
Amit Chatterjee লেখকের গ্রাহক হোন

ডোন্ট শাউট ডোন্ট শাউট থাকুন সব চুপ করে
সার-এর ভুল, ছিঁড়ুন চুল! দিন লাইন কান ধরে।
বাছাই জোর রাত্রিভোর কে ভোটার, ভোটার নয়,
ঠাকুরদার জন্মাবার নথির খাম রাখতে হয়।
বলবে কে, তুই কে রে? তাই প্রাণে লাগছে ভয়!
ভোটার কার্ড, আধার, প্যান, কিস্যু আর বৈধ নয়!
রামকানাই, তার জামাই, ছিলেন বোস হলেন রায়।
মিথ্যে রোষ, কপাল দোষ! জানুন সব ভূতের দায়।
বছর বিশ, ভোট যে দিস, তাই তে হয়, প্রমাণ কী?
বৈধ বাপ, নয় ছেলে, দাগিয়ে দেয় কলমচি
বাছার কাজ, করছে আজ, ডি-ভোটার, কালকে সে
কোন নথি দুর্গতি উৎরাবে বলবে কে?
মিছিল যায়, জোর চেঁচায়, পদ্ম, ঘাস, ডান আর বাম
নেই পাশে, আশ্বাসে, বীর হনু, জয় শ্রীরাম।
রণের সাজ, যুদ্ধবাজ, করছে সব দেশ দখল,
চিন্তাহীন, অচ্ছে দিন, স্বপ্নে দেখ, ভাইসকল।
ভাবনা ছাড়, করলে সার, লিস্টে ভুল পিতৃ নাম
ছাতুর খোঁজ, রাখিস রোজ, দিচ্ছে লাফ, গ্যাসের দাম
ডিজে'র জোর, রিলের ঘোর, হোক উধাও মজুত তেল।
ঘোর মেলায়, মাত খেলায়, লড়ুক ট্রাম্প-ইজরায়েল
আর যারা, ঘর ছাড়া, রাত কাটায়, ঘুম বিহীন,
তুচ্ছ 'সার', বাদ-ভোটার, বোম জানায়, মৃত্যুদিন।
অলংকরণ: রমিত চট্টোপাধ্যায়
Amit Chatterjee | ১৫ মার্চ ২০২৬ ১৪:২৩739195