ভালোবেসে যে মানুষ বদলে যায়
অয়ন মুখোপাধ্যায়
তোমাকে ছোঁয়ার আগে ঘরটা নিজের নাম ভুলে যায়।
আলোর সুইচ বন্ধ করলেই ভেতরে কেউ
দেয়ালে নখ বোলাতে থাকে।
তুমি বলো—এভাবে থাকলেই ঠিক আছে।
আমি দেখি, আয়নায় আমাদের ছায়া মিলছে না।
তোমার ঠোঁট থেকে পড়ে যায় একটা নিষিদ্ধ শব্দ,
মেঝের ফাটল দিয়ে সেটা গড়িয়ে চলে যায়।
কোনো এক পুরোনো দেবতা বিছানার নীচে শুয়ে,
আমাদের নিঃশ্বাস গুনে রাখে—
ঘুমের ভেতরও তার হিসেব চলে।
আমরা প্রেম করি—মাঝখানে একটা অশ্রুত চিৎকার।
তোমার শরীর জানে, আমার আত্মা জানে না।
রক্তের মতো গাঢ় হয়ে আসে রাত,
আমি তোমাকে ডাকি, তুমি আরেকজন হয়ে ওঠো।
ভোর হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে জানি,
তবু প্রতিবার ভালোবাসার পর
যে মানুষটা আমাকে ভালোবাসে- সে আমি নই।
ছবি হিরন মিত্র
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।