এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া - ৪৬

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৮ অক্টোবর ২০২৬ | ৪৭ বার পঠিত
  • ( ৪৬ )

    কপাল জোরেই হোক আর যাই হোক চান্স কিন্তু পেল অতীশ। প্রায় ঘন্টা খানেক বাদে ওই মেরুন রঙের টয়োটা গাড়িটা উল্টোমুখ করে আবার এসে দাঁড়াল তার দোকানের সামনে। অনুমিত গাড়ি থেকে নেমে দোকানের সামনে এসে দাঁড়াল।
    অতীশ বলার আগেই অনুমিত বলল, ' থ্যাঙ্ক ইউ দাদা। অ্যাড্রেসটা পেতে অসুবিধে হয়নি... '
    ----- ' ও আচ্ছা আচ্ছা... এ আর কী এমন... ', অতীশ বিগলিত ভঙ্গীতে বলল। হাজার হোক একজন দামী গাড়িওয়ালা লোক।
    ----- ' চিকলেট আছে নাকি ? '
    ----- ' হ্যাঁ দিচ্ছি ... '
    বয়াম থেকে চিকলেট বার করতে করতে অতীশ বলল, ' সম্রাট চৌধুরী বুঝি আপনার খুব পরিচিত ? '
    ----- ' আমার ঠিক না, আমার বাবার পরিচিত... '
    ----- ' ও... তা ওই একই হল। ক'টা দেব ? '
    ----- ' চারটে... '
    ----- ' নিন। সম্রাটবাবু এ এরিয়ার একজন নামকরা লোক। বিরাট বিজনেস। শুনেছি চারটে কারখানা আছে। বনেদি বড়লোক... '
    ----- ' হবে বোধহয়। ঠিক জানি না... '
    ----- ' সেকি ! আপনার বাবার বন্ধু... '
    ---- ' বাবা জানে হয়ত ... '
    এরপর অতীশ কী বলবে ভেবে পেল না। বলল, ' তা ঠিক। তবে আপনার সঙ্গেও খাতির আছে নিশ্চয়ই, নাহলে আপনি আসবেন কেন ... '
    ----- ' কোন খাতির নেই। বাবা আমাকে পাঠিয়েছে, তাই.... '
    ------ ' ও... সে ওই একই হল। বলছিলাম যে... '
    ----- ' আচ্ছা... চালতাবাগানটা কোনদিকে ? আমি নর্থ ক্যালকাটাটা ভাল চিনি না... '
    ----- ' কী... চালতাবাগান ? বলে দিচ্ছি দাঁড়ান ... কোন অসুবিধে হবে না। বলছিলাম যে... '
    অনুমিত একটা চিকলেট মুখে পুরে চিবোতে চিবোতে অতীশের মুখের দিকে তাকিয়ে রইল।
    অতীশ সুযোগ হাতছাড়া করতে চাইছে না। তার স্বভাবই এরকম। বলল, ' বলছিলাম যে একটু পরিচয় করা যায় না ? '
    ----- ' কার সঙ্গে ? '
    ----- ' এই সম্রাট সাহেবের সঙ্গে ... '
    অনুমিতের এসব ঘরানার কথা বুঝতে পারার কথা নয়।
    সে সরলভাবে বলল, ' কেন, পরিচয় করে কী হবে ? '
    অতীশ তার অভ্যস্ত ভঙ্গীতে বলল, ' কী বলব ভাই... খুব সমস্যার মধ্যে আছি। তোমাকে বলতেও খারাপ লাগছে। ইয়ে... তুমি বলছি বলে কিছু মনে করছ না তো... '
    ----- ' না ... ঠিক আছে। নো প্রবলেম। চালতাবাগানটা .... '
    ---- ' বলছি বলছি ... কোন অসুবিধে হবে না। লোহাপট্টি তো ? আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসব। কোন অসুবিধে হবে না। বলছি যে... সম্রাটবাবুর সঙ্গে দেখা হলে একটু হেল্প চাইতাম... '
    ----- ' কেন আপনার কোন প্রবলেম হয়েছে নাকি ? '
    ----- ' প্রবলেম মানে... ওই... ফিনান্সিয়াল সাইডটা ভাল যাচ্ছে না একদম... '
    ----- ' কার আপনার ? '
    ---- ' হ্যাঁ, ওনার তো হাতে তো অনেক সুযোগ আছে। যদি একটা ভাল রোজগারের ব্যবস্থা হয়.... '
    অনুমিত কখনও চিন্তাই করেনি যে তাকে কেউ এ ধরণের সমস্যা সমাধানের কথা বলতে পারে। তাও আবার সদ্য পরিচয় হওয়া তার চেয়ে বয়সে অনেক বড় কোন লোক। অনুমিত চিউয়িং গাম চিবোতে চিবোতে বলল, ' আপনি নিজেই তো অ্যাপ্রোচ করতে পারেন। এই পাড়ারই তো রেসিডেন্ট... '
    ----- ' তা ঠিক। আসলে স্টেটাসে অনেক তফাৎ আছে তো। বাধ বাধ ঠেকে। একজন একটু কথা বলিয়ে দিলে খানিকটা সুবিধা হয়। তোমার বয়েসটা কম, অবস্থাও আলাদা। ব্যাপারটা ঠিক ধরতে পারছ না হয়ত... '
    ----- ' কিন্তু আমি এসব করব কী করে ? আমি এসেছি অন্য একটা কাজে। বাবা পাঠিয়েছে তাই ... '
    ----- ' বাবা নিশ্চয়ই ব্যবসার কাজেই পাঠিয়েছে... '
    ----- ' না না কোন বিজনেস ম্যাটার নেই। অন্য একটা ইস্যু আছে। আপনি কক্রোচ জনতা পার্টি নাম শুনেছেন ? '
    অতীশ মনে করার চেষ্টা করতে লাগল। একটু চিন্তা করে বলল, ' না ... ঠিক মনে পড়ছে না। জনতা পার্টি তো আমাদের ছোটবেলায় ছিল ... এখন তো ভারতীয় জনতা পার্টি হয়েছে ... ওটারই কোন শাখা টাখা নাকি ? '
    অনুমিত হেসে ফেলল। ভাবল, এতো দেখছি আমার চেয়েও 'নাইভ'।
    ------ ' আরে না না ... স্টুডেন্টদের যে অর্গানাইজেশান প্রোটেস্ট লঞ্চ করছে দিল্লীতে সেটার কথা বলছি ... '
    ------ ' ও... তা হবে। আসলে নানা ঝামেলায় আমি এত ব্যস্ত থাকি এত খবর রাখার সময় পাই না। হ্যাঁ দিল্লীতে ওরকম কী একটা ঝামেলা হচ্ছে শুনেছিলাম বোধহয়। কিন্তু তার সঙ্গে তোমার বা সম্রাট চৌধুরীর সম্পর্ক কী ? '
    অনুমিতের এবার মনে হল একজন অপরিচিত লোকের সঙ্গে এত 'ফ্র্যাঙ্ক' হওয়া বোধহয় ঠিক হচ্ছে না। মনোমিতা হলে বোধহয় এর সঙ্গে এত কথা বলত না। কোন স্ট্রেঞ্জারের সঙ্গে এত কিছু না বলাই ভাল। কলকাতা থেকে বিজনেস কমিউনিটির কয়েকজন যে জেন জি মুভমেন্টে ইনভলভড হতে চাইছে সেটা এখন চাপা থাকাই ভাল। ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট চলছে তো।
    অনুমিত বলল, ' ঠিক আছে, আসছি আমি... '
    বলে গাড়ির দিকে এগোল।
    ----- ' দাঁড়াও দাঁড়াও ... চালতাবাগানের দিকে যাবে তো ? আমি আসছি দাঁড়াও ... '
    ------ ' ঠিক আছে। আমি খুঁজে নেব... '
    অনুমিত গাড়িতে চালকের জায়গায় গিয়ে বসল।
    অতীশ মরীয়া হয়ে বলল, ' তোমার ফোন নম্বরটা দিয়ে যাও না। যা হোক একটা পরিচয় হল। পরে যদি কথাবার্তা বলা যায় ওই সব ব্যাপারে.... '
    ----- ' কী ব্যাপারে ? '
    ----- ' ওই কী জনতা পার্টির কথা বলছিলে... '
    অনুমিত গাড়ি চালু করে বেরিয়ে যেতে পারত। কিন্তু সেটা তার ভদ্রতাবোধে বাধল।
    সে মোবাইল বার করে বলল, ' আপনার নাম্বারটা বরং দিন। আমি যোগাযোগ করে নেব... '
    ফোনে অতীশের নম্বরটা তুলে নেবার পরে অনুমিতের গাড়ি চলে গেল।
    হতাশ অতীশ ভাবল, তুমি আর যোগাযোগ করেছ। বহুৎ সেয়ানা মাল। কত দেখলাম...

    ( ক্রমশ )

    **************************************************

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন।