সেলভম বললেন, - অথচ ওঁর শাড়ি আজ সকালে কেচে শুকোতে দেওয়া?

    - আমি কেচেছি, - অনির্বাণ বলল।

    - সমুদ্রের জলে?

    অনির্বাণ কিছু বলল না। শুধু হাসল, সেই মাপা, ভদ্র হাসি।

    সেলভমের কিছু করার ছিল না। কোনো অভিযোগকারী আত্মীয় নেই, কোনো চিহ্ন নেই, একজন শিক্ষিত, সম্মানিত মানুষ নিজের ফ্ল্যাটে দাঁড়িয়ে বলছেন তাঁর স্ত্রী মায়ের বাড়ি গেছেন। ঘর ঝকঝকে, কোথাও ধস্তাধস্তির দাগ নেই। সেলভম একটা নোটবুকে কিছু লিখলেন, অনির্বাণের কাছে মহুয়ার মায়ের কলকাতার ঠিকানা চাইলেন। অনির্বাণ দিল - উত্তর কলকাতার একটা গলি, একটা বাড়ির নম্বর।

    - কলকাতা পুলিশকে একবার খোঁজ নিতে বলব। নিয়ম। - সেলভম নোটবুক বন্ধ করলেন। - কিছু মনে করবেন না।

    - একদমই না। - অনির্বাণ দরজা খুলে ধরল। - ও ফিরলে আপনাকে জানাব।

    নিচে নেমে গাড়ির কাছে এসে সেলভম থামলেন, সিগারেট ধরালেন। কার্তিককে বললেন,

    - লোকটা কিছু একটা লুকোচ্ছে। আমি কুড়ি বছর এই কাজ করছি। যে বউ মায়ের বাড়ি গেছে, তার বর এত শান্ত থাকে না। হয় খুব রেগে যায়, নয় খুব ভয় পায়। এ লোকটা... - সেলভম ধোঁয়া ছাড়লেন। - এ লোকটা খুশি।

    মহিলা কনস্টেবল হঠাৎ সেলভমের কনুই চেপে ধরলেন ওপরের দিকে তাকিয়ে।

    কার্তিক তাকাল।

    সাততলার বারান্দায় অনির্বাণ দাঁড়িয়ে আছে রেলিংয়ে হাত রেখে, নিচে ওদের দিকে তাকিয়ে। আর তার পাশে, খুব কাছে, প্রায় কাঁধে কাঁধ ঠেকিয়ে, আরেকজন।

    একটা মেয়ে। চুল খোলা, সবুজ পাড়ের শাড়ি।

    দুপুর দুটোর রোদে, পরিষ্কার দেখা যাচ্ছে।

    সেলভম সিগারেট ফেলে দৌড়োলেন। কার্তিক পেছনে। লিফট আসতে দেরি হচ্ছিল, সেলভম সিঁড়ি ধরলেন, সাততলা, হাঁপাতে হাঁপাতে - দরজায় ধাক্কা।

    অনির্বাণ দরজা খুলল। একা।

    - কিছু ফেলে গেলেন?

    সেলভম তাকে ঠেলে সরিয়ে ঢুকলেন। শোবার ঘর, বাথরুম, রান্নাঘর, বারান্দা, আলমারি, খাটের তলা, পর্দার পেছন। কনস্টেবল দ্বিতীয়বার আলমারি খুললেন। কার্তিক রান্নাঘরের জানলা দেখল - বন্ধ, ছিটকিনি আঁটা। বারান্দার রেলিং থেকে নিচে সাততলার খাড়া দেয়াল, পাশের বারান্দা বারো ফুট দূরে।

    কেউ নেই।

    বারান্দার দড়িতে সবুজ পাড়ের শাড়িটা ঝুলছে। টুপটাপ করে জল পড়ছে মেঝেয়।

    - এইমাত্র এখানে একজন মহিলা দাঁড়িয়ে ছিলেন, - সেলভম বললেন, গলাটা স্থির রাখার চেষ্টা করে। - আপনার পাশে। আমরা তিনজনে দেখেছি।

    অনির্বাণ বারান্দার দিকে তাকাল তারপর শাড়িটার দিকে। হাওয়ায় শাড়িটা একটু দুলছিল, আঁচলটা উড়ছিল, ঠিক যেমন একজন মানুষের পাশে দাঁড়ানো মেয়ের আঁচল ওড়ে।

    - শাড়িটা দেখেছেন বোধহয়, - অনির্বাণ বলল। - রোদে, নিচ থেকে, অনেকে ভুল দেখে।

    সেলভম অনেকক্ষণ অনির্বাণের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর মাথা নেড়ে বেরিয়ে গেলেন। লিফটে কেউ কোনো কথা বলল না। নিচে নেমে মহিলা কনস্টেবল কপালে হাত ঠেকিয়ে একবার আকাশের দিকে তাকালেন, তারপর গাড়িতে উঠলেন।

    সেদিন সন্ধেবেলা সেলভম কার্তিককে ফোন করলেন।

    - কলকাতা পুলিশ খোঁজ নিয়েছে। ওই ঠিকানায় একটা পুরোনো বাড়ি ছিল। ভেঙে ফ্ল্যাট হয়েছে ছবছর আগে। চট্টোপাধ্যায় পরিবার ওখানে থাকত, কিন্তু বাড়ির বুড়ি মারা গেছেন, তারপর উত্তরাধিকারীরা বাড়ি বেচে দিয়েছে। মহুয়া চট্টোপাধ্যায়ের কোনো খোঁজ কেউ দিতে পারল না। পাড়ার লোক বলছে, মেয়েটা বিয়ের পর বিদেশে চলে গিয়েছিল, তারপর আর কেউ দেখেনি।

    - তাহলে?

