রাশিয়া আর সমাজতান্ত্রিক দেশ নিয়ে বাঙালির যে কীরকম ধারণা ছিল বা আছে সেই নিয়ে বলছি।পরশ্রীকাতরতার প্রসঙ্গ বাদই দিলাম।
সিম্পল কটা সিচুয়েশন। আমার কোলকাতার ক্লাসমেট তপন ও কল্লোল। আমি সোভিয়েত দেশে যাবার আগে ওরা দুজনে এলো আমার বাড়ি। তপন ও কল্লোল। তপন চুপচাপ টাইপ। আমাদের বাড়িতে একতলায় বৈঠকখানায় তিনজনে আড্ডা দিচ্ছি। ঐ দেশ সম্পর্কে আমার ধারণা তখন জিরো। শুধু জানি যে প্রচুর শীত পড়ে। সেইজন্য গরমজামা সোয়েটার বুট এসব সুটকেসে ভরা হচ্ছে। কোলকাতায় তখন অগস্টের গরম। সঙ্গে বৃষ্টিও হয়।
কল্লোলের প্রচুর আউটনলেজ ছিলো কমিউনিস্ট দেশ টেশের ওপর। তিন চারটে পয়েন্ট খুব ভালো করে জানত বলে ওর নিজের ধারণা ছিল।
এক — ওখানে গেলেই বিদেশি ছাত্রদের ধরে ধরে ব্রেন ওয়াশ করানো হয়। হীরক রাজার দেশে সিনেমার শেষের দিকটায় যেরম দেখানো হয়েছে, সিমিলার কিছু মেশিন টেশিন হবে।
আমি একটু ঘেবড়ে গেলাম। তবে জিনিসটা বিশ্বাস করতে পারি নি।
দুই — ওখানে প্রচুর ঠাণ্ডা পড়ে, তাই সবাই মদ খায়। মদ বলতে ভোৎকা। ও অবশ্য বলল ভডকা। ওটা খেতেই হবে।
তিন — ওখানে ওরা প্রচুর রুটি আর মাংস খায়।
এই তিন নম্বর পয়েন্টটা যখন বলছিল কল্লোল, তখন ও থামতেই পারছিল না। মাংসের পিসের সাইজ, টেস্ট, ঝাল মশলার পরিমান, স্বাদ, রুটির সাইজ সমস্ত কিছু ও যেন কল্পনায় দেখতে পাচ্ছিলো। এবং মাংস সবই গরুর মাংস। বলতে বলতে এমন হচ্ছিলো ওর ভাব ভঙ্গী, যেন রাজাবাজার বা পার্ক সার্কাসের ফুটপাথের দোকানের রুটি মাংসের স্বাদ ওর মনের মধ্যে ফিরে ফিরে আসছে।
আমি একটু পরে ভাবলাম। এই যে কল্লোল বলছে — ওরা প্রচুর মাংস আর রুটি খায় — তা আমাকেও যদি খেতে হয়, খাবারটা সাপ্লাই দেবে কে? কিনে খেতে হবে? নাকি নিজ্কেই রুটি মাংস রাঁধতে হবে? আমি তে মাংস রাঁধতে শিখিনি জীবনে। আর রুটি বলতে ও কি হাতে গড়া, চাটুতে সেঁকা রুটির কথা বলছে? রাশিয়ানরা কষা মাংস এবং হাতে গড়া আটার রুটি ঝোলে চুবিয়ে চুবিয়ে খায়?
এটা হচ্ছে অগস্টের গরমে উত্তর কোলকাতায় বৈঠকখানায় বসে, দুপুরের গুলতানি। কমিউনিজম টিজম সম্পর্কেও বই টই পড়ে সমাজতান্ত্রিক সমাজের অনুরূপ কল্পচিত্র ওর মাথায় ছিল।
বাস্তব তো ওরকম হবে না। হয় ও না।
শীতের হাত থেকে রক্ষা পেতে হলে ভোৎকা কোনও কাজে দেয় না। নেশা করার জন্য হলে কাজে দেয়। রুটি ওরকম পাওয়া যায় না। মাংসও ওভাবে রাঁধে না। অজস্র রকমের খাবার পাওয়া যায়।
ব্রেন ওয়াশিং এর প্রসঙ্গ অবান্তর হলেও, কোলকাতায় বসেই ওর এমন এক ধরণের ব্রেন ওয়াশ হয়ে গেছল যে, পরে যেবার ওর সঙ্গে দেখা হলো, ওদেশের বর্ণনা শুনে বড়ই আশাহত হয়েছিল। কেবল উশখুশ করে জিজ্ঞেস করেই ফেলেছিল — ভডকা এনেছিস? আনিস নি?
একটু ভোৎকা চেখে না দেখলে ওর তখন মার্কসবাদ পড়াটা পুরোপুরি হজম হবে না যে।
শীত কাকে বলে, ওটা বোঝানো যায় নি। রিমঝিম বৃষ্টির তুলনায় প্রবল তুষারপাতের তফাৎ, কিংবা " তোদের ওখানে খুব বরফ পড়ে?" বলতে ওদের বোঝাতে পারা যে, বরফ না পড়লেও একেবারে মেঘমুক্ত আকাশেও শীতে পারদ শূন্যের দশ বা পনের ডিগ্রির নীচে যখন দিনের পর দিন নেমে থাকে, এগুলো অসম্ভব।
ঠিক তেমনি করেই দূর থেকে ছবি দেখে এবং থিওরি মুখস্থ করে সমাজতান্ত্রিক ব্যবস্থাও বোঝা যাবে না। ব্যবস্থা যেসব জায়গায় অ্যাপ্লায়েড হয়, তার সঙ্গে থিওরির কিছুটা ডিভিয়েশন থাকবে। আরও অনেক ফ্যাকটর থাকে, যা সেই দেশের একান্তই নিজস্ব।
কে কেন মশলায় রাঁধবে, বা রুটি বলতে কেন দেশে কেমন চেহারার হয়, তার স্বাদ গন্ধ থিয়োরির বইয়ে আলাদা করে লেখা থাকে না। এবং এগুলো বুঝতে থাকাটাও এক প্রকারের সিন্থেসিস। সব দেশের মানুষ প্রকৃতি ভাষা যেমন এক হয় না, থিওরির প্রয়োগ ভেদে ফলাফলও হোমোজিনিয়াস হবার নয়।
আরও অনেক ফ্যাক্টর থাকে।