বিকেলমোহে চোখ রেখেছি, স্মৃতিকৌটোয় মনসময়নদীর কূল ঘেঁষে হোক সাঁঝের আবাহন।
ঘনিয়ে আসা বাতাসটুকু ছাতিমগন্ধে ভেজা
এই বিকেলের ঘ্রাণ চিনতো নিখিলেশ - ডিসুজা?
ছড়িয়ে পড়ে, জড়িয়ে ধরে স্মৃতির পরশমণি
হৈমন্তিক ছায়ায় আঁধার সুজাতার ব্যালকনি।
শরিক-ছাদে ফাটল বেয়ে স্কুলদুপুরের ছোপ
সহজপাঠের পাতায় হাঁটে উদ্ধব সদগোপ্।
ভাঙা পেনসিল, শার্পনার পাশে, শব্দ বাড়ায় ভিড়
কুঞ্জের একতারাটি চেনায় অঞ্জনা নদীতীর।
উতল হাওয়া মাতাল হলে কি জন্ম নেবে কবি?
এমন হাওয়ায় চেনা গাছদুটি অনিমেষ-মাধবী।
ষ্টুডেন্ট রিপোর্ট খাপছাড়া তাও, বেনামী ডায়েরিতে
লালকালি পেন দুঃখ ছেটায় কিশোরীর দেউড়িতে।
বিকেলমোহে চোখ রেখেছি, স্মৃতিকৌটোয় মন
ঝিমদুপুরে ডাকছি একা, "ও শব্দেরা, শোন্!"
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।