    - তাহলে মহিলা মায়ের বাড়ি যাননি, কারণ মায়ের বাড়ি নেই। - সেলভমের গলা কঠিন। - আমি একটা মিসিং পার্সন কেস খুলছি, মিস্টার কার্তিক। আর সোমবার একটা সার্চ ওয়ারেন্ট চাইব, আপনার বসকে কিছু বলবেন না।

    ॥ ৮ ॥

    পুলিশ চলে যাওয়ার পর অনির্বাণ অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল।

    শাড়িটা শুকিয়ে এসেছে। সে সেটা দড়ি থেকে নামিয়ে ভাঁজ করল, যত্ন করে, আর বুকের কাছে ধরে রাখল। শাড়িতে একটা গন্ধ। নুনের, জলের, আর তার তলায় খুব আবছা একটা গন্ধ, যেটা সে বহু বছর পায়নি। ঘামের, চুলের তেলের, মানুষের।

    - ওরা আমায় খুঁজছে, অনি। - মহুয়ার গলা, পেছন থেকে। রান্নাঘরের চৌকাঠ থেকে।

    - খুঁজে পাবে না।

    - তুমি তো জানো কেন পাবে না।

    অনির্বাণ ঘুরল না।

    - জানি না।

    - জানো। - মহুয়ার গলায় রাগ নেই, কেমন একটা ক্লান্ত মায়া। - তুমি সব জানো। তুমি শুধু জিজ্ঞেস করো না। আর যতদিন জিজ্ঞেস করবে না, আমি থাকতে পারব। যেদিন জিজ্ঞেস করবে, সেদিন আমাকে যেতে হবে।

    - কেন?

    - নিয়ম।

    - কার নিয়ম?

    মহুয়া একটু চুপ করে রইল।

    - তোমার বাবাকে জিজ্ঞেস কোরো।

    অনির্বাণের হাত থেকে শাড়িটা প্রায় পড়ে যাচ্ছিল। বাবা! বাবার কথা সে মহুয়াকে বলেছিল কি?

    মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে অনির্বাণের আলাপ যাদবপুরে, এক বসন্ত উৎসবের রিহার্সালে। অনির্বাণ গিয়েছিল বন্ধুর সঙ্গে, নিছক আড্ডা মারতে। মহুয়া তখন মঞ্চে - ওড়িশির একটা মুদ্রা ভুল হয়েছে বলে নিজেই নিজেকে থামিয়ে আবার গোড়া থেকে শুরু করছে, চারবার। অনির্বাণ চারবারই দেখেছিল, আর চতুর্থবারে বুঝেছিল, তার আর ফেরার রাস্তা নেই।

    আমাদের বাঙালি সমাজে পাত্রীর গুণের যে তালিকা বানানো হয়, সেটা পড়লে মনে হয় বাজারের ফর্দ - গান জানে, নাচ জানে, আঁকতে পারে, লেখাপড়ায় ভালো, দেখতে অপূর্ব সুন্দরী, রান্নায় পাকা। মহুয়ার বেলায় মুশকিল ছিল, ফর্দের প্রতিটা ঘরে টিক পড়ত, আর তার পরেও কিছু বাকি থেকে যেত যার কোনো ঘর নেই। তুলনামূলক সাহিত্যে গবেষণা করছিল, রবীন্দ্রনাথের গান গাইত এমন গলায় যে আড্ডা থেমে যেত, আর আত্মীয়স্বজনের কাছে সে ছিল ‘একেবারে পারফেক্ট মেয়ে’। কথাটা শুনলেই মহুয়া চটে যেত।

    - পারফেক্ট জিনিস দোকানের শো-কেসে থাকে, অনি। মানুষ পারফেক্ট হলে সন্দেহ কোরো।

    বিয়ের পর ওরা চলে গিয়েছিল আবারডিন। স্কটল্যান্ডের উত্তর সাগরের ধারের তেলের শহর, বছরে দুশো দিন আকাশ ভিজে ন্যাতার মতো ঝুলে থাকে। অনির্বাণের সহকর্মীদের বউরা শীত আর অন্ধকার সইতে না পেরে বছর ঘুরতেই দেশে ফিরে যেত। মহুয়া গেল না। সে সমুদ্রের প্রেমে পড়ল। ধূসর, ঠান্ডা, রাগী সমুদ্র - তাতেও আপত্তি নেই। রবিবার সকালে দুজনে গিয়ে দাঁড়াত বিচের পাশের বাঁধানো রাস্তায়, হাওয়ায় মহুয়ার চুল উড়ত, আর সে বলত,

    - একদিন দেশে ফিরে গরম সমুদ্রে সারারাত হাঁটব। পা ভিজিয়ে, তুমিও কিন্তু সাথে হাঁটবে।

    - সারারাত?

    - সারারাত, কথা দাও।

    অনির্বাণ কথা দিয়েছিল কিনা, আজ আর মনে নেই। হয়তো দিয়েছিল। হাওয়ায় কথা উড়ে যায়। তার বাবার কথাও বলেছিল কি মহুয়াকে? সেই দামোদরের ধারের দোতলা বাড়ি, হেডমাস্টার বাবা, যাঁর ছায়া পড়লে পুকুরের মাছও লাইন দিয়ে দাঁড়ায়? বলেছিল হয়তো, আবারডিনের কোনো লম্বা শীতের রাতে। হয়তো বলেনি!

    - কাল রাতে আর আসবে না? - অনির্বাণ জিজ্ঞেস করল মহুয়াকে। প্রশ্নটা সাবধানে বাছা, যাতে সেই আসল প্রশ্নটা না হয়ে যায়।

    - আসব, রোজ আসি। - মহুয়া একটু থামল। - কিন্তু বেশিদিন পারব না, অনি। ওরা আসছে। দরজা ভাঙবে। তখন তুমি দেখবে।

    - কী দেখব?

    - যা তুমি চার মাস ধরে আলমারির ওপরের তাকে তুলে রেখেছ। কাপড়ে মুড়ে।

    অনির্বাণ চুপ করে রইল।

    - ভরা কোটাল পরশু, - মহুয়া বলল। - তুমি কথা দিয়েছিলে।

    শুক্রবার থেকে অনির্বাণ অফিসে আসা বন্ধ করল।

    ॥ ৯ ॥

    শনিবার ভোরে কার্তিকের ফোন বেজে উঠল। দুটো সাতচল্লিশ - অনির্বাণের নম্বর থেকে একটা মেসেজ।

    ‘আজ ভরা কোটাল। আমরা সমুদ্রে যাব।’

    কার্তিক বিছানায় উঠে বসল। কাঁপা আঙুলে লিখল - ‘দাদা, কোথায় তুমি? বউদি কোথায়?’

    উত্তর এল প্রায় সঙ্গে সঙ্গে।

    ‘ও বলছে, তুমি এসো না, কার্তিক। টান আছে।’

    তারপর আর একটা।

    ‘পুলিশকে বোলো, ও কোথাও যায়নি। ও এখানেই ছিল, বরাবর।’

    কার্তিক ফোন করল, ফোন বন্ধ। সুনীলকে ফোন করল - নর্থ সি-র ঝড় এখনও থামেনি, নট রিচেবল। সেলভমকে ফোন করল। সেলভম ঘুম জড়ানো গলায় শুনলেন, তারপর বললেন, ওয়ারেন্ট সোমবারের আগে হবে না, আর একজন প্রাপ্তবয়স্ক মানুষ সমুদ্রে বেড়াতে যাবেন বলে মেসেজ করেছেন, তাতে পুলিশ পাঠানো যায় না। তবে রাতে একটা টহলগাড়ি বিচের দিকে পাঠিয়ে দেবেন।

    কার্তিক ল্যাপটপ খুলে জাতীয় সমুদ্রতথ্য কেন্দ্রের সতর্কবার্তা দেখল। আজ পূর্ণিমা, ভরা কোটাল। রাত এগারোটা নাগাদ ভাটা শুরু। চেন্নাই উপকূলে রিপ কারেন্টের উচ্চ ঝুঁকি - সাঁতার নিষেধ।

    সারাদিন সে অনির্বাণের আবাসনের সামনে গাড়িতে বসে রইল। প্রিয়া দুবার খাবার দিয়ে গেল। দুপুরে মুরুগন এসে জানলায় টোকা দিল, একটা প্লাস্টিকের কাপে চা নিয়ে।

    - সাহেব আজ নামেননি, স্যার। একবারও না।

    - রাতে আমায় জানিও। যদি নামেন।

    মুরুগন মাথা নাড়ল। চায়ের কাপটা দিয়ে চলে যেতে যেতে ফিরে এল।

    - স্যার, একটা কথা। কাল রাতে রান্নাঘরের আলোটা জ্বলেনি। চার মাসে এই প্রথম। আমি সারারাত তাকিয়ে ছিলাম। জ্বলেনি।

    - মানে?

    - মানে জানি না, স্যার। - মুরুগন ওপরের দিকে তাকাল। - শুধু মনে হল, ওখানে কেউ আর রান্না করছে না। কেউ যেন জিনিসপত্র গোছাচ্ছে।

    সন্ধে নামল। চাঁদ উঠল সমুদ্রের দিক থেকে, প্রকাণ্ড, কমলা, তারপর ধীরে ধীরে সাদা। কার্তিক গাড়িতে বসে ঝিমিয়ে পড়েছিল। কতক্ষণ, জানে না।

    জানলায় জোরে জোরে টোকা, মুরুগন হাঁপাচ্ছে।

    - স্যার, সাহেব বেরিয়ে গেছেন! পেছনের গেট দিয়ে। এইমাত্র।

    কার্তিক গাড়ি থেকে নামল। ঘড়িতে এগারোটা পাঁচ।

    - একা?

    মুরুগন কিছুক্ষণ কিছু বলল না, তার ঠোঁট কাঁপছিল।

    - না, স্যার। - অবশেষে বলল। - দুজন। আমি নিজের চোখে দেখলাম। সাহেব আর ম্যাডাম। ম্যাডাম আগে আগে, সাহেব পেছনে। ম্যাডামের চুল খোলা। আর সাহেবের বুকে একটা পেতলের ছোট কলসি, দুহাতে চেপে ধরা, যেমন করে লোকে বাচ্চা কোলে নেয়। সেদিন প্রথম যে পুঁটলিটা নিয়ে এসেছিলেন, সেটাই বোধহয়।

    কার্তিক মুরুগনের হাত থেকে টর্চটা নিয়ে দৌড়োল।

    ॥ ১০ ॥

    আবাসনের পেছনের গেট দিয়ে বেরিয়ে একটা সরু গলি, দুপাশে জেলেদের কুঁড়ে, শুকোতে দেওয়া জাল, আর আঁশটে গন্ধ। গলি শেষ হলেই বালি। এদিকটায় তেমন আলো নেই, ভিড় নেই, মেরিনা বিচের হইচই এখান থেকে বহু দূর। এখানে শুধুই চাঁদ - এত বড় আর এত কাছে যে মনে হয় সমুদ্রের ওপর কেউ একটা আয়না ঝুলিয়ে দিয়েছে।

    জল গরম। আবারডিনের সমুদ্রের মতো হাড় কাঁপানো নয়, বরং আদরের মতো, স্নানের জলের মতো। অনির্বাণের পায়ের পাতা ভিজল, গোড়ালি ভিজল। বুকের কাছে পেতলের কলসিটা ঠান্ডা। ঢেউ সরে যাওয়ার সময় পায়ের তলার বালি সুড়সুড়ি দিয়ে খসে পড়ছিল, যেন মাটি নিজেই পিছু হটছে।

    মহুয়া তার পাশে।

    আর আজ, এই প্রথম, অনির্বাণ তার মুখটা দেখতে পাচ্ছে সামনে থেকে। চাঁদের আলো সোজা এসে পড়েছে ওর গালে, কপালে, চোখের পাতায়। কোনো ধোঁয়া নেই, কোনো পিঠ ফেরানো নেই, পেছন থেকে আসা কোনো আলো নেই। একটুও বয়স বাড়েনি। অনির্বাণের বেড়েছে - কানের পাশে চুলে পাক ধরেছে, চোখের নিচে কালি। মহুয়া দাঁড়িয়ে আছে সেই বয়সে, যেখানে সে ওকে রেখে এসেছিল।

    তারপর মহুয়া তার হাত ধরল।

    এই প্রথম - এতগুলো সন্ধে একই ঘরে, একই টেবিলে, একই বিছানার দুপাশে - অথচ একবারও ছোঁয়া হয়নি, আর অনির্বাণ সেটা খেয়াল করেনি, কিংবা খেয়াল করতে চায়নি। এখন সে টের পেল যে মহুয়ার আঙুল ঠান্ডা। বঙ্গোপসাগরের এই গরম জলের মধ্যে দাঁড়িয়েও সে হাত ঠান্ডা, ভেজা, আর তাতে একটা নোনা ধার - উত্তর সাগরের মতো।

    - এবার ঢাকনাটা খোলো, অনি।

    অনির্বাণ কলসির ঢাকনাটা খুলল। ভেতরে যা ছিল, তা চাঁদের আলোয় ধূসর দেখাল, ছাইয়ের মতো, বালির মতো। হাওয়া এসে তার খানিকটা উড়িয়ে নিয়ে গেল জলের দিকে।

    - আর একটু চলো।

    হাঁটু অবধি জল। মহুয়া হাসছে, সেই চোখ থেকে শুরু হওয়া হাসি।

    - আর একটু।

    পাড়ে এসে কার্তিক থামল। হাঁপাতে হাঁপাতে টর্চের আলো ফেলল জলে। অনেক দূরে, অন্তত পঞ্চাশ মিটার, অনির্বাণ দাঁড়িয়ে আছে, কোমর অবধি জলে। চাঁদের আলোয় তার সাদা জামা জ্বলজ্বল করছে।

    আর তার পাশে আরেকটা মাথা। কালো চুল, জলের ওপর ছড়ানো।

    - দাদা!

    কার্তিকের চিৎকার হাওয়ায় ছিঁড়ে গেল। অনির্বাণ ঘুরে তাকাল। এত দূর থেকেও কার্তিক দেখতে পেল, সে হাসছে। শান্ত, তৃপ্ত হাসি। তারপর অনির্বাণের গলা ভেসে এল, আশ্চর্য স্পষ্ট, যেন হাওয়া নিজেই কথাগুলো বয়ে এনেছে।

    - ও বলছে, তুমি এসো না, কার্তিক। টান আছে।

    কোমর অবধি জলে দাঁড়িয়ে অনির্বাণের ভেতরের ইঞ্জিনিয়ারটা, যে লোকটা মিটিংয়ে ঢুকলে ঘরের সবাই সোজা হয়ে বসে, একবার বিড়বিড় করল - ভরা কোটাল, ভাটা শুরু হয়েছে, রিপ কারেন্ট, পাড়ের সঙ্গে সমান্তরালে সাঁতরাতে হয়, স্রোতের বিরুদ্ধে কখনও নয়। কিন্তু গলাটা ক্ষীণ, অনেক দূর থেকে আসা, পাড়ে দাঁড়ানো কার্তিকের ডাকের মতো।

    মহুয়ার হাতটা হঠাৎ আলগা হয়ে গেল।

    সে এখন অনির্বাণের থেকে কয়েক হাত সামনে। জল তার বুক অবধি, তারপর কাঁধ অবধি। চাঁদের আলোয় ভেজা চুল জলের ওপর ছড়িয়ে পড়েছে কালো শ্যাওলার মতো।

    - অনি, আমি পা পাচ্ছি না।

    গলাটা এত স্বাভাবিক, এত শান্ত, যে প্রথমে অনির্বাণ বুঝতে পারল না। তারপর বুঝল আর বোঝার সঙ্গে সঙ্গে, যেন অনেক দিন তালাবন্ধ কোনো ঘরের দরজা হাওয়ার ধাক্কায় খুলে গেল, তার সামনে ভেসে উঠল সেই হলুদ রেখা। চৌকাঠে হ্যারিকেনের আলো। অনেক দূরের, অনেক পুরোনো।

    অনির্বাণদের গ্রামের বাড়ি দামোদরের ধারে। বাবা ছিলেন গ্রামের হাইস্কুলের হেডমাস্টার। কড়া মানুষ, এতটাই কড়া যে ছাত্ররা বলত, হেডস্যারের ছায়া পড়লে পুকুরের মাছও লাইন দিয়ে দাঁড়ায়। নিজের ছেলের সঙ্গেও কথা বলতেন মাপা গলায়, নামতা পড়ানোর মতো। অনির্বাণ বাবাকে ভালোবাসত কিনা, ছোটবেলায় ভেবে দেখার সাহস পায়নি। ভয় পেত, এটুকু নিশ্চিত।

    মা মারা গিয়েছিলেন তিন দিনের জ্বরে, অনির্বাণের বয়স তখন চার। গ্রামের ডাক্তার বলেছিল টাইফয়েড, শহরের ডাক্তার বলেছিল দেরি হয়ে গেছে। বাবা আর বিয়ে করেননি। আত্মীয়রা অনেক বলেছিল, তিনি শোনেননি। শুধু মায়ের একটা বড় ছবি বাঁধিয়ে টাঙিয়েছিলেন নিজের শোবার ঘরে, খাটের ঠিক উলটো দিকের দেওয়ালে। ছবিতে মায়ের মাথায় ঘোমটা, চোখে একটা চাপা কৌতুক, যেন ফোটোগ্রাফার কোনো মজার কথা বলেছে আর মা হাসি চেপে রেখেছেন।

    সেই ঘরে ছোট অনির্বাণের ঢোকা বারণ ছিল।

    এক শীতের রাতে ঘুম ভেঙে সে জল খেতে উঠেছিল। বারান্দা পেরোতে গিয়ে দেখে, বাবার ঘরের দরজা সামান্য ফাঁক, হ্যারিকেনের আলো চৌকাঠে একটা হলুদ রেখা টেনেছে। আর ভেতর থেকে আসছে বাবার গলা। নিচু, নরম, এমন একটা গলা যা অনির্বাণ দিনের বেলা কোনোদিন শোনেনি।

    দরজার ফাঁকে চোখ রেখে সে দেখেছিল, টেবিলে দুকাপ চা। একটা বাবার হাতে, আরেকটা ছবির ঠিক নিচে রাখা, ধোঁয়া উঠছে। বাবা ছবির দিকে তাকিয়ে কথা বলছেন - স্কুলের কথা, ধান কাটার কথা, খোকা অঙ্কে কাঁচা, ওকে নিয়ে কী করা যায়। তারপর থেমে যাচ্ছেন, যেন ওপাশের উত্তর শুনছেন - আর হাসছেন। বাবা হাসছেন!

    অনির্বাণ ঠায় দাঁড়িয়ে ছিল। তারপর শুনল, বাবা ছবির দিকে তাকিয়ে বললেন,

    - খোকা? ঘুমোচ্ছে নিশ্চয়ই।

    একটু থামলেন বাবা। তারপর মাথা নেড়ে, খুব স্বাভাবিক গলায়, যেন কেউ তাঁকে কিছু বলল আর তিনি মেনে নিলেন,

    - ও, দরজার কাছে দাঁড়িয়ে আছে? আচ্ছা।

    বাবা দরজার দিকে মুখ ফেরাননি, একবারও না।

    সে রাতে অনির্বাণ দৌড়ে এসে লেপের তলায় সেঁধিয়েছিল, আর সকাল অবধি চোখ বোজেনি। কথাটা সে কাউকে বলেনি কোনোদিন, বাবাকেও না। বাবা মারা গেলেন সাতষট্টিতে, ঘুমের মধ্যে, নিজের ঘরে। পাশের বাড়ির হরিকাকা সকালে দরজা খুলে দেখেছিলেন, টেবিলে দুকাপ ঠান্ডা চা - দুটোই খালি।

    কোমর জলে দাঁড়িয়ে অনির্বাণ হঠাৎ বুঝতে পারল, বাবা পাগল ছিলেন না। বাবা শুধু একা ছিলেন না। আর এই দুটো কথার মধ্যে যে ফারাক, সেটা বোঝানোর মতো ভাষা পৃথিবীর কোনো মনোবিদের কাছে নেই।

    অনির্বাণ ঝাঁপ দিল।

    পায়ের তলায় বালি ছিল, তারপর আর রইল না। টানটা এল নিচ থেকে - ঠিক যেমন বইয়ে লেখা থাকে, ঠিক যেমন সে জানত। হাত থেকে কলসিটা খসে গেল। জলের মধ্যে ধূসর একটা মেঘ ছড়িয়ে পড়ল, চাঁদের আলোয় রুপোলি হয়ে। মাথার ওপর দিয়ে একটা ঢেউ চলে গেল। চাঁদটা জলের ভেতর থেকে দেখতে একটা ঘোলাটে সাদা থালার মতো, দুলছে।

    আর জলের ভেতর, খুব কাছে, মহুয়ার মুখ।

    ভয় নেই সে মুখে - কষ্ট নেই। চুল ভাসছে মাথার চারপাশে, ধূসর মেঘটার মধ্যে, যেন কেউ ওড়িশির কোনো মুদ্রায় থেমে আছে। মহুয়া দুহাত বাড়িয়ে দিয়েছে। জলের মধ্যে শব্দ আসে না, তবু অনির্বাণ স্পষ্ট শুনল সেই ডাক - এসো।

    সে হাত বাড়াল।

    পাড়ে কার্তিক জুতো খুলল না, ভাবল না, টর্চটা বালিতে ফেলে জলে নামল। হাঁটু, কোমর। একটা ঢেউ এসে মুখে আছড়ে পড়ল। সে সাঁতরাতে শুরু করল, যেদিকে সাদা জামাটা শেষবার দেখেছিল। আর তখনই টানটা এল নিচ থেকে, পা দুটো জড়িয়ে ধরে, গভীরের দিকে। সে হাত-পা ছুঁড়ল। মাথার ওপর দিয়ে একটা ঢেউ চলে গেল।

    তারপর, কার্তিক পরে প্রিয়াকে বলেছিল, আর কাউকে কোনোদিন বলেনি, তখন একটা হাত তার কবজি চেপে ধরল।

    ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। সরু আঙুল, মেয়েদের।

    হাতটা তাকে টানল। নিচে নয়, ওপরে, পাড়ের দিকে। স্রোতের আড়াআড়ি, ঠিক যেমন বইয়ে লেখা থাকে।

    কার্তিকের মাথা জলের ওপরে উঠল। সে হাঁ করে বাতাস টানল, আর চাঁদের আলোয় এক মুহূর্তের জন্য দেখল - কিংবা দেখল বলে মনে হল - কয়েক হাত দূরে, জলের ভেতর, দুটো মাথা। পাশাপাশি, মুখোমুখি। খুব ধীরে দূরে সরে যাচ্ছে, ভাটার টানে, যেখানে চাঁদের রেখাটা দিগন্তে গিয়ে মিশেছে।

    তারপর একটা ঢেউ, আর কিছু নেই।

    দুজন জেলে কার্তিককে টেনে তুলল পাড়ে। সে বালিতে উপুড় হয়ে জল উগরে দিল। একজন তার পিঠে চাপড় দিচ্ছিল আর তামিলে গালাগাল করছিল। অন্যজন কার্তিকের বাঁ হাতটা তুলে ধরে টর্চের আলোয় দেখছিল, আর তার মুখটা ধীরে ধীরে বদলে যাচ্ছিল।

    কার্তিকের কবজিতে পাঁচটা আঙুলের দাগ। সরু, লম্বা, নীলচে।

    জেলেটা কপালে হাত ঠেকাল। বিড়বিড় করল একটা শব্দ। কার্তিক তামিল বোঝে। শব্দটা ছিল ‘আবি’। নিঃশ্বাস - কেউ কেউ ওটা আত্মা অর্থেও বলে।

    ॥ ১১ ॥

    দেহটা পাওয়া গেল পরের দিন সকালে, দু-কিলোমিটার দক্ষিণে, জেলেদের জালে - একটাই দেহ। মুখে কোনো ভয় ছিল না, সেলভম পরে বলেছিলেন। বরং একটা শান্তি, যেন লোকটা ঘুমের মধ্যে কোনো ভালো স্বপ্ন দেখছে।

    সেলভম তিন দিন ধরে সমুদ্রে আরেকটা দেহ খুঁজলেন। নৌবাহিনীর ডুবুরি নামালেন। জেলেদের বললেন, কিন্তু কিছু পাওয়া গেল না। তাঁর মিসিং পার্সন ফাইলটা এখন একটা সম্ভাব্য খুনের ফাইল। সোমবার ওয়ারেন্ট এল।

    সাততলার ফ্ল্যাটের দরজা খোলা হল মঙ্গলবার সকালে। সেলভম, মহিলা কনস্টেবল, আবাসনের সেক্রেটারি, মুরুগন, আর কার্তিক।

    তালা ভাঙা হল - ফ্ল্যাট পরিপাটি। বিছানা টানটান। বেসিনে কোনো এঁটো বাসন নেই। দরজার পাশে একজোড়া জুতো, সোজা করে রাখা, পাশাপাশি।

    খাবার টেবিলে দুকাপ চা, দুটোই খালি। দুটোর তলাতেই শুকনো বাদামি দাগ।

    সেক্রেটারি ভদ্রলোক নাকে রুমাল চেপে বললেন, সমুদ্রের গন্ধ আসছে কোথা থেকে, জানলা তো সব বন্ধ।

    সেলভম ঘর থেকে ঘরে গেলেন, পুলিশের চোখে, যা চায় না তাও দেখে। আলমারি, শাড়ি, ন্যাপথলিন। আলমারির ওপরের তাকে একটা কাপড় ভাঁজ করে রাখা, যেন কিছু মোড়া ছিল, এখন ফাঁকা। কাপড়ের ভাঁজে একটা খাম আটকে ছিল। সেই চ্যাপ্টা খামটা, কুরিয়ারে যেটা এসেছিল, যেটা মুরুগন সন্ধেবেলা সাহেবের হাতে দিয়েছিল - খোলা।

    সেলভম খামটা বের করলেন। ভেতরে ইংরেজিতে ছাপা দুটো কাগজ। প্রথমটা আবারডিন সিটি কাউন্সিলের একটা চিঠি - ক্রিমেটোরিয়াম থেকে। ‘আপনার অনুরোধ অনুযায়ী, প্রয়াতের অস্থিভস্ম আপনার হাতে তুলে দেওয়ার সময় যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তার একটি প্রতিলিপি এতদ্সঙ্গে পাঠানো হল, যাতে ভারতে আপনি নিয়মমতো বিসর্জন সম্পন্ন করতে পারেন।’

    দ্বিতীয় কাগজটা সেই সার্টিফিকেট।

    সেলভম সেটা পড়লেন। একবার, তারপর আবার। তারপর কিছু না বলে কাগজটা কার্তিকের হাতে দিলেন।

    নাম: মহুয়া ব্যানার্জি।

    মৃত্যুর কারণ: ওভারিয়ান কার্সিনোমা।

    মৃত্যুর তারিখ - কার্তিক তারিখটা পড়ল, আর মনে মনে হিসেব করল, আর হিসেবটা বারবার একই জায়গায় এসে থামল।

    আট বছর আগে।

    কার্তিকের পকেটে ফোনটা কেঁপে উঠল, সুনীলের ফোন। নর্থ সি-র ঝড় থেমেছে।

    - কার্তিক, সরি, সেদিন লাইন কেটে গিয়েছিল। ফোনে এসব বলা যায় না, তাও বলছি। - সুনীলের গলা এখন পরিষ্কার, কাছে। - মহুয়া বেঁচে নেই। আট বছর আগে চলে গেছে ক্যানসারে, আবারডিনে। আমি নিজে ফিউনারেলে ছিলাম। অনি ছাইটা নিয়ে গিয়েছিল, বলেছিল ওর একটা প্রতিজ্ঞা আছে, গরম সমুদ্রে ভাসাবে। তারপর আট বছর... আট বছর ও সেটা ভাসাতে পারেনি। আমার বউ সেদিন ওদের রান্নাঘরে ঢুকে দেখেছিল, গ্যাস জ্বলছে, কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে, খুন্তিটা নড়ছে। আর কেউ নেই।

    কার্তিক কিছু বলল না। ফোনটা কান থেকে নামিয়ে নিল। সুনীলের গলা তখনও ক্ষীণভাবে শোনা যাচ্ছিল, হ্যালো, কার্তিক, শুনছ?

    তার চোখ পড়ল মেঝেতে।

    মহিলা কনস্টেবলও দেখেছিলেন। তিনি একপা পিছিয়ে গেছেন, আর তাঁর হাত উঠে গেছে কপালে।

    মার্বেলের মেঝেতে জলের ছাপ, পায়ের ছাপ। চারদিন তালাবন্ধ একটা ফ্ল্যাটে, চেন্নাইয়ের এই গরমে, সেই ছাপ এখনও শুকোয়নি। প্রতিটার কিনারায় চিকচিক করছে নুনের দানা, দু-একটা বালির কণা, আর কয়েকটা ধূসর গুঁড়ো, যা বালি নয়।

    কার্তিক ছাপগুলো ধরে ধরে এগোল। সদর দরজা থেকে শুরু হয়ে সেগুলো গেছে সোজা রান্নাঘরের দিকে।

    দুজোড়া ছাপ।

    একজোড়া ছোট, সরু, মেয়েদের। আর তার পাশে, সমান তালে, খুব কাছাকাছি, আরেকজোড়া। বড়, পুরুষের, খালি পায়ের।

    দরজা থেকে ভেতরের দিকে। দুজোড়াই।

    বেরিয়ে যাওয়ার কোনো ছাপ নেই।

    কার্তিক রান্নাঘরের চৌকাঠে এসে দাঁড়াল, ভেতরে ঢুকল না। রান্নার সময় রান্নাঘরে কেউ ঢোকে না, অনির্বাণ একবার বলেছিল, হাসতে হাসতে। এটা ওর বউয়ের নিয়ম।

    গ্যাস বন্ধ - কড়াই শুকনো, জানলা বন্ধ।

    তবু রান্নাঘর থেকে, খুব আবছা, একটা গন্ধ ভেসে আসছিল। কার্তিক বাঙালি নয়, গন্ধটার নাম সে জানে না। শুধু মনে পড়ল, সেই শনিবার রাতে এই দরজার সামনে দাঁড়িয়েই সে প্রথম এই গন্ধটা পেয়েছিল, আর ভেবেছিল, কী সুন্দর, কী যত্নের একটা সংসার।

    সর্ষের তেলে কালোজিরে আর মেথি ফাটার গন্ধ।

    পাঁচফোড়ন।

    আর তার সঙ্গে, এত আবছা যে কার্তিক সারাজীবন নিজেকে বোঝাবে সে ভুল শুনেছিল, খুন্তি নাড়ার শব্দ - খুব আস্তে। যেন কেউ কাউকে না জাগিয়ে রান্না করছে।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • গপ্পো | ১০ নভেম্বর ২০২৬ | ৪৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ১০ নভেম্বর ২০২৬ ২১:০৫743934
  • পড়লাম। অনেক যত্নের ছাপ পেলাম লেখায়। এবং খুব সিনেম্যাটিক। আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা, কিন্তু আমিও কোনো পার্টিতে যাইনা, ফোন ধরিনা, প্রায় ফোন রাখিনা (প্রায় বললাম কারণ শুধু এমার্জেন্সীর জন্য ফোন ইউজ করি), পারলে লোকের সামনে বেরোইনা... ঐ জন্য মাঝে মাঝে সন্দেহ হয়, আমি কি আছি না নেই?!
  • b | ১০ নভেম্বর ২০২৬ ২৩:০০743936
  • মায়া। বড় মায়া।
    এই গল্পের সমালোচনা হয় না।
  • পাঠক  | ১১ নভেম্বর ২০২৬ ০৯:৩৫743947
  • কি বলব!
  • :|: | ১৬ নভেম্বর ২০২৬ ১২:৩৫744001
  • এই সিরিজটা ভালো হচ্চে। মারিয়ার বন্ধুদের কথাও পড়লাম। মন টেনে রাখে।
    কিন্তু বই হিসেবে পাবলিশ করলে আরও মনযোগ দিয়ে এডিট করলে ভালো। যেমন এই গল্পের, "সেলভম ঘুম জড়ানো গলায় শুনলেন, তারপর বললেন..."
    এখন মুশকিল হলো গলা ঠিক শোনার জন্য তেমন ব্যবহার হয়না।
  • Джошита | ১৬ নভেম্বর ২০২৬ ১৩:৫৩744003
  • সুকির ভূত সিরিজের এই গল্পটাও ভালো। ভূতেরা সব ভেজা ভেজা কেন, এইটে আমার প্রশ্ন।
  • সুকি | ১৭ নভেম্বর ২০২৬ ০৬:৫৭744011
  • এই লেখাগুলি পড়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে এত খুঁটিয়ে পড়ার জন্য।
     
    :।: আপনি যে ভুলটা ধরিয়ে দিলেন এর জন্য আমি বেশ লজ্জিত বোধ করছি। আমি বুঝতে পারছি না এই ভুলগুলো কি করে হয়!
     
    সে-দি, এই দুটো গল্প তো আসলে সমুদ্রের পাশের ঘটনা অবলম্বনে তাই একটু ভেজা ভেজা গন্ধ এসেছে। পরের গল্পে দেখা যাক কি হয়।
     
    আসলে ভেবে দেখলাম যে গল্প আর উপন্যাস ছাড়া মোটামুটি বাকি সব শাখাতেই লিখে ফেলেছি। তো ভাবলাম যে ছোট গল্প ট্রাই করা যাক। উপন্যাস লেখার মত ধৈর্য এই মুহূর্তে নেই। এবার ছোট গল্প লিখতে গেলে কি হয় যে একটু তো হাত পাকাতে হয়। তো এখন এই হাত পাকানো স্টেজ চলছে। একটু প্লিজ ধৈর্য ধরে বসুন। মনে হচ্ছে ব্যাপারটা দাঁড়িয়ে যাবে।
     
    আর এই প্র্যাকটিসের সময় যেটা লাগে আমাদের মত লেখকের সেটা হচ্ছে জনতার উৎসাহ। তো ভেবে দেখলাম যে এখন এই আদিভৌতিক, ভৌতিক, মিস্ট্রি এই জনরাটা খুব চলছে। এতে লিখলে মোটামুটি পাঠকের দৃষ্টি পাওয়া যাবে। এখনকার বাজারে যেগুলো চলছে, এমন দুএকটা পড়ে দেখলাম। ওগুলোর থেকে ভালো না লেখার কোন কারণ দেখছি না।
     
    তো সেই জন্য এতে এখন হাত পাকাচ্ছি। ফেসবুকেতে এগুলো পোস্ট করে প্রচুর ফীডব্যাক আসছে, প্রায় বার খেয়ে যাবার অবস্থা! প্রচুর পাঠক এখন নাকি এই লেখাগুলোতে বিশেষ উৎসাহ পেয়েছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরের পর্ব বা পরের গল্পের জন্য। এটাই আমাদের মত লেখকদের কাছে অনেক আর কি। এইসব চলছে আর কি।
  • Джошита | ১৭ নভেম্বর ২০২৬ ১৬:৫২744015
  • থ্রিলার লেখো। সেই রোজমেরিজ চাইল্ড(?) টাইপ। ভূতের চেয়েও সাসপেন্স খুলবে ভালো তোমার হাতে। তোমার এই দুটো ভূতের গল্পে ভয়কে ছাপিয়ে গেছে দুঃখ, সরাররি ভৌতিক ছমছমে ব‍্যাপারটা কম। নতুন স্টাইল।
    সাসপেন্স এবং আবছা ভৌতিক ব‍্যাপারের কম্বিনেশন নামাও। বেস্ট সেলার হবে।
  • :|: | ১৭ নভেম্বর ২০২৬ ২৩:১৩744018
  • আদিভৌতিকটা নির্ঘাৎ টাইপো। তবু মজা করতে ইচ্ছে করছে।
    টাইপো না হলে আদিভৌতিকের দুটি সম্ভাবনা দেখছি।
    ব্যক্তিগত-- আদিকাল থেকেই যে আমি ভৌতিক ব্যাপার স্যাপারের ভক্ত, সেটি ঘটনা।
    সমষ্টিগত-- আদি রসাত্মক ভৌতিক কাহিনী কিন্তু সুপার বেস্ট সেলার হবে।
  • b | ১৮ নভেম্বর ২০২৬ ১৩:০০744026
  • আদি রসাত্মক ভৌতিক কাহিনী ঃ ও আছে তো! ড্রাকুলা তো রীতিমতো ইয়ে, মানে সুন্দরী মহিলা না হলে তেনার মন উঠতো না।
     
     
     
    @সুকি ঃ ভয়ে ভয়ে একটা ব্যক্তিগত মত দিয়ে যাই ঃ
     
    গল্পটা বোধ হয় এখানেও শেষ হতে পারতো " কার্তিকের পকেটে ফোনটা কেঁপে উঠল, সুনীলের ফোন। নর্থ সি-র ঝড় থেমেছে."
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন।