এআই মানে কৃবু জাঁকিয়ে বাজারে আসার পরে বেশ কবছর কেটে গেল দেখতে দেখতে। গুরুচণ্ডা৯ তে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনাও কিছু কম হয় নি। কিন্তু গুরুগম্ভীর সে সব টইয়ে একটা জিনিস কিঞ্চিত কম- সেটা হল কৃবু আমার কম্মে কতটা লাগবে এবং কেমন করে লাগবে।
ব্যাপারটা রোবোট ভ্যকুয়ম ক্লীনারের মত নয়, যে অন্য কেউ ঠিক করে দিয়েছে যে যন্ত্র বুদ্ধি করে কোনো একটা কাজ হাসিল করবে, আপনি দাম দিয়ে যন্ত্রটা কিনেছেন, এবং সেটা যেমন চলার কথা তেমন চলছে। কোম্পানি আপডেট করলে তার একটু হালচাল বদলায়, না হলে নয়।
এখানে আলোচনার বিষয়বস্তু হল এআই এজেন্ট বা 'কৃবুচর' (কবুতর নয় কিন্তু) আপনি এই চর লাগালে, সে পার্শ্বচর হিসেবে আপনার বলা কাজটা, আপনার হয়ে, ছলে বলে কৌশলে হাসিল করে দেবে।'অনুচর' বলে তাকে ছোটো না করাই ভাল।আমাদের মত সাধারন মানুষের নাগালের মধ্যে কৃবুর যতটুকু পড়ে, এই কৃবুচরকে তার চরম বলা চলে।
এই টইয়ের অনুপ্রেরণা হল দমদির করা একটি কমেন্ট -
"আমার বুবুভার ধারাবাহিকে নিকোবরের পর্বে এই টইটার সাহায্য খুব কাজে লাগবে। অন্যগুলো তো সোর্স খুঁজে খুঁজে ঘটনাক্রম বুঝে লিখতে প্রচুর সময় লাগছে।"
---
দ | ২৩ আগস্ট ২০২৬ ২০:০১ (গ্রেট নিকোবর প্রজেক্টের টই)
এখানে দমদি যে আক্ষেপটি করেছেন সেই কাজটি একটি কৃবুচরের আদর্শ কাজ। একবার তাকে বব বিশ্বাসের মত আপনার মেসেঞ্জার থেকে একটি মেসেজ পাঠিয়ে দিন, সে ঐ কাজ হাসিল করে তবেই থামবে। দমদি যদি একবার শুধু বলেন - অমুক বিষয় বা ঘটনার সোর্স খুঁজে বার করে ঘটনাক্রম বুঝে এইরকম একটা লেখার খসড়া বানিয়ে আমাকে জানাও তো ভাই কৃবু। দমদির কৃবুচর, পর পর দমদির বলা কাজগুলো করে, শেষ হলে, দমদির করা মেসেজের রিপ্লাই দিয়ে জানিয়ে দেবে যে -"কাজ হাসিল ম্যডাম।এবারে কি গুরুচণ্ডা৯ র বুলবুলভাজায়, আপনার একাউন্ট থেকে মালটা পোস্ট করে দেব? নাকি আপনি আগে একবার চোখ বুলিয়ে নিতে চান?" যেহেতু কৃবুচরের আসল মগজটা সচরাচর একটা LLM মানে লার্জ ল্যঙ্গুয়েজ মডেল, কাজেই আপনি প্রায় যে কোন ভাষায় কৃবুচরকে আদেশ দিতে পারেন। ভাযা কোন ফ্যাক্টর নয়।
বর্তমানে বেশীভাগ লোকেরই কৃবুর সঙ্গে সম্পর্ক হল ChatGPT/Gemini/Claude ধরনের AI-Chat এ কিছু প্রশ্ন করা ও তার খুব ভাল ও সঠিক উত্তর কৃবুর কাছ থেকে পাওয়া। কিন্তু কৃবুচরের কাজ হল -- আপনি তাকে একটি লক্ষ্য দেন → কৃবুচর কাজটাকে কয়েকটি ধাপে ভাঙে → প্রয়োজনীয় tool ব্যবহার করে → কী ফল হল দেখে → দরকার হলে নিজের পরের পদক্ষেপ বদলায় → কাজ শেষ করে।
ধরুন আপনি বললেন:
“আগামী হপ্তায় রামনভ্মী পড়েছে, রামলালা দর্শনে যেতে হবে। সবচেয়ে সুবিধাজনক ট্রেনগুলো খুঁজে দাও, সময় মিলিয়ে একটা itinerary বানাও, প্রয়োজনীয় জিনিসের checklist তৈরি করো।”
সাধারণ chatbot উত্তর দিতে পারে।কিন্তু agent-এর আদর্শ আচরণ হবে: তথ্য খোঁজা → তুলনা করা → সিদ্ধান্তের বিকল্প তৈরি → itinerary বানানো → checklist বানানো।
অর্থাৎ একটি প্রশ্নের উত্তর নয়, একটি কাজ সম্পন্ন করা।
আপনি বলতেই পারেন - এ তো প্রায় অটোমেশন, এ আর নতুন কি। আপনি কি কি করতে হবে, কিসের পর কি করতে হবে সবই তো তাকে বলে দিয়েছেন- ও করছে, এ রকম তো কতই হয়!
না, এখানেই তফাত। তাকে সব রাস্তা বলে দিতে হবে না—তাকে গন্তব্যটা বলে দিলেই হল। পথের অবস্থা দেখে কোন রাস্তা নেবে, কোথায় আটকাল, পরের পদক্ষেপ কী হবে—সেটা সে নিজেই ঠিক করবে।
নতুনত্ব এটাই, ঠেকে গেলে কৃবুচর আপনাকে মেসেজ করবে যে "কত্তা এত্ত দেরীতে বললেন, যে ট্রেনের টিকিট সব তো বুকড, বেলেক এ কাটতে তো শেখান নি, ওদিকে আধ-আনি এয়ারলাইন্স নতুন চালু হয়েছে, হেব্বী ছাড় দিচ্ছে, মাত্র ছাপান্ন টাকা বেশী পড়বে ফাস্টো কেলাস ট্রেনের চে, ওতে কি কাটব? আর আপনার ক্যালেন্ডারে তো দেখছি কত্তা আপনার হাতে বিশেষ কাজকম্মোও নেই, জনকপুরটাও দুদিনের জন্য ঘুরে আসবেন নাকি? জননী সীতার কৃপায় আপনার কাজকম্মের বাজার ভাল হওয়ার আশা আছে দেখছি আপনার কুষ্ঠীতে।" শুনে বাড়াবাড়ি মনে হচ্ছে? তা একটু বাড়িয়ে বলছি বটে, কিন্তু যে হারে উন্নতি হচ্ছে, সাতাশ সালের জানুয়ারীর মধ্যে কৃবুচরেরা আপনার সঙ্গে যদি বিলকুল ঐ ভাষায় কথা না বলে, তবে আমার নাম বদলে সিংগল k থেকে জিরো k করে দেব।মনে করিয়ে দেবেন।
এই টইয়ের উদ্দেশ্য স্রেফ কদ্দূর কি ইলনজী, পিছাইজী, মার্কজী রা করলেন তা নয়। FOSS ওয়ালারাও কতদূর আমাদের জন্য কি করল এবং আমরা ঐ ফ্রী (সর্বার্থে) এআই কতদুর ব্যবহার করতে পারছি। আমাদের পাতি মেশিনে এআই এজেন্ট অব্দি নাগাল পাচ্ছি কিনা, করতে কোনো অসুবিধায় পড়ছি কিনা।এই টই, সে বিষয়ে চুটিয়ে আলোচনার করার জন্য খুললাম।