এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জেতসুন কাবুম- অরিত্র আহমেদ 

    Aritra Ahamed লেখকের গ্রাহক হোন
    ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১২ বার পঠিত
  • [রচনাকাল: ৩১ অক্টোবর, ২০১৯]

    [শ্রী বিভুপদ কীর্ত্তি কর্তৃক লিখিত ‘মিলারেপা: তিব্বতের প্রাণপুরুষ’ গ্রন্থ পঠিতব্য]

    *
    তোমার আশ্বিন ফুরালো, মিলারেপা;
    ফের আরম্ভ হলো আমার নির্মাণ!
    এখন বৃষ্টির জলে ধুয়ে যাবে না তোমার সৃষ্টি;
    এখন মার্পার ক্রোধ নয় আর তুষার করকা।
    তোমার তপস্যায় মিললো নির্বাণ;
    আমার অবিশ্বাস বৃথাই, মিলারেপা!

    *
    ঘন, ঘোর, বিদুষী রাত, স্বপ্নের আর্তস্বর,
    মাদকে মদির গন্ধ, মধু পৃথিবীর বুকে;
    অথচ আমার অদৃষ্টে শ্রম শ্রম শ্রম, গুরু
    মার্পার পরিত্যক্ত সাধনার ভার; কবে
    শেষ হবে অজাত স্বপ্নের হর্ম্য- ভাবনা ভাবনা!

    নিকটে জলধি নেই, সমুদ্রের কোনোই নিশানা
    গোচরে পড়ে না, তবু দুঃস্থ নই, মেলে যদি
    দেবীর সুমতি, পাবো, পাবোই বিপুলা স্রোতে
    প্রাণের সোনালি মৎস্য, স্বচ্ছ জল; কিংবা পাবো
    অজলে সপিত ঝর্ণা, কালের কঙ্করে ঢেলে
    সেই জল, মেলে দেবো আকাশে উত্তুঙ্গ সৃষ্টি,
    মার্পার প্রশান্ত হর্ম্য-সৌষ্ঠবের হবোই নির্মাতা!

    আমার হেমন্ত তবে সমাগত? থেমে গেলো
    বৃষ্টিতে জলের খেলা? মিলারেপা, জবাব দাও!
    যে নিযুক্ত সাধনায়, আর যে ব্যাপিত স্বর্গে
    ত্রিকালের শুদ্ধতায়- এখন কি দুই-ই নয় সমতুল্য?
    কিংবা নয় হেমন্তের অংশীদার দৈব গুণে দ্বৈত অধিষ্ঠানে?

    *
    শিশু সূর্যের কলোচ্ছোলিত, বিষাদনিষ্ঠ গান!
    প্রভাতী আদরে আর্ত, আহুত বসুমতি, তবু
    বিপন্ন দিন আজ, আজ দিন ঢেলে সাজানোর!

    পর্বত পুরনো পর্বতে, নুড়িতে অযুত নুড়ি,
    মৃত্তিকা প্রতিস্থাপিত আদি মৃত্তিকায়, আর
    এ-ই যদি প্রত্যাদেশ! দেবী খেপেছেন, মার্পা,
    বিষাক্ত বাদুড় তুই, উদয়াস্ত শ্রমে দিলি
    বালখিল্য তাচ্ছিল্যের দান?

    কিন্তু হর্ম্য শূন্যে মেলে না কখনো, মিলারেপা,
    আশ্বিনই চিরন্তন, আর সৃষ্টি মানেই অপূর্ণতা;
    গড়ে ফের ভাঙা, ফের গড়া! ধিক বিগত জীবন!
    আমি যদি জাদুকর, অমরত্ব জাদুতে মেলে না!

    *
    অহোরাত্র ভেঙে গড়া, চূর্ণকে পরিপূর্ণ, আর
    পূর্ণকে বিচূর্ণ করে, অক্ষয় ক্রিকোণ হর্ম্য
    ত্রিস্তম্ভে- স্বপ্ন, কামনা, মৃত্যু; অথবা চতুর্থ স্তম্ভ,
    প্রেমে; গড়ে তুলি, যদি দেবতার সাধে খাপ খায়!

    আর ভুলে যদি গাঁথি
    অচেনা প্রস্তর, যা নিজস্ব নয়, ফের ভাঙি,
    ফের গড়ি, যেনো অক্ষম যান্ত্রিক স্রোতে
    মহাকাল-স্বকালের সংযোগে নিযুক্ত আমি,
    দেবতার মতি যদি ঠিক থাকে, তবেই প্রগতি!

    অথচ সবই ধ্বসে পড়ে, মিলারেপা, দেবতা যা চান,
    সে তো বিস্মৃতি! আর মার্পা তারই বাহক মাত্র;
    হর্ম্য মেশে ধূলিতে, হাসেন মার্পা, স্বপ্নের মেদ ঝরে
    আমার দেহকে করে সুকঠিন বিনাশে দীক্ষিত!

    *
    কখনো শ্রেয় ভাবি অতীতী পুঁজ;
    কখনো প্রত্যাবর্তন শৈশবে;
    তবুও গড়ে চলি, তবুও মানি শ্রেয়
    সৃষ্টির স্বেদবিন্দু ধ্বংসের কৌস্তভে!

    আমার গৃহ নেই, রিক্ত ত্রিভুবন,
    নীলিমা দূরাগত, সন্ধ্যা নামে কালো,
    তবু হাঁটি, ফিরি, দোসরহীন শ্রমে,
    তুমিও, মিলারেপা, জেনেছো এ-ই ভালো!

    *
    আর মার্পার চাবুক-প্রহারে যদিও হৃদয়ে শ্রান্তি,
    মাভৈঃ মিলারেপা, কালের চক্র করুক আঘাতে আহত!
    হর্ম্য সপ্তমী? নাকি সে দশমী? জীবন চায়ই তো ক্লান্তি!
    শোণিতে ভয় নেই, দেবতা জেনে যাক, মানবজন্মই বিগত!

    আর বিষাদঘাতী যে মধু নারীত্ব, তার প্রশ্রয় নেই আর!
    পাহাড়ে যেমন ঢেলেছি পাহাড়, অথবা ধূলিতে যেমন ধূলি,
    তেমনই উজাড় হোক পৌরুষ! নারীত্বের ক্লেদ লুপ্ত হোক!

    কুঁড়ির আড়ালে যে ঘন সুঘ্রাণ, অশ্রুর আড়ালে উত্তাপ,
    তা-ই চুপিচুপি কুঁড়াবো, মিলারেপা, তা-ই প্রাঙ্গণে সাজাবো,
    আমি তো মেনেছি অপার দীক্ষা, আমি তো জানিনি অভিনয়!

    *
    ধ্বস্ত এই নিয়তি, এই ভাঙাগড়া, এই হর্ম্যচূড়া;
    কেননা শির বিলুপ্ত হয়, শিরোপা মেলে না।
    কেননা দীক্ষার বদলে জোটে দেমামার অশ্রু;
    কেননা কালের দক্ষিণা বিনা ত্যক্তঙ্গও ব্যর্থ!

    আর সমস্ত আশা, সমস্ত ঝর্ণামুখর গান,
    তিলে তিলে ধ্বসে পড়ে আমাদের সামনেই;
    না আমরা গড়তে পারি হর্ম্য, না কখনো সিদ্ধ হই সাধনায়;
    শুধু আশ্বিনই অগ্রবর্তী, বৃষ্টি আর বন্যার বারতা নিয়ে,
    সৃষ্টি আর ধ্বংসের অযুত পুনরাবৃত্তি অযুত পুষ্পের মতো
    বিলিয়ে যায় চিরায়ু সুঘ্রাণে ভরা সুন্দরের শুভ্র তুষারিমা!

    এই প্রাপ্তি মার্পার সত্যের চেয়ে বড়ো, মিলারেপা,
    আশ্বিনের এই অর্ঘ্য ত্যক্তঙ্গের স্খলিত মাংসের চেয়ে দামি!

    *
    তবে সম্মত হোন, হে দেবতা,
    আমার হর্ম্য অসমাপ্ত, আমার হেমন্ত অকালে আগত,
    উপরন্তু আমি ধূলিকে ধূলিই রাখতে চাই, পাথরকে পাথর, কেননা
    সময়ের চাঁদের নিচে সবাই বামন- কী দেবতা, কী মনুষ্য!
    মার্পার তপস্যায় সময়ের স'টিও নড়ে না!

    যে অক্ষয় পৌরুষ আর যে চির-আশ্বিনে ঋদ্ধ আমি,
    তা পুনঃ হর্ম্যে নয়; স্মৃতির কুটোয় ভরে
    গড়ে তুলবো কুঁড়েঘর, কামনার ভিতে শান্ত, আদেহ-পুষ্পিত,
    ব্যর্থ হলে সে দায় আমার, আর পৌরুষ ব্যর্থেরই সৃষ্টি, ব্যর্থেই সুন্দর!

    *
    আমার আশ্বিন ফুরালো, মিলারেপা,
    ফের আরম্ভ হলো তোমার নির্মাণ!
    এখন বৃষ্টির জলে ধুয়ে যাবে না আমার সৃষ্টি,
    এখন মার্পার ক্রোধ নয় আর তুষার করকা!
    আমার অবিশ্বাসে মিললো নির্বাণ,
    তোমার তপস্যা বৃথাই, মিলারেপা!

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন