এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আমহার্ষ্ট ষ্ট্রীটে কালীপুজোর ইতিবৃত্ত

    Pathik Ghosh লেখকের গ্রাহক হোন
    ০৮ নভেম্বর ২০২৬ | ৯৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • নিভু নিভু সূর্যের শিখা দিগন্তের কাজললতায় নরম কাজলের মত আঁধার হয়ে জমে উঠলে দীপান্বিতা অমাবস্যার ঘন সন্ধ্যেয় কালীর শহর কলকাতা সেজে ওঠে দেবীর আরাধনায়। জনপদ তৈরীর গোড়া থেকে ভাগীরথী হুগলীর পূর্ব পাড় কাকতালীয় ভাবেই কালীক্ষেত্র হয়ে উঠেছিল। শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কালী মন্দিরই প্রায় মৌলিকভাবে গড়ে উঠেছিল বলে জানি; তা সে কালীঘাট হোক কিম্বা ফিরিঙ্গি ঠনঠনে পেরিয়ে শ্যামবাজার বাগবাজার! কালীঘাট বাদে বাকী সবই হয়েছে কোনো শ্মশানকে কেন্দ্র করে, নয়তো কোনো আগন্তুকের হাতে। যেমন ফিরিঙ্গি, নিমতলা, পুঁটেকালী, শ্যামবাজারের জয়কালী সবই শ্মশানে। আবার চোরবাগানের ঘন জঙ্গলের ঠনঠনে কালী, হিমালয় থেকে আসা সাধুর ছাউনি থেকে বাগবাজার সিদ্ধেশ্বরী কালী বা কাশীপুরে রঘু ডাকাতের কালী। কালীময় কলকাতার চৌহদ্দি ছাড়ালেই, একটু লোকচর্চার আড়ালে থেকে যাওয়া আরেক কালীক্ষেত্র হলো বরানগর। বরানগরেও আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু কালীমন্দির‌; যার কারণ হিসেবে অনেকেই রামকৃষ্ণকে দায়ী করেন বটে, কিন্তু বরানগরের কালী মন্দিরের প্রায় সবগুলোরই পত্তন হয়েছিল রামকৃষ্ণের জন্মের আগে। আর সর্বোপরি, বরানগরের সীমান্তে দাঁড়িয়ে রয়েছে চিরকালীন রামকৃষ্ণময় দক্ষিণেশ্বর। কিন্তু এই সুদীর্ঘ কালীসাধনার পীঠস্থানের হিসেবের সঙ্গে একেবারেই মেলে না কলকাতা শহরের সর্বজনীন কালীপুজোর গল্প।

    কলকাতার দুর্গাপুজো আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো বারাসাত শান্তিপুর হালিশহর নৈহাটির মত জনপদগুলো কালীপুজোকে সব দিক দিয়েই একটা মাত্রা দিয়েছে। কালীক্ষেত্র কলকাতা শহর কালী মন্দিরের জোয়ারে একাকার হয়ে গেলেও সর্বজনীন কালীপুজোর জোয়ারে সেভাবে ভেসে যায়নি। গোটা কলকাতার শুধুমাত্র কিছু কিছু জায়গায় সম্পূর্ণ স্বতন্ত্র এক আধটা বড় কালীপুজো হয় নচেৎ কলকাতার কোনো অঞ্চলেই কালীপুজোর একচেটিয়া আধিপত্য নেই। ব্যতিক্রম হিসেবে সেন্ট্রাল কলকাতা; বা আক্ষরিক অর্থে আমহার্ষ্ট ষ্ট্রীটের কালীপুজো চিরকালই শিরোনামে। চালতাবাগান লোহাপট্টি থেকে বৌবাজার ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার মোড় অব্দি পুরোটা আমহার্ষ্ট ষ্ট্রীট হলেও সিটি কলেজ থেকে বৌবাজার পর্যন্ত এক কিলোমিটার রাস্তাই কালীপুজোর আড়ত। ছোটোখাটো তো নয়ই, বরং তাবড় তাবড় কালীপুজোর এলাহি আয়োজন। এই সব পুজোরই সূত্রপাত অন্তত পক্ষে ষাট সত্তর বছর আগে, তবে রাজনৈতিক হাত বদলের পর পুজোগুলো বিখ্যাত হয়ে উঠতে শুরু করেছে ক্রমশ। স্যোশাল মিডিয়া এ শহরকে সাউথ আর নর্থে ভাগ করলেও, এ শহরের সবচেয়ে পুরনো অংশ সেন্ট্রাল কলকাতা। পোস্তা বিবেকানন্দ রোড মানিকতলা খালপাড় হয়ে বাইপাস ঘুরে পার্ক সার্কাস, লোয়ার সার্কুলার রোড ধরে গঙ্গা পর্যন্ত বিস্তির্ণ এলাকাই সেন্ট্রাল কলকাতা। ইতিহাসে সবরকম আন্দোলন সেন্ট্রাল কলকাতায় ওপর মাতব্বরি করে গেছে।‌ মুসলমান আক্রমণ থেকে ফিরিঙ্গির উৎপাত, নকশাল থেকে ছাত্র আন্দোলনের মতো গ্যাঁড়াকলে পড়েছে বারবার। এমনকি আজও; শহরের যে কোন মিটিং মিছিল এফোঁড় ওফোঁড় করে দেয় হ্যারিসন রোড, কলেজষ্ট্রীট, শিয়ালদা মৌলালী এন্টালী ধর্মতলা। তাই যুগে যুগে সেন্ট্রাল কলকাতার ঘরোয়া ছাপোষা বাঙালী ঘরে সেঁধিয়ে গেছে বারবার। এসবের মাঝে ছেচল্লিশের দাঙ্গায় উঠে এসেছিল গোপাল পাঁঠা, পঞ্চাশ ষাটের দশকে নকশাল আন্দোলনের সময় উঠে এসেছিল ফাটাকেষ্ট।

    উনিশশো ছেচল্লিশের ষোলোই অগষ্ট ধর্মতলা থেকে জানবাজার হয়ে বৌবাজার কলেজ ষ্ট্রীট শিয়ালদা রাজাবাজার আমহার্ষ্ট ষ্ট্রীটের দাঙ্গায় একেবারে কচুকাটা হয়ে গিয়েছিল কলকাতার হিন্দু বাঙালী। যে পাড়ায় ধর্ষণ বা খুনোখুনির আঁচ সরাসরি পড়েনি, সেসব পাড়ায় দরজায় দরজায় গরুর হাড় পড়েছিল। সে সময় প্রতিরোধের আগুন হয়ে দাঁড়িয়েছিল গোপাল পাঁঠা। কলুটোলার বদনচন্দ্র রায়ের বাড়িতে সেবছর দুর্গাপুজো সরে গেছিল ওঁদের জোড়াসাঁকোর বাড়িতে। সময়ে সব ঠিক হয়ে যায়, মাত্র তিন সপ্তাহ আগে চোরবাগানে পদপিষ্ট হওয়ার ঘটনাই ভুলে গেছি যেমন, ছেচল্লিশের দাঙ্গাও ভুলে স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল শহর। আবার আড়াই-তিন দশকেই শহর ছেয়ে গিয়েছিল নকশাল আন্দোলনে। রকমারী হুজ্জুতি শুরু হলো। গায়ে গায়ে লাগোয়া বাড়ির ছাদ বেয়ে নকশাল পন্থীরা ছুটোছুটি করতে শুরু করলে, দুই বাড়ির ছাদের মাঝে অস্বাভাবিক রকমের উঁচু পাঁচিল উঠেছিল। যুবকদের ফুলহাতা জামা গুটিয়ে পরা, চাপ দাড়ি থাকলেই সন্দেহের চোখে দেখা হতো, এমনকি অনেক সময়ই পুলিশ তুলে নিয়ে যেতো। যেকোনো রাজনৈতিক দলের মতোই, কলকাতার শহরের নকশাল আন্দোলনের মাথারা নিজেদের মতো করে শিক্ষা সংস্কৃতি কপচানো সুরক্ষার বুদবুদে বসে পরিচালনা করে গেছে, আর তলার দিকে মদ মাংস ক্ষমতার অপব্যবহার অত্যাচার ইভ টিজিং ধর্ষণে গিয়ে পৌঁছেছে। মুহুর্মুহু বোমার শব্দ, দিনে রাতে সোডার বোতল ফাটানো, কলেজের মেয়েদের ওড়না ধরে টানা মোটামুটি পরিচিত ঘটনা হয়ে উঠেছিল যখন, সেন্ট্রাল কলকাতায় দলবল নিয়ে উঠে এসেছিল পান বিড়ির দোকানীর ছেলে ফাটাকেষ্ট! তাঁরই অনুসরণে সিনেমার ফাটাকেষ্টও ঠিক তেমন‌ ভাবেই আইডিয়াল ত্রাতা হয়ে ফুটে উঠেছিল। আদতে ফাটাকেষ্ট সুশীল সমাজের কেউ নয়।‌ লেখাপড়া জানা বিশিষ্ট সমাজ তাকে চিনেও না চেনার ভান করে গেছে।

    সবকিছুর সরলীকরণ আমাদের মধ্যমেধার একটা চরিত্র। তার জন্যে ফুলকপি বদলে গিয়ে ফুলপ্যান্ট হয়ে গেছে বারবার। তাই কলকাতাসহ গোটা বাংলাতেই সর্বজনীন দুর্গোৎসবের চেয়ে কালীপুজোর এত বেশী প্রচলনের কারণ হিসেবে কালীকাপুরাণ কিম্বা রামপ্রসাদ বা রামকৃষ্ণ – এমনটা ধরে নেওয়াও একরকম গোদা সরলীকরণ ছাড়া অন্য কিছু বলে মেনে নেওয়া দুস্কর। বরং বাস্তবসম্মত কারণ হিসেবে অর্থনীতিই আসে বলে আমার দৃঢ় বিশ্বাস। দুশো আড়াইশো বছর আগে দুর্গাপুজো শুরু করার যে হিড়িক পড়েছিল কলকাতা শ্রীরামপুর শিবপুর আন্দুল ছাড়িয়ে জমিদার বাড়িতে, তার পিছনে সবচেয়ে বড় কারণ উপনিবেশিক তাঁবেদারি আর বৈভব প্রদর্শন বৈ আর কিছু নয়।‌ শোভাবাজারের নবকৃষ্ণ দেব, পাথুরিয়াঘাটার খেলাৎ ঘোষ কিম্বা শেওড়াফুলি, শ্রীরামপুর আন্দুল রাজবাড়ি – গল্প সর্বত্রই এক। রাজতন্ত্রের মালা জপে, একনিষ্ঠ ভক্তি আর একনিষ্ঠ অনুরাগ দেখিয়ে বড়লোক পুঁজিপতিরা রায় বাহাদুর পেল, ট্যাক্সে ছাড় পেল, বড়লাটের প্রিয়পাত্র হয়ে উঠলো অল্প সময়ের মধ্যেই। ঘি-ভাতের সুবাস, রঙ্গিন শামিয়ানার ঝলক আর বেলজিয়ান গ্লাসের ঝাড়বাতির জৌলুস পথ হারালো কালিঝুলিমাখা ছেঁড়া জামাকাপড়ে লজ্জা ঢাকা গরীবের ছোট্ট কুঁড়েঘরের। এই একপেশে দুর্গাপুজোয় বাংলার মাটির গন্ধ লেগেছে শত বছর পরে; বাণিজ্যিকীকরণের মাধ্যমে। কিন্তু তখনও, সাধারণ মানুষের পক্ষে দলগতভাবে হলেও একটা মৌলিক দুর্গাপুজো দাঁড় করানো অসম্ভবই রয়ে গেলো তার খরচের কারণে। তবুও, এ জীবনে আমার বা আমাদের বলে কিছু একটা তো লাগেই। তাহলে উৎসবের আনন্দে হুজুগ মোচ্ছব কি শুধু বড়লোকের হয়েই থেকে যাবে? ব্যক্তিগত কোনো একটা হুজুগের প্রয়োজনে দুর্গার অল্টার্নেটিভ হিসেবে হাতের কাছে পড়ে থাকা কালীকেই বেছে নিয়েছিল স্বল্প বাজেটের মধ্যবিত্ত আর নিম্নমধ্যবিত্তের দল। কাক কাকের মাংস খায় কিনা আমার জানা নেই, তবে একটা দুর্গাপুজো কমিটি আরেকটা দুর্গাপুজো কমিটির সঙ্গে রেষারেষিতে নামে বৈকি! কারা বেশী স্পন্সর পেলো, কাদের কটা অ্যাওয়ার্ড এলো, কাদের কটা গেট হলো! একেক কমিটির মাথায় একেক নেতা মন্ত্রীর অদৃশ্য হাত, একে অন্যের সাথে টক্কর– ঠিক যেমন দেড়শো দুশো বছর আগের দুর্গাপুজো ছিল জমিদার রাজাদের ক্ষমতা দেখানোর ছুতো। একবার জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁয়ের দুর্গা প্রতিমার গয়নাকে টক্কর দিতে দ্বারকানাথ ঠাকুর গয়না সমেত দুর্গাপ্রতিমা বিসর্জনের নির্দেশ দিয়েছিলেন। তেমন ধারা জারি রেখে এ পাড়া ও পাড়ার কালীপুজোয় চলে ঠাণ্ডা লড়াই! দুটো বেশী বাজনা চারটে বেশী বাজি পুড়িয়ে আরও একটু হুজুগ আরও একটু মোচ্ছব মিশিয়ে লোকেদের ক্ষমতা দেখানোর ছুতো। যে কোনো পুজোয়, বিরাট শোভাযাত্রা বা যথেচ্ছ বাজনার উদ্দেশ্যই হলো আড়ম্বর আর বৈভবের প্রদর্শন। এর মধ্যে খামোকা কালিকাপুরাণ বেদ উপনিষদের পাতা উল্টে লাভ আছে বলে আমার মনে হয় না।

    ফাটাকেষ্ট তৎকালীন ডাকসাইটে মানুষ। গোটা মুখে হাতে সেলাইয়ের দাগের কারণে সীতারাম ঘোষ ষ্ট্রীটের কৃষ্ণ চন্দ্র দত্তের এমন‌ ডাকনাম! লালবাজার থেকে লালদীঘি, হ্যারিসন রোড থেকে হেদুয়া যাঁর প্রভাবে পুষ্ট, তাঁর ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকা উচিৎ নয়। নেতা থেকে অভিনেতা, সিনেমার প্রযোজক থেকে হল-মালিক; এমনকি টিকিট ব্ল্যাকারের ওপরও যে তাঁর কিছু হলেও প্রভাব থাকবে এতে সন্দেহ কী! সিনেমার প্রযোজক থেকে হল মালিকের ওপর যাঁর গাঢ় প্রভাব আছে, সিনেমার কলাকুশলীরা তাঁকে সমঝে চলতে বাধ্য হবেন, সেটাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সেভাবে দেখলে উত্তম কুমার, কিশোর কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খান্নার মতো অভিনেতাদের আসা বোধহয় খুব একটা আশ্চর্যের বিষয়ও নয়। ফাটাকেষ্টর ক্লাবের আসল নাম নব যুবক সংঘ। কিন্তু ক্ষমতা আর বৈভবে নব যুবক সংঘ মুখ লুকিয়েছে ফাটাকেষ্টর আড়ালে। ঠিক তেমনি আমহার্ষ্ট ষ্ট্রীট সাধারণ কালীপুজো মুখ লুকিয়েছে সোমেন মিত্রের আড়ালে, বা নব রবীন সংঘ মুখ লুকিয়েছে বুচিয়া দা'র আড়ালে, আর এখন যুবশ্রী মুখ লুকিয়েছে তাপস রায়ের আড়ালে। সেন্ট্রাল কলকাতায় শুধু দক্ষিণপন্থীরাই কালীপুজো করে এসেছে, এমন নয়। ক্ষমতা দখলের চেষ্টায় বাম থেকে অতিবাম সব পক্ষই বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কালীপুজোর রাস্তা ধরেছে। পুজোর পোশাকি নাম সর্বজনীন দেওয়া হলেও, সেই সময় ভয়ে কেউ কাছে ঘেঁষেনি। চাঁদা নিয়ে জুলুমবাজির অত্যাচারে অতিষ্ট ভীত শহরবাসী পুজো প্যাণ্ডেল বিমুখ হয়েই থেকে গেছে। একতরফা উৎসব বড়লোকদের ঠাকুরদালান থেকে পাড়ার মোড়ের প্যাণ্ডেলে এলেও, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেল। সাতাত্তরের বিধানসভা ভোটে রাইটার্স বিল্ডিং যখন জ্যোতিময় হলো, চাঁদার জুলুম হুজ্জুতি একটু একটু করে কেটে গেল। নাস্তিক বামপন্থীর হাত ধরে দুর্গোৎসব আর কালীপুজোর আনন্দে হৈ হৈ হৈ করবে বলে, কোমর দুলিয়ে ভাগ বসালো আস্তিক বাঙ্গালী। পুজো আক্ষরিক অর্থে সর্বজনীন হলো।

    নর্থ আর সাউথ কলকাতার অধিকাংশ পাড়াই মানুষের বসতি। ইংরিজিতে যাকে বলে রেসিডেন্সিয়াল। কিন্তু সেন্ট্রাল কলকাতার বইপাড়া, শিয়ালদা ষ্টেশন সংলগ্ন ডিমপট্টি, কাগজপট্টি, বৈঠকখানা, কোলে মার্কেট, বৌবাজার, মার্কাস স্কোয়ার, চিৎপুরের ফলপট্টি, চাঁদনী মার্কেট, ঠনঠনে বিয়ারিং তাছাড়া পোস্তা বড়বাজার মিলিয়ে মোটামুটি অর্ধেক জায়গাই কাজের। এরকম কমার্শিয়াল এলাকা মানেই ছোটো বড় ইউনিয়ন – আর ইউনিয়ন মানেই ভিন্ন যুগে ভিন্ন দাদা দিদির অনুপ্রেরণায় ক্ষমতা দখলের লড়াই। আর লড়াইয়ের ক্ষমতা দেখানোর জন্যে সবচেয়ে গ্রহণযোগ্য সুশীল প্রয়াস হলো একটা উৎসব আর পাল্লা দিয়ে বাড়ন্ত উৎসবের জৌলুস! কালীপুজো করার আগেই ফাটাকেষ্ট বিখ্যাত হয়েছিলেন নকশালের বিরুদ্ধে দাঁড়িয়ে। নকশাল আন্দোলনের বিরুদ্ধে না হলেও নকশাল আন্দোলনের নাম করে বজ্জাতির বিরুদ্ধে তো বটেই। তাঁর নামের চেয়ে বদনাম বেশী তবু কখনো মেয়েদের দিকে চোখ তুলে চেয়ে দেখেননি। পূরবী দর্পণা ছবিঘর জহর প্রাচীতে নাইট শো ভাঙ্গলে, বাড়ির মেয়ে বউরা সাবধানে বাড়ি ফেরার সময় কেষ্টদা'র দলবল পাহাড়া দিত হ্যারিসন রোড আমহার্ষ্ট ষ্ট্রীট কলেজ ষ্ট্রীটের পথে ঘাট। তাই ভীতু সাধারণ মানুষের ঘরের ছেলে না হলেও ফাটাকেষ্টর মত একজন দুর্ধর্ষ কিংবদন্তির প্রতি সম্ভ্রম আর সমীহ সবার ছিল। সেই ফাটাকেষ্টর পুজোয় জনজোয়ার হবে এতে আশ্চর্য কী! আর ভক্তির তুফানে বাঙ্গালী ভেসেছে যত, তার চেয়ে বেশী ভেসেছে লোভের কারণে। অমুক চাই তমুক চাই সুখ শান্তি চাই গাড়ি বাড়ি চাই; তার জন্যে কালীর কাছে মানত, একশো আট জবার মালা, নাকের নথ, সোনার টিপ, রেকাবি‌ গামলা থালাবাটি! এগুলো কিছুটা হলেও প্লাসিবো এফেক্ট তো বটেই। জীবনে চাহিদার শেষ নেই, আর ভয়ে ভীত কর্মহীন জাতি আবেগের বশবর্তী হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেনাপাওনার সম্পর্কে নেমে গেছে। এখানে অযথা কালীর প্রতি ভালোবাসা বা শক্তি আরাধনায় ভক্তি আদৌ কতটা, সেসব প্রশ্ন আজ অযথা।

    পরমা প্রকৃতি অসীম, কালীর স্বরূপ সেই অসীমে লীন হয়ে যাওয়া ব্রহ্মেরই সমার্থক। কালীই হোক বা কৃষ্ণ, গডই হোক বা আল্লাহ– তাঁর পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাবমাধুরীর সঞ্জীবন। স্বামী কৃষ্ণানন্দ আগমবাগীশ তাঁর নিজের হৃদি কমলাসনে মহামায়াকে অন্তত একবার বিরাজ করার আকুতি নিয়ে গান ধরেছেন, পতিত মানবজমিনে সোনার ফসল না ফলার আক্ষেপে গান ধরেছেন রামপ্রসাদ, স্থলে জলে সর্বধর্মে সর্বপথে কালীর দর্শণ পেয়ে মশগুল হয়েছেন রামকৃষ্ণ পরমহংস আর শ্যামা নামের আগুনে দেহরূপী ধূপের সুবাসে ধ্যানমগ্ন নজরুল! ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় কালী যে অনির্বচনীয়া, তা নিশ্চিত। কিন্তু প্রেমহীন ভালোবাসার মতো উদ্দেশ্যহীন আমাদের পায়চারি। এই ব্রহ্মাণ্ডের সকল স্বর্ণখনির মালকিনকে ভালোবাসার বদলে একভরির নাকছাবির শর্তে পূরণ করতে চাইছি পার্থিব সুখের উইশলিস্ট। যত বড় চাহিদা, তত বড় শর্তের অঘোষিত রেট চার্ট ঠিক করে ফেলেছি আমরা নিজেদের অজান্তেই। অথচ শুধু একটু ভালোবাসলেই কাজ মিটে যেত! সৃষ্টি স্থিতি আর প্রলয়ের মাঝখানে দাঁড়িয়ে প্রকৃতির সর্বনাশ করে ঈশ্বরের সঙ্গেও দরাদরি খেলায় নেমেছি। বাজেট বেড়েছে বলে আরো দুহাত উঁচু হয়ে গেছে মাতৃপ্রতিমা। তাঁর গলায় মানতের অগুণতি মালা আর সামনে থরে থরে মিষ্টির প্যাকেট পোলাও খিচুড়ি পায়েসের সারিতে সাফল্য উদযাপন! বিনিময় প্রথায় পরাজিত ঈশ্বর, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হেসে ফাজলামি দেখছেন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন।