অন্যায় করেছি ভোরের আলোর কাছে চুমুর আবেদন নিয়ে গিয়ে,অন্যায় করেছি শাল-পলাশ-মহুয়ার ছায়ার দিকভ্রান্তের মতো ঘুরে ঘুরে অবসন্ন পায়ে তার কুটিরছায়ে এসে বসে,
অন্যায় করেছি বলে
--- "জল দাও, দাও পিপাসার বারি।"
ভ্রষ্টা রানী তিষ্যরক্ষা নির্লজ্জ আচরণে যে দুর্বিনীত বাক্য বলেছিলো অশোক রাজপুত্র কুণালকে,
-- "দাও পিপাসার বারি।"
পদ্মপলাশ চোখদুটিতে জগতের সকল আকর্ষণ মিশিয়ে কোনো ঘনায়মান সায়াহ্নে,
পাটলীপুত্র রাজপ্রাসাদে সে বিমাতাকে করেছিলো কঠিন তিরস্কার।
তার পথ থেকে টলানো যায়নি একবিন্দু।
বুদ্ধং শরণং গচ্ছামি।
সংঘং শরণং গচ্ছামি।
ধর্মং শরণং গচ্ছামি।
পাশে ছিলো রাজ্ঞী কাঞ্চনমালা।
আর কতোগুলি চান্দ্রেয় পুলকিত পূর্ণিমার অবসানে হুমায়ুন আহমেদ লিখেছিলেন,
"পৃথিবীতে শ্রেষ্ঠতম চোখের অধিকারী তিনজন। ব্রিটিশ কবি পি.বি.শেলী ও অশোক-পুত্র কুণাল।"
তৃতীয়জন?
উল্লেখহীন ব্যক্তি কি তুমি?
বলো, সত্যি তুমি?
শোষণের সাঁড়াশি আক্রমণের মধ্যে বংশপরম্পরায় ছিবড়ে হয়ে থাকা জনগণের স্রোতে উজ্জ্বল যে জাহাজের মাস্তুল,
তার নাবিকের চোখে নীলাভ স্বপ্ন
ঠোঁটে তার পৌষের লাজুক রোদ।
প্লেখানভ থেকে এঙ্গেলস্
লেনিন থেকে লিন-পিয়াও
হো-চি-মিন বা চে
দৈব-বিভায় সে জাহাজের মাস্তুলের আভা সমুদ্র জলকে করেছে নববধূর রক্তিমতায় অভিষিক্ত
স্বপ্নালু চৈত্রের বিকেলের জানালায় নেমে আসা রোদের পরিচয় আঁধার সমুদ্রে ওই একটি জাহাজের সাথে!
ধ্রুবতারা মৃদু হেসে স্থির থাকে এখনও।..
যতক্ষণ মাস্তুলে জ্বলে তার চোখের মতো আশ্বাস।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।