https://i.ibb.co/v425Lj1d/Screenshot-2025-1206-090949.jpgধর্ম একটি আধ্যাত্মিক এবং সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। আমাদের এই বিশাল পৃথিবীতে আনুমানিক ১০,০০০-এর বেশি স্বতন্ত্র ধর্ম ও বিশ্বাস ব্যবস্থা প্রচলিত আছে। এই বৈচিত্র্যই প্রমাণ করে যে, ঐশ্বরিক অনুসন্ধান ও আধ্যাত্মিক অভীপ্সা প্রতিটি মানুষের মধ্যেই ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পায়।
আমাদের মধ্যে কেউ কেউ ধর্মে বিশ্বাসী, আবার কেউ কেউ কোনো ধর্মই মানেন না - তারা নাস্তিক। এই দুটি অবস্থানই সমানভাবে সম্মানযোগ্য। কারণ মানুষের চিন্তা ও বিশ্বাসের স্বাধীনতা একটি মৌলিক মানবিক অধিকার।
কোনো ব্যক্তি যদি জোর করে একজন নাস্তিক বা এক ধর্মের অনুসারীকে অন্য ধর্মে পরিবর্তন করতে চাপ দেয়, তাহলে সেই ব্যক্তি কখনোই মন থেকে ওই ব্যক্তিকে আস্তিক বা তার ধর্মে দীক্ষিত করতে পারেন না।
ধর্ম যেহেতু হৃদয়ের বিশ্বাসের বিষয়, তাই মন থেকে গ্রহণ না করলে প্রকৃত ধর্ম হয় না। সুতরাং ধর্মের ব্যাপারে জোর-জবরদস্তি সম্পূর্ণ অর্থহীন এবং ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।
একজন মানুষ সাধারণত যে ধর্মের পরিবারে জন্মগ্রহণ করে, প্রাথমিকভাবে সে সেই ধর্মীয় পরিবেশেই বড় হয়। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু পরবর্তীতে যখন ব্যক্তির নিজস্ব চিন্তাশক্তি ও জ্ঞানের বিকাশ ঘটে, তখন সে তার নিজস্ব বোধবুদ্ধি অনুযায়ী যেকোনো ধর্ম বেছে নিতে পারে, এমনকি নাস্তিকও হতে পারে। এই পছন্দের স্বাধীনতাই মানুষকে প্রকৃত মানুষ করে তোলে।
আব্রাহামিক ধর্ম বলতে আমরা প্রধানত তিনটি ধর্মকে বুঝি: ইহুদি, খ্রিস্টান ও ইসলাম। এই তিন ধর্মের পিতৃপুরুষ আব্রাহাম বা ইব্রাহিম। ইতিহাস বলে যে, তাঁর পিতা আজর ছিলেন একজন পৌত্তলিক, কিন্তু পুত্র হলেন একেশ্বরবাদী ধর্মের অন্যতম প্রধান বার্তাবাহক। এই ঘটনা থেকেই স্পষ্ট যে, ধর্মীয় বিশ্বাস পারিবারিক ঐতিহ্যের ঊর্ধ্বে ব্যক্তিগত উপলব্ধির বিষয়।
একেশ্বরবাদ, বহুঈশ্বরবাদ, পৌত্তলিকতা, নিরাকার ঈশ্বরে বিশ্বাস - যার অন্তরে যেটার প্রতি আকর্ষণ থাকবে, সে সেই পথেই এগিয়ে যাবে। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।
সাম্প্রদায়িকতা হলো "আমার ধর্মই শ্রেষ্ঠ, আমিই ঠিক, বাকিরা সবাই ভুল, বিধর্মী বা নাস্তিকদের শাস্তি দাও" - এই ধরনের সংকীর্ণ মানসিকতা। এটি ধর্মের প্রকৃত শিক্ষার সম্পূর্ণ বিপরীত।
চিন্তা করুন, কেউ যদি ভয়ে বাহ্যিকভাবে কোনো ধর্ম পালন করে কিন্তু তার মন নাস্তিক থাকে, তাকে কি সত্যিকারের আস্তিক বা ধর্মভীরু বলা যায়? অবশ্যই না। এটি ধর্মের নামে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
প্রকৃতপক্ষে, প্রকৃত ধার্মিকরা কখনো সাম্প্রদায়িক হন না। তারা অন্যের ধর্মকে ছোট করেন না বা আঘাত করেন না। তারা তাদের নিজ হৃদয় থেকে ঈশ্বরের প্রার্থনা করেন এবং সর্বধর্মের মানুষের প্রতি শুভাকাঙ্ক্ষী থাকেন। এমনকি যারা অন্য ধর্মে বিশ্বাসী বা নাস্তিক, তাদের প্রতিও তাদের সহানুভূতি ও ভালোবাসা থাকে।
প্রকৃত ধার্মিকরা কখনো ধর্ম নিয়ে বিবাদ বাঁধায় না। বরং তাঁরা ধর্মের প্রকৃত শিক্ষা - ভালোবাসা, ক্ষমা, উদারতা ও মানবিকতা - প্রচার করেন।
ধর্ম এসেছে মানুষের জন্য, অন্য কোনো প্রাণীর জন্য নয়। আর মানুষের প্রাথমিক ও সর্বজনীন ধর্ম হলো মানবতা। যার হৃদয়ে মানবতা নেই, তার ভেতরে প্রকৃত ধর্মই নেই। কারণ সে ধর্ম পালনের মূল শর্তই লঙ্ঘন করেছে।
ধর্ম নিয়ে বিদ্বেষ, সাম্প্রদায়িকতা, মানুষে মানুষে বিভেদ - এগুলো মানবতার পরিপন্থী। এগুলো ধর্মের নামে অধর্ম ছাড়া আর কিছুই নয়।
পৃথিবীর বহু দেশে নাস্তিকতা রয়েছে। তারা কোনো ধর্মে বিশ্বাস করেন না। এটি সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার এবং তাদের এই অধিকার সংরক্ষিত থাকা উচিত।
অন্যদিকে, এমন কিছু দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত। এটিও অন্যায়। আপনি নাস্তিক হতে পারেন, সেটি আপনার অধিকার। কিন্তু কেউ ধর্ম পালন করলে তাকে বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার আপনার নেই। ধর্মীয় বিশ্বাস যেহেতু ব্যক্তিগত বিষয়, তাই এটি প্রত্যেকের একান্ত নিজস্ব মানবিক অধিকার।
আব্রাহামিক প্রধান তিন ধর্মের বিশ্বাস অনুযায়ী, স্রষ্টা পৃথিবীতে মানুষ সৃষ্টির পূর্বে জিন জাতি সৃষ্টি করেন। কিন্তু তারা পৃথিবীতে এসে প্রকৃত ধর্ম পালন না করে অন্যায়, অনাচার, অত্যাচার, ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। ফলে স্রষ্টা ক্রুদ্ধ হন এবং তাদের বিনাশ করে মানব জাতিকে পৃথিবীতে পাঠান।
এই কাহিনী থেকে স্পষ্ট হয় যে, ধর্মের মূল উদ্দেশ্য হলো শান্তি স্থাপন, মানুষে মানুষে সম্প্রীতি বৃদ্ধি। ধর্ম কখনোই নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ, দাঙ্গা-হাঙ্গামা, মারা-মারি, কাটা-কাটি করে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়।
আমরা সভ্যতার এই চরম আধুনিক যুগে প্রবেশ করেও যদি ধর্মের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের এই উন্নতি নিষ্ফল। প্রযুক্তিতে এগিয়ে গিয়েও মানবিকতায় পিছিয়ে থাকা মানবজাতির প্রকৃত উন্নতি নয়।
অন্যের ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ কখনো ধার্মিকতার লক্ষণ হতে পারে না। এটি বরং অজ্ঞতা ও সংকীর্ণতার পরিচায়ক। যার হৃদয়ে মানবতা নেই, তার কোনো ধর্মীয় দাবিই গ্রহণযোগ্য নয়।
প্রকৃত ধর্ম কোমল, শান্তিময় ও মানবতার শিক্ষা দেয়। যদি কেউ ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করে, তাহলে বুঝতে হবে সে ধার্মিক তো নয়ই, এমনকি একজন প্রকৃত মানুষ হওয়ার প্রাথমিক যোগ্যতাও তার নেই।
আমরা মানুষ, মানবতার ঊর্ধ্বে কোনো ধর্ম হতে পারে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে - আমরা ধর্মকে আঁকড়ে ধরব, নাকি অধর্মকে? আমরা কি শান্তি ও সম্প্রীতির পথে চলব, নাকি বিদ্বেষ ও সংঘর্ষের পথে?
এই প্রশ্নের উত্তর প্রতিটি মানুষকেই নিজের বিবেক দিয়ে খুঁজে নিতে হবে। কারণ শেষ পর্যন্ত ধর্ম হোক বা না হোক, আমরা সবাই একই পৃথিবীর বাসিন্দা, একই মানবতার অধীনে। আর সামাজিক অবক্ষয় ও ধংসের হাত থেকে এই মানবজাতিকে রক্ষা করা আমদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
https://od.lk/s/MzZfODYwMjA2OTZf/dhromo-odhormo.png