নেশার আড়ালে প্রেমলেখক : শংকর হালদার শৈলবালা
রচনাকাল : ১৪ এপ্রিল, ২০২৬
গাঁজা খেয়ে রাজা মত্ত হয়েছে রঙিন অলীক ঘোরে,
আমি তো মজেছি তোমার নেশায়— মায়ার অটুট ডোরে।
বিড়ি টানে যারা 'ছোটলোক' তারা? জগত রটাবে তাই—
আমি তো তোমার কাজল-চাউনি হৃদয়ে মাখিতে চাই।
সিগারেট ফুঁকে ভদ্রলোকেরা ধোঁয়ায় উড়ায় শোক,
আমার কেবল বিরহ-দহন— দেখুক দুনিয়া লোক।
খৈনি টিপে ওই বোকা মানুষেরা কাটায় অলস কাল,
আমার সময় কাটে যে বুনে তোমার স্মৃতির জাল।
নেশায় মাতাল জগত এখানে বিবিধ পাত্রে টানে,
কেহ বা মজিল তামাক-রসে, কেহ বা সুরার গানে।
ভদ্র ও ছোট— ভেদাভেদ সে তো মেকি সমাজের খেলা,
সব নেশা হার মানে অনুরাগে নামে যবে সন্ধ্যাবেলা।
তুমিই আমার আরক-আবেশ, তুমিই মায়াবী ধন্দ,
তোমার প্রেমের ঘ্রাণেতে হারায় জগতের সব গন্ধ।
ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠুক জগত আপন মতে,
আমি না হয় বোকাই হলাম তোমার প্রেমের পথে।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।